তুমি এতদিন ছিলে কোথায় কোথায়! এখন এসেছ, কবিতা,
যখন গাছের ছায়ারা দীর্ঘ হচ্ছে, দুপুরের রোদ পড়ন্ত,
যখন শব্দের জ্যোতি হয়েছে মলিন, চিত্রকল্প নিভেছে,
যখন সৃষ্টিসুখের উল্লাস নেই, নূপুর খুলেছে ছন্দ।
তুমি ছিলে না যখন আমার আলয়ে, দিনগুলো Ñ জানো Ñ কবিতা
ছিল টানা গদ্যের, রাতগুলো ছিল কেবল কৃষ্ণ যামিনী Ñ
তুমি না-থাকার মানে রাতের আকাশে চন্দ্র-তারকা ছিল না,
আমি ঘুমের ভিতরে ঢুকে পড়তাম, কখনো রাহি জাগিনি।
সেই ঘুম থেকে আজ স্বপ্ন ছিনিয়ে এনেছ আবার, কবিতা,
ফের মনে পড়ে গেছে শব্দে-ছন্দে উন্মাদ সেই দিনগুলো,
ফের রক্তে আমার জ্বলেছে অগ্নি, মাঘেরও রাত্রি জ্বলন্ত,
ফের অক্ষরে ছোটে চিতা ও হরিণ, হলো দিনরাত এলোমেলো।
তুমি খোঁপায় গুঁজেছ রাতের তারকা, অপরূপা তুমি, কবিতা,
তুমি কণ্ঠে খামোখা জড়িয়েছ মালা, নিজেই তুমি তো পুষ্প,
ওই সুরভি খুঁজেছি আধেক জীবন তোমার ওষ্ঠে-অধরে
বাকি আধেক জীবনও তোমার আননে সেই সুরভিই খুঁজব ॥

Leave a Reply
You must be logged in to post a comment.