অদ্ভুত ওড়াউড়িগুলোকে খুব

আজও আকাশে অনেক মেঘ। মেঘাচ্ছন্নতারা এখন আকাশে উৎসব করে, সারা আকাশ জুড়ে! ওদের উৎসবের আর্দ্রতাগুলো মাঝে মাঝেই ঝরে পড়ে বৃষ্টির মতো। টুন বৃষ্টিকে মেঘাচ্ছন্নতাদের গুরুগুরু আর দুরুদুরু করা উৎসবের ঝরে-পড়া বলে। হাসি টুনের কথা শুনে তাদের সারা ইন্টারমিডিয়েট ক্লাস আর রাউজান কলেজটাকেই যেন উদ্ভাসিত করে ফেলত। টুন এখনো অবাক হয়ে তার ক্লাসমেট হাসির সেই হাসিটাকে, মাঝে মাঝে, দেখতে পায়। রাউজানকেও দেখতে পায় কেমন যেন অদ্ভুত সবুজতা দিয়ে ঢাকা নৈঃশব্দ্যের মধ্যে, টুপটাপ ঝরে-পড়া রাউজান! আবার হাসির হাসি দিয়ে মাখা মাখা হয়ে-ওঠা রাউজানকেও দেখতে পায় তার মাথার ভেতরের একটি আয়নার মধ্যে। রাউজান নামটাও কেমন যেন! রাউজান! টুনের একজন বয়সে অনেক বড়ো খালাতো বোন ছিল। সবাই তাকে বুবুজান বলে ডাকত, টুনও বলত বুবুজান। খুব মিষ্টি ছিল, খুব আদরের মতো ছিল টুনের সেই খালাতো বোনটি। রাউজান থেকে ঢাকায় বেড়াতে এসে মনেশ্বরে টুন খালাতো বোনের বাসায় যেত। দুপুরের ভাত খেয়ে একটা ঘুম দিয়ে বিকেলবেলা টোস্ট আর চা খেয়ে তারপর চলে আসত।

দুপুরে ভাত খাওয়ার সময় দুলাভাই জুলমত আলী, ভাগ্নি সায়রা আর বুবুজান টুনের         সঙ্গে রাউজানের গল্প করত। বুবুজানের নামটাই     টুন ভুলে গেছে এবং মনেই করতে পারে না      এখন আর।

টুন বলত, ‘বুবুজান, তোমাকে তো সবাই বুবুজান বলে, আমিও বলি।’

জুলমত আলী তার আজব ধরনের শালাকে চেনে খুব বেশি। সায়রা আর রহিমা, অর্থাৎ বুবুজান, হেসে ওঠার আগে জুলমত আলীই আগে হেসে ওঠেন, টুনের বক্তব্য শেষ হওয়ার আগেই। জুলমত আলী বলে, ‘তাইলে কি তোমার ভইনরে ভাইজান বলবা নাকি।’

‘তুমি আবার অরে ধরার তালে আছো’ রহিমা বলে। ‘তোর দুলাভাই খুব পিছনে লাগেরে মাইনষের, বুঝলি, টুন।’

সায়রা যেন একটু বিরক্ত হয়, টুনমামা কী বলতে চাইছে সেটা না শুনেই, আব্বা আর আম্মুর আগ বাড়িয়ে কথা বলার জন্যে।

‘আরে বাবা, টুনমামা কী বলবেন সেটা তো আগে শোনো।’

‘তুই এক্কেবারে আমার মনের মতো কথা বলেছিস’, টুন বলে। তারপর আরো বলে সে, ‘আমি তোমাকে, বুবুজান, ‘রাউজান’ বলে ডাকি?’

জুলমত আলী বলে, ‘ভাইজানের থাইক্যা রাউজান বহুত ভালো। ইট্স ফার বেটার। কী কও রহিমা?’ হেসে ওঠে জুলমত আলী। সেই সঙ্গে সায়রা ও রহিমাও হাসে। টুন তো নিজের দুষ্টুমিতে নিজেই হাসার জন্যে তৈরি হয়েই ছিল। প্রচণ্ড শব্দে হো-হো-হো করে সে। দুলে দুলে ওঠে।

টুনের হাসির সময় সায়রা খুব মজা পায়। ও খুব মজা ও অভিনিবেশ নিয়ে টুনমামাকে তখন অবজারভ করে। টুনের হাসির দৈর্ঘ্য একটু আবার যদি বেশি হয়ে যায় তখন সায়রা তার মুখটাতে কেমন যেন একটা ভঙ্গি ফুটিয়ে বলে, অস্ফুট স্বরে, ‘ইনক্রেড্যাব্ল’!

জুলমত আলী, রহিমা আর টুন কখনো কখনো কোনো একটি তুচ্ছ ঘটনা নিয়েও খুব-একটা হৈচৈ করে বারবার কথার পুনরাবৃত্তি করে। তখনো মজার সঙ্গে পর্যবেক্ষণ এবং তারপরে কিছুটা বিরক্তি যুক্ত করে সায়রা। ‘এই টুনমামা, হচ্ছে কী? আব্বু, আম্মু তোমাদেরকেও বলি বাবা! তোমরা দেখি কানটাকে ঝালাপালা করে দেবে দেখছি। হরিব্ল! মিজারেবলি ইনক্যরাপটেব্ল, ইনডিড!’

যাই হোক, রহিমা এবারে মর্মার্থ জানার জন্যে টুনকে প্রশ্ন করে। ‘ঠিক আছে টুন, তুই নাইলে আমারে ‘রাউজান’ কইয়্যাই ডাকলি, কিন্তুক শানে নজুলডা কী?’

‘বুবুজান, তুমিও দেখছি পাগল হলে? আমার কথার শানে নজুল খুঁজতে গেলে কূলকিনারা পাবে না। রাউজান শব্দটা কেমন যেন একটা ধ্বনি তোলে না কানে? তোমার মতো কেমন যেন আদরে ভরা, টুন হাসে। একটা পুঁটিমাছ ভাজা বাটি থেকে নিয়ে মচমচ করে চিবোয়।

সায়রা এবারে বলে, ‘রিয়েলি, ইট্স ট্রু, আম্মু। আর টুনমামাকে তো তুমি সত্যি সবচাইতে বেশি আদর করো, করো না?’

‘টুনকেই খালি আদর করি আমি? হ, তোদেরকে আমি, আদর করি না আমি, না?’

‘মনেশ্বরের এই চামড়া পোড়া গন্ধের মধ্যে রাউজান শব্দটি খুব ভালোও মানাবে, তাই না-রে সায়রা। মনেশ্বরটা সবুজ হয়ে উঠবে। গন্ধ কমে যাবে এর!’ টুন বলে।

‘টুন, তুই ঠিকই বলেছিস। টেনারির গন্ধটা খুবই জঘন্য। তবে আমাদের অত লাগে না।’

‘টুনমামা, যারা বাইর থেকে আসে তাদের প্রথম প্রথম বেশি লাগে’, সায়রার মতামত।

‘তো, শালা সাহেব, তোমার প্রোগ্রামডা কী? ঢাকায় থাকবা কয়দিন, নাকি হুট করবা?’

জুলমত আলী খাওয়া-দাওয়া সেরে আরাম করে একটি সিগারেট ধরায়। পানের রুপালি বাটা নিয়ে বসে একেবারে বিছানায় রহিমা। সায়রা ভাজা ধনে মুখে দেয়। টুনও নিশপিশ করে। জুলমত আলী আর রহিমার সামনে সে সিগারেট খায় না। খেতে হলে বাইরে গিয়ে কিংবা অন্য রুমে ঢুকে কিংবা অন্য কোনো আড়ালে গিয়ে টুন সিগারেট খায়।

জুলমত আলী বলে, ‘খাবা নাকি একটা? টানার অভ্যাস থাকলে লইয়্যা লও প্যাকেট থাইক্যা একটা।’

রহিমা ধমক দেয়। ‘আই এ পড়া ছেলে অ, এই বয়সেই সিগারেট ধরবো কেন?’ সায়রা হাসে। রহিমা আবার বলে, ‘তুমি হইলা গিয়া নষ্ট মানুষ, আমার ভাইডারে নষ্ট করবার তালে আছো, না?’ রহিমা প্রকৃত রাগই প্রকাশ করে।

সায়রা এবার আরো জোরে হি-হি-হি করে। সায়রা জানে টুন সিগারেট খায়। একটু পরে সায়রাও টুনের সঙ্গে পাশের ঘরে যাবে, সিগারেট টানার জন্যে। টুনমামার সঙ্গে সে-ও মাঝে মাঝে সিগারেটে দুচার টান মারে। সায়রা টুন থেকে বছর দেড়েকের বড়ো। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। টুন আর সায়রার মধ্যে তুই-তুমি সম্পর্ক। তবে টুন মাঝে মাঝে সায়রাকে সায়রা খালাও ডাকে।

জুলমত আলী এবার কথা বলে, ‘পাশ কইরা তো ঢাকায় পড়বা। তোমার মইদ্যে বহুত ইমাজিনেশন হ্যায়, টুন। লিটারেচার পড়ো, বাংলায়।’

এবারে সায়রা প্রায় তেড়ে আসার মতো কথা বলে। বলে, ‘না, আব্বু, বাংলা-টাংলা না। টুনমামা, ডোন্ট গো ফর টুয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি। ইংরেজি পড়বে তুমি, নিদেনপক্ষে ইতিহাস। তোমরা বাংলা-বাংলা করতে গিয়ে ওই এম এ পাশ বাঙালিগুলোকেও অশিক্ষিত করে ফেলেছ। কেমন যেন গেঁয়ো আর কূপমণ্ডূক, বাইরে প্যাসিভ আর ভেতরে ভেতরে হিংস্র!’

জুলমত আলী একটু হাসল, কিন্তু কণ্ঠে একটু ছোট্ট প্রতিবাদও তুললো যেন, ‘তুমি এইটা কি ঠিক কইলা, মাম? ইয়া, পার্শিয়ালি ইউ আর রাইট, বাট উই শুড্ন্ট ইগন্যর একুশে, মাম! অলসো ইট্স আ ইন্টারন্যাশনাল মাদার্স লেঙ্গুয়েজ ডে!’

‘তুমি আমার কথা বুঝতেই পারলে না, আব্বু। আই নেভার ইগন্র ইওর একুশে, রাদ্যার আই লাভ দ্য ডে, ইনডিড! বাট, তোমরা একটা সুর বাজিয়ে এই দিনটাতে এতো প্যাচাল পাড়ো যে, লেবু কচলানোর মতো দিনটাকে এক্কেবারে তিতা করে ফেলো। মিনিংলেস!’ সায়রার কণ্ঠ থেকে শব্দ হলো হি-হি-হি। তারপর টুনের দিকে সিগারেট খাওয়ার ভঙ্গি দেখিয়ে বলল, ‘চলো টুনমামা, আমরা ওই ঘরে গিয়ে বসি।’

সায়রা উঠল এবং দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল, ‘ওহ্, মা’। টুনও উঠল। জুলমত আলী অকারণে এবার হেসে উঠল। রহিমা সেটা লক্ষ করে জুলমত আলীকে বলল, ‘তুমি আবার খালি খালি হাসতাছো কেন সায়রার আব্বা? বিনা কারণের হাসি আমার কাছে গা জ্বালার মতো লাগে। কি রে টুন বেঠিক বলতাছি আমি?’

টুনকে কথা বলতে না দিয়ে জুলমত আলীই কথা বলল এবং সেইসঙ্গে আবার হাসল দাঁত বের করে। জুলমত আলীর সামনের দুটো দাঁত এমনিতেই একটু উঁচু। অনেক সময় না হাসলেও, হাসছে বলে মনে হয়।

‘তুমি আবার কখন বেঠিক বলো? সইত্য কথা কইলে তো আবার খেপবা। আচ্ছা কওতো, ছাগলের মতো হারাদিন কী কইরা         এতো ছিবাইতে পারো পান।       হা-হা-হা।’

জুলমত আলীর কথায় রহিমাও হেসে ফেলল। টুন আর সায়রাও সেই হাসিতে যোগ দিয়ে পাশের ঘরের দিকে রওনা দিল এবং যেতে যেতে সায়রা বলল, ‘আব্বু-আম্মু এবার আফটার লাঞ্চ ডিবেট করুক। টুনমামা,তুই যাবি নাকি আমার সঙ্গে? গেলে, লেটস্ গো।’

টুন তৈরি হয়ে ঘর থেকে বেরিয়েই প্রথমে আকাশের দিকে তাকায় ভালো করে। হাতে করে ছোট্ট একটি ছাতিও নিয়েছে সে সঙ্গে। আকাশের মেঘগুলো আজ একটু হালকা। হালকা হলেও ধূসর মেঘের দল সারাটা আকাশকেই ঢেকে রেখেছে। কেমন যেন গম্ভীর আর থম-মারা। একটু আগেই বেশ দীর্ঘ একটি পশলা হয়েছে বৃষ্টির। চারদিক ভেজা আর কোথায় যেন সমস্ত দিনটিই তার নিজের ভেতরে আর্দ্র হয়ে উঠেছে।

টুন গতকালের রিকশাঅলার সঙ্গেই দামদর করে ঠিক করে রেখেছিল। রিকশাটা চালকের নিজের হওয়ায় আরো সুবিধা হয়েছে। টাইমমতো মালিকের গ্যারেজ থেকে আনার আর জমা দেওয়ার তাড়া থাকে না। গতকাল টুনের সঙ্গে খুব মজা পেয়েছে সে। রিকশাঅলার কাছে টুনকে মনে হয়েছে এক আশ্চর্যরকমের মজার মানুষ।

রিকশাঅলার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায়। কাল সারা বিকেল, সারা সন্ধ্যা এই অসম্ভব বৃষ্টি, বিদ্যুৎ আর বাতাসের হঠাৎ হঠাৎ তোড়ের মধ্যে টুন যখন সারা কলাবাগান চষে বেড়াচ্ছিল, তখন রিকশাঅলাটি বারবারই মনে মনে বলেছে, ‘মানুষটা বাহে এতো আজব ক্যানে?’ যদিও সে টুনের সঙ্গে একাধারে কথা বলেছে এক ধরনের মিশ্র ঢাকাইয়্যা ভাষায়। বারবারই বলেছে, ‘আসলেই কার কাছে যাইবেন আপনে, হে দেখতে কেমন?’

গেটের পকেট দরোজাটা ঠেলে বেরিয়ে এসে রিকশার কাছে চলে এলো টুন। রিকশাঅলার আজকের পোশাকটা শুকনো এবং একটু পরিচ্ছন্ন। সিটের ওপর বসে সামনের দিকে পা ছড়িয়ে পান চিবুচ্ছে সে।

টুনকে দেখে রিকশাঅলা পা গুটিয়ে নিল। হাসল। সালাম দিল টুনকে।

‘এসেছো তাহলে’, টুন বলল।

‘জি, আইয়া পড়লাম। দেরি করি নাই তো?’

‘না, ঠিকমতোই এসেছো। দেখে মনে হচ্ছে দুপুরের খাওয়া-দাওয়া সেরে রেস্ট নিয়ে তবেই এসেছো!’

‘হ। খাওয়া-দাওয়া কইরা, রেস্ট নিয়াই আইলাম।’

‘ভালো করেছ’, টুন হাসল। তারপর একটু মন-খারাপ ভাব করল। আকাশের দিকে ফের তাকালো ভালো করে। ‘ভালো কথা, কাল এতোক্ষণ তোমার সঙ্গে থাকলাম, তোমার নামটাই জিজ্ঞেস করিনি, এটা কিন্তু ঠিক হয়নি।’

‘নাম জিজ্ঞাসা করেন নাই, এইটাতে বেঠিকের কী হইলো’?

‘যেন তোমাকে আমি গণ্যই করিনি; এটাই বেঠিক’, টুন বলল রিকশায় উঠে বসতে বসতে।

‘তাইলে আমিও তো বেঠিক কাম কইরা ফালাইছি।’

‘কেন’? টুন একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘বেঠিক কাম কেন’?

‘আপনের নাম জিগাই নাই তো আমি; কী নাম আপনের?’

‘টুন’।

‘টুন? এইডা বোধহয় ডাকনাম’, হাসল রিকশাঅলা। ‘আপনের আসল নাম কী’?

‘রেজাউদ্দিন চৌধুরী’, টুনও হেসে উঠল। হা-হা-হা।

‘আমার নাম হইল গিয়া রুস্তম বেপারি’, উত্তর দেওয়ার ভঙ্গিতে রিকশাঅলা বলল।

‘টাইটেল শুনে মনে হচ্ছে একসময় সহায়-সম্পদ ভালোই ছিল তোমাদের, রুস্তম?’

‘হ, ভালোই আছিলো। আমার বাপের নাম ফজু বেপারি। সুন্দরগঞ্জ বাজারে উনার মনোহারী দোকান ছিল। আর জমিজিরাত বাড়িঘর তো ছিলই। নদী একদিন ক্ষেইপ্যা উঠল। আমার মনে আছে, তিন-চারদিন ধইরা     শোঁ-শোঁ আওয়াজ শুধু বাতাসে বাতাসে। সারা আকাশটা আন্ধার হইয়া গেছিল। লকলক কইরা নদী কেবল আগাইয়া আহে, আর মাটিকে লইয়্যা যায় পেটের ভিতরে। আমার মায়ের বিলাপের আওয়াজ এখনো কানে বাজে। মায়ে কেবল কইতো, ‘হামরা কোন্ঠে যাবো রে বাপজান, হামার ছাওয়াটা যাইবে কোন্ঠে রে’।

‘খুব দুঃখের গল্প রুস্তম’, টুন আফসোস করে বলল।

‘হ। তারপরে চইলা আইলাম এই ঢাকায়, তাও তো বিশ বছর হইয়া গেল। আপনে তো জমিদার বংশের লোক, ঠিক কইতাছি না?’ রুস্তম মুখে সম্ভ্রম ফুটিয়ে বলল। আরো বলল, ‘এই বাড়িটাও তো আপনের’?

‘তা বলতে পারো। তবে খুব ছোট্ট জমিদারি, আমার দাদু পর্যন্ত ছিল। তারপরে আমরা চাকরিজীবী পরিবার, বুঝলে। তারপর ধরো নামতে নামতে এখন গরিবই বলতে পার।’

‘গরিব বলবেন না। আল্লাহ নারাজ হবে। ঢাকা শহরে আপনের একটা বাড়ি আছে।’

‘তা আছে। তবে আমার তো একার না। ভাইবোন আছে, তারাও ভাগ পাবে।’

ঝরঝর করে হালকা একটু বৃষ্টি নামল এবার। টুনদের বাড়িটা একটু পুরনো আমলের বলে চারিদিকে গাছগাছালি ঘেরা। বিশেষ করে নারকেল আর সুপারি, আম আর কালোজামসহ তেঁতুল-কাজু বাদামের গাছে বাড়িটাকে ঘিরে রাখে সবুজেরা। টুন কয়েকটি নিমের চারাও লাগিয়েছে কয়েকদিন আগে এবং সামনের ফুটপাতের কিনারা ঘেঁষে কয়েকটি মেহগিনির চারা।

নারকেলের ডালে বসা একটি কাক হঠাৎ কালচে সাদা বিষ্টা ছাড়লে ঠিক রুস্তমের মাথার ওপর এসে পড়ল। ভাগ্যিস পরিমাণটা বেশি নয়। রুস্তম তাড়াতাড়ি তার সিট থেকে নেমে তিন-চারটে ঝরাপাতা কুড়িয়ে আনল মুছার জন্যে।টুনই রুস্তমকে বলল, ‘আমাকে দাও, তুমি পারবে না। আমিই মুছে দিচ্ছি।’

রুস্তম একটু সংকোচ করলেও পাতা কয়টি টুনের হাতে তুলে দিল।

টুন পাতা দিয়ে রুস্তমের মাথাটা মুছে দিল।

বৃষ্টি পড়ছিল বলে টুন হুড তুলে দিয়েছিল। রুস্তম রিকশায় তার সিটে বসে বলল, ‘রওনা দিয়া দিই?’

‘হ্যাঁ, রুস্তম। এখানে দাঁড়িয়ে তো অনেক গল্পই করে ফেললাম আমরা, এবারে চলো।’

‘কলাবাগানেই যাইবেন তো’?

রুস্তম রিকশা চালাতে শুরু করল। ‘কাউলকার পথ ধইরাই চলি, যদি ডাইনে-বাঁয়ে অন্য কোনো দিকে যাইতে চান আমারে কইয়েন’।

রুস্তম কথাগুলো বলে রিকশার গতি বাড়িয়ে দিল।

টুন বলল, ‘বেশি জোরে দরকার নেই, আমাদের তো তাড়া নেই রুস্তম।’

‘তা ঠিক’, রুস্তম একটু ঘাড় ঘুরিয়ে টুনের দিকে তাকাল। তারপর গতকালের বাড়ি খোঁজার ঘটনাটার কথা চিন্তা করে টুনকে বলল, ‘বাসায় কি ঠিকানাটা খুইজা দেখছিলেন? পাইছেন ওইটা?’

‘না। কারণ, ঠিকানাটা তো আমি আসলে লিখে রাখিনি রুস্তম। মনে রেখেছিলাম। অনেকদিন মনেও ছিল। তারপর ভুলে গেছি। ভুলে যে গেছি সেটা টের পেলাম বাসা খোঁজার সময়ে’, টুন রুস্তমের কাছে ব্যাখ্যা করল বিষয়টি।

মগবাজার মোড়ের কাছে যখন পৌঁছলো রিকশা, তখন সামনে এক দীর্ঘ যানজট। ট্রাফিক সিগনালও সামনে। একটা স্থবিরতা যেন নেমে এলো।

তখনই এক কাণ্ড ঘটল। টুনের রিকশার ডানপাশে একটু সামনেই একটি রিকশায় বসে আছে এক তরুণী। মেয়েটির প্রোফাইলের মধ্যেই যার ছায়াটি দুলে উঠল সে আর কেউ নয় রাউজানের হাসি। তার ইন্টারমিডিয়েটের ক্লাসমেট। রিকশা একটু থামে তো ওই মেয়েটার রিকশা একটু আগায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। পরিপূর্ণভাবে মেয়েটির মুখখানা কিছুতেই আর দেখতে পারছে না টুন। শুধু মুখের পাশটাই নয়, চুল ও চুল আঁচড়ানোর ধরন, সেলোয়ার-কামিজ পরে রিকশায় বসলে হাসিকে পাশ থেকে যেমন লাগত অবিকল এই মেয়েটিকেও তেমনটি লাগছে তার ওই পজিশন থেকে। বুকটা চনচন করে উঠল টুনের। আহা, যদি এই মেয়েটিই হাসি হয় তাহলে একটানে সে তাকে তার রিকশায় নিয়ে আসবে। বলে ফেলবে, ‘ঢাকায় এসে লুকিয়ে লুকিয়ে ঘোরা হচ্ছে, না? একটা ফোনও তো করলে পারতে। একদম ভুলে গেছ তুমি হাসি আমাকে।’

উত্তরে হাসি হয়তো বলবে, ‘বিশ্বাস করো, আজই তোমাকে ফোন করতাম। আজ ফোন করে আমরা আগামীকালের একটা জম্পেশ প্রোগ্রাম বানিয়ে নিতাম। বিশ্বাস হচ্ছে না তোমার?’

রুস্তমের রিকশাটি এবার ওই মেয়েটির রিকশার একেবারে পাশে গিয়ে দাঁড়াল। টুন এবারে আগের চেয়ে অনেক বেশি ভালো করে দেখতে পেল মেয়েটিকে। বুকটা তার ধক করে উঠল। হ্যাঁ, একেবারে প্রায় হাসির মতোই। তবে মেয়েটি একবার তার বাঁ-দিকে মুখখানা ঘোরালেই সম্পূর্ণ দেখতে পাবে টুন ওই মেয়েটির মুখখানা। কপাল ভালো টুনের। মেয়েটি বাঁ-দিকে তার মুখখানা ঘোরালো। হ্যাঁ, ঠিকই ধরেছে টুন। বিশেষ করে ঠোঁট, দুটো চোখ আর কপাল প্রায় হাসির মতোই। শুধু এই মেয়েটির নাকটি একটু চ্যাপ্টা, হাসির ছিল টিকালো।

আজ থেকে আঠারো কি বিশ বছর আগে হাসি যেমন ছিল গড়নের দিক থেকে, এখন এই মেয়েটি সেই বয়সটাকে অতিবাহিত করছে। আহারে, সময়!

হাসি, কতদিন তোমাকে দেখি না, টুন ভাবে। কল্পনার ভেতরে একটি রাউজান তৈরি করতে থাকে টুন। তৈরিও হয়। সেই রাউজানের হাসিকে বারবার তাকিয়ে তাকিয়ে খুঁজতে থাকে টুন এই মেয়েটির মধ্যে। হাসির কিছুটা পায়, আবার কিছুটা পায়ও না টুন এই মেয়েটির মধ্যে।

একদিন সদরঘাটের স্টিমারঘাটে অনেক মেয়েযাত্রীর মধ্যে টুন খুব খুঁজেছিল হাসিকে। না, পায়নি টুন রাউজানের সেই হাসিকে।

একদিন এয়ারপোর্টের চেকইনের লাইনে বোর্ডিং কার্ড নেবার সময় সামনের দুটো মেয়ের মধ্যে, আশপাশের আরো কয়েকটি মেয়ের মধ্যেও টুন খুঁজেছিল হাসিকে। না, পায়নি টুন। মাঝে মাঝে ভাবে টুন, কেন পায় না হাসিকে? কতজনের মুখে টুন শোনে, তার অমুকের সঙ্গে দেখা হয়ে গেল ইস্টিশনের প্লাটফরমে দীর্ঘ পনেরো বছর পর, অমুক অমুককে পেয়ে গেল সিকি-শতাব্দী পর কোনো শপিং কমপ্লেক্সের এলিভেটরে! শুধু টুনই পায় না!

টুনের সেইসব প্রিয় মুখ শুধু অনেক মুখের সমুদ্রের মধ্যে শুধু ক্ষণিকের বুদ্বুদ, টুনের দৃষ্টি পড়তে-না-পড়তেই তারা কেবল হারিয়ে হারিয়ে যায়।

টুন হেসে উঠল। হাসির একটি হালকা শব্দ হলো – হা-হা-হা।

ডানের রিকশায় বসা মেয়েটিকে টুন দেখছে এটা বুঝতে পারল রুস্তম। এই মুহূর্তে টুন যে হাসল সেটি এই মেয়েটিকে নিয়েই কিনা, নিঃশব্দে আন্দাজ করার চেষ্টা করল সে।        ঘাড় ঘুরিয়ে টুনের দিকে তাকিয়ে      রুস্তমও হাসল। তারপর প্যাডেল মারতে মারতে বলল, ‘আপনি হাসলেন?’

টুন রুস্তমকে উত্তর দিতে দিতেই মোড় পেরিয়ে মেয়েটিকে নিয়ে রিকশাটি ডান দিকে তেজগাঁও এক্সটেনশন রোডের দিকে চলে গেল। গভীর দৃষ্টিতে টুন শুধু তাকিয়েই থাকল। মনে হলো, কিছুক্ষণের জন্যে হাসি এসেছিল, আবার চলে গেল। চিরকালই বোধকরি মনের মানুষটি ক্ষণিকের জন্যে এসেই চলে যায়, কিন্তু থেকে যায় স্মৃতিতে!

টুন রুস্তমের প্রশ্নের উত্তর দিল, ‘হ্যাঁ, আমি হেসেছি। তুমি শুনেছ?’

‘হ। ওই মাইয়্যাডার সঙ্গে কি এই হাসির কোনো কুটুম্বিতা আছে?’

টুনের কাছে রুস্তমের কুটুম্বিতা শব্দটির প্রয়োগ ভালো লাগল।

রুস্তমকে দেখে মনে হয় না, কিন্তু অসাধারণ কমনসেন্স তার।

‘তুমি ঠিক ধরেছ রুস্তম’, রিকশা বাংলামটরের সিগন্যালে এসে থামল। ‘আমার একজন বন্ধু ছিল, এবং সত্যকথা বললে আমার আরো অনেক বন্ধু ছিল, রুস্তম। রিকশার ওই মেয়েটি তাদের একজনের মতো। আমি তো দেখে চমকে উঠেছিলাম, কী আশ্চর্য, একজন মানুষের সঙ্গে অন্য আরেকজনের এতো মিল থাকতে পারে? সেই জন্যে মেয়েটিকে বারবার দেখছিলাম, বুঝলে?’

‘হ, বুঝতে পারছি। আমিও দেখলাম আপাকে, খুব সুন্দর। আপনি কলাবাগানে কি এই আপার আসলজনকে খুঁজতেছেন?’

সিগন্যাল ছাড়া হলে এরই মধ্যে রুস্তম আবার রিকশা চালাতে শুরু করল। কাঁঠালবাগানের ঢালে গিয়ে রিকশার গতি বেড়ে গেলে রুস্তম হুঁশিয়ার হয়ে উঠল। এই মুহূর্তে

রুস্তম প্যাডেলে খুব ছন্দায়িত করে তুলল তার দুখানা পা-কে।

টুন এবারে বলল, ‘আস্তে চালাও। তাড়াহুড়োর কিছু নেই।’

রুস্তম বলল, ‘ঠিক আছে। আপনি ভয় পাইতাছেন? ডরের কিছু নাই, আমার হাত আর পায়ের উপর আমার কনট্রোল আছে।’

টুন হাসল। ‘জানি, রুস্তম। আমি গতকালই বুঝে গিয়েছিলাম তুমি খুব এক্সপার্ট ড্রাইভার। রুস্তম!’

‘বলেন।’

‘আমি ঠিক বলতে পারব না, রুস্তম। এই আপার আসলজনকেই কি আমি ওই কলাবাগানে খুঁজছি, না কি অন্য আপাদের কাউকে, আমি বুঝে উঠতে পারছি না।’

‘সুন্দর মাইয়াগোর ঠিকানা লিইখ্যা রাখেন না ক্যান আপনে। ওরা পাখির মতো উইড়া চইলা যায়। ঠিকানা থাকলে খুঁইজা পাইতে সুবিধা হয়।’ রুস্তম কথাগুলো বলে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাল। একটু দাঁতও বের করল।

টুনকে নিয়ে রিকশা কলাবাগানে ঢুকে গেল। টুন খুব সচেতন হয়ে

রাস্তার দুপাশে বাড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখা শুরু করল।

‘আচ্ছা, রুস্তম, তোমার কোনো বন্ধু নেই? মাইয়্যা বন্ধু!’

রুস্তম আবার ঘাড় ঘুরিয়ে তাকাল টুনের দিকে। দাঁত বের করে একটু লজ্জিত লজ্জিত ভাব দেখাল টুনের কাছে।

‘আমার মতো মাইনষের আবার মাইয়া বন্ধু? কী যে কন! আমার বউ হইল গিয়া আমার সব। তয় আপনে মাইন্ড না করলে একটা কথা বলতে পারি।’

‘তোমার কথায় মাইন্ড করবো না। কী কথা?’

‘মাইয়্যা মানুষরা দূর থাইক্যাই সুন্দর, কাছে আইলে এক্কেবারেই বরবাদ।’

আকাশে এখন মেঘ যেন আরো জমে উঠেছে। একটা মাতাল ঝড়ো বাতাস কিন্তু অনবরত মাঝে মধ্যেই দমকা ধাক্কা দিতে শুরু করেছে। হালকা ঝরঝরে বৃষ্টি বেড়ে-কমে এখনো পড়ছে আকাশ থেকে। মনটা কেমন যেন করে টুনের।

আজও সে গতকালের মতো

রুস্তমকে নিয়ে কলাবাগানে চলে এসেছে। সে আজও খুঁজবে সেই বাড়িটা। প্যারিসে লাতিন কোয়ার্টারে, সে গত বছর যখন বেড়াতে গিয়েছিল, এ-গলি ও-গলি শুধু ঘুরে বেড়িয়েছে, যেন কোনো একটি বাড়িকে খুঁজছে প্রাণপণে। নটরডামের আশপাশে হয়তো এক ধূসর বিকেলবেলায় কখনো টুনের মনে হয়েছে, হতেও তো পারে ওই উপমহাদেশীয় পরিবারটির মধ্যে কোনো একজন হাসি, রাউজান থেকে উড়ে এসে বিকেলের পাখিদের মতো চলে এসেছে এই অনেক দূরের শহরে!

বৃষ্টির ধূসর আঁধারে একটি বাড়ির কোনায় একটি উঁচু মতন গাছকে লক্ষ করেই টুন একটু উত্তেজিত হয়ে পড়ে। আচ্ছা, হাসি কি কখনো তাকে তাদের বাড়ির সামনের একটা পারুল গাছের কথা বলেছিল?

‘রুস্তম, ওই যে একটা বড়ো উঁচু গাছ দেখা যাচ্ছে, ওখানে দাঁড়াও একটু।’

‘ওই সামনের গাছটার কথা বলতাছেন, লগের সাদা বাড়িটার সামনে?’

‘হ্যাঁ’, টুন বলল। হুডের নিচে পরদার আড়ালে এবারে একটি সিগারেট ধরালো সে।

‘পান তো খাও দেখেছি। সিগারেট খাও রুস্তম?’

‘খাই। তয় বেশি না। ভাত খাওয়ার পরে একটা খাই, চা-পাতি খাইবার পরও এক-আধটা খাইতে ভালোই লাগে।’

‘ঠিক আছে আজ আমার সঙ্গে সিগারেট খাবে। ওই যে সামনে একটা রেস্টুরেন্ট দেখা যায়, ওইখানে চা আর ডালপুরি খাবো। তারপরে সিগারেট, কেমন?’

‘আপনে ডাইলপুরি খুব পছন্দ করেন। গত কাউলকাও খাইছেন চায়ের সঙ্গে ডাইলপুরি।’

‘হ্যাঁ, বৃষ্টির দিনে পছন্দ করি, চালভাজাও খেতে ভালো লাগে। আচ্ছা রুস্তম, এই যে গাছটা দেখছ, এটাই কি পারুল গাছ?’

‘কইতে পারুম না। আমাদের সুন্দরগঞ্জ বাজারের আশপাশে অনেকগুলান গাছের মইদ্যে একটা গাছ নাকি পারুল গাছ। তয় কোনটা পারুল সেইটা আমি খুঁইজা দেখি নাই। আপনে চেনেন না?’

‘না, রুস্তম, সত্য কথা হলো, আমি চিনি না। অথচ দেখো, ছোটবেলা থেকেই তো আমরা মুখে মুখে, বইপুস্তকে, গল্পে, গানে কতো পারুলের কথা শুনেছি। অথচ চিনি না। শুনেছি পারুল ফুল দেখতেও সুন্দর, একটু বড়ো সাইজের কলকে ফুলের মতো, হলুদ-তামাটে রঙে মেশানো।’

‘এই গাছটার কাণ্ডটা তো বেশ মোটা, কিন্তু দেখেন ওপরের দিকে গিয়ে একটু চিকন এবং ডালপালাগুলান কেমন ছাড়া ছাড়া। ফুলটুল নাই। হইতে পারে পারুল ফুল বর্ষায় ফোটে না। শীতকালে কি গরমকালে ফোটে’, হাসল রুস্তম।

‘তুমি সুন্দর বর্ণনা দিয়েছ। হতে পারে এটাই পারুল গাছ। পারুল   গাছের যে-বর্ণনা আমার মনে পড়ছে, তোমার কথাগুলোর সঙ্গে সেটি     মিলে যাচ্ছে। গাছটাকে দেখে  আমারও তাই মনে হচ্ছে। চলো সামনে চলো।’

রিকশা সামনের মোড়টা থেকে বাঁ-দিকে ঘুরতেই একটি বাড়ির সামনে মানুষের জটলা দেখা গেল। বেশির ভাগ মানুষের মাথায় টুপি। একটি খালি ট্রাক দাঁড়িয়ে আছে।

টুন বলল, ‘ওই মানুষগুলোর কাছাকাছি রাস্তার পাশে একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াও। আমার মনে হয় ওই বাড়িটার কেউ মারা গেছে।’

রুস্তম নিরাপদ দূরত্ব রেখে রিকশাটাকে সাইড করে দাঁড়ালো।

টুনের আন্দাজই ঠিক। হঠাৎ বাড়িটা থেকে একটি বিলাপ ভেসে এলো। ঠিক সেই সময়ই টুন আর রুস্তম দেখল, একটি কফিন কাঁধে করে কিছু লোক ট্রাকটার সামনে এসে দাঁড়ালো।

‘কে মারা গেছে রুস্তম’? টুন প্রশ্ন করল।

সাধারণত কোনো মৃত্যু কিংবা মৃতদেহ, কফিন ইত্যাদি দেখলে মানুষের মনটা একটু ভারাক্রান্ত হয়ে পড়ে, যদি সে-মৃত্যুটা কোনো অচেনা মানুষেরও হয়।

টুন আর রুস্তমও একটু, স্বভাবতই, বিষণ্ন হলো। তাছাড়া মেঘাচ্ছন্ন বিকেলে এবং ঝরঝর করে ঝরে পড়া বৃষ্টিতে মৃত্যুর ঘটনা মানুষের মনটাকে আরো খারাপ করে তোলে।

এই মন খারাপ করা অবস্থাতেও রুস্তম টুনের প্রশ্নে হেসে ফেলল। তারপর সে তার গামছা নিংড়ে মাথা ও মুখ-গলা মুছল।

রুস্তম বলল, ‘আমি কী করে বলব? কিন্তু আপনে দেখেন তো, যেই বাড়িটা খুঁজতাছেন এইটা সেই বাড়িটাই কিনা?’

টুনের বুকের ভেতরে ধক করে উঠল। বুঝতে পারল না যদি সেই বাড়িটিই হয় তাহলে এখন সে কী করবে? ওই মানুষগুলোর ভিড়ের মধ্যে গিয়ে কি সে-ও দাঁড়াবে, আর কাউকে একটু ফিসফিস করে জিজ্ঞেস করবে, ‘আমি এই পাড়ারই বাসিন্দা। কে মারা গেছে?’

টুন এবারে ভাবল, না, এরকম কিছু একটা করা ঠিক হবে না। আবার কে কী ভেবে বসে। কফিনটা ট্রাকের ওপর তোলা হয়ে গেছে এর মধ্যেই। বেশ কয়েকজন ট্রাকের ওপর উঠে দাঁড়াল। কেউ কেউ নিঃশব্দে ঠোঁট নেড়ে দোয়া-দরুদ পড়ছে। বাড়ির ভেতরের কিছুক্ষণ আগে শোনা বিলাপ আর উঁচুস্বরের কণ্ঠস্বরগুলো এখন অনেকটা মিইয়ে এসেছে। বাড়ির মেয়েরা সামনের গেটে এসে জড়ো হয়েছে। অনেকগুলো মহিলা। মাথায় ঘোমটা থাকার জন্যে কারো মুখখানাই স্পষ্ট হয়ে উঠছে না। সেলোয়ার পরা মেয়েরা ওড়না চাপিয়েছে মাথায়।

টুন ভাবল, আনন্দের সময় জড়ো হওয়া মানুষের মুখগুলোকে অনেকটাই আলাদা আলাদা করে শনাক্ত করা যায়, কিন্তু শোকের মধ্যে কে যেন মুখগুলোকে আড়াল করে রাখে। চেনা যায় না।

এটা যদি হাসির লাশ হয়! এবং কেউ যদি টুনের কাছে এসে বলে, ‘আপনি রাউজান কলেজের টুন না? হাসি তো আপনার ক্লাসমেট ছিল, তাই না? ও আজ সকালে মারা গেছে।’ টুন তখন কী করবে!

টুন রুস্তমকে বলল, ‘রুস্তম এটা কি পুরুষ না মেয়ে মানুষের লাশ?’

‘আমি কী করে কইতে পারি বলেন’? একটু বিষণ্ন মৃদু হাসি মুখে ছড়ালো রুস্তমের। টুনও হাসল একটু। এক ধরনের শোক শোক অনুভূতিও ওর মধ্যে জন্ম নিল যেন।

হাসি হয়তো এখন কফিন হয়ে শুয়ে আছে। ইমন, নাহিদ কিংবা জরিনও তো হতে পারে এই কফিনের লাশটি!

হাসি হয়তো এখন বলছে, ‘কী টুন, কী রকমভাবে আমি রাউজান থেকে উড়ে এসেছি সে-কথা কি এখনো তোমার মনে আছে? উড়তে পারলে কিন্তু সবখান থেকে উড়ে আসা যায়, টুন। এই যে দেখো আমি এখন কেমন করে উড়ছি। আমি এখন ঢাকা থেকে উড়ে যাচ্ছি কোথায়। কোনখানে? তাতো জানি না। জানবার দরকারই-বা কী? আমাদের কাজ হলো ওড়া, উড়তে পারলেই হলো। তুমিও কি ওড়ো, টুন?’

আকাশের মেঘগুলো যেন আরো নেমে এসেছে নিচের দিকে। বাড়িগুলোর উঁচু উঁচু মাথাগুলো ছুঁয়ে মেঘগুলো ঝিম মেরে বসে আছে। আর সেইসঙ্গে আকাশ থেকে ঝরে পড়ে বৃষ্টি, গড়িয়ে গড়িয়ে পড়ে বৃষ্টি।

রুস্তম টুনের ভাবনার মধ্যে ছেদ ঘটালো। বলল, ‘আমার মনে হয় এইটা মাইয়্যা মানুষের লাশ। লাশ কবরস্থানে নেওনের সময় মাইয়্যা মানুষের লাশ হইলে গেইটের মধ্যে মাইয়্যা মানুষেরা বেশি আইসা জমায়েত হয়।’

এবারে রুস্তমের কথায় টুন একটু বিস্মিত হলো। খুব অদ্ভুত কথা তো!

‘পুরুষমানুষের লাশ হলে তাহলে মেয়েরা বেশি জড়ো হয় না, তুমি এটাই বলতে চাও, রুস্তম?’

‘হ’।

‘কেন? তোমার এই ধারণাটা কেন হলো, রুস্তম?’

‘জানি না কেন হইছে। তবে হইছে। আমার কাছে এইটাও মনে হয়, কোনো মাইয়া মানুষ মারা গেলে মাইয়্যা মানুষগুলান শুধু উড়তে থাকে।’

‘আশ্চর্য তো রুস্তম! যে-মেয়েটি মরে যায় সে-ও ওড়ে?’

‘সে-ও উড়ে। হের লগেই তো অন্য মাইয়্যা মানুষগুলানও উড়তে থাকে। আপনে কি আমার কথার গোমর ধরতে পারছেন?’

‘না’।

‘ঠিক কইছেন, এক্কেবারে ঠিক কইছেন। আমিও আমার কথার গোমর ধরতে পারি না। আমার কাছে মনে হয় কী জানেন, কেউ গোমর ধরতে পারে না।’

টুন অবাক হয়ে রুস্তমের দিকে তাকিয়ে থাকে। কী বলতে চায়

রুস্তম?

টুন বলে, ‘রুস্তম, তুমি গতকাল আমাকে একটি কথা বলেছিলে কয়েকবার, মনে আছে? বলেছিলে, আপনি কি ফান করতাছেন? তোমার মনে পড়ে?’

রুস্তম হাসল। তাদের চোখের সামনে দিয়ে ধীরে ধীরে কফিনের ট্রাকটি চলে গেল। আরো শুনশান হয়ে উঠল বৃষ্টিসিক্ত এই মেঘাচ্ছন্ন বিকেলটি। টুন প্রশ্ন করে নিঃশব্দে রুস্তমের দিকে তাকিয়ে আছে।

রুস্তম এবারে বলল, ‘হ, মনে আছে’। একটু থেমে বলল, ‘আপনে কি মনে করতাছেন আমি ফান করতাছি? না, আমি ফান করতাছি না। আপনে কি মাইয়্যাগুলানকে উড়তে দেখেন না?’

‘না। না তো, রুস্তম!’

‘আচ্ছা, ঠিক আছে। মাইয়্যাগুলানকে আপনে উড়তে দেখেন না, ঠিক আছে। কিন্তু আপনে কি পরীগুলানকে উড়তে দেখেন না?’ রুস্তম রিকশায় উঠে বলল, ‘চলেন এবারে আগাই।’ টুনের মনে হলো, রুস্তম এই কথাটা হয়তো ঠিকই বলেছে। আসলেই তো পরীগুলো কেবল উড়তে থাকে। একটু খেয়াল করলেই, চোখের মধ্যে একটু ঘোর লাগালেই তাদের অদ্ভুত ওড়াউড়িগুলোকে খুব দেখতে পাওয়া যায়, এদিকে-ওদিকে কিংবা মেঘাচ্ছন্ন বৃষ্টির আকাশে আকাশে!