স্মৃতিকথা
কাজীমোতাহারহোসেন
নবযুগপ্রকাশনী,
ঢাকা, ২০০৪
১৪০টাকা
বার্ট্রান্ড রাসেলের দর্শন-বিষয়ে আলোচনা করতে গিয়ে Alan Wood বলেছিলেন, ‘Russell’s work cover so maû different subjects that there is probably no single living person equipped with a sufficiently through knowledge of them all to write an adequate
commentary – with the exception, of course, of Russell himself.’ এই ধরনের মন্তব্য কাজী মোতাহার হোসেন সম্পর্কেও করা যেতে পারে। তার মানে অবশ্য এই নয় যে, আমরা রাসেলের সঙ্গে মোতাহার হোসেনের তুলনা করছি। আমরা ভালোভাবেই জানি, রাসেল যেমন মোতাহার হোসেন নন, তেমনি মোতাহার হোসেনও রাসেল নন। বরং আমরা এক্ষেত্রে সরদার ফজলুল করিমের মন্তব্য স্মরণ করতে পারি, ‘কাজী মোতাহার হোসেন কেবল একজন বিশিষ্ট বিজ্ঞানী নন, তিনি সমগ্র বাংলা সাহিত্যেরই একজন বিশিষ্ট সাহিত্যিক। তাঁর রচনারীতি কঠিন বিষয়কেও অনবদ্য সারল্যে প্রকাশের ক্ষমতায়… অতুলনীয়। মুসলিম সমাজে বিজ্ঞানকে বাংলায় প্রকাশ করার প্রয়াসের ক্ষেত্রে তিনি পথিকৃৎ। সামাজিক সম্পর্কে অজাতশত্রু। শুধু তাই নয়, সামাজিক বিকাশে সমাজ ও সাহিত্যের নানা প্রশ্নে একটি গতিশীল চেতনা রাখাতে তিনি সর্বদাই চেষ্টা করেছেন। ঐতিহ্যের প্রশ্নে নিজের মাতৃভূমির পরিবেশের ঊর্ধ্বে অপর কোনো ঐতিহ্যকে কখনো স্থান দেননি। ঢাকায় একদিন শিখাগোষ্ঠী মুসলমান সমাজে উদারনৈতিক ধর্মীয় ও সামাজিক চিন্তার যে-প্রসার ঘটাতে চেয়েছিলেন, সেই শিখাগোষ্ঠীর উদ্যোগীদের মধ্যে কাজী আবদুল ওদুদ, আবুল হোসেনের সঙ্গে কাজী মোতাহার হোসেনও ছিলেন।
বর্তমান প্রজন্মের কাছে কাজী মোতাহার হোসেন অপরিচিত হয়তো নন; কিন্তু তেমনভাবে পরিচিতও নন। এর কারণ অবশ্য নানাবিধ। প্রথমত, মোতাহার হোসেনের রচনাবলির দুর্লভতা এবং দ্বিতীয়ত তাঁর জীবনী-গ্রন্থ প্রকাশিত না হওয়া। বাংলা একাডেমী একসময় মোতাহার হোসেনের রচনাবলী খণ্ডে-খণ্ডে প্রকাশ করলেও, জীবনী-গ্রন্থ প্রকাশের কোনো উদ্যোগ নেয়নি। ব্যাপারটি দুঃখজনক। তারচেয়েও দুঃখজনক ঘটনা বোধহয় এইটি, Ñ তাঁর নিকটের লোক যাঁরা, তাঁরা মোতাহার হোসেনকে দিয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ বা ধারাবাহিক স্মৃতিকথা লিখিয়ে নিতে পারেননি। তিনি জীবদ্দশায় নিজের জীবনের কয়েকটি ‘পর্ব’ নিয়ে স্মৃতিচারণ করে গেছেন। সেই স্মৃতিচারণমূলক লেখা এবং কিছু স্মৃতি-তর্পণ-জাতীয় প্রবন্ধ একত্রে সংকলিত করেছেন ‘কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন’। সংকলনের নাম দেওয়া হয়েছে স্মৃতিকথা।
এই স্মৃতিকথায় কাজী মোতাহার হোসেনের নিজের জীবনের বিভিন্ন পর্ব নিয়ে লেখা রয়েছে চারটি। এগুলোর শিরোনাম Ñ ‘আমার ছোটবেলা’, ‘কুষ্টিয়ার স্মৃতিকথা’, ‘আমার জীবন-দর্শনের অভ্যুদয় ও ক্রমবিকাশ’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও অন্যান্য প্রসঙ্গ’। এছাড়া এই গ্রন্থে কয়েকটি স্মৃতি-তর্পণমূলক লেখা অন্তর্ভুক্ত হয়েছে। যাঁদেরকে এই স্মৃতিচারণ, তাঁদের মধ্যে রয়েছেন নজরুল, সত্যেন্দ্রনাথ বোস, আবুল হুসেন, আবদুল ওদুদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ। আমাদের কাছে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথম পাঁচটি লেখা। অবশ্য কেউ যেন মনে না করেন, দ্বিতীয় পর্যায়ের লেখাগুলোকে আমরা খারিজ করে দিতে চাইছি। কাজী মোতাহার হোসেনের মতো মানুষ নিজেকে নিয়েই লিখুন আর অন্য কাউকে নিয়েই লিখুন Ñ সেসব লেখা নানা কারণেই গুরুত্বপূর্ণ।
দুই
‘আমরা ছোটবেলা’য় মোতাহার হোসেনের বাল্যস্মৃতি লিপিবদ্ধ হয়েছে। তবে তাঁর শিক্ষাজীবনের একটি পরিচয়ও এই লেখাটিতে পাওয়া যায়। এখানে তাঁর বাবা-মায়ের কথা পাচ্ছি, স্কুলের শিক্ষকদের কথা পাচ্ছি, তৎকালীন মূল্যবোধের একটি রেখাচিত্রও পাশাপাশি পাওয়া যায়। এই পর্বে এক জায়গায় তিনি বলছেন :
‘প্রায়ই স্বপ্নে দেখতাম, আমি উড়তে পারি; ডানা না থাকলেও শুধু হাত নেড়েই উড়তে পারি। উড়ে গিয়ে কখনো আমগাছের উপরে কখনো বা বাঁশের ঝাড়ে কোনো বাঁশের আগায় গিয়ে বসতাম।’ (পৃ ১২)। বোধকরি বড় হবার, মানুষের মতো মানুষ হবার তীব্র বাসনা থেকেই এরকম স্বপ্নের উৎপত্তি। তবে নিজের পরিবার নিয়ে, নিজেকে নিয়ে সেই ছোটবেলা থেকেই তাঁর মধ্যে যে তীব্র সচেতনতা কাজ করত তার নিদর্শন এই লেখায় নানাভাবে পাওয়া যায়। যেমন একবার ‘সাপের কামড়’ খাবার পরের ঘটনা বর্ণনা করছেন এইভাবে :
আমাকে… বাড়ীর উঠোনে… নিয়ে এসে পায়ে দুই-তিন জায়গায় শক্ত… বাঁধ দেওয়া হল। ইতিমধ্যে খবর গেল ‘কাজেম কাজী’র কাছে। ইনি… সাপের বিষ নামবার ওস্তাদ। ঐ সময় আমার নিজের মনে যে ভাব ছিল তা খুব স্পষ্ট মনে আছে : ‘আমি ত মরলামই; কিন্তু আমার বাপ-মায়ের কি হবে? আমার নিজের সংকল্প এবং বাপ-মায়েরও আশা ছিল আমি লেখাপড়া করে বড় হয়ে বড় চাকরী করব, তাতে আমাদের অনটনের সংসারে সচ্ছলতা আসবে। আমার এই নিয়তটা পূর্ণ করবার আগেই আমি এমন করে মরে গিয়ে বাপ-মায়ের আশা-ভরসা চূর্ণ করে দিলাম।… আশ্চর্যের বিষয় আমার নিজের ‘মরণ’ সম্বন্ধে কোনও কথা বা ভয়-ভীতি আদৌ আমার মনে উদয় হয় নি। (পৃ ১৪)।
এই ঘটনা যখন ঘটেছে, তখন কাজী মোতাহার হোসেনের বয়স ১২ অথবা ১৩। এই সময় নিজের সম্পর্কে তিনি ভাবছেন :
নিজের সম্বন্ধে আমার বরাবরই খুব অনুকূল ধারণা ছিল Ñ আমি ভাল ছেলে, শান্তশিষ্ট, কারও সঙ্গে ঝগড়া-মারামারি করিনে। (পৃ ১৪)
কিন্তু নিজের ছোটভাইয়ের হাতে ছুরি দিয়ে আঘাত করা (বয়স তখন ৬ বছর), ৭-৮ বছরের এক বালককে লাথি-মারা (বয়স তখন ১২ বছর) Ñ এইসব ঘটনা থেকে তিনি নিজেই উপলব্ধি করলেন:
আমার স্বভাবে একটা প্রচণ্ডতা আছে। এরপর আমি বহু চেষ্টা করে আত্মদমন করবার অভ্যাস করেছি; অপরের বিসদৃশ আচরণ উপেক্ষা করে নিজের আচরণ শুধরাতে চেষ্টা করেছি। (পৃ ১৫)
মোতাহার হোসেন বাল্যকালে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য সাহিত্য-পাঠ-বিষয়ে যে-তথ্য জানিয়েছেন, তা থেকে তৎকালীন মুসলিম সমাজের মনোজগতের একটি চিত্র পাওয়া যায়। তিনি লিখেছেন :
বাল্যকালে… বিকেল বেলায় ঘরের দাওয়ায় বসে পুঁথিপাঠ চলতো, গ্রামের বহু লোক তা শুনতে আসতো। এক ধরনের পুঁথি ছিল শহীদে কারবালা, মেস্বাহুল ইসলাম, শাহনামা ইত্যাদি; আর এক ধরনের জঙ্গনামা, আমীর হামজা, হাতেম তাই ইত্যাদি; অন্যধরনের জৈগুন বিবি, সোনাভান, সূর্যউজাল বিবি ইত্যাদি। আর পুঁথির মতই জনপ্রিয় ছিল মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু। আমার পিতাও ছিলেন সুকণ্ঠ পাঠক। পুঁথির বহুলাংশ তাঁর মুখস্থ ছিল। হজরত আদম (আঃ) থেকে শুরু করে হজরত মুহম্মদ (সাঃ) পর্যন্ত অনেক ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী সময় সময় পুঁথি-পুস্তক না দেখেই তিনি আউড়িয়ে যেতেন। তাতেও অনেক উপদেশ থাকতো, সেগুলোও আমি মনে রাখবার জন্য একটু বিশেষ যত্ন নিতাম। (পৃ ১৫)
মুসলিম সমাজে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা মানিক-বিভূতি-তারাশঙ্কর কেন জন্মগ্রহণ করেননি, তার নেপথ্যের কারণ হিসেবে উপর্যুক্ত স্মৃতিচারণ একটি প্রামাণ্য দলিল।
কাজী মোতাহার হোসেন বলছেন যে, তাঁর পিতার স্বভাব ছিল অত্যন্ত কড়া প্রকৃতির। পিটুনি দিতেও তিনি ছিলেন ওস্তাদ। তারপরেও মোতাহার হোসেন বলেছেন :
সাত বছর বয়স পূর্ণ হবার আগে তিনি আমাকে পড়াতে বসাননি। এজন্য আমি কৃতজ্ঞভাবে তাঁর সুবুদ্ধির তারিফ করি। (পৃ ১৫)
ছাত্রজীবনে মোতাহার হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী। দশ বছর বয়সেই তিনি নিম্ন-প্রাইমারি বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তিলাভ করেছিলেন। এই বৃত্তির অঙ্কটা ছিল মাসিক দুই টাকা। একে তিনি উল্লেখ করেছেন তাঁর ‘ছাত্রজীবনের প্রথম সফলতা’ হিসেবে। দরিদ্র পরিবারে ওই টাকা একেবারেই কম কিছু ছিল না। মোতাহার হোসেন জানিয়েছেন :
এই বৃত্তির এক বছরের চব্বিশ টাকা দিয়ে বাপজান আমার জন্য একটা দুধের গাই কিনে দিয়েছিলেন। ওটার দেখা-শোনা আমাকেও কিয়দংশ করতে হত।… সময় সময় ওর জন্য ঘাস কাটতে হত; এই ঘাস কাটার চিহ্ন এখনও আমার বাঁ হাতের কেনি আঙ্গুলে… রয়েছে Ñ কাঁচির-কাটা দাগ। (পৃ ১৭)
তিন
‘কুষ্টিয়ার স্মৃতিকথা’য় মোতাহার হোসেন প্রথমেই বলে নিচ্ছেন : ‘আমার মাতৃভূমি বর্তমান কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালি থানার লক্ষ্মীপুর গ্রামে।’ (পৃ ২৯)
আর ‘পিতৃভূমি ফরিদপুর জেলার অন্তর্গত পাংশা থানার বাগমারা গ্রামে।’ এই স্মৃতিকথায় কাজী মোতাহার হোসেন আরো জানাচ্ছেন :
১৯০৭ সালের জানুয়ারীতে… বাগমারা গ্রামের নিম্ন প্রাইমারী বিদ্যালয় থেকে বৃত্তিলাভ করি…। ১৯০৯ সালের জানুয়ারীতে নদীয়া জেলার সেনগ্রাম মাইনর স্কুল থেকে বৃত্তিসহ উচ্চ প্রাইমারী পাস করি…। ১৯১১ সালের জানুয়ারীতে সেনগ্রাম মাইনর স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় নির্বাচিত হয়ে বৃত্তিলাভ করি। (পৃ ২৯)
এ-থেকেই বুঝতে পারি কাজী মোতাহার হোসেন ছেলেবেলা থেকেই কতোটা মেধাবী ছিলেন। আর্থিক অসচ্ছলতাও তাঁর লেখাপড়ায় তেমন-একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মাইনর স্কুল থেকে উত্তীর্ণ হয়ে তিনি কুষ্টিয়ার প্রাচীন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এ-সময়কার স্মৃতিকথায় তিনি জানাচ্ছেন :
বড় মামু আমাকে কুষ্টিয়ার মজমপুর গ্রামে তাঁর এক খালাতো বোনের বাড়ীতে দিয়ে আসলেন; এই খালুর নাম ছিল মীর ওসমান আলী…। মীরবাড়ীতে খালা-আম্মারা আমাকে খুব স্নেহ করতেন। কিন্তু আমি বুঝতে পারলাম এঁদের তখন অত্যন্ত গরীব অবস্থা, নিজেদের আহারের সংস্থান করাই তাঁদের পক্ষে কঠিন, তাই আমি কয়েকমাস পরেই একটা জায়গীর জুটিয়ে নিয়ে কুষ্টিয়া স্কুলের অদূরে করিম বক্স নামক এক দয়ালু সচ্ছল গৃহস্থের বাড়ীতে তাঁর পুত্র গোলাম সোবহানের গৃহশিক্ষকরূপে অবস্থান করতে লাগলাম। এঁরা আমাকে খুব সম্মানের সাথে স্থান দিয়ে আহার ও শয্যাদির উৎকৃষ্ট ব্যবস্থা করেন। (পৃ ৩০)
এই স্মৃতিকথায় তিনি দেশদরদী রাইচরণ বাবুর কথা, কুষ্টিয়ার ‘মুক্তিয়ার’ খোদাদাদ খাঁ সাহেবের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন!
খোদাদাদ খাঁ সাহেব বিশেষ বিদ্যোৎসাহী লোক ছিলেন। তিনি একটা সাহায্য তহবিল (ফঁঃু ভঁহফ) খুলেছিলেন। সেই তহবিল থেকে গরীব ছেলেদের পরীক্ষার ফি, ভাল ছাত্রদের উৎসাহ দান ইত্যাদির অর্থ-সাহায্য দিতেন। এই সাহায্যের নাম ছিল ‘করজে হাসানা’ অর্থাৎ পরবর্তীকালে অবস্থা সচ্ছল হলে এই ঋণ পরিশোধ করতে হবে। (পৃ ৩৩)
বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে বুঝতে পারি, বর্তমানে আমাদের সমাজে বিত্তশালী লোকের অভাব নেই, কিন্তু বিদ্যোৎসাহী লোকের অত্যন্ত অভাব। খোদাদাদ খাঁ সাহেবের মতো উদারমনা লোকজন এই সমাজ থেকে ক্রমশই হারিয়ে যাচ্ছেন, যাঁরা গরিব মেধাবী ছাত্রদের জন্য ‘করজে হাসানা’ তহবিল খুলেছিলেন। অন্যদিকে মোতাহার হোসেনও অকৃতজ্ঞ ছিলেন না। তাঁর স্মৃতিকথায় পাচ্ছি, সেখানে তিনি বলছেন :
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চাকুরী হওয়ার পর, আমি কুষ্টিয়ায় গিয়ে তাঁকে এই টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছিলাম। তিনি ত অবাক। বললেন, ‘এ পর্যন্ত কেউ ত এই ‘করজে হাসানার’ টাকা ফিরিয়ে দেয়নি? তবে তুমি দেবে কেন?’ আমি বললাম, ‘গরীব লোকের ত অভাব নেই। আপনার তহবিল যাতে উজাড় হয়ে না যায়, সেজন্য যারা দারিদ্র্য ভোগ করেছে, বিশেষ করে এই ফান্ডের সাহায্যে উপকৃত হয়েছে, তাদেরই ত সর্বাগ্রে উচিত, সম্ভব হলে ঋণ পরিশোধ করে আরও কিছু সাহায্য করা।’ আমি কর্জের ৭০ টাকার সঙ্গে আরও ২০ না ৩০ টাকা দান করেছিলাম, তা ঠিক মনে নেই। (পৃ ৩৩)
তবে আমাদের বিবেচনায় নিজের এই ‘দানের কথা’ লেখাটা কাজী মোতাহার হোসেনের মতো বিদগ্ধ ব্যক্তিত্বের জন্যে বেমানান। এই সংকলন সম্পাদনা যিনি করেছেন (অধ্যাপক সন্জীদা খাতুন), তিনি এই জায়গাটুকু ‘বাদ’ দিলেও তেমন একটা ‘ক্ষতি’ ছিল না। কারণ প্রভু যিশুর এই শিক্ষা ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য :
‘When you give something to a needy person, do not make a big shwo of it, … When you help a needy person, do it in such away that even your closest friend will not knwo about it. Then it will be a private matter. And your father, who sees What you do in private, will reward you…Õ (Matthwe : 6.2 – 6.4)
কুষ্টিয়া স্কুলের বেশ কজন শিক্ষককেতিনি স্মরণ করেছেন, তাঁদের পাণ্ডিত্যের কথা, উদারতার কথা, ছাত্রদের প্রতি কর্তব্যের কথাও উল্লেখ করতে মোতাহার হোসেন ভোলেননি। এখানে যে-শিক্ষকের নাম তিনি বিশেষ শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন জ্য্যোতিন্দ্রমোহন রায় (এঁর বাড়ি ছিল পাবনার অন্তর্গত নগরবাড়ী গ্রামে)। এঁর সম্পর্কে বলতে গিয়ে মোতাহার হোসেন বেশ কয়েকটি ঘটনার কথা বলেছেন; আমরা সেখান থেকে একটি ঘটনার খানিকটা তুলে দিচ্ছি। মোতাহার হোসেন লিখেছেন :
আমি যখন (১৯১১ সালে) চতুর্থ শ্রেণীর ছাত্র তখন তিনি আমাদের ভূগোল পড়াতেন।… চতুর্থ শ্রেণীতে আমার পানিবসন্ত হয়; সংবাদ পেয়ে আমার পিতা আমাকে বাড়ীতে নিয়ে যাবার জন্য স্কুলে আসেন। আমি তখন ক্লাসেই ছিলাম। জ্যোতিনবাবু খানিকক্ষণ পড়ানো ক্ষান্ত রেখে আমার পিতাকে ডেকে বিশদ করে বলে দিলেন, আমার কি খাদ্য, কি অখাদ্য; কেমন করে সর্বদা মশারীর মধ্যে রেখে মশা-মাছি থেকে দূরে রাখতে হবে, ওষুধ ও মলম কেমন করে লাগাতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি দেখতে পেলাম জ্যোতিনবাবুর চোখ থেকে দুই এক বিন্দু পানি ঝরে পড়ছে। বুঝলাম তিনি আমাকে কতো ভালবাসেন, আমার প্রতি তাঁর কত বিশেষ স্নেহ ও যত্ন, আমার নিরাময়ের জন্য তাঁর কত উদ্বেগ! (পৃ ৩৪)
আর-একবার এই শিক্ষক তাঁর ওই প্রিয় ছাত্রের জন্য ধুতি, শার্ট আর গেঞ্জি উপহার দিতে গিয়ে ছাত্রের ইতস্তত ভাব দেখে বলেছিলেন :
তোর লজ্জা কিসের, তোর পিতা দিলে নিতিনে? তোদের, সবাইকে ত আমি নিজের ছেলের মতই দেখি। (পৃ ৩৪)
এমন শিক্ষকের ছাত্র হওয়াটাও বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর এই শিক্ষকের শেষ পরিণতিটা যেমন মর্মান্তিক তেমনি করুণ। কাজী মোতাহার হোসেন জানিয়েছেন :
ভারত-বিভাগ ও পাকিস্তান হবার পর এই আদর্শ
শিক্ষক, জ্যোতিনবাবুকে তাঁর সাধের কুষ্টিয়া স্কুল হতে বিদায় করে দেওয়া হলো। তিনি কলকাতায় চলে গেলেন। (পৃ ৩৭)
অথচ এই শিক্ষকের মানসধর্ম Ñ মোতাহার হোসেনের ভাষায় Ñ ‘সম্পূর্ণরূপে বর্ণনাতীত, সাম্প্রদায়িকতার লেশ-শূন্য সর্বমানবিক।’ (পৃ ৪৫)
‘কুষ্টিয়ার স্মৃতিকথা’য় কাজী মোতাহার হোসেন আবেগভরে বলেছেন : ‘আমি ভালবাসি কুষ্টিয়ার স্কুল, কুষ্টিয়া শহর আর কুষ্টিয়া জেলা।’ (পৃ ৪৫)। কুষ্টিয়ার প্রতি এই দুর্বলতার কারণ নানাবিধ। ‘কুষ্টিয়া’ বলতেই মনে পড়ে মীর মশাররফ হোসেন, লালন, রবীন্দ্রনাথের কথা। আর তাছাড়াও মোতাহার হোসেন স্বীকার করেছেন :
জোরের সাথেই বলতে পারি আমি কুষ্টিয়ায় অবস্থান করে যত সুখানুভব করেছি, অন্য কোনওখানেই ততটা নয়। তাই বাসনা করেছিলাম, কর্ম থেকে অবসর গ্রহণ করে শেষ জীবনে কুষ্টিয়ায় বাস করব। আর সেজন্য গড়ই নদীর ধারে… প্রায় ১২ বিঘা জমি খরিদ করেছিলাম। কিন্তু পরে সেই জমির খানিকটা গবর্ণমেন্ট অধিকার করে নিলেন, আর খানিকটা নদীতে ভেঙে গেল। তাই আমার পূর্ব-পরিকল্পনা পরিত্যাগ করতে হয়েছে আর ইতিমধ্যে ঢাকাতেই যে বাড়ী তৈয়ার করেছিলাম সেখানেই অবসর-জীবন পালন করছি। (পৃ. ৪৫)
সাধারণত এ-ই হয়। গ্রামের ছেলে শহরে এসে শিক্ষিত হয়ে-ওঠার পর আর কখনোই যে গ্রামে প্রত্যাবর্তন করতে পারে না, কাজী মোতাহার হোসেন তার প্রামাণ্য দলিল হয়ে থাকলেন। তবুও তিনি শেষ পর্যন্ত বলতে পেরেছেন : ‘এখনও সতৃষ্ণ নয়নে কুষ্টিয়ার দিকে তাকাই।’ (পৃ. ৪৫) এই তাকিয়ে থাকার আনন্দ-বেদনা নিয়েই কারো-কারো একটা গোটা জীবন চলে যায়।
চার
আমার জীবন-দর্শনের অভ্যুদয় ও ক্রমবিকাশ’ অধ্যায়টি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এখানে কাজী মোতাহার হোসেনের মানস-জীবনের, তাঁর রুচি-পছন্দের অনেক ব্যাপার লিপিবদ্ধ হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই তিনি লিখেছেন :
‘জীবনের প্রথম পরিচয় মাতার সাথে; দুগ্ধই যখন আমার একমাত্র খাদ্য। এরপর নানা-নানী, দাদা-দাদী, ভাই-বোন, মামা-খালা, ফুফু, চাচা-চাচী ইত্যাদির সংস্রবে এসে… দেখতে পেয়েছি সকলের সঙ্গে সদ্ভাব ও সম্প্রীতি রক্ষা করলে সবার ভালবাসা পাওয়া যায় এবং এই ভালবাসা বড়ই কাম্য। অতএব… এদের মত হবে। এরপর সমবয়সী সাথীদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে বুঝলাম… নিয়ম রক্ষা করাই ‘ন্যায়’ আর লঙ্ঘন করাই ‘অন্যায়’। (পৃ ৪৮)
এই হলো কাজী মোতাহার হোসেনের জীবন-দর্শনের প্রথম ভিত্তি, যা কিনা তাঁর সহজাত বৈশিষ্ট্যেরও প্রধান উপাদান। বলা যায়, একে কেন্দ্র করেই তাঁর জীবন আবর্তিত হয়েছে। ১৯১৫ সালের কলকাতার প্রেসিডেন্সি কলেজে আই এস সি ক্লাসে ভর্তি হয়েও শেষ পর্যন্ত ওখানে আর পড়েননি বা পড়তে চাননি। কেন পড়তে চাননি তার কারণও তিনি অকপটেই বলেছেন। তাঁদের রসায়ন পড়াতেন স্যার পি. সি. রায়। একবার জরিমানার টাকা মওকুফ করার আবেদন নিয়ে শিক্ষকের সুপারিশ চাইতে গেলে পি. সি. রায় মোতাহার হোসেনকে মৌলবি সাহেবের কাছ থেকে সুপারিশ নেবার পরামর্শ দিয়েছিলেন। যেহেতু কাজী মোতাহার হোসেন ‘মুসলিম ছাত্র’। এরপর মোতাহার হোসেন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন :
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মুখে এই কথা? হিন্দু ছাত্র আর মুসলমান ছাত্রের সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যবহার! তাই ওঁর প্রতি আমার বিন্দুমাত্রও শ্রদ্ধা রইল না। বুঝলাম স্কলার হলে কি হবে? এঁর মধ্যে মনুষ্যত্বের অভাব আছে। যাঁকে শ্রদ্ধা করতে পারিনে, তাঁর কাছে পাঠ নেওয়া আমার মেজাজে সইল না। আমি সেইদিনই প্রেসিডেন্সী কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিলাম। (পৃ ৫০)
এরপরে মোতাহার হোসেন ১৯১৬ সালে রাজশাহী কলেজে ভর্তি হন। নিজের তাগিদে অর্জিত জীবন-দর্শনের ভিত্তি কতোটা সবল ছিল, কাজী মোতাহার হোসেনের, এই ঘটনা তারই একটি নজির মাত্র। তাই বলে নিজের ধর্মীয় জীবনকে অস্বীকার করেননি তিনি; বরং তাকে স্বীকার করে নিয়েই বলেছেন :
জীবনধারণের দর্শনকেও প্রাকৃতিক নিয়ম মেনে চলতেই হবে।
এই নিয়মগুলোর পরিপ্রেক্ষিতেই ক্রমিক অভিজ্ঞতালব্ধ পথ ধরে আমাদেরও গতাগতি হবে। এইরূপ জীবনদর্শনকেই আমরা ধর্মীয় জীবন বলে থাকি। (পৃ ৫২)
বোধকরি এইসব দিক লক্ষ করেই ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের প্রিন্সিপাল সুরেন্দ্রনাথ মৈত্র ‘মুসলিম সাহিত্য সমাজ’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন :
এর শীর্ষস্থানে… কাজী আবদুল ওদুদ (মস্তিষ্ক), সৈয়দ আবুল হুসেন (হাত-পা-দেহ), কাজী মোতাহার হোসেন (হৃদয়)। (পৃ ৬০)
পাঁচ
রবীন্দ্রনাথ ঠাকুর ‘ধর্মের সরল আদর্শ’ শীর্ষক প্রবন্ধে বলেছিলেন :
আমরা নিজে যাহা রচনা করিতে যাই, তাহা জটিল হইয়া পড়ে। আমাদের সমাজ জটিল, আমাদের সংসার জটিল, আমাদের জীবনযাত্রা জটিল। এই জটিলতা আপন বহুধাবিভক্ত বৈচিত্র্যের দ্বারা অনেক সময় বিপুলতা ও প্রবলতার ভান করিয়া আমাদের মূঢ় চিত্তকে অভিভূত করিয়া দেয়।… যে সভ্যতা আপনার সমস্ত ব্যবস্থাকে সরলতার দ্বারা সুশৃঙ্খল ও সর্বত্র সুগম করিয়া আনিতে পারে সেই সভ্যতাই যথার্থ উন্নততর। বাহিরে দেখিতে যেমনই হউক জটিলতাই দুর্বলতা, তাহা অকৃতার্থতা; পূর্ণতাই সরলতা। ধর্ম সেই পরিপূর্ণতার, … সরলতার একমাত্র চরমতম আদর্শ। (ধর্ম, পৃ ৩৫)
কাজী মোতাহার হোসেনের জীবনবোধ এই সরলতার শক্তিতেই পরিচালিত হয়েছে। এর প্রমাণ পাই তাঁর বহুমাত্রিক পরিচয়ের মধ্য দিয়ে, সেখানে একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্নতার চিত্র পাই। তাঁর স্মৃতিকথা পাঠ করে আমাদের আবারও এই প্রত্যয় হয় যে, সরলতার মধ্যে যে-পূর্ণতাকে পাওয়া যায়, তাকে অবলম্বন করেই কাজী মোতাহার হোসেনের মানসজগৎ গঠিত হয়েছে। এই প্রজন্মের পাঠকদের উচিত, সরলতার সেই আদর্শের সঙ্গে আরেকবার পরিচিত হওয়া, তাকে জানা।

Leave a Reply
You must be logged in to post a comment.