চরণদাসের মন ভালো নেই। বেকার জীবন। কত গঞ্জনা। বাঁচতে ইচ্ছে করে না। সংসারের বোঝা। চরণদাস নামটা শুনেই হাবিব তানভীরের ‘চরণদাস চোর’ মনে হয়নি? হতেই হবে। আমাদের এই চরণদাসও চোর।
কিন্তু বেকার। এখন আর কাজ হয় না। বয়েস হয়েছে বলেই নয়। টেকনোলজি পালটে গেছে বলে। একদিন রাস্তায় বক্তৃতা শুনছিল। লাল ঝান্ডা পার্টির বক্তৃতা। একজন বলছিল – বিশ্বায়ন কী সর্বনাশ করে দিয়েছে। কত মানুষকে বেকার করে দিয়েছে। নানারকমের যন্ত্রপাতি এসে গেছে। মানুষের হাত থেকে কাজ চুরি করে নিয়েছে যন্ত্রপাতি।
এক্কেবারে খাঁটি কথা। সিঁদকাঠি দিয়ে কত কাজ করেছে একসময়ে। মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ঘরে ঢুকেছে। কাঠির মোচড়ে তালা ভেঙে দিয়েছে, ঘরের খিল খুলে দিয়েছে। এখন সিঁদকাঠির সেই দিন নেই। এখন অ্যাসিড দিয়ে শেকল গালাতে হয়, ছোট ছোট যন্ত্রপাতি হয়েছে, তেজী আগুন বের হয়, তাই দিয়ে লোহা গলে যায়। লেজার না কী বলে, তাই দিয়ে নাকি আলমারি খোলা যায়। এরকম কত কায়দা। সিঁদকাঠিটা ঘরের কোনায় মনমরা হয়ে পড়ে আছে।
এক পকেটমার বন্ধুর সঙ্গে সুখ-দুঃখের কথা হচ্ছিল একদিন। সুখ কোথায়, সবই তো দুঃখের কথা। পকেটমার বন্ধু বলেছিল – কোথায় গেল সেইসব দিন। একটা ঘড়ি ঝাড়তে পারলে চোরাবাজারে একশো টাকায় বিক্রি হতো। একটা কলম দশ টাকা। এখন সবার পকেটে দুটাকার কলম। বিশ টাকায় ঘড়ি বিক্রি হচ্ছে ফুটপাতে। কত কায়দা করে মানিব্যাগ হাতাতে হয়, মানিব্যাগ খুলে দেখা যায় কোথায় টাকা? একটা কার্ড। ক্রেডিট কার্ড, এ.টি.এম কার্ড।
ধিক! ধিক বিশ্বায়ন।
মেয়েছেলেগুলোরও কী দশাটাই না হলো। কোথায় গেল সোনার বাংলার নারীর মহিমা। গা-ভর্তি গয়না ছিল। সোনার সীতা হার, কানপাশা, ঝুমকো, কত কী? এখন কী-সব পরছে। ঘেন্না-ঘেন্না। পোড়ামাটির হার, বাঁশের দুল, হত্তুকির মালা, দেশলাই বাক্সের লকেট। কেউ কেউ সোনার মতো কিছু পরলেও ওইসব সোনা নয়। সোনার মতো দেখতে।
ঘেন্নায় কাজ ছেড়ে দিয়েছে। মজুরি পোষায় না। বাড়িতে খায়-দায়, ঘুমোয়, পুত্রবধূর গঞ্জনা শোনে। আর সিঁদকাঠির সঙ্গে কথা বলে। প্রথম বৌ মরে গেছে। দ্বিতীয় পক্ষ করেছিল, সে ছেড়ে চলে গেছে। প্রথম পক্ষেরই ওই ছেলে। ছেলেকে লেখাপড়া করিয়েছিল। এখন ও খুব ভালো চোর। সরকারি হাসপাতালের রান্নাঘরের চাকরি। ওর চুরিতে সিঁদকাঠি লাগে না। লেজার-যন্ত্রও লাগে না। খালি একটা কলম লাগে। দুটাকার কলমেই কাজ হয়ে যায়। খালি যোগ-বিয়োগ, গুণ-ভাগে এধার-ওধার। লেখাপড়া শেখার এইতো ফয়দা।
ছেলেই একটা ব্যবস্থা করে দিয়েছিল। কিছু ডাক্তার মিলে একটা ফ্ল্যাটবাড়ি করেছিল, চরণদাস সেই বাড়ির গার্ড। চোর ধরার ডিউটি।
পাশের ফ্ল্যাটের চোর ধরার কাজ করত চরণদাসের মাসতুতে ভাই। সেও চোর। চোরে চোরে মাসতুতো ভাই-ই তো হয়। ওরা দুজনে মিলে একদিন সুখ-দুঃখের কথা বলছিল, ফ্ল্যাটের সেক্রেটারি চুরি করে শুনে ফেলে। এরপর দুজনেরই চাকরি যায়।
দুঃখে আত্মহত্যার কথা ভেবেছিল। ভেবেছিল রাস্তার ম্যানহোলে ঢুকে আত্মহত্যা করবে। সীতাও তো মনোদুঃখে পাতালে গিয়েছিলেন। কিন্তু রাত্রে ম্যানহোলের ঢাকনাটা সরাতেই মনে হয়েছিল দশ কেজির কম ওজন হবে না। লোহা এখন চারটাকা কেজি। ওটা চুরি করেছিল।
চোদ্দতলা বাড়িতেও উঠেছিল একবার, ঝাঁপ দেবে বলে। রেলিংয়ের ধারে গিয়ে দেখল দুটো বাল্ব জ্বলছে। কাছে কেউ নেই। আত্মহত্যা করা হলো না।
খুব কষ্টে আছে চরণদাস। গতকাল রাত্রে পুত্রবধূ খারাপ কথা বলেছে। কিছু একটা করতেই হবে। হাজার টাকার একটা বান্ডিল ছুড়ে দিয়ে মুখ বন্ধ করে দেবে কিছুদিনের জন্য।
ভোরে উঠে বের হলো। চাদর মুড়ি দিয়েছে। পৌষের শীত। কুয়াশা।
কতদিন রোজগার নেই। বিড়ি খাবার জন্যও ছেলের কাছে হাত পাততে হয়। কত লোকের পেনশন আছে। এম এল এ-দেরও আছে, কিন্তু চোরদের পেনশন নেই। ছিঃ, এ কেমন সংবিধান?
একা একা রাস্তায় হাঁটছে। হাঁটতে হাঁটতে বড়লোকদের পাড়ায় এসে যায় চরণদাস। বড়লোকদের পাড়ার আলাদা গন্ধ। রাস্তার আবর্জনাও অন্যরকম। আবর্জনায় কতরকমের প্যাকেট, বাক্স, পুতুল-টুতুলও থাকে। বাড়িগুলোর সামনে গাড়ি ঘুমোচ্ছে।
কোনো কোনো বাড়ির সামনে লোহার দরজা, ভিতরে বাগান। একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় চরণদাস। রেলিংয়ে একটা দামি শাড়ি ঝুলছে। বেনারসির মতোই দেখতে। দেখল, ফটকের পাশেই একটা ঘর। বোধহয় দারোয়ানের। দারোয়ান দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। দারোয়ানের নাকডাকার শব্দ পাচ্ছে। দারোয়ান ঘুমোলে কী হবে, ফুলগাছগুলো জেগেছে। ফুল ফুটেছে। ফুল তো আর চোর বোঝে না, জাগলে কী হবে? চরণদাস লোহার দরজা বেয়ে ওপরে ওঠে, তারপর বাগানে নেমে যায়। দিব্যি পারলো। কে বলল বয়েস হয়েছে? নিজের পিঠ চাপড়ে দিল মনে মনে। বলল, শাবাশ ওস্তাদ। শাড়িটা হাতাতে পারলেই আজ খিদিরপুরের হাটে বেচে দেবে। আজ রবিবার। পুরোনো জামাকাপড়ের হাট বসে। ওদিকে এগোতেই বাঁদিকে চোখ পড়ল। দারোয়ানের ঘরের বারান্দায় কিছু জামাকাপড় আছে। একটা হ্যাঙ্গারে ঝোলানো বেশ সুন্দর জামা, একটা লতপতে প্যান্ট, আর-একটা কাপড়ের জুতো। শাড়ির দিকে লোভ করার দরকার নেই। কাছে যা পাওয়া যায়, সেটিই আগে হাতিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ।
চরণদাস তাই করল। ওগুলো বগলদাবা করে বাইরে বেরিয়ে এলো। তখন শুনল কুকুরের ডাক। কুকুর এখন ডাকছে। এখন বুদ্ধি হয়েছে ওর। চোর পালালেই তো বুদ্ধি বাড়ে। শাস্ত্রে তো তাই আছে।
ওগুলো নিয়ে কিছুটা এগিয়ে গেল। ইতিমধ্যে আলো ফুটেছে। কিছু লোক হাঁটতে বেরিয়েছে। ওদের পরনে একরকম আজব পোশাক। লতপতে প্যান্ট, ঢিলে জামা, কাপড়ের জুতো। চরণদাস এবার বুঝল, ও যা হাতিয়েছে সেটা বড়লোকের হাঁটার পোশাক।
চরণদাসের মনে হলো – ও এইভাবে হাঁটার পোশাক বগলদাবা করে হাঁটলে কেউ সন্দেহ করতে পারে। ভাবল পরে নেয়াই ভালো। ওর পাজামার ওপর লতপতে প্যান্টটা গলিয়ে নিল, প্যান্টটা একদম ফিট করে গেছে। খুব নরম কাপড়। জামাটাও তাই। খুব সুন্দর দেখতে। নীল রঙা প্যান্টটাও তাই। নীলের মধ্যে কেমন একটা হলুদ দাগকাটা। খেলোয়াড়দের জার্সির মতোই দেখতে অনেকটা। জামাটার ভিতরের দিকে নরম নরম স্পঞ্জের মতো কিছু লাগানো। পরলেই বেশ-একটু গরম গরম – আরাম আরাম ভাব। একটা টুপিও আছে। সেটাও নীল-হলুদ। একটা জুতো। ওটার রং সাদা।
চরণদাস সব পরে ফেলল। জুতোটা পরতেই পায়ে বেশ খাপে খাপ হয়ে গেল। এমনকী টুপিটাও। এক্কেবারে ওরই জন্য যেন তৈরি। কে সেই বড়লোক, ভগবান একদম চরণদাসের মতো করেই তৈরি করেছিল তাঁকে।
পুরোনো চপ্পলটার জন্য আর মায়া করে লাভ নেই। এ পাড়ায় কোনো ভিখারিও নেই যে, ওটা দিয়ে দেবে। ফুটপাতেই রেখে দিল চপ্পলটা, চাদরটা গলায় ঝুলিয়ে দিল এবং দৌড়াতে লাগল। জুতোটার যেন কোনো ওজনই নেই। এত হালকা। দৌড়চ্ছে। সামনে-পেছনে বড়লোকরাও দৌড়ছে। কে যেন একজন ওকে গুডমর্নিং বলল। চরণদাসের গুডমর্নিং বলতে লজ্জা করল। আবার কে-একজন হাত নেড়ে বলল, হা-আ-ই। চরণদাসও হাত নাড়ল। একবার আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করছিল। চরণদাস হালকা হালকা ছুটছে। অন্য বড়লোকদের মতোই। এরকম মেজাজে জীবনে কখনো ছোটেনি ও। চুরি-টুরি করে ও যখন ছুটেছে, ওটার অন্য কায়দা। ওর মনে হলো, এই ছোটার পোশাক পরে কি আত্মীয়বাড়ি যাওয়া যায়? বরযাত্রী? নাতির হাত ধরে ঠাকুর দেখতে? চলবে না। তবে কী এই পোশাক পরে ওকে ছুটতেই হবে শুধু? ও পোশাক মানে শুধু ছোটা। এমন সময় চরণদাসের সামনে একটা সাদা রঙের অ্যাম্বাসাডার দাঁড়িয়ে পড়ে। গাড়ির দরজা খুলেই তিনজন লোক বের হয়। একটা লোক বলে, গাড়িতে উঠুন স্যার, জলদি।
চরণদাস গাড়িটার দিকে তাকায়। পুলিশের গাড়ি বলে তো মনে হচ্ছে না। চরণদাস বলে, কেন? গাড়িতে উঠতে যাবো কেন খামোকা? কথা বাড়াবেন না। ঘুসুন জলদি। পকেট থেকে রিভলবার বের করে একজন। চরণদাস কথা বাড়ায় না। ঘুসে যায়। গাড়ি দ্রুত ছেড়ে দেয়। একটা লোক চরণদাসের চোখ বেঁধে দেয়। চরণদাস বুঝতে পারে, গাড়ি খুব জোরে চলছে। চরণদাস শোনে ওদের একজন মোবাইল ফোনে কথা বলছে।
– অপারেশন হো গিয়া স্যার।
– নেহি নেহি, জবরদস্তিকা কোই দরকার নেহি হুয়া। বহুত পিসফুল অপারেশন।
– হ্যাঁ, হ্যাঁ, বুলু অর ইয়ালো ট্র্যাকসুট, পায়ের মে নাইক স্পোর্টস্ সু, অর গলে মে চাদ্দর।
– নেহি স্যার, চিড়িয়া চুপচাপ হ্যায়। কোই দিককত নেহি।
– ওকে স্যার।
এবার চরণদাসকে একজন গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করল – ব্রেকফাস্ট কী খাচ্চেন? আন্ডা চোলবে?
চরণদাসের ক্ষিধে পেয়েছিল। ও মাথা কাত করে।
পোচ, নাকি অমলেট?
যা খুশি।
সুগার-টগার নাই তো?
চরণদাস মাথা নাড়ায়।
মোবাইলে ফোন যায়। মেরা এক মেহমান আতা হ্যায়। বড়া গেস্ট। ঠিক-সে নাস্তা বানাও। দো পোচ, টোস্ট, কর্নফেলেক, দুধ, কেলা, রসগুল্লা, ফুরুট জুস। ঠিক হ্যায়?
আরও কিছুক্ষণ পর গাড়িটা থামল। কোথায় থামল চরণদাস বুঝতে পারছে না। কারণ ওর চোখ-বাঁধা। তবে বুঝতে পারছিল শহরের একটু বাইরেই এসেছে। কারণ পাখির ডাক শুনল, আর নিশ্বাস নিতে একটু আরাম লাগছিল।
চরণদাসের হাত ধরে ধরে ওকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। চোখ খোলা হলো। চরণদাস দেখল একটা সুন্দর খাট, গদিমোড়া, সাদা চাদরে ঢাকা। কাচের জানালা পরদা-ঢাকা।
চরণদাসকে বলা হলো কুন তকলিফ হলে বোলবেন। পাশে এটাচ বাথ আচে। বেল মারলে লোক আসবে। যা লাগবে হুকুম করবেন। আপনি লেকিন ঘর-সে বাহার যাতে পারবেন না।
একটা ট্রেতে সাবান এলো। দাড়ি কামাবার সরঞ্জাম এলো। তারপরই এলো ধোঁয়া বার করা খাবার। সুন্দর প্লেটে একজোড়া হলুদ ডিমের কুসুম। বাটিতে দুধ, পাশে কলা। যেন স্বপ্ন।
বেরেকফাস্ট। চরণদাস দেখল বেরেকফাস্টই এই – বেরেকে বেরেকে, এরপর খাবার আসবে! বেরেক সেকেন্ড, বেরেক থার্ড…। লোকটা বলল, লিন স্যার।
চরণদাস চামচ ধরল। ও এখন চরণদাস নয়। তবে ও জানে না, ও এখন কে? মি. প্যাটেল, না ঝুনঝুনিয়া, না নেওটিয়া, না আগরওয়ালা, নাকি…। খুব দামি মানুষের কায়দায় চামচ ধরতে হবে ওকে। চরণদাস চামচটা ধরে একবার এধার-ওধার তাকিয়ে নেয়। ঘরের লোকটা বলে লেপকিন (নেপকিন) খুঁজছেন স্যার? লেপকিন? অ্যাই, টেরে মে কাঁহে লেপকিন নেহি হ্যায়া রে!… একটা লোক এসে একগোছা কাগজের রুমাল রেখে গেল। চরণদাস জানল, কাগজের রুমালকে লেপকিন বলে এবং বড়লোকেরা বেরেকফাস্টের পর লেপকিন দিয়ে হাত মোছে। দুরন্ত ব্রেকফাস্ট সেরে জীবনে প্রথমবার কাগজের রুমালে হাত মুছল চরণদাস। বেশ নরম, একটা মিষ্টি গন্ধও রয়েছে যেন। চরণদাস দেখল ঘর ফাঁকা। গোটাকয়েক ‘লেপকিন’ তুলে পকেটে রাখল। একটা লোক ঘরে ঢুকল। ওর একটা হাত নেই। একে আগে দেখেনি চরণদাস। বলল, কিছু অসুবিধা হচ্ছে না তো?
চরণদাস মাথা নাড়ে।
আচ্ছা চরণদাসজি, আপনার টার্নওভার কত? কীরকম রোজগার-পাতি হচ্ছে?
চরণদাস বলে, কী আর হচ্ছে? বাজার মন্দা।
হাতকাটা লোকটা বলল, সবাই ওই এক ডায়ালগ বলে। বাজার খারাপ। যাই হোক, আপনার জন্য বিশ লাখ চাইছি। বুঝলেন তো? আপনার দাম বিশ লাখ।
চরণদাস কি কখনো ভেবেছিল ওর এত দাম? ওর পুত্রবধূ শুনুক, একবার জানুক।
পাশের ঘরে টেলিফোনে দরদাম হচ্ছে। কেবল টাকার অঙ্ক শুনতে পাচ্ছে। বিশ লাখ, পনেরো, বারো…। চরণদাস শুনল – ও বলছে – পুলিশে-ফুলিশে খবর দেবেন না বলে দিলাম। পুলিশে খবর দিলে একদম লাশ ফিরে পাবেন। একদম পিওর বিধবা করে ছেড়ে দেবো।
চরণদাস ভয় পেল। যদি পুলিশে খবর দিয়ে দেয় তো ওকে মেরে দেবে। খবর দিয়ে দেয় যদি?
এই ট্র্যাকস্যুটটা সিঙ্গাপুর থেকে কেনা। এর মালিক চরণদাস গোয়েঙ্কা। চারপুরুষ কলকাতায় বাস। বেশ ভালো বাংলা বলেন। বাংলা সংস্কৃতির বড় ভক্ত। বৌ বাঙালি বঙ্গসংস্কৃতি উৎসবের পেট্রন। কবিতা-উৎসবে কবিদের মাল খাওয়ানো স্পন্সর করেন। একটা ডিস্আে থেক-এ তাঁর উদ্যোগেই ডিস্কো নাচের সঙ্গে রবীন্দ্রসংগীত বাজছে। ‘আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই। চলো চলো চলো যাই। চক্ চকাচক্ – চক্ চকাচক্ – চক্ চকাচক্ চক্। আয় তবে সহচরী, হাতে হাতে ধরিধরি নাচিরে ঘিরিঘিরি সাহিবি গান – এটাও বাজে। এখানেই অন্য-এক তরুণীর সঙ্গে নিবিড় সখ্য হয়েছে চরণদাসের, তারই সঙ্গে আজ সকালের ট্রেনে একটু আউটিংয়ে যাবার কথা। একটা রিসর্ট।
বৌকে বলেছে, জরুরি কাজে বেরুচ্ছে। এরকম জরুরি কাজ মাঝে-মধ্যেই পড়ছে আজকাল। জরুরি কাজ সেরে ফিরে আসার পর বঙ্গবধূ স্নিফার ‘ডগে’র মতো জামা কাপড় শোঁকে।
আজ সকালে জগিংয়ে যায়নি মি. গোয়েঙ্কা। বাড়ির ড্রাইভার সকাল আটটার সময় হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে ফিরে গেছে। প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় অপেক্ষায় ছিল জিনস্পরা জিনিয়াস তরুণী। বাংলা সংস্কৃতিকে ভালোবেসে সাধারণ বাঙালির ভিড়ে ওই বাঙালি মেয়েটাকে নিয়ে ট্রেনে চেপে দৌলাই। ওখানে একটা খুব সুন্দর রিসর্ট। চরণদাস গোয়েঙ্কা ওখানে এখন জরুরি কাজে ব্যস্ত।
এদিকে মুক্তিপণের ব্যাপারে মি. গোয়েঙ্কার স্ত্রী বড় রহস্যজনক ব্যবহার করছেন। বলছেন, বিশ লাখ দূর কথা, এক লাখও দেবেন না। বলছেন বিধবা হতে কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট, বহুদিন ধরে বিধবা হতেই চাইছিলেন। মি. গোয়েঙ্কার লাইফ ইনসিওরেন্স রয়েছে দুকোটি। এছাড়া কত জয়েন্ট অ্যাকাউন্ট। বাংলাকে ভালোবেসে করা কালচারাল কমপ্লেক্সে মালিকানাটা – সবই আছে। বলছেন, বিধবা হলে আবার একটা ভালো দেখে বিয়ে করা যায়। শেষকালে এও বললেন, দয়া করে বিধবা করে দিন প্লিজ, আমিই বরং আপনাদের কিছু ধরে দেবো।
এতক্ষণ ওই কূটনৈতিক আলোচনা চালাচ্ছিল, সেই হাতকাটা স্মার্ট মানুষটি বেশ নার্ভাস হয়ে গেল। তার মোবাইল-ধরা হাতটি কাঁপতে লাগল এবং চরণদাসের কাছে সুনামির মতো ধেয়ে এসে ফোনটা মুখে গুঁজে দিয়ে বলল – বৌকে রাজি করান।
চরণদাসের মনে হলো, এটা বড় কঠিন কাজ। এত বড় দায়িত্ব সে নিতে পারবে না। চরণদাসের অকস্মাৎ কান্না পেয়ে গেল এবং ভেউ ভেউ করে কাঁদতে লাগল।
ফোনে নারীকণ্ঠ – এখন কান্না হচ্ছে। কিছু জানি না ভেবেছ। ড্রাইভারকে বলে দিয়েছিলাম ফলো করতে। চার নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান লোকালে কার সঙ্গে উঠেছিলে, বলো? এখন কান্না হচ্ছে। ওরা ধরে নিয়েছে বেশ করেছে। ওরা যা খুশি করুক। বদমাশ কোথাকার।
এবারে ভ্যাঁ করে কেঁদে দেয় চরণদাস। হাতকাটা ছিনতাইকারী, যে ওকে গুলি করে মেরে ফেলবে বলেছিল, সে কাটা হাত দিয়ে চরণদাসের পিঠে শুশ্রƒষা ঘষতে থাকে। হাতটাকা লোকটা বলে আপনার বড় কষ্ট। বুঝতে পারছি, কিন্তু আপনার দায়িত্ব নিতে পারছি না। আপনি এবার চলে যান।
চরণদাস বাইরে গিয়ে ট্র্যাকস্যুট খুলে নেয়। ট্র্যাকস্যুটের ভিতরকার চরণদাস বেরিয়ে আসে। ট্র্যাকস্যুট বদলে নিয়ে নিজের পাড়ায় যায়। ভাবে ওই স্যুট কাউকে বিলিয়ে দেবে। কিন্তু ওদের পাড়ায় ট্র্যাকস্যুট নেবার মতো কোনো লোক পায় না। সবাই বলে দেবেই যদি লুঙি-গামছা দাও।

Leave a Reply
You must be logged in to post a comment.