পাখিরালা। তার পোশাকি নাম পাখিরালয়। অর্থাৎ কিনা, পাখির আলয়।
লঞ্চঘাটাতে কাঠের জেটি। জেটির দুধারে উঁচু রেলিং। জেটি পেরিয়ে উঁচু বাঁধ। বাঁধের ওপারে কাঁচা রাস্তা।
ভার্মা সাহেবের পুরো দলটা বাঁধের ওপর দাঁড়িয়ে নদীটাকে দেখছিলেন। জেটির গায়ে ওঁদের সরকারি লঞ্চখানা দুলছিল।
বিকেল গড়িয়ে আসছে। চোখ ফেরালে দূরে দেখা যায় কালচেপানা সজনেখালি। ততক্ষণে আঁধার মাখতে শুরু করেছে সে।
এই শীতের মরশুমে এই অঞ্চলে টুরিস্টদের ভিড় মন্দ হয় না। নদীর জলে ভার্মা সাহেবদের লঞ্চটার কাছাকাছি আরো কয়েকখানা লঞ্চ।
বাঁধের গাঁ-ঘেঁষে যে কাঁচা রাস্তাটা, তার দুপাশে গজিয়ে উঠেছে কিছু পান-সিগারেট, চা-তেলেভাজার দোকান। নেহাতই মরশুমি দোকান ওগুলো। লঞ্চ থেকে নেমে টুরিস্টদের দল এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। কলকল করছে বাচ্চারা, পাশের পান-সিগারেট, লজেন্স-বিস্কুটের দোকান থেকে ললিপপ কিনছে। বয়স্করা চায়ের দোকানের কাঠের বেঞ্চিতে বসে চা-মামলেট খাচ্ছে। ভার্মা সাহেব জানেন, এরা আর অধিকক্ষণ থাকবে না। এদের একটা অংশ গিয়ে ডেরা পাতবে সজনেখালির টুরিস্ট লজে। বাকিরা যে-যার লঞ্চেরমধ্যেই রাত কাটাবে কেবিনে। এসব লঞ্চে তেমন ব্যবস্থা থাকে।
ভার্মা সাহেব সঙ্গের মানুষগুলির দিকে তাকান। আপাত পরিতৃপ্ত মুখগুলির আড়ালে বুঝি সামান্য আশাভঙ্গের বিষাদ। অথচ সকালে যখন শুরু হয়েছিল যাত্রা, প্রত্যেকের মুখ চকচক করছিল খুশিতে। দুলতে দুলতে এগিয়ে চলছিল লঞ্চ। সারেঙের কেবিনের সামনে কাঠের প্রশস্ত প্লাটফর্মের ওপর জাজিম-পাতা ছিল। তাকিয়াও দু-তিনটে। তাতে এলিয়ে বসেছিলেন মিসেস ভার্মা, মিসেস চতুর্বেদী, মিসেস পালও। দুপাশের সারবন্দি গার্ডেন-চেয়ারে বসে ছিলেন ভার্মা সাহেব, মি. অরবিন্দ চতুর্বেদী, দু-সাহেবের তিনটে ছেলেমেয়ে, গায়ত্রী, রিংকি আর ডন। পাল সাহেবের জন্যেও নির্দিষ্ট ছিল চেয়ার, কিন্তু তিনি বসবার অবকাশ পাচ্ছিলেন না। অতিথিদের জন্যে চা-কফি, প্রাতরাশের বন্দোবস্ত করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সিঁড়ি বেয়ে ঘনঘন ওঠা-নামা করতে গিয়ে ওই শীতের সকালেও তাঁর কপালে, নাকের ডগায় বিন্দুবিন্দু ঘাম…। ভার্মা সাহেব সর্বসমক্ষে বার দু-তিন মি. পালের উদ্দেশে ‘আজকের ট্রিপে আমাদের গার্জিয়ান অ্যান্ড গাইড’ বলে সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে, এই ট্রিপের যাবতীয় ব্যবস্থাপনার ঝক্কি তিনি অনুগ্রহ করে মি. পালের ওপর ন্যস্ত করেছেন। আর, মি. পাল, রাজ্য সিভিল সার্ভিসের একজন বিশ বছরের সিনিয়রিটি সম্পন্ন অফিসার, সারাক্ষণ চোখেমুখে এক ধরনের চৌকস ভাব ফোটাবার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। মি. ভার্মা যখন অতিথিদের সঙ্গে তাঁর ঘটা করে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, সেই মুহূর্তেই তিনি বুঝেছেন, আজ তাঁকে সমগ্র ব্যবস্থাপনাটি একেবারে নি-িদ্র করে তুলতে হবে। কেন কী, ‘মি. পাল থাকলে আর আমাদের কোনোই ভাবনা নেই, উনি একাই একশো’… পিয়ন-চাপরাশিদের সামনে উচ্চারিত ভার্মা সাহেবের স্তুতিবাক্যগুলি সারাক্ষণ চরকার মতো ভোঁ-ভোঁ আওয়াজ তুলেছে মি. পালের মগজে। আর, তার ফলে, মিউজিক-সিস্টেমে মৃদু সেতার বাজতে শুরু করেছে রবিশঙ্করের, উচ্চাঙ্গের প্রাতরাশ, ফিনফিনে পোর্সিলিনের, প্লেটে, …তৎসহ চা-কফি, কাজু…, এবং বেলা সামান্য চড়তেই মহিলা ও বাচ্চাদের জন্যে পেপসি এবং সাহেবদের জন্যে দামি হুইস্কি। দেখতে দেখতে পুলকিত উচ্ছ্বসিত অরবিন্দ চতুর্বেদীর চোখদুটি চকচক করে উঠেছে বারবার। আজ ধামাকাটা জমে যাবে!
ভার্মা সাহেব জিভ কেটে বলেন, ছিঃ, ধামাকা বলে না। এটা একটা ইমপরট্যান্ট ট্যুর। সুনডোরবোনের বাঁচা-মরা নির্ভর করছে এর ওপর।
প্রশ্নটা বাঁচা-মরার বলেই সম্ভবত মি. চতুর্বেদী সামান্য মনোযোগী হন, ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলো ইয়ার।
তখন কাজু-সহযোগে হুইস্কি-পান চলছিল। জাজিম-পাতা প্লাটফর্মের ওপর সুদৃশ্য ট্রে-তে হুইস্কির জোড়া-বোতল এবং মিনারেল ওয়াটার, হাতে হাতে ফিনফিনে কাচের গ্লাশগুলি, …রোদ্দুর পড়ে ঝিলিক মারছিল ওদের শরীরে। আর, মি. পালের ব্যস্ততা ক্রমশ বেড়েই যাচ্ছিল। লঞ্চের নিচের তলা থেকে পারসে মাছ ভাজবার সুবাস ছড়িয়ে পড়ছিল নোনা হাওয়ায়। ভার্মা সাহেব মাঝে মাঝেই বলে উঠছিলেন, অ্যাতো ছোটাছুটি করছেন কেন, পাল? চেয়ার খালি রয়েছে, বসুন। এনজয় করুন।
খুব গদগদ হাসিতে মুখ ভরিয়ে মি. পাল বলে ওঠেন, এনজয় তো করছি স্যার।
মি. চতুর্বেদী খুব অর্থপূর্ণ দৃষ্টিতে তাকান মি. ভার্মার দিকে, সকলের এনজয় করবার ধরন তো একরকম নয়, ইয়ার।
– না, না, সবাই তো আমরা এনজয় করতেই এসেছি…। বলেই পরমুহূর্তে তা ভুলে গিয়ে মি. পালকে একটা ফরমায়েশ করে বসেন মি. ভার্মা।
হুইস্কিতে চুমুক দিতে দিতে ভার্মা সাহেব আজকের ট্যুরটার গুরুত্ব বোঝাতে থাকেন চতুর্বেদীকে। বলেন, এনটায়্যার সুনডোরবোনের টোট্যাল রিসোর্সেস, তার ল্যান্ড, ওয়াটার, ফ্লোরা, ফোনা, তার একজিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, …টেকেন টুগেদার… একটা ইনটিগ্রেটেড প্রোজেক্ট ফর টোট্যাল ডেভলপমেন্ট… ভার্মা সাহেব আত্মপ্রসাদের হাসি হাসেন, একটা মিটিং ডেকেছি সজনেখালির টুরিস্ট লজে। যেসব গম্মেন্ট ডিপার্টমেন্ট এই এলাকায় কাজ-টাজ করছে, সবাইকে ডেকেছি। সবাই মিলে একসঙ্গে ভাবতে হবে। একটা কনসার্টেড এফোর্ট চাই। আফটার-অল, একা-একা মানুষের ভালো করা যায় না। অ্যা সিঙ্গল স্প্যারো কান্ট ব্রিং দ্য ¯িপ্রং।
মিসেস ভার্মা আর মিসেস চতুর্বেদীর মন ছিল না ওসবে। কতক্ষণ আর ওইসব ভারি ভারি আলোচনা চালাবে বাপু!
মিসেস চতুর্বেদী বলে ওঠেন, মানুষের ভালো করবার কথা বলছো, সুনডোরবোনে আবার মানুষও থাকে নাকি?
মিসেস পাল, পাশেই বসে রয়েছেন বটে, কিন্তু দুই মহিলা কেবল নিজেদের মধ্যেই গল্প চালিয়ে যাচ্ছেন সারাক্ষণ। মিসেস পালের সঙ্গে কদাচিৎ কথা বলছেন। মিসেস পাল চুপটি করে বসে বোবার মতো শুনছিলেন ওঁদের কথাবার্তা। মিসেস চতুর্বেদীর প্রশ্নটা শুনে কথা বলবার একটা সুযোগ পেয়ে যান বুঝি। বলেন, সে কী! সুন্দরবনে মানুষ থাকে না?
মিসেস চতুর্বেদী আকাশ থেকে পড়েন, আমরা তো চিরকাল শুনে আসছি, সুনডোরবোনে বাঘ থাকে। শোনামাত্রই বাচ্চাগুলির গা ছমছম উচ্ছ্বাস, বাঘ দেখতে পাবো তো আঙ্কল?
ভার্মা সাহেব মৃদু হেসে এড়িয়ে যেতে চান প্রসঙ্গটা। তাই দেখে মহিলাকুল নাছোড়বান্দা।
মিসেস ভার্মা ভ্রƒসঙ্গমে অপরূপ ঢেউ তুলে বলেন, তুমি কিন্তু এদের কমিট করেছ। য়্যু প্রমিস্ড…!
অরবিন্দ চতুর্বেদী হলেন ভার্মা সাহেবের ছেলেবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা। একটা বিশাল প্রাইভেট কোম্পানির বড় অফিসার চতুর্বেদী। বছর দুয়েক আগে কলকাতায় বদলি হয়ে আসায় দুবন্ধুতে একেবারে নরক গুলজার। চতুর্বেদীর স্ত্রী গায়ত্রীও কবে কবে খুব বন্ধু হয়ে গেছে মিসেস ভার্মার। সেই কারণেই জেলা সদরে বদলি হয়ে আসার পর থেকেই চতুর্বেদীকে তাড়া দিচ্ছিলেন ভার্মা সাহেব, চলে আয়, তোদের সুনডোরবোন দেখাবো। রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যাতো দিনে সময় হলো ওদের।
স্ত্রীর মিষ্টি-অনুযোগে খুব বিপাকে পড়ে যান ভার্মা সাহেব। হ্যাঁ, কমিট তো করেইছি। আসলে, বাঘ দেখা, ইন ফ্যাক্ট, অ্যা ম্যাটার অব্ চান্স। আমি তো কমবার এলাম না…, বাট…।
– দেখেননি? বাঘ? মিসেস চতুর্বেদীর দুচোখে ভরাট কৌতূহল, … একবারও না?
ভার্মা সাহেবের চোখেমুখে চাপা অস্বস্তি। স্মৃতিতে প্রাণপণ হাতড়াতে থাকেন, – একবার… মনে হচ্ছে… দেখেছিলাম… এক লহমার জন্যে…। চোখের ভুলও হতে পারে। আসলে, হোগলা-হেতালের ঝোপগুলিতে এমন গা মিশিয়ে থাকে ওরা, …ভুল হয়ে যায় দেখায়।
– দেখিসনি ভাবছিস কেন? আলবৎ দেখেছিস। অত পেসিমিস্টিক কেন তুই? সহসা চতুর্বেদী উত্তেজিত, …না দেখলেও ভাব্, দেখেছিস। তুই কি জানিস, চোখের এই দেখা-না-দেখার মধ্যে কত রহস্য লুকিয়ে থাকে? আমাদের শাস্ত্র-পুরাণে তো বলেইছে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই চারপাশের যা-কিছু দেখছি আমরা, এই গাছ-গাছাল, হোগলা-হেতালের বন, এই নদী, আকাশ, তুই, আমি, সবই নাকি অলীক মায়া। কিছুই নাকি বাস্তবে নেই।
– তোর ওই অলীক মায়ার তালিকায় কি গায়ত্রীও রয়েছে? নাকি স্রেফ তোতে-আমাতেই তালিকা শেষ?
– না, না, ঠাট্টা নয়। চতুর্বেদী তিলমাত্র ঢিলে দিতে চান না। একেবারেই টানটান হয়ে থাকেন তিনি। …ব্যাপারটা ভাবতে গেলে…, সারা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এই যে…।
-. অ্যাই, অ্যাই র্অবিন্দ্, তোর হলোটা কী? হঠাৎ এমন দার্শনিক হয়ে উঠলি কেন?
মাঝে মাঝে ওকে ফিলোসফিতে পায়। পাশ থেকে ফুট কাটেন গায়ত্রী।
– ফিলোসফিতে পায়? চতুর্বেদীকে সহসা তর্কে পেয়ে বসে, …ফিলোসফিটা খারাপ জিনিস?
– খারাপ কে বললে? শোপেনআওয়ারের সেই বিখ্যাত উক্তিটা ইয়াদ র্ক, দর্শনচর্চা হলো, ঘুরঘুট্টি অন্ধকার রাত্রিতে একজন অন্ধ লোকের এমন একটি কৃষ্ণকায় বেড়াল খোঁজা, যে-বেড়ালের অস্তিত্ব বাস্তবে নেই।
– তাহলে তুই কি বলতে চাস যে, জীবনে দর্শনের কোনোই মূল্য নেই?
– থাকলেও, এখানে, এই ঘোর সুনডোরবোনে, সব দর্শনই মূল্যহীন।
– ঠিক। এখানে ব্যাঘ্র-দর্শনই একমাত্র দর্শন। পাশ থেকে পুনরায় ফুট কাটেন গায়ত্রী।
– রাইট, ভেরি রাইট। মিসেস ভার্মা সারা শরীর দুলিয়ে সায় দেন – তোমার মিটিং কটায়?
– ডেকেছি তো একটায়। ভার্মা সাহেব হাতঘড়ির দিকে একঝলক তাকিয়ে সময় দেখে নেন… বোধকরি পৌঁছতে পারবো না।
– ওখানেই তো লাঞ্চ?
– হ্যাঁ, লাঞ্চ সেরেই মিটিংয়ে বসবো। দুটো-আড়াইটে বাজবে।
লঞ্চ চলছিল ঢিমেতালে। হাওয়া বইছিল ফুরফুরিয়ে। চোখের সামনে দিয়ে ধীরলয়ে সরে-সরে যাচ্ছিল প্রকৃতি। বাইনোকুলার ঘনঘন হাতবদল হচ্ছিল। ক্যামেরায় শাটার টেপা চলছিল ঘনঘন। হুইস্কির বোতলটা খুলতে খুলতে চতুর্বেদী বলেছিলেন, রাতে কি লঞ্চেই থাকছি?
– সেটা কিঞ্চিৎ রিস্কি আমার মতে। ভার্মা সাহেব বলেন, …পাখিরালায় জেলা পরিষদের বাংলো বুক করা রয়েছে। এবার তোমরাই ডিসাইড করো, লঞ্চে নাকি বাংলোয়।
– বাঘ নাকি সাঁতরে সাঁতরে চলে আসে লঞ্চে?
– নিঃশব্দে তার নির্বাচন করা শিকারটিকে নাকি তুলে নিয়ে যায়? অন্যেরা নাকি জানতেই পারে না?
– না বাব্বা,…। খুব ভয়-মেশানো আদুরে গলা মিসেস চতুর্বেদীর… অত সাহস দেখিয়ে কাজ নেই। বাংলোই ভালো।
– অবশ্য লঞ্চে থাকলে রাতের বেলায় চাঁদের আলোয় বাঘ দেখবার সুযোগ থাকতো। চতুর্বেদী বলেন।
– চাঁদের আলো কই? ভার্মা সাহেবের চোখেমুখে টিটকিরি… কৃষ্ণপক্ষ চলছে। পূর্ণিমার ঢের দেরি।
– কদিন অপেক্ষা করে পূর্ণিমার দিনে এলেই হতো। মিসেস চতুর্বেদীর গলায় আক্ষেপ।
– ওরেব্বস! চোখ কপালে উঠে যায় ভার্মা সাহেবের… ওই সময়ে লঞ্চ ফ্রি পাওয়া অসম্ভব।
– কেন?
– ওই দিনগুলিতে ভিভিআইপিদের ট্যুর থাকে সুনডোরবোনে। তাদেরও তো এলাকার কিছু কিছু উন্নতি করতে সাধ চায়, না কী? ভার্মা সাহেব হো-হো করে হেসে ওঠেন।
মিটিংটা যতখানি সময় নেবে বলে ভাবা গিয়েছিল, ততটা সময় নিল না। একে তো সজনেখালি পৌঁছতে দুটো বেজে গিয়েছিল… সুধন্যখালির ওয়াচ-টাওয়ারে মহিলাকুল আর বাচ্চারা অনেকখানি সময় নিয়ে নিল, বাঘ না-দেখে নামতে চায় না কিছুতেই। বাঘ অবশ্য দেখা দেয়নি শেষ অবধি। দুঃখী মুখ করে বনবিভাগের যেসব রক্ষী প্রায় লুকিয়ে বসেছিল ওয়াচ-টাওয়ারের ঘেরাটোপে, তাদের থেকেই তথ্য-সংগ্রহের চেষ্টা চালান মিসেস ভার্মা আর মিসেস চতুর্বেদী।
– তোমরা কি এখানেই থাকো?
– দিনের বেলায় এখানে, রাতের বেলায় লঞ্চে।
– রাতে বাড়ি ফেরো না?
লোকগুলির কথা বলতে ইচ্ছে করছিল না, তাও বিড়বিড় করে জানায়, তাদের বাড়ি অনেক দূরে। কারো মুর্শিদাবাদে, কারো-বা বীরভূমে কিংবা মেদিনীপুরে।
– বাড়ি যাও না?
– মাসে একবার যাই, মাইনে পেলে।
– এদের কী মজা! বাচ্চাগুলি কলকলিয়ে ওঠে,… রোজ রোজ বাঘ দেখতে পায়।
মিসেস চতুর্বেদী শুধোন, তা-ই! রোজই বাঘ দেখ তোমরা?
লোকগুলি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মিসেস চতুর্বেদীর দিকে। গলায় খুব উষ্মা ফুটিয়ে বলে, আমরা বাঘ দেখতে চাই নে।
– ও মা, কে-ন? বিস্ময়ে দুচোখ কপালে তোলেন মিসেস ভার্মা।
ওরা জবাব দেয় না। চুপ করে বসে থাকে। চোখে-মুখে চাপা বিদ্বেষ জমে।
ভার্মা সাহেব ইংরেজিতে প্রাঞ্জল করেন ব্যাপারটা। আসলে নিজের চাকরিটাকে খুব কম লোকই ভালোবাসতে পারে। এদের চাকরিই হলো, বাঘ-দেখা।
একসময়ে ওদের একজন সামান্য অস্থির হয়ে ওঠে। বলে, বেশ আমরা বসেছিলাম চুপচাপ, আপনারা এসে শোরগোল তুললেন, …বাঘেরা জেনে গেল, এই টাওয়ারের ওপর মানুষ রয়েছে। আপনারা তো একটুন বাদে চলে যাবেন, আমাদের বিপদ গেল বেড়ে।
বলতে বলতে লোকটা খুব দুঃখী-দুঃখী হাসলো।
সজনেখালিতে পৌঁছতে পৌঁছতে লাঞ্চ প্রায় ঠান্ডা হওয়ার উপক্রম। কাজেই, লাঞ্চটা সেরে নিয়ে মিটিং শুরু করতে প্রায় তিনটে বেজে গেল। টুরিস্ট-লজের কোনো ঘরে একটুখানি গড়িয়ে নিতে চাইছিলেন মহিলারা, কিন্তু সে-সময় আর পেলেন না। শীতের বেলা। সাড়ে তিনটের মধ্যে বেরোতে না-পারলে পাখিরালা পৌঁছতে অন্ধকার হয়ে যাবে।
দুই
জেলা পরিষদের বাংলোতে, গ্রিলঘেরা প্রশস্ত বারান্দায় বেশ জুত করে বসেছিলেন সবাই। যে-লোকটা ট্রেতে করে জল নিয়ে এলো, ভার্মা সাহেব দেখেই বোঝেন, কেয়ার-টেকার নয় সে। কেয়ার-টেকারকে চেনেন তিনি। ইতোমধ্যে দু-চারবার এসে থেকেছেন এই বাংলোতে। জেরা করে বুঝতে পারেন, কেয়ার-টেকারের মাসতুতো ভাই। বাজিতপুরের দিকে বাড়ি। শীতের মরশুমে সাহেব-সুবোদের ভিড় বাড়ে বাংলোতে। রান্নাবান্না, চা-জলখাবার, বিছানা পাতা, ফাই-ফরমায়েশ, …কেয়ার-টেকার একা সামাল দিতে পারে না। মাসতুতো ভাইটিকে সেই কারণেই ডেকে নিয়েছে মাস-দুয়েকের তরে।
গ্লাশভর্তি ট্রেখানা সেন্টার-টেবিলে সসম্ভ্রমে নাবিয়ে দিয়ে ধীরপায়ে চলে যায় লোকটি। একটুবাদে ট্রেতে করে চায়ের কাপ আর কাজুর প্লেট নিয়ে পুনরায় হাজির হয়।
লোকটিকে খুব নিবিষ্টমনে দেখছিলেন ভার্মা সাহেব। খুব যান্ত্রিক-হাতে প্রত্যেকের সামনে চায়ের কাপ সাজিয়ে দিচ্ছিল সে। মুখের অসংখ্য জটিল রেখায় ভাঙচুর হচ্ছিল ঘনঘন। এই ধরনের মানুষেরা খুবই মিস্টিরিয়াস হয়। আপাত ভাবলেশহীন মুখ দেখে ভেতরের জোয়ার-ভাটা আন্দাজ করা যায় না তিলমাত্রা।
এক টুকরো কাজু প্লেট থেকে তুলে নিয়ে অলস দাঁতে কাটতে কাটতে ভার্মা সাহেব শুধোন, নাম কী?
লোকটি জবাব দেয় না। কী-যেন ভাবতে থাকে। এদিক-ওদিক তাকায়। একসময়ে খুব অস্পষ্ট গলায় উচ্চারণ করে, রতিকান্ত।
প্রায় সঙ্গে সঙ্গে সাহেব-মেমসাহেবরা সমবেতভাবে অট্টহাস্যে ফেটে পড়েন। ভার্মা সাহেব হাসেননি। অধস্তনদের সামনে এমন কথায় কথায় হেসে-ওঠা তাকে মানায় না। বরং আচমকা এমন সমবেত খ্যাঁ-খ্যাঁ হাসিতে তাঁর সযত্নলালিত ব্যক্তিত্বের বলয়টিতে সামান্য টোল পড়ে বুঝি। এক ধরনের অস্বস্তি ফুটে ওঠে সারা মুখে।
নাম বলবার সঙ্গে সঙ্গেই হুজুরেরা অমন অট্টহাসিতে ফেটে পড়লেন কেন, রতিকান্তর মগজে তা ঢোকে না বুঝি। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সে। মনে মনে ভয় পেয়ে যায়।
– কত মাইনে পাও? চতুর্বেদী খুব তাচ্ছিল্য-সহকারে শুধোন।
সহসা খুব উদাস হয়ে যায় রতিকান্ত। খুব ধীরলয়ে মাথা দোলাতে থাকে দুদিকে, মাইনা-টাইনা পাই না।
চতুর্বেদী প্রাইভেট সেক্টরে কাজ করেন। সরকারি প্রশাসনের অন্ধিসন্ধি তাঁর একেবারেই অজানা। একটা লোক বিনে মাইনেতে কেন কাজ করে, সেটা তাঁর মাথায় ঢোকে না। বলেন, মাইনে ছাড়াই কাজ করো তুমি?
ভার্মা সাহেবকে বাধ্য হয়েই নাক গলাতে হয়। ইংরেজি ও হিন্দি-সহযোগে তিনি চতুর্বেদীকে বুঝিয়ে দেন, কেমন করে মাইনে ছাড়াও সরকারি প্রশাসনে কত কিসিমের ইনসেনটিভ চালু রয়েছে এদের জন্য। কেমন করে মাইনে না-দিয়েও প্রায় সমপরিমাণ অর্থ একজন মানুষকে পাইয়ে দেওয়া সম্ভব। কিন্তু চতুর্বেদীর মাথায় সহজে ঢুকতে চায় না সে অঙ্ক। ভার্মা সাহেব নাচার হয়ে বলেন, ধরো, এই যে আমরা চা খাবো এখানে, এই লোকটাই বানালো, পরিবেশন করলো। দশ কাপ চা, বাজার দরেই দাম নেবে। লাভ রইল অর্ধেক। ধরো, রাত্তিরে এই বাংলোয় যারা থাকে, খায়, তাদের রান্নাবান্না করে দিল। মিলপিছু দর ধরলে বেশ কিছুটা নাফা থাকে। নিজের খাওয়াটাও ওই সঙ্গে হয়ে যায়। তারপর ধরো, বাংলোর পরদা, চাদর, তোয়ালে, লেপ-বালিশের ওয়ার, ইত্যাদি কেচে, ধুয়ে ইস্ত্রি করে দিল এরাই, লন্ড্রির দরে বিল করলো। বাংলোর ভেতরে ঝোপ-আগাছা সাফ করলো, লনের ঘাস ছাঁটলো, লেবার- চার্জ বাজার দরে ওরাই পেল। এছাড়া, বখশিশ বাবদ সদাসর্বদা টাকাটা সিকিটা তো রয়েছেই।
আলোচনাটা প্রায় গবেষণার কাছাকাছি চলে যাচ্ছে দেখে বাদ সাধেন মিসেস ভার্মা। …হয়েছে, হয়েছে, অফিসের কিস্যা থামাও। সারাক্ষণ শুধু অফিসের কথা! এমন কাজপাগল মানুষ জন্মেও দেখিনি রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা! বলতে বলতে আহ্লাদে মাখো-মাখো হয়ে আসে মিসেস ভার্মার মুখ। বলেন, তার চেয়ে ওকে শুধোও না, এই এলাকায় বাঘ রয়েছে কিনা। এরা তো বারো মাস তিরিশ দিন থাকে, বলতে পারবে ঠিকঠিক।
ভার্মা সাহেব এক ঝলক দেখেন রতিকান্তকে। শুধোন, বাড়িতে কে কে আছে?
আবার ভাবতে বসে রতিকান্ত। চোখেমুখে এমন অভিব্যক্তি ফুটিয়ে তোলে, যেন এই প্রশ্নটার জবাবের জন্যে তাকে স্মৃতির ভাণ্ডারটিকে হাতড়াতে হচ্ছে। একটুবাদে ফিসফিসিয়ে বলে, বউ… বাচ্চা…।
– জমি-জিরেত রয়েছে?
রতিকান্ত কেমন অন্যমনস্ক হয়ে যায়। সাহায্যের আশায় চারপাশে আলুথালু তাকায়। শেষে সারা মুখে প্রায় নাক ঝাড়বার মুদ্রা ফুটিয়ে বলে, নাহ্।
– চলে কেমন করে?
রতিকান্ত কেমন যেন ডুবে যেতে থাকে নিজের মধ্যে। ডুবেই থাকে অনেকক্ষণ। একসময়ে ভুস করে ভেসে উঠে বলে, চলে না।
বাংলোর আসল কেয়ার-টেকার হরিপদ। জলখাবার সাজিয়ে নিয়ে হাজির হয় এতক্ষণে। সমবেত জেরার হাত থেকে ও-ই বাঁচায় রতিকান্তকে। বলে, যাহ্, যাহ্, মুরগিটা কেটে ফ্যাল্ দি’নি।
রতিকান্ত ধীরপায়ে চলে যায়।
– আজ কী রাঁধবে, হরিপদ?
নিজের নামটা সাহেবের অমন ঠিকঠাক মনে আছে, এতেই বুঝি কৃতার্থ হয়ে যায় হরিপদ। গদগদ গলায় বলে, মুগের ডাল, পোটাটো চিপ, মটর-পনির, চিকেন, চিংড়ির মালাই-কারি, আর সালাড, হুজুর। ভাত চাপাটি দুইই থাকবেনি।
হরিপদকে ভারী সাদামাটা লাগে সকলের। কোনো মারপ্যাঁচ নেই কতাবার্তায়, অভিব্যক্তিতে। কোনো মোচড় নেই গলার স্বরে। অমন মানুষের প্রতি বড়-একটা মনোযোগ দিতে চায় না কেউই। কাজেই, হরিপদকে ছেড়ে ধীরে ধীরে অন্য প্রসঙ্গে চলে যায় সবাই।
শীতটা যতখানি পড়বে ভাবা গিয়েছিল, ততটা পড়েনি। খাওয়া-দাওয়ার পর সামনের গ্রিলঘেরা বারান্দায় প্রাক-শয্যা গুলতানি। টুথপিক দিয়ে দাঁতের মধ্যেকার মাংসের কুচিগুলিকে নিপুণ হাতে বের করে আনছিলেন ভার্মা সাহেব। এমনি সময়ে রতিকান্ত আসে।
মিসেস চতুর্বেদীর ফরমায়েশমতো জলের জাগ আর গ্লাশ এনে সামনের সেন্টার-টেবিলে নাবিয়ে দেয়। চলে যেতে চাইছিল, চতুর্বেদীই থামান ওকে। … রতিকান্ত, শোনো।
রতিকান্ত থমকে দাঁড়ায়। তখন লোডশেডিং চলছে। হ্যারিকেনের তেরচা আলো এসে পড়েছে ওর মুখের ডানদিকে। বাঁ-দিকটায় নিকষ অন্ধকার। সব মিলিয়ে রতিকান্তর মুখখানাকে বড়ই রহস্যময় লাগে।
ভার্মা সাহেব আর চতুর্বেদী, সারা সন্ধে বেশিমাত্রায় পান করেছেন দুজনেই। ওদের সসম্ভ্রমে সঙ্গ দিয়েছেন পাল সাহেব। বাংলোয় দুখানা মাত্তর ঘর। কাজেই, পাল সাহেবের থাকবার ব্যবস্থা লঞ্চে। রাতের খাওয়া সেরে পাল সাহেব সস্ত্রীক চলে গিয়েছেন লঞ্চে। হরিপদ ওঁদের পৌঁছাতে গিয়েছে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতটাও বাড়ছে। কনকনে হাওয়া বইছে। উত্তুরে হাওয়া। গ্রিলঘেরা বারান্দায় বসে ঢুলুঢুলু চোখে বাইরেটা দেখতে থাকেন চতুর্বেদী। বলেন, কী নির্জন লাগছে, তাই না?
ভার্মা সাহেব ঢুলুঢুলু হাসেন।
– এদিকে গ্রাম-ট্রাম নেই? লোকালয়?
– নাহ্। এই ঘোর জঙ্গলে আর গ্রাম কোথায়? ভার্মা সাহেব অনুমোদনের আশায় তাকান রতিকান্তর দিকে, …কী হে, গ্রাম-ট্রাম আছে নাকি এদিকে?
– আছে তো। খুব নির্লিপ্ত জবাব রতিকান্তর।
– আছে? কটা?
– চারপাশেই রয়েছে হুজুর।
– তাতে মানুষ থাকে?
– থাকে বৈকি। অনেক মানুষ থাকে।
– কী বলছো? ভার্মা সাহেব রতিকান্তর প্রতি সামান্য বিরক্ত বুঝি, …আমি তো কতবার এসেছি এদিকটায়, একটা গ্রামও তো নজরে পড়েনি। খালি তো জঙ্গল আর জঙ্গল। গ্রাম কই? মানুষ কই?
রতিকান্তর সারা মুখে আলো-আঁধারি ছায়াখানি প্রকট হয়। চোখের মণিজোড়া সামান্য জ্বলে ওঠে। খুব চেরা গলায় বলে ওঠে, মানুষ কী করে দেখবেন, হুজুর? সুন্দরবনে তো কেউ মানুষ দেখতে আসে না। মানুষ দেখতে চায়ও না।
– তবে? ভার্মা সাহেব ঢুলুঢুলু চোখে তাকান।
– সবাই বাঘ দেখতে আসেন, হুজুর। বাঘ।
বলতে বলতে দপ্ করে জ্বলে ওঠে রতিকান্তর চোখ। ক্ষণিকের তরে পশুর চোখের মতো নীলাভ হয় চোখের মণি।
এবং ভার্মা সাহেবের মনে হয়, সুন্দরবনে এসে, বহুদিন বাদে, এই প্রথম, আচমকা বাঘ দেখে ফেলেছেন তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.