আর এক ভুবন
আবুল হোসেন
অবসর প্রকাশনা সংস্থা,
ঢাকা, ২০০৫
১৮০ টাকা
কবি আবুল হোসেন বাংলা কবিতার একজন অন্যতম প্রধান কবি। যদি দশকের বিচারও করা হয়, তবুও বলব, তিনি চল্লিশের দশকের কবিতার উজ্জ্বলতম নক্ষত্র। তাঁর কবিতায় একদিকে রয়েছে জীবনযাপনের প্রাত্যহিক তুচ্ছতা, অন্যদিকে রয়েছে এমন এক ব্যাপ্তি, যাকে বলতে পারি তাঁর উপলব্ধির সমগ্রতাবোধের প্রতিচ্ছায়া। আর এই দুয়ের সমন্বয়ে তাঁর কবিতা পায় প্রাণ, সজীবতা। যা কিনা অন্য একজন কবিকে খুব সহজেই ‘তাপ’ দিতে পারে। যে-তাপে একজন কবি প্রভাবিত হন নতুন আরেকটি কবিতা লিখতে। আবুল হোসেনের কবিতা এতটাই সংক্রামী। ১৯৪৭-পরবর্তী বাংলাদেশের কবিতার জগতে কাউকে যদি ‘কবিদের কবি’ বলা যায়, তবে তিনি নিঃসন্দেহে আবুল হোসেন।
এই কবির স্মৃতিকথার প্রথমপর্ব বেরিয়েছিল ২০০৩ সালে (বইটির নাম : আমার এই ছোটভুবন), সম্প্রতি আমাদের হাতে এসেছে স্মৃতিকথার দ্বিতীয় পর্ব – আর এক ভুবন। কবির পরিচয় তাঁর কবিতায়, কবির আত্মজীবনীও তো ওই কবিতাই। আলাদাভাবে একজন কবির আত্মজীবনী লেখার প্রয়োজনটা কোথায়? রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো (Yevgeû Yevtushenko) তো পরিষ্কারভাবেই বলেছেন, ‘A poetÕs autobiography is his poetry. Aûthing else can only be a footnote.’ আবুল হোসেনও বলেছেন, ‘কবির সঙ্গে পরিচয়ের জন্য তার কবিতা পড়ার চেয়ে আর কোনো ভালো উপায় আছে কি? তার বেশভূষায়, কথাবার্তায়, চালচলনে তাকে যেভাবে পাওয়া যায়, তা হয়তো তার কবিতা বোঝার সহায়ক হতে পারে। সেটা বাড়তি। কবিতাতেই শেষ পর্যন্ত কবির শ্রেষ্ঠ পরিচয়’ (আর এক ভুবন, পৃ ৫৬)। ইয়েভতুশেঙ্কো যাকে বলেছেন ‘footnote’, আবুল হোসেন হয়তো তাকেই বলছেন ‘বাড়তি’। পাঠক যদি কবিতায় পাঠের পাশাপাশি সেই ‘বাড়তি’টুকুর প্রতি আগ্রহ দেখায়, তবে তাকে দোষী বলাটা বোধকরি অন্যায় হবে। কেননা, কেউ কেউ তো এভাবেই কবিকে নিয়ে তৈরি বৃত্তটা সম্পূর্ণ করতে চান, সেখানে ওই ‘বাড়তি’টুকুকে গুরুত্ব না-দিয়ে তো উপায় নেই।
দুই
আমরা পূর্বেই বলেছি, এটি তাঁর স্মৃতিকথার দ্বিতীয় পর্ব, যার সীমানা ১৯৪৭ সালের ১৬ আগস্ট থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত। অর্থাৎ বলতে পারি, এখানে তাঁর জীবনের ‘পাকিস্তান-পর্ব’ উঠে এসেছে। স্মৃতিকথা শুরুই হচ্ছে কলকাতা থেকে ঢাকায় চলে আসার বর্ণনা দিয়ে, কোন ঢাকা? কবি জানিয়েছেন :
‘ঢাকার কাছে এসে প্লেন যতই নিচে নেমে আসছিল চারদিকের দৃশ্য দেখে খুশিতে মন ভরে ওঠে। প্লেনের দরজা খোলা বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে তেজগাঁওয়ে ঢাকার মাটিতে পা রাখতেই সেই ভালো লাগাটা দপ করে নিভে গেল।… তখন তো জানতাম না যাকে সত্যিকার এয়ারপোর্ট বলা যায় এরকম কোনো কিছু ঢাকায় ছিল না। ছিল কেবল একটা প্লেন ওঠানামার ক্ষেত্র…।’ (পৃ ১১)
এরপর বন্ধুর সঙ্গে তিনি ঘোড়ার গাড়িতে করে এলেন পলাশী ব্যারাকে। তেজগাঁও থেকে ময়মনসিংহ রোড দিয়ে যাচ্ছেন এবং আশপাশে ঘরবাড়ি তেমন নেই, নেই গাড়ি-ঘোড়া। আছে কিছু গাছগাছালি আর রাস্তার দুপাশে ধানক্ষেত। রীতিমতো রূপকথার মতো শোনায়।
আবুল হোসেনের এই স্মৃতিকথায় যে-যে ব্যাপার উঠে এসেছে, তার মধ্যে রয়েছে তাঁর চাকরিজীবন (যার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কথাও আছে), বিভিন্ন ব্যক্তিসম্পর্কে অভিমত, রাজনৈতিক ও সামাজিক-বিষয়ে মতামত। এছাড়া সাহিত্য-বিষয়ে তাঁর ভাবনাচিন্তার প্রকাশ তো রয়েছেই। চল্লিশের বেশির ভাগ কবির মতো আবুল হোসেন স্লোগানসর্বস্ব কবিতা লেখেননি, কিন্তু সামাজিক ও রাজনৈতিক-বিষয়ে তাঁর অভিমত পড়তে পড়তে মনে হয়েছে, এই কবি ভীষণরকম রাজনৈতিক সচেতন। শুধু সচেতনই নন, এই বিষয়ে তাঁর বিশ্লেষণী-ক্ষমতা মাঝে-মাঝেই আমাদের অবাক করে দিয়েছে। তিনি এক জায়গায় বলছেন :
পাকিস্তানে প্রথম এক-দু’বছর ছিল খুবই কঠিন সমস্যাসঙ্কুল সময়।… তবে দেশের পশ্চিম অংশে সে দুঃসময় কাটিয়ে ওঠার যে সুযোগ-সুবিধা ছিল… পূর্ববাংলায় তা প্রায় কিছুই ছিল না। দেশের রাজধানী, কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় সচিবালয়, শাসনতন্ত্র প্রণয়ন পরিষদ, কেন্দ্রীয় আইনসভা, প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর – সবই হলো পশ্চিমে…। পূর্ববাংলার ভাগ্যে কিছুই পড়ল না। তাকে একেবারে শূন্য থেকেই শুরু করতে হয় স্বাধীন জীবন।… ঢাকার মতো একটা পুরনো জেলা-শহরকে রাজধানী হিসেবে গড়ে তুলতে এবং কাজ চালানোর মতো একটা প্রশাসনিক ব্যবস্থা চালু করতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। তার ওপর হুড়মুড় করে তার ঘাড়ে এসে পড়ল অসংখ্য ভিন্নভাষী মোহাজের, … যাদের পুনর্বাসন ও আত্তীকরণ এই সদ্যগঠিত দুর্বল অঞ্চলের কঠিনতম, মানবিক ও প্রশাসনিক সমস্যা হয়ে দাঁড়ায়। এর সঙ্গে যুক্ত হয় টাকা-পয়সা এবং অবকাঠামোর অভাব। (পৃ ২৯)
তৎকালীন পূর্ববাংলার রাজনীতিবিদদের সীমাবদ্ধতা সম্পর্কে বলেছেন :
বাংলার আইনসভার সদস্যরা পূর্ববাংলার জন্য নির্ধারিত আসনে পাঁচজন অবাঙালিকে… নির্বাচিত করেন।… ভাগ্যের এমনই পরিহাস,… তাদের মধ্যে একজনও কখনো পূর্ববাংলা ও বাঙালিদের পক্ষে, কি মন্ত্রিসভায়, কি আইন পরিষদে, কি দলীয় অথবা জনসভায় একটা শব্দও উচ্চারণ করেননি। বরং প্রথম দিন থেকেই তাদের স্বার্থের বিরোধিতাই করেছেন।… এর সঙ্গে যুক্ত হয়েছিল বাঙালি রাজনীতিবিদদের আশ্চর্য দুর্বলতা। কোথায় তারা প্রদেশের নীতিনির্ধারণে মূল ভূমিকা নেবেন, প্রশাসনে তাদের আসন ও মর্যাদা দৃঢ় করবেন, বিশেষ করে অবাঙালি আমলাদের প্রতিকূলতা প্রতিহত করবেন, তার বদলে তারা এমন এক দুর্ভেদ্য মুখবন্ধ করে থাকার পন্থা অবলম্বন করলেন যে, শেষ পর্যন্ত উপেক্ষাই হয়ে পড়ল তাদের নিয়তি। (পৃ ৩০)।
তৎকালীন বুদ্ধিজীবীদের সম্পর্কে লিখেছেন :
… আমাদের বুদ্ধিজীবীরা? তারা চোখ-কান বন্ধ করে এক ধরনের ফাঁপানো
অন্তঃসারশূন্য, শ্লোগানসর্বস্ব অন্ধ দেশপ্রেমের জোয়ারে ভাসছিলেন। বিশেষ করে ঢাকায় যে লেখকরা, প্রধানত তাদের তরুণ অংশ, আসর জমিয়ে বসেছিলেন, তাদের মানসিকতা ছিল সত্যিই দুর্বোধ্য। যে পোকায় খাওয়া পাকিস্তানের বিচ্ছিন্ন অংশ হিসেবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই পরিবেশে আত্মপ্রসাদের স্থান ছিল সামান্যই। অথচ আমাদের সাহিত্যসমাজ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে তাদের প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছিলেন জিন্দাবাদের কোরাস। আমি এই কোরাসে গলা মেলাইনি। (পৃ ৩০)
আবুল হোসেনের কৃতিত্বটা এখানেই। শুধু পাকিস্তান আমলেই নয়, তিনি তাঁর কাব্যজীবনের কোনো পর্বেই কোরাসে গলা মেলাননি। নিজের পথে তিনি সবসময়ে নিজের মতো করে চলেছেন। তাঁর কবিতায়ও সেসবের প্রতিফলন দেখতে পাই। তিনি জানেন যে, দলবেঁধে আর যা-ই হোক সাহিত্য, অন্তত কবিতা, হয় না। এ কারণে তিনি খানিকটা নিঃসঙ্গও বটে। তবে কবির জন্য নিঃসঙ্গতা-নির্জনতা তো এক ধরনের আশীর্বাদ। নতুবা রিলকে কেন বলতে যাবেন, ‘Go into yourself and test the deeps in which your life takes rise; at its source you will find the answer to the question whether you must create m.’ তিনি এ-ও তো বলেছিলেন, ‘It is good to be solitary, for solitude is difficult.’ কাব্যসাধনা তো এই কঠিনেরই সাধনা। যা কিনা কোরাসের সমবেত চিৎকারের বিপরীত। এতে শস্তা হাততালি বা জনপ্রিয়তা হয়তো মেলে না, কিন্তু যা পাওয়া যায় সেটি অবশ্যই ঐশ্বর্যময়। শুধু রিলকে কেন, আমাদের বুদ্ধদেব বসুও বলেছেন : ‘নিরন্তর নিজেকে নিয়েই ঘর করতে হয় মানুষকে, প্রয়োজনমতো অনন্যভাবে নিজেরই উপর নির্ভর করতে পারলে তার প্রাণের ভাণ্ডারে অপব্যয় ঘটে না।’
এই ‘অপব্যয়’ আবুল হোসেনের বেলায়ও ঘটেনি, তবে এর জন্য তাঁকে অনেক মূল্য দিতে হয়েছে। তিনি আয়কর বিভাগ থেকে অনেকটা স্বেচ্ছায় এসেছিলেন রেডিও
পাকিস্তান, ঢাকায় এবং সেখানে তাঁকে অনেকসময়েই অন্যের উপেক্ষা সহ্য করতে হয়েছে। কবি অবশ্য মুখফুটে কাউকে কিছু বলেননি, তবে মনে-মনে খানিকটা আহত যে হয়েছেন, সেটি পাঠকদের খোলাখুলিই বলেছেন :
আমি যদিও পাকিস্তান হওয়ার পূর্বে কখনো পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করিনি, তবু কট্টর পাকিস্তানি বলে আমার কোনো পরিচয় ছিল না। যাদের ছিল তাদের অনেকেই সেইসময় রেডিও পাকিস্তান, ঢাকায় কাজ করতেন। তারা আমাকে কীভাবে নেবেন, কে জানে। তাই কাজে যোগ দেওয়ার পর আমি কখনো নিজেকে জাহির করতে চাইনি, লেখক হিসেবে অনেকের চেয়ে বেশি পরিচিত হওয়া সত্ত্বেও। কিন্তু সেই পরিচয়ের স্বীকৃতিটা আমার সহকর্মীদের মধ্যে কেউ আমাকে দেয়নি। (পৃ ৪৭)
আমরা বিস্ময়ের সঙ্গে এ-ও লক্ষ করি, ১৯৪০ সালের পর কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ বিরস সংলাপ প্রকাশিত হচ্ছে ১৯৬৯ সালে! পুরো পাকিস্তান আমলে তাঁর এই একটিই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই বই সম্পর্কে আবুল হোসেনের নিজের মূল্যায়ন এমনটি :
কে কীভাবে তার গন্তব্য পথ ধরেন জানি না। সবাই একইভাবে চলেন না। বলার কথাটা নিয়ে তত ভাবিনি, যত না চলার ব্যাপার নিয়ে ভেবেছি এবং যতদিন তা পাইনি, অন্বেষণ থেকে ক্ষান্ত হয়নি। আমি জানতাম নিজের বলার কথা তো আমি পেয়ে যাব জীবনের কাছে। অভিজ্ঞতাই তা আমাকে দেবে। সেই কথাটা নিজের মতো করে বলার কলাকৌশল আমার নিজেকেই আয়ত্ত করতে হবে। আমি প্রথম থেকেই সেটা খুঁজতে থাকি এবং কিছুদিনের মধ্যেই, চল্লিশের দশকের মাঝপথেই, সেটা পেয়ে যাই। দু’-তিনটা কবিতা বাদ দিলে এই বইয়ে তার স্বাক্ষর সবখানেই। আর সেজন্যই কবিতাগুলোর স্থান হয়েছিল ‘কবিতা’, ‘চতুরঙ্গ’, ‘নীরুক্ত’, ‘অরণি’, ‘দেশে’র মতো
পত্র-পত্রিকায়। বইটার নাম রেখেছিলাম ‘বিরস সংলাপ’। প্রতিকূল কথাবার্তা, অপ্রীতিকর আলাপ বোঝাতে। সেভাবে কেউ নিল না। (পৃ ১৭৮)
এবং বিরস সংলাপের মতো কবিতার বই তৎকালীন আদমজী সাহিত্য-পুরস্কার থেকেও বঞ্চিত হয়। বঞ্চনার গল্প এখানেই শেষ হয়নি। সরকারি চাকরির এক পর্যায়ে ব্যাংকক থেকে দেশে ফিরে এলে আবুল হোসেনকে তাঁর বারো বছর আগের পদে ফিরে যেতে বাধ্য করা হয়। এটিকে তিনি ‘সরকারি চাকরিজীবন ধ্বংস’ করে দেয়া হিসেবে অভিহিত করেছেন। এর নেপথ্যের কারণ (যা তিনি পরে জানতে পেরেছিলেন) তিনি বর্ণনা করেছেন এইভাবে :
জনসংযোগ ডিরেক্টর হিসেবে আমার নিয়োগ যখন… স্বাক্ষরিত হতে যাচ্ছিল, সেইসময় আমার এক বন্ধু, যিনি ছ’বছর আমার অ্যাসিসটেন্ট ডিরেক্টর ছিলেন এবং আমি বিদেশে গেলে একটি নতুন প্রকাশিত বাংলা দৈনিক সংবাদপত্রের ব্যবস্থাপক সম্পাদক হন, শফিউল আজমকে গিয়ে বলেছিলেন, ‘আপনি এ কী করছেন? জানেন না, আবুল হোসেনের সব বন্ধু-বান্ধব ভারতে? সে এ দেশের কাগজে লেখেই না।’ (পৃ ১৮১)
এখানে বলা প্রয়োজন, শফিউল আজম তখন ছিলেন ‘চিফ সেক্রেটারি’। তারপরও আবুল হোসেন শফিউল আজমের নামে কোনো বিসংগত মন্তব্য করেননি। শুধু শফিউল আজমই নন, এই গ্রন্থে কারোর নামেই তা করেননি। তার মানে এই নয় যে, তিনি ‘মন্দ’কে মন্দ বা ‘ভালো’কে ভালো বলেননি। বলেছেন, কিন্তু মাত্রাজ্ঞানটা সবসময়ে বজায় রেখেছেন। মনে হয়েছে, আবুল হোসেন শুধু বড় কবিই নন,একজন সত্যিকার আবুল হোসেন রুচিমান মানুষও। এই দীর্ঘজীবনে যাঁদের তিনি পছন্দ করেছেন, তাঁদের কথাও বলেছেন, রয়ে-সয়ে, প্রশংসার জোয়ারে কাউকে একেবারে ভাসিয়ে নিয়ে যাননি। ছোট্ট একটি উদাহরণ এখানে তুলে দিচ্ছি। আবুল হোসেন লিখছেন :
খায়রুল কবির ও আহমদুল কবির এবং তাদের ভগ্নিপতি সৈয়দ নূরুদ্দীনের সঙ্গে আমার পরিচয় ঢাকায়, অপেক্ষাকৃত পরে। কবির ভ্রাতৃদ্বয় চল্লিশের দশকে কলকাতায় ছিলেন, কিন্তু তখন তাদের সঙ্গে আমার দেখা হয়নি। এই তিনজনের মধ্যে নূরুদ্দীনের সঙ্গেই হয়েছিল আমার গভীর বন্ধুত্ব। সম্ভবত এই জন্য যে আমাদের প্রধান আগ্রহ ও অনুরাগ ছিল একই বিষয়ে, সাহিত্যে। খায়রুল কবির ও আহমদুল কবিরের হৃদয়ের উষ্ণতার স্পর্শ যা পেয়েছি, তা অবিস্মরণীয়। খায়রুল ও আহমদুলের জগৎ ছিল ভিন্ন। কিন্তু একটি জায়গায় দুইভাই ছিলেন অভিন্ন। সামাজিক জীবনে তাদের আচার-আচরণের প্রকৃতি ছিল একইরকম। মৃদুভাষী, উদার, সহনশীল। (পৃ ১৮১)
এরকম উদাহরণ ফররুখ আহমদ, আহসান হাবীব, আবু রুশ্দ, শওকত ওসমান, গোলাম কুদ্দুস, ওয়ালীউল্লাহ, রশীদ করিম, শামসুর রাহমান প্রমুখের ক্ষেত্রেও এই গ্রন্থে দেখা যায়। শুধু বন্ধু, সহকর্মী বা অনুজ কবি-সাহিত্যিকদের প্রসঙ্গেই যে তিনি কথা বলেছেন, তা নয়; শেরে বাংলা, জসীমউদ্দীন, আব্বাসউদ্দীন, ড. মুহম্মদ শহীদুল্লাহ, জয়নুল আবেদিনের প্রসঙ্গও নানা জায়গায় ঘুরে-ফিরে এসেছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আবুল হোসেনের মূল্যায়ন এখানে উল্লেখ করার মতো :
পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববাংলায় এমন কেউ ছিলেন না, যাকে সবাই শ্রদ্ধা করে, যাকে বলা যায় সর্বজনমান্য।… স্বাধীনতা পাওয়ার পরপরই যে প্রেরণাময় ব্যক্তি ছিল আমাদের অন্বিষ্ট, একমাত্র ড. শহীদুল্লাহই ছিলেন চারিত্রিক গুণে তার কাছাকাছি। পণ্ডিত, কর্তব্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, নির্ভীক। তবু দেশের মানুষ তাকে কখনো সেভাবে দেখেছে কিনা সন্দেহ। যে ব্যক্তি আজীবন শিক্ষার সঙ্গে অবিচ্ছিন্নভাবে সম্পৃক্ত ছিলেন, যার তুল্য পণ্ডিত দেশে একজনও ছিল না, তিনি বিশ্ববিদ্যালয়গুলোর একটিরও ভাইস চ্যান্সেলর, এমনকী বাংলা একাডেমীর সভাপতি পদের যোগ্য বিবেচিত হলেন না, ভাবলে অবাকই হতে হয়। (পৃ ৩২-৩৩)।
তিন
দীর্ঘ কর্মজীবনে আবুল হোসেনকে অনেক বিদেশী ব্যক্তিবর্গের কাছাকাছি আসতে হয়েছে। কবি লুই ম্যাকনিস (খড়ঁং গধপহরবপব), কবি রসুল হামজাতফ, ওস্তাদ আলাউদ্দীন খাঁ, বাহাদুর হোসেন খান প্রমুখ। আবুল হোসেন রেডিওতে থাকাকালীন সময়ে ম্যাকনিসকে দিয়ে দুটি অসাধারণ কবিতা রেকর্ড করে নিয়েছিলেন এবং পরে তা রেডিও থেকে প্রচারিতও হয়। এই তথ্য জেনে আমরা রোমাঞ্চিতও হই খানিকটা। কোন কবিতাদুটো পড়েছিলেন ম্যাকনিস? আবুল হোসেন জানাচ্ছেন, কবিতাদুটো হচ্ছে, ‘Prayer Before BirthÕ I `The Sunlight on the Garden’ (বইতে অবশ্য ছাপা রয়েছে Sunlight in the garden)। কবি ম্যাকনিস সম্পর্কে তো বলাই হয়, ‘His work is very readable, he is never boring, he is an excellent craftsman.’ আর ওই কবিতাদুটির কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করার লোভ সামলানো দায় (পাঠক, মনে করবেন না দয়া করে যে, বিদ্যে জাহির করছি!) :
The Sunlight on the garden/ Hardens and grows cold, / We cannot cage the minute/ Within its nets of gold,/ When all is told/ We cannot beg for pardon (The Sunlight on the Garden) Avi ÔPrayer before Birth’ -এর কয়েকটি পঙ্ক্তি :
I am not yet born; O hear me./ Let not bloodsucking bat or the rat or the stoat or the/club-footed ghoul come near me./ I am not yet born, console me./ I fear that the human race may with tall walls wall me,/ With strong drugs dope me, with wise lies lure me,/ on black racks rack me, in blood-baths roll me.
অবশ্য আবুল হোসেন ‘দুঃসংবাদ’ জানিয়ে বলেন :
‘সেই সময়ে রেকর্ড সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। রেডিও পাকিস্তানে শুধু ওয়্যার রেকর্ডিংই হতো। তা বেশিদিন ধরে রাখা যেত না। ম্যাকনিসের আবৃত্তিও একসময়ে লুপ্ত হলো। ম্যাকনিসের আবৃত্তির রেকর্ডিংটা আমার ব্যক্তিগত সম্পত্তি ছিল না। তবু সেটি হারাবার দুঃখ বুকে কম বাজেনি। (পৃ ১০০)
শুধু কবিই নন, আবুল হোসেন একজন সফল অনুবাদকও বটে। তাঁর অন্য ক্ষেতের ফসল (জুন, ১৯৯০) গ্রন্থে সেই সফলতার নিদর্শন রয়েছে। আবুল হোসেনের এই স্মৃতিকথায় কবি ইকবালের কথা নানা প্রসঙ্গে এসেছে। আবুল হোসেন ইকবালের কবিতাও অনুবাদ করেছেন। ইকবাল-বিষয়ে আবুল হোসেন বলেছেন :
… বয়স যখন কম ছিলো, তখন উর্দুতে যেসব… কবিতা ইকবাল লিখেছিলেন, যার বিষয় সৌন্দর্যপ্রীতি, দেশপ্রেম, প্রাত্যহিক জীবনের নানা খুঁটিনাটি অভিজ্ঞতা, সেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমি অনুবাদের জন্য এইসব কবিতার মধ্য থেকে কিছু বেছে নেই। বিশেষ করে ব্যঙ্গ-বিদ্রƒপ ও ভর্ৎসনা মেশানো এইসব কবিতা, যেখানে ইকবাল সাধারণ মানুষের জীবনের নানাবিষয় ও সমস্যাগুলো তুলে ধরেছেন, সেখানে তিনি তাঁর অভ্যস্ত আকাশবিহার থেকে নেমে এসে বসেছেন মাটির মানুষের কাছাকাছি। কবিতা তো, এক একটি হীরের টুকরো। (পৃ ৮০)
আবুল হোসেনের অনুবাদকৃত ‘বিদ্রোহী মুরীদ’ থেকে কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করছি :
মাটির চেরাগও জ্বালাতে পারিনে আমরা,/ পীরের প্রাসাদে বিজলীর সে কী বাহার।/ শহুরে কি গেঁয়ো যা হোক মুসলমানরা/ বড় সাদাসিধে।… / নজ্রানা নয়, সুদের ব্যবসা এদের।/ সব ফকীরের কামিজ খুললে মেদের -/ মাসের তলায় দেখবে ডাকাত লুকায়।/ পেয়েছে পীরের গদি এরা মালিকানায়।/ পাতি কাক যত বসেছে বাজের বাসায়।
চার (এক)
এই স্মৃতিকথায় আবুল হোসেন সাহিত্য-অনুচিন্তন নানা জায়গায় বিচ্ছুরিত হতে দেখি। সাহিত্যবিষয়ক সেই মন্তব্যগুলো থেকে কয়েকটি এখানে তুলে ধরছি :
ক. আমি মনে করি মূলভাষা না জেনে কবিতা অনুবাদ করতে যাওয়া অনুচিত। একেই কবিতার অনুবাদ দুঃসাধ্য, তার ওপর অনুবাদের অনুবাদ বহুদূরে সরে যাওয়াই স্বাভাবিক। (পৃ ৮২)
খ. লেখক হওয়া ভাগ্যের ব্যাপার। তারা জন্মায়, তাদের তৈরি করা যায় না। ভেতরে পদার্থ না থাকলে কাঠখড় পুড়িয়ে লেখক হওয়া অসম্ভব।… শিক্ষার মাধ্যমে মানুষ শুধু তাঁর রুচিকেই উন্নত করে। (পৃ ৩৭)
গ. পাকিস্তানের প্রথম বছরে আবু জাফর শামসুদ্দিন ও নাসির আলীর সাহিত্যবার্ষিকী ‘নয়াসড়কের’ পরে উল্লেখযোগ্য প্রকাশনা আশরাফ সিদ্দিকী ও আবদুর রশীদ খানের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত ‘নতুন কবিতা’। তরুণ-কবিদের কবিতা-সংকলন। …যে কবিরা ‘নতুন কবিতা’য় স্থান পেয়েছিলেন তাদের কেউ সেইসময় প্রতিনিধিত্বমূলক কাব্য-সংকলনে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন কিনা সন্দেহ। (পৃ ৪২)
ঘ. আন্তরিকতা এমনই একটা ছোঁয়াচে জিনিস, যা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। … প্রাঞ্জলতা ও স্পষ্টতাই … গদ্যের প্রধান শর্ত। (পৃ ৫৭) ইত্যাদি।
চার (দুই)
আবুল হোসেন দীর্ঘসময় সরকারি চাকরি করেছেন। সাহিত্যচর্চা ও চাকরি – এই দুয়ের দ্বন্দ্ব নিজের জীবনে কীভাবে সমন্বয় করেছিলেন সে-বিষয়ে তিনি লিখেছেন :
নিজের পেশাতেই তো মানুষ খুঁজে পায় জীবনের প্রধান কাজ। … আমাকে সারাজীবন সরকারি চাকরি করতে হয়েছে। তবু আমি তাকে কোনোদিন আসল কাজ বলে ভাবিনি। লেখালেখিকেই আমি দিয়েছি আমার প্রধান কাজের স্বীকৃতি। সেটা শখ নয়, নেশাও নয়, তার চেয়ে অনেক বেশি। (পৃ ৯০)
তৎকালীন পাকিস্তানি শাসকবর্গের ব্যর্থতা সম্বন্ধে আবুল হোসেনের মূল্যায়ন এরকম :
এগুলো একদিনে হয়নি। এর শুরু ’৫২ সালের ভাষা আন্দোলনে। তারপর একদশকেরও বেশি বৈষম্যমূলক আচরণে পূর্বপাকিস্তানে অসন্তোষ
কিভাবে ধূমায়িত হচ্ছিল, …পাকিস্তানের শাসকগোষ্ঠী তা কখনো অনুধাবণ করেনি। তারা একের পর এক ভুল করে যাচ্ছিল। খামকা এমন সব বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছিল যার কোনো প্রয়োজন সত্যি ছিল না।… যেমন রেডিওতে রবীন্দ্রসঙ্গীতের প্রচার। … আমাদের মানস পরিমণ্ডল সম্পর্কে পাকিস্তানের শাসকদের যদি বিন্দুমাত্র ধারণা থাকত তাহলে তারা কখনো এই প্রশ্ন তুলত না, আসলে বাঙালি মুসলমানের সংস্কৃতির বৈশিষ্ট্য ও ভিন্নতা সম্পর্কে ভ্রান্ত ধারণাই ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভেদের অন্যতম প্রধান কারণ। রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে বাঙালি মুসলমানরা অমুসলমান হয়ে যায়নি …। (পৃ ১৫৯-১৬০)
পাকিস্তানের গণতন্ত্রচর্চায় ব্যর্থতা সম্পর্কে বলেছেন :
মার্শাল ল’ পাকিস্তানের শাসকদের দিয়েছিল দারুণ ঔদ্ধত্য ও অনুভবতা। সেই জঙ্গলের আইন যখন উঠে গেল তখনো তাদের আচরণ ও মনোভাবের কোনো পরিবর্তন হলো না, তাদের অসহিষ্ণুতা ও উগ্রতায় তারতম্য দেখা গেল না।
(পৃ ১৬০)
কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধের পরবর্তী প্রভাব সম্পর্কে আবুল হোসেন লিখেছেন :
যুদ্ধের পরই পূর্ব পাকিস্তান উপলব্ধি করল তার আসল অবস্থা … পূর্বপাকিস্তানের স্বয়ংসম্পূর্ণ হওয়া ছাড়া উপায় নেই। বোমা ফাটালেন শেখ মুজিব ছয়দফা দাবি তুলে। আঁতকে উঠল পশ্চিম
পাকিস্তানিরা। কিন্তু ভয় পাওয়ার কী ছিল? ওই দাবির ভেতরের কথাটা তো পূর্ব পাকিস্তানের অর্থনীতিবিদরা অনেকদিন আগেই তুলে আসছিলেন। তাকে একটা রাজনৈতিক রূপ দিয়ে দাবি হিসেবে উত্থাপন করলেন শেখ মুজিব। (পৃ ১৫৯)
৭ই মার্চের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে বলেছেন :
রেসকোর্সে গিয়ে দেখি মানুষের বন্যায় ভাসছে মাঠ। … সারাক্ষণ এদিক-ওদিক, চারদিকে চোখ ফেরাই। এত লোক, তবু কোনো শোরগোল, বিশৃঙ্খলা নেই, শুধু একটা চাপা গুঞ্জন শোনা যায়, শান্ত সমুদ্রের মতো।… দেখি শেখ মুজিব দাঁড়িয়ে হাত নাড়ছেন। একটু পরেই শুনতে পেলাম, ‘ভাইসব’ – সেই জলদ-গম্ভীর স্বর। … সেই বিশাল জনতার সঙ্গে আমিও শুনেছিলাম এক অসামান্য বাগ্মিতা, মন্ত্রমুগ্ধের মতো। ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। শব্দগুলো বুকে ঝনঝন করছিল। বাসায় যখন ফিরে এলাম তখনো সেই সম্মোহন কাটেনি।
(পৃ ১৮৬)
শেখ মুজিব, ছয়দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ৭ মার্চকে বাদ দিয়ে যারা স্বাধীনতার ইতিহাস লিখতে চান, তাদের জন্য ইতিহাসের করুণ দীর্ঘশ্বাস ছাড়া অন্যকিছু অবশিষ্ট থাকবে বলে আমরা মনে করি না।
পাঁচ
এই স্মৃতিকথা শেষ হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে। কবি আবুল হোসেন বলছেন :
আমি ১০টায় শুতে যাই। আজও তার ব্যত্যয় হলো না … ও (কবির স্ত্রী) ওর অভ্যাসমতো বিছানায় একটা বই নিয়ে বসল। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে পড়ে না। হঠাৎ ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে গেল। … আমি এক ঝটকায় বিছানার তোশকটা খাটের পাশে মেঝেতে ফেলে আলো নিভিয়ে দিয়ে বলি, শিগগির নিচে শুয়ে পড়, শুয়ে পড়। …
আমাদের বাসার পাশে রাস্তা দিয়ে ঘরঘর শব্দে ট্যাঙ্ক যাচ্ছে। … গুলির শব্দ থামছে না, অসহায় আর্তমানুষের আর্তনাদে আকাশ বুঝি ফেটে যাবে। ও শক্ত করে আমার হাতটা মুঠোয় ধরে আছে। অন্ধকারে মুখ দেখা যায় না। স্পর্শ থেকে বুঝি জেগে আছে। মনে হচ্ছিল এ রাত আর শেষ হবে না। সময় বুঝি থেমে গেছে। একসময় আমার ভাবনার প্রতিধ্বনি করেই ও অস্ফুট স্বরে বলে ওঠে, ‘ইয়া আল্লাহ, এই দোজখ তো আর সহ্য হয় না। কী করে আমরা এই জালিমদের হাত থেকে নিস্তার পাব। (পৃ ১৮৯-১৯০)
যেন পাকিস্তান সৃষ্টির আর ভেঙে যাওয়ার ইতিহাস এইটি। আবুল হোসেনের কৃতিত্ব এখানেই যে, তিনি ব্যক্তিগত স্মৃতিকথার মধ্যেও অনবদ্যভাবে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কাহিনী বর্ণনা করেছেন। এইজন্যই বোধকরি বলা হয়, ‘ভালো কবি মাত্রেই সমাজসচেতন’। তবে এই রাজনৈতিক-সচেতনতা আবুল হোসেনের কবিতার শিল্পিত-বিভায় আঁচড় দিতে পারেনি, ক্ষত সৃষ্টি করতে পারেনি। আর এক ভুবন আবুল হোসেনের জীবনেরই একটি পর্ব। এখানে নিজেকে কেন্দ্রে রেখেই তিনি তাঁর স্মৃতিকথায় নানা বিবরণ পেশ করেছেন। কবির নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি এই স্মৃতিকথাকে শুধু ব্যক্তিগত জীবন বা শুধুই সামাজিক-রাজনৈতিক বিশ্লেষণ থেকে রক্ষা করেছে। একে বলতে পারি একটি বহুমাত্রিক স্মৃতিকথা, যার ভাঁজে-ভাঁজে একজন মানুষের স্বপ্ন, আশা, আনন্দ, বেদনা, ব্যর্থতা – এইসব তো আছেই, সেইসঙ্গে আছে সেই মানুষের চারপাশের জীবন। নিজেকে সঠিকভাবে চেনার একটি প্রচেষ্টা আবুল হোসেনের মধ্যে বরাবরই আমরা লক্ষ করি এবং বোধকরি সে-কারণেই তাঁর চারপাশের জগৎ ও মানুষের বিষয়ে এই কবির বিশ্লেষণ খুবই যথাযথ – এইটি স্বীকার করতে কারোরই দ্বিধা আছে? এইখানে তিনি যেন পরমজ্ঞানীর মতো নিজের কথা, নিজের চারপাশের কথা বলে গিয়েছেন। ‘কবি’তো এক অর্থে দ্রষ্টাও বটে। আর পরমজ্ঞানীরই আছে সে-বিষয়ের নিজস্ব অধিকার। ‘তাও’বাদে স্বীকার করা হয় : ‘মানুষকে জানা জ্ঞানের লক্ষণ, নিজেকে জানা বুদ্ধির উন্মেষ।’
আবুল হোসেনের স্মৃতিকথায় এই দুইয়ের অসাধারণ সমন্বয় লক্ষ করি। এই কবির আবেগ, অনুভূতি, মনন – এসবের কোনোটিই একরৈখিক নয়, নয় কোনো বিশেষ মতবাদশাসিত। ‘তাও’বাদ বলে : ‘The saint has no fixed mind. He makes the mind of the people his own, (saying) : ‘The good I treat well, and the not-good I also treat well; Thus I obtain goodness.’
এ-সবই যেন আমাদের এই কবির আয়ত্ত। লেখকের মাত্রাজ্ঞান, সংযত মন্তব্য, চিন্তার প্রাঞ্জলতা, বক্তব্য-প্রকাশের স্পষ্টতা একটি বিরল বিশিষ্টতা দিয়েছে এই গ্রন্থকে। যে-বিশিষ্টতা আমাদের বাংলাদেশের সাহিত্যে দুর্লভ। আমরা আরো বুঝতে পারি, মাত্রাচেতনা মানুষকে কতটা সূক্ষ্মদৃষ্টিভঙ্গির, কতোটা অসামান্য অনুভূতিসম্পন্ন করে গড়ে তুলতে পারে। বোধকরি, নিরন্তর প্রচেষ্টার মাধ্যমেই আবুল হোসেন এইসব গুণাবলি অর্জন করেছেন। আর সেই গুণাবলির শিল্পিত প্রকাশ লক্ষ করি তাঁর কবিতায়, তাঁর গদ্যে এবং অবশ্যই তাঁর আর এক ভুবন গ্রন্থে।

Leave a Reply
You must be logged in to post a comment.