১৯৯৫ সালে, দিল্লির শীতে, সাহিত্য অকাদেমির কবিতা পাঠে
ইবম্চা সিং পাখির মতো বলেছিল :
‘আসুন, আমার বাড়িতে, মৈরাঙে’।
মৈরাঙ, আ! মৈরাঙ
কী অপূর্ব নাম, কে রেখেছিল গো?
একটু দূরেই সেই হ্রদ – লোকটাক
এশিয়ার সবচেয়ে সুন্দর হ্রদ। শিশুর মাঢ়ির মতো।
বেশ্যার জন্মদাগের মতো পবিত্র।
মাঝরাতে সেই মণিপুর থেকে ফোন
আমি বললাম : কী হচ্ছে আপনাদের ওখানে?
কী হচ্ছে? কী হচ্ছে জানেন না আপনারা?
যদি কাল আসাম রাইফেল্স্ আপনাদের
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ঢুকে পড়ে
ওঁর হাতে পেচ্ছাপ করে দেয়
কী রকম লাগবে আপনাদের?
যদি কাল গড়িয়াহাট রোডে
হেড দিদিমণিকে নগ্ন করে উঠবোস্ করায়?
যদি কাল শঙ্খ ঘোষের মেয়েকে তুলে নিয়ে যায়?
কেমন লাগবে আপনাদের?
ইবম্চা সিং ফোন কেটে দিল।
আমি স্তব্ধ হয়ে বসে আছি
ও কি সত্যি মণিপুর থেকে ফোন করেছিল, না
ভারতবর্ষের বাইরে থেকে?
লোকটাক হ্রদের চারপাশে ন’টা পাহাড় উঠেছে
ওই ন’টা পাহাড়ের মাঝখান দিয়ে
চলেছে আসাম রাইফেল্সের ট্রাক
মণিরা মাছের ওপর দিয়ে চলে গেল চাকা।
সত্যি কি ইবম্চা সিং ফোন করেছিল?
ও কী যেন বলল? আমার ছেলে স্কুল থেকে
প্রতিদিন বাড়ি ফিরে আসে।
ওর ছেলেও সিক্সে পড়ে, স্কুলে যেতে পারে না
যদি ফিরে না আসে!
এটা কী করে হয়? আমাদের তো একটাই
সংবিধান?
কারা আরও একটা লিখে রেখে গেছে?

Leave a Reply
You must be logged in to post a comment.