চোখ দুটি উড়াল, কোথাও থাকে না বেশিক্ষণ
আকাশ বসতে না বসতেই নদী এসে বসে।
যুবক হলেই চোখে জাগবে
মোহন কূহক! আজও অটুট যুবতীর পাশে
এ-ভাবেই বহু অচেনা বিভাব বেড়াতে আসে!
একদিন চোখের ঘূর্ণন থেমে যাবে,
একদিন কোনো দৃঢ় ব্যগ্রবাহুর আহ্লাদে যুবতীটি হয়ে উঠবে
ক্ষরণপ্রবণ, একদিন কবিতার খাতা
পুনর্বার ডেকে নেবে উপমানারীকে
তার জন্য ছন্দ হবে পাতা
ভালোবাসাও বেড়াতে আসবে, আমি অবশ্যই তাকে
দেবো পা ছড়িয়ে বসবার পিঁড়ি, তারপর কবিতা আবার বেড়াতে যাবে
অন্য কোনো যুবতীর রতির সংকেতে!

Leave a Reply
You must be logged in to post a comment.