১. যে-সময়ে সব ঠিকঠাক চলছিল
দখিন দুয়ার খুলে
এই ফাল্গুনের ভোরে
নরম রোদের সঙ্গে অন্তরঙ্গ ঢেউ তুলে তুলে
রাতুল পা ফেলে ফেলে
তুমি এলে।
চারদিকে প্রাণের মমতা নিয়ে ঢের ভালোবাসা
ডেকে নেয় আমাদের।
এমনি আবহমান কালের ধারায়
আনন্দ সাজানো থরে থরে
এই তো আমার চেনা বসন্তের কাল।
২. দুঃসময়ে
ক.
নিরাপত্তাহীনতায়
দেশের মানুষ
পায় না হদিস শান্তি অথবা স্বস্তির।
পূর্ণিমার চাঁদ তো ঝরায় না জ্যোৎস্না।
ইয়ার বন্ধুরা একসঙ্গে মিলতে পারে না
অজানা আতঙ্কে।
বসন্ত তো ফিরে যায় দরজার কড়া না নেড়েই।
খ.
আমার জানালা ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণচূড়ার
ডালে ডালে ফুলের কী-যে রক্তিম সমারোহ!
আকাশের রঙ আর কোকিলের কুহুধ্বনি
সব মিলে চেনা বসন্তের এই আগমন।
অথচ পাই না এতটুকু আপনতা
কেননা কেবলি শঙ্কা
চতুর্দিকে।
প্রজাপতি কোনোখানে উড়তে দেখি না।
২৩/০২/২০০৫

Leave a Reply
You must be logged in to post a comment.