গাছ হতে চাওয়া

অপর্ণাকে নিয়ে গল্প লেখার কথা যখনই মনে হয়েছে, তখনই কোনো-না-কোনো কারণে পিছিয়ে দিয়েছি। ভেবেছি, না, এখন নয়, আরো কিছু ঘটবে, আরো কিছু দেখার আছে। মানুষের জীবন খুব দীর্ঘ হয় না। একটা নতুন বাড়ি উঠলে, সেই বাড়িতে গৃহপ্রবেশ করে ঢোকেন বঙ্কুবাবু, কুড়ি-পঁচিশ বছর এ-ঘর থেকে ও-ঘর, ও-ঘর থেকে বারান্দা ঘুরঘুর করে, বাগানে গাছ লাগিয়ে আবার গাছ উপড়ে ফেলে, বার দুই-তিন দেয়ালে চুনকাম করিয়ে কিংবা প্লাস্টিক পেইন্ট করিয়ে তিনি বিছানা নেন। কিছুকাল ভোগেন, বাড়িতে ডাক্তারের আনাগোনা বেড়ে যায়। তারপর একসময় তিনি মারা যান। বাড়িটা থেকে যায়।

সেই বাড়িতে তারপর বঙ্কুবাবুর দুই ছেলে জাঁকিয়ে বসবাস করে। প্রথমে যৌথভাবে Ñ যতদিন বিধবা মা বেঁচে আছে, ততদিন। বৈধব্যের পর দু-চার মাস খুব কাতর অবস্থায় কাটায় বঙ্কুবাবুর বউ, তারপর বৈধব্য সয়ে যায়। পুত্রবধূদের জ্বালাতন সহ্য করতে শিখে যায় সে। দশ-পনেরো বছর পুজো-আর্চা করে, বড়ি শুকিয়ে, খোঁড়াতে খোঁড়াতে একসময় শয্যা নেয়। প্রায় বিনাচিকিৎসায় একসময় মারা যায়। বাড়িতে লোক বাড়ে, লোক কমে, কিন্তু বাড়িটা থেকে যায়। দুই ছেলের রোজগার ততদিনে কমবেশি তফাত হয়ে গেছে, দায়-দায়িত্বও আর একরকম নেই। তাই তারা এক বাড়িতে পৃথগন্ন হয়। দুটো উনন জ্বলে।

তাদের ছেলেপুলেরা একে-একে বড়ো হয়। তাদের মেয়েদের একে একে বিয়ে হয়ে গেলে বাড়ি খালি হয়। আবার বউরা এলে বাড়িটা অন্যভাবে ভরে যায়। কেউ কেউবাড়ি থেকে বেরিয়ে অন্যত্র বাসা করে থাকে। ফ্ল্যাট বুক করে। বাড়িটা হাতবদল হয়, কিন্তু থাকে। হয়তো নতুন মালিক এসে বাড়ির বাইরের দেয়াল, জানালা-দরোজা মেরামত করিয়ে নেয়। বাথরুম শুধরে নেয়। নতুন বেসিন বসায়। কেউ অর্ধেক অংশ বা নিচের তলা দোকান-ঘর করে ফেলে, কেননা ততদিনে ফাঁকা পল্লিটা লোকজনে ভরে গেছে। বাড়িটার চরিত্র বদলালেও বাড়িটা থাকে। বাড়িটা টিকে থাকে একশো-দেড়শো বছর। তারপর সেটাকে ভেঙে নতুন বাড়ি ওঠে। ততদিনে চারটে প্রজন্ম পার হয়ে গেছে। যে-লোকটি বাড়িতে গৃহপ্রবেশ করে ঢুকেছিল, তাকে কারুর মনে পড়ে না। হয়তো তার পোঁতা নারকোল গাছে আজও নারকোল ফলে। নারকোল গাছের আয়ু মানুষের আয়ুর চেয়ে বেশি। নারকোল গাছ পুষতে কোনো খরচ লাগে না।

কিন্তু চলাফেরা করা মানুষ দীর্ঘজীবী গাছ বা ইটের বাড়ির মতো নয়। তারা নিত্য রূপ বদলায়। তাদের ভূমিকা বদলায়। তারা আশপাশের মানুষ আর সমাজের সঙ্গে মিলেমিশে থাকতে চেষ্টা করে। সুখ পায়, দুঃখ পায়। কখনো হাসে কখনো কাঁদে। তাদের কখনো সুন্দর দেখায়, কখনো কুৎসিত দেখায়। কখনো কাছে টানতে ইচ্ছে করে, কখনো দূরে ঠেলতে। মানুষের মধ্যে আবার দুরকম চরিত্র আছে, পুরুষ আর মহিলা। জনসংখ্যা অর্ধেক অর্ধেক, জড়িয়ে-মড়িয়ে বসবাস করে, কিন্তু আকৃতি আর প্রকৃতিতে একদম আলাদা। এই আলাদা দুরকম মানুষের দৈহিক মিলনে তৈরি হয় নতুন প্রজন্ম। পঁচিশ বছর পরপর একটি করে প্রজন্ম, এক শতকে চার-চারটি

স্তর। এক জীবনে মানুষ তিনটি স্তরের আসা-যাওয়া দেখে যায়। শৈশবে সে স্বপ্ন দেখে, বার্ধক্যে হতাশ হয়ে পরজন্মের কথা ভাবে। আর একবার নতুন জীবন পেয়ে বাঁচতে চায়। গাছ বা বাড়িও হয়তো চিরদিন বেঁচে থাকতে চায়। কেননা, পুরনো বাড়ি ভেঙে ফেলার সময় যখন লাল ধুলো ওড়ে, কি পুরনো গাছ কেটে ফেলার সময় যখন মড়মড় শব্দ হয়, তখন আমরা তাদের কষ্ট উপলব্ধি করতে পারি।

আমি, জ্যোতি, আজ বিকেলে যখন অপর্ণার টেলিফোন পেলাম, তখনই ঠিক করলাম, এবার ওকে নিয়ে গল্প লেখা যায়।

অপর্ণা বলল, জ্যোতিদা, চিনতে পারছ? আমি অপর্ণা।

– বলো, কী খবর তোমার। কেমন আছো। বলতে পারতাম, সাত বছর পর বোধহয় তোমার গলার স্বর শুনলাম, আগের মতোই মিষ্টি, কিন্তু মনে হচ্ছে তোমার মুখে বাঁধানো দাঁত লাগানো আছে। বললাম না।

অপর্ণা বলল, তোমার ছেলে সৃজন, সে কি এখন কলকাতায়?

আমি বললাম, না গো, সে এখন থাকে মুম্বাই শহরে। আপাতত আছে দক্ষিণ আফ্রিকায়।

অপর্ণা বলল, দেখো কাণ্ড! যিশুদাকে জিজ্ঞেস করলাম, ওর ছেলেও থাকে নিউজার্সিতে। বিয়ে হয়েছে। বাচ্চা-কাচ্চা হয়নি এখনো। ওরা দুজনেই কাজ করে। সংসার করার সময় নেই। তবে আদিত্য দুবছরে একবার করে কলকাতায় আসে, শীতকালে, এই সময়টায়। ভেবেছিলাম, যদি এসে থাকে।

আমি বললাম, সৃজনেরও বিয়ে হয়েছে। একটি বাচ্চাও হয়েছে। আমি এখন দাদু।

  • ছেলে না মেয়ে?

আমি বললাম, নাতি।

অপর্ণা বলল, তাই বুঝি। আমাদের কারুরই একটা মেয়ে হলো না, যে মায়ের দুঃখ বুঝবে। সব পুরুষ-সন্তান এক-একটি বিশ্বাসঘাতক।

সঙ্গে সঙ্গে সাত বছর আগেকার অপর্ণাকে আমার মনে পড়ল। আমি ঘাঁটালাম না ওকে। জানতে চাইলাম, হঠাৎ ফোন করছো, কী ব্যাপার?

– আমার ছোটছেলে, শুভ, সে তো বার্ক্লেতে থাকে, গত মাসে তার বিয়ে হলো। ওখানকারই একটি মেয়ের

সঙ্গে –

আমি আর কৌতূহল চাপতে পারি না। জিজ্ঞেস করি, বাঙালি, না ভারতীয়, না ও-দেশী সাদা?

– না, না, বাঙালি। সেই বিয়েতে আমি গিয়েছিলাম। মেয়ের মা-বাবাও এসেছিলেন। বার্ক্লেতে এখন অনেক বাঙালি। ওখানে পটল, ধনেপাতা, মোচা সব পাওয়া যায়। বাংলাদেশ থেকে মাছ আসে। সেই ছেলে বউ নিয়ে দিন কয়েকের জন্যে কলকাতায় আসছে সামনের রবিবার। টেলিফোনে বললো, মা, আমার অনেক পুরনো বন্ধু ওখানে থাকে। ওদের সঙ্গে যোগাযোগ করে একটা গেট-টুগেদারের ব্যবস্থা করো। সল্ট লেকে নয়, মধ্য কলকাতার কোনো হোটেলে। তাই ভাবলাম, সৃজন যদি কলকাতায় থাকে –

আমি বললাম, হ্যাঁ, শুভ আর সৃজন তো নরেন্দ্রপুরে সহপাঠী ছিল।

– তিন বছর। শুভ অবশ্য ওখানে ক্লাস ফাইভ থেকে পড়েছে। সৃজন ঢুকেছে হায়ার সেকেন্ডারি পাশ করে, তাই না?

আমি বললাম, হ্যাঁ। একদিন ছেলের সঙ্গে দেখা করতে গেছি, শুভ এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। নরেন্দ্রপুরে প্রণাম করার রেওয়াজ আছে খুব। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর প্যান্ট-শার্ট পরা পাতলা চেহারার দিকে, সৃজন বলল, শুভর মা তোমাদের খুব চেনা। শুভর মামা তোমাদের বন্ধু ছিলেন। আমি জিজ্ঞেস করি, কী নাম? ও বলল, অপর্ণা। তখন সব মনে পড়ে যায়।

অপর্ণা বলল, দাদার বন্ধুদের কথা আমি ছেলেদের বলেছি তো। যিশুদা এখন বিখ্যাত সাহিত্যিক। আমাদের গর্ব।

আমাদের তখন পঁচিশ-ছাব্বিশ বছর বয়েস। অপর্ণার দাদা স্বপনের বয়েস হয়তো আর-একটু বেশি। তিরিশ। আমরা একটা পত্রিকা বের করতাম। হাতে-লেখা নয়, ছাপা। অপর্ণার বাবা ছিলেন এক আধা-বাণিজ্যিক আধা-রাজনৈতিক পত্রিকার সম্পাদক। তিনি তাঁর পত্রিকায় বড় বড় লেখকদের লেখা ছাপাতেন, আমাদের কবিতা-গল্প ছাপতেন না। তাঁকে সবসময় আধশোয়া অবস্থায় দেখেছি। স্বপন ছিল বিবাহিত, ওর বউ ইলা ছিল খুব মিশুক। আমরা মাঝে মাঝে এদিক-ওদিক পিকনিককরতে গেছি। সঙ্গে অপর্ণাও গেছে। সেটা ছাপান্ন-সাতান্ন সাল, কংগ্রেসের জমানা।

পত্রিকার কাজে ছলছুতো করে আমরা মাঝে মাঝে স্বপনের বাড়ি যেতাম। দোল, সরস্বতী পুজো, নববর্ষ-উপলক্ষেও গেছি। আসল আকর্ষণ ইলা আর অপর্ণা। তখন মধ্যবিত্ত গৃহস্থবাড়ির মেয়েরা পুরুষদের সঙ্গে মিশত না। একেবারে বিয়ের পিঁড়িতে উঠে পুরুষের সঙ্গে চোখাচোখি হতো। সুতরাং আমাদের কোনো বান্ধবী ছিল না। স্বপনদের বাড়ি ছিল খুব খোলামেলা। নানা লোকের আনাগোনা ছিল সে-বাড়িতে। সেই মদন দত্ত লেনের দোতলা বাড়ি ছিল আমাদের সম্পাদকীয় আপিশের ঠিকানা। তখন যিশু এম. এ. পাশ করে বেকার। আমরা কেউ কেউ চাকরি-বাকরি করি। গ্রে-স্ট্রিটের মনি ইনস্যুরেন্সের দালালি করে আর কিছু না পেয়ে। আমি ওর কাছে একটা পাঁচ হাজার টাকার পলিসি করাই। তিরিশ বছর পরে যখন সেই পলিসি পাকলো, তখন হাতে পেলাম সাত হাজার। তাই দিয়ে একটা ফ্রিজ কেনা হলো, মনে আছে।

স্বপন ব্যাংকে চাকরি করত। পরে ম্যানেজার হয়ে অবসর নেয়। আর অবসর নেওয়ার দুবছরের মধ্যে ওর অগ্ন্যাশয়ে ক্যানসার ধরা পড়ে। ততদিনে মদন দত্ত লেনের বাস উঠে গেছে।

আমরা সবাই, বা অধিকাংশ যুবক আপ্রাণ উৎসাহে কবিতা, গল্প, প্রবন্ধ লিখতাম। সেই লেখা সম্পাদকীয় আপিশে পড়া হতো। একবার যিশুর লেখা একটি টাটকা প্রেমের কবিতা শুনে স্বপনের বউ ইলা বলে উঠল, যিশুদা, এটা কাকে নিয়ে লেখা? আমরা কি তাকে চিনি?

যিশু বলেছিল, পুরোটা কল্পনা। আমার এক ছাত্রীর সঙ্গে মুখের আদলে মিল আছে হয়তো। যিশু তখন হাতখরচ জোটাতে দু-চারটে টিউশনি করত। কিন্তু আমি বুঝেছিলাম, ওটা অপর্ণাকে নিয়ে লেখা। অপর্ণাও বুঝেছিল, কিন্তু গায়ে মাখেনি। ওর আরো স্তাবক ছিল নিশ্চয়, আমরা ভাবতাম। ওর মুখে লেগে থাকত অগ্রাহ্য করার হাসি।

আমাদের মধ্যে একা স্বপনই কবিতা অনুবাদ করত। চীনা কবিতা। সেইসব কবির নাম আমরা জীবনে শুনিনি।

হুয়াং জিন ফু, চিং লিং শুন, জিয়াং হো সান এই ধরনের সব নাম। তার পাশে জন্ম ও মৃত্যুর সাল লেখা থাকত। সেগুলোও প্রেমের কবিতা। অনেকদিন পরে, অসুস্থ অবস্থায় স্বপন স্বীকার করে যে, ওইসব কবিতার মূল লেখক সে। ইলার প্রতি ওর প্রেমের কাব্য প্রকাশ্যে আসুক, ও চায়নি, চীনা কবিদের কাল্পনিক নামের আড়ালে ও ইলাকেই ভজনা করেছে। এই কথা শুনে শুশ্রƒষাকারিণী স্ত্রীর চোখে জল এসে যায়।

নরেন্দ্রপুরের আম্রকুঞ্জের নিচে প্রতি রবিবার আমরা অভিভাবকেরা আপন-আপন সন্তানের সঙ্গে দেখা করার জন্যে জড়ো হতাম দুপুরবেলায়। শুভর জন্য কেউ আসত না। ওর মা-বাবা থাকত রাজস্থানে। ওর বাবা ছিল মাইনিং ইঞ্জিনিয়র। অপর্ণা রাজস্থানের ছোট শহরে স্বামীর সঙ্গে বসবাস করার সুবাদে এক-এক করে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে। তাদের দশ বছর বয়েস পর্যন্ত প্রতিপালন করেছে। তারপর হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। ওর ছেলেরা সবাই হোস্টেলে মানুষ। শুভ যেদিন আমার কাছে এসে প্রণাম করল, তারপর আড়চোখে চেয়ে একটু হাসল, তখন আমার মনে হয়েছিল, ও আমাকে জরিপ করছে, দেখছে, ওর মায়ের সম্ভাব্য স্বামী হিসেবে আমাকে মানায় কিনা। আমার সঙ্গে অপর্ণার বিয়ে হলে ও হয়তো সৃজনের ভাই হয়ে জন্মাত। তার বদলে ও এ-জন্মে সৃজনের বন্ধু হয়েছে। আমাদের রেখে যাওয়া খাবার ও সৃজনের সঙ্গে ভাগ করে খেত। ওরা দুজন একসঙ্গে পড়াশোনা করত। যদিও ক্লাসে ওর ফলাফল হতো সৃজনের চেয়ে ভালো। ও ছিল অনেক বেশি স্বনির্ভর, স্বাবলম্বী। শিক্ষক স্বামীজীরা ওকে খুব ভালোবাসতেন।

অপর্ণার সঙ্গে সম্ভাব্য পরিণয়ের ব্যাপারটা আমার সম্পূর্ণ কপোলকল্পনা নয়। এর পেছনে একটি ছোট ঘটনা আছে। আমার মনে পড়ে, পত্রিকা-প্রকাশের ছুতোয় আমাদের মদন দত্ত লেনের বাড়িতে নিয়মিত আসা-যাওয়ার সময়ে একদিন অপর্ণার বাবা আমাদের ডেকে পাঠালেন। আমাদের মানে আমাকে আর যিশুকে। উদ্দেশ্য, একটু গল্পসল্প করা আর শেষকালে জানানো যে, ওঁর ছোটমেয়ের বিয়ের বয়েস হয়েছে। আমাদের জানাশোনা কোনো উপযুক্ত পাত্র থাকলে যেন ওঁকে জানাই।

সেদিন ওঁর ঘর থেকে বেরিয়ে আসার সময় আরেকটি ঘরে দেখলাম অপর্ণা আয়নার সামনে দাঁড়িয়ে নির্বিকারভাবে চুল বাঁধছে। ওর বাঁকা সিঁথি আর বুকের ওপর টেনে আনা একগুচ্ছ দীর্ঘ চুল। ওকে খুব সুন্দর দেখাচ্ছিল সেদিন। আমাদের দেখে বলল, কী ব্যাপার, বাবা কি তোমাদের কাছে লেখা চাইলেন।

যিশু বলল, না।

বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজন দুটি সিগারেট ধরালাম।

তারপর যিশু বলল, জ্যোতি, তুমি অপর্ণাকে বিয়ে করো।

আমি বললাম, তুমি করো না।

ও বলল, আমার তো চাকরি-বাকরি নেই, আমাকে ওদের পছন্দ হবে না। তুমি সাহেব কোম্পানিতে চাকরি করো, তোমার দিকেই ওদের নজর। আমাদের ডাকার আগে নিশ্চয় ওদের বাড়িতে এ বিষয়ে আলোচনা হয়েছে।

আমি বললাম, তুমি অপর্ণাকে ভালোবাস, আমি জানি। সে-ও আমাদের সকলের মধ্যে তোমাকেই পছন্দ করে সবচেয়ে বেশি। তোমার কবিতা অপর্ণা পড়ে আর সব বুঝতে পারে। ওর বাঁকা সিঁথি আর সুগন্ধ চুল নিয়ে তুমি অনেক কবিতা লিখেছ। ‘ভ্রƒপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে’ Ñ এই লাইন আউড়ে ও তোমায় জিজ্ঞেস করেছিল, চন্দনের বনটা কোথায় যিশুদা? একবার গেলে হয়।

তখনো চন্দনদস্যু বীরাপ্পনের উৎপাত শুরু হয়নি দক্ষিণ ভারতে। চন্দনবনের একটা রোমান্টিক ধারণা ছিল।

কিছুক্ষণ চুপচাপ আমরা হাঁটলাম।

শেষকালে আমি বললাম, তোমার প্রেমিকা আমার বউ হয়ে আসবে আর তোমার সঙ্গে প্রেম করবে, এ আমি সহ্য করতে পারব না।

যিশু বলেছিল, বিয়ে হয়ে গেলে মেয়েদের প্রাক্তন প্রেম একসময় শুকিয়ে যায়। দেখো, অপর্ণাকে নিয়ে সুখী হবে তুমি। আমি তোমাদের মধ্যে আসব না। দূরে সরে যাবো।

Ñ সেটা তো আরো কষ্টের যিশু। সাধ করে এই কষ্ট ডেকে আনার কী দরকার। তাছাড়া, আমি এখন বিয়ে করব না। দু-চার বছর যাক, আয় বাড়ুক। আমাদের সংসারে টানাটানি আছে, সেখানে বড়লোকের মেয়েকে ডেকে আনা অন্যায়।

তারপর থেকে আমরা ওদের বাড়ি যাওয়া কমিয়ে দিলাম।

আর খুঁজতে খুঁজতে অপর্ণার একটি সুপাত্র পাওয়াও গেল। মাইনিং ইঞ্জিনিয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধে ও চলে গেল রাজস্থানে। বোনের বিয়েতে স্বপন সব বন্ধুকে নেমন্তন্ন করেছিল। আমি আর যিশু যাইনি। কোনো উপহারও দিইনি।

জীবনের একটা পরিচ্ছেদ এইভাবে শেষ হয়ে যায়। কিন্তু জীবন তো থেমে থাকে না। কালক্রমে চাকরিতে আমার উন্নতি হয়েছে। যিশু পূর্ণকালীন সাহিত্যিকের জীবন বেছে নিয়েছে। কবিতার পাশাপাশি গল্প-উপন্যাস লিখতে শুরু করেছে। ওর বই সিনেমা হয়েছে। যিশু গাড়ি কিনল। সেই গাড়িতে চড়ে আমরা শান্তিনিকেতনের পৌষমেলায় বেড়াতে গেলাম। আমাদের প্রথম যৌবনের সেই পত্রিকা একদিন উঠে গেল।

বছর দশেক বাদে একবার বইমেলায় হঠাৎ অপর্ণার সঙ্গে দেখা। সেই বাঁকা সিঁথি তখনো অটুট। শুধু সেই সিঁথির পাশে একটু সিঁদুরের দাগ। কপালে লাল টিপ। দামি শাড়ি পরনে। ওর স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। গোঁফ আর টাকওলা এক ভদ্রলোক। কোটপ্যান্ট পরা। ওদের হাতে একগোছা শিশুপাঠ্য বই।

অপর্ণা জিজ্ঞেস করল, তোমাদের বই আমাকে উপহার দেবে না?

আমি একটি চটি কবিতার বই এনে দিলাম। যিশু দিল একখানা মোটাসোটা উপন্যাস।

অপর্ণা বলল, রাজস্থানে বাংলা বই একদম পাওয়া যায় না। তবে পুজো সংখ্যা পাই। তোমাদের লেখা পড়ি। দাদা একদম লেখালেখি ছেড়ে দিয়েছে। এখন ছবি আঁকে। তোমার তো খুব নাম হয়েছে যিশুদা।

যিশু একটু কাঁধ ঝাঁকিয়ে বলল, আর কিছু তো করতে শিখলাম না।

Ñ তোমাদের বিয়ে হয়েছে?

আমরা সমস্বরে বললাম, হ্যাঁ।

Ñ ছেলেপুলে কী রকম?

আমরা বললাম, হয়নি এখনো।

Ñ আমার দুটি ছেলে। একটা মেয়ে হলে ভালো হতো। ওরা হোস্টেলে থেকে পড়ে।

তারপর অপর্ণা জানায়, ওর বর সল্ট লেকে একটা চার কাঠার প্লট পেয়েছে। পরে কোনোদিন বাড়ি হবে হয়তো।

এরপর প্রায় একই সময়ে অপর্ণার তৃতীয় সন্তান আর আমাদের একমাত্র সন্তান জন্মলাভ করে। শুভ, সৃজন আর আদিত্য। আদিত্য বয় স্কাউট ছিল, সেই সুবাদে শুভর সঙ্গে ওর আলাপ আর বন্ধুত্ব। তিনটি পৃথক গর্ভে তিনজন পুত্রের জন্ম আমাদের ছন্নছাড়া জীবনে এক কাকতালীয় ঘটনা। এর সংবাদ আমরা অনেক পরে পেয়েছি।

সাত বছর আগেকার একটি ছোট্ট ঘটনার কথা এবার বলে নেওয়া দরকার।

স্বপনের সঙ্গে যোগাযোগ ছিল না বহুকাল। জনরব শুনেছিলাম, ও পাগল হয়ে গেছে। অবসর নিয়ে বাড়ি করেছে Ñ সল্ট লেকেই। সারাক্ষণ বাড়িতে বসে থাকে, বেরোয় না। কেবল হাবিজাবি ছবি আঁকে আর জমানো টাকার হিসাব করে। তারপর একদিন ওর ক্যানসার হওয়ার খবর জানতে পারি। তখন ওকে দেখতে যাই।

দেখলাম, স্বপন খুব রোগা হয়ে গেছে। বিছানায় শোয়া। সারা শরীরে খুব যন্ত্রণা। চিকিৎসা চলছে। ওর বউ ইলার রূপ ঝরে গেছে একেবারে। খুব কান্নাকাটি করল। স্বপন বলল, কে এসেছে গো? ও, জ্যোতি। ব্যস, আর কিছু না।

একটু পরে বিছানায় উঠে বসল স্বপন। বলল, আমার একটা স্বীকারোক্তি করার আছে। মরার আগে জানিয়ে যেতে চাই যে, ওই চীনা কবিতাগুলো আসলে আমারই লেখা ছিল। পারলে একটা বই করে দিও। কিছুই তো থাকে না জীবনে। ওইটুকু যদি টিকে থাকে।

আমি বললাম, গুছিয়ে রেখো। চেষ্টা করব।

ঘরের দেয়ালে কয়েকটা ছবি টাঙানো ছিল, তাকালাম না।

কথার কথা। কবিতার বই প্রকাশ করা যে কী দুরূহ ব্যাপার সে আমি জানি। তার ওপর এত বছর পর, এখন ওর সেই লেখার ঢং পালটে গেছে। এখন প্রেমের কবিতায় সেই গদগদ ভাব আর নেই, অনেক চাতুর্য এসেছে। তাছাড়া কবিতার বই আজকাল তেমন বিক্রি হয় না পশ্চিমবাংলায়। যারা লেখে, তারাই কবিতা পড়ে। লোকেদের অবসর সময় কম। সবাই কিছু-না-কিছু কাজ করছে। নয়তো টিভি দেখছে। একশোটা চ্যানেল, সময় কাটাবার বিষয়ের অভাব! তুলনায় পূর্ববাংলায়, বাংলাদেশে, কবিতার জনপ্রিয়তা অনেক বেশি, এমন কথা শুনতে পাই। তবে, একজন মৃত্যুপথযাত্রীকে এসব গূঢ় গোপন কথা বললাম না। বললাম, চেষ্টা করব।

ইলা বলল, যিশু একদিন দেখতে এলো না। অপর্ণা তো কাছেই থাকে, ও বলেছিল, যিশুদা যেদিন আসবে, আমাকে খবর দিও। এখন তো খুব নাম হয়েছে যিশুদার, আমাদের মতো সামান্য মানুষদের মনেই পড়ে না। আমি এসে দেখা করে যাবো।

আমি নির্বিকারভাবে বললাম, ও তো রাজস্থানে না কোথায় যেন থাকত না!

Ñ হ্যাঁ। ওর বর শৈলেন রিটায়ার করেছে। এখানে জমি একটা ছিলই। তার ওপর বাড়ি করেছে। দোতলা বাড়ি, দেখবার মতো। ঘরে ঘরে চোখ ধাঁধানো সব আসবাব।

আমি বললাম, ঠিকানাটা দাও তো। একদিন সময় করে যাওয়া যাবে।

বললাম বটে, কিন্তু বাস্তবে যাওয়া হয়ে ওঠেনি। পুরনো প্রেম চর্চার অভাবে শুকিয়ে যায়। স্মৃতিটা থাকে মনের গভীর কোণে। এক-এক সময় জেগে ওঠে। তখন কষ্ট হয়। বেশির ভাগ সময় মনেই থাকে না। ওর মুখ মনে পড়লে অমনি ওর পাশে গোঁফওলা শৈলেনের কুৎসিত মুখাবয়ব ভেসে ওঠে।

এরপর একদিন স্বপন মারা গেল খবর পেয়েছি। আমি আর যাইনি। এখন আমি-আর উত্তর কলকাতায় থাকি না। দক্ষিণে ফ্ল্যাট কিনেছি। সে-ও অনেকদিন হলো। সেখান থেকে সল্ট লেকের আট নম্বর ট্যাঞ্জ বহুদূর। যেতে-আসতে

কম-সে-কম দুশো টাকা ট্যাক্সি ভাড়া। পোষায় না। আমার পায়ে একটা ব্যথা আছে। তাই ট্রাম-বাসে ওঠা ছেড়ে দিয়েছি। মেট্রোয় যাওয়া-আসা করলে এত সিঁড়ি উঠতে হয়, হাঁপ ধরে যায় আমার। বয়েস তো কম হলো না।

এই রকম চলছিল। একদিন দুপুরে, তখন বাড়িতে কেউ নেই, খাওয়া-দাওয়া সেরে একটু ঝিমোচ্ছিলাম, অপর্ণার টেলিফোন।

আমার তো যিশুর মতো নাম হয়নি, এক ডাকে চিনতে পেরেছি।

Ñ খুব অবাক হলে নাকি জ্যোতিদা?

আমি বললাম, না, অবাক হবো কেন? শুনেছি, তুমি, তোমরা, এখন কলকাতার বাসিন্দা।

Ñ কোথায় শুনলে?

Ñ স্বপনকে দেখতে গিয়েছিলাম একদিন। তখন ইলা বলল। Ñ দাদার স্মরণসভায় তোমরা কেউ আসোনি। কেউ মানে তোমরা দুজন সাহিত্যিক। তুমি আর যিশুদা। মণিদা এসেছিল।

সত্যি। আমি আর যিশুদা Ñ এই দুজনকে নিয়েই যত সমস্যা। আমরা দুজন ওর প্রাক্তন প্রেমিক। আমাদের দুজনের একজন ওর স্বামী হতে পারতাম। হয়তো যিশু ছিল বেশি উপযুক্ত, বেশি কাছের। একবার পিকনিকে গিয়ে যিশু অপর্ণার কোলে মাথা রেখে শুয়ে পড়েছিল আচমকা। আমি সাহস পাইনি। অথচ আমি ছিলাম বড়ো চাকুরে। ও স্বেচ্ছায় আমার গলায় মালা দিত, ওর মা-বাবা আমাদের আশীর্বাদ করতেন। কিন্তু আমি তা হতে দিই নি। তাহলে যিশুরই জিত হতো। ব্যর্থ প্রেমিক শেষ পর্যন্ত জিতে যায়।

আমি বললাম, কী ব্যাপার বলো, এতদিন পর কী মনে করে?

Ñ আমি একটু সময় নেব। বাড়িতে কেউ নেই তো? তুমি এখন একা আছো তো?

Ñ হ্যাঁ।

Ñ জ্যোতিদা, তুমি আমাকে বাঁচাও। না হলে আমি আত্মহত্যা করব।

আমি হঠাৎ এই সংলাপ শুনে অবাক হই। জানতে চাই, কী হলো তোমার হঠাৎ? আত্মহত্যা করার মতো কী ঘটনা ঘটল?

Ñ নিত্যই ঘটছে। অবহেলা, অসম্মান, অপমান Ñ। আমি নাকি অপদার্থ। আমার না আছে রূপ, না আছে গুণ। আমি সংসারের বোঝা। ভেবে দেখো, এত বছর ধরে স্বামীর সেবা করলাম, ওর হাজার রকমের বায়না মেটালাম হাসিমুখে, একটি একটি করে তিনটি সন্তান প্রসব করলাম। তিনটেই সিজেরিয়ান, যে-কোনো সময় মরে যেতে পারতাম। ছেলেদের মানুষ করলাম। শৈলেন একবার ফিরেও তাকায়নি। আমি নিজের সুখের কথা ভাববার অবকাশ পর্যন্ত পাইনি। স্বামীকে খুশি রাখাই ছিল আমার একমাত্র ব্রত।

আমি বললাম, এখন কি তা করছো না?

Ñ করছি। কিন্তু একটা পার্থক্য হয়ে গেছে। প্রথমটা হলো, স্বামীর কোনো কাজ নেই। অবসর জীবন। চাকরির জায়গায় যে-প্রতাপ আর প্রভাব ছিল, সেটি নেই। হঠাৎ ও আবিষ্কার করেছে যে, শুধু টাকা রোজগার করবার জন্যে এতগুলো বছর জীবনের অমূল্য সময় নষ্ট করা ওর উচিত হয়নি। এর বদলে ও যদি কোনো ব্যবসা খুলত, অনেক ভালো হতো। আর দ্বিতীয় ব্যাপার হলো, আমার বয়েস হয়ে গেছে জ্যোতিদা। আমি আর ওকে বিছানায় সন্তুষ্ট করতে পারি না। আমার ঘেন্না করে। স্বামীর প্রতি কোনো আকর্ষণ আমার তৈরি হয়নি।

Ñ তোমার ছেলেরা তো আছে। তারা কী বলে?

Ñ তারা সব বাবার দিকে। তাদের অভিমান হলো Ñ তোমাদের সুখভোগের জন্যে আমাদের ছোটবেলা থেকে হোস্টেলে রেখেছ। দয়ামায়াহীন, কঠোর নিয়মতান্ত্রিক একটা জায়গা। আদর করার কেউ নেই, ভালোবাসা নেই। কষ্টের সময়, অসুখ করলে মাথায় হাত বুলিয়ে দেবার জন্যে একটা মা পাইনি আমরা। যখন মাকে খুব দরকার ছিল।

আমি বললাম, আমার ছেলেকেও কিছুকাল হোস্টেলে রেখেছিলাম জানো। তবে, প্রতি সপ্তাহে দেখা করতে গেছি। ওকে কাছ-ছাড়া করিনি। তোমরা যে দূরে থাকতে। তোমাদের কি আর কোনো উপায় ছিল?

Ñ ছুটিছাটায় ওরা বাড়ি এসেছে। আমাদের সঙ্গে থেকেছে। তখন তো বুঝিনি, তাতে ওদের মন ভরছে না। আজ ওরা বড়ো হয়ে গেছে। আমি বুড়ি হয়ে গেছি। সবাই যুবতী মেয়েমানুষের সাহচর্য চায়। স্বামী চায়। পুত্ররা চায়, বাড়ির কাজের লোক চায়, আশ্চর্য, এই ভাবনা আমায় ভাবিয়ে তুলেছে জ্যোতিদা। কেননা, আমার সে-বয়েস তো আর ফিরবে না। একটা মেয়ে থাকলে আমার কষ্ট বুঝত।

আমি বলি, দেখো, সব সংসারেই এই ঘটনার পুনরাবৃত্তি অল্পবিস্তর ঘটে। মেয়েরা পুরুষদের অনেক আগে বুড়ি হয়ে যায়। তারপরেও অনেকদিন বাঁচে। তাই বেশির ভাগ মেয়ে রান্নাঘরের অধিকার ছাড়ে না। সংসারের অন্য কাজ করে, বড়ি শুকিয়ে, আচার বানিয়ে, উল বুনে, কাঁথা সেলাই করে নিজের যোগ্যতা প্রমাণ করে। মেয়েদের প্রতি এই নিষ্ঠুরতা প্রকৃতির গড়া।

Ñ আমি তো এসব কিছু শিখিনি, জ্যোতিদা। আমার কিছু জমানো টাকা আছে বাবার দেওয়া। তুমি আমাকে একটা বাসা ঠিক করে দাও, আমি একা থাকব, ছোটলোকদের সংসারে একমুহূর্ত থাকতে আমার ইচ্ছে করে না।

আমি বললাম, এই কি একটা সমাধান হলো?

Ñ তাহলে তোমার বাড়িতে আমাকে আশ্রয় দাও। তুমি তো একসময় আমাকে ভালোবাসতে, জ্যোতিদা।

আমি এর কী উত্তর দেবো? আমিও কি আর সেই জায়গায় আছি? আমার বয়েস হয়নি? আমার সংসারে সমস্যা নেই? আমার কি অতিরিক্ত একটা ঘর আছে বাড়িতে?

বললাম, শোনো অপর্ণা, তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে তোমার স্বামী আর ছেলেরা যেতে দেবে? যদি দেয়ও, তোমার তাতে কী উপকার হবে বলো? স্বামী তোমায় ডিভোর্স করবে, আরেকটা বিয়ে করবে। ডিভোর্স না করলেও একজন রক্ষিতা রাখবে। ছেলেরা নিজেদের ধান্দায় বাইরে চলে যাবে। নিজেদের সঙ্গিনী জুটিয়ে নেবে। তোমাকে ভুলে যাবে। তুমি কি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার অবস্থা স্বচক্ষে দেখেছ? দেখলে, এসব কথা বলতে না।

তারপর বললাম, মণি বা যিশুর সঙ্গে যোগাযোগ করেছ? যিশুর কলকাতায়

দু-দুটো ফ্ল্যাট আছে। একটা বাড়ি আছে উত্তরপাড়ায়। জায়গা দিতে চাইলে ও দিতে পারে।

Ñ করেছিলাম যোগাযোগ। টেলিফোনেই। ও বলল, তোমাকে আশ্রয় দিলে আমার বউ আমার টুঁটি কামড়ে মেরে ফেলবে। মানিয়ে-জুনিয়ে যেখানে আছো, সেখানেই থাকো।

আচ্ছা, জ্যোতিদা, জীবনে কিছুই কি চিরস্থায়ী নয়। কিছু কি থাকে না?

আমি বললাম, থাকে। বংশধর আর বই।

ক্ষণিক উন্মাদ হয়েছিল অপর্ণা। তারপর নিশ্চয় সেরে গেছে। আমি ভাবতাম। বার্ধক্যকে স্বীকার করেছে।

আজকের টেলিফোন তার প্রমাণ।

আমি বললাম, তোমার ছেলের বিয়ের রিসেপ্শনে বুড়োদের নেমন্তন্ন করছো না? তাহলে তোমাকে একবার দেখার সুযোগ হতো। আমার হতো। যিশুর হতো।

অপর্ণা বলল, অনুষ্ঠানে আমি থাকব না। কর্তার ছানি অপারেশন হয়েছে। এখন ঘণ্টায় ঘণ্টায় ড্রপ দিতে হয়। তারপর স্পাঞ্জ করিয়ে দিতে হয় রোজ। আমার দম ফেলার টাইম নেই।

তারপর একটু থেমে বলল, কোনো লাভ নেই জ্যোতিদা। তোমাদের বই আছে। আমার আছে কর্তা আর বংশধর। তাদের খোশামোদ করে চলি আজকাল। এখন ছেলের হুকুম। ও যেন বার্ক্লে থেকে এসে দেখতে পায় সব বন্দোবস্ত পাকা হয়ে গেছে। আমাদের বাড়িতে তিন ছেলের তিনটি ঘর আছে। শুভর ঘরে ফুলশয্যা হবে। তারপর ওরা দুজন হানিমুনে যাবে, পুরী। সেসব ব্যবস্থা ওর অসুস্থ বাবাই করছেন। আমরা এখন বংশধরদের আজ্ঞাবহ ভৃত্য। এই ভূমিকাটা বেশ ভালো লাগছে জ্যোতিদা, কিন্তু এত দ্রুত! গাছ হয়ে জন্মালে অনেক বেশিদিন একা একা দাঁড়িয়ে থাকতে পারতাম।