থিওরি অফ রিলেটিভিটি

১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন দুটি সূত্র দিয়েছিলেন। সূত্রদুটি এতো সহজ যে, একজন শিশুও সেটি বুঝতে পারবে। সূত্রদুটি এরকম – এক. পদার্থবিজ্ঞানের সব সূত্র সকল ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে (inertial reference frame) একই থাকবে। দুই. আলোর গতি সব ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে সমান।

সূত্রদুটি লেখার জন্যে ‘ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম নামে একটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, এটিকে বাংলায় অনুবাদ করা হলে শব্দটি এতো কটমটে হয়ে যাবে যে, এটিকে ইংরেজি রেখেই বরং বিষয়টি বুঝিয়ে দেওয়া ভালো। ধরা যাক, আমি ল্যাবরেটরিতে বসে পদার্থবিজ্ঞানের কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি, তাহলে আমি বলতে পারি আমার ল্যাবরেটরিটি একটি ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। এবারে ধরা যাক, আমার হঠাৎ ইচ্ছে হলো আমি ট্রেনে বসে পদার্থবিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষাগুলো করব – যদি ট্রেনটি সমবেগে যায় তাহলে এই ট্রেনটিও একটি ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। এখানে মনে রাখতে হবে, ল্যাবরেটরি ঘরে বসে যে-জিনিসটিকে স্থির মনে হয়েছিল ট্রেনে বসে সেটিকে মনে হবে উলটোদিকে ছুটছে। ল্যাবরেটরি এবং ট্রেন, এই দুটি ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে একটি বস্তুকে কিন্তু একভাবে দেখা গেল না – তাহলে আইনস্টাইনের প্রথম সূত্রটি সত্যি হলো কেমন করে? সূত্রটি একটু ভালো করে দেখতে হবে – আইনস্টাইন বলেননি সবকিছু একরকম দেখাবে, তিনি বলেছেন পদার্থবিজ্ঞানের সব সূত্র এক থাকবে। কাজেই আমি যদি ল্যাবরেটরিতে দেখি বল প্রয়োগ করলে ত্বরণ হয়, কিংবা তাপ প্রয়োগ করলে গ্যাসের চাপ বেড়ে যায় তাহলে চলন্ত ট্রেন থেকেও সেটি দেখব। পদার্থবিজ্ঞানের সূত্রগুলো এক থাকবে, পর্যবেক্ষণগুলো ভিন্ন হতে পারে।

আইনস্টাইনের দ্বিতীয় সূত্রটি বরং একটু বিচিত্র, সেটি বলছে ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে আলোর বেগ সমান। আমরা দৈনন্দিন জীবনে বেগ নিয়ে যেসব ব্যাপার দেখে অভ্যস্ত, আইনস্টাইনের এই সূত্রটির তার সঙ্গে মিল নেই। আমরা যখন কোথাও যাবার জন্যে ট্রেনে উঠি, তখন অনেক সময়েই যারা বিদায় দিতে আসে তারা প্লাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জানালা দিয়ে গল্প করে। ট্রেন যখন চলতে শুরু করেতখন শেষ মুহূর্তে দু-একটি কথা বলতে হলে প্লাটফর্মের মানুষটিকে ট্রেনের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করতে হয়। ট্রেনের জানালা দিয়ে তাকালে আমাদের তখন মনে হবে ট্রেনের তুলনায় মানুষটি দাঁড়িয়ে আছে! ট্রেন থেমে মাথা বের করে অনেক সময়েই আমরা পাশাপাশি রাস্তায় একটা গাড়িকে যেতে দেখেছি, গাড়িটি আর ট্রেনটি যদি একই দিকে যায় তাহলে মনে হয় গাড়িটি ধীরে ধীরে যাচ্ছে! এটি হচ্ছে আমাদের পরিচিত আপেক্ষিক গতি – একটির তুলনায় আরেকটির গতি। এটি বের করাও সহজ – একটি থেকে অন্যটি, বিয়োগ দিলেই হয়। আইনস্টাইন তাঁর সূত্রে বলেছেন সম্পূর্ণ ভিন্নকথা। তিনি বলেছেন, আলোর বেলায় আমাদের পরিচিত আপেক্ষিক গতি কাজ করে না। আমি যদি কোথাও দাঁড়িয়ে থেকে দেখি আলো ছুটছে সেকেন্ডে একলাখ ছিয়াশি হাজার মাইল বেগে, তাহলে একটি চলন্ত ট্রেন থেকেও তাই দেখব। শুধু যে সমবেগে চলতে-থাকা একটি চলন্ত ট্রেন থেকে সেটি দেখব তা নয়, যদি আলোর পাশাপাশি সেকেন্ডে একলাখ মাইল বেগে ছুটে যাওয়া একটি রকেট থেকে সেই আলোর বেগ আমাদের প্রচলিত নিয়মে (১,৮৬,০০০ – ১,০০,০০০ = ৮৬,০০০) ছিয়াশি হাজার মাইল হলে হবে না, এবারেও হবে একলাখ ছিয়াশি হাজার মাইল। ধরা যাক আমরা প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে একটি মহাকাশযানে যাচ্ছি, যেটির গতিবেগ একলাখ পঁচাশি হাজার নয়শ নিরানব্বই মাইল অর্থাৎ আলো থেকে এর গতিবেগ মাত্র এক মাইল কম। তাহলেও আমাদের মহাকাশযান থেকে মনে হবে আলোটি তার নিজস্ব গতিবেগ সেকেন্ডে একলাখ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটছে! (খুব স্বাভাবিক প্রশ্ন, আমাদের মহাকাশযানটি যদি আলোর বেগে ছুটে তাহলে কী হবে? আইনস্টাইনের এই সূত্রদুটি থেকেই বের করে ফেলা যায় কোনো বস্তুর গতিবেগই ঠিক আলোর গতিবেগের সমান হতে পারবে না। কখনো না!)

একশ বছর আগে আইনস্টাইনের দেওয়া এই সূত্রদুটি হচ্ছে আজকে সবার পরিচিত আপেক্ষিক সূত্র বা থিওরি অব রিলেটিভিটি। এই সূত্রদুটি আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের জগতে যে আলোড়নের সৃষ্টি করেছিল, একশ বছর পরেও সেই আলোড়ন শেষ হয়নি। আইনস্টাইনের সেই যুগান্তকারী আপেক্ষিক সূত্রে একশ বছর পূর্তি-উপলক্ষে এই বছর সারা পৃথিবীতে খুব হৈচৈ করে সেটি পালন করা হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এতো বড় যুগান্তকারী একটি সূত্র, কিন্তু সেটি বুঝতে যে-গণিতের প্রয়োজন হয় সেটি ছাত্রছাত্রীরা স্কুলেই শিখে ফেলে – তার জন্যে আলাদা কিছু শিখতে হয় না!

আমরা আপেক্ষিক সূত্রটি ব্যাখ্যা না-করে তার কারণে কী কী দেখা যায় সেটি নিয়ে আলোচনা করি। ধরা যাক, আমি দাঁড়িয়ে আছি এবং আমার মাথার উপর দিয়ে একটা রকেট উড়ে গেল। রকেটের গতিবেগ যদি খুব বেশি না হয়, তাহলে আমি রকেটটির মধ্যে বিচিত্র কিছু দেখব না। কিন্তু রকেটটি যদি আলোর বেগের কাছাকাছি একটি গতিবেগে পৌঁছাতে পারে তাহলে আমি অবিস্ময়ে আবিষ্কার করব, রকেটটি যেন সংকুচিত হয়ে গেছে (১ম ছবি)! এখানে আরো মজার একটি ব্যাপার ঘটে। ধরা যাক, রকেটের ভেতরে একজন মহাকাশচারী বসে আছেন এবং তিনি আমাকে তাকিয়ে দেখছেন, তিনি যেহেতু রকেটে বসে আছেন, তার কাছে মনে হবে রকেটটিই স্থির এবং রকেটের তুলনায় আমিই যেন বিশাল গতিবেগে ছুটছি। তাই তিনি দেখবেন রকেট নয়, আমি সংকুচিত হয়ে গেছি! কেউ যেন মনে না করে এগুলো গালগল্প, বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রীতিমতো পরীক্ষা করে এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হয়েছেন!

এটি তো হলো চলন্ত বস্তুর দৈর্ঘ্যরে সংকোচন, সময় নিয়ে যেটি হয় সেটি আরো অনেক বেশি চমকপ্রদ। আগে আমাদের ধারণা ছিল সময় সব জায়গায় সমান। আইনস্টাইনের আপেক্ষিক সূত্রটি একটু বিশ্লেষণ করলে অত্যন্ত চমকপ্রদ একটি সত্য বের হয়ে আসে, সেটি হচ্ছে চলন্ত বস্তুর সময়ের প্রসারণ (ঞরসব ফরষধঃরড়হ)। বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝানো সবচেয়ে সহজ।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ঈধষঃবপয) থাকাকালীন আমি টাইম প্রজেকশন চেম্বার নামে একটি ডিটেক্টর তৈরি করেছিলাম, সেটি ঠিকভাবে কাজ করছে কিনা দেখার জন্যে আমি যে-জিনিসটি ব্যবহার করতাম তার নাম হচ্ছে মিউওন (গঁড়হ)। এমনিতে মিউওনকে পাওয়া যায় না, কারণ তার আয়ু হচ্ছে মাত্র দুই মাইক্রোসেকেন্ড (দুই সেকেন্ডের দশলাখ ভাগের একভাগ)। এটি তৈরি হওয়ার দুই সেকেন্ডের মধ্যেই আবার শেষ হয়ে যায়। তবে পৃথিবীতে এর অভাব নেই, কারণ প্রচণ্ড শক্তিশালী মহাজাগতিক রশ্মি প্রতিনিয়ত পৃথিবীর বায়ুমণ্ডলকে আঘাত করছে এবং সেই আঘাতে মিউওনের জন্ম হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, এই মিউওনগুলোর জন্ম হয় পৃথিবী থেকে একশ কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের প্রান্তসীমানায়। সেগুলো যে-গতিবেগে আসে (আলোর গতিবেগের বেশ কাছাকাছি) তাতে পৃথিবী পর্যন্ত পৌঁছতে সময় লাগে প্রায় তিনশ মাইক্রোসেকেন্ড। যে-জিনিসটির আয়ু মাত্র দুই মাইক্রোসেকেন্ড সেটি কেমন করে তিনশ মাইক্রোসেকেন্ড পর্যন্ত টিকে থাকে? বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক সূত্রের আগে এই রহস্যের কোনো ব্যাখ্যা ছিল না – এখন আমরা কারণটি জানি। একটি মিউওনের নিজস্ব ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে কিন্তু তার আয়ু – মাত্র দুই মাইক্রোসেকেন্ডই বেঁচে থাকে সেটি। কিন্তু আমাদের কাছে সেই সময়টি অনেক দীর্ঘ, তিনশ মাইক্রোসেকেন্ড। কাজেই ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বেসমেন্টে বসানো আমার সেই ডিটেক্টরে আমি এক ধরনের মুগ্ধ বিস্ময় নিয়ে মিউওনগুলোকে দেখতাম। বায়ুমণ্ডলের একেবারে উপরে জন্ম নিয়ে, প্রচণ্ড শক্তিতে বায়ুমণ্ডল, বিল্ডিংয়ের ছাদ, ডিটেক্টরের ধাতব দেওয়াল সবকিছু ভেদ করে চলে যেত। এই মিউওনগুলোকে আমি দেখতাম, কারণ তাদের সময়টি প্রসারিত হয়ে গেছে!

আপেক্ষিক সূত্রের এই বিষয়টি আমাদের জন্যে অনেক রহস্যের জন্ম দিয়েছে। একজন মানুষ যদি কোনো মহাকাশযানে করে সূদুর মহাকাশে পাড়ি দেয়, তার গতিবেগ যদি আলোর কাছাকাছি হয় তাহলে সে হয়তো বছরদশেক পর ফিরে এসে আবিষ্কার করবে, এই দশ বছরে পৃথিবীতে এক হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। তার পরিচিত পৃথিবীর কিছুই আর নেই।

বিজ্ঞান-কল্পকাহিনীর লেখকরা বিজ্ঞানের কাল্পনিক গল্প লিখেন, কিন্তু সত্যিকারের কাহিনী যে কল্পনা থেকে একশগুণ বেশি চমকপ্রদ, সেটি কি কখনো ভেবে দেখেছেন?