পাঠকের চিঠি

দ্বিতীয় বর্ষে কালি ও কলম

কালি ও কলম দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে – এ নিঃসন্দেহে আনন্দের সংবাদ। বাংলাদেশে সাহিত্যপত্রিকা টিকে থাকে না কখনো ভালো লেখার অভাবে, কখনো পত্রিকায় অর্থ জোগানোর অভাবে। এর ফলে সাহিত্যপত্রিকা ক্ষীণায়ু হয়ে যায়। দীর্ঘদিন ধরে এদেশে একটি উন্নতমানের সাহিত্যপত্রিকার অভাব ছিল। কালি ও কলম সে-অভাব অত্যন্ত সাফল্যের সঙ্গে পূরণ করেছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে এ-পত্রিকাটি যখন প্রকাশিত হয়েছিল আমরা ভেবেছিলাম খুব বেশিদিন হয়তো এটি পথ চলতে পারবে না। কিন্তু নানা ধরনের বাধা-বিপত্তি পেরিয়ে এ-পত্রিকার প্রতিটি সংখ্যাই আলাদা বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে উঠেছে – একথা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশের সাহিত্যকে বিষয় করে বেশ কয়েকটি লেখা বের হয়েছে কালি ও কলমে। আমরা নিজেদের মননকে সমৃদ্ধ করতে পেরেছি এ-পত্রিকার মাধ্যমে।

এ-পত্রিকায় যেভাবে যত্নের সঙ্গে খ্যাতিমান ও নবীনদের চিত্রপ্রদর্শনীর রিভিউ প্রকাশিত হয় তা নিশ্চয়ই খুবই উল্লেখযোগ্য সংযোজন। এছাড়া প্রচ্ছদ-পরিচিতির ছোট লেখাগুলোও অনবদ্য। প্রতিটি পরিচিতির মধ্য দিয়ে আমরা এক-একজন শিল্পীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হতে পারি।

কালি ও কলমের দ্বিতীয় বর্ষ ১ম সংখ্যায় প্রকাশক আবুল খায়ের এই পত্রিকার প্রকাশনাকে অব্যাহত রাখার জন্য যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, সেজন্য তাঁকে সাধুবাদ জানাই।

আলম খান

আন্দরকিল্লা, চট্টগ্রাম

তবু তৃষ্ণা রয়েই যায়…

‘সৃজনশীল অলৌকিক আনন্দ ছড়িয়ে দেওয়াই কালি ও কলমের মূল উদ্দেশ্য। সেই আনন্দের প্রকৃত উৎস লেখকেরা’ – সত্যিই তাই। কালি ও কলমের প্রথম বর্ষপূর্তিতে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন। উপর্যুক্ত কথাটি বলেছেন কালি ও কলমের স্বত্বাধিকারী ও প্রকাশক সর্বজনশ্রদ্ধেয় সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের। কালি ও কলমে কোনো সম্পাদকীয় থাকে না। সৌভাগ্যবশত প্রথম সংখ্যাটি আমি পড়েছিলাম, এখন বর্ষপূর্তিটি পড়ার সৌভাগ্যও হলো। এ-দুটি সংখ্যায় সম্পাদকের পরিবর্তে প্রকাশকের পত্রে অতি মূল্যবান কিছু কথা বলেছেন প্রকাশক স্বয়ং, যেগুলো সাংস্কৃতিক অঙ্গনের সকলের জন্যই পাথেয় হয়ে থাকবে। প্রকাশক আবুল খায়ের সাহেবকে অত্যন্ত ধন্যবাদ ও শ্রদ্ধাজ্ঞাপন করছি এই জন্যে যে, তিনি সংস্কৃতিপ্রেমীদের আশ্বস্ত করেছেন এই বলে যে, কালি ও কলমের অগ্রগতি মসৃণই থাকবে, কোনো পঙ্কিলতার আবর্তে না পড়ে নিয়মিতই থাকবে এর পথচলা।

বর্ধিত কলেবরে প্রকাশিত বর্ষপূর্তি সংখ্যাটিতে নতুনত্বের ছোঁয়া খুব কম দেখা গেলেও বিষয়-বৈশিষ্ট্য, গঠনপ্রয়াস ও  চিন্তা-চেতনায় তা অভিনবত্বহীন নয়। তবে সার্বিক মানদণ্ড-বিচারে এর কাছে প্রত্যাশা ছিল অনেক। আমার সে-প্রত্যাশা সম্পূর্ণ হয়তো পূরণ হয়নি, অবশ্য তা হবার কথাও নয় কোনো সাহিত্যপ্রেমীর কাছে, তবু এর বর্ধিত কলেবরে আমি মুগ্ধ এবং অভিভূত।

অবশ্য একটা ব্যাপার বোধগম্য হলো না, এ সংখ্যায় মঞ্চনাটক বিভাগটি অদৃশ্য কেন? এদেশে বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী রয়েছেন, যাঁরা থিয়েটার ভালোবাসেন, চর্চা করেন এবং এ-ব্যাপারে খোঁজখবর রাখেন। তাঁদের জন্য সংখ্যাটি হতাশার বইকি! এটি কি ইচ্ছাকৃত  না অনবধানতাবশত, তা বুঝতে পারলাম না। তবু বলছি, ভবিষ্যতে এসব নাট্যপ্রেমী তথা সংস্কৃতিপ্রেমীর কথা মাথায় রেখে এ-বিষয়টি যাতে নিয়মিত থাকে সেদিকে নজর রাখবেন। তারপরও প্রবন্ধ, গল্প, উপন্যাস ছাড়াও অন্য যে-বিষয়গুলো প্রকাশিত হয়েছে সেগুলো অত্যন্ত উঁচুমানসম্পন্ন। বিশেষ করে বলতে হয় বিচারপতি হাবিবুর রহমান, সনৎকুমার সাহা ওহাসান আজিজুল হকের প্রবন্ধগুলো সম্পর্কে। হাবিবুর রহমান একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে সুনিপুণ রচনা উপহার দিয়েছেন পাঠকসমাজকে। সনৎকুমার সাহা, হাসান আজিজুল হক ও মুনতাসীর মামুনের লেখায় খুঁজে পাওয়া যায় অনেক অজানা বিষয়, যেগুলো পাঠে জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। এজন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।

অন্য বিভাগগুলোর মধ্যে চমকপ্রদ ও উল্লেখযোগ্য হলো আলী আনোয়ার ও আবদুশ শাকুরের বিদেশী সাহিত্য এবং সংগীত-বিষয়ের দুটি লেখা। এদেশের তথা বাংলাভাষীদের কাছে তাঁরা খুবই পরিচিত নাম। আলী আনোয়ার তাঁর অনবদ্য রচনায় ওরখান পামুককে আমাদের কাছে     অত্যন্ত তাৎপর্যময়ভাবে তুলে ধরেছেন। সাহিত্যাঙ্গনের নতুন কান্ডারিদের, বিশেষ করে যুবসমাজের, কাছে বিদেশী সাহিত্যিকদের পরিচিতি খুব-একটা বেশি নয়। তাই নতুন প্রজন্মের কাছে সেসব বিশ্বখ্যাত ও আলোচিত সাহিত্যিকদের কৃতি ও পরিচিতি তুলে ধরার দায়িত্ব আমাদের প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ সাহিত্যিকের। নান্দনিকতার উৎকর্ষে যে-কজন সাহিত্যিক সারাবিশ্বে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে আছেন তাঁদের মধ্যে তুর্কি কথাসাহিত্যিক ওরখান পামুক অন্যতম। তাঁর বলিষ্ঠ লেখায় স্পষ্ট হয়ে ওঠে রাজনীতি ও সাহিত্যের মিশেলে অনন্য পাঠোপাদান। আলী আনোয়ার তাঁর সুদক্ষ কালির আঁচড়ে রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই তুর্কি লেখককে তরুণসমাজের কাছে অত্যন্ত প্রশংসনীয়ভাবে তুলে ধরেছেন। বিশেষ করে প্রবন্ধটির ভাষাশৈলী এবং উপস্থাপন-ভঙ্গিটি অত্যন্ত উপভোগ্য। তুর্কি কথাসাহিত্যের ও সাংস্কৃতিক জগতের অন্যতম পথিকৃৎ ওরখান পামুকের ওপর অসাধারণ এ-প্রবন্ধটি রচনার জন্য লেখককে ধন্যবাদ এবং সেইসঙ্গে আশা করছি ভবিষ্যতে সুতীক্ষè ভাষায় অন্যান্য বিদেশী সাহিত্যিক ও কিংবদন্তিসম লেখকদের নিয়ে লিখবেন তিনি।

অত্যন্ত অপ্রস্তুত হয়ে বলতে হচ্ছে, যদিও এটি সাহিত্য-সমালোচনা নয়, এ-সংখ্যায় বেশকিছু গল্প ছাপা হলেও আমার কাছে ভালো লেগেছে হাতেগোনা কয়েকটি। নাজমুল আলম, আনিসুল হক, দেবেশ রায়ের এবং অন্যান্য দু-একটি গল্প ছাড়া আমার কাছে অন্য গল্পগুলো হৃদয়গ্রাহী মনে হয়নি। চিন্তাশীল ও ভাবুক পাঠক ছাড়াও আমার মতো সাধারণ কিছু পাঠক আছে, যারা ভাবগম্ভীর বিষয়গুলোতে সহজে প্রবেশ করতে পারে না, এজন্য একটু বেশিই সময় লাগে। গল্পের অবকাঠামো জটিল হলে এ-শ্রেণির পাঠকের কাছে সেগুলো সহজবোধ্য হয় না। তাই কিছুটা সহজ ভাষায় গল্প হলে ভালো হয়। যদিও গল্পলেখকেরা সবাই অত্যন্ত উঁচুমার্গের এবং তাঁদের সাহিত্যরুচি অত্যন্ত উঁচুমাপের Ñ তথাপি আরেকটু সহজবোধ্য গল্প হলে ভালো হতো। আশা করবো আমাদের মতো নবীন পাঠকদের জন্য তাঁরা সরল ও বোধগম্য ভাষায় গল্প উপহার দেবেন ভবিষ্যতে। একটি সাহিত্যপত্রিকায় বিনোদনমূলক লেখাগুলোর মধ্যে গল্পই প্রধান, তাই সহজে বোঝা যায়, এমন গল্পই হওয়া উচিত।

অমর একুশে, বইপত্র-সমালোচনা, ধারাবাহিক উপন্যাস, ঐতিহ্য, চিত্রকলা ছাড়াও আরেকটি নিবন্ধ দৃষ্টিগোচর হয়, যেটি     ওপার বাংলার তথা বিশ্বের অন্যতম খ্যাত জাদুশিল্পী পি. সি. সরকার জুনিয়ার লিখেছেন। অতি আগ্রহসহকারে নিবন্ধটি পড়ে রোমাঞ্চিত হলাম। সরকার-পরিবার ও তাঁদের নামবিভ্রান্তি নিয়ে অত্যন্ত মজাদার এ পরিবেশনার মাধ্যমে পাঠকসমাজ জানতে পারল তাঁদের ঐতিহ্য ও নাম নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ার কিছু কথা।

এককথায় কালি ও কলমের বর্ষপূর্তি সংখ্যাটি সবদিক থেকে বিষয়-বৈচিত্র্যে সমৃদ্ধ। বিভিন্ন ধরনের প্রবন্ধ, সিরিয়াল ও লঘু-গল্প পত্রস্থ হওয়ায় খুব ভালো লেগেছে। অবশ্য ‘ভালোলাগা’ শব্দটির পর ‘অত্যন্ত ভালোলাগা’ বলে যে-শব্দযুগল রয়েছে, আমার কাছে সেগুলো এক্ষেত্রে প্রযোজ্য নয়। হয়তো আমার চাহিদা অত্যন্ত বেশি আর আমার চাওয়াগুলোর সঙ্গে পাওয়ার মিলন পুরোপুরি ঘটেনি,   তাই অতি-উদ্বেলিত হওয়াও আমার       পক্ষে সম্ভব নয়। ভালো লেগেছে ঠিকই Ñ তথাপি চিত্তাকর্ষক ও হৃদয়ভোলানো সাহিত্য পত্রিকাটির কাছে আরো বেশিকিছু প্রত্যাশা ছিল। অবশ্য এর উত্তর প্রকাশক তাঁর মূল্যবান পত্রেই উল্লেখ করেছেন। ‘পাঠকেরা কেউ কেউ সন্তোষ প্রকাশ করেছেন, কেউ কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ কেউ দাবি। দাবির সবটা পূরণ করা যায়নি, গেলেও আরো থাকবে। পাঠকের প্রত্যাশা থাকবে, মিটবে, বাড়বে। পালিত হবার পরও থেকে যাবে আমাদের দায়িত্ব।’ মনের তৃষ্ণা কখনোই মেটে না Ñ বরং উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর এ-তৃষ্ণা মেটাবার দায়িত্ব যেহেতু কর্তৃপক্ষ       নিয়েছেন, তাই কামনা, দুই বাংলার অন্যতম সফল সাহিত্য পত্রিকাটির মান, সৌষ্ঠব ও বৈভব বৃদ্ধি পাক আর আমাদের তৃষ্ণার্ত হৃদয় ভরে উঠুক সাহিত্যের অবগাহনে, সকল পঙ্কিলতাকে দূরে ঠেলে। ধন্যবাদ কালি ও কলমের সবাইকে।                                  

শোয়েব আহমেদ তপন                                  মধ্যবাড্ডা, ঢাকা

‘চোখে দেখা’

কালি ও কলমের একবর্ষ পূর্তি হলো। এই এক বছরে নিঃসন্দেহে কালি ও কলম স্বকীয় বৈশিষ্ট্যে ও মানসম্পন্ন প্রকাশনায় অনন্য। দ্বিতীয় বর্ষ : ১ম সংখ্যায় (ফাল্গুন ১৪১১) নাজমুল আলমের ‘চোখে দেখা’ ছোটগল্পটি পড়ে ধন্দে পড়লাম। মনে হলো বিটিভিতে অনেক বছর আগে লেখাটির নাট্যরূপ দেওয়া হয়েছিল। গঞ্জের হাটের কালু ফকিরের কাছ থেকে বিষ নেওয়ার ঘটনাটি ব্যতীত সম্পূর্ণ গল্পের সঙ্গে বিটিভির সেই নাটকটির হুবহু মিল রয়েছে। বিটিভির নাটকটিতে বিষ নেওয়ার ঘটনাটি ছিল এক গ্রাম্য কবিরাজ বুড়ির কাছ থেকে। সে গাছ-গাছালির শিকড় থেকে বিষ তৈরি করে হারেস আলীর হাতে দিয়েছিল। যেহেতু অনেক আগের ঘটনা, সেহেতু ওই নাট্যকারের নাম এবং নাটকের নাম এখন মনে পড়ছে না। তবে   এটি নিশ্চিত যে, নাটকটির মূল কাহিনী ওই গল্পটির সঙ্গে একেবারেই মিলে যায়। নাজমুল আলম নিজেই নাটকটির রচয়িতা ছিলেন কিনা জানি না। যদি তিনি নিজেই   এর লেখক হয়ে থাকেন তাহলে সন্দেহের অবকাশ নেই। অন্যথায় আমাদের মতো সাধারণ পাঠকের জন্য বিষয়টি বিভ্রান্তিকর নয় কি? ব্যাপারটি পত্রিকার পূর্বতন মানের ব্যাপারেও হুমকি নিশ্চয়ই। এ ব্যাপারে সম্পাদকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। কালি ও কলমের বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। কালি ও কলমের মানসম্মত প্রচারণা আশা করছি।

মাসুদ পারভেজ

কবি নজরুল সরকারী কলেজ, ঢাকা

* নাটক ও গল্প দুটিই একই রচয়িতার লেখা।  

                 – সম্পাদক