সমস্ত নক্ষত্র আমি মুখ থেকে মুছে ফেলি উন্মাদের মতো।
ব্যতিক্রম হয়ে থাক পুত্র কন্যা, গর্বের সমুদ্রনীল ফিতে,
উজ্জ্বল পালক কিছু, অথবা আগুনঝরা পদকের হীরে।
তাপ্পিমারা দিনগুলি একমাত্র দেহরক্ষী, প্রিয়তম সুখ।
কাঁকড়ার করাত কণ্ঠে চেপে বসে, কাবাব তৈরির শিক-ও যেন
এফোঁড় ওফোঁড় করে স্বপ্নগুলি, তুমি ছিলে সহজ ঘাতক
গায়কের, চোখে আর বৃষ্টি নেই, বৃদ্ধাশ্রম জাঁকিয়ে বসেছে।
ঝুলবারান্দার নিচে, সিঁড়ির দুপাশে জমে শিকড়বাকড়।
দৌড়ঝাঁপ খুব ছিলো, মাকরানা মার্বেলের দুর্গ বানানোর
নেশায় মেধাকে বলি, প্রতিযোগিতার দায়ে ফ্ল্যাট নেয়া, গাড়ি
সেটাও দুপায়ে এলো, যা যা ছিলো অপেক্ষায় সমস্ত উশুল।
রোদ্দুর ফুরিয়ে গেছে, অরণ্যআগুন ফোঁসে কাঁধের উপর।
বিশ্বাস এবং ক্রোধ নির্বিবাদে পড়ে থাকে পীড়নচেম্বারে
সমুদ্রনুনের ঝাপটা মুখ জুড়ে, বৃদ্ধাশ্রম আমার শরীর।

Leave a Reply
You must be logged in to post a comment.