॥ ১৪ ॥
মাত্র ন’মাসে একজন মানুষ এতখানি বদলে যেতে পারে? শরীরে নয়, ব্যবহারে?
আমাদের পুরো বাড়ির জন্য তখনো জেনারেটর বসানো হয়নি বটে, তবে আমাদের ফ্ল্যাটে ইনভার্টার ছিল, তাতে দুটো আলো বা পাখা চলে। বসবার ঘরে জ্বলছে একটা আলো।
আমার সর্বাঙ্গ বৃষ্টিতে ভেজা, লোডশেডিংয়ের জন্য দশতলা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, খুবই ক্লান্ত এবং বিরক্ত অবস্থায় পৌঁছে আচমকা আনোয়ারাকে দেখতে পেয়ে যেন এক মুহূর্তে শরীরটা স্নিগ্ধ হয়ে গেল।
যখন আকস্মিকতার সঙ্গে মিশে থাকে বিস্ময় ও আনন্দ, তখন পুরো ঘটনাটা বিশ্বাসযোগ্য করে তুলতে কয়েক মুহূর্ত সময় লাগে। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। যে-মেয়েটি আমাকে দরজা খুলে দিয়ে সোফায় গিয়ে বসলো নতমুখে, সে কি সত্যি আনোয়ারা?
হালকা সবুজ রঙের সালোয়ার-কামিজ পরা, মাথার চুল খোলা, দু’হাতে কিংবা কানে কোনো অলংকার নেই। শরীরের গড়ন ঠিক যেমন দেখেছি ন’মাস আগে, হয়তো সামান্য একটু রোগা হয়েছে।
জুতো খুলে ভেতরে এসে আমি বললাম, আনোয়ারা! তুমি কবে ফিরেছো?
মুখ না তুলেই সে বললো, আজ।
আমি বললাম, আজই? কখন?
একইভাবে বসে থেকে, ভাবলেশহীন গলায় সে বললো, সকালে।
তুমি আগে থেকে খবর দিয়েছিলে? তোমাকে কেউ এয়ারপোর্টে আনতে গিয়েছিল?
না।
কোথায় ছিলে এতদিন? সৌদি আরবে?
জী।
আমরা কেউ তোমার কোনো খবর পাইনি। এত চিন্তা করেছি, তুমি একটাও চিঠি লেখোনি কেন? যাক, তুমি ফিরে এসেছো, এটাই সবচেয়ে বড় কথা। ওখানে কেমন ছিলে?
ভালো।
একবারও আমার দিকে মুখ তুলে তাকাচ্ছে না আনোয়ারা। কাটা কাটা উত্তর দিচ্ছে। গলার আওয়াজও যেন বদলে গেছে অনেকটা।
ফ্ল্যাটটা বড় বেশি নিস্তব্ধ লাগছে। টিভি বন্ধ। স্বাতী কোথায়?
আনোয়ারাকে সে-কথা জিজ্ঞেস করতেই সে মুখে কিছু না বলে ফ্রিজটা দেখিয়ে দিল।
স্বাতী প্রায়ই অভিযোগ করে, আমি যখন বাইরে কোথাও যাই, তখন আর বাড়ির কথা আমার নাকি মনেই থাকে না।
মনে থাকে ঠিকই, কিন্তু টেলিফোনে খবর-টবর দিতে ভুলে যাই।
কোনো কোনো মানুষ আছে, তারা কোথাও গিয়ে একটা টেলিফোন যন্ত্র দেখলেই দৌড়ে গিয়ে ঝপাৎ করে রিসিভারটা তুলে নম্বর ঘোরাতে শুরু করে। দরকার থাক বা না থাক। সেই তুলনায় আমি ফোন-নিস্পৃহ।
চুঁচড়োয় থাকবার সময় একবার রশিদই ফোন করেছিল স্বাতীকে, তখন আমি দু’একটা কথা বলেছি। তারপর আর কবে কখন ফিরবো, তা জানানো হয়নি।
স্বাতীকে কোনো কারণে অসময়ে বাইরে যেতে হলে ও আমাকে চিঠি লিখে রেখে যায়। সে-চিঠি একটা ম্যাগনেট দিয়ে ফ্রিজের গায়ে আটকানো থাকে।
কাছে গিয়ে পড়লাম :
আমাকে বিশেষ কারণে রঞ্জার বাড়িতে যেতে হচ্ছে। সেখানে একটা গুরুতর ব্যাপার হয়েছে, আমার যাওয়া দরকার। ফিরতে দেরি হতে পারে। উৎপলের জ্বর হয়েছে, ও ওর দিদির বাড়ি চলে গেছে। আনোয়ারা রইলো। তোমার চা খেতে ইচ্ছে হলে নিজে বানিয়ে নাও। আর খিদে পেলে মুড়ি-বাতাসা খাও!
‘মুড়ি-বাতাসা’টা নিতান্তই কথার কথা। আজকাল কোনো বাড়িতেই বাতাসা থাকে না। আর রান্নাঘরের হাজারটা কৌটোর মধ্যে কোনটা মুড়ির তা খুঁজে বের করার ধৈর্য আমার নেই।
অথচ খিদে পেয়েছে ঠিকই। তার চেয়েও বেশি তৃষ্ণা।
আনোয়ারাকে বললাম, তুমি একটু বসো। আমি জামা-টামা বদলে আসছি।
বাথরুমে গিয়ে সবকিছু খুলে ফেলে জল-ঝারি খুলে দাঁড়ালাম তার তলায়। আজ আর দিনের বেলা স্নান হয়নি। বৃষ্টিভেজার পর একটু সাবান মাখাও বেশ উপকারি।
বাথরুমের নিভৃতিতে অধিকাংশ মানুষই অতীত-ভবিষ্যৎ নিয়ে কিছু না কিছু চিন্তা করে। যদি না ঘটমান বর্তমানে কোনো সংকট থাকে।
আমার প্রথমেই মনে পড়লো, রাত সাড়ে দশটার বেশি বেজে গেছে। এত রাত পর্যন্ত তো স্বাতী সাধারণত বাড়ির বাইরে থাকে না। একতলায় আমাদের গাড়িটা রয়েছে দেখছি। তার মানে কী ট্যাক্সি নিয়ে গেছে? কলকাতায় অবশ্য মেয়েদের চলাফেরার ব্যাপারে দুশ্চিন্তার তেমন কিছু নেই, তবু কী ঘটেছে রঞ্জাদের বাড়িতে?
রঞ্জা অর্থাৎ রঞ্জাবতী স্বাতীর বাল্যবান্ধবী। গুণী মহিলা, ভালো গান গাইতে পারে আবার যাদবপুর ইউনিভার্সিটিতে তুলনামূলক সাহিত্য পড়ায়। ওর স্বামীও বেশ গুণী কিন্তু তুলনায় তার চরিত্রে দোষের মাত্রাটা অনেক বেশি। বিনায়ক অনেকগুলো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এখন প্রাইস ওয়াটারহাউজ নামে বিদেশি কোম্পানিতে খুব উচ্চ চাকরি করে, প্রভূত রোজগার, সল্ট লেকে অত্যাধুনিক কায়দার বাড়িতে থাকে ওরা। বিনায়ক অতি বাড়াবাড়ি রকমের মদ্যপ। প্রতি রাতেই বাড়িতে এসে খুব দাপাদাপি করে, রঞ্জাবতীকে নাকি কখনো চড়-চাপড় মেরেও বসে। পরদিন সকালেই অবশ্য পায়ে ধরে ক্ষমা চায়। এই জন্য ওদের বিবাহ-বিচ্ছেদের উপক্রম হয় প্রায়ই। বিনায়ক নিজেকে শোধরাবার চেষ্টাও করে। এর মধ্যে একবার অ্যালকোহলিক অ্যানোনিমাস ক্লাবে ভর্তিও হয়েছিল, সেখানে কী-সব প্রার্থনা-ট্রার্থনার মাধ্যমে মদের নেশা ছাড়াবার ব্যবস্থা আছে শুনেছি। সে-সময় কয়েক সপ্তাহ বিনায়ক বেশ ভালোই ছিল। (ঠিক ভালোও বলা যায় না, তখন বিনায়ক মদও খায় না, কারুর সঙ্গে কথাও বলে না, সন্ধের পর থেকে একটি বই মুখের সামনে নিয়ে বসে থাকে।) তারপর আবার একদিন বিনায়ক রুদ্ররূপ ধারণ করলো, সকাল থেকে শুরু করলো মদ্যপান।
এখন রঞ্জার সঙ্গে ঝগড়াঝাঁটি চরম আকার ধারণ করলে বিনায়ক নিজেই আবার ক্ষমাটমা চেয়ে চুপচাপ থাকে, বোতলের দিকে হাত বাড়ায় না। তারপর আবার। আমার ধারণা এইরকমই চলবে আরও বহুদিন। ওদের বিচ্ছেদ হবে না। সাধারণত শিক্ষিত দম্পতির মধ্যে তৃতীয় একজনের দৃঢ়ভাবে অনুপ্রবেশ না ঘটলে অন্য কোনো কারণে বিবাহ-বিচ্ছেদ হয় না।
ওদের দুটি ছেলে-মেয়ে, তাদের মধ্যে মেয়েটি বেশ বড়, উনিশ-কুড়ি বছর বয়েস তো হবেই। বিনায়ক এত মদ্যপান করেও চাকরিটা যখন রক্ষা করে যাচ্ছে, তখন বিয়েটাও টিকিয়ে রাখতে পারবে মনে হয়। আজ আবার এমন গুরুতর কী ব্যাপার ঘটলো?
টাটকা পাজামা-পাঞ্জাবি পরে বেরিয়ে এসে আমি প্রথমেই একটা গেলাশে খানিকটা হুইস্কি ঢেলে সোডা-জল মিশিয়ে নিলাম। তারপর বসবার ঘরে এসে দেখি, আনোয়ারা একইরকমভাবে মাথা নিচু করে বসে আছে।
আমি ওর পাশের সোফায় বসে হালকা গলায় জিজ্ঞেস করলাম, তারপর বেগম সাহেব, বলো, ওখানে গিয়ে কী অ্যাডভেঞ্চার করলে? চাকরি করতে ওখানে?
আনোয়ারা সম্মতিসূচক মাথা নাড়লো।
কী চাকরি?
এবার কোনো উত্তর নেই।
তুমি কি একলা ঘর ভাড়া নিয়ে থাকতে, না অন্য কারুর সঙ্গে?
আবার মাথা নাড়লো। তাতে ঠিক কোন উত্তরটা দিল, বোঝা
গেল না।
আবার জিজ্ঞেস করলাম, ওখানে কি রোজ ভাত খেতে? খাওয়ার কোনো অসুবিধে হতো না?
এবার দু’দিকে মাথা নাড়া।
এখানে তুমি খেয়েছো কিছু? উৎপলের তো জ্বর, স্বাতী তোমাকে খাবার দিয়ে গেছে?
কোনো শব্দই খরচ করতে চায় না আনোয়ারা, শুধু মাথা নেড়ে উত্তর।
আনোয়ারাকে আমি যতবার দেখেছি, হয় ও উঁচুগলায় বেশি কথা বলেছে, জোরে জোরে হেসেছে কিংবা কেঁদেছে। ছোট-বড় বিবেচনা না করে মারতেও গেছে। অতিরিক্ত প্রাণশক্তিতে ভরপুর। সেই মেয়ের এখন হলো কী?
আমি কৌতুকছলে, একটু ঝুঁকে এসে, ওর থুতনিতে হাত ছুঁইয়ে বলতে গেলাম, কী গো, মুখই তুলছো না। আমার দিকে তাকাতেই চাইছো না কেন?
আমি হাত ছোঁয়ানোর আগেই আনোয়ারা ছিটকে সরে গেল সোফার অন্য পাশে। ভয়ে ওর মুখখানা কুঁকড়ে মুকড়ে গেছে।
আর্ত গলায় বলে উঠলো, না, না, আমারে ধরবেন না, আমারে
ধরবেন না!
তারপর অন্যদিকে তাকিয়ে আবার ফ্যাকাসে গলায় বললো, বাড়িতে আর কেউ নাই!
কেউ আমার দিকে জুতো তুললেও বোধহয় আমি এতটা অপমানিত বোধ করতাম না। মেয়েটা বলে কী? ‘বাড়িতে আর কেউ নাই’? সত্যিই আমরা দু’জন ছাড়া আর কেউ নেই। দরজা বন্ধ। কিন্তু আমরা তো সভ্য সমাজের মানুষ।
ও কী ভেবেছে, এই সুযোগ নিয়ে আমি ওর গায়ে হাত দেবো? আমার সম্পর্কে এই ওর ধারণা! ওর জন্য আমি আর স্বাতী কত দুশ্চিন্তা করেছি, কত জায়গায় ওর খোঁজ করতে গেছি!
মুখটা হঠাৎ যেন তেতো হয়ে গেল।
এর সঙ্গে তো আর কথা বলার কোনো কারণই নেই। তবু যথাসম্ভব সংযতভাবে জিজ্ঞেস করলাম, তুমি রাত্তিরে কিছু খাবে?
সে দু’দিকে মাথা নাড়লো।
এবারে ধৈর্য হারিয়ে আমি খানিকটা ধমকের সুরে বললাম, তাহলে আর এখানে বসে আছো কেন? যাও, শুয়ে পড়ো! দরজা বন্ধ করে দিও!
সে কোনো উত্তর দিল না, খানিকটা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইলো আমার হুইস্কির গ্লাসটার দিকে।
ঢাকায় শামিমদের বাড়িতে যে-কয়েকবার গেছি, অত্যুৎকৃষ্ট স্কচ পরিবেশিত হয়েছে। ওই গৃহের আড্ডায় নিয়মিত পানীয়-চর্চা হয়। আনোয়ারাকেও দেখেছি, একটু-আধটু রেড ওয়াইন সেবন করতে।
সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ, আমরা জানি। সেখানে কয়েক মাস থেকেই আনোয়ারা সুরাবিরোধী হয়ে উঠেছে?
কিন্তু আমার বাড়িতে তো সৌদি আরবের আইন খাটবে না।
ওকে আর কিছু না বলে আমি গেলাসটা হাতে নিয়ে উঠে গেলাম খাওয়ার টেবিলের কাছে। এগারোটা বেজে গেল, স্বাতীর খোঁজ নিতেই হবে। টেলিফোনের খাতাটা কোথায়?
মাথার মধ্যে রাগ বা বিরক্তি থাকলে অতি প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পেতে অকারণে অনেকটা দেরি হয়।
সাতখানা ড্রয়ার খুলে ঘাঁটাঘাঁটির পর দেখা গেল টেলিফোনের খাতাটা বহাল তবিয়তে পড়ে আছে একেবারে পাশের টুলটার ওপর।
রঞ্জাদের বাড়ির টেলিফোন বাজতেই লাগলো, কেউ ধরে না।
তারপর একজন ধরলো, সে-লোকটি হিন্দিভাষী।
স্বাতী ওখানে হ্যায়? নেই হ্যায়। বহুদিদি হ্যায়? নেই হ্যায়। মিস্টার দত্ত বা মিসেস দত্ত, কই হ্যায়? নেই হ্যায়!
এ তো মহা মুশকিল। খুব সম্ভবত ও বাড়ির দারোয়ান। সে-রকম একজনকে দেখেছি বটে একদিন। লোকটি দেখছি নেই হ্যায় ছাড়া আর কিছু বলতেই জানে না।
আবার জিজ্ঞেস করলাম, আরে ভাইয়া, কোঠিমে কই ভি হ্যায়?
সে বললো, কোঠিমে কই নেই হ্যায়!
সত্যিই ও বাড়িতে কেউ নেই? তাহলে স্বাতী গেল কোথায়?
ওর কোনো বোনের বাড়িতে গেছে? তাহলে স্বাতী তো সে-কথাই লিখে যেত। এত রাতে আমার কোনো শ্যালিকাকে তার দিদির খবর জিজ্ঞেস করলে ঘাবড়ে যাবে না তো?
ছোট শ্যালিকাটি ডাকাবুকো ধরনের, সে সহজে ঘাবড়ে যাবার পাত্রী নয়।
খুকুমাকে ফোন করতেই ওর ছেলে বললো, মা তো বেরিয়ে গেছে ছোট্টিমার সঙ্গে। ছোট্টিমা-ই এসে ডেকে নিয়ে গেলেন।
কতক্ষণ আগে বলো তো?
একঘণ্টা কি দেড়ঘণ্টা আগে।
কোথায় গেছে বলতে পারো?
জানি না। না, না, ছোট্টিমা বলছিলেন, সল্ট লেকে।
ছোট্টিমা অর্থাৎ স্বাতী। রাত হয়েছে বলে সে একা না গিয়ে ছোটবোনকে সঙ্গে নিয়েছে। তাহলে এটা নেমন্তন্ন-টন্নর ব্যাপার নয়। রঞ্জাদের বাড়ি যদি হয়, সে-বাড়িতেও কেউ নেই কেন?
আর কোনো কিছু চিন্তা করার অবকাশ নেই।
দ্বিতীয় একটা চাবির গোছা থাকে ‘চিনি’ লেখা একটা কৌটোয়। ভেতরের ঘর থেকে কিছু টাকা নিয়ে এলাম।
তারপর দেয়ালের উদ্দেশে বললাম, আমি এখন বেরিয়ে যাচ্ছি, কখন ফিরব ঠিক নেই!
আমাদের ড্রাইভারকে রাত্তির দুটো-তিনটে পর্যন্ত থাকতে বললেও সে থাকে। কোনো আপত্তি করে না। কিন্তু তাকে একবার ছুটি দিয়ে দিলে আবার খবর দিয়ে আনানো খুব শক্ত। মহেন্দ্র এমনিতেই ন’টা পর্যন্ত বসে থাকে, ওকে ছুটি দেবার পরেই স্বাতী নিশ্চয়ই সল্ট লেকে যাবার সিদ্ধান্ত নিয়েছে। কারণটা আকস্মিক।
গাড়িটা পড়ে আছে। আমি অনেকদিন চালাই না। এখন অতদূর যেতে ভরসা হয় না। তবে এই রকম পরিস্থিতিতে আফসোস হয়, গাড়ি চালানো প্রাকটিস রাখাই উচিত ছিল। অবশ্য পাতাল রেল হয়ে যাবার পর ট্যাক্সি এখন পাওয়া যায় যখন-তখন, আগেকার মতন চালকরা আর এদিক যাবো না, ওদিক যাবো না, এইসব বায়নাক্কা করে না।
সামাজিকতা রক্ষা করতে আমি রঞ্জাবতী-বিনায়কদের নতুন বাড়িতে গেছি মাত্র দু’বার। মহেন্দ্র গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছে, সল্ট লেকে ঠিকানা খুঁজে বাড়ি বের করা বেশ শক্ত, রাত্তিরবেলা আমার পক্ষে আরও শক্ত হবে। এত রাত্রে ওখানকার রাস্তায় কোনো জন-মনুষ্য থাকে না, কারুকে কিছু জিজ্ঞেস করার উপায় নেই।যতদূর মনে আছে, সাত নম্বর ট্যাঙ্কের পাশে ডানদিকে গোটা দুয়েক রাস্তা ঘুরে একটা পার্কের কাছে। বেশ কয়েকবার ঘুরপাক খাবার পর ট্যাক্সি-ড্রাইভার শেষ পর্যন্ত পৌঁছোতে পারলো।
গোটা বাড়ি অন্ধকার, শুধু সামনের ঘরটায় আলো জ্বলছে। গেটের ওপাশে দাঁড়িয়ে আছে দারোয়ান। তাকে কিছু জিজ্ঞেস করার আগেই চোখ পড়লো বারান্দায়, সেখানে একটা খাম ধরে দাঁড়িয়ে আছে রঞ্জার বারো-তেরো বছরের ছেলে টিপু!
তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা দেখেই আমার বুকটা ছ্যাঁৎ করে উঠল। মনে হলো, এ বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে। কার? বিনায়ক না রঞ্জার?
আমি গেট খুলে জিজ্ঞেস করলাম, টিপু, বাড়িতে আর কেউ নেই? তোমার বাবা কোথায়?
সিঁড়ি দিয়ে নামতে নামতে টিপু বললো, বাবা দিল্লিতে।
অফিসের কাজে বিনায়ককে প্রায়ই দিল্লি যেতে হয়। এত মদ্যাসক্তি সত্ত্বেও সেখানে সে কী করে কাজকর্ম করে, তা কে জানে? মোটকথা, আজ এ-বাড়িতে সে কোনো কুকীর্তি করেনি।
আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার মা কোথায়? স্বাতীমাসি এখানে এসেছিল?
গেটের কাছে এসে টিপু আঙুল দেখিয়ে বললো, সব্বাই ওখানে আছে। তুমি তাড়াতাড়ি যাও!
আমি বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলাম, ওখানে মানে?
এবার দারোয়ানও ডানদিকে হাত দেখিয়ে বললো, হুঁয়া দেখতা হ্যায়, দুটো বড়াবড়া বাত্তি –
ট্যাক্সিটা ছাড়িনি, ঝট করে উঠে পড়ে বললাম, চলো –
তিনটে মোড় পেরিয়ে সেই বাতিওয়ালা বাড়ি, সেটা একটা নার্সিং হোম, সামনে একটা পুলিশের গাড়ি।
ভেতরের লবিতে বেশ ভিড়, তার মধ্যে দেখতে পেলাম স্বাতী আর খুকুমাকে। যথাসম্ভব অনুত্তেজিত গলায় জিজ্ঞেস করলাম, কী হয়েছে রঞ্জার?
খুকুমা বললো, রঞ্জাদির কিছু হয়নি।
তার মানে? তোমরা এখানে –
শ্রেয়া সুইসাইড অ্যাটেম্ট করেছে।
কে?
এ-প্রশ্নটা এমনি এমনি মুখ দিয়ে বেরিয়ে আসে। শ্রেয়া কে, তা তো আমি জানিই। রঞ্জার মেয়ে, তার ডাকনাম মউ।
কেন?
এ-প্রশ্নটাও অবান্তর। আত্মহত্যার কারণ সঙ্গে সঙ্গে জানা যায় না। শ্রেয়া তার মায়েরই মতন পড়াশুনোয় ব্রিলিয়ান্ট। সুতরাং তার খারাপ রেজাল্টের জন্য বকুনি খাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া এখন কোনো পরীক্ষাও নেই। শ্রেয়া সদ্য এম. এ. ক্লাসে ভর্তি হয়েছে।
স্বাতীর মুখখানা থমথম করছে। আমাদের মেয়ে নেই, শ্রেয়াকে সে নিজের মেয়ের মতনই ভালোবাসে।
উনিশ বছরের মেয়ে এক অত্যাশ্চর্য প্রাণী। তাদের হৃদয়টা পারদের, অর্থাৎ ধাতুর, কিন্তু তরল, নির্দিষ্ট কোনো আকার নেয়নি। আর শরীরটা কাচের, যে-কোনো সময় ভেঙে যেতে পারে।
অন্য কেউ ওদের মন বুঝতে পারে না। এমনকি নিজের মা-বাবাও না।
খুকুমার কাছ থেকে জানতে চাইলাম, গলায় দড়ি, না আগুন?
কোনোটাই নয়। বিষ। কোথা থেকে জোগাড় করল, ঠিক কখন খেয়েছে, জানা যায়নি। দরজা বন্ধ। রঞ্জা সন্ধেবেলা একবার বেরিয়েছিল, টিপু অনেকবার ডাকলেও তার দিদি দরজা খোলেনি, কোনো সুইসাইড নোটও লেখেনি শ্রেয়া।
ডাক্তাররা ওর পেট পাম্প করেছে, কিছুই প্রায় বেরোয়নি। বিষের ধরনটাও বোঝা যাচ্ছে না। জ্ঞান ফিরছে না কিছুতেই। আটচল্লিশ ঘণ্টা না কাটলে –
বিনায়ককে খবর দেওয়া হয়েছে?
খুকুমা বললো, হ্যাঁ। কিন্তু এতরাতে তো দিল্লি থেকে ফেরার উপায় নেই। কাল সকালের আগে -। বিনায়কদাকে অবশ্য বলা হয়েছে, সাইকেল অ্যাকসিডেন্ট, তেমন কিছু নয়, তবু তাই শুনেই বিনায়কদা কাঁদতে আরম্ভ করেছিল।
স্বাতী ভেতরে চলে গেছে। আমাকে কি একবার দেখতে দেবে?
খুকুমা বললো কারুকেই ও.টি.তে ঢুকতে দেওয়া হচ্ছে না। রঞ্জাদিও দরজার বাইরে বসে আছে। চলুন, সেই পর্যন্ত যাই।
রঞ্জা ঠিক যেন একটা পাথরের মূর্তি। চোখের পলকও পড়ছে না যেন। স্বাতী তার পাশে দাঁড়িয়ে।
একটি সুন্দর, স্বাস্থ্যবতী, সচ্ছল পরিবারের মেয়ে, পড়াশুনোয় উজ্জ্বল, সে কেন তার জীবনটা শেষ করে দিতে চাইবে? এ-প্রশ্নটাই ঘুরতে থাকে মনের মধ্যে।
বাবা-মায়ের ঝগড়া সে সহ্য করতে পারেনি? কিন্তু আজ তো সে-রকম কিছু ঘটেনি। তাছাড়া যতদূর শুনেছি, বিনায়ক তার ছেলেমেয়েকে খুবই ভালোবাসে।
কোনো যুবক তার হৃদয়টা মুচড়ে দিয়েছে? ভাবতেই ভয় করে।
এই বয়েসটাই যে সাংঘাতিক। এই বয়েসে জীবনের সঠিক মর্ম উপলব্ধি করা যায় না। মনুষ্যজন্ম যে একবারই মাত্র পাওয়া যায়, তাও মনে থাকে না, আত্মহত্যার ঘটনা এই বয়েসেই সবচেয়ে বেশি হয়।
রঞ্জার বাবা নেই। মা থাকেন আসানসোলে দাদার কাছে। বিনায়কের নিকটজনেরাও থাকে বিদেশে। বন্ধুদের ওপরেই ভরসা।
বিনায়ক এখানে নেই, আমাকে পায়নি, রশিদকে পায়নি, অমিতাভ নামে ওদের আর-এক বন্ধুকেও খোঁজাখুঁজি করেছিল, সেও বেড়াতে গেছে দার্জিলিং। একজন পুরুষমানুষও পাশে নেই।
একটু বাদে স্বাতী বললো, আমি আর খুকুমা আজকের রাতটা রঞ্জার পাশেই থাকব। তুমি বরং বাড়ি ফিরে যাও। আনোয়ারা একা আছে।
আনোয়ারা সম্পর্কে আমার মনটা বিরূপ হয়ে আছে। ওরকম অদ্ভুত ব্যবহার করছিল, ওর সঙ্গে এক ফ্ল্যাটে রাত কাটাবার আমার একটুও ইচ্ছে নেই।
যদিও ক্লান্ত শরীরটা একটা বিছানা চাইছিল, তবু আমি বললাম, না, আমিও থেকে যাই, যদি কিছু ওষুধ-টষুধ আনতে হয়। আনোয়ারাকে বলে এসেছি শুয়ে পড়তে।
বিরক্তি গোপন করতে না পেরে আমি আবার বললাম, গয়না-টয়নাগুলো ফেরত দিয়ে কালকেই ওকে ঢাকায় পাঠিয়ে দিতে হবে। ওসব ঝঞ্ঝাটের মধ্যে আমরা আর থাকতে চাই না।
স্বাতী কোনো মন্তব্য করল না।
নার্সিং হোমের বাইরে এসে আমি একটা সিগারেট ধরালাম।
খুব খানিকটা বৃষ্টি হয়েছে বলে বাতাস এখন ঠান্ডা। এতরাতে এই অঞ্চলে গাড়ি-টাড়ি চলে না, চতুর্দিক একেবারে নিস্তব্ধ।মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে দিল্লিতে এখন বিনায়ক কী করছে? আজ কি মদ খেয়েছে খুব? ভোরবেলা ওকে ফ্লাইট ধরতে হবে।
আমার চোখে একটা দৃশ্য ভেসে উঠল।
একদিন ইস্টার্ন বাইপাস দিয়ে গাড়িতে যাচ্ছিলাম দমদমের দিকে, উলটোদিকের রাস্তায় দেখি সাইকেল চালিয়ে যাচ্ছে একটি তরুণী, জিনসের ওপর টকটকে লাল রঙের টি-শার্ট পরা। দ্বিতীয় দৃষ্টিপাতে চিনতে পারলাম, সে শ্রেয়া, ঝলমলে মুখ, এ যেন যৌবনের শ্রেষ্ঠ রূপ। আমার দিকে সে হাত নাড়ল। একটা ফিল্মে দেখেছিলাম, অড্রে হেপবার্ন ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, তার সঙ্গে যেন শ্রেয়ার খুব মিল, যদিও সাইকেল চালাচ্ছে সে।
সেই শ্রেয়া এখন অপারেশন টেবিলে শুয়ে আছে জীবন-মৃত্যুর মাঝখানে।
রাস্তার ওপাশে একটা সিমেন্টের বেঞ্চ মতন রয়েছে, বসলাম গিয়ে সেখানে। ঘড়ি পরার অভ্যেস নেই। তবু আকাশ দেখে বোঝা যায়, রাত্রির দ্বিতীয় প্রহর পার হয়ে গেছে অনেকক্ষণ।
কখন সেই সিমেন্টের বেঞ্চে শুয়ে পড়েছি, ঘুমও এসে গেছে তা খেয়াল নেই।
একসময় মনে হলো, কে যেন নরম হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথায়।
সত্যিই কেউ, না বাতাস? এইরকম সময় টুকরো টুকরো স্বপ্নের অনেকরকম খেলা চলে। একবার মনে হলো, আমার মাথায় মায়ের হাত। পরের মুহূর্তেই অন্য স্বপ্ন, আমি যেন নদীর জলে ভাসছি। তারপরই মনে হলো, স্বয়ং দেবী সরস্বতী আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিচ্ছেন আর মৃদুস্বরে ডাকছেন, সুনীলদা, উঠুন! আমার এত বয়েস হয়ে গেল যে আমি দেবী সরস্বতীরও দাদা!
চোখ মেলে দেখলাম, সরস্বতী-টতী নয়, খুকুমা।
এখনো ভালো করে ভোর হয়নি, একটু একটু আলো মিলে ফিকে হয়ে আসছে অন্ধকার। তার মধ্যেই খুকুমার মুখখানা দেখে আমার বুকটা ধক করে উঠলো।
খুকুমা বললো, সুনীলদা, উঠুন, শ্রেয়া আর নেই।
এসব কথা একবার শুনলে মানে বোঝা যায় না!
নেই মানে?
খুকুমা বললো, মিনিট দশেক আগে ওর সবকিছু থেমে গেছে।
সত্যি সত্যি চলে গেল মেয়েটা? ওর মায়ের এত ব্যাকুলতা ওকে আটকাতে পারল না? কতবার তো দেখেছি, হাসপাতালে ঠিক সময় নিয়ে গেলে এইসব ক্ষেত্রে বাঁচানো যায়। মৃত্যুর দরজা থেকে ফিরে এসে এখন স্বাভাবিক জীবন যাপন করছে, এমন একটি ছেলেকে আমি চিনি।
বোবার মতন জিজ্ঞেস করলাম, রঞ্জা কী করছে?
খুকুমা বললো, একই জায়গায় বসে আছে। এখন ভেতরে যেতে দিচ্ছে, আপনি যাবেন?
আমি প্রবলভাবে দু’দিকে মাথা ঝাঁকিয়ে বললাম, না, না, আমি আর দেখতে চাই না!
শ্রেয়ার সেই ঝলমলে মুখটাই আমার মনে গাঁথা থাক।
স্বাতী এখন খুবই কান্নাকাটি করবে আমি জানি। কিন্তু আমি ওকে কীভাবে সান্ত্বনা দেবো? বরং কান্নাই ভালো।
খুকুমা চুপ করে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি একটু সরে গিয়ে বললাম, বসো।
মিনিট পাঁচেক দু’জনেই নিঃশব্দ। বিনায়ক হয়তো এইসময়ে বিমানের সিঁড়ি দিয়ে উঠছে দিল্লিতে। এখানে পৌঁছোতে অন্তত আটটা তো বাজবেই।
খুকুমা আবার ভেতরে চলে গিয়ে খানিক বাদে ফিরে এলো। হাতে চাবির গোছা।
সে বললো, আপনি এবার বাড়ি চলে যান। মেজদি বললো,
আনোয়ারা ঘুম থেকে উঠে কারুকে দেখতে পাবে না, বেচারি ঘাবড়ে যাবে। উৎপল আসবে না। যদি চা-টা খেতে চায় –
আনোয়ারা জেগে উঠে ফাঁকা ফ্ল্যাট দেখলে ঘাবড়ে যেতেই পারে। আমাদের একটি রান্নার মেয়ে আছে, সে আসে নটা-সাড়ে নটার সময়। ততক্ষণ ও কী করবে? কেউ বেল বাজালে কি ও দরজা খুলে দেবে?
তা বলে কি আমি এখন গিয়ে ওকে চা তৈরি করে খাওয়াব নাকি? অ্যাবসার্ড!
আমি বললুম, খুকুমা, তুমি বরং চলে যাও! তুমি আর এখানে থেকে কী করবে? তোমার অফিস আছে। তুমি একবার আমাদের ওখানে গিয়ে ওকে একটু বুঝিয়ে বলো, কেন আমাদের দেরি হচ্ছে। ও যদি নার্ভাস ফিল করে, তাহলে আজকের দিনটার জন্য তোমার বাড়িতেও নিয়ে যেতে পারো ওকে।
খুকুমা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে বললো, হ্যাঁ, আসলে অফিসে যেতেই হবে আজ। বাড়িতে আমার ছেলে আছে, ও অবশ্য নিজের ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারে। আমি আপনাদের ফ্ল্যাটে গিয়ে ও বাংলাদেশি ভদ্রমহিলার সঙ্গে কথা বলে দেখছি, যদি আমাদের বাড়িতে গিয়ে থাকতে চান।
স্বাতী আজ সারাদিনেও ফিরতে পারবে কিনা সন্দেহ।
তা ঠিক। আপনিও চলুন না। আপনি আর শুধু শুধু রাস্তায় বসে থেকে কী করবেন?
বিনায়ক পৌঁছোনো পর্যন্ত আমার অপেক্ষা করা উচিত নয়?
এইসময় একটা পুলিশের গাড়ি থামলো। তার থেকে নামল তাইয়েব খান। লাচ্চুদার সহকারি, আমার অনেকদিনের চেনা।
কাছে এসে তাইয়েব বললো, সুনীল, তুমি এত ভোরে এখানে! তোমার আত্মীয় নাকি এরা? শুনলাম, বিনায়ক দত্তের মেয়ে নাকি।
হ্যাঁ। তুমি বিনায়ককে চেন?
সেই জেভিয়ার্স কলেজে এক সঙ্গে পড়েছি –
তাইয়েবকে দেখে ভরসা পেলাম। রশিদ কলকাতায় নেই, লাচ্চুদার ওপর ভরসা করা যায় না। এখন পুলিশের সাহায্যের বিশেষ দরকার হবে।
খুকুমাকে বললাম, তুমি তাহলে একটা ট্যাক্সি নিয়ে চলে যাও। আমার কাছে অন্য চাবি আছে।
তাইয়েব খুকুমাকেও চেনে। সে বললো, ব্রততী? এর মধ্যে একদিন আমার অফিসে এসেছিলে না?
খুকুমা বললো, হ্যাঁ, আপনাকে পাইনি। একটা দরকার ছিল। আমার অফিসের একজনের পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য।
তাইয়েব বললো, সে দরকার মিটে গেছে?
না। একজন ইন্সপেক্টর গিয়েছিল এনকোয়ারি করতে, সে পাঁচশো টাকা ঘুস চেয়েছে। আমাদের কলিগ খুব আপরাইট লোক। সে কিছুতেই ঘুস দেবে না।
কে এনকোয়ারিতে গিয়েছিল বলতে পারো? নাম মনে আছে?
কী সাম চ্যাটার্জি।
ও, ওই চ্যাটার্জিটা একটা বাসটার্ড! আমি দেখছি। তুমি কাল-পরশুই চলে এসো ফার্স্ট আওয়ারে, আগে একটা টেলিফোন করে –
ভেতরে শ্রেয়ার শরীর ক্রমশ হিমশীতল হয়ে আসছে। উড়ন্ত বিমানে বসে ছটফট করছে বিনায়ক, সে এখনো শেষ খবরটা জানে না। আর এরা এখানে কাজের কথা আলোচনা করছে। জীবন তো এরকমই।
কথা শেষ করে খুকুমা বললো, আমি তাহলে চলি। ট্যাক্সি ধরতে হবে।
তাইয়েব বললো, এত ভোরে এখানে ট্যাক্সি পাবে কোথায়? সেই বাইপাসে যেতে হবে। তাও দাঁড়াতে হতে পারে অনেকক্ষণ।
খুকুমা বললো, আপনার গাড়িটা ওই পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে আসতে পারবে?
তাইয়েব বললো, ওই পর্যন্ত কেন, তোমার বাড়ি পর্যন্তই পৌঁছে দিয়ে আসবে!
খুকুমা উঠে পড়ল পুলিশের গাড়িতে।
তাইয়েব আমার দিকে ফিরে বললো, চলো, ওই কোণের ঝুপড়িটায় চা খেয়ে আসি। সুনীল, তোমার কোনো ছেলে বা মেয়ে মারা গেছে?
না।
আমার ছেলে … আমি জানি, এরকম অবস্থা কীভাবে ফেস করতে হয়। বিনায়ক এলে আমি ওর সঙ্গে প্রথমে কথা বলবো।
আমি একটা স্বস্তির নিশ্বাস ফেললাম। (ক্রমশ)

Leave a Reply
You must be logged in to post a comment.