কোথায় আবাস, কোথায় নিবাস

নাহ্ জায়গাটা খুব একটা বদলায়নি, প্রায় আগের মতোই আছে। আমিনা মাসুদ, চারদিকে তাকাতে তাকাতে রিকশায় চেপে এগুচ্ছিলেন। এবং ঠিকই একটা পুরনো গেটে তাঁর চোখ আটকে গেল। নতুন লেকচারার ফারহানার কথা মনে পড়লো – ও গতকাল বলেছিল, উয়ারি এলাকাটায় খুব বেশিকিছু বদলায়নি। গেলে ঠিকই চিনতে পারবেন। ও-ই বাসার খোঁজ দিয়েছিল – ওর কথামতো এলেনও। কিন্তু লাভ হলো না, বাড়ির মালিক বিধবা মহিলা, খুব বিনয়ের সঙ্গে জানালেন যে, আজই সকালবেলা একজনের সঙ্গে তাঁর পাকা কথা হয়ে গেছে। ওই কথা শোনার পর একবার মনে করেছিল, ফারহানাদের বাসায় যাবেন, পরে আবার মনের ভেতর থেকেই সায় পেলেন না। রাস্তাটা চেনাচেনাই লাগছিল। একটা রিকশায় উঠে বললেন, সামনে চলো, বলধা গার্ডেনের পাশের রাস্তায়। তারপর এই চোখে পড়ে গেল লোহার পুরনো গেটটা। আকারে একই বয়স, কিন্তু খুবই বিবর্ণ এবং জং-ধরা।

রিকশা থেকে নেমে দাঁড়ালেন। রাস্তায় লোকজন নেই যে জিজ্ঞেস করবেন, ওই বাড়িতে কে থাকেন?

ওই সময় এক কাজের মহিলাকে দেখলেন, পাশের বাড়ির গেট থেকে বেরুল। তাকে কাছে ডাকলেন, তারপর জিজ্ঞেস করলেন, ওই বাড়িতে কে থাকেন জানো?

মহিলাটি মাথাটা শুধু ডাইনে-বাঁয়ে নাড়ায়। তবে নজরটা আমিনার মুখের ওপর ধরে রাখে। শেষে বলে, আমি নাম জানি না। কোনো কোনো দিন দেখি একটা বুড়া লোককে – আর কিছু কইতে পারি না।

আমিনা মনের ইতস্তত ভাবটা ঝেড়ে ফেলেন। এসেছেন যখন, দেখা না-করে যাওয়ার কোনো মানে হয় না। নাজিম হাসানের সঙ্গে দেখা যদি না-ও হয়, তবু খবরটা তো পাওয়া যাবে – বেঁচে আছে, না মরে গেছে। যদি বেঁচে আছে তো কোথায় থাকে? ঠিকানা কিংবা ফোন নম্বর যদি পাওয়া যায়, তাহলে তা-ই বা কম কী?

গেটের পাল্লায় ঠেলা দিতেই খুলে গেল – বুঝলেন, গেটে কোনোরকম আগল নেই। তারপর লম্বালম্বা ঘাস আর ঝোপঝাড়-ভর্তি লন পার হয়ে বাড়ির ভেতরে ঢোকার গেটে ঠেলা দিলে সেই একই অবস্থা দেখলেন – এ দরজাতেও কোনোরকম আগল নেই। ভেতরে ঢুকেই বারান্দা। তার একদিকে একসারিতে কয়েকটা ঘর, আগের মতোই; কিন্তু ময়লা, বিবর্ণ আর অন্ধকার। দরজাগুলো আধভেজানো, কিন্তু জানালাগুলো বন্ধ। তাঁর মনে পড়ে, নিচের তলাতেই ছিল বেশ সুন্দর সুন্দর আসবাব-ভর্তি একটা বড়সড় বসার ঘর – লিভিং-রুম শব্দটার সঙ্গে ওই ঘরে বসেই প্রথম পরিচয় হয়। সাজিদা বিয়ের পর, বন্ধুদের নিয়ে ওই ঘরে বসেই আড্ডা দিত। এখন কল্পনাও করা যায় না ওই ঘরখানা একসময়ে কেমন ছিল।

ওপরতলায় ওঠার সিঁড়িতে পা রাখার সময় আরেকবার পেছনে তাকিয়ে দেখেন। না, কাউকে দেখা যায় না। বাড়িটাতে কি তাহলে কোনো লোকই নেই? তাঁর বিশ্বাস হতে চায় না। দেখে তো মনে হয় না, এটা গা-ছমছম করা কোনো ভুতুড়ে বাড়ি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অগত্যা ডাকাডাকি শুরু করেন, কেউ কি আছেন বাড়িতে? নাজিম হাসান বাড়িতে নেই?

কোনো সাড়া পাওয়া যায় না। দোতালার বারান্দায় ওঠার পর গলা ছেড়ে ডাক দিলে কেউ যেন সাড়া দেয়। পুরুষমানুষেরই গলার স্বর, কিন্তু কাউকে দেখা যায় না।

টানা লম্বা বারান্দার শেষদিকে একটা ঘরে বাতি জ্বলতে দেখা যায় এবং ওই ঘরের ভেতর থেকেই কোনো পুরুষমানুষ ভাঙা ভাঙা গলায় সাড়া দেয়। বলে, এদিকে আসুন, আমি এখানে।

আমিনা এগিয়ে যান। দরজায় দাঁড়িয়ে দেখেন, ঘরে খুব কম পাওয়ারের বাতি জ্বলছে আর জানালা দুটোই বন্ধ। আমিনা নিজের নাম বলে পরিচয় জানান। তারপর স্পষ্টগলায় বলেন, নাজিম হাসান সাহেব, আমি আপনাকে দেখতে এসেছি, আমি আমিনা মাসুদ, আপনি কেমন আছেন?

অতোকিছু বলার পরও নাজিম হাসান বোধহয় ঠিকমতো চিনতে পারেন না। উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর বলেন, ও আপনি। আসুন, দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসুন।

ঘরের ভেতরে ঢুকে আমিনা চারদিকে তাকিয়ে দেখেন, দুটো পুরনো সম্ভবত সেগুনকাঠের আলমারি আর একটা টেবিলের সঙ্গে দুখানা চেয়ার একদিকে, তার উলটো দিকে দুটো বইয়ের র‌্যাক, পুরনো বই দিয়ে ভর্তি – ধুলো আর মাকড়সার জাল দিয়ে ঢাকা – এদিকে দরজার পাশে আলনা আর দেয়ালে লাগানো হ্যাংগার – তাতে ময়লা জামা-কাপড় ঝুলছে। শোবার খাটটা খুবই পুরনো, বলা যায় একবারে মান্ধাতা আমলের, পূর্বপুরুষদের কেউ হয়তো বানিয়েছিলেন। বিছানার চাদরখানা ময়লা, তোশক-বালিশও ছেঁড়া, তুলো বেরুনো।

নাজিম হাসান বসা অবস্থাতেই আগন্তুক মহিলার দিকে তখনও তাকিয়ে আছেন – বোধহয় পুরোপুরি চিনতে পারছেন না। শেষে মাথা ঝাঁকিয়ে, সবিস্ময়ে বলে ওঠেন, আরে আপনি! বসুন, ওই চেয়ারটাতে বসুন, দাঁড়িয়ে আছেন কেন?

একটা হাতল-ভাঙা চেয়ার দেখিয়ে দেন। তারপর বলেন, চোখে ভালো দেখি না – তা কবে এসেছেন ঢাকায়?

এই তো, গত সপ্তাহে, আমিনা বসতে বসতে জানান। বলেন, আসার পর থেকেই পুরনো চেনা-মানুষদের খোঁজ করছি – আপনার কোনো হদিস কেউ দিতে পারে না – আপনি কোথায় থাকেন। পুরনো বাড়িতে, নাকি নতুন কোনো এলাকার অ্যাপার্টমেন্ট হাউজে? নাকি নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছেন। সঠিক খবর কেউ দিতে পারেনি – এখানে কলেজে জয়েন্ট করার পর সদ্য জয়েন্ট করা একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে – ওরই মুখে শুনলাম এদিকটায় খুব বেশি অদল-বদল হয়নি – ওর কথাটা মনে ছিল, তাই চলে এলাম – আপনাদের এ-বাড়িতে তো আমি আগেও কয়েকবার এসেছি। শেষ পর্যন্ত বলা না হতেই নাজিম হাসান বাধা দেন। বলেন, থাক হয়েছে। আর বলতে হবে না – ওসব কথা তোলার কি দরকার আছে? এবার আপনার কথা বলুন – কেমন আছেন? ভালো? ছেলে কোথায়? ঢাকায়?

না, ও এখন আমেরিকায়, ওখানকার একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছে।

দেশে আসে না?

আসে, তবে খুব কম, ছুটি পায় না তো – তা আপনি কেমন আছেন?

এই তো, যেমন দেখছেন।

আমিনা ঘরের চারদিকে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলেন, জানালাগুলো বন্ধ কেন? ওগুলো খোলেন না?

হ্যাঁ, খুলি।

তাহলে এখন বন্ধ যে?

দিনে বাইরের ধুলোবালি আসে ঘরে, তাই রাতের বেলা খুলি।

রাতের বেলা কি ধুলোবালি আসে না?

আসে, তবে কম, বাইরে তখন গাড়িটাড়ি কম চলে।

তা কতদিন এই নিয়ম চলবে? আমিনা হাসেন। তার মানে কতদিন দিনের বেলা বন্ধ থাকবে আর রাতের বেলা খোলা থাকবে জানালা?

যতদিন বেঁচে আছি – যতদিন আমার অ্যাজমা আছে, অ্যালার্জি আছে, জীবনের শেষকালের এই ধরনের উপার্জন যতদিন ভোগ করব, ততদিন।

বাইরে কি একেবারেই বের হন না?

হই, কোনো কোনো দিন – তবে বেশিক্ষণ বাইরে থাকি না।

আর ঘরগুলো অন্ধকার কেন? ইলেক্ট্রিক কানেকশনে গোলমাল?

না, তা নয় – এমনি – বাতি জ্বালানো হয় না।

কিন্তু কেন?

দরকার হয় না, তাই!

কী বলছেন পাগলের মতো! মানুষের আলোর দরকার হবে না?

মানুষই নেই, তো কিসের জন্য বাতি জ্বালানোর দরকার হবে?

আপনি তাহলে কী? মানুষ না? আমিনা ফের হাসেন।

আমি ঠিক বলতে পারব না – আপনার কী মনে হয়? আমি কি মানুষ?

আমিনার মনের ভেতরে ধাক্কা লাগে নাজিম হাসানের প্রশ্ন শুনে। তিনিকোনো জবাব দেন না। অন্য প্রসঙ্গে চলে যান। জানতে চান, বাড়িতে যে আর কাউকে দেখছি না?

কেউ থাকলে তো দেখবেন?

সে-কী! আপনি একা থাকেন? একেবারেই একলা?

দেখতেই তো পাচ্ছেন, এখানে দোকলা বলে কেউ নেই।

কেন, কাজের লোক নেই?

আছে, তবে এখানে থাকে না, কাজটাজ করে দিয়ে চলে যায়।

আমিনা ঘরের চারদিকে আবার নজর ঘোরান। যা দেখতে পান তাতে মনে হয় না, গত দু-চার মাসে ঘরের ভেতরটা ঝাড়ামোছা হয়েছে।

তা আপনি হঠাৎ ঢাকায়? রাজশাহীতে ছিলেন শুনেছিলাম, এবার নাজিম হাসান জানতে চান।

হ্যাঁ, তাই তো ছিলাম – আসতে হলো সরকারি হুকুমে – সরকারি কলেজের চাকরি বদলির হুকুম হয়ে গেলে না-মেনে উপায় আছে? তাছাড়া চাকরির মেয়াদও বেশিদিন নেই।

থাকেন কোথায়?

আপাতত এক পুরনো কলিগের বাসায়, আজিমপুর কলোনিতে – সামিনাকে মনে আছে?

কোন সামিনা?

আরে আমাদের সঙ্গে ঘুরতো-টুরতো, আমরা আপনাদের দুবছরের জুনিয়ার, ও ছিল আমাদেরও দুবছরের জুনিয়ার, ও তখন ফার্স্ট ইয়ারে – তবু আমাদের সঙ্গেই ঘোরাফেরা করত – তাছাড়া ও তখন গানও গাইত – চিনতে পারছেন না?

বাহ্ আমি কীভাবে চিনব? আমি তো তখন পরীক্ষা-টরীক্ষা শেষ করে বেরিয়ে গিয়েছি।

বেরিয়ে গেলেও আসতেন তো। আমিনা চোখে চোখে তাকিয়ে মিটিমিটি হাসেন। বলেন কী? আসতেন না?

নাজিম হাসান হঠাৎ যেন গম্ভীর হয়ে যান। প্রসঙ্গটা বদলাবার জন্য জিজ্ঞেস করেন, তা কতদিন থাকবেন। কলিগের বাসায়? গেস্ট হয়ে?

বেশিদিন কি থাকা যায়? না-থাকা উচিত? আমিনা লম্বা নিশ্বাস ফেলেন। বলেন, এদিকে সরকারি কোয়ার্টারও যে শিগ্গির পাবো, তাও মনে হচ্ছে না – তাই বাসা খুঁজছি।

কোন এলাকায়?

কেন, আপনাকে বলিনি? পুরনো ঢাকাতেই তো আমার কলেজ, তাই কাছাকাছি, মানে এই এলাকাতেই বাসা পেলে ভালো হয়।

একটু হেসে আবার বলেন আমিনা, আপনি তো বোধহয় বাইরে-টাইরে বের হন না – হলে আপনাকেই বলতাম বাসা খুঁজে দিতে – একসময়ে তো আপনি আমার জন্য অনেককিছু করেছেন – আমি সেসব উপকারের কথা কখনো ভুলতে পারিনি, এখনো পারি না।

থাক থাক হয়েছে, নাজিম হাসান দুহাত তুলে বাধা দেন। বলেন, ওসব পুরনো কথা তুলবেন না – ওসব কথা স্মরণ হলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ব্লাড-প্রেসার বেড়ে যায়।

হ্যাঁ, তাই স্বাভাবিক – আমারও খুব খারাপ লাগে – মনে খুব কষ্ট হয় – কিন্তু কী করবেন বলুন। ওগুলো তো জীবনেরই অংশ, ওগুলো যদি ভুলে যেতাম, ভয় পেয়ে পিছিয়ে থাকতাম, তাহলে কী বেঁচে থাকা সম্ভব হতো? আপনিই বলুন?

নাজিম হাসান মুখটা নিচু করে থাকেন। বোঝা যায়, পুরনো দিনের ওইসব কথা তাঁর আসলেই সহ্য হয় না। ওই মুহূর্তে আমিনার মনে হয়, তাঁর কথা শুনে নাজিম হাসানের মনের ভেতরে রাগ ফুঁসতে শুরু করেছে। এক্ষুনি হয়তো ফেটে বাহিরে বেরুবে।

আমিনা আরো কিছুক্ষণ বসেন। তাঁর মনে হয়, ওই মুহূর্তে তাঁর বিদায় নেওয়াটা ঠিক হবে না।

নাজিম হাসান মুখোমুখি একইভাবে বসে। তবে এখন মুখটা নিচু করে রাখা নয়, মুখ ওপরে তুলে খোলা দরজার বাইরে নজর মেলে কিছু যেন দেখছেন। মনে হয়, মানসিক উত্তেজনাটা বোধহয় সামলে নিয়েছেন। এবার আমিনা বলেন, এবার আমি তাহলে উঠি?

আরেকটু বসুন। নাজিম হাসান আমিনার মুখের ওপর চোখ রেখে বলেন, ওই মুহূর্তে তার ঠোঁটের দুপাশে একটুখানি হাসির ভাঁজও যেন দেখা যায়। বলেন, এই কাজের মেয়েটা কেন যে এখনো আসছে না।

কোনো কাজে হয়তো আটকা পড়েছে। বাচ্চাকাচ্চা আছে নিশ্চয়ই।

হ্যাঁ, দুটি বাচ্চা, সকালে বউ কাজ করতে এলে স্বামী বাচ্চা সামলায়, আবার বউ কাজ সেরে ফিরে গিয়ে যখন বাচ্চা সামলায়, তখন স্বামী কাজ করতে বের হয় – সন্ধ্যায় আবার ওই নিয়মেই কাজ চলে ওদের।

বাহ্, সুন্দর তো! আমিনার মুখ দিয়ে প্রশংসা বেরিয়ে আসে।

শুধু সুন্দরই নয়। একেবারে ছোটলোকদের কাছ থেকেও যে ভদ্রলোকদের অনেক কিছু শেখার আছে ওরা হলো তারই প্রমাণ।

তাহলে আমি এবার উঠি? আমিনা উঠে দাঁড়ান।

যাবেন? নাজিম হাসান প্রশ্নটা করে দু-মুহূর্ত কিছু যেন ভাবেন। তারপর মুখে হাসি টেনে বলেন, ঠিক আছে, যান। বহুকাল পরে যে দেখা হলো, সেটাই একটা স্মরণীয় ঘটনা – তাই না?

একটু হেসে আবার বলেন নাজিম হাসান, তা পরে কি আবার দেখা হবে?

কে জানে, আমিনাকেও পালটা হাসতে হয়। বলেন, হতে পারে, হয়তো কোনো দরকারে ঘুরতে ঘুরতে আমার কলেজের দিকে গেলেন, কিংবা হঠাৎ খেয়াল হলো, চলে এলেন আমার বাসায় – তখন দেখাও হবে, কথাও হবে।

তখন বেলা একেবারেই পড়ে এসেছে। আমিনা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসেন। পেছনে পেছনে নাজিম হাসানও আসেন, কিন্তু সিঁড়ির মুখ পর্যন্তই। নিচে আর নামেন না।

প্রায় অন্ধকার নির্জন সিঁড়ি আর একতলার বারান্দা পার হবার সময় অন্ধকার আর খালি ঘরগুলোর দিকে নজর আপনা থেকেই চলে যায়। দরজাগুলো ভেজানো থাকলেও ভেতরে কিছু আলো যাবার কথা – কিন্তু কিছুই চোখে পড়ে না – ভেতরে এতো অন্ধকার। তবু তাঁর মনে হয়, এমন ধরনের তিনখানা ঘরের বাসা পেলেও তো তাঁর দিব্যি চলে যাবে। কিন্তু ওই মনে হওয়া পযর্ন্তই, তার বেশি কিছু মনের মধ্যে জাগে না। ফিরে গিয়ে নাজিম হাসানের কাছে বাসাভাড়ার ব্যাপারটা নিয়ে কথা বলা যায় না যে, এমন নয় – কিন্তু তাঁর মন টানে না। তিনি তো বাসার খোঁজ করতে নাজিম হাসানের কাছে আসেননি। এসেছিলেন দেখা করতে। আলাপ করার সময় কথায় কথায় বাসা খোঁজ করার কথাটা তাঁর মুখ দিয়ে বেরিয়ে গেছে – এই তো ঘটনা। ওই কথার জের ধরে এ-ই একই বাড়িতে ভাড়াটে হিসেবে বাস করতে চাইলে সেটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। আসলে গোটা ব্যাপারটা তো সহজভাবেই ঘটে গেল। বহুকাল পরে ঢাকায় এসেছেন, একসময়কার পরিচিত বন্ধু-বান্ধব কে কেমন আছে, তা কি জানতে ইচ্ছে করবে না? তাঁর মনে হয়, খুব স্বাভাবিক এবং সংগতভাবেই নাজিমের কথা স্মরণে এসেছিল এবং কৌতূহলও বেড়ে গিয়েছিল। তাই তিনি এসেছেন।

নাজিম হাসানের বাড়ি থেকে বেরুতে বেরুতে শুধু একটা ব্যাপারেই তাঁর মনে বারবার ঘা মারে যে, নাজিম হাসান একেবারেই বদলে গেছেন – একেবারেই অন্যরকমের একজন মানুষকে তিনি আজ দেখলেন। সেই প্রাণময়, চঞ্চল, হাসি-খুশি সুহৃদ-বন্ধুটির কোনো চিহ্নই আজ দেখলেন না। তার চেহারায় নয়, কথাবার্তায় নয়, চলাফেলায় নয়। একটা পরিত্যক্ত মানুষকেই কি তাহলে দেখলেন? তাঁর পরিত্যক্ত বাড়িটার মতোই?

নতুন লেকচারার ফারহানা মাহিব জয়েন করতে এসেছিল। তখন তাকে জিজ্ঞেস করেন, কোথায় থাকো? তো মেয়েটি বলেছিল, দূরে নয়, কাছেই থাকি উয়ারিতে। র‌্যাংকিন স্ট্রিটে।

রাস্তার নামটা শুনেই মনের ভেতরটা কেমন যেন দুলে উঠেছিল। তারপর বন্ধ হয়ে থাকা অনেকগুলো স্মৃতির দরজা যেন খুলে গিয়েছিল। জিজ্ঞেস করেছিলেন, তোমাদের ওই রাস্তায় নাজিম হাসান নামে কেউ থাকেন? খুবই পুরনো একটা দোতালা বাড়িতে। বাড়ির গেটটা খুবই প্রকাণ্ড।

ফারহানা মনে মনে খুঁজে জানিয়েছিল, হ্যাঁ বাড়িটা আছে, কিন্তু মালিকের নাম জানি না, এক-একদিন দেখা যায় একজন বুড়ো ভদ্রলোককে – গেট দিয়ে ঢুকছেন, নইলে বেরুচ্ছেন – গেটের পাশে কোনো নেমপ্লেট নেই।

তিনদিন আগে ফারহানার মুখ থেকে ওই কথা শোনার পর, শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলেন, তোমাদের বাড়ির কাছাকাছি কোনো ভাড়াটে বাড়ি পাওয়া যাবে? তখন সে জানিয়েছিল, ম-৫২ নম্বর বাড়ির একটা ফ্লাট বোধহয় খালি আছে। আজ আসার সময়ও টু-লেট সাইন ঝুলতে দেখেছি।

খালি বাসার হদিস পাওয়া গেলেও, সেটা মনের মধ্যে কেন যেন দাগ কাটতে পারে না – ঘুরেফিরে পুরনো দিনগুলোর কথাই স্মৃতির পটে একের পর এক ভেসে উঠতে থাকে – আর সেজন্যই নাজিম হাসানকে দেখতে-আসা – তার আগে অবশ্যই বাসার খোঁজে গিয়েছিলেন, কিন্তু সেটা তো তাঁর নিজের কাছেই এখন মনে হচ্ছে একটা ছুতো, মনের ভেতরে আসলে নাজিম হাসানকে দেখার তাগিদটাই বেশি করে জেগে উঠেছিল। পুরনো ঢাকার এদিকটাতে আসার কারণ যে বাসা-খোঁজা নয়, নাজিম হাসানকে দেখতে আসা – সে-ব্যাপারে তাঁর মনে সন্দেহ থাকে না। তাঁর মনের খুব গোপনে থাকা একটা ধিক্কারও যেন শুনতে পান। একটা অল্পবয়সী বিধবা যেন বলছে, ছি! আমিনা ছি!!

দুই

ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় পরিচয় হয়েছিল, দুই ক্লাস সিনিয়ার ছাত্র নাজিম হাসানের সঙ্গে। লাইব্রেরির বারান্দায়। আমিনার সাবসিডিয়ারিতে ছিল ইতিহাস। আর নাজিম সে-বছরই ইতিহাসে মাস্টার্স ফাইনালের জন্য তৈরি হচ্ছিল – ওইরকম সময়ে ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় জীবনের দুই বছর পূর্তিতে একটা অনুষ্ঠানের আয়োজন করে – সেই অনুষ্ঠানে আমিনাবানুকে গান গাইতে হয় – এককভাবে। আবার সমবেতভাবেও। ব্যস, নাজিম হাসান যেন ছুতো পেয়ে যায়। হৈচৈ, গান-বাজনা অনুষ্ঠান এসবের দিকে খুবই ঝোঁক ছিল ওর – তবে রাজনীতি থেকে দূরে থাকত। কালচারাল প্রোগ্রামের ব্যাপারে ওকে দারুণ অ্যাকটিভ হয়ে উঠতে দেখা যেত। ওর সঙ্গে এসে জোটে সাজিদা আখতার – একই ক্লাসের ছাত্রী হলেও আমিনার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না – ওই গান গাওয়ার সুবাদে, সে বান্ধবী হয়ে যায়। আমিনার যেমন, তেমনি নাজিমেরও – শুধু গানের সুবাদে নয়, সাবসিডিয়ারি পরীক্ষার জন্য তৈরি হওয়ার ব্যাপারেও নাজিম হাসানের সাহায্য দরকার হয়। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই লক্ষ করে সাজিদার ঘনিষ্ঠতা নাজিমের সঙ্গে যেন গাঢ়তর হয়ে উঠেছে – পরীক্ষার ব্যাপারে কিছু যে সাহায্য নেবে তার সুযোগ আর পাওয়া যায় না। সেই সাহায্য তখন কিছুটা পাওয়া যায় মাসুদ আলীর কাছ থেকে – সেও ইতিহাসেরই ছাত্র। নাজিম হাসানের মতো ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তখন।

ওকে মাঝে মধ্যে আড্ডায় পাওয়া যেত – তবে খুবই কম সময়ের জন্য – ওর আসল টান ছিল রাজনীতির দিকে – তাও আবার বাম রাজনীতির সঙ্গে নাকি ওর যোগাযোগ ছিল। ও এ-ব্যাপারে খোলাখুলি কখনো কিছু বলত না, তবে ওর স্বভাবে নিজেকে গোপন রাখার একটা ভাব ছিল। আর সে-জন্যেই নাজিম সন্দেহ করত – ও ঠিক আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে যুক্ত। দুজনের স্বভাব আলাদা, রুচি আলাদা, চিন্তা-ভাবনা আলাদা। তবু কীভাবে যে ওদের বন্ধুত্ব অমন গাঢ় ছিল, সেটাই আমিনা বুঝতে পারত না।

বাইরে রাজনীতির উত্তেজনা তখন উত্তাল। মাসুদ মাঝে মাঝেই উধাও হয়ে যায়। আমিনা বিশ্ববিদ্যালয়ে এলে ক্লাস শেষ করে হয় লাইব্রেরিতে ঢোকে, নইলে বাড়িতে ফেরে। দু-একদিন যদি হঠাৎ নাজিম হাসানের দেখা হয়ে যায় তো আলাপ-সালাপ আরম্ভ হতে-না-হতেই চিলের মতো ছোঁ দিয়ে সাজিদা তাকে টেনে নিয়ে যায়। নাজিমের পরীক্ষার রেজাল্ট বেরুবার পর মাস দু-তিন যেতে-না-যেতেই – দুজনে বিয়ে করে নেয়। প্রথমে গোপনে, লুকিয়ে। তারপর বাবামাকে জানিয়ে সাড়ম্বরে, জাঁকজমক অনুষ্ঠান করে। সাজিদার বাবামায়েরা নবাব বংশের লোক হলেও নাজিমরাও কম যায় না, তাদের পূর্বপুরুষও একসময়ে জাঁদরেল জমিদার ছিল। এদিকে ১৯৬৯-এর পর দেশের অবস্থা অস্থির হয়ে উঠতে থাকে। শুধু অস্থির নয়, অনিশ্চিতও। মাসুদের পরীক্ষার রেজাল্ট ভালো, কিন্তু চাকরি-বাকরির দিকে কোনোরকম আগ্রহ দেখা যায় না। রাজনীতি নিয়ে ব্যস্ত। ঢাকার বাইরে প্রায়ই চলে যায়। এক সপ্তাহ-দুসপ্তাহ থাকে। কেন যায়, কী করে, কিছুই খুলে বলে না। শেষে একদিন চেপে ধরলে জানায়, আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে সে খুব শিগ্গির সরে আসবে। আমিনা ওর মুখের কথায় বিশ্বাস করতে পারে না। ওদিকে ওর বড় মামা ভাগ্নির বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন। খবরটা মাসুদকে সে জানিয়ে দেয়। সেই খবরটা শুনেই কিনা – বলা যায় না, মাসুদ একটা দৈনিক ইংরেজি কাগজে চাকরি জুটিয়ে নেয়। আমিনা আর দেরি করে না, একদিন কাজির অফিসে গিয়ে দুজনেই বিয়ে করে নেয়।

মাসুদকে স্বামী হিসেবে পেয়ে তার সুখের সীমা ছিল না। ’৭১-এর ২৭ মার্চ ঢাকা থেকে সরে যেতে হয়েছিল। আশ্রয় নিয়েছিল গ্রামের দিকে। মাসুদের এক বন্ধুর বাড়িতে। তবে বেশিদিন থাকতে পারেনি, কীভাবে থাকবে? রোজগারের কোনো পথ ছিল না। অগত্যা ঢাকায় ফিরতে হয়েছিল, কাগজটা সপ্তাহ দুয়েক বন্ধ থাকার পর আবার চালু হওয়াতে মাসুদের চাকরিতে কোনো অসুবিধা হয়নি। পেটে বাচ্চা এসে গিয়েছিল আগেই – যুদ্ধের শেষের দিকে সে মা হয়ে যায়। মাসুদের সঙ্গে পার্টির সম্পর্ক তখনও ছিল। অচেনা দু-একজন লোক বাসায় প্রায়ই আসত। দু-একজন রাতও কাটিয়ে যেত। তখন টাকা-পয়সার টানাটানি থাকলেও তার মনে কোনোরকম দুঃখ-কষ্ট ছিল না। দেশ স্বাধীন হবার পর মাসুদের চাকরি পাকা হয় – বেতনও বাড়ে। মিঠুর বয়স যখন দুবছরের কাছাকাছি, সে-নিজে চাকরি নেওয়ার কথা ভাবতে শুরু করেছিল। আর অমন সুখের সময়েই তার জীবনে চরমতম আঘাতটা আসে। আন্ডারগ্রাউন্ড পার্টির গোলমাল মাসুদকেও ছোঁয়। দুই গ্রুপের ঝগড়া মেটাবার জন্য যেতে হয়েছিল তাকে। তারপর আর ফেরেনি। আপোসের আলোচনা সভায় রক্ষীবাহিনী হামলা চালায়। প্রায় দুসপ্তাহ পর আমিনার কাছে খবর আসে। না, মাসুদের পচাগলা লাশ দেখতে সে যশোরে যায়নি। রাগ বা অভিমানের কারণে নয়। পচাগলা লাশটা হাসিখুশি চেহারার প্রিয় মানুষটার স্মৃতির সঙ্গে লেপটে থাকবে, সেটা সে চায়নি। তখন বড়ভাইয়ের আশ্রয়ে তার ঠাঁই, দুবছরের ছেলেটাকে নিয়ে। চাকরি খোঁজার জন্য মাসুদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে অফিসে নয়তো প্রেসক্লাবে যেত – তখন নাজিম আর সাজিদার গল্প শুনত। একটা বাংলা দৈনিকে পার্টটাইম কাজও পেয়ে যায় ওই সময়ে। মহিলাদের নানারকম সংগঠনের কাজকর্ম আর সভা-সমিতির ওপর রিপোর্টিং করা। তখন কোনো কোনোদিন একেবারে সামনা-সামনি দেখা হয়ে যেত সাজিদার সঙ্গে। না, আলাপ হতো না, একটু হাসি দেওয়া-নেওয়া আর কেমন আছ, ভালো? এইরকম দু-একটি কথা। তার বেশি আলাপ করার সুযোগ পেলে তো করবে? তাছাড়া ওই সময় ওর দেশি-বিদেশি হোমরা-চোমরা লোকেদের সঙ্গে ওঠা-বসা। ওর চালচলন দেখে আমিনা অবাক হতো না। কারণ নাজিম হাসানের ব্যবসার বিস্তার তখন প্রায় আকাশ-ছোঁয়া।

পুরোপুরি সাংবাদিক হওয়ার মতো অবস্থা তার ছিল না। তার ছেলেকে দেখাশোনা করবে কে? যদি তাকে সর্বক্ষণ চাকরির কাজে ব্যস্ত থাকতে হয়? ওই সময়ে ছেলের ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো অসুখ হলে তাকে নিয়ে হাসপাতালে থাকতে হয় প্রায় এক সপ্তাহ।

ওই হাসপাতালেই একদিন দেখা হয়ে যায় নাজিম হাসানের সঙ্গে, একেবারে মুখোমুখি। তারপর কুশল জিজ্ঞাসা, মিঠুকে দেখতে চাওয়া, মিঠুর ব্যাপারে ডাক্তারের সঙ্গে আলাপ করা – সবই করে সে। শুধু সেদিনই নয়, তারপর আরো দুদিন। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার সময় দেনা-পাওনা শোধ করতে গেলে জানিয়ে দেওয়া হয় যে, হাসপাতালের যাবতীয় পাওনা মেটানো হয়ে গেছে, ওসব নাজিম হাসান শোধ করে দিয়ে গেছেন। ব্যাপারটা জেনে সে মনে মনে ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু কিছুই করার ছিল না। কাগজের অফিসের পার্টটাইম চাকরির কী দশা হবে এক সপ্তাহ অনুপস্থিত থাকার কারণে – তা নিয়ে চিন্তা ছিল। কিন্তু অফিসে গিয়ে দেখে, তাকে কেউই কিছু বলছে না। উলটো একটু যেন সমীহ করে কথা বলছে। এক সপ্তাহ অনুপস্থিত থাকার পর কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই, কাগজের সম্পাদক তার কামরায় ডেকে পাঠান এবং অনুপস্থিতির জন্য শাস্তি দেওয়ার বদলে জানিয়ে দেন, সামনের মাস থেকে আর পার্টটাইম নয় – তাকে ফুলটাইমার হিসেবে কাজ করতে হবে।

এ-ঘটনার পেছনেও যে নাজিম হাসানের হাত ছিল তা পরের দিনই জানা হয়ে যায় তার। কৃতজ্ঞ বোধ করার কথা – কিন্তু মনে উলটো প্রতিক্রিয়া হয়। তার ওপর কৃপা করছে মানুষটা, আর সেই কৃপা তাকে বাধ্য হয়ে নিতে হচ্ছে। নিজের ওপর তার রাগ হয়েছিল তখন।

কিন্তু ওই সময়েই সে লেকচারারের চাকরিটা পেয়ে যায়। ইন্টারভিউ দেওয়া ছিল আগেই – সেও প্রায় আট-দশ মাস আগে – কর্মস্থল ঢাকাতেই, বদরুন্নেসা কলেজে – ফলে নাজিম হাসানের কৃপা তাকে গ্রহণ করতে হয়নি। তবে যোগাযোগটা ছিল, টেলিফোনে কথা হতো। তার বাসায় টেলিফোন না থাকলে কী হবে, কলেজে তো ছিল। আর তাতেই মাঝে মধ্যে কথাবার্তা হতো। কিন্তু সাজিদার কথা ও বলত না। আমিনা জিজ্ঞেস করলেও পাশ কাটিয়ে যেত। শেষে একদিন এক কলিগের মুখেই শুনতে পায় যে, সাজিদা এখন আলাদা থাকে। বাপের নতুন বাড়ি – ধানমন্ডিতে। কেন আলাদা থাকে, এমন প্রশ্নও করেনি, করার প্রবৃত্তিই হয়নি। তবু ওর এক আত্মীয় কেমিস্ট্রির লেকচারার নাঈমা বেগম জানিয়েছিল, সাজিদা ছেলেবেলা থেকেই ভীষণ জেদি, আর লোভী। পুরনো বন্ধুদের সঙ্গে ও সম্পর্ক রাখে না। যতদিন তার স্বার্থ থাকে ততদিন রাখে। স্বার্থ উদ্ধার হয়ে গেলে সে আর ফিরেও তাকায় না।

ওই খবর জানার পর আমিনা একদিন টেলিফোনে কথা বলার সময় জানতে চেয়েছিল, কেন সাজিদা বাপের বাড়ি চলে গেছে, ঝগড়াটা কিসের জন্য Ñ তো নাজিম হাসান বলেছিল, তা আমি জানি না, জানতে চাইও না, প্লিজ ওর ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।

হ্যাঁ, ওটাই ছিল নাজিম হাসানের শেষ কথা Ñ তারপর আর দেখা তো হয়ই-নি Ñ কোনোরকম কথাও না। কিছুদিন পর খবরের কাগজে দেখে যে, নাসা এন্টারপ্রাইজ নামে বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠানটা বিক্রি হয়ে গেছে। নাসা নামটা দেওয়া হয়েছিল দুজনের নামের আদ্যাক্ষর মিলিয়ে। নাজিম হাসান তার স্ত্রীর নাম আর নিজের নামের আদ্যাক্ষর মিলিয়ে ব্যবসা- প্রতিষ্ঠানের নাম রেখেছিল Ñ বড় আশা নিয়ে, কিন্তু স্ত্রীই যখন রইল না, তখন ওই ব্যবসা-প্রতিষ্ঠান কেন থাকবে।

আমিনা আন্দাজ করেছিল নাসা বিক্রি করে দেওয়ার পেছনে এমন মনোভাবই সম্ভবত কাজ করেছিল। তখন খুব ইচ্ছে করত, অন্তত একবার গিয়ে দেখা করে আসি। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি। কেমন করে যাবে? গিয়ে কী বলবে? বলার কিছু থাকলে তো যাবে?

ওইরকম সময়েই আবার তার বদলির অর্ডার এসে যায়। তাকে এক সপ্তাহের মধ্যে পাবনা এডওয়ার্ড কলেজে জয়েন করতে হবে। ঢাকা থেকে দূরে সরে যাওয়া সেই থেকে শুরু, ছেলেটাকে বুকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখান থেকে আবার আরেক জায়গায়। ঢাকা থেকে পাবনা, সেখান থেকে যশোর, তারপর রাজশাহী Ñ দুবার, মাঝখানে রংপুরেও যেতে হয়েছিল বছর দেড়েকের জন্য। মিঠু ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর, ঘর-সংসার বলে তার কিছু আছে বলে মনে হতো না। বড়ভাইয়ের মেয়ে মিশু ওই সময়ে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়। হলে সিট পাওয়ার আগে পর্যন্ত ফুপুর কাছে থাকবে বলে জানিয়েছিল। হলে সিট পাওয়ার পর বিছানাপত্তর গোছগাছ শুরু করলে আমিনা এমন ধমক লাগায় যে, মেয়ে একেবারে বেকুব বনে যায়। অনার্সের পুরো তিনটা বছর সে ফুপুর কাছে ছিল। শেষের দিকে ওদের ডিপার্টমেন্টের এক টিচারের সঙ্গে তার জানাশোনা হয়। ভদ্রলোক এক-একদিন মিশুকে গাড়িতে চাপিয়ে এনে বাসায় দিয়ে যেতেন। বাসায় পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে চলে যেতেন না। বসবার ঘরে বসে ছাত্রীকে পড়ার কোনো বিষয় ব্যাখ্যা করে বোঝাতেন। কোনো কোনো দিন আমিনার সঙ্গে দেখা হয়ে যেত Ñ তখন আবার একপ্রস্থ আলাপ চলত Ñ অমন দিনে সন্ধ্যা পার হয়ে যাবার পর বিদায় নিতেন। ভদ্রলোক ছিলেন মৃতদার, আবার সন্তানহীনও। বয়স দেখে মনে হতো চল্লিশের ঘরেই। প্রথম প্রথম মনে হতো মিশুর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান। পরে সন্দেহ হয়, ভদ্রলোকের আসল লক্ষ্য মিশু নয় Ñ তার ফুপুর মন বাগানোর জন্যেই তাঁর যতো সাধনা Ñ কাছাকাছি হবার জন্য কতোরকমের ছুতো যে খুঁজতেন তার হিসেব নেই। প্রথম প্রথম দারুণ বিরক্তি লাগত, কিন্তু পরে কেমন করে যেন লোকটার সান্নিধ্য সহনীয় হয়ে যায়। নিজের কাছেই তার অবাক লাগত, কীভাবে সে জামাল হোসেনকে সহ্য করতে পারছে? কোন কারণে লোকটার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করছে, নয়তো একসঙ্গে বেড়াতে বের হচ্ছে। সে কারণ আবিষ্কার করতে পারেনি। একেকদিন মনে হতো মুখের ওপর জানিয়ে দেয় যে, আর যেন তার বাসায় না আসে Ñ ব্যস, তাহলেই তো ল্যাঠা চুকে যাবে। ওইসব দিনে মাসুদের নানা কথা মনে পড়ত, তার স্মৃতি মনের মধ্যে ছেয়ে থাকত। তার সন্দেহ হতো, জামাল হোসেনের সঙ্গে ঘন ঘন দেখা হওয়ার কারণেই মাসুদের নানা স্মৃতি মনকে ছেয়ে ফেলতে চাইছে Ñ আর সেজন্যেই নিজেকে তার নিঃসঙ্গ লাগছে। কোনো কোনো দিন মিশু-আমিনা দুজনকেই গাড়িতে উঠিয়ে নদীর পাড়ে বেড়াতে নিয়ে যেত। তার এক-একদিন সন্দেহ জাগত মনে, তাহলে কি তার জীবন একটা বড় রকমের বাঁক নিতে যাচ্ছে? মনে ওইরকম প্রশ্ন যখন বারবার জেগে উঠছিল। ভাগ্যিস কিছুদিনের মধ্যেই প্রমোশন আর বদলির অর্ডার এসে যায়। এবার গন্তব্য রংপুরে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক না থাকলে কী হবে Ñ ওই শহরেই যে মাসুদদের আদি বাড়ি Ñ আর সেই বাড়িতেই যে তার জন্ম হয়েছিল, সেই সত্যটাকে তো মুছে ফেলা সম্ভব নয়।

বাড়িটার সামনে দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে আসতে-যেতে তাকিয়ে দেখেও। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে দারুণ সঙ্কোচবোধ হয়। ও বাড়িতে গিয়ে সে কাকে খুঁজবে? ছেলের বিয়েটাই তো মাসুদের বাবা আর মা পছন্দ করেননি। সেজন্যে মাসুদও কখনো আমিনাকে শ্বশুরবাড়ি দেখায়নি। যাওয়া-আসার পথে বাড়িটার দিকে রোজই তাকিয়ে দেখত, কোনো কোনোদিন গেটের কাছে দু-একজন লোককে ও দেখেছে; কিন্তু কখনোই ইচ্ছে হয়নি যে, ওদের সঙ্গে আলাপ করে।

যায়নি, কিন্তু ছেলে ঠিকই গিয়েছিল। রমজানের ছুটি কাটাতে এসেছিল মিঠু। একদিন কথায় কথায় মিঠু বাবার কথা তোলে। তখনই আমিনা ছেলেকে তার দাদার বাড়ির খবরটা জানায়। মিঠু যায়ও, কিন্তু হতাশ হয়ে ফিরে এসে জানায়, ও বাড়িতে তার রক্ত-সম্পর্কের কেউই এখন বাস করে না। তার একমাত্র চাচা শ্বশুরবাড়িটা কিনে নিয়েছেন। এখন তিনি নয়, তাঁর আত্মীয়-স্বজনরা ওই বাড়িতে থাকেন। চাচা মামুনুর রহমান, ঢাকার মিরপুরে বাড়ি বানিয়েছেন, ওখানেই থাকেন।রংপুরে অবস্থান বেশিদিনের নয়. খুব বেশি হলে বছর দেড়েক হবে। কিন্তু ওই অল্পসময়ের অবস্থানই তার জীবনের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেছে। তখন মিঠুর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। সে মায়ের কাছে থাকে। ওইরকম সময়ে একদিন তার বাসার সামনে একটা সাদা টয়োটা গাড়ি থেকে প্রফেসর জামাল হোসেনকে নামতে দেখে। তার অবাক লাগে। লোকটা রংপুরে কেন? তার বাড়ি তো কুমিল্লার দিকে?

দরজা খুলে দেয় আমিনা নিজেই। সে কিছু বলার আগেই জামাল বলে, আমি এসে গেলাম।

আমিনার মুখ দিয়ে কোনো কথা বেরুবার আগেই আবার জানায় জামাল হোসেন, কতদিন দেখা হয় না, রাজশাহী শহরে কত খুঁজেছি কিন্তু কেউই বলতে পারে না যে, আপনি একবারের জন্যেও ওখানে গিয়েছেন অথবা শিগগির যাবেন Ñ শেষে সহ্য হলো না। তাই চলে এলাম Ñ

মুখের দিকে তাকিয়ে থেকে আবার বলে জামাল, তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারি। কোনো কোনো মানুষকে সারাজীবনের জন্য একজন মানুষ কেন কাছে পেতে চায় Ñ

ওই পর্যন্ত বলতেই আমিনা গলার স্বর উঁচিয়ে ডাক দেয় মিঠু। ও মিঠু একবার বসার ঘরে এসো Ñ

আমিনাকে ডাকতে দেখে জামাল হোসেন একেবারে চুপ হয়ে যায়। আর নজর ঘুরিয়ে দরজার দিকে তাকায় Ñ

ওই সময়ে মিঠু এসে দরজায় দাঁড়ায়। বলে, মা তুমি আমাকে ডাকছিলে।

হ্যাঁ, এই যে দেখো। কে এসেছেন। উনি তোমার মিশু আপার টিচার, রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, জামাল হোসেন।

মিঠু হাত তুলে সালাম জানালে আমিনা আবার বলে, এ হচ্ছে মাহমুদুর রহমান, ডাকনাম মিঠু। আমার একমাত্র সন্তান, এ-বছরই ইন্টারমিডিয়েট ফাইনাল দিয়েছে ময়মনসিংহ ক্যাডেট কলেজ থেকে।

জামাল হোসেন বেকুবের মতো একবার ছেলের মুখের দিকে আবার মায়ের মুখের দিকে তাকায় Ñ

মিঠু হঠাৎ জানতে চায়, আপনি কি আমার আব্বাকে চিনতেন?

জামাল হোসেনের চোখমুখের বিভ্রান্ত-ভাবটা তখনো কাটেনি। বলে, না, আমি ওঁকে দেখিনি Ñ

চোখের দেখা দেখেননি। তাই বলে নামটাও শোনেননি? মিশু আপা বলেনি আপনাকে যে, তার ফুপা মানে আমার আব্বা, মাসুদুর রহমান বিপ্লবী রাজনীতি করতেন? কী জানি, বলেছে, হয়তো, আমার খেয়াল নেই।

মিঠু বলে ওঠে। হ্যাঁ, না জানবারই কথা Ñ আপনাদের মতো শিক্ষিত লোকরা কোনো খোঁজই রাখেন না Ñ এদেশের এতো খারাপ অবস্থা সেই কারণেই।

কথাটা বলেই মিঠু চলে যায়। মাকে বলে যায়। তোমরা কথা বলো, আমি ও-ঘরে যাই Ñ একটা আর্টিক্যাল পড়তে পড়তে রেখে এসেছি।

দুজনকে নিরিবিলিতে গল্প করতে দেওয়ার জন্য মিঠু ঘর থেকে চলে যায় বটে। কিন্তু দুজনের গল্প করা আর হয় না। একটু পরই প্রফেসর জামাল হোসেন উঠে দাঁড়ায়। তারপর বলে আমিও যাই Ñ আমার কিছু কাজ আছে রংপুরে।

ওটাই জামাল হোসেনের সঙ্গে শেষ সাক্ষাৎকার। সেদিন থেকে ছেলে মিঠু মা আমিনা বানুর মনের পুরোটাইকেই অধিকার করে নেয়।

রংপুর থেকে আবার রাজশাহীতে ফিরতে হয়েছিল Ñ মিঠু ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে তারপর হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গিয়ে লেখাপড়া গবেষণা শেষ করে চাকরি নেয়। তারপরও কেটে গেল কয়েক বছর, তবু আমিনা মনের দিকে যখনই তাকায়, তখনই দেখে মিঠুর শৈশব-কৈশোর আর নবীন-যৌবনের ছবিতে স্মৃতির পট ছাওয়া। ওখানে আর কোনো ছবি দেখা যায় না Ñ এমনকী মাসুদের ছবিও না।

তিন

দিনচারেক পরই ফারহানা হেডের রুমে এসে দেখা করে।

ম্যাডাম বাসাভাড়ার ব্যাপারে কিছু হয়েছে?

গম্ভীর মুখে বসে থাকা সোসিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর আমিনাবানু খুব ধীরে ডানে-বাঁয়ে মাথাটা নাড়ান Ñ তখন তাঁর মুখ দিয়ে খুবই মৃদুস্বরে না শব্দটা উচ্চারিত হয়। তারপরও নতুন লেকচারার ফারহানা মজিদের দুচোখ তার দিকে স্থির রয়েছে দেখে বলেন, ‘কেন, তুমি কি কোনো বাসার খোঁজ পেয়েছো?’

জ্বি না, ফারহানা যেন একটু ইতস্তত করে। তারপর বলে, আমি সেদিন দেখি ৩২ নং বাড়িতে রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ হয়েছে, ছোটভাই লিটনকে খবর নিতে পাঠালাম, ও ফিরে এসে জানাল যে, বাড়িটা রিপেয়ার করে ভাড়া দেওয়া হবে। তাই ভাবলাম, উনি তো আপনার চেনা মানুষ Ñ যদি ওই বাড়িটা ভাড়া পাওয়া যায়, তাহলে আপনার খুব সুবিধা হবে। রিকশা চেপে কলেজে আসতে আধঘণ্টার বেশি সময় লাগবে না Ñ আপনার কি পছন্দ হয়? দেখেছেন বাড়িটা?

আমিনার হাসি পায়। বলেন, অপছন্দ করার কী আছে, ঘরগুলো সাইজে বড়, বারান্দা আছে, কিচেন- বাথ-টয়লেটও মন্দ নয় Ñ কিন্তু তুমি কি শিওর যে, বাড়িটা ভাড়া দেবেন?

তার মানে? ফারহানা যেন ধাঁধায় পড়ে যায়। বলে, লিটনকে মানে আমার ছোটভাইকে বুড়ো ভদ্রলোক নিজের মুখে বলেছেন।

কী জানি, আমিনা অনিশ্চিত ভঙ্গিতে বলেন, বেখেয়ালি মানুষ, কখন কাকে কী বলেন, তার কি কিছু ঠিক আছে?

তাহলে আমি নিজেই না হয় ভদ্রলোকের সঙ্গে কথা বলে আসি Ñ তাহলে আসল খবরটা জানা যাবে Ñ ভাড়া কত নেবেন, তাও জানতে পারব Ñ আমি আজই যাই? কী বলেন?

ঠিক আছে। আমিনা অনিশ্চিত আর নিরাসক্ত ভঙ্গিতে বলেন, দেখো গিয়ে, শেষ পর্যন্ত কী বলেন ভদ্রলোক।

ফারহানা পরের দিনই এসে জানায়, নাজিম সাহেব বললেন, নিচের তলাটা ভাড়া দেবেন বলেই রিপেয়ারিংয়ের কাজ করাচ্ছেন। তবে এও বললেন যে, কাজ শেষ হতে দেরি হবে Ñ কেননা কাজের দেখাশোনা করার লোক নেই Ñ

তাকে খুবই অসুস্থ দেখাচ্ছিল একেবারে বেডরিডেন অবস্থা, তার শোবার ঘরে বসেই কথা বলেছেন Ñ ভাড়ার কথা জিজ্ঞেস করলে জানালেন, কত ভাড়া নেবেন, তা এখনো ঠিক করেননি।

খুবই অসুস্থ? আমিনা ফারহানার মুখের দিকে তাকান।

হ্যাঁ, ম্যাডাম, খুবই খারাপ অবস্থায় দেখলাম Ñ ওঁর বোধহয় ক্রনিক-অ্যাজমা আছে। কথা বলার সময় খুবই শব্দ করে শ্বাস নিচ্ছিলেন। কাজের মেয়েটা আগে অন্য জায়গায় থাকত Ñ এখন নাকি স্বামী আর দুই বাচ্চা নিয়ে নাজিম সাহেবের সঙ্গে দোতালাতেইথাকছে Ñ ভদ্রলোককে দেখলে খুব খারাপ লাগে ম্যাডাম, কাজের মেয়েটার কাছে পরে শুনলাম, ঢাকায় ভদ্রলোকের কেউ নেই। ওয়াইফের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বহুবছর আগে Ñ একটিমাত্র ছেলে, তাকে নিয়ে সেই যে লন্ডনে চলে গেছেন মহিলা, তারপর আর দেশে ফেরেননি Ñ ছেলেটাকেও আসতে দেননি।

আমিনার অবাক লাগে, এতোসব খবর ফারহানা কীভাবে জানল? জিজ্ঞেস করেন, এতসব খবর তুমি কীভাবে জানলে? উনি বলেছেন তোমাকে?

না না, উনি কিছুই বলেননি, ফারহানা জানায়। বলে, বললাম না কাজের মেয়েটার সঙ্গে কথা বলার সময় জেনেছি Ñ আজকাল নাকি নিজের সব কথাই তিনি সমিরনকে বলেন।

আমিনা প্রসঙ্গটা এড়াবার জন্য বলেন, যাক ওসব কথা, আসল কথা বলো, বাড়িভাড়ার ব্যাপারে কী বললেন শেষ পর্যন্ত, সেটা বলো।

কী আর বলবেন? বাড়ির মালিকরা যা বলেন, তাই বললেন। এ-মাসে ভাড়া দেওয়া যাবে না, সামনের মাস থেকে ভাড়া দেওয়া হবে Ñ তবে একজনের সঙ্গে কথা হয়ে গেছে, তিনদিন পর ফাইনাল কথা হবে, যদি সেই লোক ফেইল করে…

তুমি কী বলেছ?

আমিও বলেছি, আমি, মানে আমরা কলেজের টিচাররা ভাড়া নেব, দুদিন পরই আসব ফাইনাল কথা বলতে Ñ আপনার নাম আমি একবারও উচ্চারণ করিনি।

কেন?

এমনি, ফারহানা বলে, কিছুটা মজা করার জন্যে, যখন ফাইনাল কথা হবে, তখন ভদ্রলোককে একটা সারপ্রাইজ দিতে পারব।

আচ্ছা, আমিনাবানুর গলার স্বরে যেন একটু উদ্বেগ ফোটে। বলেন, ওর অবস্থা কি খুবই খারাপ মনে হয়েছে তোমার?

হ্যাঁ ম্যাডাম, বললাম তো, দেখেছি অক্সিজেনের স্ট্যান্ডটা এখনো বিছানার পাশে খাড়া আছে Ñ কথা বলতে বলতে দু-তিনবার মুখের ভেতর টিউব ঢুকিয়ে ¯েপ্র নিলেন।

খাওয়া-দাওয়া করেন?

বেশিক্ষণ ছিলাম না, কেমন খাওয়া-দাওয়া করেন দেখতে পাইনি। তবে চেহারা দেখে মনে হলো, খাওয়া-দাওয়া বোধহয় ঠিকমতো করেন না, তাছাড়া আমরা তো এমনিতেই জানি Ñ হাঁপানি রোগের বাড়াবাড়ি হলে, রোগী এমনিতেই খেতে পারে না Ñ তবে ওসব যা-ই হোক, ম্যাডাম আমার মনে হয় আপনার একবার যাওয়া উচিত Ñ আপনি গেলে আমার ধারণা বাড়িভাড়ার ব্যাপারটা পাকাপাকি হয়ে যাবে Ñ অন্য কাউকে কথা দিয়ে থাকলেও সেটা বাতিল করে আপনার অনুরোধটাই রাখবেন।

তুমি কি ওকে সত্যিই কাহিল অবস্থা দেখেছ?

জ্বি ম্যাডাম, বললাম তো, আমার সঙ্গে যা বলেছেন সবই বিছানায় শুয়ে শুয়ে। আপনার কি বিশ্বাস হচ্ছে না?

আমিনা ঘড়ি দেখেন, দুটো বাজতে দেরি নেই Ñ আজ বৃহস্পতিবার ডে-শিফটের ক্লাস শেষ হতে খুব একটা দেরি নেই।

আপনি আজকেই দেখতে যাওয়ার কথা ভাবছেন? আমারও মনে হয় আজকে যাওয়াই ভালো Ñ রিপেয়ারিংয়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে দেখলাম। দেয়াল আর দরজা-জানালার রংটং লাগানোতে বেশ ভালোই দেখাচ্ছে বাসার ভেতরটা। দেখলে পছন্দ না-করে পারবেন না।

গলার স্বর বোধহয় চিনতে পারছেন না। সিঁড়ি ভেঙে দোতালায় উঠে গলা উঁচিয়ে আবার ডাকেন, নাজিম হাসান আছেন? কেউ কি বাসায় নেই?

আপনে কারে চান?

আমি নাজিম হাসানের সঙ্গে দেখা করব? উনি আছেন? তুমি কে? এ-বাসায় কাজ করো? বুয়া?

জ্বে, আমি এই বাসায় কাম করি। সারে তো কথা কইতে পারব না। তার হাঁপানির ব্যারাম Ñ কুন কামে আইছেন? আমি গিয়া কইতাছি Ñ

বাসা ভাড়া নেব, তার সঙ্গে কথা বলতে হবে।

বাসাভাড়ার কথা তো পাকা হইয়া গেছে Ñ ওই নিয়া আলাপ তো হ্যায় আর করবো না Ñ আইজ দুই-তিনজনরে ফিরাইয়া দিছে Ñ কোনো কথা কয় নাই।

ঠিক আছে, গিয়ে বলো যে কলেজের প্রফেসর আমিনাবানু এসেছে Ñ তাহলে আর ফিরিয়ে দিতে বলবেন না।

সমিরন কিছু বলার আগেই দরজায় দাঁড়িয়ে বলেন, আমি এসেছি Ñ আমি আমিনাবানু।

আরে! আপনি! আসুন Ñ ভেতরে আসুন Ñ কী মনে করে?

হ্যাঁ, এলাম আর-কী! আপনাকে দেখতে! কেমন আছেন-টাছেন? আমার ডিপার্টমেন্টের নতুন লেকচারার ফারহানার কাছে শুনলাম আপনি খুবই অসুস্থ Ñ তা কী হয়েছিল?

না, তেমন কিছু না Ñ আমার সেই পুরনো অসুখ, হাঁপানি রোগীদের যা হয় Ñ শ্বাসকষ্ট খুব সিভিয়ার Ñ মনে হতো, বুকটা ফেটে যাবে Ñ এখন অনেকটা কম।

চলাফেরা করতে পারেন?

কিছুটা, তবে সিঁড়ি দিয়ে উঠতে-নামতে পারি না। আজ গিয়েছিলাম নিচের তলায়। মিস্ত্রিদের কাজ কতদূর শেষ হয়েছে তাই দেখতে Ñ দেখা শেষ করে ওপরে ওঠার সময় দম ফুরিয়ে যায়। সিঁড়ির মুখে গড়িয়ে পড়তে হলো Ñ একইভাবে কতক্ষণ ছিলাম জানি না, শেষে মিস্ত্রিরা দেখতে পায় Ñ ওরাই ওপরে তুলে এনে বিছানায় শুইয়ে দিয়ে যায়।

তা নিচের তলায় রিপেয়ার করলেন যে? সেদিন আপনার কথা শুনে তো মনে হয়েছিল, কোনো কিছুতেই আপনার আগ্রহ নেই Ñ কোনো কিছুতেই আপনার মন টানে না Ñ হঠাৎ ঘরবাড়ি রিপেয়ার করার চিন্তা কেন ঢুকল মাথায়?

আর বলবেন না? সবকিছু থেকে মন ফিরিয়ে আর মুখ ফিরিয়ে থাকাটাও একঘেয়ে হয়ে উঠেছিল Ñ মনের ভেতরে অচেনা-অজানা একটা তাগিদও টের পাচ্ছিলাম, কিন্তু সেটা কিসের জন্য, তা বুঝতে পারছিলাম না Ñ খালি মনে হচ্ছিল, কিছু একটা করা দরকার Ñ আপনি তো জানেন, দেখেছেনও যে, আমার স্বভাবে খামখেয়ালির অভাব নেই Ñ অমন অবস্থায় একদিন হঠাৎ মনে হলো একটা বাড়ি অহেতুক কেন খালি হয়ে পড়ে থাকবে? বাড়িটা যদি ঠিক করে দেওয়া যায়, তাহলে কিছু না হোক, একটা ফ্যামিলির তো মাথা গোঁজার ঠাঁই হবে Ñ তারা তো বসবাস করতে পারবে Ñ ছেলেমেয়ে থাকবে, স্বামী-স্ত্রী থাকবে। হাসি-কান্না আর সুখ-দুঃখে ভরা একটা সংসার থাকবে Ñ আমাকে দিয়ে তো কোনোকিছুই হলো না Ñ তবু যদি এইটুকু হয় Ñ একটা ফ্যামিলির বসবাস করার ঠাঁই হয় Ñতাহলে সেটা তো কম নয় Ñ জীবনে একটা কাজের মতো কাজ হবে।

হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমিনা বলেন, কোনোকিছু পড়ে পড়ে কেন নষ্ট হবে? জিনিসটা কাজে লাগুক Ñ শুনলাম ভাড়া হয়ে গেছে। কে ভাড়া নিল?

কে বলল আপনাকে? কাল যে এসেছিল, ওই মেয়েটা, তাই না?

কে এসেছিল? কোন মেয়ের কথা বলছেন?

আরে ওই যে কলেজের লেকচারার নাকি হয়েছে, আপনি যার কথা সেদিন বললেন। মেয়েটার বিহেভিয়ার খুব খারাপ। খালি অন্যের পারসোনাল ব্যাপারে নাক গলাতে চায় Ñ ওর কথাবার্তা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল Ñ কীভাবে মেজাজ ঠিক থাকে বলুন? জিজ্ঞেস করে, আপনার ফ্যামিলি কোথায়, ছেলেমেয়েরা কই? রাগ হয়েছিল, তবু বললাম, উই লিভ সেপারেটলি, তখন জিজ্ঞেস করল, ফর্মাল ডিভোর্স কি হয়ে গেছে?

যত্তোসব রাবিশ কথাবার্তা Ñ ছি!

আহা! ওভাবে দেখছেন কেন? আউট অফ সিমপ্যাথি থেকেও ওসব প্রশ্ন করতে পারে Ñ ধরুন আমিও তো ওসব কথা জিজ্ঞেস করতে পারি Ñ আপনার লাইফ যখন ওইসব বিপদ আর দুর্যোগ ফেস করছে Ñ তখন আমার মতো ফ্রেন্ডদের অনেককিছু করার ছিল Ñ কিন্তু আমরা কিছুই করিনি, সাজিদাকে বোঝাবার জন্য চেষ্টাটা পর্যন্ত করতাম Ñ অন্যদের কথা জানি না, কিন্তু আমার তো সেটা কর্তব্য ছিল। আমি কোনো খবরই পাইনি…

যাক বাদ দিন। ওসব পুরনো দিনের পচা কথা শুনতে ভালো লাগে না Ñ এখন বুঝি, আপনারা কেউই কিছু করতে পারতেন না Ñ আমার সঙ্গে ওর রিলেশনটাই ছিল ইনসিনসিয়ার, শি হ্যাড রিলেশনস উইথ আদার পারসনস।

সে-কী? আপনি বুঝতে পারেননি আগে?

কীভাবে বুঝব, কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড, তারপর বিজনেস পার্টনার, তাকে কি সন্দেহ করা যায়? না উচিত? জয়েন্ট পার্টনারশিপের সব বিজনেস বিক্রি করে দিতে হলো Ñ তারপর ওরা চলে গেল ঢাকা থেকে অ্যান্ড হোয়াইল ইন লন্ডন, দে গট ম্যারেড।

আমিনা চুপ করে থাকেন খবরটা শোনার পর। কী বলবেন খুঁজে পান না। নাজিম হাসানের বিধ্বস্ত শরীর আর জীবনের দিকে তাকিয়ে থাকেন Ñ বলবার মতো ভাষা তাঁর মনে আসছে না। অসুস্থ নিঃসঙ্গ বয়সের ভারে নুয়ে-পড়া মানুষটাকে কোন কথা বলে সান্ত্বনা দেবেন?

শেষে সঙ্কোচ ঝেড়ে ফেলে বলে ফেলেন, যাক জীবনের বিপর্যয় কমবেশি সবারই অভিজ্ঞতায় থাকে Ñ আমিও তো একা Ñ শুধু ছেলেটা আমার অবলম্বন, ও আছে লস অ্যাঞ্জলসে ভালো চাকরি করে Ñ তবু জানিয়েছে, ও দেশে ফিরে আসবে Ñ বিদেশে থাকবে না Ñ ওর বাবা মানে মৃত মাসুদকে নিয়ে ওর গর্বের শেষ নেই। আমার বিশ্বাস আপনার ছেলেও ফিরে আসবে, তার অ্যানসেস্ট্রাল হোমে তার বাবার কাছে Ñ ঠিক চলে আসবে Ñ নিজের রক্তকে কেউ ভুলে যেতে পারে?

নাজিম হাসান হেসে ওঠেন। বলেন, আমিনা প্লিজ ওসব সেন্টিমেন্টাল কথা বলবেন না Ñ আমার কোনো সন্তান নেই।

সে-কী? আপনাদের প্রথম সন্তান তো বিয়ের দুবছর পরই হয়েছিল ঢাকায়। আমার স্পষ্ট মনে আছে। ওকে আমি কোলেও নিয়েছিলাম Ñ ও নেই? কোনো দুর্ঘটনা?

না, ও আমার সন্তান ছিল না।

কী বলছেন পাগলের মতো! ডিভোর্স হলে বাচ্চাদের মানুষ করার জন্য ওরা কিছুদিন, বোধহয় সাত বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে, তারপর তো সন্তান বাপের কাছে থাকে Ñ

বললাম তো, নাজিম হাসান বলেন, আমার কোনো সন্তান নেই!

কেন, সেই বাচ্চাটা তাহলে কার ছিল?

জানি না কার ছিল, তবে আমার ছিল না।

আপনার নয় তো কার?

বললাম তো, জানি না, নাজিম হাসান কেমন উত্তেজিত হয়ে ওঠেন। বলেন, ওসব নোংরা কথা বলতে আমার ঘেন্না লাগে Ñ শুনবেন? ছেলেটার বয়স যখন সাত বছর কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ওকে আনতে যাই Ñ তখন ওর মা ছেলেকে আমার কাছে দেয় না Ñ বলে, ও নাকি আমার ছেলে নয়।

আমি জিজ্ঞেস করি, তাহলে ও কার ছেলে?

তো উত্তরে জানায়, ওরা বাবা মানে হায়দার চৌধুরীর ছেলে।

তখন জানতে চাই, প্রমাণ আছে?

তো বলে, প্রমাণ আছে, আমিই প্রমাণ।

তুমি মিথ্যে কথা বলছ। আমি বলি তখন জবাবে বলে ঠিক আছে, ব্লাডের ডিএনএ টেস্ট করাও Ñ তখনই প্রমাণ হয়ে যাবে।

এই পর্যন্ত বলেই নাজিম হাসান চুপ হয়ে যান।

তারপর আর কিছু বলেন না।

আমিনা জিজ্ঞেস করেন, তারপর?

নাজিম হাসানের শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাস নিতে নিতে বলেন, তারপর আর কিছু হয়নি। ডিএনএ টেস্ট করাবার মতো নিচু কাজ আমি করতে যাইনি Ñ তখন থেকে আমি অন্য মানুষ হয়ে গেছি…

সেদিন দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। আমিনাবানু মুখোমুখি অনেকক্ষণ বসে ছিলেন, আর নাজিম হাসানের নিশ্বাস নেওয়ার সাঁই সাঁই শব্দ শোনেন। তারপর কোনো কথা না-বলে ঘর থেকে বেরিয়ে আসেন। সিঁড়ির মুখে কাজের মেয়ে সমিরনকে দেখতে পান। তাকে কাছে টেনে তার ঘাড়ে হাত রেখে বলেন, তুমি এ-বাড়ি ছেড়ে আর কোথাও যেও না, তোমার সাহেবের ভালোমতো দেখাশোনা করবে। কোনোরকম অসুবিধা হলে আমাকে জানাবে Ñ সব অসুবিধা Ñ টাকা-পয়সারও।

নাজিম হাসান দিন সাতেক পর একটা ছোট চিঠি পান। চিঠিটা ফারহানা দিয়ে যায়।

নাজিম সাহেব, আমাদের সময় সহপাঠী বা বন্ধুদের মধ্যে তুমি সম্বোধন চালু ছিল না Ñ থাকলে আমিও সেইভাবেই সম্বোধন করতাম। আমার ছেলে মিঠু খুব সম্ভব আগামী কয়েক মাসের মধ্যেই দেশে ফিরবে Ñ ও আমার মনের পুরোটাই অধিকার করে রেখেছে Ñ এদিকে আগের সরকারি কোয়ার্টারও শিগ্গির পেয়ে যাবো বলে শুনছি Ñ তাই আপনার বাসায় ভাড়াটে হওয়া আমার ঠিক হবে না বলে আমার ধারণা হয়েছে। আপনি অন্য ভাড়াটের কাছে বাড়িটা ভাড়া দিন Ñ আমি যোগাযোগ রাখব Ñ ভালো থাকবেন। ইতি Ñ আমিনাবানু মাসুদ।