মনসুরউদ্দীনের কীর্তি ও তাঁর উত্তরাধিকার

উনিশ শতকের বাংলায় রেনেসাঁসের মতো একটা ঘটনা ঘটে গিয়েছিল। ‘রেনেসাঁস’ না বলে ‘রেনেসাঁসের মতো’ বললাম এ কারণে যে, প্রকৃত রেনেসাঁস যেভাবে একটা গোটা জাতিকে জাগিয়ে তোলে, এখানে তেমনটি ঘটেনি। বিদেশী শাসনের অধীনে একটি দেশে তেমনটি ঘটা সম্ভবই ছিল না। তবু যে-অভূতপূর্ব ঘটনাটি এখানে ঘটেছিল তার গুরুত্বকে নস্যাৎ করে দেওয়ার প্রচেষ্টাকেও সংগত বলে বিবেচনা করি না। উপনিবেশের অধীনে নবসৃষ্ট কলকাতা নগরীকে কেন্দ্র করে যে নতুন একটি নাগরিক মধ্যবিত্ত সমাজের সৃষ্টি হয়েছিল, সে-সমাজটি অবশ্যই পাশ্চাত্যবাহিত নতুন ভাবধারার সংস্পর্শে এসে ‘নবআনন্দে জেগে’ উঠেছিল। সে-জাগরণ এ সমাজের মানুষকে স্বদেশ-চেতনাতেও উদ্বুদ্ধ করেছিল। সে-সময়ে নবজাগ্রত সমাজের মানুষদের স্বদেশের ইতিহাস-ঐতিহ্য-সন্ধানেও মনোযোগী হতে দেখা গিয়েছিল। এই মানুষদের হাতেই যেমন আধুনিক চেতনাদীপ্ত নতুন বাংলা সাহিত্যের সৃষ্টি হয়েছিল, তেমনই এই মানুষেরাই Ñ উনিশ শতকেই Ñ বাংলা সাহিত্যের অতীত-ইতিহাস-সন্ধানেও যত্নবান হয়েছিলেন।

কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ১৮৫২ সালের মে মাসে কলকাতার বিটন সোসাইটিতে ‘বাঙ্গালা কবিতা বিষয়ক প্রবন্ধ’ নামে একটি রচনা পাঠ করেছিলেন। সেই রচনাটির মধ্য দিয়েই, বলা যেতে পারে, বাংলা সমালোচনা-সাহিত্যের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসচর্চারও শুভ যাত্রারম্ভ। রঙ্গলাল দূর-অতীতের দিকে তাকিয়ে চণ্ডীমঙ্গলের মুকুন্দরাম ও রামায়ণ-মহাভারতের অনুবাদক কৃত্তিবাস-কাশীরামদের প্রসঙ্গ প্রবন্ধটিতে তুলে ধরেছিলেন ঐতিহাসিকের দৃষ্টিতে। রঙ্গলালের রচনাটি ছিল প্রতিবাদমূলক। হরচন্দ্র দত্ত নামের সে-সময়কার এক নব্যশিক্ষিত বাঙালি যুবক সে-বছরেরই এপ্রিল মাসে বাংলা সাহিত্যের প্রচুর নিন্দামন্দ করে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। প্রবন্ধটিতে তখনকার দিনে প্রচলিত বিদ্যাসুন্দর ও কবিগানের স্থূলতা ও রুচিহীনতা নিয়ে পুরো বাংলা সাহিত্যের বিরুদ্ধেই প্রচণ্ড বিতৃষ্ণার প্রকাশ ঘটেছিল। রঙ্গলাল এর প্রতিবাদে দেখিয়েছিলেন যে, ইংরেজি সাহিত্যের অনেক রচনা ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের চেয়ে অনেক বেশি কুরুচিপূর্ণ।

প্রতিবাদমূলক এই প্রবন্ধটিতে অবশ্যই বাংলা সাহিত্যের পুরো ইতিহাস ধরা পড়েনি, ধরা পড়া সম্ভবই ছিল না। বাংলা সাহিত্যের পুরাবৃত্তের অনেক কিছুই তখনো আবিষ্কৃতই হয়নি।

তবু, সেই ১৮৫২ সালে বাংলা সাহিত্যের ইতিহাসচর্চার যে-বীজতলা তৈরি হলো, তা থেকেই প্রথম পরিণত ফসলটি পাওয়া গেল উনিশ শতক শেষ হওয়ার আগেই Ñ ১৮৯৬ সালে Ñ দীনেশচন্দ্র সেনের সুবৃহৎ বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটিতে। এরপর বিশ শতকের প্রায় শুরু থেকেই একের পর এক বাংলা সাহিত্যের অনেক অনেক বিস্মৃত উপাদানের সন্ধান মিলতে লাগল, সুগম হলো বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস-রচনার পথও। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হলো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর। তাঁর আবিষ্কৃত চর্যাপদই বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলে স্বীকৃত। এর পরবর্তী পর্যায়ের সাহিত্যের নিদর্শন, শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করলেন বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ। তারই পাশাপাশি হরেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্যরত্ন বৈষ্ণব পদাবলির এক বিপুল ভাণ্ডার উন্মোচন করে দিলেন বাঙালি সারস্বত সমাজের সামনে। অনেক অনেক গবেষকের প্রচেষ্টায় আবিষ্কৃত হয়ে চলল ছোট-বড় নানা মঙ্গলকাব্যের পুঁথিসহ বিভিন্ন বিষয়ের হারিয়ে যাওয়া সাহিত্যসম্ভার।

তবু, এতসবের পরও, বাঙালির প্রাচীন সাহিত্যকীর্তির অনুসন্ধান অসম্পূর্ণই থেকে গিয়েছিল। সেই অসম্পূর্ণতা, আসলে, কথিত বঙ্গীয় রেনেসাঁসেরই অসম্পূর্ণতা। সে-অসম্পূর্ণতার ছিল দুটো দিক। প্রথমত সেই রেনেসাঁস-প্রক্রিয়ায় বাংলার মুসলমান সম্প্রদায়ের অনুপস্থিতি, এবং দ্বিতীয়ত এতে বাংলার সংখ্যাগরিষ্ঠ পল্লিজনের প্রতি উপেক্ষা। এই অনুপস্থিতি ও উপেক্ষা দৃশ্যমান হয়ে উঠেছিল বাংলা সাহিত্যের উপাদান-সন্ধানের ক্ষেত্রেও। এই অনুপস্থিতি ও উপেক্ষাজনিত অসম্পূর্ণতাকে দূর করার কাজে যাঁরা এগিয়ে এসেছিলেন তাঁদের মধ্যে অন্তত দুজনের নাম একান্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হয় Ñ একজন আবদুল করিম সাহিত্যবিশারদ ও অন্যজন চন্দ্রকুমার দে।

সাহিত্যবিশারদ প্রাক্-আধুনিককালের বাংলা সাহিত্যের যে-বিপুল উপাদান সংগ্রহ করেছিলেন সেসবের প্রধান অংশটিই ছিল মুসলমান সাহিত্যিকদের হাতে সৃষ্ট। এর ফলে, বাংলা সাহিত্যের সৃষ্টি ও বিকাশে মুসলমানদেরও যে গুরুত্বপূর্ণ অবদান রয়ে গেছে Ñ সে-সত্যটিরই উদ্ঘাটন ঘটল। আবদুল করিম সাহিত্যবিশারদ ও ডক্টর মুহম্মদ এনামুল হকের যৌথ রচনা আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য প্রসঙ্গে আচার্য দীনেশচন্দ্র সেন লিখেছিলেন, ‘[এই পুস্তক] পাঠ করিয়া বাঙ্গালী মাত্রই বুঝিবেন যে, বঙ্গভাষার শ্রীবৃদ্ধির কৃতিত্ব যতটা হিন্দুর ততটা মুসলমানের। ইহাদের এক সম্প্রদায় যদি তাঁহাদের সৃষ্ট কীর্তি হইতে কোন অজুহাতে সরিয়া দাঁড়ান, তবে তাঁহারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পূর্বপুরুষের অমূল্য সম্পদ হইতে বঞ্চিত হইবেন মাত্র।’

এই যৌথ উত্তরাধিকারের অন্যদিকে ছিল পল্লিবাংলার প্রাকৃতজনের রচিত মৌখিক সাহিত্যের বিপুল সম্ভার। সে-সাহিত্যকে দেশ-বিদেশের সুধীজনের সামনে তুলে ধরার ব্যাপারে দীনেশচন্দ্রেরই ছিল অনুঘটকের ভূমিকা। দীনেশচন্দ্রই কেদারনাথ মজুমদার-সম্পাদিত ময়মনসিংহের সৌরভ পত্রিকার পাতা থেকে পল্লির সাহিত্য-সম্ভারের সংগ্রাহক চন্দ্রকুমার দে-কে আবিষ্কার করেন। তাঁরই প্রবর্তনায় চন্দ্রকুমার-সংগৃহীত পল্লিগীতিকাগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হলো এবং এরই মধ্য দিয়ে বাঙালির সাহিত্যিক ঐতিহ্যের একটি অন্ধকার এলাকায় আলোর প্রক্ষেপণ ঘটল।

সে-রকম আলো জ্বালানোরই দায়িত্ব গ্রহণ করেছিলেন মুহম্মদ মনসুরউদ্দীন। এক্ষেত্রে তিনি হয়েছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদ ও চন্দ্রকুমার দে-র মতো উপেক্ষিত সাহিত্যিক ঐতিহ্যের সন্ধানীদেরই সহযোগী ও অনুগামী। সাহিত্যবিশারদ ও চন্দ্রকুমারের সারস্বত সাধনা যেমন দীনেশ চন্দ্রের সহযোগিতা ও মর্মগ্রাহিতায় পুষ্ট হয়েছিল, তেমনই তাঁর স্নেহের স্পর্শ উদ্দীপ্ত ও উদ্যোগী করে তুলেছিল মনসুরউদ্দীনকেও।

দুই

মুহম্মদ মনসুরউদ্দীন (১৯০৪-১৯৮৭) ছিলেন বাঙালি মুসলমান কৃষক-পরিবারের সন্তান। ‘বাঙালি’, ‘মুসলমান’ এবং ‘কৃষক-সন্তান’ Ñ এই তিন পরিচয় নিয়েই তাঁর গর্ব ছিল সীমাহীন। তাঁর ঐতিহ্যসন্ধান ও বাণীসাধনায় এই গর্বেরই ঘটেছে সমুজ্জ্বল প্রকাশ।

আশরাফ মুসলমানরা নিজেদেরকে বাঙালি বলে পরিচিত করতে অনীহ ছিলেন, বাঙালির ঐতিহ্যকে তাঁরা আপন ঐতিহ্যরূপে গ্রহণ করেননি, এমনকী বাঙালির মাতৃভাষা বাংলার প্রতিও ছিল তাঁদের বিজাতীয় বিদ্বেষ ও সীমাহীন অবজ্ঞা। আদতে যাঁরা আশরাফ ছিলেন না, তেমন বঙ্গীয় মুসলমান-সন্তানদেরও কারও কারও মধ্যে এই বিদ্বেষ ও অবজ্ঞার সংক্রমণ ঘটেছিল, তাঁদেরও কেউ কেউ আশরাফত্ব লাভের উচ্চাশায় বাঙালিত্বকে অস্বীকার করার দিকেই ঝুঁকেছিলেন।

মুহম্মদ মনসুরউদ্দীন অবস্থান নিয়েছিলেন এধরনের মানুষদের সম্পূর্ণ বিপরীত প্রান্তে। বিশ শতকের গোড়ায় তাঁর জন্ম। সে-সময়টিতেই বাংলার মুসলমান সম্প্রদায়ের মধ্যে Ñ খুবই ধীরগতিতে হলেও Ñ একটি মধ্যবিত্ত গোষ্ঠীর বিকাশ ঘটতে থাকে, আধুনিক শিক্ষাগ্রহণের দিকেও মুসলমানদের নজর পড়ে। কিন্তু যে-মুষ্টিমেয় বাঙালি মুসলমান-সন্তান সেদিন আধুনিক শিক্ষায়তনে প্রবেশ করেছিলেন, তাঁরা অগ্রসর হিন্দু মধ্যবিত্ত গোষ্ঠীভুক্ত বিদ্বান ও বিদ্যার্থীদের সঙ্গে নিজেদের অবস্থার তুলনা করে প্রায়শই অত্যন্ত বিব্রত হয়ে পড়তেন। অগ্রসর গোষ্ঠীর মানুষদের কারও কারও অবাঞ্ছিত আচরণও তাঁদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করত। এর ফলে তাঁরা Ñ অন্তত তাঁদের ভেতরকার সংবেদনশীল মানুষেরা Ñ একান্তভাবেই আপন সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে উঠেছিলেন; আপন সম্প্রদায়ের বৈষয়িক ও আত্মিক পশ্চাৎপদতা যেমন তাঁদের ক্ষুব্ধ ও ব্যথিত করে তুলেছিল, তেমনই আত্মশক্তির ও আত্মগৌরবের উপাদানগুলোর সন্ধানেও তাঁরা উদ্যোগী হয়েছিলেন, স্বসম্প্রদায়-প্রীতিই তাঁদের আপন সম্প্রদায়ের ঐতিহ্য সম্পর্কেও সচেতন ও সন্ধানী করে তুলেছিল। স্বসম্প্রদায়কে জড়তা ও পশ্চাৎপদতার হাত থেকে রক্ষার জন্যই তাঁরা সম্প্রদায়ের মানুষকে নিয়ে সংগঠন গড়ে তুলতেও যত্নবান হয়ে উঠেছিলেন। এইসব সংগঠনের কোনো কোনোটি অবশ্যি হয়ে পড়েছিল একান্ত সাম্প্রদায়িক সংগঠন। হিন্দু সম্প্রদায়িকতার প্রতিক্রিয়াতেই এসব সংগঠনের কোনো কোনোটিতে, এবং মুসলমান-সম্পাদিত কোনো কোনো সাময়িকপত্রে, মুসলিম সাম্প্রদায়িকতার উদগ্র প্রকাশও ঘটে চলেছিল। আবার অন্যদিকে নব্যশিক্ষিত মুসলমানদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন উদারচেতা মানুষের সংখ্যাও একেবারে কম ছিল না। এরকম সচেতন ও মুক্তবুদ্ধিসম্পন্ন, মুসলিম তরুণরাই ঢাকায় গড়ে তুলেছিলেন ‘মুসলিম সাহিত্য সমাজ’। নামের সঙ্গে সম্প্রদায়-নির্দেশক ‘মুসলিম’ শব্দটি যুক্ত থাকলেও এ সংগঠনটি ছিল সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে সর্বাংশে মুক্ত, বরং মুসলিম সম্প্রদায়কে উদার অসাম্প্রদায়িক মুক্তবুদ্ধিসম্পন্ন করে

তোলাই ছিল এর লক্ষ্য। ঢাকায় যখন সেই বিশ শতকের বিশের

দশকে ‘মুসলিম সাহিত্য সমাজে’র কর্মকাণ্ড চলছিল, মনসুরউদ্দীন তখন তাঁর ছাত্রজীবন অতিবাহিত করছিলেন ঢাকা থেকে দূরে Ñ পাবনায়, রাজশাহীতে ও কলকাতায়। সে-কারণে মুসলিম সাহিত্যসমাজের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারেননি বটে, কিন্তু চিন্তা-চেতনায় এ সংগঠনটি থেকে খুব দূরেও তিনি অবস্থান করতেন না। ঢাকার       ‘মুসলিম সাহিত্য সমাজ’ শুধু নয়, কলকাতার ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’ কিংবা মোহাম্মদ নাসিরউদ্দীন-সম্পাদিত সওগাত       পত্রিকাকে কেন্দ্র করে বাঙালি মুসলমানদের মধ্যে সংঘটিত নবজাগরণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও মুহম্মদ মনসুরউদ্দীনের চিন্তাভাবনার ছিল গভীর সাযুজ্য।

পাবনা এডওয়ার্ড কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র থাকার সময়েই তিনি কলেজ-ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন (১৯২২) তাঁর কবিতা ‘বেদুঈন মুসলমান’, আর সেইসঙ্গে একগুচ্ছ লোকগীতির সংগ্রহ। নিজের রচনা ও অন্যের রচনা-সংগ্রহের এই প্রথম প্রকাশের মধ্যেও মনসুরউদ্দীনের ভাবী জীবনের চলার পথের দিকচিহ্নটি ধরা পড়ে গিয়েছিল, এবং তাঁর জীবনদর্শনটিও স্পষ্ট হয়ে উঠেছিল। সারাজীবন তিনি এই পথ ধরেই চলেছেন, এবং এই জীবনদর্শনকেই লালন করেছেন।

মনসুরউদ্দীনের নিজস্ব জীবনদৃষ্টি ও তাঁর বাণীসাধনার যাত্রাবিন্দুটিকে স্পর্শ করতে চাইলে তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘বেদুঈন ইসলামে’র পুরোটিই আমাদের পড়ে নিতে হবে :

জন্ম যে তোর আরবের ঐ ভীষণ শাহারায়,

ঘরখানি তোর অসীমের ঐ দিগন্তে মিশায়,

নিজেই রাজা নিজেই প্রজা

দোষ দেখিলে দিতিস্ সাজা

বাঁধন নাহি ছিল কোথাও মুক্ত সর্বদাই।

অবাধ ছিল তোদের চির স্বাধীনতা ভাই।

তোর কেন ভাই এমন দশা,

নাইকো হাসি, নাই ভরসা,

কোথায় বা তোর শৌর্য্যবীর্য্য, কোথায় বা তোর মান

কোথায় বা সেই জয়ভেরী, কোথায় অভিযান?

কোথায় বা সেই ধর্মে বিশ্বাস?

নাই যে ভূমি ফেল্তে নিশ্বাস!

হয়েছিস কী লক্ষ্মীছাড়া এম্নি দুনিয়ায়?

ফেলেছিস কি ‘হাদিস’ ‘কোরান’ বিজন শাহারায়?

তোর ভয়ে যে কাঁপত ইরান

আরব মিশর হিন্দুস্থান;

তোর কেন ভাই এমন দশা ধরাধামে আজ?

কোন্ বিধাতার অভিশাপে তোদের মলিন সাজ?

মনসুরউদ্দীন যে-সময়ে এই কবিতাটি লিখেছিলেন, সে-সময়ে বাংলার উনিশ শতকের ‘খণ্ডিত রেনেসাঁস’টি আরো খণ্ডিত হতে হতে রিভাইভ্যালিজমের কোলে আত্মসমর্পণ করে বসেছে, প্রথমে হিন্দু রিভাইভ্যালিজম ও পরে তারই প্রতিক্রিয়া-জাত মুসলিম রিভাইভ্যালিজমের তখন প্রবল প্রতাপ। মনসুরউদ্দীনের কবিতাটিতেও মুসলিম রিভাইভ্যালিজমের উপাদান যথেষ্ট পরিমাণেই ছিল। তবে এর পরিণামে তিনি মুসলিম রিভাইভ্যালিস্ট হয়ে ওঠেননি, বরং আপন সম্প্রদায়ের ঐতিহ্যিক উপাদান দিয়ে নিজের ভেতরে তিনি রিভাইভ্যালিজমের বদলে রেনেসাঁস-ভাবনাকেই জাগিয়ে তুলেছিলেন। সেই রেনেসাঁস-ভাবনাই তাঁকে বাঙালিত্বের বোধের সঙ্গে সংযুক্ত করে দিয়েছিল। আর তাঁর সে-বাঙালিত্ব বোধ রস আহরণ করেছিল বাঙালি প্রাকৃতজনের Ñ বিশেষ করে কৃষকসমাজের Ñ সৃষ্ট ভাবসম্পদ থেকে। নিজে কৃষক-সন্তান ছিলেন বলেই কৃষকের সে-সম্পদের অনায়াস উত্তরাধিকার তিনি লাভ করেছিলেন, এবং সে-উত্তরাধিকারের যথাযথ সদ্ব্যবহারও তিনি করতে পেরেছিলেন। কৃষকের কর্মনিষ্ঠা তাঁর সমগ্র সত্তার সঙ্গে জড়িত মিশ্রিত ছিল বলেই একান্ত গর্বের সঙ্গে তিনি বলতে পেরেছিলেন, ‘আমি চাষার ছেলে। আমার একমাত্র লক্ষ্য কাজ করা। সাধনা করা। কাজ ছাড়া জীবন মিথ্যা, সমাজ মিথ্যা, সংসার মিথ্যা।’

‘চাষার ছেলে’ মনসুরউদ্দীন সবরকম মিথ্যাকে ঘৃণা করতেন বলেই মৃত্তিকা-সংলগ্ন সত্যকে ছুঁয়ে থাকতে পেরেছিলেন। আবার এই মৃত্তিকা যে একান্তভাবে বাংলার মৃত্তিকা Ñ সে-বোধে তাঁর একটুও ঘাটতি ছিল না। বাঙালিত্ব ও মুসলমানত্বের মধ্যে কোনো বিরোধ বা বৈপরীত্য তিনি দেখতে পাননি। সে-কারণেই বাংলার সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর সময়কার বাংলার মুসলমানদের অপ্রীতি ও উদাসীনতা তাঁকে খুবই ব্যথিত করত। মনেপ্রাণে তিনি কামনা করতেন যে, মুসলমান শুধু আনুষ্ঠানিক মুসলমানত্বের মধ্যে আবদ্ধ হয়ে না-থেকে ‘অন্তরের বিশেষত্বে’ প্রকৃত মুসলমান হয়ে উঠুক। এই কামনাকে বাস্তবায়িত করে তোলার লক্ষ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কারমাইকেল হোস্টেলের মুসলিম ছাত্রদের নিয়ে ‘তরুণ জমাত’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। সেই সংগঠনের উদ্দেশ্য ছিল ‘তরুণ মুসলমানদিগকে খাঁটি ইসলামী আদর্শে অনুপ্রাণিত করা, তাহাদিগকে সেবাধর্ম্মে উদ্বুদ্ধ করা, এবং জাতীয় উৎসবগুলিকে সঞ্জীবিত ক’রে জাতির প্রাণে আনন্দ সঞ্চার করা।’

‘খাঁটি ইসলামী আদর্শ’ সম্পর্কে মনসুরউদ্দীনের ভাবনা গতানুগতিকতার বৃত্তাবদ্ধ ছিল না, তাতে বরং অনেক পরিমাণেই র‌্যাডিকালিজমের ছোঁয়া লেগেছিল। মুসলমানদের প্রাণে ‘আনন্দ সঞ্চার করা’র ওপর তিনি খুবই গুরুত্ব দিয়েছিলেন। ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ খ্রি.) ‘তরুণ জমাতে’র শবেবরাত উৎসবে পঠিত প্রবন্ধে মনসুরউদ্দীন লিখেছিলেন :

মুসলমান আজ আনন্দের স্বাদ গ্রহণ করতে জানে না। মুসলমানেরা যেন মোর্দ্দা কাঁধে করে চলেছে। তাদের মুখে হাসি নেই। আজ আর মুসলমানের প্রাণে ঈদ Ñ তা’কে আনন্দ দান করে না। এটা যেন জিয়ারতের মতো একটা অনুষ্ঠান বিশেষ। মৌলুদ শরিফ আনন্দহীন, আমাদের শবে-বরাতে আনন্দের চিহ্ন নেই। আমাদের এই উৎসবগুলিকে প্রাণদান করতে হবে Ñ আমরা উৎসবকে উৎসবময় করে তুলব। এই উৎসবের সময় সুন্দর সুন্দর বই ছাপার এবং মুসলমান ছেলে, মেয়ে ও বুড়োদের হাতে হাতে দেব।

মানুষ না হেসে যেমন বাঁচতে পারে না, তেমন জাতি না হেসে টিকতে পারে না। না হাসলে তাকে যক্ষা-কাশে

ধরে। মুসলিম জাতিকে, এই রোগে ধরেচে, এটা দূর

করতে হবে।

কথাগুলোর ভেতর আমরা যেন ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজে’র বক্তব্যের স্পষ্ট প্রতিধ্বনি শুনতে পাই। ‘মুসলিম সাহিত্য সমাজে’র নেতাকর্মী ও সংগঠকদের মতোই তিনিও মুসলমান-সমাজকে প্রগতিশীল ভাবনা ও মুক্তিচেতনায় উদ্বুদ্ধ করে আধুনিকতার ধারাপ্রবাহের সঙ্গে সংযুক্ত করতে, এবং অমুসলমানদের মধ্য থেকে মুসলমানদের সম্পর্কে নানা ভুল ধারণার অপনোদন ঘটাতে চেয়েছিলেন। উপরিউক্ত প্রবন্ধটির উপসংহারে তিনি লিখেছিলেন :

শেষ কথা বলব, এটা Mutual understanding -এর কথা। ইউরোপ আমাদের প্রতি অবিচার করেছে Ñ আমাদিগকে তারা বুঝেনি। আমাদের নবীর চরিত্র বিকৃত করে এঁকেছে, তাঁর আসল ছবি জগতের সামনে ধ’রে আমাদের এই সমস্ত বিকৃত ছবির প্রতিবাদ করতে হবে Ñ ভারতে এই অবিচার চলছে। অন্য ধর্ম্মাবলম্বীগণ আমাদের ধর্ম্ম সম্বন্ধে অজ্ঞ, তাঁদিগকে আমাদের কথা বুঝিয়ে বলতে হবে Ñ এক কথায় আমাদের মধ্যে understanding চাই, একে অন্যকে বুঝবার, এবং এতে ভারতের তথা দুনিয়ার মঙ্গল হবে।

বাঙালি মুসলমান-সমাজের পক্ষ থেকে এই understanding -এর ক্ষেত্রটিকে প্রসারিত করে দেওয়ার লক্ষ্যেই তিনি রচনা করেছিলেন বাংলা সাহিত্যে মুসলিম সাধনার তিনটি খণ্ড। একই লক্ষ্যে নিয়োজিত ছিল তাঁর সকল মৌলিক রচনা ও লোকসাহিত্য-সংগ্রহের প্রকাশও। মনসুরউদ্দীন ছিলেন একান্তই সত্যনিষ্ঠ ও ইতিহাস-সচেতন। সত্যনিষ্ঠা ও ইতিহাস-সচেতনতাই তাঁকে যেমন উদার ও সংকীর্ণতামুক্ত করে তুলেছিল, তেমনই করে তুলেছিল নির্ভীক ও স্পষ্টভাষীও। তাঁর একান্ত শ্রদ্ধেয়জনের সম্পর্কেও সত্যভাষণে তিনি কুণ্ঠিত হননি, যে-কোনো মানুষের অসত্য বক্তব্যের তিনি প্রতিবাদ জানাতেন একান্ত স্পষ্টভাষায়।

একবার তাঁর পরম শ্রদ্ধাভাজন শিক্ষক ও একান্ত শুভাকাক্সক্ষী আচার্য দীনেশচন্দ্র সেন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় হিন্দুদের ‘গৌরীদান’ প্রথা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে হঠাৎ মন্তব্য করে ফেলেন, ‘মুসলমান নবাব-বাদশারা হিন্দু মেয়ে পেলেই নিয়ে যেতেন।’ সঙ্গে সঙ্গে এর প্রতিবাদে তাঁর ছাত্র মনসুরউদ্দীন জানতে চাইলেন, ‘স্যার, এ রেফারেন্সটা কোথায় পেয়েছেন?’ মুখের ওপর এমন প্রশ্নে দীনেশচন্দ্র খুবই ক্ষুণ্ন হন ও ক্লাস ছেড়ে চলে যান। কোনোরূপ সাম্প্রদায়িক মানসপ্রতিবন্ধ থেকে মনসুরউদ্দীন তাঁর শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ করেননি, সত্যনিষ্ঠা ও ইতিহাস-চেতনাই তাঁকে এরকম প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রবৃত্ত করেছিল। জ্ঞানান্বেষণের ক্ষেত্রে কারও কোনোরূপ সাম্প্রদায়িক বিবেচনাই তিনি বরদাস্ত করতে পারতেন না। তাঁর হারামণির কিছু পাণ্ডুলিপি পরীক্ষা করে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ একবার এগুলো থেকে ‘হিন্দু পুরাণযুক্ত গানগুলো বাদ’ দেওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেন। (ÔI am of the opinion that the songs having Hindu mythology should be Omitted’.) এরকম অভিমতের প্রতিক্রিয়ায় মনসুরউদ্দীন লেখেন, ‘আশ্চর্যের ব্যাপার ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ কি করিয়া এই অভিমত পেশ করিলেন। পূর্বপাকিস্তানের (বাংলাদেশের) প্রত্যেকটি পল্লিগান আমাদের জাতীয় সম্পদ, যেমন ময়নামতী পাহাড়পুর মহাস্থান মহেঞ্জোদারোতে প্রাপ্ত পুরাতন কীর্তিচিহ্নগুলি বিশ্বের সম্পত্তি।’

মুহম্মদ মনসুরউদ্দীনের স্পষ্ট অভিমত ছিল :

জ্ঞানান্বেষীদের মধ্যে কোনপ্রকার জাতিভেদ বা সম্প্রদায় ভেদ থাকা নিতান্তই গর্হিত। সামাজিক ভেদ ও সাম্প্রদায়িকভেদের জন্যই আমাদের জ্ঞানান্বেষীদের মধ্যে হৃদয়ের গভীর অমিল দেখতে পাওয়া যায়। … আমাদের জ্ঞান যেন আমাদের হৃদয়ের প্রেমের বদ্ধ দুয়ার খুলে দেয়।

ঐতিহ্যপ্রেমিক ও মানবপ্রেমিক মনসুরউদ্দীনের হৃদয়ের দুয়ার যে খোলা ছিল Ñ সে-বিষয়ে সন্দেহপ্রকাশের বিন্দুমাত্রও অবকাশ নেই। হৃদয়-মন খোলা রেখেই বাড়ির কাছের আরশিনগরের পড়শিদের তিনিবুকে টেনে নিয়েছেন; তাদের আশা-আশক্সক্ষা, আনন্দ-বেদনা ভাষারূপ পেয়েছে তাদেরই রচিত যেসব গানে ও গল্পে কাহিনীতে সেসবের সংকলন প্রকাশ করেছেন। যেমন Ñ হারামণি, শতগান, শিরণি ইত্যাদি। আবার এই আপনজনদের নিয়েই তাঁর নিজের মতো করে গল্প, কবিতা, আখ্যায়িকা ও প্রবন্ধও রচনা করেছেন। সেসবেরই সংকলন ধানের মঞ্জরী, আগরবাতি, পয়লা জুলাই ইত্যাদি। ইতিহাসের জগতে মানস-অভিসার করে আওরঙ্গজেব নামে অনুবাদ করেছেন শিবলী নোমানীর আলমগীর আওরঙ্গজেব পর এক নজর গ্রন্থের। শুধু স্বদেশের নয়, তাঁর হৃদয়ের খোলা দরজা দিয়ে অনায়াসেই এসে প্রবেশ করেছে প্রাচীন ইরানের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যের হাওয়াও, তারই প্রমাণ, সাতাশ জন ইরানি কবির জীবন ও কৃতি নিয়ে রচিত গ্রন্থ ইরানের কবি। সারস্বত চর্চার সব ক্ষেত্রেই যে তিনি সমান সার্থক হয়েছেন, তা অবশ্যই নয়। তবু ভালোয়-মন্দয় সার্থকতা-ব্যর্থতায় এক বিরাট মহীরুহের মতো ব্যক্তিত্ব মনসুরউদ্দীনের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নুয়ে আসে।

মনসুরউদ্দীনের বাণীসাধনার বিচিত্রমুখী রূপ প্রত্যক্ষ করে আ. ন. ম. গোলাম মোস্তফা খুব ঠিকভাবেই মন্তব্য করেছিলেন, ‘একাধারে ইসলামের কালোত্তীর্ণ আধুনিক ও বৈজ্ঞানিক চিন্তাধারা, পশ্চিমের সত্যসন্ধানী যুক্তিবাদ এবং সমকালীন জগতের মানববাদী চেতনা তাঁর মন ও মননে স্পষ্ট লক্ষ্য।’

তিন

নিঃসন্দেহে হারামণিই মুহম্মদ মনসুরউদ্দীনের সর্বশ্রেষ্ঠ সারস্বত অবদান। ১৯২২ সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের লালনগীতি-সংগ্রহই মনসুরউদ্দীনকে লোকগীতি-সংগ্রহে উৎসাহিত করে তোলে। তিনিও শুরু করেন লালনগীতি-সংগ্রহ দিয়েই। লালন ফকির, পাগলা কানাই প্রমুখ বাউল গীতিকারদের ১০৪টি গীতির সংগ্রহ ‘রবীন্দ্রনাথের আশীর্বাদ’-ধন্য হয়ে হারামণির প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৩১ সালে। প্রকাশের সঙ্গে সঙ্গে এটি সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে ও বিপুলভাবে অভিনন্দিত হয়। এরপর একে একে হারামণির         তেরোটি খণ্ড তিনি প্রস্তুত করেন, এবং তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রকাশিত হয় এর এগারোটি খণ্ড। হারামণিকে ‘মহাগ্রন্থ’ আখ্যা দিয়ে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর যথার্থ মূল্যায়ন করে লিখেছিলেন :

হারামণির একটি বৈশিষ্ট্য, ইহা শুধু লোকসাহিত্যের নহে, বাঙ্গালাদেশের হিন্দু ও মুসলমান নির্বিশেষে বঙ্গভাষী জনগণের আধ্যাত্মিক অনুভূতির ও উপলব্ধির একটি রত্নভাণ্ডার। হিন্দু (ব্রাহ্মণ্য, বৈষ্ণব ও তান্ত্রিক, বৌদ্ধ, জৈন, লৌকিক ধর্ম আচার অনুষ্ঠান), ও মুসলমান (কুরানের উপর আধারিত প্রৌঢ় পরিপূর্ণ একেশ্বরবাদ, পীর, মুরিদী, বা গুরুশিষ্য-পরম্পরা, যোগ কলন্দর, গ্রাম-দেবতার মুসলমান রূপ) ভাবধারাকে অবলম্বন করিয়া বাঙালীর বৈষ্ণব, বাউল, মারফতী সমাজের নানা অনুষ্ঠানমূলক প্রেমমূলক প্রভৃতি সর্বন্ধর জীবনের কবিতাময় প্রকাশের একটি ‘সংহিতা পুস্তক’ বলিয়া মনসুরউদ্দীন সাহেবের আটখণ্ডে প্রকাশিত এই হারামণি সংকলনকে একখানি মহাগ্রন্থ বলিয়া অভিহিত করা যাইতে পারে।

সুনীতিকুমার-কথিত এই আটখণ্ডের পর আরো কয়েকটি খণ্ড প্রকাশিত হওয়ায় এই মহাগ্রন্থটি আরো সমৃদ্ধ এবং আরো মহান হয়ে উঠেছে। আমৃত্যু মনসুরউদ্দীন ছিলেন ক্লান্তিহীন ও সজীব মনের অধিকারী। সেই মন নিয়েই তিনি নতুন নতুন মণিমাণিক্যের সন্ধান করেছেন, এবং সেইসব মণিমাণিক্য দিয়ে হারামণির প্রতিটি খণ্ডকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে তুলেছেন। এদেশের বাউল, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি প্রভৃতি গানের সংগ্রহ মনসুরউদ্দীন ছাড়া আরো অনেকেই প্রকাশ করেছেন। কিন্তু অ্যাকাডেমিক পরিমণ্ডলের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্বানদের প্রায় কেউই বাংলাদেশের (এককালের পূর্ববঙ্গের) কবিগানের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতনতা দেখাননি। পশ্চিমবঙ্গের গবেষকগণ বরং এমন একটি ধারণা ছড়িয়ে দিয়েছেন যে, ‘কবিগান’ নামক শিল্পপ্রকরণটির উদ্ভব ঘটে পশ্চিমবঙ্গে, সেখানেই এটির বিকাশ ঘটে, এবং একসময়ে তা ক্ষয়ের পথ ধরে। অথচ পূর্ববঙ্গে যে অনেককাল আগে থেকেই কবিগানের একটি সমৃদ্ধ ধারা প্রবহমান ছিল, এবং সেটি ক্ষয়ের পথ ধরার বদলে যে ক্রমাগতই বিকশিত হয়ে চলেছে Ñ সে-বিষয়টিকে পশ্চিমবঙ্গের গবেষকগণ বিবেচনার মধ্যেই আনেননি।

পূর্ববঙ্গের কবিগান সম্পর্কে পশ্চিমবঙ্গের গবেষকদের এরকম অবজ্ঞা ও অজ্ঞতা মনসুরউদ্দীনকে পীড়িত করেছিল। হারামণির সপ্তম খণ্ডের প্রথম সংস্করণেই (১৯৬৩) তিনি পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) কবিগান ও কবিয়ালদের সম্পর্কে বেশকিছু খবর সংযোজন করেছিলেন। সেইসব খবর তিনি সংগ্রহ করেন বরিশালের রাখাল চন্দ্র আচার্য নামক একজন কবিয়ালের চিঠি থেকে। তবু সে-সময় অবধি মনসুরউদ্দীন এ অঞ্চলের কবিগান সংগ্রহের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেননি। হারামণির দশম খণ্ডেই প্রথম তিনি বাংলাদেশের কবিয়াল হরিচরণ আচার্যের কিছু গান সংকলন করেন। ওই খণ্ডটির ভূমিকায় তিনি লিখেছেন :

আমি প্রথম প্রথম পল্লীগান সংগ্রহকালে কবিগানের প্রতি দৃষ্টি দেই নাই। এই জন্য কবিগান ‘হারামণি’ (১-৮ খণ্ড)তে স্থান পায় নাই। কবিগান আমাদের দেশের জনসাধারণের সাহিত্য। …বাংলাদেশ কবিগানের সুপ্রচুর উৎপত্তিস্থল। বাংলাদেশের প্রতি জেলায় হিন্দু মুসলমান কবিওয়ালা ছিলেন। তাঁহাদের নামধাম কিছু কিছু পাওয়া যায়। হয়ত সন্ধান করিলে তাঁহাদের রচনার ধ্বংসাবশেষ এখনও পাওয়া যাইতে পারে।… এই সাহিত্যের মধ্যে উন্নত রুচি বা উন্নতচিন্তার সাক্ষাৎ পাওয়া দুরূহ হইবে, তৎসত্ত্বেও স্বীকার করিতেই হইবে যে, এই ভস্মরাশির মধ্যে অগ্নির স্ফুলিঙ্গ লুকাইয়া থাকিতে পারে।

শুধু দশম খণ্ডে নয়, হারামণির সপ্তম খণ্ডের দ্বিতীয় সংস্করণেও হরিচরণের কিছু কবিগান সংযোজন করেছেন। বাংলাদেশের কবিগান-সংগ্রহের এবং কবিয়ালদের যথাযথ মূল্যায়নের দায়িত্ব বর্তেছে মনসুরউদ্দীনের উত্তরসূরিদের ওপর। সে-দায়িত্ব তাঁরা কিছুতেই অস্বীকার করতে পারবেন না।

তাঁর উত্তরসূরিদের আরো দায়িত্ব আছে। সে-দায়িত্ব মনসুরউদ্দীনের কৃতির সীমাকে প্রসারিত করে দেওয়ার, তাঁর ব্যর্থতাগুলোকে দূর করার, তাঁর ভ্রান্তিগুলোকে সংশোধন করার। সন্দেহ নেই, মনসুরউদ্দীন অনেক বড়ো মাপের মানুষ ছিলেন, সারস্বত ক্ষেত্রে অনেক মূল্যবান অবদান রেখে গেছেন, তাঁর ঋণ অপরিশোধ্য। কিন্তু তাই বলে তিনি সর্বপ্রকার সীমাবদ্ধতা, ব্যর্থতা ও ভ্রান্তির ঊর্ধ্বে অবস্থিত কোনো অতিমানুষ ছিলেন না নিশ্চয়। কোনো মানুষই অতিমানুষ নয়। আবার জ্ঞানসাধনা ও সত্যান্বেষণের ব্যাপারে কোনো একজন মানুষই কোনো একটি ক্ষেত্রেও জ্ঞান ও সত্যের পুরো বিষয়টি অভ্রান্তভাবে প্রকাশ করে ফেলতে পারেন না। একজন একটি ক্ষেত্রের কোনো একটি অংশে হয়তো আলো ফেললেন, পরবর্তী অন্য আরেকজন সেই ক্ষেত্রটিরই অন্য অংশে আলো ফেলে ক্ষেত্রের বিস্তৃত অংশটিকে আলোকিত করে তুললেন। এমনভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে আলোর প্রক্ষেপণ এবং সত্যের ক্রম উদ্ঘাটন। আবার একজন সত্যান্বেষীর সত্য-উদ্ঘাটনে অনেক অনেক ত্রুটি থাকলেও তাঁর সত্যান্বেষণ ব্যর্থ বা মিথ্যা হয়ে যায় না। তাঁর উত্তরসূরিরা সেই আলোর রেখা ধরেই পূর্বসূরির ত্রুটির অপনোদন ঘটান, অনুজ্জ্বল সত্যকে উজ্জ্বল করে তোলেন। মনসুরউদ্দীনের উত্তরসূরিদেরও এমনটিই করতে হবে।

মনসুরউদ্দীন যে-রীতি-পদ্ধতিতে প্রাকৃতজনের গান সংগ্রহ ও সংকলন করেছেন সেই রীতি-পদ্ধতি সম্পর্কে তাঁর জীবদ্দশাতেই বেশকিছু সমালোচনা হয়েছিল। সেসব সমালোচনার উত্তরে আত্মপক্ষ সমর্থন করে হারামণির সপ্তম খণ্ডের ভূমিকায় তিনি লিখেছিলেন, Ñ

রবীন্দ্রনাথের সংগ্রহের পর আমি লালন ফকিরের গান ব্যাপকভাবে সংগ্রহ করি এবং গ্রন্থাকারে প্রকাশ করি। এই সকল গান অশিক্ষিত জনসাধারণ, বোষ্টম, চাষাভূষা ও মাঝিমাল্লাদের নিকট হইতে সংগৃহীত হইয়াছে। আমি গান যে প্রকার পাইয়াছি সেই প্রকারই ছাপাইয়াছি। উহাতে আমার কি অপরাধ? গান যে-প্রকারে শুনিতে পাওয়া যায় সেই প্রকারেই ছাপাইতে হইবে, ইহাই আন্তর্জাতিক গ্রাম্যগান সংগ্রহ বিধান। সত্যই যৎ শ্রুতং তৎ লিখিতং। ইহার ব্যত্যয় করিলে অধর্ম হয় এই জন্যই মাত্র লালন ফকিরের কিছু কিছু গান বিভিন্ন পাঠের জন্য কয়েকবার মুদ্রণ করিয়াছি। বিভিন্ন স্থান হইতে বিভিন্ন লোকের মুখে শুনিয়া গানগুলি সংগৃহীত ও লিখিত হইয়াছে।

মনসুরউদ্দীনের এই বক্তব্য অবশ্যই যুক্তিসহ। তবু তারপরও কথা থাকে। ‘যৎ শ্রুতং তৎ লিখিতং’ Ñ গ্রাম্যগান-সংগ্রহের ব্যাপারেও এই নীতির আক্ষরিক অনুসরণ সবসময়েই সংগত ও ফলদায়ক হয় না। বিশেষ করে যেসব গানে রচয়িতার ভণিতা যুক্ত আছে Ñ এবং সে-কারণে যেসব গানকে ঢালাওভাবে লোকগীতির অন্তর্ভুক্ত করা চলে না Ñ সেসব গান সংগ্রহ ও প্রকাশের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়। পল্লিগানের অনেক বয়াতিই আসরে উঠে কখনো নিজের রচিত এবং কখনো অন্যের রচিত গান পরিবেশন করে থাকেন। কিন্তু এদের অনেকেই অনেক সময় অন্যের রচিত গানেও ‘ভণিতা’ রূপে নিজের নাম ব্যবহার করে বসেন। সেক্ষেত্রে গানটির প্রকৃত রচয়িতা সম্পর্কে খোঁজ না-নিয়ে যার কাছে যেমন শোনা গেল তেমনভাবেই লিখে নিলে মারাত্মক তথ্যবিপর্যয় ঘটে, একজনের কৃতিত্ব অন্যজনের কাছে চলে যায়। এমন দৃষ্টান্ত মনসুরউদ্দীনের হারামণিতেও আমাদের চোখে পড়েছে।

হারামণির সপ্তম খণ্ডে (দ্বিতীয় সংস্করণ ২৯৮ পৃষ্ঠা) মুদ্রিত হয়েছে একটি গান Ñ ‘মানুষ খুইয়া খোদা ভজ, এ-মন্ত্রণা কে দিয়াছে’। ভণিতাসূত্রে গানটির রচয়িতারূপে নির্দেশ করা হয়েছে উসমান গনির নাম। অথচ এই গানটির রচয়িতা যে নেত্রকোনার প্রখ্যাত পল্লিকবি জালালউদ্দীন খাঁ (১৮৯৪-১৯৭২) Ñ এ তথ্যটি সর্বজনজ্ঞাত। হারামণির সপ্তম খণ্ড প্রকাশের বহু আগে, বিশ শতকের চল্লিশের দশকে, জালাল খাঁর এই গানটি তাঁর জালাল গীতিকার প্রথম খণ্ডে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল। জালাল-সম্পর্কীয় বহু আলোচনায় এই গানটি উদ্ধৃত হয়েছে ও সুধীজনের প্রশংসা পেয়েছে। জালাল খাঁর বহু শিষ্য-প্রশিষ্যের কণ্ঠে গীত হয়ে আসছে এই গানটি। জালাল খাঁর কবিকৃতির প্রধানতম বৈশিষ্ট্যই ধরা পড়েছে তাঁর ‘মানুষ খুইয়া খোদা ভজ, এ-মন্ত্রণা কে দিয়াছে’ গানটিতে। অথচ নেত্রকোনার কবি জালাল খাঁর এই গীতিটিই মনসুরউদ্দীনের সংগ্রহে ছাপা হয়েছে মুনশিগঞ্জের কবি উসমান গনি বয়াতির নামে। ভ্রান্তিবশতই এমনটি হয়েছে। এরকম ভ্রান্তি ঘটা মোটেই অস্বাভাবিক নয়। মনসুরউদ্দীন বিপুল পরিমাণ গীতি বাংলার নানা অঞ্চলের মানুষের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। সেইসব মানুষের কেউ ছিলেন গীতিকার, কেউ নিজে গীতিকার না-হয়েও ছিলেন অন্যের রচিত গীতের গায়ক, কেউ-বা গীতিকার অথবা গায়ক কোনোটাই ছিলেন না Ñ অন্যের কাছ থেকে গীতির কথাগুলো লিখে এনেছিলেন মাত্র। এরকম বিভিন্ন শ্রেণির মানুষের সহায়তায় গীতি-সংগ্রহের যে-বিপুল স্তূপ তিনি জমিয়েছিলেন, সেই স্তূপ থেকে ঝাড়াই-বাছাই করে নিয়ে আলাদা আলাদা প্রতিটি গীতির খাঁটিত্ব যাচাই করা বা গীতিটির প্রকৃত রচয়িতাকে শনাক্ত করা ছিল খুবই কঠিন। সেই কঠিনতার ছিদ্রপথেই ঢুকে পড়েছিল কিছু কিছু বিভ্রান্তি, এবং এরকম বিভ্রান্তিই ঘটেছিল জালাল খাঁর রচনাকে উসমান গনির রচনা বলে নির্দেশ

করার মধ্যে।

জালাল খাঁর কোনো গান হারামণির সপ্তম খণ্ডে ছাপা হয়নি, ছাপা হয়েছে উসমান গনির ভণিতাযুক্ত আরো কয়েকটি গান। ভূমিকায় উসমান গনির কিছু পরিচয়-প্রসঙ্গ উত্থাপন করে মনসুরউদ্দীন লিখেছেন, ‘বর্তমানে ওসমান গণির সাগরেদ মুনশিগঞ্জের নিকটবর্তী ষোলগ্রাম নিবাসী জালালউদ্দীন’।

মুনশিগঞ্জের ওসমান গনি ও ষোলঘরের জালাল উদ্দীন সম্পর্কে খুব বেশিকিছু আমাদের জানা নেই। কিন্তু আজ থেকে পঞ্চাশ বা একশ বছর পরে যদি কোনো গবেষক মনসুরউদ্দীনের হারামণির বরাত দিয়ে ‘মানুষ থুইয়া খোদা ভজ’ গানটির রচয়িতা বলে, কিংবা আরো অগ্রসর হয়ে জালালের নামে প্রচারিত সকল গানকেই উসমান গনির রচনা বলে, সাব্যস্ত করে বসেন Ñ তাহলে কেমন হবে? কিংবা উসমান গনির সাগরেদ মুনশিগঞ্জের জালাল উদ্দীনকেই যদি আসল ‘জালাল গীতিকা’-কার বলে প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ‘ডক্টরেট’ ডিগ্রি বাগিয়ে নেন ভবিষ্যতের কোনো গবেষক?

এরকম আশঙ্কা হয়তো কাল্পনিক। তবু কাল্পনিক হলেও এরকম আশঙ্কাকে একেবারে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যায় না। তাই বলি; মনসুরউদ্দীন যে-বিপুল সংগ্রহের সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সম্পদকে ঝাড়াই-বাছাই করে নেওয়ার দায়িত্ব তাঁর উত্তরসূরিদের গ্রহণ করতেই হবে। তাঁর রেখে-যাওয়া হারামণির অমূল্য সংগ্রহকে অযত্নে অবহেলায় ফেলে রাখা যেমন অন্যায়, তেমনই অন্যায় একে প্রস্তরমূর্তি বানিয়ে অন্ধভক্তিতে পূজাবেদিতে বসিয়ে রাখাও। মনসুরউদ্দীনের হারামণি মূল্যবান মনিমাণিক্যের সংগ্রহ বটে, কিন্তু খাঁটি মণিমাণিক্যের সঙ্গে কিছু খাদ মিশে গেছে কিনা, কিংবা কিছু মেকি মালও এখানে ঢুকে পড়েছে কিনা Ñ সে-বিষয়ে অনুসন্ধান করা অবশ্যই প্রয়োজন। সে-রকম অনুসন্ধান এবং তাঁর রেখে-যাওয়া সম্পদের সদ্ব্যবহার ও যথাযথ মূল্যায়নের মধ্য দিয়েই আমরা আমাদের এই মহান পূর্বসূরির যথার্থ উত্তরাধিকার বহনের যোগ্য হয়ে উঠতে পারব।