চির হরিৎ যৌবনের কবি

মানুষের মনের ভেতরে দীর্ঘ-দীর্ঘ দিন ধ’রে

যে ছবি রয়েছে আঁকা –

সেই ছবি সমুজ্জ্বল থাক্;

চির যৌবনের কবি

মানুষের মনের ভেতরে

দীর্ঘ দিন ধ’রে রয়ে গেছে –

সে ছবি অটুট থাক্;

এই জন্মশতবার্ষিকীতে

ভেঙো না সে মূর্তিখানি!

মানুষের চোখের সম্মুখে

নেই রুগ্ণ, জবুস্থবু, জরাজীর্ণ ছবি,

যে কবি যৌবনদীপ্ত, সমুন্নত শির –

সেই ছবি থাক্ মনে, মানুষের মনে

চির অমলিন!!