পশ্চিমের আধিপত্যবাদী সংস্কৃতি ও জ্ঞানকাণ্ডের গোড়া ধরে যাঁরা টান দিয়েছেন মিশেল ফুকো তাঁদের একজন। এর আগেও এ-কাজটি করেছেন কেউ কেউ, যেমন ফ্রেডরিখ নিটশে। তবে ফুকোই প্রথম সুশৃঙ্খলভাবে তত্ত্বের আকারে পশ্চিমের জ্ঞানচর্চার ঐতিহ্যক্রমিক যুক্তিশৃঙ্খলা ও ভাবনাভঙ্গি সম্পর্কে প্রশ্ন তোলেন, ঐতিহাসিক পটভূমিতে চিরেকুরে দেখান তার বিচ্যুতি ও অসংগতি, অ-নির্মাণ ও ফাঁকফোকর, ক্ষমতায়ন ও ক্ষমতার প্রয়োগের সঙ্গে এর সম্পর্ক। জ্ঞানের সঙ্গে ক্ষমতা ও আধিপত্যের সম্পর্ক চিহ্নিত করা এবং বর্তমান সভ্যতায় ক্ষমতার ভূমিকা ও তার অবিরাম নির্মাণের ইতিহাস রচনার কারণে ফুকো বাংলাদেশের মতো প্রাক্তন-উপনিবেশগুলোর জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ। তাঁর ভাবনাভঙ্গি ধীরে ধীরে আক্রান্ত করে চলেছে নানা ভাষার চিন্তাজগৎ, সৃষ্টিশীলতা ও বুদ্ধিবৃত্তিকে; সমাজতত্ত্ব, নৃতত্ত্বসহ মানববিদ্যার বহু শাখায় ফুকোকে পরিণত করেছে অনিবার্য প্রভাবক হিসেবে।
১৯২৬ সালে ফ্রান্সের পোয়াতিয়ার্সের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম মিশেল ফুকোর। ডাক্তার বাবার আগ্রহে শৈশবে ক্যাথলিক স্কুলে তাঁর পাঠজীবন শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন তিনি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এরপর তিনি প্যারিসে হেনরি লাইসিয়াম চতুর্থতে বোর্ডার হিসেবে যোগদান করেন। ওখানে এবং পরে সরবোনে হেগেলের মনের প্রপঞ্চ গ্রন্থের অনুবাদক দার্শনিক জাঁ হাইপোলিত, জর্জ ক্যাঙ্গুইলহেম এবং আগামীদিনের কাঠামোবাদী মার্কসবাদের প্রবক্তা লুইস আলথুসারের কাছে শিক্ষাগ্রহণের সুযোগ পান।
তেইশ বছর বয়সে দর্শনে ডিপ্লোমা অর্জন করেন মিশেল ফুকো। কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েও ১৯৫১ সালে সম্পর্কচ্ছেদ করেন। আবার বছরখানেকের মধ্যে দর্শনে আগ্রহ হারিয়ে সাইকো-প্যাথলজির দিকে ঝুঁকে পড়েন। ফুকো তাঁর প্রথম গ্রন্থটি রচনা করেন এ-বিষয়েই, সেটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে। এরপর চার বছর আপসালা বিশ্ববিদ্যালয়ের ফরাসি বিভাগে পড়ান, অতঃপর ওয়ারশ ও হামবুর্গের ফ্রেঞ্চ ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করেন। তখন, জার্মানিতে থাকাকালে, পাগলামির ইতিহাসের ওপর মূল্যবান গবেষণার জন্য তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৬০ সালে অভরেনে ইউনিভার্সিটি অব ক্লারমন্ট ফের্যান্ডে দর্শন বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন ফুকো। ওখানে ছিলেন বছর ছয়েক। ১৯৬৬ সালে তাঁর লে মো এ লে শোজ (দি অর্ডার অব থিংস) গ্রন্থটি প্রকাশের পর তাঁর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লে তিনি প্যারিসে চলে আসেন। প্রথমে ভিনসেনেস বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়ান কিছুদিন, ১৯৭০ সালে কলেজ দ্য ফ্রাঁসের চিন্তনপ্রক্রিয়ার ইতিহাস বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন।
শুরু থেকেই শিক্ষকতার পাশাপাশি বক্তৃতা, সেমিনার, আলোচনায় তৎপর ছিলেন ফুকো। তাঁর সমালোচকদের মধ্যে সার্ত্র থেকে দেরিদা পর্যন্ত সকলেই ফুকোর কৌশলী ভাষার সম্ভাব্য তীব্র প্রতি-আক্রমণকে রীতিমতো ভয় করে চলতেন। যে-কোনো সমালোচনার মুখেও তাঁর বিশ্বাস, মতামত ও তত্ত্ব-দর্শন প্রবলভাবে সমর্থন করতে কখনো পিছপা হননি তিনি।
উত্তরকালীন ফুকোর মেধাবী ব্যতিক্রান্তি সত্ত্বেও ফরাসি দর্শনের ঐতিহ্য-ঘনিষ্ঠ ছিল তাঁর সূচনাপর্ব। প্রকাশভঙ্গি ও ভিত্তির দিক থেকে ফরাসি দর্শন ব্রিটিশ বা জার্মান দর্শন থেকে সম্মানজনক দূরত্ব গ্রহণ করেছিল উনিশ শতকেই, বিশেষত আঁরি বার্গসঁর (১৮৫৯-১৯৪১) মাধ্যমে। জার্মানিতে তখন আধুনিক দর্শনের জনক এডমন্ড হুসার্ল তাঁর কর্মজীবনের মধ্যগগনে।
দর্শনের রীতিসিদ্ধ, গম্ভীর ও বিশ্লেষণ-সিদ্ধান্তমুখী প্রকাশভঙ্গি এড়িয়ে প্রাবন্ধিক রীতিতে বক্তব্য উপস্থিত করেন বার্গসঁ। ফলে তাঁর লেখায় অনিবার্যভাবেই সাহিত্যগুণ সঞ্চারিত হয়ে যায়। ক্রিয়েটিভ ইভলিউয়েশনের সাহিত্যিক চারিত্র অস্বীকার করা সম্ভব নয়। ১৯৪১ সালে বার্গসঁর মৃত্যুর পর জাঁ পল সার্ত্রের উত্থান। সার্ত্রের রচনার সাহিত্যগুণ অত্যন্ত স্পষ্ট। বিয়িং অ্যান্ড নাথিংনেসের বিপুল জনপ্রিয়তা দর্শনের পাঠকদের ছাড়িয়ে সাহিত্যের লেখক-বোদ্ধাদেরও যে বিশেষভাবে প্রভাবিত করতে সমর্থ হয়, তার গুরুত্বপূর্ণ কারণ সার্ত্রের সৃষ্টিশীল সাহিত্যিক প্রকাশভঙ্গি। অস্তিত্ববাদী দর্শনের প্রত্যক্ষ প্রভাবও সাহিত্যে অধিকতর ফলবান হয়েছে। এমনকি বাংলা সাহিত্যেও রচিত হয়েছে চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদোর মতো অসাধারণ উপন্যাস।
প্রকাশভঙ্গির দিক থেকে মিশেল ফুকো বার্গসঁ-সার্ত্রের উত্তরসূরি। পরবর্তী সময়ে সার্ত্র অস্তিত্ববাদী দর্শনের সঙ্গে মার্কসীয় তত্ত্বের সংশ্লেষ ঘটানোয় ফ্রান্সে অস্তিত্ববাদী দর্শনের প্রতি অনীহা সৃষ্টি হয়, সেইসঙ্গে ফরাসি দর্শনের সাহিত্যিক রীতির প্রভাবও হ্রাস পায়। তরুণ দার্শনিকরা স্বভাবতই ব্রিটিশ ও জার্মান দর্শনের দিকে ফিরতে শুরু করেন।
এ-সংকটকালে মিশেল ফুকো ও আরো কজন মেধাবী দার্শনিক ফরাসি দর্শনের সাহিত্যিক ঐতিহ্য অঙ্গীকার করেন। এবং সাহিত্য ছাড়িয়েও অন্যান্য বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র Ñ যেমন ভাষাবিজ্ঞান, নৃতত্ত্ব, ইতিহাসের তথ্য ও পটভূমি ব্যবহার করে চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেন। এঁদের সবাই দার্শনিক নন, কিন্তু চিন্তাবিস্তারের প্রয়োজনে দর্শনকে আন্দোলিত করেছেন, কর্ষণ করেছেন এবং সেইসঙ্গে সাহিত্যসহ অন্যান্য ক্ষেত্রও চষে বেড়িয়েছেন। ফরাসি দর্শনের এই নতুন রীতির ফসলকে কেউ কেউ একটি নতুন শ্রেণি হিসেবে বিন্যস্ত করারও প্রস্তাব করেছেন। তরুণ প্রজন্মের এসব বুদ্ধিজীবীর মধ্যে মিশেল ফুকো, সমালোচক রোলাঁ বার্থস, জাক দেরিদা বিশেষভাবে প্রোজ্জ্বল।
দেরিদা তাঁর দৃষ্টি তীক্ষè ও সংকুচিত করে প্রবেশ করেন মানবীয় ভাষার জগতে। ফুকো নজর ফেরান ইতিহাসের দিকে; রাষ্ট্র ও রাষ্ট্রনায়কদের ইতিহাস নয়, পশ্চিমা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ প্রবণতার বিকাশ ও প্রতিষ্ঠার ইতিহাসে : পাগলামির প্রতি সমাজ ও ব্যক্তির মনোভাব, আধুনিক ওষুধের ঐতিহাসিক রূপান্তর, জীববিজ্ঞানের ধারণামূলক পরিপ্রেক্ষিত, ভাষাবিজ্ঞান ও অর্থনীতি, শাস্তি ও কারাগার, যৌনতা প্রভৃতি। অস্তিত্ববাদী দর্শনের ধ্বংসস্তূপে গড়ে-ওঠা নতুন
চিন্তাধারার প্রথম সারির ব্যক্তিত্ব হিসেবে ফুকো অতি দ্রুত খ্যাতির শীর্ষে পৌঁছান। আবার পরবর্তীকালে তিনিই দেরিদার পাশাপাশি উত্তর-কাঠামোবাদী ভাবনারীতির সূচনা করে উত্তরাধুনিকতার প্রধানতম প্রবক্তা হিসেবে আখ্যায়িত হন।
আসলে ফুকো ছিলেন অপ্রচলিত ধরনের বিপ্লবী, অদ্ভুত ধরনের তাত্ত্বিক। তাঁর দি অর্ডার অব থিংস গ্রন্থটিকে কাঠামোবাদী বলে আখ্যায়িত করায় তিনি রেগে গিয়ে মন্তব্য করেন যে, ফ্রান্সে দু-একজন আধা-রসিক ভাষ্যকার দি অর্ডার অব থিংসকে কাঠামোবাদী বলে দেখাতে চান, কিন্তু তিনি এ-গ্রন্থে কাঠামোবাদী পদ্ধতি, ধারণা বা প্রধান প্রধান পরিভাষা ব্যবহার করেননি। অবশ্য তাঁর বিরূপ মন্তব্য সত্ত্বেও আমরা মনে করি, ওই রচনায় কাঠামোবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিমত রয়েছে। এ-গ্রন্থেই তিনি মন্তব্য করেন যে, ‘কাঠামোবাদ হলো আধুনিক জ্ঞানের বিরামহীন চেতনা’ (মারকার ১৯৯১, ১৫)।
দি অর্ডার অব থিংস প্রকাশিত হওয়ার পর থেকে মিশেল ফুকো বিভিন্ন আলোচনা-সাক্ষাৎকার-সেমিনারে প্রায়ই বলতেন যে, তাঁর লক্ষ্য বর্তমানের ইতিহাস রচনা। আধুনিক সংস্কৃতির কয়েকটি মূল প্রবণতা শনাক্তকরণ এবং ঐতিহাসিক পরিপ্রেক্ষিত থেকে সেগুলো ব্যাখ্যা করা ও বর্তমানের ইতিহাস-নির্দিষ্টকরণ Ñ ফুকোর এ-অভিপ্রায়ই ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে তাঁর সকল রচনায় Ñ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন থেকে দি হিস্ট্রি অব সেক্সুয়ালিটি পর্যন্ত।
ফুকো জন্মেছেন এবং বেঁচেছেন একদল তীক্ষè মেধার, বেপরোয়া সৃষ্টিশীল মানুষের পাশাপাশি, যাঁদের প্রধান প্রবণতাই ছিল প্রচল মানব সভ্যতার এঁকে দেয়া বৃত্ত ভাঙা এবং নতুন প্রসার রচনা। জন রাউল (১৯২১), থমাস কুন (১৯২২), আর্নেস্ত গেলনার (১৯২৫), মিশেল ফুকো (১৯২৬), হিলারি পুটনেস (১৯২৬), লেসজেক কোলাক্ভস্কি (১৯২৭), নোয়াম চমস্কি (১৯২৮), ইয়ারগুন হেবারমাস (১৯২৯), জাক দেরিদা (১৯৩০) প্রমুখ মনীষী ষাট ও সত্তরের দশকে চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা করেন, বদলে দেন আমাদের ধারণামূলক দৃষ্টিভঙ্গি। এঁদের মধ্যে মিশেল ফুকো পশ্চিমে বিপুল খ্যাতিতে অভিষিক্ত হয়েছেন। সম্ভবত, এক চমস্কি ছাড়া আর কেউ এরূপ খ্যাতি ও সম্মান পাননি।
ফুকোর রচনার গভীরতর ও তীব্র প্রভাবের কারণ তাঁর চিন্তার বিষয়। মানব জ্ঞানকাণ্ডের এমন কিছু জায়গায় তিনি দৃষ্টি ফেলেন, যা আগে কখনো পরীক্ষিত হয়নি অথবা যথাযথ পরিপ্রেক্ষিত থেকে সংজ্ঞায়িত ও বিশ্লেষিত হয়নি, অথচ তা জরুরি ছিল। যেমন Ñ ক্ষমতার ডিসকোর্স, যে-ক্ষমতা ক্রমশ গ্রাস করে চলেছে মানবসভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্র। ফ্রয়েডীয়, অস্তিত্ববাদী ও মার্কসীয় মত ও মতবাদের আলোড়ন-বিলোড়ন স্তিমিত হয়ে আসার পর ভিন্ন পটভূমি ও দৃষ্টিকোণ নিয়ে উপস্থাপিত ফুকোর নতুন বক্তব্য খুব দ্রুত আক্রান্ত করে পশ্চিমের বুদ্ধিজীবী সমাজকে।
মিশেল ফুকোর মনোভঙ্গি ও চিন্তাধারা সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান এবং তার অভিমুখ নির্দেশের প্রয়াস আছে বর্তমান রচনায়। এ-উদ্দেশ্যে তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের বিষয়ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ফুকো-মতাদর্শের সূচনা, ধারাক্রমিক পরিবর্তন ও বিবর্তনগুলো চিহ্নিত করা হয়েছে। আমাদের সামাজিক-সাংস্কৃতিক পটভূমিতে তার প্রাসঙ্গিকতা ও বুদ্ধিবৃত্তিক জগতে তার অভিঘাত-নির্ণয়ের প্রয়াসও আছে।
ফুকোর চিন্তাধারা যথাযথ পরিপ্রেক্ষিতসহ উপলব্ধি করার জন্য আলোচনার শুরুতে তাঁর দার্শনিক ভিত্তি ও অভিমুখের সংক্ষিপ্ত পরিচয় নেওয়া যেতে পারে। অনেকে বলেন, তিনি ইতিহাস ও দর্শনের সংশ্লেষ ঘটিয়েছেন এবং এর মধ্য দিয়ে ইতিহাস ও দর্শনের আলোকে বর্তমান সভ্যতার বিস্ময়কর সমালোচনা উপস্থাপিত করেছেন। জীবনের শেষদিকে ফুকো নিজেও বলতেন, তাঁর লক্ষ্য হলো আধুনিকতার ঐতিহাসিক দর্শন রচনা, যার উদ্দেশ্য হবে (১) পশ্চিমে কার্যকারণবোধ বা যুক্তিবাদের উৎপত্তি হয়েছিল কোন ঐতিহাসিক পরিস্থিতিতে, তা শনাক্ত করা এবং (২) আমাদের বর্তমান অবস্থান নির্ণয়ের জন্য বর্তমানের বিশ্লেষণ অর্থাৎ আধুনিক সংস্কৃতির কতিপয় প্রবণতার বিচার।
ফুকো বলেন, আধুনিক দর্শনের অনেকটাই অর্জিত হয়েছে পরিপুষ্ট ও স্বাধীন যুক্তি বা কার্যকারণ-উদ্ভবের ঐতিহাসিক পটভূমি খুঁজে দেখার আগ্রহ থেকে। অন্বেষণের মূলভাব ছিল বিজ্ঞান, প্রকৌশল ও রাজনৈতিক সংস্থাসমূহের মধ্য দিয়ে প্রকাশিত যুক্তি বা কার্যকারণ।
এ-অনুসন্ধান এক অর্থে কান্টের বহুকথিত প্রশ্ন ‘এনলাইটেনমেন্ট কী?’ Ñ তারই রূপান্তর। ফুকো বলেন, ফ্রান্সে কোঁতের পর কান্টের প্রশ্নটির বক্তব্য পাঠ করা হয়েছে এভাবে Ñ ‘বিজ্ঞানের ইতিহাস কী?’ আবার জার্মানিতে ম্যাক্স ওয়েবার থেকে ইয়ারগুন হেবারমাস পর্যন্ত কান্টের প্রশ্নটির জবাব খোঁজা হয়েছে সামাজিক কার্যকারণের পটভূমিতে। তাঁদের চিন্তা ব্যাপৃত ছিল সামাজিক কার্যকারণ-উদ্ভবের ইতিহাসে।
ফরাসি বুদ্ধিবৃত্তিক জগতে যখন ‘কার্যকারণই জ্ঞান’ হিসেবে প্রতিষ্ঠিত তখন ঐতিহ্য অঙ্গীকার করেও ফুকো তাঁর অনুসন্ধান গভীরতর স্তরের দিকে নিয়ে গিয়ে নতুন প্রশ্নের জন্ম দেন। তাঁর ভাষায় : ‘ফ্রান্সে যখন বিজ্ঞানের ইতিহাসবিদরা বস্তুর গঠন-বিষয়ক সমস্যায় গভীরভাবে আগ্রহী, আমি তখন নিজেকেই প্রশ্ন করেছি : মানবীয় অহং নিজেকেই যে সম্ভাব্য জ্ঞান-আহরণের বিষয়রূপে গ্রহণ করল, তা কেমন ব্যাপার? কোন স্তরের যুক্তিবোধ ও ঐতিহাসিক পরিস্থিতিতে? এবং শেষত, কোন মূল্যে? এটিই আমার প্রশ্ন Ñ কোন মূল্যে অহং নিজের সম্পর্কে সত্য উচ্চারণ করতে পারে?’ (ফুকো, ১৯৮০, এপিগ্রাফ)।
কাঠামোবাদীদের মতো ফুকোও চিন্তার উদ্ভবে কোনো সংগঠিত অহংয়ের প্রাক-অবস্থান স্বীকার করেন না। তিনি মনে করেন চিন্তা নিয়ন্ত্রিত হয় গোপন অবচেতনের দ্বারা। সেই গোপন অবচেতনই কাঠামোবাদীদের অনুধ্যেয়। দেকার্ত-হেগেলের আদি-অহংয়ের বিশ্বাসনির্ভর ভাববাদ কাঠামোবাদীদের মতে সর্বতোপরিহার্য। ফুকো তাঁর আর্কেওলজি অব নলেজে ঘোষণা করেন, তাঁর লক্ষ্য চিন্তার ইতিহাসকে অতীন্দ্রিয়ের কবলমুক্ত করা :
আমার লক্ষ্য হলো ইতিহাসকে ধারাক্রমহীনতায় ব্যাখ্যা করা, যাকে পরম-কার্যকারণবাদ আগাম খাটো করে না; যাতে তা বেনামে নিযুক্ত হতে পারে ও তার উপর অতীন্দ্রিয় অহংয়ের রূপ চাপিয়ে দিতে না পারে, Ñ একে উন্মুক্ত করা পার্থিবতার নিকট, যা কোনো ভোর নিয়ে আসার প্রতিজ্ঞা করে না। আমার লক্ষ্য ইতিহাসকে ধুয়ে-মুছে অতীন্দ্রিয়কেন্দ্রিক আত্মরতি থেকে সম্পূর্ণ মুক্ত করা। (ফুকো ১৯৭২, ২০২-৩)।
আর্কেওলজি অব নলেজে প্রদত্ত বক্তব্য থেকে বোঝা যায় তাঁর লক্ষ্য অহংয়ের সার্বভৌমত্বের ধারণার অসারতাপ্রমাণ। তিনি ফরাসি ও জার্মান দর্শনের নির্বাচিত কিছু বৈশিষ্ট্য-অবলম্বনে নতুন ভিত্তি নির্মাণের চেষ্টা করেছেন। কান্টীয় ব্যাখ্যা-অনুযায়ী আধুনিক হেতুর প্রকৃতি এবং কোঁতের বিশ্লেষণ Ñ ‘বিজ্ঞানের ইতিহাস হিসেবে হেতুর তত্ত্ব’ এ-সময়ে প্রভাবক বিশ্বস্ততা অর্জন করেছিল। ফুকো পথ করে নেন এ-দুয়ের মাঝখান দিয়ে। তিনি ‘জ্ঞানরূপ যুক্তি’র ওপর সন্দেহপূর্ণ দৃষ্টি অপরিবর্তিত রাখেন, আবার বিজ্ঞানের প্রকাশককে উদ্দেশ্যমূলক ও চিরায়ত কারণরূপে মানেন না। ওয়েবার ঘরানার সামাজিক যুক্তিবাদরূপে কারণ বা হেতুর তত্ত্বকে শর্তাধীনে সমর্থন করেন। তেমনি প্রশংসা করেন আধুনিক সংস্কৃতিতে প্রকাশমান বহুত্ববাদী ধারণারও।
সারকথা হলো ফুকো আধুনিক যুক্তিবাদকে পরীক্ষা করে দেখতে চান, সামাজিক বিজ্ঞানসমূহ প্রতিষ্ঠার ঐতিহাসিক পরিস্থিতিগুলোও বিচার করতে চান। এসব আবার প্রাতিষ্ঠানিক তৎপরতা, শ্রেণিসম্পর্ক, পেশাগত সংঘাত, জ্ঞানের রীতিগত বিন্যাসের সঙ্গে সম্পর্কিত বলে এগুলোও অনুসন্ধানে অন্তর্ভুক্ত করার কথা বলেন। ফুকোর রচনার কেন্দ্রীয় বক্তব্য ধ্রুপদ ভাববাদের অতীন্দ্রিয় অহংয়ে বিশ্বাস করে না, তেমনি একীভূত মূল কারণ সম্পর্কেও আপত্তি তোলে। অবশ্য ভাববাদী অধিবিদ্যা বর্জন করা উচিত, এজন্য যে, এ-অধিবিদ্যা বিশ্বাস করে, মানুষের প্রাকৃতিক-মানবিক অভিজ্ঞতার মধ্যেই খুঁজে পাওয়া যায় বাস্তবতার যথার্থ প্রকৃতি উপলব্ধির সূত্র। এ-বিশ্বাস শেষ পর্যন্ত নিয়ে যায় ভিন্ন এই বক্তব্যে যে, মানুষই হলো বাস্তবকে উপলব্ধির উপায়, এবং ‘তাই মানুষ একটি আধ্যাত্মিক সত্তা’। মানুষের শ্রেষ্ঠত্বের এ-ধারণা ছায়া ফেলেছে অধিকাংশ গুরুত্বপূর্ণ মনীষীর চিন্তায় Ñ শোপেনহাওয়ার, নিটশে, বার্গসঁ, হাইডেগারেও।
ফুকোর সময়ে মানুষের শ্রেষ্ঠত্বকেন্দ্রিক এ-ভাবনাভঙ্গি অধিকার করেছিল সমকালীন দর্শনকে। অতীন্দ্রিয় অহংয়ের বিশ্বাস একদিকে লুকাসের মধ্য দিয়ে মার্কসবাদকে প্রভাবিত করেছে, অন্যদিকে জীবিত কারণ বা হেতুর প্রপঞ্চমূলক ধারণাতেও প্রভাব রেখেছে। ষাটের দশকে ফুকো এ দুই ধারা থেকেই চিন্তার পুষ্টি লাভ করেন। ক্রমে তাঁর মনে হয়, অহংয়ের প্রাক-উৎকর্ষমূলক অবস্থান বা অতীন্দ্রিয়তার বিশ্বাসের ভিত্তি নেই। বরং বলা যায়, বাস্তবকে ব্যাখ্যা করার ক্ষেত্রে মানবীয় অহং প্রাথমিক ভিত্তি-সূত্র হিসেবে কাজ করে। অতঃপর তিনি যুক্তিবাদের ইতিহাসে অ-ভাববাদী পরীক্ষণের উপায় খুঁজে বের করায় মনোনিবেশ করেন। ফুকোর চিন্তাভাবনার উদ্ভব, পরিবর্তন-রূপান্তরের এ-জটিল ধারার পরিচয়, আন্তরবিন্যাস ও অভিমুখ বোঝার জন্য তাঁর রচনাসমূহ খুঁটিয়ে দেখা প্রয়োজন।
দুই
মিশেল ফুকোর প্রথম কাজ মালাদি মঁতাল এ প্সিকোলজি প্রকাশিত হয় ১৯৫৪ সালে। এর ইংরেজি অনুবাদের শিরোনাম মেন্টাল ইলনেস অ্যান্ড সাইকোলজি। দর্শনে ডিগ্রি অর্জনের পরপর হঠাৎই সাইকো-প্যাথলজিতে আগ্রহী হয়ে-ওঠা ফুকোর চিন্তাভাবনার সূচনাপর্বে লেখা এ-গ্রন্থটিতে তাঁর পরবর্তীকালের ভাবনাজগতের আভাস মিললেও তা তেমন স্পষ্ট কোনো ধরন তৈরি করেনি। এ-রচনাতে তিনি আধুনিক পশ্চিমা সংস্কৃতির বিভিন্ন প্রবণতার সঙ্গে পুঁজিবাদী সমাজব্যবস্থার আন্তর-সংঘাতের সম্পর্ক-বিষয়ে প্রথমবারের মতো উৎসাহী হয়ে ওঠেন। মানসিক ব্যাধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এর জন্য দায়ী করেন পুঁজিবাদী সমাজের বৈপরীত্যময় পরিবেশ-পরিস্থিতিকে। তবে ফুকোর চিন্তার তীক্ষèতর প্রসারের পরিচয় এ-গ্রন্থে পাওয়া যায় না। সমালোচকরাও মেন্টাল ইলনেস অ্যান্ড সাইকোলজি সম্পর্কে খুব-একটা উৎসাহ দেখাননি।
ফুকোর প্রথম গুরুত্বপূর্ণ রচনা ফরাসি ভাষায় লিখিত ফলি এ দেরেজঁ : ইসতোয়ার দ্য লা ফলি আ লাজ ক্লাসিক প্রকাশিত হয় ১৯৬১ সালে। ১৯৬৪ সালে প্রকাশিত এর সংক্ষিপ্ত সংস্করণের ইংরেজি অনুবাদের শিরোনাম ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন Ñ আধুনিক পশ্চিমা-সংস্কৃতির ব্যত্যয়সমূহের কারণরূপে যুক্তিবাদের উন্মেষের ইতিহাসরচনায় ফুকোর নিজস্ব অভিপ্রায়ের প্রথম প্রকাশ্য পদক্ষেপ। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে তিনি মানসিক ব্যাধি বা পাগলামির প্রতি পশ্চিমা সমাজের পরিবর্তনশীল মনোভাবের ধারাক্রম চিত্রিত করে দেখান যে, মানসিক-ব্যাধিগ্রস্তদের প্রতি পশ্চিমা সমাজ ও সংস্কৃতি ক্রমশ রূঢ়, দমন-নিপীড়নমুখী হয়ে উঠেছে। মধ্যযুগ থেকে আধুনিককাল পর্যন্ত এ-পরিবর্তন চারটি ধাপে শনাক্তযোগ্য।
মধ্যযুগে পশ্চিমে পাগলামি পবিত্র বলে গণ্য হতো। রেনেসাঁসের কালে এমন বিশ্বাসও ছিল যে, পাগলামির পেছনে কোনো অজ্ঞেয় দ্ব্যর্থক কারণ নিহিত। এ-প্রবণতা অভিব্যক্ত হয়েছে শেক্সপিয়রের নাটকে পাগলের চরিত্র-গঠনে এবং সারভেন্টিসের মহৎ বোকা নাইটদের চরিত্র-নির্মাণে। ওই পর্যায়ে পাগল বা পাগলামি সমাজ ও যুক্তিবাদের আশ্রয়চ্যুত হয়নি। প্রাক-আধুনিককালে সমাজ আরো রূঢ় হয়ে ওঠে উন্মাদদের প্রতি। এ-পর্যায়ে মানসিক ব্যাধিগ্রস্তদের জাহাজে করে অন্যত্র পাঠিয়ে দেওয়ার রেওয়াজ চালু হয়। সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার মধ্যে প্রচলিত কার্যকারণবাদের বিরোধী সমস্ত কিছুকে সরিয়ে দেওয়ার প্রয়াস লক্ষণীয়। পাগলামিকে সমাজচ্যুত করার প্রবণতা দেখা দিলেও তখনো কেটে-ছেঁটে ফেলার নিষ্ঠুরতা উদ্ভূত হয়নি। তখনো ধরা হতো পাগলামির কোনো-না-কোনো অর্থ আছে, মনে করা হতো যুক্তিবোধের ব্যত্যয়ই পাগলামির প্রকাশ। রেনেসাঁস-যুগের মন তাই পাগলামির সঙ্গে যথেষ্ট পরিচিত ছিল। তখনো যুক্তি ও অ-যুক্তির মধ্যে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংযোগের বিভিন্ন উপায় ছিল। রেনেসাঁস-ব্যক্তি স্বীকার করে নিয়েছিল যে, পাগলামি সত্যেরই অংশ।
ফুকো লক্ষ করেন যে, মধ্য-সপ্তদশ শতকে উন্মাদনার প্রতি রেনেসাঁসি মনোভাব আকস্মিকভাবে বদলে যায়। বিভিন্ন স্থানে খুব দ্রুত প্রতিষ্ঠিত হয় উন্মাদাগার। ইতিপূর্বে রোগীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত আরোগ্য-নিকেতন রূপান্তরিত হয় পাগলা-গারদে। কারণ ক্রুসেড শেষ হওয়ার পর থেকে কুষ্ঠব্যাধির প্রকোপ অনেক হ্রাস পায়। তখন থেকে উন্মাদগ্রস্তদের আর সমাজচ্যুত না করে বরং, ফুকোর ভাষায়, সমাজ থেকে উপড়ে বা ছেঁটে ফেলে এক স্থানে এনে জড়ো করা হয়; এই স্থানটিই পাগলা-গারদ Ñ মানসিক হাসপাতাল Ñ মানসিক ব্যাধিকে বিপজ্জনক মনে করে তা থেকে সমাজ বাঁচানোর প্রয়াসের সাক্ষ্য।
উন্মাদ ব্যক্তিকে বশে আনার জন্য একটি সামাজিক শ্রেণি হিসেবে তাদের অবরুদ্ধ করার এ-প্রবণতা প্রকাশ পায় ক্লাসিকাল যুগে। উন্মাদদের বিশেষ স্থানে অবরুদ্ধ করে অপরাধী, ভিক্ষুক, এমনকি অলস, ভবঘুরে প্রভৃতি সমাজ-গর্হিতদের মতো নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখা দেয়।
ফুকো উন্মাদদের প্রতি সমাজের এ-আচরণকে নিষ্ঠুর বলে মন্তব্য করলেও তিনি মনে করেন, তখনো পাগলামিকে ভয়ংকর রোগ হিসেবে দেখা হতো না। তখন একে মনে করা হতো অলস-অসুস্থতা। সে-যুগে মানসিক হাসপাতালগুলোয় সাইকো-থেরাপিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। লক্ষ্য ছিল ওদের বিচ্ছিন্ন রাখা অথবা পাগলামি সংশোধন করা। তবে হাসপাতালের বাইরে বেশকিছু চিকিৎসা-পদ্ধতি চালু ছিল, যেগুলো নিষ্ঠুরতার জন্য কুখ্যাত হয়ে আছে।
পাগলামিকে তখন মনে করা হতো দৈহিক বিকৃতি বা প্রতিবন্ধকতার ফল। তাই এমনসব সংশোধন-পদ্ধতির সাহায্যে উন্মাদনাকে আক্রমণ করা হতো, যার লক্ষ্য হতো বাইরে থেকে দূষিত অংশটিকে সরিয়ে দেওয়া অথবা ভেতরে গলিয়ে ধ্বংস করে ফেলা। প্রথমোক্ত চিকিৎসা-পদ্ধতির উদাহরণ হিসেবে জনৈক ডা. ফেলাউসের এক নির্দয় চিকিৎসা-পদ্ধতির বর্ণনা দিয়েছেন ফুকো, এর নাম অলিয়াম সেপালিকাম। সেখানে বলা হয়েছে যে, কালো জলীয়বাষ্প মগজে ঢুকে আটকে গেলে এক ধরনের পাগলামি দেখা দেয়। তা দূর করতে হলে ওই কালো জলীয়বাষ্প বের করা চাই। ওই ডাক্তারের বিশ্বাস হলো পাগলামি দূরীকরণে :
অলিয়াম সেপালিকামের সুবিধা হলো এটি মাথায় পুঁজযুক্ত ফুসকুড়ি গজিয়ে তুলতে পারে। সেগুলোয় সময়ে সময়ে তৈলমর্দন করা হয়, যাতে শুকিয়ে যেতে না পারে এবং মগজে আটকেপড়া কালো জলীয়বাষ্প (ফুসকুড়ির ছিদ্রপথে) বেরিয়ে আসা অব্যাহত থাকে। তবে শরীরের কোনো এক জায়গায় গরম লোহার সেঁকা দিলে অথবা পোড়ালে একই ফল মেলে। এমনও মনে করা হতো যে, খোসপাঁচড়া, একজিমা বা বসন্ত হলে পাগলামি ভালো হয়ে যেতে পারে। এতে তখন দূষণ ভিসেরা ও মগজ ত্যাগ করে দেহের উপরিভাগে ছড়িয়ে পড়ে। সেখান থেকে তা বাইরে চলে যায়। শতাব্দীর শেষদিকে দেখা যায় যে, দুরারোগ্য উন্মাদনা দূর করার জন্য দেহে খোসপাঁচড়া ছড়িয়ে দেয়ার প্রথাই চালু হয়ে যায়। হাসপাতালের পরিচালকদের উদ্দেশে লিখিত ফ্রাঁসোয়া দেলেতের ১৭৮৫ সালের নির্দেশনায় বলা হয়, ‘রক্তক্ষরণ, রেচন, ডুবানো ও জলধারায় উন্মাদনা না সারলে গরম বা সেঁকা, খেপানো, কৃত্রিম ফোঁড়া ও বহিরঙ্গের খোসপাঁচড়ায় অবশ্যই তা সারবে’ (ফুকো ১৯৭১, ১৬৪)।
সে-যুগের মানসিক রোগগ্রস্ত ব্যক্তির ওপর চিকিৎসার নামে পশ্চিমা সমাজের ভয়াবহ নির্যাতনের দগদগে প্রতিমা ড. ফেলাউসের চিকিৎসা-পদ্ধতি। অমানবিক ও অনিশ্চিত এ-চিকিৎসা-পদ্ধতি অনুমোদন করেছিল তথাকথিত যুক্তিবাদী ক্লাসিকাল যুগের পশ্চিমা সমাজ। ফুকো আমাদের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন ঠিক এ-বিষয়টির প্রতিই Ñ যুক্তিনির্ভর পশ্চিমা সমাজের বিচ্যুতি, সাংস্কৃতিক বিকৃতি, সেজন্য সমকালে ব্যক্তির যন্ত্রণা ও ক্ষতি এবং উত্তরকালে আমাদের সময়েও টিকে থাকা ভ্রান্তির ধারাবাহিকতার প্রতি।
ওই যুগে কিছু সহৃদয় মানসিক চিকিৎসা-পদ্ধতির উল্লেখও আছে। মোট কথা, ক্লাসিকাল যুগে মানসিক বিকৃতি রোগ হিসেবে চিহ্নিত হয়। উনিশ শতকের ইয়র্কে কোয়েকার উইলিয়াম টিউক এবং প্যারিসে ফিলিপ পিনেলের দৃষ্টান্ত-অনুসরণে মানসিক বিশৃঙ্খলাগ্রস্তদের অপরাধী, ভিক্ষুক, অলসদের থেকে আলাদা করা হয়। ওই সময়ে অপরাধী, অলস, ভিক্ষুকসহ দরিদ্র লোকদের অন্তরীণ না রেখে ছেড়ে দেওয়া হয়। কারণ তখন থেকে বর্ধিষ্ণু শিল্পায়নের জন্য দরিদ্র মানুষের বাড়তি শ্রমের প্রয়োজন হয়। যাহোক, তখনই পাগলদের দৈহিকভাবে শৃঙ্খলমুক্ত করে তুলে দেওয়া হয় সাইকিয়াট্রিস্টদের ইচ্ছা-অনিচ্ছার হাতে। সাইকিয়াট্রিস্টদের সাইকোলজিক্যাল ট্রায়াল থেকে মানসিক বিশৃঙ্খল ব্যক্তি আর মুক্তি পেত না Ñ সংশোধন অথবা মৃত্যু ছাড়া। মানসিক নির্যাতন ‘যুক্তিবাদের দৈত্যের আইনরূপে প্রতিষ্ঠিত হয়’।
এভাবে যুক্তি ও অ-যুক্তির মধ্যে দৃঢ় পার্থক্য প্রতিষ্ঠিত হয়ে যায় পশ্চিমের চিন্তায়। অ-যুক্তির জীবন ও জীবনবোধ কেবল প্রথাবিরোধী, বেপরোয়া সাহিত্য যেমন হোল্ডারলিন, নেরভাল, নিটশে, আঁরতুদের রচনায় বেঁচে থাকে। ফুকো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কু-বিন্যাসের দিকে ইঙ্গিত করেন : মানসিক হাসপাতালগুলোয় কর্তৃত্বনির্ভর ব্যবস্থা পুঁজিবাদী সমাজব্যবস্থারই অনুরূপে গড়ে ওঠে। ওই সমাজে মাতৃত্ব-পিতৃত্বের ধারণার ওপর নির্ভর করে শিশুর ওপর পরিবারের আধিপত্য, তাৎক্ষণিক ন্যায়-বিচারের ধারণায় নিয়ম ভঙ্গকরণ ও শাস্তিপ্রদানের সম্পর্ক এবং সামাজিক-নৈতিক শৃঙ্খলার ওপর নির্ভর করে মানসিক বিকার ও শৃঙ্খলার ওপর মনোচিকিৎসকের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ফুকো মনে করেন ফ্রয়েড মানসিক রোগীকে অ্যাসাইলাইমে অবরুদ্ধকরণের ক্ষমতা খর্ব করলেও তাকে শেষ পর্যন্ত মনোচিকিৎসকের কর্তৃত্বেই ন্যস্ত করেছেন। কর্তৃত্ববাদী এ-বিন্যাস কেবল বিস্তৃতই হয়েছে, চলে এসেছে আমাদের সময় পর্যন্ত এবং তা আরো বিস্তৃত হবে, আমাদের অন্যান্য ক্ষেত্রে Ñ অন্য সব সম্পর্কেও।
ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন বেরুনোর পরপর ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল গোটা বুদ্ধিজীবী মহলে এবং সাইকিয়াট্রিক চিকিৎসাবিরোধী দলগুলোতে। এপিস্টেমোলজিস্ট মিশেল সেরেস গ্রন্থটির সমালোচনা করতে গিয়ে একে অভিহিত করেন আর্কেওলজি অব সাইকিয়াট্রি বলে।
পরবর্তীকালে কিছু সংশোধনমুখী তথ্য নিয়ে একই বিষয়ে আরো কিছু রচনা প্রকাশিত হয়। পিটার সেডউইক মধ্যযুগীয় উৎস ঘেঁটে দেখান যে, পাগলামির ইতিহাস-নির্ণয়ে ফুকো সম্পূর্ণ তথ্য অধিগত করতে পারেননি। এনলাইটেনমেন্টের পূর্বেও পশ্চিমে কিছু অঞ্চলে মানসিক ব্যাধিগ্রস্তদের শৃঙ্খলিত করে রাখা হতো, তাদের ওপর নির্যাতনমূলক ও অবৈজ্ঞানিক চিকিৎসা-পদ্ধতি প্রয়োগ করা হতো। অতএব মানসিক ব্যাধির জন্য নির্যাতনমূলক চিকিৎসা ও অবরুদ্ধকরণের দায় সম্পূর্ণভাবে এনলাইটেনমেন্টের যুক্তিবাদের ওপর চাপানো যায় না। এইচ সি এরিক মিডলফোর্টও বলেছেন যে, মধ্যযুগেও নির্যাতনমূলক চিকিৎসা-পদ্ধতির অস্তিত্ব ছিল। তিনি উল্লেখ করেন, মধ্যযুগের কোনো কোনো অঞ্চলে মানসিক ব্যাধিকে পাপের সঙ্গে সম্পর্কিত মনে করা হতো। এ-ছাড়া ক্লাউস ডরনার (ম্যাডমেন অ্যান্ড দি বুর্জোয়াসি, ১৯৭১), ডেভিড রথম্যান (দি ডিসকভারি অব দি অ্যাসাইলাম, ১৯৬৯) ফুকোর ব্যবহৃত তথ্যের অসম্পূর্ণতা এবং তার পর্ব-বিভাগের ত্রুটির উল্লেখ করেছেন।
সমালোচকদের নির্দেশিত তথ্যগত ও পর্ব-বিভাজনগত ত্রুটি মানসিক বিকারের প্রতি পশ্চিমের মনোভাবের ফুকোকৃত বিশ্লেষণ ভুল প্রমাণিত করে বলে মনে হয় না। মানবীয় আচরণের বিশৃঙ্খল একটি অবস্থাকে (মানসিক ব্যাধি) পশ্চিমা সভ্যতা ও জ্ঞান কীভাবে বিচার-বিশ্লেষণ করে ও গ্রহণ করে সে-সম্পর্কে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন এক মেধাবী অনুসন্ধান। সেই বিচার-বিশ্লেষণ ও গ্রহণের রীতির পেছনে কোন সাংস্কৃতিক বোধ ও যুক্তিবোধ-ধারণা কাজ করেছে, তা উদ্ঘাটনে ফুকোর অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফুকোর প্রধানতম সমালোচকদের একজন লরেন্স স্টোনও স্বীকার করেছেন যে, সপ্তদশ ও অষ্টাদশ শতকে সমস্যাগ্রস্তদের অন্তরীণ রাখা ও নিষ্ঠুর পদ্ধতিতে চিকিৎসা করার প্রবণতা ছিল মানবসভ্যতার পশ্চাৎপদতার উদাহরণ। এর ফলে এনলাইটেনমেন্টের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির দাবি এবং এনলাইটেনমেন্টের বদৌলতে সকল ব্যক্তির উত্থানের গল্পের বিশ্বস্ততা সম্পর্কে প্রশ্ন ওঠে। এই অনিবার্য, ব্যতিক্রমধর্মী দৃষ্টি ও উপলব্ধ সত্য ফুকোর গুরুত্বপূর্ণ অর্জন।
১৯৬৩ সালে প্রকাশিত হয় দি বার্থ অব দি ক্লিনিক : অ্যান আর্কেওলজি অব মেডিক্যাল পারসেপশন। এ-গ্রন্থে ফুকো সংক্ষিপ্ত কালপর্বে, অষ্টাদশ শতকের শেষ তিন দশক থেকে ফরাসি রেস্টোরেশন কাল (১৮৩০) পর্যন্ত ওষুধের ইতিহাস পুনর্গঠিত করেন এবং বিভিন্ন ধারণামূলক কাঠামো বিশ্লেষণ করে তিন ধরনের চিকিৎসা-তত্ত্ব ও চর্চার ক্রমিক বিকাশ শনাক্ত করেন। ফুকো দেখান যে, ১৭৭০ সাল পর্যন্ত প্রচলিত চিকিৎসাবিজ্ঞান প্রজাতির ওষুধের ধারণায় প্রতিষ্ঠিত ছিল। কারণ রোগগুলোকে বিভিন্ন প্রজাতিতে ভাগ করা হতো। রোগকে মনে করা হতো স্বতন্ত্র সত্তা, শরীরের সঙ্গে যার সম্পর্ক অনিবার্য নয়। যখন রোগের কিছু গুণ রোগীর মেজাজ ও পরিবেশের সঙ্গে মিলে যেত, তখনই তিনি রোগে আক্রান্ত হতেন। এজন্য পরিবেশকে কিছুটা দায়ী করা হতো। কিন্তু মহামারীকে মনে করা হতো আবহাওয়া, দুর্ভিক্ষ প্রভৃতির ফল। এরপর ক্লিনিক্যাল মেডিসিনের ধারণা প্রচলিত হয়। রোগকে মনে করা হয় ‘লক্ষণে’র ফল Ñ কোনো স্বতন্ত্র সত্তা নয়। রোগ-পরীক্ষায় গুরুত্ব পায় লক্ষণসমূহ। উনিশ শতকের সূচনালগ্নেই নতুন তত্ত্ব গড়ে ওঠে চিকিৎসাবিজ্ঞানে। ‘লক্ষণে’র ওষুধ পরিণত হয় টিস্যুর ওষুধে। একপর্যায়ে রোগকে ধরে নেওয়া হয় কতিপয় টিস্যুর জখম বা অসুখ বলে। প্রতিটি রোগীকে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে ক্রমশই অধিক তথ্য ও জ্ঞানার্জনের আগ্রহ দেখা দেয়। এর সঙ্গে যুক্ত হয় বহির্লক্ষণের পরিবর্তে লুক্কায়িত কারণ অনুসন্ধানের প্রয়াস।
মৃত্যু এবং ব্যক্তি Ñ শিল্প-সাহিত্যের উচ্চগ্রামের রোমান্টিক ভাব Ñ ওষুধের ধারণামূলক ভিত্তিতে পরিণত হয়। এ-ধারণা প্রতিষ্ঠায় গসপেল হিসেবে গৃহীত হয় জেভিয়ার বিচেটের (১৭৭১-১৮০১) জেনারেল অ্যানাটমি (১৮০১)। ফ্রাঁসোয়া ব্রসেস (১৭৭২-১৮৩৮) একজামিনেশন অব মেডিক্যাল ডকট্রিনে (১৮১৮) বিচেটের হিস্টোলজি গ্রহণ করে অ্যানাটমির পাশাপাশি ফিজিওলজির ওপর নির্ভরশীল চিকিৎসা-বিষয়ক জ্ঞানার্জনের পথ সুগম করেন। জ্বরের ব্যাখ্যায় বলা হয়, এটি প্যাথলজিক্যাল রি-অ্যাকশন, টিস্যু ড্যামেজের ফল নয়। ক্লাসিকাল যুগের ওষুধের লক্ষ্য ছিল রোগ, উদ্দেশ্য, সুস্বাস্থ্য : ক্লিনিকাল মেডিসিনের লক্ষ্য হলো অসুস্থ শরীর Ñ উদ্দেশ্য স্বাভাবিক অবস্থার পুনঃপ্রতিষ্ঠা। দেখা যায়, এভাবে যুক্তিবাদের স্বাভাবিকতার ধারণাই সর্বত্র বিস্তৃত।
দি বার্থ অব দি ক্লিনিক পূর্ববর্তী রচনাসমূহের মতো দৃঢ়স্বরে বুর্জোয়া যুক্তিবাদের বিরুদ্ধে সোচ্চার নয়, যদিও তার প্রধান সুর তাই। প্রথম পর্বের ফুকোকে যে-কারণে কাঠামোবাদী বলে অভিহিত করা হয় তার একটি কারণ দি বার্থ অব দি ক্লিনিক গ্রন্থে তিনি ধারণামূলক সাংকেতিক কাঠামোর কথা বলেছেন। রোগ-নির্ণয়তত্ত্বেও বিশেষজ্ঞায়নের কথা বলেছেন, পারাডাইম শিফ্ট আলোচনা করেছেন। তখনকার ফ্রান্সে কাঠামোবাদের উত্থানপর্বে এসবই পূর্ণ লক্ষণরূপে দেখা দিয়েছে। ফুকো-সমালোচক পামেলা মেজর-পোয়েৎজেল মন্তব্য করেছেন ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে ফুকো পাগলামির প্রতি আমাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করেছেন। কিন্তু প্রচলিত ভাবনাভঙ্গি বদলের কথা নেই। সে-চেষ্টা তিনি করেছেন দি বার্থ অব দি ক্লিনিকে। অনেক পরিসর-সংক্রান্ত ধারণা আছে, যা কাঠামোবাদীদের
প্রিয়। দি বার্থ অব দি ক্লিনিকে ফুকোর আরেকটি পার্শ্বীয় অর্জন হলো ডিসকোর্সের সামাজিকীকরণের সমস্যা সামনে নিয়ে আসা। কোন ডিসকোর্স কীভাবে অন্যান্য সামাজিক চর্চার সঙ্গে সামঞ্জস্যবিধান করবে সে-সম্পর্কেও সতর্ক থাকার কথা বলেছেন তিনি। অন্যদিকে, আলথুসারের কাঠামোবাদী মার্কসবাদ কর্তৃক বহুব্যবহৃত, জরাজীর্ণ ‘গভীরতল/উপরিতল’ প্রভৃতি ধারণা টেনে আনেননি বা তথ্য-উপাত্ত এড়িয়ে কৃত্রিম বিমূর্তায়ন ও সাধারণীকরণের প্রবণতা দেখাননি।
তিন
দি অর্ডার অব থিংস ইউরোপ ও আমেরিকার বুদ্ধিবৃত্তিক চর্চার অত্যন্ত সমৃদ্ধ, এক মর্মভেদী বর্ণনা। এটি মিশেল ফুকোর চতুর্থ গ্রন্থ, প্রকাশিত হয় ১৯৬৬ সালে। উনিশ শতকে মানববিদ্যায় বিভিন্ন শাখার বিকাশে কোন কোন ধারণা প্রেরণারূপে সক্রিয় ছিল তা চিহ্নিত করার লক্ষ্যে এখানে মানবজীবন, সম্পদ ও ভাষাবিষয়ে রেনেসাঁস থেকে বর্তমানকাল পর্যন্ত প্রচলিত ডিসকোর্সসমূহ পরীক্ষা করে দেখা হয়েছে।
ফুকো দি অর্ডার অব থিংস রচনার প্রেরণা পান হোর্হে লুইস বোর্হেসের একটি গল্প পাঠ করে। আর্জেন্টাইন সাহিত্যিক ওই গল্পে কোনো-এক চীনা এনসাইক্লোপিডিয়ার বরাত দিয়ে জীবজন্তুর অদ্ভুত, দ্ব্যর্থক এই শ্রেণিবিভাজন বর্ণনা করেন : (ক) সম্রাটের মালিকানাধীন, (খ) সুগন্ধাদিময়, (গ) পোষমানা, (ঘ) চোষা শূকর, (ঙ) সুকণ্ঠী, (চ) বিশালাকার, (ছ) ভবঘুরে কুকুর, (জ) বর্তমান শ্রেণিবিভাজনে অন্তর্ভুক্ত, (ঝ) পাগলা ধরনের, (ঞ) অগুনতি, (ট) চমৎকার উট-লোম ব্রাশ দিয়ে আঁকা জন্তু, (ঠ) ইত্যাদি, (ড) কলসি ভেঙেছে যেগুলো, (ঢ) যেসব জন্তু দূর থেকে দেখতে পতঙ্গের মতো মনে হয়।
এ-ধরনের হাস্যকর একটি শ্রেণিবিভাজন উল্লেখ করার নীতিগত ইঙ্গিতটি সম্ভবত এই যে, শ্রেণিবিভাজন বিভিন্ন মানদণ্ডে বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ বস্তু ও ঘটনার শ্রেণিকরণে পাশ্চাত্যের জ্ঞানই চূড়ান্ত নয়। এ-সূত্রেই ফুকো রেনেসাঁস থেকে বর্তমানকাল পর্যন্ত ঐতিহাসিক পটভূমিতে অনুসন্ধান করেন পাশ্চাত্য শ্রেণিকরণের জ্ঞানগত ভিত্তি,
চিন্তাধারার সীমানা ও শৃঙ্খলা Ñ নির্ধারণ করেন ওদের অভিজ্ঞতায় বিন্যাস-আরোপক মূল সাংস্কৃতিক সংকেতসমূহ।
এজন্য তিনি ব্যবহার করেন আর্কেওলজির পরিভাষা। আর্কেওলজি, ফুকোর কাছে, এপিস্টেমের ইতিহাস। এপিস্টেম হলো কিছু ঐতিহাসিক অবস্থা, যা কোনো নির্দিষ্ট কালপর্বে, সামগ্রিক অভিজ্ঞতায় কোনো নির্দিষ্ট জ্ঞান-ক্ষেত্রের সীমানা নির্দেশ করে, ওই জ্ঞান-ক্ষেত্রে বিভিন্ন বিষয় কীভাবে লক্ষ্য হিসেবে গৃহীত হবে তা বর্ণনা করে, মানুষের তাত্ত্বিক বয়ানের ক্ষমতাসহ দৈনন্দিন প্রত্যক্ষণের ক্ষমতা প্রদান করে এবং সত্য বলে প্রতিভাত বিষয়াদি নিয়ে কোন অবস্থায় ডিসকোর্স গড়ে তোলা যেতে পারে, তা নির্দিষ্ট করে (ফুকো, ১৯৭০, ঢঢওও)। এপিস্টেমগুলো বিভিন্ন জ্ঞান-ক্ষেত্রের ধারণাগত-ভিত্তিস্তর, তা আবার বিভিন্ন যুগের মধ্যে সামঞ্জস্যরক্ষার কাজও করে। এজন্য ঐতিহাসিক পরিপ্রেক্ষিত থেকে এপিস্টেমের বিশ্লেষণ প্রয়োজন।
ফুকো চিন্তা-প্রত্নতত্ত্বকে বর্ণনা করেন অ-প্রাতিষ্ঠানিক জ্ঞান-আহরণ প্রক্রিয়ার ইতিহাসরূপে। বিজ্ঞানের ইতিহাসে দীর্ঘকাল ধরে পদার্থ, গণিত প্রভৃতি বিশুদ্ধ বিজ্ঞানই অধিক মনোযোগ পেয়েছে। অন্যদিকে জীবন্ত সত্তা, ভাষা বা অর্থনৈতিক ঘটনাবলি সম্পর্কিত বিষয়গুলোকে মনে করা হয় অধিকমাত্রায় পর্যবেক্ষণ-পরীক্ষণ ও বাইরের প্রভাবকের ওপর নির্ভরশীল। ফুকো এ-দুয়ের মধ্যে সামঞ্জস্য-বিধানে আগ্রহী।
এজন্য তিনি বাছাই করেন পর্যবেক্ষণের তিনটি বিষয় : জীবন, শ্রম ও ভাষা, Ñ আরো পরিষ্কার করে বললে জীবনযাপনকারী, উৎপাদক ও ভাষাপ্রয়োগকারী প্রাণী হিসেবে মানুষ, অর্থাৎ জৈব, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিতে মানুষ। প্রকৃতির ইতিহাস ও জীববিজ্ঞান, অর্থবিদ্যা, ব্যাকরণ ও ভাষা-বিজ্ঞানকে তিনি স্থির করেন পর্যবেক্ষণের ক্ষেত্র হিসেবে। তার মনে হয় প্রতিটি এপিস্টেম-কালপর্বে এসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য সমরূপতা রয়েছে।
ফুকোর এপিস্টেমকে অন্যান্য বৈজ্ঞানিক বা দার্শনিক সূত্রের সঙ্গে এক করে দেখা সম্ভব নয়। তত্ত্বপদ্ধতি-উদ্ভাবন ও ব্যাখ্যার ক্ষমতা মানুষের যে-স্তরে বিরাজমান, এপিস্টেম সক্রিয় থাকে তারও গভীরে Ñ অবচেতনের গভীরতর স্তরে, চিন্তার নিয়ামক ভিত্তিরূপে। এপিস্টেম চিন্তন-প্রক্রিয়ার ভিত্তি, একটা যুগের সকল ধরনের জ্ঞানের অন্তঃস্তরে ক্রিয়াশীল মানসিক-ভৌত অবকাঠামো। আবার এপিস্টেম বিজ্ঞানের ইতিহাস বা ভাবাদর্শের ইতিহাস কিংবা ধারণার ইতিহাসও নয়। মতাদর্শ বা ধারণার বিকাশ পারস্পরিক সম্পর্কিত বলে মনে করা হয়। কিন্তু এপিস্টেমগুলোর প্রধানতম বৈশিষ্ট্য ধারাক্রমহীনতা। প্রাক-ক্লাসিকাল এপিস্টেম ও ক্লাসিকাল এপিস্টেমের মধ্যে হেঁয়ালিপূর্ণ বিচ্ছিন্নতা রয়েছে। এপিস্টেমগুলো স্বেচ্ছাচারী, কোনো আভ্যন্তর-সম্পর্ক বা আন্তরযুক্তি ছাড়াই একটার পর একটা এপিস্টেম গড়ে ওঠে এবং এগুলো খুবই কড়াকড়িভাবে ভিন্ন ভিন্ন ধর্মের, জ্ঞানের স্বাধীন ব্লক। এপিস্টেম গঠন ও বর্ণনায় একটি সূত্রই কার্যকর Ñ চরম বিচ্ছিন্নতার সূত্র।
মিশেল ফুকো প্রাচীনতম এপিস্টেমকে শব্দ ও বস্তু-বিষয়াদির ঐক্যে অভিব্যক্ত ‘জগতের গদ্য’রূপে অভিহিত করেছেন। আমাদের মানসিক অভ্যাসের মধ্যে অবলুপ্ত সেই এপিস্টেমের মূল প্রবণতা ছিল সীমাহীন সাদৃশ্য। সে-যুগের মানুষের জ্ঞানচর্চা নিয়ন্ত্রিত হতো সাদৃশ্যের দ্বারা।
সাদৃশ্যের চারটি ক্রমবিন্যাস। কনভেনশিয়া : কাছাকাছি বস্তুসমূহের মধ্যে সংযোগ স্থাপন, যেমন উদ্ভিদ ও প্রাণী, দেহ ও মন, স্থল ও জল – এভাবে বস্তুসমূহের এক বিরাট শৃঙ্খলা। অমুলেশিয়ো : দূরবর্তী বস্তুর মধ্যে সংযোগস্থাপন Ñ যেমন আকাশ-মুখের মতো, কারণ আকাশেরও চাঁদ-সূর্য দুটো চোখ আছে। অ্যানালজি : এর পরিসর বেশ বড়, বস্তুর প্রত্যক্ষ সাদৃশ্যের বদলে সম্পর্কের সাদৃশ্য এখানে সংযোগের ভিত্তি। সিমপ্যাথি : যে-কোনো কিছুর সঙ্গে অবশিষ্ট যে-কোনো কিছুর সংযোগ স্থাপন করার প্রবণতা। এর আওতা ছিল অনিঃশেষ এবং এর দ্বারা যে-কোনো বস্তু বা বাস্তবতার সঙ্গে অন্য যে-কোনো বস্তু বা বাস্তবতা সম্পর্কযুক্ত হয়ে যায়। বিশ্বজাগতিক আকর্ষণের এ-খেলায় সকল ব্যবধানই মুছে যায়। গ্রহ-নক্ষত্রের আবর্তনের সঙ্গে মানুষের ভাগ্যের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় সিমপ্যাথির সূত্রে। অবশ্য সিমপ্যাথি নিয়ন্ত্রিত হয় অ্যান্টিপ্যাথি দ্বারা। এ-দুয়ের পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ অবস্থায় সাদৃশ্যের শৃঙ্খলা গতি পায়।
একটি প্রায়োগিক বর্ণনা দেয়া যেতে পারে। আগুন তপ্ত ও শুকনো, পানি শীতল ও ভেজা বলে আগুনের সঙ্গে তার বিরাগের সম্পর্ক। বাতাস তপ্ত ও ভেজা, মাটি শীতল ও শুকনো। তাই আগুন ও পানির মাঝখানে বাতাস মানানসই, একইভাবে বাতাস ও মাটির মাঝখানে পানি। ফলে দীর্ঘ শিকলে জড়াচ্ছে আগুন, বাতাস, পানি ও মাটি : আগুনের তপ্ততার সঙ্গে বাতাসের তপ্ততা, বাতাসের ভেজা অবস্থার সঙ্গে পানির ভেজা অবস্থা, পানির শীতলতার সঙ্গে মাটির শীতলতার মিল। এভাবে বস্তুর এক বিরাট শৃঙ্খলা গড়ে ওঠে।
সাদৃশ্যনীতির এসব নমুনা সংগৃহীত হয়েছে মোটামুটি ১৫২০ থেকে ১৬৫০ সালের মধ্যবর্তী সময়ের বিভিন্ন গ্রন্থ : ইউলিসি অ্যালেন্দ্রিভান্দির হিস্টরি অব মনস্টার, সিজালপিনাসের অন প্লান্টস্, গিয়ামবাতিস্তা দেলা পোরতার ন্যাচারাল ম্যাজিক প্রভৃতি রচনা থেকে।
সাদৃশ্যনীতির এপিস্টেমের আরেকটি সমার্থক পরিভাষা ছিল ‘সিগনেচার’ Ñ স্বাক্ষর Ñ সকল সাদৃশ্যের চিহ্ন। রেনেসাঁস জ্ঞানের ধারণা ছিল বস্তুর পারস্পরিক সাদৃশ্যের ইঙ্গিতস্বরূপ ঈশ্বর সকল কিছুতেই চিহ্ন বা স্বাক্ষর যুক্ত করে দিয়েছেন। এবং যেহেতু ঈশ্বরের স্বাক্ষর বা চিহ্ন গুপ্ত রয়েছে তাই জ্ঞান হলো, স্বাভাবিকভাবেই, সেই দুর্জ্ঞেয় রহস্যের ব্যাখ্যা। পর্যবেক্ষণ বা প্রদর্শনই জ্ঞান নয়, জ্ঞান হলো বিশ্লেষণ। স্বাক্ষর চিহ্ন রাখে বিশ্বজনীন সংযোগ-সাদৃশ্যের নীতি-অনুযায়ী। অতএব চিহ্নসমূহ স্বেচ্ছাচারী নয়, ভাষাও নিরপেক্ষ অর্থবহ নয়।
সপ্তদশ শতকে আকস্মিকভাবে সাদৃশ্য-সম্পর্ক এপিস্টেম ভেঙে পড়ে। সবকিছু সম্পর্কিত করার বদলে জ্ঞান সবকিছু পার্থক্যকরণ – বস্তু-বিষয়াদির স্বাতন্ত্রিক পরিচয় নির্ধারণ করতে শুরু করে। এখানেই সাদৃশ্যের মৃত্যু, বিশ্লেষণের শুরু। ফুকো নতুন এপিস্টেমের প্রধান প্রবণতা হিসেবে চিহ্নিত করেন উপস্থাপনকে। সাদৃশ্যের ধ্বংসস্তূপে উপস্থাপনের মধ্য দিয়ে অভিব্যক্ত প্রথম এপিস্টেম বিভাজন ও নতুন এপিস্টেম গঠনের চমৎকার বর্ণনা রয়েছে দি অর্ডার অব থিংসে। ফুকো বলেন, এ-বিভাজন – অত্যন্ত রহস্যজনকভাবে Ñ একটিমাত্র উপন্যাস সার্ভেন্টিসের ডন কুইকজট অ্যান্ড দি উইন্ডমিলস্ প্রকাশের সঙ্গে সঙ্গে সূচিত হয়। সার্ভেন্টিসের বীরপুরুষটি ‘সাদৃশ্যের জগতে একা, বিচ্ছিন্ন এক মানুষ’। অবশেষে ডন কুইকজট সাদৃশ্য ও স্বাক্ষরের জগৎ পেছনে ফেলে আত্মপরিচয় ও স্বাতন্ত্র্যের ধারায় বিকশিত নির্দয় যুক্তি বা কারণের জগতে প্রবেশ করে। এটিই ফুকো-কথিত দ্বিতীয় এপিস্টেম Ñ ক্লাসিকাল এপিস্টেমের শনাক্তকৃত সূচনা।
সপ্তদশ শতকের মাঝামাঝি থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত কার্যকর ক্লাসিকাল এপিস্টেমের মূল কাঠামোরূপে দেখা দেয় ম্যাথেসিস Ñ পরিমাপ ও শ্রেণিকরণের বিশ্বজনীন বিজ্ঞান এবং ট্যাক্সোনমিয়া Ñ শ্রেণিকরণের মূলনীতিমালা, Ñ যে-শ্রেণিকরণের আদর্শ উদাহরণ লিনিয়াসের উদ্ভিদবিজ্ঞান। তবে জ্ঞানচর্চায় উৎপত্তির প্রশ্নটি ম্যাথেসিস এড়িয়ে যায় Ñ স্থগিত করে রাখে ইতিহাসকে। আসলে ক্লাসিকাল এপিস্টেম ইতিহাস-বিষয়ে দূর অতীতে হানা দিতে উৎসাহিত করেনি, বরং উৎপত্তি সম্পর্কে কেবল কিছু উদ্ভট গল্প সৃষ্টি করে।
এ-সময়ে সমার্থক বাকভঙ্গিতে ‘জ্ঞানের ভাষা’ কথাটি প্রচলিত হয়। ক্লাসিকাল এপিস্টেমের সূত্রবদ্ধ প্রকাশ পোর্ট রয়েলের লজিক (১৬৬২)। এখন ভাষা যেহেতু নিরপেক্ষ প্রকাশ, তাই গুপ্ত কোনো অর্থেও কথা অনুমান করা হয় না এবং তা ব্যাখ্যার প্রশ্নও আসে না। অতএব অনুমান বা ডিভাইনেশিয়ো বর্জনীয়। দ্যোতক ও দোত্যিতকে মনে করা হয় স্বেচ্ছাচারী কিন্তু স্বচ্ছ সম্পর্কে যুক্ত। ক্লাসিকাল এপিস্টেম সম্পর্কে ফুকো এক দীর্ঘ বর্ণনা উপস্থিত করেন। তিনি দি অর্ডার অব থিংসের গোটা একটি অধ্যায় ব্যয় করেন ভাষাবিজ্ঞান, অর্থনীতি, শ্রম ও জীবন আঁতিপাঁতি করে দেখার কাজে। তিনি দেকার্ত, লিনিয়াস, অ্যাডাম স্মিথ প্রমুখ প্রখ্যাত মনীষীর পাশাপাশি অখ্যাত, প্রায়-বিস্মিত লেখকদের রচনাও সমগুরুত্বে আলোচনা করেন।
প্রথমেই তিনি ক্লাসিকাল এপিস্টেমের চিত্রময় বর্ণনা তুলে ধরেন দিয়েগো ভ্যালেসকোয়েজের মেইডস্ অব অনার (১৯৫৬) ছবিটির বিশ্লেষণ দিয়ে। ছবিটিতে ভ্যালেসকোয়েজ তাঁর স্টুডিওতে নিজে তাকিয়ে আছেন দর্শকদের দিকে। স্টুডিওর এক কোনায় আয়নায় দেখা যাচ্ছে স্পেনের রাজা ও রানিকে। অথচ রাজা-রানিই ছবির মূল মডেল। ভ্যালেসকোয়েজ তাঁদের প্রতিনিধিত্ব করছেন, আয়নার প্রতিবিম্বরূপে। মূল উদ্দেশ্য অর্থাৎ (আমরা) দর্শকরাও ছবিতে অনুপস্থিত। ফুকোর আলোচনায় মেইডস্ অফ অনার হয়ে ওঠে ক্লাসিকাল এপিস্টেমের প্রাণ ‘প্রতিনিধিত্বে’র (রিপ্রেজেন্টেশন) প্রতীক। ফুকো বলেন, প্রতিনিধিত্বভিত্তিক ক্লাসিকাল এপিস্টেম প্রতিনিধিত্বের মাধ্যমে উৎপন্ন করে জ্ঞান Ñ সেই জ্ঞান যেখানে সাবজেক্ট আড়ালে থেকে যায়, তার প্রতিনিধিত্ব দখল করে মুখ্য ভূমিকা।
১৮০০ সালের দিকে চিন্তা-ইতিহাসের বিন্যাসে আসে আরেকটি রদবদল। এবার বস্তু প্রত্যক্ষ দৃষ্টি থেকে অন্তর্হিত। অন্তঃস্থ পরিসরসহ জ্ঞান উপস্থাপিত, যা আর ক্লাসিকাল যুগের পরিমাপ ও ট্যাক্সোনমিতে ব্যাখ্যেয় নয়। জীবনও প্রচলিত প্রকৃতি-বিজ্ঞানের রীতিনীতি-হিসাবনিকাশে বিশ্লেষণযোগ্য নয়, Ñ জীবন-সম্পর্কিত নতুন বোধ সংগঠিত হওয়ার কারণে। প্রকৃতি-বিজ্ঞানের বদলে আসে জীববিজ্ঞান, সাধারণ ব্যাকরণের স্থান দখল করে ভাষাবিজ্ঞান। ভাষা আর নিরপেক্ষ অর্থের বাহন থাকে না, ঐতিহাসিক পরিপ্রেক্ষিত ও গভীরতা অর্জন করে। অর্থবিদ্যায় লেনদেন বিশ্লেষণের পরিবর্তে নতুন জটিলতর বিষয় ‘উৎপাদন’-বিশ্লেষণ এবং সম্পদ-বিশ্লেষণের পরিবর্তে দেখা দেয় রাজনৈতিক অর্থনীতি। এভাবে জীবন, শ্রম ও ভাষাকে সর্বক্ষমতায় প্রকৃতির দান মনে করার প্রবণতা লোপ পায়; এগুলো নিজস্ব ইতিহাস নিয়ে হয়ে ওঠে স্বতন্ত্র চিন্তাক্ষেত্র। চিন্তার নতুন দেবী ‘ইতিহাস’ জীবন্ত সত্তা, শ্রম ও ভাষা-বিষয়ক চিন্তাভাবনায় নিজস্ব রীতিনীতি আরোপ করে।
লক্ষণীয়, নতুন এপিস্টেমের ফসল জীববিজ্ঞান, ভাষাবিদ্যা ও রাজনৈতিক অর্থনীতি, কিন্তু ক্লাসিকাল এপিস্টেম পর্বের প্রকৃতি-বিজ্ঞান, সাধারণ ব্যাকরণ ও সম্পদ বিশ্লেষণের জায়গা দখল করেনি, বরং এমন স্থানে বিকশিত হয়, যা পূর্ববর্তী জ্ঞানক্ষেত্রগুলো স্পর্শ করেনি। অর্থাৎ পূর্ববর্তী এপিস্টেম থেকে স্বতন্ত্রভাবে গড়ে ওঠে নতুন এপিস্টেম Ñ মডার্ন এপিস্টেম।
প্রথম পর্বে (১৭৭৫-১৭৯৫) জীবন্ত সত্তা সম্পর্কে লামার্ক, শ্রম-বিষয়ে অ্যাডাম স্মিথ, ভাষা-বিষয়ে উইলিয়াম জোনসের মতো লেখক ক্লাসিকাল এপিস্টেমের প্রভাব স্বীকার করেই নতুন ধারায় চিন্তাভাবনার সূচনা করেন। ১৭৯৫ থেকে ১৮২৫ সালের মধ্যে জীববিজ্ঞানে কুভিয়ের, অর্থবিদ্যায় রিকার্ডো এবং ভাষাবিজ্ঞানে বপের ভাবনারীতিতে মডার্ন এপিস্টেমের পূর্ণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়, ক্লাসিকাল এপিস্টেম ততদিনে নিষ্ক্রিয়। জীববিজ্ঞানে জীবন্ত সত্তার কর্মপ্রক্রিয়া, ভাষাবিজ্ঞানে উৎপত্তির অনুসন্ধান, অর্থবিদ্যায় উৎপাদন ও বণ্টন মুখ্য হয়ে ওঠে। সর্বত্র গভীরতর, গাঢ়তর, তীক্ষèতর শক্তির উদ্ভব ক্লাসিকাল জ্ঞানের উপরিতলের তথ্যব্যাখ্যা সরিয়ে দিয়ে আধুনিক জ্ঞানের বিভিন্ন শাখায় ঐতিহাসিক বিশ্লেষণ-বিবেচনা সম্ভব করে তোলে।
এই প্রবল বিলোড়নের প্রশংসা করলেও ফুকো আমাদের দৃষ্টি আকর্ষণ করেন মডার্ন এপিস্টেমের, তাঁর ভাষায়, মাত্রাতিরিক্ত মানবিকতার প্রতি। ক্লাসিকাল এপিস্টেম যুগের জ্ঞানচর্চায় মানুষ নিজের জন্য আলাদা জ্ঞানক্ষেত্র বা শাখা চিহ্নিত করেনি। মডার্ন এপিস্টেম শুরু থেকে নৃতাত্ত্বিক বা মানবিক। ফুকো আমাদেরকে মানবিকতার তন্দ্রা থেকে জেগে উঠতে বলেন। কারণ মানবিক-ঘোরের কবলে থাকায় আমরা ইতিহাসের নির্ধারিত চিন্তাভঙ্গির শিকার হয়েছি। অবশ্য ফুকো মনে করেন, মডার্ন এপিস্টেমের মানবমুখিতার অবসান অনিবার্য এবং নিকটবর্তী। তাই তিনি আমাদের সতর্ক করেন মানবিকতার আকস্মিক মৃত্যুর ব্যাপারে :
আমাদের চিন্তা-প্রত্নতত্ত্ব সহজেই দেখায় ‘মানুষ’ সাম্প্রতিক সময়ের আবিষ্কার এবং হয়তো তার শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এ-ব্যবস্থা যেমনভাবে গড়ে উঠেছিল তেমনি যদি অদৃশ্য হয়ে যায়, যদি কোনো ঘটনায় Ñ জানা নেই কীরূপ অঙ্গীকার বহন করবে সে-ঘটনা, কেবল অনুমান ছাড়া Ñ যেভাবে আঠারো শতকের শেষদিকে ক্লাসিকাল চিন্তার ভিত দুমড়ে-মুচড়ে গিয়েছিল Ñ তেমন দুমড়ে যায় বর্তমান ব্যবস্থা, তাহলে কেউ বাজি ধরতে পারে যে, ‘মানুষ’ মুছে যাবে Ñ যেমন সাগরপ্রান্তের বালুকাবেলায় ডুবে থাকা মুখের মতো (ফুকো ১৯৭০, ৩৮৭)।
উপরের উদ্ধৃতিটি দি অর্ডার অব থিংসের শেষাংশ। প্রসঙ্গক্রমে স্মরণ করা যেতে পারে, কাঠামোবাদ ব্যক্তি-মানবকেন্দ্রিক জ্ঞানচর্চার বিরোধিতা করেছে বরাবরই। লেভি-স্ট্রসও মানববিদ্যার লক্ষ্যরূপী ‘মানুষে’র অবলুপ্তি কামনা করেছেন। তবে ফুকোর বক্তব্যের অন্য মাত্রা রয়ে গেছে। তিনি বলতে চেয়েছেন, পরবর্তী এপিস্টেমের জোয়ার দেখা দিলে, জ্ঞানক্ষেত্ররূপী মানুষ ভেসে যাবে। অর্থাৎ মানুষ জ্ঞানচর্চায় আত্মকেন্দ্রিক সত্য বা তথ্যকে আর অত প্রাধান্য দেবে না, অ-ভাববাদী বস্তুনির্ভর পদ্ধতি গড়ে উঠবে।
মডার্ন এপিস্টেম সম্পর্কে ফুকোর বক্তব্য কী? এ-এপিস্টেমে প্রত্যক্ষ বাস্তবতা হিসেবে মানুষ নিজেই নিজের বিষয় ও উদ্দেশ্য। মানুষের জ্ঞান-আহরণের প্রাক-অবস্থা বা শর্তসমূহ স্থির করার জন্য আবার নির্ভর করতে হচ্ছে মানুষেরই জীবন, তার দেহ, সামাজিক সম্পর্ক, তার রীতিনীতি ও মূল্যবোধের ওপর। আবার জ্ঞানের সামাজিক ও শারীরিক কর্মতৎপরতা-কেন্দ্রিক স্বভাব ইঙ্গিত করে ভুল থেকে সত্য, ভাবাদর্শ থেকে বিজ্ঞানকে আলাদা করার জন্য বাইরের কিছু প্রাথমিক নির্দেশনা প্রয়োজন; এর ফলে একরকম অতীন্দ্রিয় কার্যকারণ ধরে নেওয়া অনিবার্য হয়ে দাঁড়ায়। অতএব মডার্ন এপিস্টেমে জ্ঞানের ভরকেন্দ্ররূপী মানুষের মধ্যে একদিকে রূঢ় বাস্তবতা, অন্যদিকে সাধারণ অতীন্দ্রিয়ের ধারণা করলে দেখা যায়, বাস্তবতাজাত অতীন্দ্রিয় ‘অন্য সত্তা’ অর্জনকারী এক আধুনিক মানুষের পক্ষেই সম্ভব ভুল থেকে সত্যকে, ভাবাদর্শ থেকে বিজ্ঞানকে আলাদা করা। এখানে ব্যক্তির সত্তা দ্বিধাবিভক্ত হয়ে যায়। এই বাস্তবিক অতীন্দ্রিয় ‘অন্য’ হয়ে-ওঠা এক অসম্ভব কাজ।
অন্যদিকে, মানববিজ্ঞানসমূহ মানবচৈতন্যের বিশ্লেষণে সদাসক্রিয়; সত্যি বলতে মানবচৈতন্য ও অবচেতনের লেনদেন ও সম্পর্কের বিষয়ে। এই অবচেতনেই আবার এপিস্টেমের অবস্থান, যেখানে ‘অন্য সত্তা’ অর্থাৎ সত্তার যমজেরও অবস্থিতি। ফুকো মনে করেন, আধুনিক জ্ঞান-শাখার মধ্যে সাইকো-অ্যানালাইসিস, এথনোগ্রাফি ও কাঠামোবাদী ভাষাবিজ্ঞান ‘অন্য’ বা যমজের সন্ধানে সদাসক্রিয়। ফুকো তাই এই তিন বিদ্যাকে কাউন্টার-সায়েন্স অভিহিত করেছেন।
দি অর্ডার অব থিংস জ্ঞানতত্ত্বে গুরুত্বপূর্ণ আলোচনাসমৃদ্ধ এক অনিবার্য টেক্সট, চিন্তার ইতিহাসের মর্মভেদী উদ্ভাস গত শতকের এক অসামান্য রচনা। প্রধানতম ফুকো-সমালোচক মিশেল সেরেস বলেন, গ্রন্থটি ‘এথনলজি অব ইউরোপিয়ান নলেজ’। সেই জ্ঞান, এনলাইটেনমেন্টের আদর্শের সম্পূর্ণ বিপরীতে গড়ে উঠেছে। এ-জ্ঞান বৈশ্বিক হওয়ায় বদলে হয়েছে অনন্য, প্রায়-স্বয়ম্ভূ। এ-গ্রন্থ চিন্তার ভরকেন্দ্ররূপী মানুষের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে।
চার
মেন্টাল ইলনেস অ্যান্ড সাইকোলজি থেকে দি অর্ডার অব থিংস পর্যন্ত মিশেল ফুকো মানবীয় চিন্তার পেছনে একটি নিয়মিত পটভূমির সন্ধান ও তার বর্ণনায় ব্যাপৃত থাকেন। কয়েক বছর পর তাঁর পঞ্চম গ্রন্থ দি আর্কেওলজি অব নলেজে (১৯৬৯) আমরা বিস্ময়করভাবে এক মেরুদূরমুখী ফুকোর মুখোমুখী হই। এ-গ্রন্থে তিনি চিন্তার সুশৃঙ্খল ভিত্তি, সন্ধান ও বিশ্লেষণের পরিবর্তে মানুষের অনিয়মিত, বিষম অথচ অন্যোন্য-প্রভাবক, উথলে-ওঠা চিন্তনপ্রক্রিয়ার কথা বলেন এবং তা বিশ্লেষণের লক্ষ্যে একটি অব্যর্থ পদ্ধতি উদ্ভাবনের প্রতি মনোযোগ দেন। আন্তঃসংগঠন হিসেবে এপিস্টেমের প্রসঙ্গ এখানে অনুপস্থিত। এ যেন মেধাবী এক স্রষ্টার নতুন শিল্পদৃষ্টি অর্জন, প্রহরান্তে পাশ-ফেরা; পূর্বের নিয়মিতির ভাবনাভঙ্গির বিরুদ্ধে এক অঘোষিত, তীব্র সমালোচনা, চিন্তার একটি ধাপ পেরিয়ে তার মধ্য থেকে নতুন চিন্তার স্ফুরণ। গ্রন্থটিকে ফুকো নিজে বলেছেন, ‘অসম ঘটনারাশির বিশুদ্ধ বর্ণনা’ (ফুকো, ১৯৭২, ২৭)। এ-পর্যায়ে ফুকো এপিস্টেমের প্রসঙ্গ সযত্নে এড়িয়ে চলেন। চিন্তা-বিশ্লেষণে প্রয়োজনীয় পদ্ধতিগত পুনর্গঠনের জন্য প্রস্তাব করেন কিছু নতুন ধারণা : ‘ডিসকোর্স’, ‘বিবৃতি’, ‘আর্কাইভ’।
‘ডিসকোর্স’ অত্যন্ত অনিশ্চিত এক ধরনের সমাবেশ। ডিসকোর্স হলো বিবৃতি ও মন্তব্যের সমন্বিত রূপ, যা ‘সাময়িক দলভুক্ত হয়, এটি ডিসকোর্সের আঙিনায় ঘটনারাজির সমাবেশ (ফুকো, ১৯৭২, ২৭-৩১)। সহজভাবে বলা যায়, ডিসকোর্স একরাশ গ্রন্থ বা বিবৃতি জাতীয় বর্ণনার সমাবেশ, যেগুলোর রয়েছে সাধারণ পটভূমি, ধারণা, মনোভাব ও উদ্দেশ্য। এটি যদিও অসম ঘটনারাজিতে ঠাঁসা, তবু ওখানে ‘অসম নিয়মিতি’ ও ‘অস্তিত্বের শর্তাবলি’ চিহ্নিত করা সম্ভব। ফুকো তাঁর পাঠকদের সতর্ক করেন যে, কাঠামোবাদী ধারণার সঙ্গে ডিসকোর্সকে মেলানো ঠিক হবে না। বরং ডিসকোর্সকে বোঝার প্রক্রিয়ায় ‘চিহ্নিত’ (সিগনিফাইড)-এর দৃষ্টিকোণ দূরে সরিয়ে রাখলেই চলবে না, ‘চিহ্ন’-এর দৃষ্টিকোণও বর্জনীয়’ (ফুকো ১৯৭২, ১১১)। তিনি অবশ্য নিটশের নিকট তাঁর ঋণ স্বীকার করেন।
দি আর্কেওলজি অব নলেজ মতবাদের ইতিহাস নয়। মতবাদের ইতিহাস কোনো মতবাদ উদ্ভবের ঘটনা বর্ণনা, তার কারণ অনুসন্ধান এবং ঐতিহাসিক-সামাজিক-মনস্তাত্ত্বিক পটভূমির খোঁজ করে, কিন্তু জ্ঞানের প্রত্নতত্ত্ব ‘ডিসকোর্স’কে চিহ্নিত ও বর্ণনা করে। অর্থাৎ ফুকোর জ্ঞানের প্রত্নতত্ত্ব পরিপ্রেক্ষিত নয়, রচনা বা টেক্সটকেই প্রাধান্য দেয়।মতবাদ ও ধারণার ইতিহাস-রচয়িতা ও তাঁর মহত্বের ওপর গুরুত্ব দেয়, কিন্তু ঐতিহাসিক পারম্পর্যের প্রতি দুর্বলতার কারণে ধারণার মূল খুঁজতে চায় অতীতের ধারণাসমূহের মধ্যে। ফলে এ-সন্ধান সংঘাতপূর্ণ অবস্থানে উপনীত হয়। যেহেতু তা মনে করে অন্য কোনো ধারণার সূত্র থেকেই নতুন ধারণার উদ্ভব হয়, তাই সেখানে প্রকৃত নতুন ধারণার জন্ম হয় না। অন্যদিকে প্রত্নতত্ত্ব জোর দেয় ব্যক্তি-নিরপেক্ষতা, অসম নিয়মিতি ও ক্রমহীনতায়; এর প্রধান উপাদান বিবৃতি।
বিবৃতি যৌক্তিক প্রস্তাবনা, বা সাধারণ বাক্যমাত্র নয়। বুদ্ধিবৃত্তিক গবেষণা বা গাণিতিক সমাধান কিংবা উদ্ভিদবিজ্ঞানের কোনো গ্রন্থের শ্রেণিকরণ-সারণির বাক্যগুলো সাধারণ বাক্য নয়, বিবৃতি। আমরা যতদূর বুঝতে পারি, ফুকোর বিবৃতি সত্য-নির্দেশক স্পষ্ট উক্তিজাতীয় বাক্য। যেহেতু ডিসকোর্স বিবৃতির সমাবেশ তাই বিবৃতির নিয়ন্ত্রক পরিস্থিতি ডিসকোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য।
অসম চর্চা হলো ‘একরাশ নামহীন ঐতিহাসিক রীতি, যা সর্বদা স্থান ও কাল কর্তৃক প্রভাবিত; এটি বর্ণনা করে নির্দিষ্ট কালপর্বে সামাজিক, আর্থিক, ভৌগোলিক ও ভাষিক পরিমণ্ডলে কোন অবস্থায় বিবৃতির ক্রিয়াটি সম্পন্ন হয়’ (ফুকো, ১৯৭২, ১৫৩-৫৪)। অতএব দেখা যায়, ঐতিহাসিক রীতি ডিসকোর্সকে নিয়ন্ত্রণ করে। গ্রন্থটিতে আরেকটি ধারণা হলো আর্কাইভ। ‘কী বলা যেতে পারে তার প্রথম আইন হলো আর্কাইভ : Ñ অনুপম ঘটনারূপী বিবৃতির সৃজন-নিয়ন্ত্রক পদ্ধতি […] আর্কাইভ হলো কোনো মানবসভ্যতায় একগুচ্ছ ডিসকোর্সের যূথবদ্ধতা (ফুকো, ১৯৭২, ১২৮-৩১)।
বিজ্ঞান ও ভাবাবেগের মধ্যে কোনটি গ্রহণযোগ্য, সে-বিষয়ে পরিষ্কার মতপ্রকাশ করেননি ফুকো। অবশ্য গ্রন্থটিকে তিনি চিন্তার প্রত্নতত্ত্ব-বর্ণনার পদ্ধতিগত উন্নয়ন-প্রয়াস হিসেবে দেখেছেন। ডিসকোর্স, বিবৃতি, আর্কাইভ ইত্যাদি ধারণা সংজ্ঞায়নের মধ্য দিয়ে জ্ঞানের প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পথ সুগম হয়েছে। তিনি, এমনকী, উল্লেখ করেননি যে, কোন পরিস্থিতিতে, কোন পটভূমিতে গ্রন্থটি পরিকল্পিত ও রচিত। এর কারণ সম্ভবত নির্দিষ্ট কাঠামো এড়ানোর উদ্দেশ্য; বৈরী লেখকদের দেওয়া কাঠামোবাদী অভিধা এড়ানোর সযত্ন প্রচেষ্টা। নিও-নিটশিয়ান গিলেস ডিলুজ এ-ব্যাপারটিকে আলোচনায় এনে মন্তব্য করেছেন যে, তিনি মনে করেন দি আর্কেওলজি অব নলেজে ফুকো বক্তব্যের পেছনে আলাদা আলাদা কাঠামোর সম্ভাবনা ও গুরুত্ব অস্বীকার করেছেন। ওখানে সাহিত্যিক প্রকাশরূপ, বৈজ্ঞানিক অনুসিদ্ধান্ত, নিত্যদিনের বাক্যাবলি, স্কেজোফ্রেনিক নিরর্থক বাক্য Ñ সবই হয়ে উঠেছে বিবৃতি, যদিও তাদের কোনো সাধারণ পটভূমি নেই (ডিলুজ ১৯৭২, ৪৪-৫)।
আসলে আর্কেওলজি ফুকোর পরবর্তী ভাবনা-বিন্যাসের পদ্ধতিগত প্রস্তুতি। তা বোঝা যায়, যখন তিনি ১৯৭১ সালে কলেজ দ্য ফ্রাঁসে ‘দি অর্ডার অব ডিসকোর্স’ শীর্ষক উদ্বোধনী বক্তৃতায় ডিসকোর্সকে ক্ষমতা ও নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, ‘প্রতিটি সমাজে নির্দিষ্টসংখ্যক প্রক্রিয়ায় ডিসকোর্স নিয়ন্ত্রিত, নির্বাচিত, সংগঠিত ও পুনঃসঞ্চারিত হয়’ (ফুকো, ১৯৭২, ২১৬)। এসব প্রক্রিয়ার একটি হলো প্রকাশ বা অভিব্যক্তিতে নিষেধ : যেমন এখন এ-এদেশে অনেক বিষয়েই স্বাধীন মতপ্রকাশ নিষেধাজ্ঞা বিরাজ করছে। প্রত্যাখ্যান Ñ যেমন উন্মাদের বক্তব্য অর্থহীন বলে প্রত্যাখ্যান করা। এভাবে মানব-সমাজের বিভিন্ন প্রবণতা, বিন্যাস, বিবৃতি ও ডিসকোর্স চিহ্নিত করে ফুকো অগ্রসর হন ক্ষমতা ও নিয়ন্ত্রণের দিকে।
মিশেল ফুকোর বুদ্ধিবৃত্তিক অভিব্যাপ্তিতে দি আর্কেওলজি অব নলেজ এক জটিল বাঁকের মতো। এর পশ্চাতে কাঠামোবাদী প্রভাববলয়ে মানবীয় চিন্তার ধরন, প্রত্নতত্ত্ব ও পদ্ধতিগত অনুসন্ধান। আর উত্তরকালে সূচিত হয় জ্ঞানের রাজনৈতিক ইতিহাস-সন্ধান : সত্য, জ্ঞান, দমন, যৌনতা, সমাজ, ডিসকোর্স আর সবকিছু ছাপিয়ে ক্ষমতা নিয়ে জটিল বিন্যাস ও বিকাশের স্বরূপ ও অভিমুখ চিহ্নিতকরণের প্রয়াস; এ-পর্যায়ে কাঠামোবাদের সম্পূর্ণ বিপরীত, কিন্তু নতুনতর দিক-উন্মোচনের কারণে ফুকোকে শনাক্ত করা হয় উত্তর-কাঠামোবাদী, উত্তরাধুনিকতার প্রধানতম চিন্তাবিদ রূপে।
চিন্তার রাজনৈতিক ইতিহাস-সন্ধানের সূচনাপর্বে, ১৯৭২ সালে ফুকো এক সাক্ষাৎকারে ঘোষণা করেন, সাধারণ মানুষের বুদ্ধিজীবীদের জানার প্রয়োজন নেই, যেহেতু বুদ্ধিজীবীর উদ্ভাবিত তত্ত্বে তাদের আলোকিত হওয়া জরুরি নয়। কারণ তত্ত্বের কাজ সচেতনতা সৃষ্টি নয়, বরং ‘কর্তৃত্বকে বাগে পাওয়া, ক্ষতিগ্রস্ত করা’। অতএব বুদ্ধিজীবীর দায়জনিত সংগ্রাম হওয়া উচিত জ্ঞান, সত্য, ডিসকোর্সে ক্ষমতার প্রকাশরূপের বিরুদ্ধে’ (ফুকো, ১৯৭৭খ, ২০৫-১৭)। বুদ্ধিবৃত্তি প্রসঙ্গে তিনি অবস্থান নেন গ্রামসি ও লুকাসের বিপরীতে।
১৯৭৫ সালে প্রকাশিত হয় জ্ঞানের সত্যের ইতিহাস নিয়ে ফুকোর প্রথম কাজ ডিসিপ্লিন অ্যান্ড পানিশ (ইংরেজি অনুবাদ ১৯৭৭), তাঁর ভাষায় তাঁর ‘প্রথম’ গ্রন্থ। এ-মন্তব্য আবেগপ্রসূত নয়। ভাষা, গঠন, উপস্থাপনভঙ্গি, বিশ্লেষণের গভীরতা, পরিমিতিবোধ Ñ সব মিলিয়ে ফুকো-জগতে ডিসিপ্লিন অ্যান্ড পানিশ গুরুত্বপূর্ণ অনন্য এক রচনা। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপে কারাগারের ইতিহাস, কারখানা, স্কুল, হাসপাতালের মধ্য দিয়ে দমনের সমাজপ্রতিষ্ঠার বর্ণনা Ñ আইন-প্রতিষ্ঠান ও তার ডিসকোর্সের স্বরূপ-সন্ধান এখানে ফুকোর অভিপ্রায়। গ্রন্থের প্রথমে বর্ণিত হয়েছে পঞ্চদশ লুইসকে হত্যা-প্রচেষ্টায় অভিযুক্ত ডেমিয়েনের অমানবিক মৃত্যুদণ্ডের ঘটনাটি। চূড়ান্ত মৃত্যুদণ্ডের পূর্বে ডেমিয়েনের দেহ থেকে চিমটার দ্বারা মাংস তুলে আনা হয়েছিল, অতঃপর চারটি শক্তিশালী ঘোড়ার সঙ্গে বেঁধে তার চারটি হাত-পা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, লোমহর্ষক ঘটনাটি ঘটানো হয়েছিল জনসমক্ষে।
ওই ধরনের ভয়ংকর শাস্তিপ্রদানের কালকে অভিহিত করা হয় ‘জনসমক্ষে দৈহিক নির্যাতনের যুগ’। আইন তখন রাজার ইচ্ছার প্রকাশ; অতএব আইন ভঙ্গ করার অর্থ হলো রাজার সার্বভৌমত্ব আক্রমণ করা। শাস্তি কমবেশি যাইহোক, তা প্রয়োগ হতো জনসমক্ষে। শাস্তির লক্ষ্য ছিল ‘অপরাধীর’ দেহ Ñ যা আইন ভঙ্গ করেছে : এর উদ্দেশ্য ছিল অন্যান্য ‘দেহ’ অর্থাৎ অন্য ব্যক্তিকে আইনের ভয়ংকর শক্তি সম্পর্কে সন্ত্রস্ত করা।
আলোকায়ন পর্বে (এনলাইটেনমেন্টে) ভলতেয়ারদের যুগে বহুসংখ্যক আইনজীবী, ম্যাজিস্ট্রেটের অভিমত ও জনমতের তাগিদে আইন, অপরাধ ও শাস্তির প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। তখন আইন কেবল রাজার মর্যাদা নয়, সমাজের ‘শৃঙ্খলা’ ও ‘স্থিতি’ বিধানের উপায়ও। অতএব আইন ভাঙার মধ্য দিয়ে অপরাধী গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়ায়। অবশ্য এখন আর দৈহিক শাস্তিকে কার্যকর মনে হয় না। শাস্তির লক্ষ্য হয় অপরাধীর মন, যাতে তাকে অপরাধ সংঘটন-পূর্বকালীন ‘সুস্থ’ অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় অর্থাৎ সমাজের ক্ষমতার নিকট নতজানু করানো সম্ভবপর হয়। সোশ্যাল কনট্রাক্টে অতি-উদ্বুদ্ধ সমাজ শাস্তিপ্রদানে যথাসম্ভব ‘নিরপেক্ষতা’ ও যৌথ মতামতে স্থির থাকার ওপর জোর দেয়।
সমকালীন উদ্ভিদবিজ্ঞানে শ্রেণিকরণে সারণির ব্যবহার শুরু হয়। ফুকো বলেন, সম্ভবত উদ্ভিদ শ্রেণিকরণ-বিদ্যায় সারণি-ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে অপরাধের শ্রেণিবিন্যাস এবং প্রতিটি অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তির বিধান-সংবলিত সারণি তৈরি হয়ে যায়। এভাবে শেষ-আঠারো শতকে, শিল্পায়নের সূচনাপর্বে, ব্যক্তির ওপর ক্ষমতাপ্রয়োগের নির্দিষ্ট বিধিনিষেধ প্রতিষ্ঠিত হয়। নির্ধারিত হয়, ‘ক্ষমতার চিহ্ন এঁকে দেয়ার স্থান হলো ‘মন’ […] ধারণা-নিয়ন্ত্রণের মাধ্যমে (ব্যক্তির) দেহের নিয়ন্ত্রণ’-কৌশল। ফুকোর বিশ্লেষণ দেখায় আলোকপর্বে শাস্তির মানবিক পোশাকের আড়ালে রয়েছে আরো ভালোভাবে শাস্তি প্রদান, সমাজদেহের আরো গভীরে ক্ষমতা পুঁতে দিয়ে আইন ও শাস্তিক প্রতিষ্ঠার প্রয়াস : (ফুকো, ১৯৭৭ক, ৮২)। এজন্য ব্যক্তি আইন ভঙ্গ করছে কী-না, তা নিশ্চিত হওয়ার জন্য ব্যক্তির ওপর কড়া নজরদারির ব্যবস্থাও গৃহীত হয়। এর ফলে, ফুকো বলেন, আধুনিক মানুষ আইনের নিশিছদ্র বেড়ার ভেতরে জন্মগ্রহণ করে : বিচিত্র বিধি-উপবিধি, সন্দেহপ্রবণ পরিদর্শনের আওতায়, স্কুল, ব্যারাক, হাসপাতাল, ওয়ার্কশপের অবয়বে নজরদারির মধ্যে চলে আসে ব্যক্তির জীবন ও দেহের ক্ষুদ্রতম অংশও।
আমেরিকান কলোনি স্বাধীন হওয়ায় দ্বীপান্তরে পাঠানো বন্ধ হয়। কারাগারে নতুন সেলগঠন, কয়েদিদের নৈতিক পরামর্শপ্রদান প্রভৃতি শুরু হয়। ‘সাধারণভাবে বলতে গেলে প্রত্যেক কর্তৃপক্ষ ব্যক্তিকে নিয়ন্ত্রণের কৌশলটি প্রয়োগ করে দ্বৈত-ধরনে, দ্বৈত-বিভাজন ও চিহ্নিতকরণ অনুসারে (যেমন : পাগল/সুস্থ, বিপজ্জনক/অ-ক্ষতিকর, স্বাভাবিক/অ-স্বাভাবিক) এবং দমনমুখী উদ্দেশ্যে, ভিন্নতাভিত্তিক প্রয়োগ-অনুযায়ী (সে কে; সে নিশ্চিত কোথায়; কীভাবে তার চরিত্র চিত্রিত করা হবে; কীভাবে তাকে চিহ্নিত করা হবে; কীভাবে ব্যক্তিগত উপায়ে তার ওপর সার্বক্ষণিক নজর রাখা যায়?)’ (ফুকো, ১৯৭৭ক, ১৯৯)।
ওই সময়ের আইনি উদ্দেশ্য-অনুযায়ী শৃঙ্খলা অর্জনের জন্য চারটি শর্ত পূরণ করা আবশ্যক হয়। প্রথম প্রয়োজন স্পেস বা আদর্শ স্থান। যেমন কারাগারের বিচ্ছিন্ন সেল কয়েদিদের ওপর, ব্যারাক সৈনিকদের এবং বোর্ডিং হাউজ ছোট বাচ্চাদের ওপর শৃঙ্খলা-আরোপের উৎকৃষ্ট পরিসর। দ্বিতীয় শর্ত হলো ব্যক্তির কার্যক্রম-নিয়ন্ত্রণ। অর্থাৎ ব্যক্তি সারাদিন এমনকী রাতে কোন কোন কাজ কোন কোন সময়ে করবে, তা নির্দিষ্ট করে দেওয়া। এর মধ্যে ব্যক্তিদেহের চলনক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। তৃতীয় শর্ত হলো অনুশীলন Ñ দেহ ও মন উভয়ের। নিয়মের নিয়মিত অনুশীলনে তা অভ্যাসে পরিণত হয় এবং তার প্রতি অনীহাও লুপ্ত হয়। চতুর্থ ও সর্বশেষ শর্ত হলো শক্তির সমাবেশ : যেমন সেনাবাহিনীতে একক বীরত্বকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, বরং সবার শক্তির সমাবেশ এবং যৌথ প্রয়োগ জরুরি।
ফুকো লেখেন : সময়ের জন্য (বিলম্বে উপস্থিতি, অনুপস্থিতি, কার্যে বাধা সৃষ্টি), কাজের জন্য (অমনোযোগ, উপেক্ষা, অনাগ্রহ), আচরণের জন্য (অভদ্রতা, অবাধ্যতা), বক্তব্যের জন্য (অলস আড্ডা, উদ্ধত কথাবার্তা), দেহের জন্য (ভুল অঙ্গভঙ্গি, অস্বাভাবিক দৃষ্টি, পরিচ্ছন্নতার অভাব), যৌনতার জন্য (অশুদ্ধি, অমার্জিত অবস্থা) ক্ষুদ্র ক্ষুদ্র শাস্তির আওতায় আসে ওয়ার্কশপ, স্কুল, সেনাবাহিনী […] প্রতিটি ব্যক্তি নিজেকে আবিষ্কার করে শাস্তিযোগ্য, শাস্তিদায়ক সর্বজনীনতার বন্দিরূপে (ফুকো, ১৯৭৭ক, ১৭৮)। এভাবে ধীরে ধীরে উদ্ভূত হয় এমন-এক বুর্জোয়া সমাজ, যেখানে আইনের বিভিন্ন এজেন্ট যেমন Ñ শিক্ষক, বিচারক, কমান্ডার, পুলিশ মিলে গড়ে তোলে আইনি দমনের বিরাট নেটওয়ার্ক। এ-সমাজকেই ফুকো বলেন, কারসারাল সোসাইটি Ñ কয়েদি সমাজ। ফুকো ‘আইনি’ কথাটির ওপরই বেশি জোর দেন। তিনি মানুষের মনের ওপরও গুরুত্ব দেন এবং লেখেন যে, ওই শাস্তিপ্রাপ্ত, নিয়ন্ত্রিত, পরিশুদ্ধ ও পরিদর্শিতদের মধ্যে এমন এক আত্মা জন্ম নেয়, যা ক্রমে হয়ে ওঠে ব্যক্তির দেহের কারাগার (ফুকো, ১৯৭৭ ক, ২৫)।
ডিসিপ্লিন অ্যান্ড পানিশ ফুকোর গুরুত্বপূর্ণ রচনা। এতেই
তিনি প্রথমবারের মতো ক্ষমতার সঙ্গে জ্ঞান এবং রাজনীতির
সম্পর্ক নিয়ে গভীরতর অনুসন্ধান চালান। তিনি মন্তব্য করেন
আমাদের স্বীকার করা উচিত যে, ক্ষমতা জ্ঞান উৎপাদন করে। জ্ঞান বা জ্ঞানের সঙ্গে সম্পর্ক ছাড়া ক্ষমতার প্রকাশ হয় না। আইন, নিয়ন্ত্রণ, ক্ষমতা ও জ্ঞানের এই জটিল বিন্যাসের বিশ্লেষণ ও বর্ণনা এ-সময়ের এক বিরাট অর্জন।
ডিসিপ্লিন অ্যান্ড পানিশে আমরা দেখেছি ব্যক্তির স্বাভাবিকীকরণের জন্য ক্ষমতার প্রয়োগ কেবল কারাগারের মাধ্যমে নয়, সেনাবাহিনীর ব্যারাক, বোর্ডিং স্কুল, ওয়ার্কশপ, অনুশীলন কেন্দ্রেও সংঘটিত হয়। এর চূড়ান্ত উদ্দেশ্য হলো শৃঙ্খলিত চৈতন্য। অতএব কারাগার-সম্পর্কিত অধ্যয়নে ক্ষমতা-ধারণাটি সম্পর্কে বিস্তৃত আলোচনা এবং সামাজিক ক্ষমতার অনুপুঙ্খ বিশ্লেষণ অনিবার্যভাবেই প্রাসঙ্গিক। ফুকো তাই সত্তরের দশকের মাঝামাঝি থেকেই বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ, সাক্ষাৎকার, আলোচনা, সেমিনারে সামাজিক ক্ষমতা ও আধিপত্যের ধারণা সুসংবদ্ধ করেন।
ফুকো জ্ঞান বা ক্ষমতার এমন পর্যায়ের কথা বলেন, যেখানে একটি আরেকটির সঙ্গে প্রায়-দ্রবীভূত। একে তিনি ‘ক্ষমতা-জ্ঞান’ (চড়বিৎ-শহড়ষিবফমব) বলে চিহ্নিত করেন। এ-ক্ষমতা একই সঙ্গে উদ্দেশ্যায়ন ও বিষয়ীকরণে সক্ষম। ব্যক্তির ‘অহং’ এখানে ক্ষমতার হাতিয়ার Ñ ক্ষমতার উৎপাদন, ব্যক্তিক স্বাধীনতার সহযোগী উপায় নয়। দি আর্কেওলজি অব নলেজ এবং দি অর্ডার অব দি ডিসকোর্সে ফুকোর ক্ষমতা নেতিবাচক প্রবণতায় ভরপুর। ডিসিপ্লিনে তিনি বাস্তবতাকে আরো খুঁটিয়ে দেখে তার একক, যূথবদ্ধ রূপ বিশ্লেষণ করে আমাদের সতর্ক করে বলেন, ‘ক্ষমতা সৃষ্টি করে, এটি সৃষ্টি করে বাস্তবতা, এটি উৎপাদন করে বস্তুপুঞ্জের রাজ্য ও সত্যের প্রথা; ব্যক্তি এবং ব্যক্তি থেকে আহরণযোগ্য জ্ঞানও এ-উৎপাদনের অন্তর্ভুক্ত।’ (ফুকো, ১৯৭৭ক, ১৯৪)। তিনি মনে করেন ক্ষমতা দেহকে নয়, তার ক্রিয়াকে প্রভাবিত করে, তাই এটি আধিপত্য সম্পর্কিত।
জানুয়ারি ১৯৭৬-এ ইতালিতে ফুকোর দুটি বক্তৃতা প্রকাশিত হয় মাইক্রোফিজিক্স অব পাওয়ার (১৯৭৭) শিরোনামে। ওখানে তিনি ক্ষমতার ধারণাটি আরো পরিচ্ছন্ন ও সুসংহত করেন। ক্ষমতা ব্যাখ্যার জন্য দুটি সংজ্ঞা তিনি গ্রহণ করেন এক Ñ উইলহেল্ম রাইখের দমনতত্ত্ব। এ-তত্ত্বে ক্ষমতার প্রধান কাজ দমন করা। দুই Ñ নিটশিয়ান সংগ্রামতত্ত্ব Ñ এখানে ক্ষমতা হলো কোনো-একটি সমাজে অনুচ্চারিত যুদ্ধ Ñ নীরব, অনুচ্চারিত গণযুদ্ধ Ñ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, আর্থবৈষম্যে, ভাষায় এবং আমাদের প্রত্যেকের দেহেও সে-যুদ্ধ-ক্রিয়াশীল। তবে ‘ক্ষমতা দমন করে সেই ব্যক্তিকে যে ক্ষমতাদ্বারা উৎপাদিত।’ অর্থাৎ ক্ষমতা প্রথম সৃষ্টি করে, অতঃপর তার সৃষ্টিকেই দমন করে। পরবর্তী রচনা ‘যৌনতার ইতিহাসে’ তিনি ঘোষণা করেন ক্ষমতা সর্বত্র উপস্থিত, কারণ তা আসে সকল কিছু থেকেই। ফুকো লেখেন, সামন্ত সমাজে ক্ষমতা কেবল আধিপত্যের যোগ্য হয়ে উঠেছিল। তার প্রয়োগের লক্ষ্যও ছিল আধিপত্য। কিন্তু শিল্পায়নের পর মানুষের দৈনন্দিন খুঁটিনাটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হয়। তখনই বুর্জোয়া সমাজের একটি বড় হাতিয়ার অর্থাৎ নতুন ধরনের ক্ষমতা Ñ আইনি আধিপত্য উদ্ভাবিত হয়। এখন মানুষের দেহ ও মন দুটোই সার্বক্ষণিক নজরদারির মধ্যে, আইনি নিয়ন্ত্রণে রুদ্ধ। এভাবেই সৃষ্টি হয়েছে কারসারাল সোসাইটি Ñ কয়েদি সমাজ। ফুকো লেখেন, ‘উনিশ শতকের প্রতিষ্ঠিত সমাজের চারিত্র হলো ক্ষমতা Ñ এক যন্ত্র; যার ওপর ক্ষমতা প্রযুক্ত হয় তিনি এবং ক্ষমতার প্রয়োগকারী সকলেই এতে বাঁধা’ (ফুকো ১৯৮০, ১৫৬)। ফুকো আমাদের আহ্বান করেন এ-তত্ত্বে সমাজকে খুলে খুলে দেখার জন্যে, যা বদলে দেবে প্রতিটি সম্পর্কের ব্যাখ্যা, দৃষ্টিকোণ।
যেমন একজন মন্ত্রী বা আমলার দরজার সামনে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ লেখা-সংবলিত নোটিশটির কথাই ধরা যাক। বলা হচ্ছে, এটি শৃঙ্খলা-রক্ষার প্রয়োজনে প্রদত্ত সতর্কবাণী। ফুকোর ক্ষমতা-তত্ত্ব বলে, এ-নোটিশটি হলো মন্ত্রীর অবস্থানজনিত ক্ষমতা এবং তার প্রয়োগ হচ্ছে ‘সাধারণে’র দেহে (প্রবেশ নিষেধ করে)। পরবর্তীকালে ক্ষমতা সম্পর্কিত এ-বিশ্বাসেই স্থির ছিলেন ফুকো, যদিও মানবসমাজের অন্য কয়েকটি দিক বিশ্লেষণের আওতায় আনেন।
ফুকো ক্ষমতা-তত্ত্বকে অতঃপর প্রয়োগ করেন ব্যক্তি ও সমাজের ভিন্ন অনুষঙ্গ Ñ যৌনতায়। এ-বিষয়ে তাঁর গ্রন্থ তিন খণ্ডে দি হিস্ট্রি অব সেক্সুয়ালিটির দুটো খণ্ড প্রকাশিত হয় ১৯৮৫ সালে, ফুকোর মৃত্যুর পর। এটি তাঁর সর্বশেষ রচনাও। এ-যাবৎ তিনি ক্ষমতার ধরন, আধিপত্য, নিয়ন্ত্রণ ও সেগুলো প্রযুক্ত হওয়ার কৌশল বিশ্লেষণ করেছেন। যৌনতার ইতিহাসে তিনি দেখান, ব্যক্তির অন্তর্গত চৈতন্য কীভাবে ক্ষমতার আধিপত্যে প্রতিক্রিয়া করে, তাতে অন্তর্ভুক্ত হয়। যৌনতার ডিসকোর্সে তিনি সেই জগৎ উন্মোচন করেন।
যৌনতার ইতিহাসে ফুকো তাঁর পর্যবেক্ষণ শুরু করেন প্রাচীন গ্রিক সভ্যতা থেকে। জেনোফন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে আঠারো শতকের বিভিন্ন লেখকের বক্তব্য বিশ্লেষণ করেন। প্রাচীনকালের যৌন-নৈতিকতার দুটো বিশেষ দিক হলো এক. এ-সম্পর্কিত নৈতিকতা সকলের জন্য অবশ্যপালনীয় বলে মনে করা হতো না; দুই. ওইসব নৈতিকতা কেবল পুরুষদের উদ্দেশ্যে। ফুকো দেখান প্রাচীন গ্রিস ও অন্যত্র যৌনতার সঙ্গে পাপকে সম্পর্কিত করা হয়নি। সমকাম তখন গ্রহণযোগ্য ছিল।
প্রাচীন গ্রিক লেখকগণের নিকট যৌন-নৈতিকতা পরিমিতিবোধের সঙ্গেও জড়িত। অত্যধিক যৌনসংগমকে তাঁরা ক্ষতিকর বলে মনে করেছেন। তবে দেহ ও মনের আনন্দকে খাটো করেননি। ডিমোক্রেট, হিপোক্রেটাস উভয়েই এ-মতের পরিপোষক। প্লেটো (রিপাবলিক চতুর্থ, ৪৩০) এবং অ্যারিস্টটল (ঘরপড়সধপযবধহ ঊঃযরপং) দেহের প্রয়োজন-অনুসারে কেবল যৌনতাচর্চার উপদেশ দিয়েছেন। তবে এঁদের কেউই সমকামের দোষ ধরেননি। অ্যারিস্টটল তো স্ত্রীলোকের প্রেমের চেয়ে একটি মহৎ বালকের সঙ্গে মহৎ প্রেমকে বড় বলে মন্তব্য করেছেন। পুরুষ ও তার বালক-যৌনসঙ্গীর সামাজিক স্বীকৃতি ছিল। তারা জোড় হিসেবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করত। সাম্রাজ্যবাদী রোমান শাসনামলের পূর্বে এ-মতই প্রধান ছিল।
রোমান শাসনামলে যৌনসম্পর্ক-বিষয়ে মানুষের মনোভঙ্গি পরিবর্তিত হয়। এর সঙ্গে প্রজনন-প্রক্রিয়াকে সম্পর্কিত করা হয়। অন্যদিকে বৃদ্ধি পায় পুরুষ ও স্ত্রীর পারস্পরিক সম্পর্কের সামাজিক মর্যাদা। তখনও সমকাম স্বীয় অবস্থানে অধিষ্ঠিত।
নিটশের মতো ফুকো খ্রিষ্টীয় ছাঁচে-ঢালা মন পছন্দ করেননি। খ্রিষ্টীয় ধর্ম যৌন-আনন্দকে, দেহের এ-বিপুল উল্লাসের স্ফুরণকে শুরুতেই বিপজ্জনক মনে করেছে। সেন্ট অগাস্টিন বলেছেন, সংগম হলো আত্ম-নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো একটি ব্যাপার। তিনি যৌনতার ক্ষতিকর দিক নিয়ে বেশকিছু কল্পিত সূত্রও হাজির করেছেন তাঁর কনফেশনে। এবং পরকালে যৌনসংগম থেকে অপূর্ণ আনন্দের লোভ দেখিয়ে পার্থিব যৌনতা, যতটা সম্ভব, পরিহার করার পরামর্শ দিয়েছেন।ষোলো শতকের মধ্যভাগ থেকে পশ্চিমা সমাজে নৈতিকতা Ñ বিশেষত যৌনাচরণ-সম্পর্কিত সামাজিক প্রথাসমূহ ব্যক্তিসত্তার স্বাভাবিক, অবশ্যমান্য-চারিত্ররূপে প্রতিষ্ঠার নতুন শক্তিশালী কৌশল বিকশিত হতে থাকে। নরকের ভয়ে স্বেচ্ছাকৃত পাপ সম্পর্কে চার্চে গিয়ে স্বীকারোক্তি পরিণত হয় নিয়মে। ফুকো লেখেন, ‘ব্যক্তি স্বীকার করে, Ñ নিজের কাছে, আনন্দ-বেদনায় Ñ এমনকিছু যা অন্য কাউকে বলা সম্ভব নয়, যে-সম্পর্কে গ্রন্থাদি লেখা হয়। […] পশ্চিমা মানুষ হয়ে ওঠে স্বীকারোক্তিকারী জন্তু’ (ফুকো ১৯৭৮, ৫৯)।
ওই যুগে যৌনসংগমের ক্ষতিকর দিক নিয়ে বেশকিছু গ্রন্থ রচিত হয়। যেমন সেন্ট ফ্রান্সিসের ইনট্রোডাকশন টু ডিভাউট লাইফ (১৬০৯)। প্রাচীন যুগে যেমন যৌনতার সঙ্গে সম্পর্ক ছিল আনন্দের, তেমনি খ্রিষ্টান যুগে ঠিক তার উলটো ধারণা প্রতিষ্ঠিত হয়; ওখানে যৌনসংগমের সঙ্গে আনন্দের সম্পর্ক প্রায় অস্বীকৃত, সতীত্বের ধারণা খুব বেশি প্রবল এবং যৌনবিষয়ে নৈতিকতা, প্রধানত নারীর প্রতি, প্রবলভাবে উচ্চারিত। সমকাম সেখানে গুরুতর পাপ।
আঠারো শতক থেকে প্রশাসক ও রাষ্ট্রীয় পরিকল্পনাকারীরা জনসংখ্যা-নিয়ন্ত্রণের ধারণাটির সূচনা করেন। যৌনতা পরিণত হয় সত্য-উদ্ঘাটন ও আর্থ-সামাজিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়ে। সম্ভবত রাইখ, মারকুইস প্রমুখ অবদমিত যৌনতার জন্য দায়ী করেন অর্থনৈতিক শোষণকে।
ফুকো বলেন, আর্থ-শোষণ নয়, নিজেকে আদর্শায়িত করার ইচ্ছা থেকেই যৌনতার ওপর নানা বিধিনিষেধ আসে। প্রথমে খ্রিষ্টীয় ধর্ম, পরে বুর্জোয়া সমাজ নির্দিষ্ট সাংস্কৃতিক আদর্শে স্থিত করার জন্য অন্যান্য বিষয়ের মতো যৌনতারও নির্দিষ্ট কিছু বিধি স্থির করে। বিপরীত লিঙ্গের সঙ্গে একগামী সম্পর্ক ছাড়া আর সকল যৌন-সম্পর্ক পাপ বলে ঘোষিত হয়। যৌনতা ও যৌনতার আনন্দ অর্থাৎ মানুষের খুবই ব্যক্তিগত ও প্রাকৃতিক বিষয়টিও হয়ে ওঠে বুর্জোয়া আদর্শের অঙ্গ।
ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে ফুকো অনুসন্ধান করেছেন পাগলামির প্রতি সমাজের মনোভাব। যৌনতার ইতিহাসে তিনি বিচার করেছেন যৌনতার প্রতি ব্যক্তির আত্মগত প্রতিক্রিয়া ও তার ধারাবাহিকতা। দীর্ঘ এই অনুসন্ধানের মূল্যায়ন-প্রসঙ্গে আমরা ফ্রয়েড এবং এ-ঘরানার অন্যান্য সাইকো-এনালিস্টকে স্মরণ করতে পারি। তাঁরা বলেছেন, ব্যক্তির যৌন-অবদমন তার মধ্যে ও পরিবেশের সঙ্গে তার সম্পর্কে অনেক গোলযোগ ঘটায়। ফুকো প্রত্নতত্ত্ব ঘেঁটে উন্মোচন করেন যৌনতা সম্পর্কে মানুষের চিন্তাভাবনার রূপ-রূপান্তর। হাজার হাজার বছরের স্মৃতি-বিধি-নিষেধের ভারে অবদমিত ব্যক্তি মনের যে-গভীরতর স্তর উন্মোচন করে আমাদের সামনে তুলে ধরেন, তা ইঙ্গিত করে যৌনতার মতো একটি অতি জরুরি বিষয়ে আমাদের চিন্তাভাবনা অত্যন্ত সীমিত, ধারণা-প্রথা-চর্চায় বিভ্রমের ভূমিকা অনেক Ñ যৌনতা, যৌনসংগম, যৌন-নৈতিকতা ইত্যাদি বিষয়ে পুনর্সংজ্ঞায়ন জরুরি।
পাঁচ
ফুকোর চিন্তার ইতিহাস ও প্রত্নতত্ত্ব এবং জ্ঞান-ক্ষমতার পরিচয় ও বিস্তারের বিশ্লেষক বিবরণ আমাদের চৈতন্যকে কীভাবে আলোকিত করে, তা ভেবে দেখা প্রয়োজন। ফুকোর রচনার বিষয়, প্রকাশভঙ্গি, বক্তব্যের গভীরতা ও বিস্তৃতি Ñ এর সকল কারণেই ফুকোর মূল্যায়ন এক জটিল কাজ। তাছাড়া উত্তর-পর্বে কাঠামোবাদ ও একক ব্যক্তিগত সত্তা-চিন্তা বিন্যস্ত করার কারণে ফুকোকে প্রচলিত পাণ্ডিত্যের সূত্ররাশিতে মূল্যায়িত করা প্রায় অসম্ভব। অথচ আমরা ওই প্রথাগত কাঠামোতেই চিন্তা ও সমালোচনা করে অভ্যস্ত। এ-বিষয়টিকে গুরুত্ব দিয়ে ফুকো-সমালোচক এঞ্জিলি ক্রেমার-মেরিয়েট লিখেছেন যে, অভিজ্ঞ শল্য চিকিৎসক দেহের ত্বক-মাংস, প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কেটে-ছিঁড়েও জীবনের গোপনতম জিনিস আত্মার সন্ধান পায় না, তেমনি ফুকোর রচনার প্রতিটি ছত্র বিশ্লেষণ করে দেখা যায়, তাঁর একক বোধগ্রাহ্য রূপ অধরাই রয়ে গেছে।
আর্কেওলজিকে গুরুত্বপূর্ণ ধরে পামেলা মেজর-পোয়েৎজেল মন্তব্য করেছেন, ফুকো-রচনারাজি আধুনিক পদার্থবিজ্ঞানের মতো, অবিন্যস্ত অভিজ্ঞতায় বিন্যাস-বিধায়ক এক বিমূর্ত মডেল ( মেজর-পোয়েৎজেল, ১৯৮৩)। কিন্তু হুবার্ট ড্রেইফুস ও পল রবিনাউ মনে করেন, ক্ষমতা ও সত্য, জ্ঞান ও দেহের পারস্পরিক সম্পর্ক ও তার আলোচনায় পশ্চিমা সংস্কৃতির সূত্রগুলো উপস্থাপন করাই ফুকোর সবচেয়ে বড় কৃতিত্ব (দ্র. ড্রেইফুস ও রবিনাউ, ১৯৮২)। আবার মার্কসবিরোধী সমালোচকদের কাছে ফুকোর গুরুত্ব এখানে যে, তিনি ষাটের দশকের মার্কসপন্থীদের দর্শন-সমালোচনার বিশাল জালটি ছিঁড়ে চিন্তার ভিন্ন দিগন্ত উন্মোচিত করেন, পরিপ্রেক্ষিত ও পদ্ধতি রচনা করেন (স্মার্ট ১৯৮৩, ১৩৬-৭)।
জীবিতকালে ফুকো ভিন্নমতাবলম্বীদের দ্বারাও আক্রান্ত হয়েছেন, সমালোচিত হয়েছেন; এমনকী তাঁর অপব্যাখ্যাও হয়েছে। একেবারেই সমকালীন এবং উত্তরাধুনিক ভাবনাভঙ্গি প্রতিষ্ঠায় শরিক দেরিদাও বিভিন্ন সময়ে ফুকোর রচনারাজি আক্রমণ করেছেন। তিনি ফুকোর ডিসকোর্সের ধারণা ব্যবহার করেই প্রমাণ করার প্রয়াস পেয়েছেন ক্ষমতার ডিসকোর্স বলে কিছু নেই।
১৯৭১ সালে টেলিভিশনে ফুকোর সঙ্গে আব্রাম নোয়াম চমস্কির একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। ওখানে ফুকো আদর্শ সমাজের সংজ্ঞা দিতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য আদর্শ সমাজের জন্য প্রয়োজনীয় সত্য, ন্যায়বিচার, শুভ মানব-ব্যক্তিত্ব Ñ এগুলো আমাদের সমাজের শক্তিশালী শ্রেণিস্বার্থকেই জোরদার করে। এসব কিছুকেই তিনি ‘মানবীয় মিথ’ বলে অভিহিত করেন, যা শেষ পর্যন্ত ক্ষমতার বিন্যাসে যুক্ত।
১৯৮৩ সালের মার্চ মাসে কলেজ দ্য ফ্রাঁসে ইয়ারগুন হেবারমাস ‘ডিসকোর্স অব মডার্নিটি’ শিরোনামে প্রদত্ত বক্তৃতায় ফুকোর তীব্র, প্রকাশ্য নিন্দায় লিপ্ত হন। আমেরিকার রাউয়ের মতো হেবারমাসও নিজেকে মনে করেন যুক্তিবাদী প্রগতিশীল চিন্তাবিদ। ফুকো যুক্তিবাদ এবং প্রগতি Ñ এ-দুটোরই প্রয়োগ ও পদ্ধতিগত মূল্যায়নের ভিত নষ্ট করে দেন। হেবারমাস বলেন, যুক্তিবাদকে বাতিল করে দিয়ে ইতিবাচক দর্শনের সমাপ্তি ঘোষণা করা হয়, যা আমাদের পরিত্যক্ত করে নব্য-নৈরাজ্যবাদে এবং এ-অবস্থার জন্য দায়ী তিন অপরাধী হলেন : প্রবীণ ফ্রাঙ্কফুর্ট ঘরানার চিন্তাভাবনা, হেইডাগারের দর্শন এবং ফুকো (হেবারমাস ১৯৮৫)। হেবারমাসের ক্ষোভের কারণটা আমরা বুঝতে পারি, তবে তা কোনো অভিযোগ বলে বিবেচিত হতে পারে না।
ফুকো ত্রুটি দেখেছেন পশ্চিমা সভ্যতার নির্ণায়ক চিন্তাধারায়, সে- ত্রুটির প্রকৃতি ও ইতিহাস উদ্ধার করেছেন; মানবচিন্তার বিবর্তনে কর্তৃত্ব ও ক্ষমতামুখী প্রবণতাগুলো কীভাবে সভ্যতার বর্তমান বিকৃত চেহারা দিয়েছে, তাও শনাক্ত করেছেন। তিনি পাগলা-গারদ ও কারাগার প্রতিষ্ঠার পেছনে দেখেছেন আধিপত্য ও কর্তৃত্বের অনিবার্য উপস্থিতি, জটিল বিধিবিধানের মাধ্যমে আরোপিত আইনি দমনকে বলেছেন, ‘নতুন ধরনের ক্ষমতা Ñ পুঁজিবাদের বিরাট আবিষ্কার, যা প্রয়োগ করা হয় মানুষের দেহ ও তার তৎপরতা নিয়ন্ত্রণের জন্য।’ যৌনতার প্রতি ব্যক্তি ও সমাজের মনোভঙ্গি ও চর্চার রূপান্তরের ধারাবাহিকতা ও ইতিহাস ঘেঁটে তিনি প্রমাণ করেছেন, এর মধ্যেও অনিবার্য ছায়া ফেলেছে ক্ষমতা ও কর্তৃত্ব। আসলে যে-যুক্তিবোধ ও নীতিমালার ওপর আধুনিক পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে, ফুকো আক্রমণ করেছেন সেগুলোকে। এজন্য ফুকোকে কেউ কেউ বলেছেন উত্তরাধুনিক ভাবুক। অনেকে তাঁকে দেখেছেন কাঠামোবাদী হিসেবে। অবশ্য ফুকো নিজে উত্তরাধুনিক বা কাঠামোবাদী পরিচয়ের কোনোটিকেই স্বীকার করেননি। তিনি এ-ধরনের বর্গীকরণেরও বিরোধী ছিলেন। সম্ভবত এ-কারণে কেউ কেউ তাঁকে সংশয়ী নব্য-নৈরাজ্যবাদী বলে অভিহিত করেন। (মারকার : ১৯৯১, ৭)।
ফুকোকে বলা হয়ে থাকে মানবতা-বিরহিত বুদ্ধিজীবী। সম্ভবত এ-অভিধা তাঁর প্রতি অন্যায়ের নমুনা-স্বরূপ গ্রহণ করা যেতে পারে। আমাদের মনে রাখা দরকার, পাগলামির ইতিহাসে সমাজ কর্তৃক অবদমিত ব্যক্তিই ফুকোর দরদ লাভ করেছে। তেমনি কারাগারের ইতিহাস-রচনায় তিনি স্পর্শ করেছেন ব্যক্তির ওপর ক্ষমতার রাজনৈতিক বিন্যাসটিকে। আইন যে ব্যক্তির দেহ ও মন নিয়ন্ত্রণের জন্য সৃষ্ট পুঁজিবাদী হাতিয়ার Ñ এ-কথা তো ফুকোই প্রথম বললেন। ইরানে আয়াতুল্লা খোমেনির বিপ্লবের সময়ে তিনি তাঁকে সমর্থন করেন এবং রাজনৈতিক ক্ষেত্রে কোনো জাতির সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের গুরুত্বপ্রদানের বিষয়টিকে শ্রদ্ধা করার আহ্বান জানান। এ-সবই তাঁর মানবিক দায়িত্বপালনের প্রমাণ।
আমরা ফুকোকে যতটা বুঝতে পারি, চিন্তার ইতিহাস ও প্রত্নতত্ত্ব উদ্ঘাটন এবং ক্ষমতা, দমন, আধিপত্য, ব্যক্তির দেহ ও সমাজের নিবিড়-জটিল বিন্যাস চিহ্নিতকরণ Ñ উভয়ই তাঁর বড় কাজ
এবং মানবীয় চিন্তাধারার এ-যাবৎ বিকাশে গুরুত্বপূর্ণ সংযোজন। মার্কস, ফ্রয়েডসহ অনেকে গর্বের সঙ্গে ঘোষণা করেন, তাঁরা
ইউরোপীয় সভ্যতার আলোকায়ন পর্বে (এনলাইটেনমেন্টে) উদ্দীপ্ত মানুষ। ফুকো নিজের বেলায় এনলাইটেনমেন্টের অত-গভীর প্রভাব অস্বীকার করেন; ওইসব অগ্রগতিকে অভিহিত করেন ‘সভ্যতার পথচ্যুতি’রূপে। অবশ্য নিটশেদ্বারা তিনি কিছুটা প্রভাবিত হয়েছিলেন। আমরা জানি, নিটশের মতো ফুকোও যুক্তি ও সত্যের তেমন কোনো সম্ভাবনা মানেননি।
ফুকোর টেক্সটে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, উপদেশ-নির্যাস নেই। তিনি একের-পর-এক ডিসকোর্স খুলে খুলে দেখান, তার মূল্যায়ন করেন। আর চূড়ান্ত বক্তব্য অনুচ্চারিতই থেকে যায়। আসলে ফুকো আমাদের দেখিয়ে দিতে চেয়েছেন মানবীয় চিন্তার ধারাহীনতা ও পথচ্যুতি, তার বিনষ্ট সম্ভাবনা; তিনি আমাদের চিন্তাকে মুক্ত করতে চেয়েছেন Ñ অসংগত যুক্তিবাদের মোহ থেকে, চিন্তাকল্পের কবল থেকে, ডিসকোর্সের অনিবার্য শাসন থেকে।
একবার ফুকো বলেছিলেন, তাঁর গ্রন্থগুলো হবে মলোটভ ককটেলের মতো। তা ফাটবে, স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়ে শেষ হয়ে যাবে : থেকে যাবে তার সূচিত আগুন : তা কিছু আলোকিত করবে,
কিছু পোড়াবে, নতুন আলোকায়নের সম্ভাবনা জিইয়ে রাখবে (ফুকো, সাক্ষাৎকার ১৯৭৫)। আমাদের মনে হয় এটি ফুকোর রচনার
সংক্ষিপ্ততম, চমৎকার ও গভীরতর ব্যাখ্যা। তাঁর ক্ষমতা-তত্ত্ব, চিন্তার ইতিহাস পড়ে আমাদের সামনে নতুন দৃষ্টিকোণ উন্মোচিত হয়, আমরা ভিন্ন ভাবে সবকিছু দেখতে, ভিন্ন ভঙ্গিতে চিন্তা করতে অভ্যস্ত হয়ে
পড়ি। ফুকো সঙ্গে থাকেন, যদিও তাঁর উপস্থিতি আর জরুরি বলে মনে হয় না।
১৯৮৪ সালের জুনে সেরিব্রাল টিউমারে মিশেল ফুকোর মৃত্যুতে প্যারিসের বুদ্ধিবৃত্তিক জগতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল গভীর শূন্যতাবোধ। প্রতিটি পত্রপত্রিকার প্রথম পৃষ্ঠায় তাঁর জন্য শোকবাণী প্রচারিত হয়। টেলিভিশনসহ সকল প্রচার-মাধ্যমকেও তা আক্রান্ত করে। কলেজ দ্য ফ্রাঁসে ফুকোর একসময়ের সহকর্মী, ধ্রুপদ ঐতিহাসিক পল ভিয়েন বিখ্যাত পত্রিকা ল মঁদে মন্তব্য করেন, ফুকোর রচনা, ‘শতাব্দীর চিন্তাধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’। কোনো কোনো সমালোচক ভিয়েনের এ-মন্তব্যে অতিরঞ্জন দেখেছেন। তবে আমাদের সন্দেহ নেই, ক্ষমতা ও চিন্তার ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক মিশেল ফুকো মানুষের চিন্তাকে পশ্চিমের জ্ঞানভাণ্ডের বেড়ি থেকে মুক্ত-পরিসরে নিয়ে আসার প্রক্রিয়ায় এক অবিস্মরণীয় পথপ্রদর্শক।
এখানেই আমাদের নিকট ফুকোর গুরুত্ব। প্রাক্তন উপনিবেশগুলোয় বহুকাল আগে থেকে পশ্চিমের জ্ঞান এক বিরাট ব্যাপার, সর্বজনমান্য বিধি-বিধান যেন। সেই জ্ঞান সৃষ্টি করেছে এক-একটি ডিসকোর্স। আমরা মানববিদ্যার কোনো একটি বিষয়ে যখন প্রবেশ করি, তখন আমরা আসলে সংশ্লিষ্ট ডিসকোর্সের প্রভাব-বলয়ে অবস্থান নিই। আমাদের ভাবনাভঙ্গি থেকে বাগভঙ্গি পর্যন্ত আবর্তিত হয় সেই ডিসকোর্সের প্রবল শাসনে। ফুকো এ-যাবৎ ‘সর্বজনমান্য’ সেই জ্ঞানের ফাঁকফোকরগুলো যখন দেখিয়ে দেন, চিনিয়ে দেন ডিসকোর্স ও তার প্রভাবের ধরন, সর্বোপরি সমাজ ও ব্যক্তিকে দমন করার জন্য
সেই জ্ঞানের ক্ষমতার দিকটা যখন চিহ্নিত করেন, তখন আমরা
পশ্চিমের ডিসকোর্সের বেড়ি থেকে মুক্ত হয়ে নতুন করে ভাবনার সম্ভাবনা খুঁজে পাই। এ-কারণেই ফুকোকে ভালোভাবে বুঝে নেওয়া আমাদের জন্য জরুরি।
গ্রন্থপঞ্জি :
ফুকো-রচনাবলি (ইংরেজি সংস্করণ প্রকাশের কালক্রমে সজ্জিত)
Foucault : 1970, The Order of Things : The Archaeology of Human Sciences, Trans. : Alan Sheridan Smith, Random House, NY.
Foucault : 1971, Madness and Civili“ation : A History of Insanity in the Age of Reason, Trans. : Richard Howard, Tavistock, London.
Foucault : 1972, The Archaeology of Knowledge, Trans. A. M. Sheridan-Smith, Harper and Row, NY.
Foucault : 1973, The Brith of the Clinic : The Archaeology of Medical Perception, Trans. : A. M. Sheridan Smith, Vintage Books, NY.
Foucault : 1976, Mental Illness and Psychology, Harper and Colophon Books, NY.
Foucault : 1977K, Discipline and Punish : The Birth of the Prison Trans. : Alan Sheridan, Pantheon. NY.
Foucault : 1977L, Language, Counter Memory, Practice, Trans. : D. F. Boucher & Sherry Simon, Colonel University Press, Ithaca.
Foucault : 1978-85, The History of Sexuality Vols. 1-3 Trans. Robert Hurley, Pantheon, NY.
Foucault : 1980, Power/Knowledge : Selected Interviews and other Writings 1972-77, Ed. Colin Gordon, Leo Marshal, John Meplam and Kate Soper. The Harvester Press, Brighton Sussex.
Foucault : 1985, The Foucault Reader, Ed. Paul Rebinow, Pantheon, Nwe York.
Interviwe with Jean-Louis Eyine. Novuelles Litteraires, 2477 (17-23) March, 1975).
ফুকো-সম্পর্কিত গ্রন্থ :
Cooper, Barry : Michael Foucault : an introduction to his thought. Edwin Mellen,Toronto, 1981.
Dreyfus Hubert L. & Rabinow, Paul : Beyond Structuralism and Hermeneutics. The Harvester Press, Sussex, 1982.
Deleyue, Gilles : Un novuel archivist, Fata Morgana, Paris 1972.
Habermas, Jurgen : Lectures on the Discourse of Modernity, Harvard University Press, 1985.
Kremer-Marietti, Angele : Foucault et lÕarcheologie du savoir, Seghers, Paris, 1972.
Major-Poetyl, Pamela : Michael FoucaultÕs Archaeology of Western Culture. The Harvester press, Sussex, 1983.
Merquior, J. G : Foucault, Fontana, London; Second Edition, 1991.
Sheridan, Alan : Michael Foucault : The will to Truth, Tavistock, London, 1980.
Smart, Barry : Foucault, Marxism and Critique, Routledge & Kegan Paul, London, 1983.
Poster, Mark : Foucault, Marxism and History – Mode Production versus Mode Information, Polity Press, Cambridge, 1984.
Recevskis, Karlsi : Michael Foucault and the Subversion of Intellect. Colonel University Press, 1983.

Leave a Reply
You must be logged in to post a comment.