নিঃস্ব মানুষের ধর্ম ‘অহিংসা’ হবে না কোনোদিনই।
সুস্থ জীবনের স্বপ্ন যে মেয়েটা দেখেছিল
সে আজ স্বৈরিণী;
সে জানে – পুরুষ, নারীমাংসাশী; শরীরটাকে
খুবলে খেতে জানে।
একদিন পরিশুদ্ধ আত্মার সন্ধানে
বেরিয়েছিলাম যারা,
বহুদেশ ঘুরে এসে আজ
ভাবি – কিছু অবশেষ রেখে গেছে নিওলিথ প্রাণী,
রেখে যায়, যাবেও; পৃথিবী
মানবতা-মুক্ত এক হিংস্র শ্বাপদের বাসভূমি
হয়তো হবেও কোনোদিন।
যে নারী ধর্ষিত হ’লো, তার চোখে সবই অর্থহীন;
সান্ত্বনার স্তোকবাক্য তাকে কোন্ অলৌকিক ঘুম
এনে দেবে? কার স্নেহে ডুবিয়ে শরীর
ভুলে যাবে যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া সেদিনের স্মৃতি?
নিঃস্ব মানুষের বুকে রাবণের চিতা যথারীতি
জ্বলে। সে তো হারাবার কিছু নেই – জানে।
সে বুঝেছে – শান্তি আছে শুধুমাত্র পরিনির্বাণে;
কিন্তু শরীরের খিদে মেটাতে জীবন করে দাবি।
‘শান্তির ললিত বাণী’ তার হাতে তুলে দেয় চাবি
যে নিঃশব্দে লুঠে নেবে সামান্যের নিষ্পাপ ভাঁড়ার!
নিঃস্ব মানুষের কাছে অর্থহীন বাণী অহিংসার।

Leave a Reply
You must be logged in to post a comment.