ধরে নাও এই শেষ দেখা,
পাকাপাকি বিচ্ছেদ এই সমুদ্রযাত্রার আগে।
কত দূরে যাওয়া যাবে? মেরুগন্তব্য? সমুদ্র
বরফ হয়ে আছে আমাদের শীত শীত
সম্পর্কের মতো।
আঁখি ফিরাও, মোছো অশ্রুকণা।
বিদায়ী আকাশপাখি চোখ ঠেরে উড়ে যায়।
ছি! সেন্টিমেন্ট চলে না এ যুগে।
শাখা নামিয়ে দিয়েছে হিজলজননী, ধরো,
ধরে উঠে দাঁড়াও। কী বিচিত্র মানবজীবন!
কাপডিশ জলাধার ভেড়িবাঁধ টুটেফেটে যায়।
কত কী যে বাকি রয়ে যায় শেষ গান
শেষ সংলাপ পানপাত্রে আখেরী চুমুক!
সূর্য ঢেকে গেছে শ্বেত ভালুকের থাবায়।
হে নদী, বিদায়! ফিরে যাও গেরস্থের দ্বারে।
হে নদী, বিদায়! দেখো বিপ্রতীপ বন্যা
ধেয়ে আসে। আদিগন্ত বিচ্ছেদবিধুর
আরোগ্যাতীত। এ সবই ভবিতব্য, কল্পনাতীত।
তবু যে খেলেছি ক’টা দিন কম কী! দুর্লভ মানবজন্ম
হেসে খেলে এইমত অশ্রুশয্যাতলে।

Leave a Reply
You must be logged in to post a comment.