মোতাহের হোসেন চৌধুরীর দৃষ্টিতে রবীন্দ্রনাথ ও নজরুল

মোতাহের হোসেন চৌধুরীর লেখক-মানসের মৌল বৈশিষ্ট্য সম্পর্কে কাজী আবদুল ওদুদ লিখেছেন : ‘স্বভাবত তিনি ছিলেন কবিপ্রাণ – সৌন্দর্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট। কিন্তু সেই সঙ্গেই তিনি ছিলেন বিচারশীল – তাঁর সৌন্দর্যবোধ আর বিচারশীলতা তুল্যরূপে বিকশিত হয়ে চলে। এর ফলে কিছু ভালো কবিতা লেখা তাঁর পক্ষে সম্ভব হলেও শেষ পর্যন্ত তাঁর প্রতিষ্ঠা দাঁড়ায় জীবনজিজ্ঞাসু প্রাবন্ধিক রূপেই।’ আবদুল ওদুদের এ-মন্তব্যে মোতাহের হোসেনের লেখক-সত্তার সমগ্রতা প্রতিভাসিত হয়েছে। প্রাবন্ধিকরূপেই তাঁর প্রতিষ্ঠা বটে, কিন্তু নিজের কবি-প্রাণতাকে তিনি গোপন রাখতে পারেননি। তাই তাঁর প্রবন্ধ পড়তে গেলে সচেতন পাঠক বহুক্ষেত্রে বুঝতে পারবেন যে, সেসব অংশে একজন কবির হাতের পরশ রয়েছে। সেখানে যা বলা হয়েছে তার বাচ্যার্থের চেয়ে ব্যঞ্জনা বেশি। মোতাহের হোসেনের রবীন্দ্র-নজরুল আলোচনায়ও আবদুল ওদুদ-চিহ্নিত দুটি প্রবণতাই ক্রিয়াশীল ছিল।মোতাহের হোসেন চৌধুরী গভীরভাবে বিশ্বাস করেন সাহিত্য-শিল্পের মূল কাজ সৌন্দর্যসৃষ্টি ও আনন্দদান। তাঁর নিজের জগৎটি সৌন্দর্য ও আনন্দেরই জগৎ। এই বিশ্বাসে স্থিত হয়েও মোতাহের হোসেন সাহিত্যিকের সামাজিক দায়বদ্ধতাও স্বীকার করেন। ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধে তাই তাঁকে লিখতে দেখি :

সাহিত্যিক আর শিল্পী আসলে

প্রেমিক; তারা ভালোবেসেছে এই রূপরসগন্ধস্পর্শময়ী ধরণীকে। প্রেমিক সুদিনে প্রিয়াকে খুশী করতে চায় গান গেয়ে, ছবি এঁকে; কিন্তু দুর্দিনে মাঝে মাঝে তাকে প্রিয়ার নাড়ী টিপেও দেখতে হয়। এটা তার পক্ষে সৌভাগ্যের ব্যাপার নয়, দুর্ভাগ্যের ব্যাপার। তেমনি কালের গরজে যদি সাহিত্যিক ও শিল্পীকে ঝড়পরধষ ঊহমরহববৎ কি ভিষক হতেই হয়, তথাপি তাদের মনে রাখা দরকার, সেটা তাদের আসল কাজ নয়, আসল কাজ সৌন্দর্য ও আনন্দ পরিবেশন।

রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম – দুজনকেই দেশ-কালের গরজে সামাজিক দায়টিও পালন করতে হয়েছিল, যদিও তাতে মাত্রাগত পার্থক্য ছিল। মোতাহের হোসেনের রবীন্দ্র-নজরুল মূল্যায়নে উদ্ধৃতিতে প্রতিফলিত দৃষ্টিভঙ্গিরই পরিচয় পাওয়া যাবে।

দুই

মোতাহের হোসেন চৌধুরী স্বল্পপ্রজ লেখক। রবীন্দ্রনাথ বা নজরুল কারো সম্পর্কেই বিস্তৃত আলোচনা লেখা তাঁর পক্ষে সম্ভব হয়নি, যদিও এই দুই ব্যক্তিত্বই তাঁর চৈতন্যের অনেকটা অংশ অধিকার করে ছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য অধিকতর সত্য। তাঁকে যাঁরা জানতেন তাঁদের কারো কারো সূত্র থেকে জানা যায় রবীন্দ্রনাথ-বিষয়ে, বিশেষত তাঁর কবিতা সম্পর্কে মোতাহের হোসেনের মধ্যে এক ধরনের ভাবাবেগ ক্রিয়াশীল ছিল। শ্রেণিকক্ষে রবীন্দ্র-কবিতা পাঠদানকালে অথবা রবীন্দ্র-প্রসঙ্গ উঠলে – যা বারবার উঠত – তিনি ভাবাবেগে তন্ময় হয়ে যেতেন, তাঁর বৃহৎ আয়ত চোখদুটো চলে যেত ‘দূরে কোথায় দূরে দূরে’। এই দূর আর কোথাও নয়, সে হচ্ছে রূপ ও রস-লোক – যেখানে রয়েছে সৌন্দর্য ও আনন্দ। এই সৌন্দর্য ও আনন্দের কথাই বারবার তিনি বলেছেন। সে-বক্তব্যের সারাৎসার তাঁরই ভাষায় বলি :

…রবীন্দ্রনাথকে আমি নীতিবিদ হিসেবে দেখি নে, সৌন্দর্যবিদ হিসেবে দেখি। কিন্তু তাতেও কি তাঁর সত্য পরিচয় দেওয়া হল? বিদ শব্দটি যখন সমাসের পরে আসে তখন তার মানে হয় বেত্তা অর্থাৎ যে জানে। রবীন্দ্রনাথকে সৌন্দর্যবেত্তা বললে কিছুই বলা হয় না। তিনি সৌন্দর্যস্রষ্টা – রূপকারক। তাঁর কথায় সুন্দর ধরা দেয়, ভাব রূপময় দেহ ধারণ করে। সত্য হও, সুন্দর হও, আনন্দিত হও, এ ধরনের উক্তির মধ্যেই যদি রবীন্দ্র-রচনা পর্যবসিত হ’ত তো কে তার মূল্য দিত? তাঁর শ্রেষ্ঠতা এখানে যে, তিনি এমন অপূর্ব কথা বলেছেন যার স্পর্শে অন্তরে সৌন্দর্য জাগে, মন আনন্দে পূর্ণ হয়ে ওঠে এবং চিত্ত সত্যের স্বাদ পায়। (অহমিকা – সৌন্দর্য-চেতনা – রবীন্দ্রনাথ)

কিন্তু রবীন্দ্রনাথ তো কেবল রূপ ও রসস্রষ্টা নন, সৌন্দর্যচেতনাই তাঁর একমাত্র চেতনা নয়। তাঁর মধ্যে সমাজচেতনার পরিচয়ও যথেষ্ট আছে, নীতি ও আদর্শের প্রচারও তিনি করেছেন। কিন্তু মোতাহের হোসেনের বিবেচনায় তাঁর কল্যাণ-ভাবনা কেবল কল্যাণের টানে জন্মায়নি, তা এসেছে সৌন্দর্যের টানে। ফলে তার মূল্য গেছে অনেক বেড়ে। ‘অন্তত মূল্যবোধহীন সমাজ-চেতনাবাদীদের রচনার চেয়ে যে তা বেশি মূল্যবান তাতে কোনো সন্দেহই নেই।’ তবু, মোতাহের হোসেন মনে করেন, তাঁর শ্রেষ্ঠতা এখানে নয় – সৌন্দর্য-সৃজনে। রবীন্দ্রনাথ যে লিখেছিলেন, ‘নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস/ শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস’, এবং এই জাতীয় আরো যেসব কবিতা তিনি লিখেছেন সেগুলিতে তাঁর সাময়িক দিকের প্রকাশ, শাশ্বত দিকের নয়। ‘শাশ্বত দিকের প্রকাশ ‘উর্বশী’ ও ‘আবেদন’ জাতীয় কবিতায়।’

রবীন্দ্রনাথ সম্পর্কে মোতাহের হোসেন সাকুল্যে পাঁচটি প্রবন্ধ লিখেছেন : ১. অহমিকা – সৌন্দর্য-চেতনা – রবীন্দ্রনাথ, ২. রবীন্দ্রনাথ, ৩. রবীন্দ্রনাথের শিশু কবিতা, ৪. শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ, ৫. রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস। আর লিখেছেন একটিমাত্র কবিতা – রবীন্দ্র স্মরণে। এছাড়া বেশকিছু রচনায় প্রাসঙ্গিকভাবে তাঁর সম্পর্কে মন্তব্য ও মতামত প্রকাশ করেছেন, বহু জায়গায় উদ্ধৃত করেছেন প্রাসঙ্গিক কবিতাংশ। এমনকী অনুবাদমূলক সভ্যতা ও সুখ নামের গ্রন্থেও রবীন্দ্র-প্রসঙ্গ ও কবিতার উদ্ধৃতি আছে।

‘অহমিকা – সৌন্দর্য-চেতনা – রবীন্দ্রনাথ’ প্রবন্ধে দুটি প্রসঙ্গ আছে এবং দুটি প্রসঙ্গই এসেছে আবদুল ওদুদের দুটি লেখাকে কেন্দ্র করে। ‘রমজানের প্রার্থনা’ শীর্ষক একটি রচনায় আবদুল ওদুদ ইসলামের যে-ব্যাখ্যা দিয়েছিলেন, তা সমর্থন করে মোতাহের হোসেন মুসলমানদের নিজের ধর্মের মর্মোপলব্ধি না-করে তা নিয়ে কেবল অহংকার করার কথা বলেছেন। দ্বিতীয় প্রসঙ্গটি রবীন্দ্রজয়ন্তী সম্পর্কে আবদুল ওদুদের মন্তব্য। রবীন্দ্রজয়ন্তী সাধারণভাবে একটি উৎসবের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর লক্ষ্য একটু আনন্দ-ফুর্তি করা, রবীন্দ্রনাথের মধ্যে জীবনোন্নয়নের যে-অপূর্ব উপাদান রয়েছে সেদিকে মনোযোগ দেওয়া হয়। আবদুল ওদুদের এ-জাতীয় মতকে সত্য ও ভাবনাউদ্রেককারী বলে মেনে নিয়ে মোতাহের হোসেন এ-রচনায় রবীন্দ্রনাথের মধ্যে জীবনোন্নয়নের যেসব অপূর্ব উপাদান আছে সেগুলোর স্বরূপ-প্রকৃতি ব্যাখ্যা করে তুলে ধরতে চেয়েছেন। জীবনোন্নয়নের কী সেই উপাদান? মোতাহের হোসেনের মতে তাহচ্ছে সৌন্দর্য, আনন্দ ও প্রেম। নিবিড় সম্পর্কে অন্বিত এই তিনের সঙ্গী হয়ে রবীন্দ্রনাথ মানুষকে নব নব অনুভূতি ও কল্পনার স্বাদ পাওয়াবেন, গোপনে গোপনে জীবনের মুকুলকে ফুলে ও ফুলকে ফলে পরিণত করাবেন।

রবীন্দ্রনাথ জীবনবাদী কবি। জীবনের প্রতি তাঁর

অন্তহীন মমতা – ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/ মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই।’ কিন্তু মানুষের মাঝে বাঁচতে গেলে তা মানব-সমাজের সঙ্গে নিবিড় সম্পর্কে যুক্ত হতে হয়, ভাবতে হয় তার ভালো-মন্দ নিয়ে। অবশ্যই প্রশ্ন উঠবে রবীন্দ্রনাথ কি সকল শ্রেণির মানুষের জীবনের সঙ্গে নিজের জীবনকে যোগ করতে পেরেছিলেন? এ-ব্যাপারে রবীন্দ্রনাথ নিজে যেমন সচেতন ছিলেন তেমনি সচেতন ছিলেন মোতাহের হোসেনও। কবির সেই সচেতনতার প্রকাশ রয়েছে ‘ঐকতান’ ও আরো দু-একটি কবিতায়। তিনি যে লিখেছিলেন ‘আমার কবিতা জানি আমি/ গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী’ – এই আত্মস্বীকৃতিকে অনেকে কবির দীনতাপ্রকাশ হিসেবে দেখতে চান, কিন্তু মোতাহের হোসেন মনে করেন এ দীনতাপ্রকাশ নয়, এ হচ্ছে দুঃখপ্রকাশ। তাছাড়া প্রাবন্ধিক ও কর্মী যে-রবীন্দ্রনাথ, তাঁর ক্ষেত্র কত বিশাল। অন্ধতা, গোঁড়ামি, সংকীর্ণতা ও ইত্যাকার সামাজিক ব্যাধি ও সংস্কারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, বিদ্রƒপ ছুড়েছেন, রাজনীতিবিদ না-হয়েও দেশের রাজনীতিতে অবদান রেখেছেন, শিক্ষা-কৃষি-শিল্প ইত্যাদি নিয়ে ভেবেছেন ও সেই ভাবনার প্রয়োগ ঘটাতে কত না পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এহেন মানুষ কি বৈরাগ্যবিলাসী হতে পারেন? তাঁর মধ্যে আধ্যাত্মিকতা আছে বটে, কিন্তু তা ঋণাত্মক নয়, ধনাত্মক। মানুষের জীবনের বৃদ্ধি ও ঋদ্ধি – এ-ই তাঁর জীবনমন্ত্র। মোতাহের হোসেনের কাছে রবীন্দ্রনাথ তাই শুধু কবি নন, মহাপুরুষ – ‘আধুনিক অথবা বিকাশধর্মী মহাপুরুষ’। ‘রবীন্দ্রনাথ’, ‘শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস’ প্রবন্ধগুলোতে মোতাহের হোসেন এসব কথাই বলেছেন তাঁর আকর্ষণীয় স্বাদু গদ্যে এবং বিস্তৃতভাবে। আর তা কবিতার মিতভাষণে প্রকাশ পেয়েছে এভাবে :

আনন্দের দীপ্ত জোতিঃ পরাণে তোমার।

প্রেমে তারে স্নিগ্ধ করি দিয়েছ মোদের

চন্দ্রালোক সম। তাই মোরা ভাসি সুখে,

তাই গাহি গান সর্ব অঙ্গে মাখি তব

সুমধুর হাসি – পরাণ-আকুল-করা

আনন্দ-নির্ঝর। বন্ধুজন-সম তুমি –

আলোর মতন, হাওয়ার মতন আর।

স্পর্শে তব জাগে প্রাণে নিকুঞ্জ কানন

পুষ্পময়। বসন্তের প্রিয় দূত তুমি

প্রাণের ভুবনে; সপ্তরঙা ইন্দ্রধনু

হৃদয়ের ব্যথামেঘে।

তিন

কাজী নজরুল ইসলাম সম্পর্কে মোতাহের হোসেন চৌধুরী দুটিমাত্র প্রবন্ধ লিখেছেন : এক. কাজী নজরুল ইসলাম, দুই. নজরুল ইসলাম ও রিনেসাঁস। দ্বিতীয় প্রবন্ধটিতে নজরুল সম্পর্কে যা বলা হয়েছে তা প্রায় হুবহু আছে ‘রিনেসাঁস : গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি’ নামের অন্য একটি প্রবন্ধে। আর প্রসঙ্গক্রমে নজরুলের কথা এসেছে ‘একখানি চিঠি’ ও ‘বাংলার কাব্য প্রসঙ্গে’ শীর্ষক দুটি রচনায়। এর মধ্যে ‘একখানি চিঠি’র নজরুল সম্পর্কিত বক্তব্য ও ‘মুসলিম সাহিত্য-সাধনার কয়েকটি দিক’ প্রবন্ধের বক্তব্য একই।

মোতাহের হোসেন নজরুলকে দেখেছেন মূলত রেনেসাঁসের দৃষ্টিকোণ থেকে। সেজন্য পূর্ণাঙ্গ প্রবন্ধের দুটিতেই রেনেসাঁস-প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। রেনেসাঁসের প্রাণ-ভোমরা হচ্ছে মানব-মহিমার উপলব্ধি ও স্বীকৃতি। মানুষ সবকিছুর নিয়ামক, জীবন জীবনেরই জন্য, প্রচলিত নীতি-নিয়ম-শাস্ত্র যা জীবনবিকাশের অন্তরায়, তা অগ্রহণীয় – এ-সবই রেনেসাঁসের বৈশিষ্ট্য। যেহেতু রেনেসাঁসে মানব-মহিমার গুরুত্ব সর্বাধিক, সেহেতু এ ঐতিহ্যে-ঐতিহ্যে মিলনে বিশ্বাসী। নজরুলে এসব বৈশিষ্ট্যের বীর্যবন্ত ও প্রোজ্জ্বল স্বাক্ষর। সেজন্য মোতাহের হোসেন মনে করেন, মুসলমান সমাজে রেনেসাঁসের উৎপত্তি ঘটেছে তাঁর আগমনের সঙ্গেই। অবশ্য মধ্যযুগের কোনো কোনো মুসলিম কবির কিছু কিছু রচনায় রেনেসাঁসের কিঞ্চিৎ সাক্ষাৎ মেলে। শেখ ফয়জুল্লা যে ভিন্নধর্মী গোরক্ষ নাথের মাহাত্ম্য নিয়ে গোরক্ষ বিজয় লিখেছিলেন, হিন্দু দেব-দেবী-কাম-রতি প্রভৃতির নাম যে অনেক মুসলমান কবির রচনায় পাওয়া যায়, তা সম্ভব হয়েছে ছুঁতমার্গকে ত্যাগ করে মানুষকে আপন করে নেওয়ার মনোভাব থেকে। কিন্তু এই মনোভাব অপ্রতিহত থাকতে পারেনি, বিশুদ্ধ ইসলামে ফিরে যাওয়ার আন্দোলন তাকে বাধাগ্রস্ত করেছে। মোতাহের হোসেন বিশেষ করে ওহাবি আন্দোলনের কথা বলেছেন। এ-আন্দোলন মুসলমানকে যদিও যোদ্ধৃবেশ দিয়েছে, কিন্তু এর পেছনে বড় কোনো লক্ষ্য ছিল না বলে মোটের ওপর তা কোনো সার্থকতা বয়ে আনতে পারেনি। বরং ‘এ কেবলই গোসা করতে কেবলই আলাদা হতে শিখেছে, প্রেমের অপরিমেয়তায় জীবনের ঐশ্বর্য উপলব্ধি করতে শেখেনি।’ তারপর মুসলমান নব্যশিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা গ্রহণ করেছে বটে, কিন্তু সেই শিক্ষা তাদের নব বিশ্বাসে উদ্দীপ্ত করতে পারেনি। কেননা এ-শিক্ষা তারা গ্রহণ করেছে সন্দিগ্ধচিত্তে, চাকরি পাওয়ার জন্যে। ফলে তাদের সাংস্কৃতিক বন্ধ্যাত্ব রয়েই গেল। ঠিক এমনি অবস্থায় নজরুল ইসলামের আবির্ভাব। মোতাহের হোসেন বক্তব্যে কাব্যময়তার আমেজ দিয়ে চমৎকারভাবে এই আবির্ভাবকে স্বরূপে চিহ্নিত করেছেন : ‘সংস্কৃতির এই শীতের দেশে হঠাৎ এলেন নজরুল ইসলাম বসন্তের মত্ততার মতো।’

মোতাহের হোসেনের এই বিশ্লেষণে বাঙালি মুসলমানের সামাজিক ইতিহাসকে পূর্ণ দৃষ্টিতে হয়তো দেখা হয়নি, কেননা ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল – মুক্তবুদ্ধিসম্পন্ন মুসলিম লেখকরাই তা করছিলেন, আর প্রতিবেশী হিন্দু সমাজের জাগরণের পরিপ্রেক্ষিত তো ছিলই; তবু নজরুলের আবির্ভাবকে তিনি যে ‘বসন্তের মত্ততার মতো’ বলেছেন সে-মন্তব্য সর্বাংশে সত্য। লক্ষ করার বিষয়, নজরুলের আবির্ভাবকে তিনি কালবোশেখির মত্ততার সঙ্গেও তুলনা দিতে পারতেন, কিন্তু তাতে তাঁর খণ্ডপরিচয় দেওয়া হতো; তাতে ‘রণতূর্য’ থাকত, ‘বাঁশের বাশরী’ থাকত না। সবকিছু মিলে মুসলমান সমাজে নজরুল ইসলাম যে অপূর্ব, তাতে অবশ্য সন্দেহ নেই।

নজরুলের রচনায় হিন্দু-মুসলমান উভয় ঐতিহ্যের যে-ব্যাপক ব্যবহার ঘটেছে তাও রেনেসাঁসেরই প্রাণচেতনার পরিচায়ক। চিত্ত বীর্যশালী না-হলে এ সম্ভব হয় না। অথচ কেউ কেউ তাঁকে ‘রিনেসাঁস-গুরু’ মনে করেন তাঁর ইসলামি রচনার জন্য। মোতাহের হোসেনের মতে এ-ধারণা ঠিক নয়। ‘যাঁরা এরূপ মনে করেন তাঁরা রিনেসাঁস কথাটির তাৎপর্য উপলব্ধি করতে পারেননি। রিভাইভালইজমকেই তাঁরা রিনেসাঁস বলতে চান।’ তাহলে কি নজরুলের বিশেষ বিশেষ রচনায় রিভাইভালইজমের পরিচয় আছে? এ-নিয়ে ভবিষ্যতে তীক্ষèদৃষ্টি এবং নির্মোহ কোনো আলোচক হয়তো বিস্তৃত বিশ্লেষণ করবেন, মোতাহের হোসেন এখানে একটি ইঙ্গিত রেখে গেছেন বলে মনে হয়।

রবীন্দ্রনাথ যে মুসলমানি ব্যাপার নিয়ে কবিতা লেখেননি অথচ নজরুল হিন্দুয়ানি ব্যাপার নিয়ে লিখেছেন – এতে মুসলমানের জাতীয় সম্মানবোধ

ক্ষুণ্ন হয়, এ যারা মনে করেন মোতাহের হোসেন তাদের ধারণার প্রবল বিরোধিতা করেছেন। কেননা নজরুলের একই সঙ্গে দুই উত্তরাধিকার – হিন্দু ও মুসলিম উত্তরাধিকার। আর রবীন্দ্রনাথের কেবলই হিন্দু উত্তরাধিকার। রবীন্দ্রনাথ যদি আরবে জন্মাতেন তাহলে মুসলমান না হলেও তাঁর রচনায় আরবীয় ঐতিহ্যের রূপায়ণ ঘটত।

নজরুলের রচনার শিল্পমূল্য নিয়ে বহু আগে থেকেই কথা উঠেছে। তাঁর লেখায় শিল্পগত পরিচর্যা কম – এমন মন্তব্য অনেকে করেছেন। মোতাহের হোসেনও তা-ই মনে করেন। তবে তাঁর ঐতিহাসিক মূল্য যে অপরিসীম, তাতে তাঁর বিন্দুমাত্র সংশয় নেই। চারণ কবির ভূমিকা পালন করেছেন তিনি। যুগের আশা-আকাক্সক্ষাকে তিনি যতখানি বাণীরূপ দিয়েছেন, আর কেউ তা করেননি। কাজী আবদুল ওদুদ নজরুল সম্পর্কে লিখেছিলেন : ‘কবি তিনি নিঃসন্দেহে – অনুভূতির গোপন আয়োজন তাঁর জগতে কখনো কখনো ঘটায় বাণীর অপূর্ব বিদ্যুৎ-দীপ্তি – কিন্তু কবি তিনি যত বড় তার চাইতে অনেক বড় তিনি যুগমানব।’ এই মত মোতাহের হোসেনের নিজেরও।

উপসংহার

রবীন্দ্রনাথ ও নজরুল উভয়েই একদিকে যেমন রসসাধক, অন্যদিকে তেমনি জীবনসাধকও। কালের দাবি তাঁরা দুজনেই নিজের নিজের মতো করে মিটিয়েছেন। বিশেষ করে দেশের জাগরণের ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল যৌগপতিক। মোহাম্মদ ওয়াজেদ আলীর মতে, ‘নজরুলের বারুদ-স্তূপে রবীন্দ্রনাথের অনুজ্জ্বল স্ফুলিঙ্গ’ যুক্ত হয়েছিল। ঠিক এভাবে না-বললেও মোতাহের হোসেনের বক্তব্যও প্রায় অনুরূপ : ‘অপূর্ব সৌন্দর্যস্রষ্টা তিনি (রবীন্দ্রনাথ)। কিন্তু বাস্তবের বেদনাও তাঁকে কম চঞ্চল করে তোলেনি। তাঁর প্রায় কাব্যেই দুই বিপরীত মনোভাবের পরিচয় পাওয়া যায়। একদিকে সৌন্দর্যসৃষ্টি, আরেকদিকে মানব-কল্যাণ-কামনা তাঁর প্রায় কাব্যে একরকম হাত ধরাধরি করে চলেছে।’ আর নজরুল ইসলাম সম্বন্ধেও সেই এক কথা। ‘তিনিও একই সঙ্গে সম্মোহন বংশীবাদক ও সংগ্রামী মানুষ হতে চেয়েছিলেন।’