জীবন থেকে শিল্পে এসে আবার
জীবনে যাই ফিরে
শিঙ দুলিয়ে ছায়ারা সব দেখি
নাচে সময় ঘিরে
সময় বুঝি এখন কুল-ছাপানো
দুঃসময়ের ঢল
সুনামিতে অতল নিমজ্জিত
নিজস্ব অঞ্চল
নিজের বলে আর কিছু নেই ফাঁকা
স্থিতি-পত্রের ভাঁজে
পান্তা-নুনের ক্লিষ্ট যোগাড়-যন্ত্রে
আজ বারোটা বাজে
দিন-বারোটা রাত-বারোটা সবই
অন্ধ একাকার
চলার পথের প্রান্তে কিন্তু আজও
পাইনি দেখা তার
দেখা হবে, লেখা হবে এবং
শেখা হবে তাতে
কেমন করে বাড়ছে কাদের দেনা
কুম্ভীরাশ্রুপাতে
অশ্রু ঝরে ঘুমের ঘোরে, আমরা
ঘুমের দেশে থাকি
জীবনটাকে শিল্প দিয়ে তবু
মিথ্যে ঢেকে রাখি ॥

Leave a Reply
You must be logged in to post a comment.