সাম্প্রতিককালে শহরবাসী গড়পড়তা বাঙালির জীবনের উদ্যম এবং যৌবনের পরিধি পঞ্চাশ ছাড়িয়ে গেছে, ষাট-সত্তরেও লেখক-শিল্পীরা যথেষ্ট তেজোবান থাকেন – আয়ুর এই উজ্জ্বল অগ্রগতির যুগে সদ্য পঞ্চাশ-পেরোনো কোনো সৃষ্টিশীল এবং সচল কবির চলে-যাওয়া মেনে নিতে কষ্ট হয়। যারা তাঁর কাছের মানুষ, তাঁর জীবন ও কবিকৃর্তির উত্তরোত্তর বিকাশের সাক্ষী, তাদের কাছে এই আকস্মিক বিদায় ঝলমলে হেমন্তের ভোরে বজ্রাঘাতের মতো। এ-আঘাত মানুষকে আক্ষরিক অর্থে পাথর করে দেয়, স্থবির করে দেয়। কিন্তু মৃত্যু ধ্রুব। যে একবার জন্মেছে, তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। ধর্মগ্রন্থ বলে, মানুষের এই চিরবিদায় পূর্বনির্ধারিত। ঐশী বিধান-অনুযায়ী ঠিক-করা সময়ে মানুষকে যেতেই হবে। কিন্তু প্রিয়জনদের মন তা মানতে চায় না।
আবিদ আজাদ চলে গেল মাত্র ৫৩ বছর বয়সে, ২২ মার্চ সকালে। সাহিত্যের বিভিন্ন শাখায় পুরোপুরি সক্রিয় ছিল সে, বিশেষ করে কবিতায় – শারীরিক রুগ্ণুার একটানা নির্যাতন সত্ত্বেও। কিন্তু ও ছিল মূলত কবি, বিশুদ্ধ কবি ৷ আমাদের বড় বড় অগ্রজ কবিরা সত্তর কিংবা আশিতেও পাঠকের সামনে উপস্থিত রয়েছেন নিয়মিত (তাঁরা শতায়ু হোন), যাঁদের রচনা পঞ্চাশ অতিক্রম করার পর নতুন নতুন বাঁক নিয়েছে জীবন সম্পর্কে নতুন অভিজ্ঞতার রসায়নে। এ-ধরনের এক মাইলফলকের কাছে আবিদ আজাদও হয়তো পৌঁছে গিয়েছিল প্রায় । ঠিক তখনি হিমশীতল কুয়াশায় মহাজীবনের অতল গহ্বরে হারিয়ে গেল ও। এ-তো ওর যাবার সময় নয়। তবু কেন গেল? ঐশী প্রহেলিকা বোঝার সাধ্য মানুষের নেই ৷
আবিদ ছিল আমার প্রিয় বন্ধু, সতীর্থ কবি। সত্তরের উন্মাতাল কবিতাগ্রন্ত যৌবনে আমরা ছিলাম পরস্পরের সহচর। ১৯৭০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হলাম ইংরেজিতে, আবিদ বাংলায়। ও তখন কিশোরগঞ্জ থেকে সদ্য এসেছে ঢাকায়, পরনে পায়জামা, ওপরে ছেড়ে- দেওয়া ফুলশার্ট (আবিদকে আমি কখনো পাঞ্জাবি পরতে দেখিনি), মুখভর্তি পান, হাতে একটা ডায়েরি। আমি ওই সময়টায় দূর থেকে ওকে খেয়াল করেছি কেবল, এবং শুনেছি, ও ছড়া এবং মাঝে মাঝে কবিতা লেখে। নাম সুমন আল ইউসুফ। আসল নাম হাবীবুর রহমান, ডাক নাম রেনু। সদ্যস্বাধীন বাংলাদেশে ১৯৭২-এর ফেব্রুয়ারি কী মার্চে এক দুপুরে টিএসসি ক্যাফেটেরিয়ায় ওর সঙ্গে আমার প্রথম আনুষ্ঠানিক পরিচয়। আমি তখন একেবারেই অখ্যাত,
কবিযশপ্রার্থী এক তরুণ। আমি ইংরেজি অনার্সে পড়ি এবং কবিতা লিখি শুনে আবিদ আমার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাল, প্রচণ্ড উষ্ণতায় বাড়িয়ে দিল বন্ধুত্বের হাত । ওই উষ্ণতা পরবর্তীকালে জীবনের নানা ভোজবাজি এবং কূটচালের ফলে মাঝে মাঝে ফিকে হয়ে এসেছে, কিন্তু আমাদের মৌলিক বন্ধুত্বে সামান্যতম চিড় ধরেনি। যাক, টিএসসির ওই দুপুর থেকে আবিদ এবং আমার জীবন পরস্পরের সঙ্গে জড়িয়ে গেল, জীবন-জগৎ সম্পর্কে আমাদের নিজস্ব চিন্তাভাবনা তখনো নির্দিষ্ট আকার নেয়নি, তবু কবিতা-প্রকৃতি-নারী নিয়ে আমাদের ধারণায় কী-যে মিল ছিল সত্তরের দশকে! এরপর থেকে আমরা গলাগলি করে, শরিফ মিয়ার ক্যান্টিনে আটআনা প্লেটের বিরিয়ানি বা শুধু চা-সিঙ্গাড়ার ওপর
দিনভর আড্ডা দিতে দিতে, অজস্র লিটল ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকার সাহিত্যপাতায় লেখা ছাপতে ছাপতে বড় হয়েছি। সত্তরের দশকের কবিরা তখন দাপটের সঙ্গে বাংলাদেশের কবিতায় আসীন হয়ে গেছে। সুমন আল ইউসুফ, কিছুকাল পর সুমন সরকার —
পরবর্তী
–
সময়ের আবিদ আজাদ এবং আমার নাম তখন পাঠক-সমালোচকরা উচ্চারণ করেন এক নিশ্বাসে, পাশাপাশি। ১৯৭২ সালেই তরুণতম কবি হিসেবে আমাদের দুজনের কবিতা ছাপা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম কবিতার অ্যান্থলজি হে স্বদেশে। হে স্বদেশের প্রবন্ধ এবং ছোটগল্পের সংকলনও বেরিয়েছিল। প্রকাশ করেছিল বাংলাদেশ লেখক শিবির যার মধ্যমণি ছিলেন আবিদ এবং আমার অকৃত্রিম সুহৃদ আহমদ ছফা । হে স্বদেশের কবিতা-সংকলনটি সম্পাদনা করেছিলেন মুহম্মদ নূরুল হুদা এবং হুমায়ুন কবির । নূরুল হুদা ভাই তখন ইংরেজির ছাত্র, আমার তিন বছরের সিনিয়র। একই ডিপার্টমেন্টের বলে আমার প্রতি তাঁর বিশেষ মনোযোগ ছিল । তিনিই চেয়ে নিয়ে আমার একটি কবিতা ছেপে দেন আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত কণ্ঠস্বরে। এরপর থেকে আমি ওই পত্রিকার নিয়মিত লেখক; কবিতা ছাপি, গ্রন্থ-সমালোচনা লিখি, কবিতা অনুবাদ করি । আবিদ কখনো কণ্ঠস্বরে লেখেনি । কেন লেখেনি, আমার কাছে এ আজও এক রহস্য । ওকে এ-ব্যাপারে প্রশ্ন করলে উত্তর এড়িয়ে গেছে।
সত্তরের দশকে ঢাকা এবং চট্টগ্রামে আরো বেশকটি পরিপাটি লিটল ম্যাগাজিন এবং সাহিত্যপত্রিকা প্রকাশিত হতো। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কালপুরুষ, ইদানীং, সূচিপত্র (ছোটগল্পের কবিতা), কাক, স্বরগ্রাম, কালস্রোত, চতুর্মাত্রা, জনান্তিক, মনন ইত্যাদি । সাম্প্রতিক (ঢাকা), বিপ্রতীপ (বগুড়া) এবং অচিরা (চট্টগ্রাম) বেরুচ্ছিল ষাটের দশক থেকে। ঢাকা এবং চট্টগ্রামের লিটল ম্যাগাজিনগুলোতে আবিদ এবং আমার উপস্থিতি ছিল অপরিহার্য। কবিতার পাশাপাশি ওই সময়ে আমি ছোটগল্পও লিখতে শুরু করি এবং সেইসঙ্গে চলে অনুবাদ । সাহিত্যের এ দুই শাখায় আবিদের তেমন আগ্রহ ছিল না, যদিও আশি- নব্বইয়ের দশকে ও গদ্যরচনায় হাত দেয়। সাপ্তাহিক পত্রিকার ঈদসংখ্যায় ওর বেশকটি উপন্যাস বেরিয়েছে। নিজের প্রকাশনী শিল্পতরু থেকে গ্রন্থাকারে বের করেছে ওগুলোর কটি। কবিতার পাশাপাশি উপন্যাস-রচনাতেও আমার সঙ্গে ওর একটা সূক্ষ্ম প্রতিযোগিতা ছিল। একই ঈদসংখ্যায় আমার এবং ওর উপন্যাস থাকত পাশাপাশি। উপন্যাসের একটা নিজস্ব শৈলী তৈরি করছিল ও, কাব্যাচ্ছন্ন ছিল ওর ভাষা – কাব্যনাটকের মতোই চরিত্রের রক্ত-মাংসের অস্তিত্বের চেয়ে তাদের অন্তর্লোকের প্রতি ছিল ওর বেশি আগ্রহ।
আবিদ এবং আমার জীবন পুরো সত্তর এবং আশির দশকের কিছু সময় ছিল অবিচ্ছেদ্যভাবে জড়ানো। আবিদ স্কুল-কলেজের পড়াশোনা করেছে কিশোরগঞ্জ শহরে। আমি পৈতৃকভিটা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হলেও, জন্মসূত্রে ‘ঢাকাইয়া’। শৈশব কেটেছে মূলত যশোর এবং করাচিতে। করাচি থেকে ফিরে আসার পর আজ-অবধি আছি এই শহরেই। এখানেই আমার পড়াশোনা, বেড়ে-ওঠা। সত্তরের দশকে কবিতায় আত্মনিবেদিত হওয়ার পর বাসা থেকে আমি স্বেচ্ছা-নির্বাসিত, এস এম হলের অ্যাটাচ্ড স্টুডেন্ট, থাকি ক্লাসমেট আমিনুল ইসলাম ভুঁইয়ার সূর্য সেন হলের ৫০৪ নম্বর রুমে। বোর্হেমিয়ান জীবনের চূড়ান্ত পর্যায়ে তখন নেমে গেছি আবিদ এবং আমি। আবিদ কখনো থাকে ইদানীং সম্পাদক আজিজুল হক এরশাদ, আবুল হাসান এবং অন্যদের সঙ্গে চামেলীবাগে, কখনো কমলাপুরে ওর বড়বোনের বাসায়, কখনো এস এম হলে সাইয়িদ মনোয়ার ইলিয়াস, বা ফিউরি খোন্দকারের রুমে। মাঝে মাঝে সূর্যসেন হলের ৫০৪ নম্বর রুমেও ও ‘ফ্লোরিং’ করে থেকেছে। এ-সময় প্রায় অজান্তে আমাদের একটি দল তৈরি হয়ে গেছে, যাতে ছিল সত্তরের বেশ কজন প্রতিভাবান কবি, ছোটগল্পকার এবং অনুবাদক। সর্বোপরি, আমরা ছিলাম ভাবনায়, কল্পনায়, স্বপ্নে একে অপরের সঙ্গে যূথবদ্ধ। ইউনিভার্সিটির ক্লাস এবং খেয়াল-খুশিমতো টিউটোরিয়ালে হাজিরা দেওয়ার সময়টুকু ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকতাম একসঙ্গে। আবিদের সঙ্গে অবশ্য আমার একসঙ্গে কাটানো সময় গড়িয়ে যেত, কোনো কোনো দিন, গভীর রাত পর্যন্ত। কী-যে উত্তাল এবং ঘোর-লাগা দিন ছিল সেসব! আমাদের আড্ডা শুরু হতো ওই সময়ের পাবলিক লাইব্রেরির উত্তর পাশে একচিলতে সুপারিবনের লাগোয়া শরিফ মিয়ার ক্যান্টিনে। তারপর তা ছড়িয়ে পড়ত পাবলিক লাইব্রেরির হাওয়া-খেলানো, তিনদিক খোলা সুশীতল, মসৃণ, পাকা চত্বরে। সেখান থেকে কোনো পত্রিকা-অফিসের সাহিত্য সম্পাদকের ঘরে, তারপর বিকেলে আবার ইউনিভার্সিটি এলাকায়, সন্ধ্যার পর নিউ মার্কেটের মোনিকো রেস্তোরাঁয়। সদ্য সাহিত্যের নেশা-লাগা আমাদের দলটিতে ছিল মাশুক চৌধুরী, সাইয়িদ মনোয়ার, মুস্তাফা মহিউদ্দীন, ইলিয়াস আহমেদ, ফিউরি খোন্দকার, জাহাঙ্গীরুল ইসলাম, আতাহার খান, সুকান্ত চট্টোপাধ্যায়, হাফিজুর রহমান, মোস্তফা মীর, ফারুক মাহমুদ, মাহবুব হাসান, আবু করিম এবং আরো অনেকে। প্রায়ই আমরা আমাদের মধ্যে পেতাম নির্মলেন্দু গুণ এবং আবুল হাসানকে। রফিক আজাদ তখন টাঙ্গাইলে স্বেচ্ছা-নির্বাসন শেষ করে পাকাপাকিভাবে ঢাকায় এসে গেছেন।
আমার এবং আবিদের অর্থকষ্ট মাঝে মাঝে চলে যেত চূড়ান্ত পর্যায়ে। এদিকে পণ করেছি, বাড়ি থেকে টাকা আনব না, স্বাবলম্বী হবো। যৌবনের বিদ্রোহ আর কী! সেইসঙ্গে যুক্ত হয়েছে আউটসাইডারের বিষণ্নতা এবং এলিয়েনেশন। বেশ দ্রুত তখন আমরা দুজন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, ব্রাত্যজীবনের আস্বাদ নিচ্ছি তারিয়ে তারিয়ে। কিন্তু খিদে তো লাগে, গোসলে সাবানের প্রয়োজন হয়, ভোরে পেস্ট-ব্রাশ লাগে। আধপেটা খেয়ে, অথবা না-খেয়ে, সাতদিন ধরে একই কাপড় পরে দিন যাচ্ছিল আমাদের। ওই দুর্দিনে এক দুপুরে ছফা ভাই আমাদের দুজনকে নিয়ে হাজির হলেন হাটখোলায় এক সাপ্তাহিক বাংলা পত্রিকার অফিসে। পত্রিকার নাম দাবানল, মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে বেরুতো। এখন নতুন পর্যায়ে বেরুবে ঢাকা থেকে। ওই দুপুরে চাকরি হয়ে গেল দুজনের এবং চেয়ার-টেবিলে বসতে-না-বসতে মাসিক বেতন থেকে অগ্রিম টাকা ওইদিনই। ছফা ভাই বলেই এটি সম্ভব হয়েছিল। প্রচণ্ড স্নেহশীল এ-মানুষটির কাছে আমার এবং আবিদের কৃতজ্ঞতার অন্ত ছিল না। আর আমার সাংবাদিকতার হাতেখড়ি হলো ছফা ভাইয়ের হাত ধরে। দাবানলে আমরা ছিলাম বছরদেড়েকের মতো। এরপর আমরা যোগ দিই নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বঙ্গকণ্ঠ পত্রিকায়। সহকর্মী হিসেবে পাই সাইয়িদ মনোয়ারকে। আমাদের নারায়ণগঞ্জ যেতে হতো না। পত্রিকার লেখালেখির কাজ চলত পুরনো ঢাকার অ্যাবকো প্রেসে, ছাপা হতো ওখানেই। পত্রিকার সার্বিক দায়িত্বে ছিলেন মমতাজ ভাই। তিনি ব্রিফকেসে করে মাসের শুরুতে পত্রিকার তিন সাংবাদিকের জন্য বেতন নিয়ে আসতেন। বেতন দেওয়া হতো পাবলিক লাইব্রেরির দক্ষিণ দিকের সবুজ লনে। আমি, আবিদ এবং মনোয়ার সকাল দশটা-এগারোটা থেকে লাইব্রেরি এলাকায় মমতাজ ভাইয়ের জন্য উন্মুখ হয়ে থাকতাম। সময় কাটতে চাইত না। একের পর এক সিগারেট খাচ্ছি আমি এবং মনোয়ার, আর আবিদ পানে কালো জর্দার ডোজ বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে দেবদূতের মতো মুখে হালকা হাসি ছড়িয়ে লাইব্রেরি-চত্বরে ঢুকতেন মমতাজ ভাই। বেতন কত আর! দুশো, আড়াইশ। কিন্তু আমাদের ওই ঠা-ঠা ‘বেকারত্বে’র জীবনে ওটা বিশাল অঙ্ক। তখন টাকার মানও ছিল যথেষ্ট। বিকেল থেকে শুরু হতো আবিদ, মনোয়ার এবং আমার লাগামহীন মোচ্ছব। চলত গভীর রাত পর্যন্ত। এরকম সাত-আটদিন যাবার পর আবার পকেট ফাঁকা। আবার আধাপেটা খেয়ে বা শুধু চা-সিঙ্গারা খেয়ে দিন কাটানো। তখন আমাদের বাঁচিয়ে দিত পত্রিকা থেকে পাওয়া দশ-পনেরো টাকার লেখার সম্মানী। ওই সময়ে অবশ্য পত্রিকা ছিল হাতেগোনা, তবু কোনো কোনো বিলের জন্য অনেকদিন ঘোরাঘুরি করতে হতো। তবে রেডিও প্রোগ্রাম ছিল। সত্তরের শুরু থেকেই একলাফে নবীনকণ্ঠের ধাপ পেরিয়ে আমি এবং আবিদ বাংলাদেশ বেতারের মূল সাহিত্য-অনুষ্ঠানে অংশ নিতে শুরু করি। রেডিও ভালো টাকা দিত, তখন প্রোগ্রাম প্রডিউসার ছিলেন জাহিদুল হক। তাঁর কল্যাণে আমি এবং আবিদ প্রায় প্রতি মাসে প্রোগ্রাম পেতাম। তখন টেলিভিশনেও মাঝে মাঝে কবিতাপাঠের আসর বসে। সত্তরের কবি হিসেবে অগ্রজদের সঙ্গে আমাদের দুজনেরও ডাক পড়ে। আমরা জড়সড় হয়ে কবিতা পড়ি। শহীদ কাদরী তাঁর আমুদে, দরাজ গলায় বাহবা দিয়ে আমাদের জড়তা কাটিয়ে দেন। ততদিনে রফিক আজাদঢাকা এসে গেছেন। তিনি এবং রশীদ হায়দার বাংলা একাডেমী থেকে প্রকাশিত উত্তরাধিকার পত্রিকার সম্পাদক। রফিক ভাইয়ের প্রিয় তরুণ কবি হিসেবে আবিদ এবং আমি ওই পত্রিকায় নিয়মিত লেখার সুযোগ পেয়ে যাই। উত্তরাধিকারের সম্মানী ওই সময়ে ছিল অবিশ্বাস্য রকমের ভালো।
১৯৭৩-এ আমি বাংলার বাণী গ্রুপ থেকে প্রকাশিত সাপ্তাহিক সিনেমায় চাকরি নিই। তখনো অনার্স ফাইনাল দিইনি। অজ্ঞাত কারণে মুক্তিযুদ্ধের জন্য আমাদের সেশন পিছিয়ে গিয়েছিল। আবিদ অনার্স করেনি, বি এ পরীক্ষা দেয় পাসকোর্সে। তার আগে সে-ও পুরোপুরি সাংবাদিকতায় জড়িয়ে যায়। ওর চাকরি হয় নতুন দৈনিক গণকণ্ঠে। গণকণ্ঠে ও খুব বেশিদিন কাজ করতে পারেনি। কোনো-এক জটিল পরিস্থিতিতে ও চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। ওর চাকরিচ্যুতির জন্য ওই সময় সে অগ্রজ এক কবিকে দায়ী করেছিল, বিষয়টা নিয়ে একটা কবিতাও লিখেছিল।
আবিদের প্রথম কবিতার বই ঘাসের ঘটনা বের হয় মুক্তধারা থেকে, ১৯৭৬-এ। সত্তরের দশকের কোনো কবির এটা দ্বিতীয় বই। এর আগে বের হয় মাহমুদ শফিকের কাব্যগ্রন্থ। আমার প্রথম বই বেরোয় ১৯৮২-তে। যাহোক, ফাঁকে ফাঁকে সমালোচনার তীর্যক মিশেল সত্ত্বেও অগ্রজ কবি এবং সমালোচকরা ঘাসের ঘটনার প্রশংসা করলেন। বইটির ব্যাপকভার লিখে দিয়েছিলেন শহীদ কাদরী, আলোচনা করেন আবদুল মান্নান সৈয়দ এবং আরো কেউ কেউ। আবিদের নস্টালজিয়া-আক্রান্ত মেদুর এবং আবিষ্ট চারিত্রটি বইয়ে পুরোপুরি উপস্থিত ছিল। তবে ওর সে-সময়ের কবিতায় আবুল হাসান, শক্তি চট্টোপাধ্যায় এবং অলোকরঞ্জনের তীব্র প্রভাব লক্ষ করা যায়। প্রথম বইয়ের অনেক কবিতাও এ থেকে মুক্ত ছিল না। যেমন ‘ঘাসের ঘটনা’, যে-শব্দবন্ধ দিয়ে বইয়ের নাম, তা অলোকরঞ্জনের একটি কবিতায় আছে। দ্বিতীয় বই আমার মন কেমন করে থেকে পাঠক আবিষ্কার করে ওর স্বতন্ত্র কাব্যভাষা, প্রকরণ এবং বিষয়। পরবর্তী এক বই থেকে আরেকটিতে আবিদের উত্তরণই হয়েছে কেবল, যদিও ওর মূল রোমান্টিক মেজাজ ক্ষুণ্ন হয়নি কখনো। আবিদ ছাত্রজীবনে চীনপন্থী ছাত্র-রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কিন্তু কবিতায় তার পরোক্ষ প্রকাশও দেখা যায়নি। আমার মতো সে-ও স্লোগানধর্মী এবং রাজনীতিপ্রধান কবিতার ঘোরবিরোধী ছিল। আমি অবশ্য সংকটের মুহূর্তে সমাজের প্রতি কবির দায়বদ্ধতার বিষয়টিকে বরাবর সমর্থন করি। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ড এবং মুক্তিযুদ্ধের অধিকাংশ মূল্যবোধ ভূলুণ্ঠিত হবার কালো, কলঙ্কিত অধ্যায় আমার জীবন-ভাবনা ও সাহিত্যে প্রচণ্ড প্রভাব ফেলে। ১৯৭৬-এর পর থেকেই আমার কবিতার চারিত্র পালটে যায়। আমার এ-পর্যায়ের ভিজিইল্যুশনমেন্ট এবং বিষাদ আমার কবিতাকে আচ্ছন্ন করে রেখেছিল এক দশকেরও বেশি সময়। আবিদও এক পর্যায়ে সময় এবং সমাজসচেতন হয়ে ওঠে। তবে জাতীয় এবং বৈশ্বিক ক্যানভাসের বড় ঘটনাগুলোর চেয়ে চারদিকের চেনা খুঁটিনাটি বিষয় ওকে আকৃষ্ট করত বেশি। পরিচিত দৃশ্যাবলি এবং চেতনায় এসবের অভিঘাত, আমিও এড়িয়ে যাই না। তবে কাব্য-মেজাজের দিক থেকে আমি উল্লম্ফনপ্রিয়, নিকানো উঠান বা কামিনীর ঘ্রাণ থেকে অজান্তে আমি চলে যাই দূরদেশের কোনো বাঙ্কার অথবা প্রাচীন সমাধিক্ষেত্রে, নাকে পাই অচেনা সৈকতের সৌরভ।
আবিদ আজাদের হাতে চমৎকার খুলত প্রেমের কবিতা। নিটোল প্রেমের কবিতা লেখায় ওর জুড়ি নেই। যতদূর জানি, ও বেশ কজন নারীর প্রেমে পড়েছিল বিয়ের আগে। ওগুলোর কোনোটাই সফল হয়নি, ওর জন্য রেখে গেছে কেবল চাপা হাহাকার। এসব প্রায়-ব্যর্থ ভালোবাসাকে তীব্র আবেগে জারিত করে ও লিখে গেছে বেশকিছু অনবদ্য প্রেমের কবিতা। প্রকৃতি, বিশেষ করে বাংলার ঝোপ-জঙ্গল, ওর কবিতার অনিবার্য বিষয়। পাশাপাশি আবিদ ঈর্ষণীয় দক্ষতায় কবিতায় হাজির করেছে একজন কবির দুরারোগ্য নৈঃসঙ্গ্যকে। এসবের সঙ্গে সঙ্গে ওর কবিতায় আমরা পরম বিস্ময়ে আবিষ্কার করি নগরজীবনের রূঢ় বাস্তবতা এবং মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষের প্রাত্যহিক জীবনের রক্তক্ষরণ ও গ্লানি। এদিকে পরোক্ষে আবিদ ছিল নিসর্গ ও নারীতে সমর্পিত। ফলে ওর কবিতার চিত্রকল্প, রূপক, উপমা ইত্যাদিতে এক ধরনের সজল-শ্যামল পেলবতা দেখি আমরা। আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত লাবণ্য ছিল আবিদের কবিতার প্রধান সম্পদ।
পেশাগত ব্যস্ততার কারণে আশির শুরু থেকে আমরা ক্রমশ পরস্পর থেকে দূরে চলে আসতে শুরু করি। আবিদ বাড়ি থেকে টাকা এনে প্রেস-ব্যবসায় জড়িয়ে পড়ে, যার শুরুটা ছিল খুবই করুণ এবং শোচনীয়। প্রথমে ঢাকার বৃহত্তর লালবাগ এলাকা এবং পরে নবাবগঞ্জে ছিল ওর ছোট লেটার প্রেস। ছোটখাট ‘জব ওয়ার্ক’ করত, টাকার বিনিময়ের বই, পুস্তিকা ইত্যাদি ছেপে দিত। আবিদের ওপর দিয়ে ঘোরতর দুর্দিন গেছে এ-সময়ে। কিছুকাল আগে ও বিয়ে করেছে, নানা ঝামেলায় পড়ে মা এবং ভাইবোনকে আনতে বাধ্য হয়েছে কিশোরগঞ্জ থেকে ঢাকায় – ওরা সবাই থাকে ওর ছোট প্রেসটার ছাদ-লাগোয়া একটা ফ্লোরে, যেখানে সোজা হয়ে দাঁড়ানো যায় না। বাস্তবতার সঙ্গে লড়তে লড়তে এ-সময় আবিদকে প্রায়ই হতাশায় তলিয়ে যেতে দেখতাম। আমি সুযোগ পেলেই চলে যেতাম ওর প্রেসে। তখন ও কবি নামে একটি পত্রিকা বের করছে মুস্তাফা মনোয়ারের সঙ্গে।
আবিদের জীবন হঠাৎ পালটে যায় আশির শেষ দিকে। সোনারগাঁও রোডে ওর ঝলমলে নতুন প্রেসে একের পর এক বড় কাজ আসতে থাকে। ও একটা পত্রিকা বের করে শিল্পতরু নামে, একই নামে প্রকাশনাও খোলে। শিল্পতরু প্রকাশনী যেমন বেশকিছু ভালো বই করেছে, তেমনি টাকার বিনিময়ে এন্তার অলেখক, আধা-লেখকের বইও ছেপে গেছে। এ-পর্বে আবিদের কবিতায় এক ধরনের শৈথিল্য দেখা দেয়, লেখার মানও কমে আসতে থাকে, যে-পর্বটি শুরু হয়েছিল ওর আকস্মিক স্ত্রীবিয়োগের পর। স্ত্রীকে হারানো আবিদের জীবনে দুঃস্বপ্নের মতো একটি ঘটনা। ওর বড় ছেলে তখন শিশু। একসময় ও অন্ধকারের ঝাপটা সামলে ওঠে অবশ্য, কিন্তু সাময়িককালের জন্য ওর কবিতার বড় ধরনের ক্ষতি হয়ে যায়। অনেকদিন আবিদ উল্লেখযোগ্য কিছু লেখেনি, ওকে পেয়ে বসে বৈষয়িক সোপান অতিক্রম করার নেশা। কবিতার ওই মন্দাভাব ও আবার একসময়ে কাটিয়ে ওঠে যে-কোনো খাঁটি কবির মতো। কিন্তু এবার আমরা পেলাম এক নতুন আবিদ আজাদকে। আবিদ তখন আর নারী এবং নিসর্গলগ্ন কবি নেই, ওর কবিতার বিষয়ের পরিধি অনেক বেড়ে গেছে, যে-কোনো বস্তু বা বিষয় নিয়ে ও কবিতা লিখতে থাকে। আবিদের শেষদিকের কবিতায় বিবৃতিধর্মিতা ভর করেছিল, ইঙ্গিতময়তার চেয়ে ঘটনা এবং কাহিনী প্রকট হয়ে উঠছিল। অবশ্য আমরা ধরে নিতে পারি, এটাও ছিল তার উত্তরণের আগে আরেকটি বিরতিপর্ব। গত চার-পাঁচ বছর ধরে আবিদ ঘনঘন অসুস্থ হয়ে পড়ছিল। আগে থেকেই ওর হাঁপানি ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওটার প্রকোপ বেড়ে যায়। ব্যাধি ওকে কাবু করে ফেলেছিল, যার ছায়া পড়েছিল ওর কবিতায়। শেষদিককার রচনায় হাসপাতাল, নার্স, ওষুধ, রোগযন্ত্রণা ইত্যাদি ছিল ওর কবিতার প্রধান কিছু অনুষঙ্গ।
মৃত্যুর দুতিন মাস আগে থেকে ওর কবিতায় উঁকি দিতে শুরু করে সুস্থভাবে বাঁচার আর্তি, একসময়ে যা হয়ে ওঠে মৃত্যুচিন্তা। ওর মধ্যে রোমান্টিক মার্বিডিটি ছিল না। সোজা-সাপটা ভাষায় ও মৃত্যুর সঙ্গে যুঝতে চেয়েছে। মোট চোদ্দটি কাব্যগ্রন্থ রেখে গেছে আবিদ আজাদ। এগুলোতে আমরা যে আবিদকে পাই, তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক আবিদ হয়তো লুকানো আছে তার শেষদিকের অপ্রকাশিত কবিতাগুলোতে। মুক্তযুদ্ধ-পরবর্তী বাংলা সাহিত্যের অকালপ্রয়াত এই কবির পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য ওই রচনাগুলোর মর্মে ঢোকাও অত্যন্ত জরুরি।

Leave a Reply
You must be logged in to post a comment.