পাঠকের চিঠি

রাশিদ আসকারীর

‘নারী-ভাবনা’

কালি ও কলমের দ্বিতীয় বর্ষ : দ্বিতীয় সংখ্যায় (চৈত্র ১৪১১) নারী বিভাগে প্রকাশিত গবেষক, প্রাবন্ধিক, লেখক, সমালোচক, কলামিস্ট অধ্যাপক রাশিদ আসকারীর (পূর্বনাম হারুন-উর-রশিদ আসকারী) প্রবন্ধ ‘নারী-ভাবনা : ইতিহাস ও সমীক্ষণ’ প্রবন্ধটি পড়ে সে-বিষয়ে পাঠকের চিঠি বিভাগে কিছু লেখার লোভ সামলাতে পারলাম না।

সৃষ্টির আদি থেকেই নারী এক রহস্যময়ী বিষয়। ইসলাম ধর্মের মতানুসারে যদি বলি, তাহলে হাওয়া (আঃ) কর্তৃক আদম (আঃ)-কে, সৃষ্টিকর্তার নিষেধ থাকা সত্ত্বেও, নিষিদ্ধ গন্ধম ফল খাইয়ে, সৃষ্টিকর্তা কর্তৃক ধিকৃত হয়ে মাটির পৃথিবীতে ছিটকে পড়া – এর মূলেও কিন্তু একজন নারী। সৃষ্টিকর্তার প্রথম আদেশ অমান্য করেছে নারী। দুঃসাহসী ভূমিকা বইকি! প্রাবন্ধিক অবশ্য ইভ ও অ্যাডামের প্রসঙ্গ উল্লেখ করলেও এই বিষয়টি জোরালোভাবে আনেননি।

নারী-বিষয়ে বিতর্কের শেষ নেই। পৃথিবীর বহুবিধ মূল আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু এখন নারী। রাশিদ আসকারী এ-সময়ে এরকম সময়োপযোগী প্রবন্ধটি উপহার দিয়ে সেই আলোচনায় নিজেকেও উপস্থাপন করেছেন অত্যন্ত যৌক্তিকভাবে। প্রবন্ধটির প্রথম পর্ব অত্যন্ত চমৎকার, তবে যথেষ্ট ভয়ের কারণও আছে। প্রবন্ধের প্রথম পর্যায়গুলো পড়ে পুরুষতান্ত্রিক সমাজ ও সমাজব্যবস্থা শিহরিত হবে, পুলকিত হবে। কিন্তু অপরপক্ষে নারীরা হয়ে উঠবে বিদ্রোহিনী ও আরো পুরুষবিদ্বেষী। ধীরে ধীরে যখন প্রবন্ধটির পাতা উলটিয়েছি, প্রবেশ করেছি যখন গভীরে, ধীরে ধীরে কেটেছে ভয়-শঙ্কা। অনুমিত হয়েছে প্রবন্ধটি আসলে নারী-বিরোধিতা নয়, বরং নারীজাতির উদ্ধার, তাঁদের অধিকার, পৃথিবীতে তাঁদের আরো সম্মানিত করার দুর্বার প্রচেষ্টা।

প্রাবন্ধিক এ-প্রবন্ধে প্রথমত নারীদের নেগেটিভ রোলে উপস্থাপন করেছেন পৃথিবীর বিখ্যাত প্রায় সব মনীষীর লেখায়, বক্তব্যে ও মন্তব্যে। বিশেষত মার্কিন-ব্রিটেন-ফ্রান্সের কবি-লেখক-দার্শনিকদের উদ্ধৃতিগুলো অত্যন্ত যত্নশীল ও চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন। সমান্তরালভাবে প্রাবন্ধিক এগিয়ে গেছেন প্রবন্ধের মধ্য দিয়ে অত্যন্ত সুকৌশলে। নারীকে তিনি বোঝাতে চেয়েছেন ধর্মীয় দৃষ্টিকোণে, দার্শনিকের দর্শনে আর লেখকের লেখায়। নারীর বিভিন্ন দুর্বল কলুষিত রূপের বাইরে তিনি তাদের আবার উপস্থাপন করেছেন পজিটিভ দৃষ্টিতে। নারীর কত রূপ, অথবা একই দেহে কত রং! প্রবন্ধটি কিছুটা হলেও সেদিকে দৃষ্টি ফেরায়। প্রাবন্ধিকের রচনার ঢঙ-রূপ-রীতি ও বুনন-কৌশল চমৎকার।

প্রাবন্ধিক রাশিদ আসকারীর প্রবন্ধের কিছু উদ্ধৃতিতে নারীদের কিছুটা দুর্বলচিত্তের চরিত্র বলে দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে তা নয়। বরং পুরুষের প্রতি প্রতিশোধ-পরায়ণতা, বড় হবার স্বপ্ন (থাকতেই পারে), পুরুষজাতিকে পেছনে ফেলে ক্রমশ সম্মুখে অগ্রসর হবার চেষ্টায় তারা কিন্তু মরিয়া এবং যথেষ্ট সফলও। তৃতীয় বিশ্বের নারীরাই শুধু নয়, এখন বিশ্বের প্রধান দেশগুলোতে নারীরা সরাসরি ক্ষমতাধর এবং পুরুষজাতির নির্মম প্রতিনিধি।

নারীরা নিজেদের অধিকার নিয়ে দারুণ উৎকণ্ঠিত-উদ্বেলিত, পরিশেষে উজ্জীবিত সারাবিশ্বে। কিন্তু আমার ধারণা, নারীর অধিকারের বিষয়টি এমনভাবে তামাম দুনিয়ায় ঝড় তোলার পেছনে পুরুষজাতিরই মূল ভূমিকা রয়েছে। আর প্রাবন্ধিক তাঁর প্রবন্ধেও দেখিয়েছেন, বিশ্বের বহু পণ্ডিতের লেখা- চিন্তাচেতনা-দর্শনে নারীর অধিকারের বিষয়টি উচ্চকণ্ঠ। রাশিদ আসকারী সাম্প্রতিক সময়ের নারী-রূপের কোনো আলোচনায় কিন্তু গেলেন না। বহুকাল ধরে নারীজাতি জেনে আসছে, শুনে আসছে, পুরুষই হচ্ছে নারীর প্রধান অন্তরায় ও অত্যাচারের বাহন। বর্তমান প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। নারীরাই এখন পুরুষকে অত্যাচার করে, তাদের প্রতি অবিচার করে, পুরুষবিরোধী আচরণে নারীরা এখন সমানভাবে নয়, বরং বেশি পারদর্শী। নারীরা এখন মমতাময়ী মা নয়, নবজাতকের হন্তারক স্বার্থসিদ্ধিতে। প্রেমিক স্বামীটিকেও নীরবে হত্যা করে, পালায় নারী নিভৃতে-নীরবে-নির্জনে। একাধিক সন্তানের মা হওয়া সত্ত্বেও অন্য পুরুষের প্রতি তাদের নির্দয় আসক্তি ও ঘরবাঁধার নজিরও কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। নারী-অধিকারের কথা বলে পুরুষেরা, কিছুকাল পর পুরুষ-অধিকারের কথা আসবে, নারীরা সে-যাত্রায় শামিল হবে তো?

প্রবন্ধটিতে নারীর অধিকার-বিষয়ে আলোচনা- সমালোচনা হয়েছে পৃথিবী-বিখ্যাত মানুষদের মন্তব্যে-লেখায়। সেই আলোচনায় নারীরা ফিরে পায় প্রাণশক্তি। এটা তো সত্য যে, পুরুষের লেখা, তাদের আন্দোলন ছাড়া, নারীর অধিকার অলীক কল্পনা। প্রাবন্ধিক ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতিতে নারীর পরিচয় এনেছেন। হিন্দুধর্মের গ্রন্থগুলোর বিবরণ একটু বেশি যুক্ত হয়েছে বলে মনে হয়। অন্য সকল ধর্মের উদ্ধৃতি আরো বেশি থাকলে ভালো হতো। প্রবন্ধটিতে আন্তর্জাতিক সাহিত্য-দর্শনের প্রভাব উল্লেখযোগ্য, সেক্ষেত্রে বাংলা সাহিত্য কিছুটা ম্লান। বাংলা সাহিত্যে কিন্তু নারী-বিষয়ে প্রচুর লেখা এবং সমৃদ্ধ লেখক রয়েছেন। যদিও এ-প্রবন্ধে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দুই পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) ও কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) মূল্যায়ন আছে। রবীন্দ্রনাথ নারী সম্পর্কে দ্বিধা-সংশয়গ্রস্ত বিশ্বকবি, নজরুল নারীকে কল্যাণকর সৃষ্টির অর্ধেক কৃতিত্ব দিয়েছেন, আবার দোষারোপ করে বলেছেন, নারী লোভী, নারী এক পেয়ে তৃপ্ত নয়, তারা যাচে বহুজন। প্রাবন্ধিক তাঁর আলোচনায় রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০-১৮৯১) যুগের নারীদের প্রসঙ্গ এড়িয়ে গেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৭৬-১৯৩৮) সাহিত্যে নারীর ভূমিকা অপরিসীম। প্রাবন্ধিক তাঁকে কেন যত্নসহকারে আনলেন না, তা বোঝা গেল না। বাংলা সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ (১৮৯৪-১৯৫০), তারাশঙ্কর (১৮৯৮-১৯৭১) ও মানিক (১৯০৮-৫৬), কথাসাহিত্যে নারীরা অগ্রবর্তী ভূমিকা পালন করেছে। প্রাবন্ধিক তাঁদেরকে স্মরণেও আনলেন না। তিনি গ্রহণ করলেন না পঞ্চপাণ্ডব কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-৫৪), অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০), বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪) ও বিষ্ণু দের (১৯০৯-৮২) নারী-বিষয়ক কবিতার কোনো প্রসঙ্গ। বাংলা সাহিত্যের প্রথাবিরোধী লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের (১৯৪৭-২০০৪) নারী শিরোনামে বিখ্যাত একটি গ্রন্থ আছে, সে-প্রসঙ্গে প্রাবন্ধিক ভাববার কোনো অবকাশ পাননি দেখে বিস্মিত হয়েছি। যদিও দ্বিতীয় বিশ্বযুুদ্ধোত্তর নারীবাদী সমালোচনার বিবর্তনে লেখা সিমোন দ্য বোভুয়ার খব উবীঁরবসব ঝবীব (ঞযব ঝবপড়হফ ঝবী) (১৯৪৯) গ্রন্থের উদ্ধৃতি উপস্থাপিত হয়েছে। গ্রন্থটি শ্রদ্ধাভাজন হুমায়ুন আজাদ দ্বিতীয় লিঙ্গ (১৯৯৯) শিরোনামে অনুবাদ করেছিলেন। নারী-আন্দোলন, নারী-অধিকার-বিষয়ে তসলিমা নাসরিন অপাঙ্ক্তেয় নন। এ-বিষয়ে লেখার কারণে বাংলাদেশ ছেড়ে তাঁকে চলেও যেতে হয়েছে। এক-শ্রেণির মানুষ তাঁকে নারীবাদী লেখিকার খেতাব প্রদান করেছে। তাঁর কোনো উদ্ধৃতিও প্রাবন্ধিক আনেননি। এগুলো হতে পারে প্রথমত প্রাবন্ধিকের স্বেচ্ছায়, দ্বিতীয়ত অনিচ্ছায়, অথবা বাংলা সাহিত্যের প্রতি উদাসীনতায়।

এতকিছুর পরেও প্রবন্ধটিতে রাশিদ আসকারীর নির্মোহ দৃষ্টিভঙ্গি, ভাষার স্বকীয়তা, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, পরিশ্রমী প্রয়াস, মূল্যায়নে আন্তরিকতা, অধিকার-প্রতিষ্ঠার উদ্দেশ্য ও মানবতাবাদী ভাবের পরিচয় পাওয়া যায়। তাঁর এ-প্রবন্ধটি যুগপৎ স্বাতন্ত্র্য-বৈদগ্ধে ও চারুত্বে দীপ্ত। এরকম একটি প্রবন্ধ কালি ও কলমে প্রকাশিত হওয়ায় লেখককে সাধুবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পত্রিকাটির গুণী প্রকাশক, সম্পাদক ও অন্যান্যকে।

বাকী বিল্লাহ বিকুল

গবেষক, বাংলা বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

কালি ও কলম

কালি ও কলমের প্রকাশক, সম্পাদকসহ সবাইকে বৈশাখি শুভেচ্ছা। কালি ও কলমের গত সংখ্যাটি পড়ে মনে হলো এর পথচলা মসৃণ ও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে দিনের পর দিন। লেখার মানের সঙ্গে এর বানানরীতি ও প্রচ্ছদ আমাকে আকৃষ্ট করে বেশি। চিত্রকলা ও বিজ্ঞান-বিষয়ক লেখাগুলোও উৎসাহব্যঞ্জক, সেইসঙ্গে আছে বিভিন্ন বিদেশী লেখকদের অনূদিত রচনা। এগুলো আমার মতো সাহিত্যানুরাগী পাঠকের আকাক্সিক্ষত বিষয়। নীরুকুমার চাকমার লেখাটি বস্তুনিষ্ঠ হলেও এ লেখায় সার্তকে নিয়ে বিস্তৃত বর্ণনা বা তাঁর জীবনী পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার প্রয়াস লক্ষ করা যায়নি, এ-ব্যাপারে বিস্তারিত বর্ণনার প্রয়োজন ছিল। ছোটগল্পে স্বপ্নময় চক্রবর্তীর ‘চরণদাস চোর’ লেখাটি প্রশংসার দাবিদার। বাস্তবতা ও কল্পনার মিশ্রণ ঘটিয়ে লেখক পাঠককে চমৎকার একটি গল্প উপহার দেয়ায় তাঁকে আন্তরিক ধন্যবাদ।

বিদেশের চিঠি বিভাগে আনা ইসলামের ফ্রাঁস ভট্টাচার্যকে নিয়ে যে-সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তা আমার মতো নবীন পাঠককে এসব মহান ব্যক্তির জীবনী স¤¦ন্ধে জানতে উৎসাহিত করে বইকি।

কালি ও কলমের নিয়মিত লেখকেরা গুণী, বিবেকবোধসম্পন্ন ও বাস্তববাদী চেতনায় ঋদ্ধ, এতে সন্দেহের অবকাশ নেই। তাঁদের লেখা ও চিন্তাধারায় সাহিত্যাঙ্গনকে নবব্যঞ্জনায় সমৃদ্ধ করেছে। তবুও একটি বিষয় আমার কাছে অস্পষ্ট ও প্রশ্নবোধক, সেটি হলো, তরুণদের লেখা এতে এত কম থাকছে কেন? তরুণরাই তো আগামীর সাহিত্যের পথ-অন্বেষণে কান্ডারির ভূমিকা নেবে। আজকের তরুণদের মাঝেই হয়তো লুকিয়ে আছে কোনো রবীন্দ্রনাথ-নজরুল কিংবা জসীমউদ্দীন-জীবনানন্দ। তাদের খুঁজে বের করা এবং প্রতিভাবিকাশের পথকে প্রশস্ত করার দায়িত্ব তো প্রবীণ ও প্রতিষ্ঠিতদেরই। এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিতে পারে কালি ও কলম। তাই প্রত্যাশা, নবীনদের প্রেরণাসঞ্চারী লেখায় কালি ও কলম নবর্বষে নবভাবে বিকশিত হোক।

পরিশেষে আশা করব, কালি ও কলমের পরবর্তী সংখ্যাগুলোতেও আগের মতো গুণী লেখকদের সঙ্গে নবীনদের ক্ষুরধার লেখা প্রকাশ অব্যাহত থাকবে এবং নিত্যনতুন বিষয় ও আঙ্গিকে বিশিষ্ট হবে এর পথচলা।

অপু গোস্বামী

দুর্গাপুর, ময়মনসিংহ।

সংশোধনী

কালি ও কলমের মার্চ ২০০৫ সংখ্যায় প্রকাশিত চিঠির ছোট্ট একটি সংশোধনী। লেপার্ড উপন্যাসটির লেখকের নাম ল্যাম্পাদুসা – ছাপা হয়েছে উনামুনে। অনবধানতা আমারই। উনামুনে মূলত দার্শনিক, তিনি স্পেনীয়।

হাসান আজিজুল হক

রাজশাহী