দ্বিতীয়বার

থানার ওসির ঘোলা কাচের টেবিলের এপাশে জিজ্ঞাসুমুখ তুলে রেখেছিল হাফিজ। পত্রিকায় পাঠানোর উপযোগী খবরের বিষয় যদি পাওয়া যায়। এখানে আসা-যাওয়া করতে করতে মানুষটার সঙ্গে মাখামাখির মতো না-হলেও সখ্যের হালকা সর একটা পড়তে শুরু করেছে। কোনো কোনো অলস দিনে ওসি সাহেব আর পুলিশ থাকেন না। বিষণ্নমুখে তাঁর সংসার প্রসঙ্গে দীর্ঘশ্বাসমাখা টুকটাক কথাও বলেন। স্ত্রী-সন্তান আছে দূরে, ভিন্ন এক জেলা শহরে; আর তিনি পোস্টিং পেয়ে তড়িঘড়ি চলে এসেছেন এই মফস্বলে – এখনো কিছু গুছিয়ে উঠতে পারেননি। ছোট ছেলের কচি মুখটা বেশি করে মনে পড়ে। তাঁর স্বরে কষ্টের ঝাপটা তখন পাওয়া যায়। থানার বড় পুলিশ অফিসারের বদলে তাঁকে আর দশজন দুঃখী মানুষ বলে মনে হয়।

হঠাৎ ঢ্যাঙ্গা বয়স্ক এক কনস্টেবল, প্যান্টের ভেতর পা-জোড়া আছে কিনা সন্দেহ, ওসির রুমে ঢুকে ত্যাড়াবাঁকা স্যালুট দেয়। তার দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হয় নিজেই সে পেরেশানে ঢলে পড়ে যাবে। ওসি মুখ তোলেন – ‘রাত করে এলেন কেন? মুশকিল। রাতে বাপ-মেয়ে থাকবে কই?’ বিরক্তি ছলকে আসে কণ্ঠে, আর তার ছায়া ভেসে-ওঠে ওই গোলমুখে।

কনস্টেবলের তাড়া-খাওয়া স্বর – ‘স্যার স্বাস্থ্য-কমপ্লেক্স থেইকে মেয়েডারে লয়ে মোল্লারহাট, সেইখান থেইকে বাস ধইরে আসতি আসতি দেরি হইয়ে গেছে।’

– ‘মেয়েটা কই, বাপটাকেও ডাকেন।’ ওসি হাফিজের মুখে নজর দিয়ে এবার ইতস্তত করেন। ব্যাটা আসার আর সময় পেল না, এলো তো এলো, সাংবাদিক থাকতে হাজির।

হাফিজ দেখে, চোদ্দ-পনেরো বছরের কাবু লিকলিকে একটা মেয়ে অতিকষ্টে ধীরে ধীরে পা-জোড়া টেনে রুমের মধ্যে এসে দাঁড়িয়েছে। রীতিমতো বেঁকে গেছে সে। তার সারামুখে ব্যথা চেপে রাখার অসহ্য যন্ত্রণার ছাপ। চরম অসুস্থ এই মেয়েটাকে বাসে বসিয়ে আনলো কী করে? মেয়েটার পেছনে মলিন ধুতি ও হাফশার্ট পরা কালো খাটো একটা মানুষ। তাঁর শরীরে লেপটে থাকার মতো করে দাঁড়িয়ে ঢ্যাঙ্গা কনস্টেবলটা। মেয়েটার হাল-সুরত দেখে ওসি সাহেবের চোখ বুঝি লাজ-লজ্জায় ঘুরে যায়। একবার দেয়ালে, পরে চেয়ারে হেলান দিয়ে দরজার পর্দার ওপর তিনি নজর রাখেন।

– ‘আপনি ওর বাপ?’

ওসির প্রশ্নে ধুতিপরা মানুষটা নীরবে শুধু মাথা কাত করে।

– ‘আবেদালী আবেদালী।’ ওসির হাঁক বাইরে উড়ে গিয়ে পড়ে। মোটা কিসিমের এক কনস্টেবল হাঁফাতে হাঁফাতে এসে স্যালুট দিয়ে সটান দাঁড়ায়।

– ‘আমাদের থানার দক্ষিণপাশে যে-রুমটা খালি আছে ওখানে এদের থাকার ব্যবস্থা করে দাও।’ হাফিজের নিবিড় দৃষ্টির সামনে ওসি সাহেব দুরবস্থা নিয়ে নিজেই কাতর হন – ‘দেখেন তো এতটুকু মেয়ে। বাদমাশ ছেলেপেলের কাণ্ড। রেপকেস।’ বলে, ওসি সাহেব নিজেই জানান, ‘ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটা জবানবন্দি দেবে। মেডিক্যাল টেস্টও হবে।’

হাফিজ নিজের ভেতরে জ্বাল পেয়ে উঠে দাঁড়ায়। বাপ-মেয়েকে বাইরে এসে তার খুঁজতে হয় না। দুজনেই ওসির প্যাসেজে দাঁড়িয়ে। হাফিজ এগিয়ে গেলে বাপটা থানার কোনো কর্মকর্তা মনে করে হাত ধরে কেঁদে ফেলে। বয়স্কমানুষের গলার বাষ্পে ফ্যাসফ্যাসে আওয়াজ ওঠে। মেয়েটা এবার বাপের ঘাড়ের ওপর শরীরের ভার ছেড়ে দেয়। এখুনি বুঝি শাঁসশূন্য এই হাড়ের মালা নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে। তার লম্বাটে মুখটা এখন অন্ধকারের দিকে।

কথা বলে হাফিজ জানতে পারে : মানুষটা অশোক বিশ্বাস, তার মেয়ে শৈবা, ক্লাস এইটের ছাত্রী। পাশের গ্রামের আনোয়ার মোল্লার ছেলে মিলন তাকে রেপ করেছে। – ‘আমি স্যার এর বিচার চাই’ বলে অশোক বিশ্বাস আরেক দফা কাঁদে। এই কান্নায় তার চোখজোড়া বুঝি আঠায় বুজে যায়। নাম-ঠিকানা ও ঘটনার বয়ান শুনে হাফিজ থানা থেকে বেরিয়ে সোজা প্রেসক্লাবে যায়। চুপচাপ সংবাদটা লেখা হলে দৈনিকের ঢাকার ঠিকানায় সে ফ্যাক্স করে। কিছুতেই মেয়েটার অশেষ কষ্ট ধরে-রাখা শুকনো মুখটা সে ভুলতে পারে না। বারবার সামনে চলে এসে তাকে পীড়িত করে। জন্তু-জানোয়ার ছাড়া অমন মেয়েকে কে আর খুবলে খাবে!

পরদিন সকালের রোদের মধ্যে হেঁটে হেঁটে হাফিজ থানায় গিয়ে শোনে, শৈবাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। হাফিজের ভুরুর ওপর ভাবনা ঘোরে। চিকিৎসার জন্য কি মেয়েটাকে ওখানে ভর্তি করা হবে? দায়িত্বে থাকা মাঝারি পদের পুলিশ অফিসার আপদ বিদায়ের মতো মুখভঙ্গি করে। অর্থ একটাই – গায়ে পড়ে অতো দরদ দেখানোর কী আছে? মাথা মোটা এই লোকের সঙ্গে আলাপ করা বৃথা বুঝে হাফিজ রিকশায় হাসপাতালে হাজির হয়। এ-বারান্দা ও-বারান্দা রুম খুঁজে শেষে ভেতরের আলো আসা মুশকিল স্যাঁতসেঁতে এক প্যাসেজে বাপ-মেয়ে উভয়কে পাওয়া গেল। মেয়েটার বসার আর উপায় নেই – পা ভাঁজ করতে গেলে শরীরের নিচের অংশ হয়তো ব্যথার চাপে ছিঁড়ে যাবে। অশোক বিশ্বাস হাফিজকে দেখে নিভে যায়। তার গলার খাদ থেকে নিচু খিনখিনে স্বর উঠে আসে – ‘আপনি স্যার খবরের লোক, দ্যাখেন কাইল আপনের সঙ্গে কথা কইছি, থানার লোক আমারে ঘাড় ধইরে পরায় বাইর করে দেয়। ক্যান কথা কইছি?’ অশোক বিশ্বাস দুকদম সরে হাফিজ থেকে তফাৎ রচনা করে। পুলিশের চোখে বাঘের নজর – শুধু ধারে ধারেই ভয় ধরিয়ে দেবে। হাফিজের মনে কোনো প্রতিক্রিয়া হয় না। এমন শত্রু ভাবাভাবির ঘটনা আগেও বহুবার ঘটেছে। কিন্তু মেডিক্যাল টেস্ট কখন? হাফিজ নিজে উদ্যোগী হয়ে রুমে ঢুকে এক জুনিয়র ডাক্তারকে ধরে। জানা গেল, এটা বড় স্যারের ব্যাপার। তিনি আসেননি। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির কাজটা তো সারা যায়। সঙ্গে আসা পুলিশের এসআইকে পাওয়া গেল হাসপাতালের বাইরে – আরামে সিগারেট টানছে। অদ্ভুত-চোখে সে হাফিজকে দেখে জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজায়। তার মতে, ধর্ষণের আলামত নষ্ট হয়ে যেতে পারে, তাই মেডিক্যাল টেস্ট আগে। সন্দেহের ছায়া পড়ে হাফিজের মনে। ব্যাপার কী? থানায় ওসি সাহেব নেই, হাসপাতালে বড় ডাক্তার নেই? কোনো-না-কোনো ফাঁক থেকে নিশ্চয় ম্যানেজ করার গায়েবি বাণী এসে গেছে।

জাফর তড়িঘড়ি বাসায় ফিরে বড়ভাইয়ের মোটর সাইকেলটা একবেলার জন্য চেয়ে নেয়। উদ্দেশ্য, মোল্লারহাট ঘুরে সরেজমিনে রিপোর্ট লেখা। এখন কোন রাস্তা ধরে সে যাবে? ফকিরহাট না চিতলমারী – এই দুই থানার কোনটার ওপর দিয়ে কত তাড়াতাড়ি যাওয়া-আসা যাবে তার কোনো ধারণা নেই। মফস্বল শহরের সাংবাদিক, বাইরের থানায় কালেভদ্রে ছাড়া জাফর যায়নি। ঘটনা ঘটার পর গ্রামে গিয়ে কিছু সংবাদ জোগাড় করে সে ঢাকায় পাঠিয়েছে – কোনো কোনোটি ছাপাও হয়েছে। ব্যস, এ পর্যন্ত। কিন্তু শৈবার এই নির্মম নির্যাতন অজপাড়াগাঁ হলেও প্রবলভাবে তাকে টানছে। চরম একটা অন্যায়কে ছেড়ে দেওয়া যায় না। শৈবাকে দেখা থেকে ওই কষ্টদীর্ণ শুকনো চুরমার মুখটা হঠাৎ হঠাৎ ভেসে উঠছে। মেয়েটাকে নিয়ে বড় নিউজ করতে পারলে নিজের দায়িত্ব পালনে সে শান্তি পাবে।

জাফর চিতলমারী থানার দিক দিয়ে যাওয়ার মনস্থ করে। একা যাবে, না অন্য পত্রিকার বন্ধু কোনো সাংবাদিককে সঙ্গে নেবে। এমন টানাটানির মধ্যে সিদ্ধান্ত নেয়, সে একাই যাবে। মুনিগঞ্জ ফেরি পার হয়ে মোটর সাইকেল সে স্টার্ট দেয়। রোদ এখন তেতে উঠেছে – টিনের চালের ওপর ঝকমকে তীব্র আলো ছলকাচ্ছে। জামার উপরের বোতামটা সে খুলে দেয়। বাতাসও বুঝি গরম হয়ে গেছে – বুকে আছড়ে পড়ে নিচ দিয়ে নেমে যেতে যেতে অস্বস্তি ছড়িয়ে যাচ্ছে। আবার বিটুমিনের রাস্তার তাপও নিচ দিয়ে উঠে আসছে – মুসিবত। রাস্তার দুপাশের গাছগাছালি এরই মধ্যে জবুথবু, যেন দুঃখিত চেহারা নিয়ে জাফরকে দেখছে। দেপাড়ার উঁচু পুলের ওপর উঠার আগে কাঁধে ঝুলানো কাপড়ের ব্যাগ থেকে পানির বোতল বের করে। কয়েক কিলোমিটার আসতে-না-আসতেই কণ্ঠা শুকিয়ে খসখসে হয়ে গেছে। নিষ্করুণ বাতাসের ঝাপটায় গলা কতক্ষণ আর ভেজা থাকে। না, এই এক বোতল পানি এমন যাত্রার জন্য যথেষ্ট নয়। সামনে আরো রাস্তা আছে। পুল পার হয়ে গড়ানে রাস্তা ধরে সন্তোষপুরে এসে জাফর দেখে, গোটা রাস্তার উপরটা নেই, বুঝি খুলে নেওয়া হয়েছে। বিস্তর ভাঙচুরে খোয়া-বেরুনো রাস্তায় হাজারটা ক্ষত। মোটর সাইকেলের চাকার টায়ার খোয়ার ধার সহ্য করলেই হয়। চাকার বারোটা বাজলে বড়ভাই স্বরের চাকু চালিয়ে তাঁকে কাটাছেঁড়া করবে। আজও বড়ভাইয়ের সংসারের অন্ন-ব্যঞ্জনে সে বেঁচে আছে। সাংবাদিকতার নামে ঘরের ভাত খেয়ে বনের মোষ কিলিয়ে বেড়ানো তার পছন্দের নয়। এক খাবলা মফস্বলে এসবের মূল্য কী? কিন্তু এ-এক আজব নেশা – সহজে ছাড়ে না। ছাপার অক্ষরে নিজের লেখা খবর দেখার পর নেশা দ্বিগুণ বেড়ে যায়। পারিশ্রমিক বা সম্মানী বা বেতন যে নামেই হোক দু-চার মাস না জুটলেও কাজের উৎসাহে ভাটা পড়ে না।

মোটর সাইকেলের চাকা খোয়া রাস্তায় লাফায়। মোটর সাইকেল নিয়ে কি পাশের খানাখন্দে উড়ে পড়ে? শরীরের ছাল-চামড়া খসলে রক্তারক্তি ব্যাপার – চাই কী, দুর্ঘটনার সুযোগে তার মোটর সাইকেল, জামা-প্যান্ট, কাপড়ের ব্যাগ, ব্যাগের ভেতরের ক্যামেরা সব লুট হয়ে গেল। এমন হরহামেশা ঘটছে। খুব সতর্কভাবে জাফর মোটর সাইকেল চালায়। ফল হয়, মোটর সাইকেলের গতি কমে আসে। কাছাকাছি জমি থেকে পানির মেশিনের আওয়াজ আসে – ক্ষেতে সেচ চলছে। শীত আসার আগে আগেই আজকাল গাঁ-গ্রামে শীতকালীন তরি-তরকারির চাষ শুরু হয়ে যায়। জাফর দেখে, ঘুরতে ঘুরতে ধুলোর পিলার উড়ে পাশের মাঠ পাড়ি দিয়ে গেল। সন্তোষপুরের অবস্থা যাচ্ছেতাই। অক্টোবরের নির্বাচন থেকে এলাকার সংখ্যালঘুরা মাথা লুকিয়ে কাছিম হয়ে আছে। কোনটা রেখে কোন খবরটা সে ঢাকায় পাঠায়। গোটা গ্রামটাই খুঁড়ে ঢাকায় পাঠিয়ে দিতে পারলে ভালো হয়। খোদ শহরেই মাস্তানরা এসে বারবার শাসিয়ে যায় – বেশি বেশি লেখালেখি করলে আঙুলগুলো খুলে নেওয়া হবে। অবস্থা এমন, এমপি পর্যন্ত তার ঠ্যাঙাড়ে বাহিনী সামলে রাখতে পারছে না। ভাবখানা, মেরে-কেটে-ভেঙে-মচকে তোমাকে নির্বাচনে জিতিয়েছি, এখন আমাদের রাজত্ব। পুরো অঞ্চল কামড়ে-চেটে-মুছে খেলেও কারোর কিচ্ছু করার নেই। কীসের পুলিশ। জোর-জবরদস্তি সফল হচ্ছে কিনা তার দেখভাল করবে তারা, আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের পাহারা দেবে।

চিতলমারী বাজারে পৌঁছে জাফর ঘড়ি দেখে – প্রায় বারো। ষোলো-সতেরো মাইল রাস্তা প্রায় দুই ঘণ্টা খেয়ে ফেলেছে। বাজারের ভেতরের এলাকা পানি-কাদা স’মিলের কাঠের গুঁড়োসহ এমন দই হয়ে আছে যে, একমাত্র জানোয়ার ছাড়া এর ওপর দিয়ে কেউ হাঁটবে না। পাশ দিয়ে আরেকটা কোমর-বাঁকা রাস্তা ঘুরে গেছে। জাফর বোঝে এখন মানুষের সাহায্য নিতে হবে। স্টার্ট বন্ধ মোটর সাইকেলটা ঠেলে সে কাছের মিষ্টির দোকানের সামনে নিয়ে আসে।

– ‘ভাই, মোল্লারহাটের কামারগ্রামে যাবার উপায় বলেন তো।’

ময়লা ধরা লালচে ধুতিপরা মানুষটাকে জিজ্ঞেস করতেই তার ভুরুতে প্যাঁচ পড়ে। স্থির চেয়ে থাকে। ইহজনমেও যেন কামারগ্রামের নাম শোনেনি। পরে ঠোঁটের ওপর কামারগ্রাম কামারগ্রাম কয়েকবার উচ্চারণ করে দোকানের ভেতরের আরেকজনের উদ্দেশে হাঁক দেয় – ‘নিবারণ, কামারগ্রাম যাতি সহজ পথ কোনডা? কও তো উনারে।’

নিবারণ নামের মধ্যবয়স্ক মানুষটা চা-ভর্তি কাচের গ্লাসটা হাতে ধরে উঠে আসে। মাথার সামনে চুল তার ফাঁকা – কপালটা আগে নজরে আসে। ওই কপালের নিচের অংশে চোখজোড়া জ্বলজ্বল করে।

– ‘কামারগ্রামেতে যাবেন? কুন বাড়িতে?’ ভাবখানা, এই প্রশ্নের জবাব দিতে পারলে সঠিক উপায় বাতলে দেওয়া যাবে।

– ‘জ্বি, অশোক বিশ্বাসের বাড়ি যাবো।’

নিবারণের মুখের আলো মুহূর্তে নিভে যায়। বাঁ-হাত বাড়িয়ে সে বেঞ্চের কোনা ধরে। আলো সরে গেলে কালো, ওই কালোই ধীরে ধীরে ভেসে উঠলে তার মুখটি থমথমে হয়। ভয়ে স্বর এবার খাবি খায়।

– ‘আপনি কি স্যার সরকারি লোক?’

জাফর হেসে সাহসের জোগান দেয় – ‘আরে না ভাই। আমি সাংবাদিক।’

সাংবাদিক শুনে নিবারণ এগিয়ে আসে। এবার তাকে পুরোপুরি আপাদমস্তক দেখা যায়। হয়তো ক্ষেতমজুর। মোটা থ্যাবড়া পায়ে কিছুই পরা নেই – গোড়ালি ফাঁটা। ধুলোবালি শুয়ে আছে চামড়ার ওপর। পুরো দাঁত কেলিয়ে সে জানিয়ে দেয় – ‘যাইয়ে লাভ নেই। শুনিছি লাইনঘাট হইয়ে গেছে। বিচার-আচার হচ্ছে না।’

হচ্ছে না মানে? মানুষটা আগাম জানে কী করে? প্রশ্নের উত্থানের সঙ্গে জাফরের মনে সন্দেহ উঁকি দেয় – তাইতো, মেডিক্যাল টেস্টের জন্য বড় ডাক্তার আসেননি – এর মানে কী? নিশ্চয় ভাণ্ডারখোলার আনোয়ার মোল্লা ওপরমহলে দেন-দরবার শুরু করেছে। ধর্ষক আবার জাঁদরেল যুবনেতা। আজকাল যুবনেতা হওয়ার মাপকাঠি হয়েছে চাঁদাবাজি-মাস্তানি-ধর্ষণ। গ্রামের মধ্যে গ্রাম, তার পেটের মধ্যে যে হতশ্রী পাড়া, তার মধ্যে যে কাঁচা পথ, সেখানের ছেলে-ছোকড়ারাও সিনায় সিনায় জোয়ানি জোশ দেখায়। মেজাজ চেড়ে-ফুঁড়ে দাঁত বের করে যেন এক-একটা হিংস্র নেকড়ে। কিন্তু এ-লোকটা কী করে শৈবার কাহিনী জানে? জিজ্ঞাসার উত্তরে নিবারণ শুকনো হাসি ছড়ায় – ‘কী কন? গোটা এলাকার জনমনুষ্যি জানে। আর আমাগো মতো হিন্দুগো জানতি হয়। সবার ঘরের সোমত্ত মাইয়ে ভিন্ন গাঁয়ে সরাইয়ে দিছে। একবার ঘটনা ঘটলি এইখানে বিচার-আচার বৃথা।’

– ‘আপনি কি আমার মোটর সাইকেলের পেছনে বসে কামারগ্রামে যাবেন? যাবো আর আসবো।’

জাফরের প্রস্তাব শুনে নিবারণ ভয়ে পিছিয়ে যায় – ‘ক্যান, মরার জন্যি?’

নিবারণের এক কথায় জাফরের তার না-উত্তর পরিষ্কার হয়ে যায়। তবে নিবারণ যাবার সহজ পথ বাতলে দেয়। চিতলমারী থেকে স্কুটার-রিকশা যাচ্ছে উত্তরে, সেই একই পথ ধরে বড় রাস্তায় উঠলে মোল্লারহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকার উদ্দেশে বাস দৌড়ে যাচ্ছে, তার পেছন ধরে সামনে নতুন ব্রিজ, অতদূর দরকার নেই, তার আগে বাঁ-পাশ দিয়ে নেমে তিন গ্রাম পর। পথের মানুষ ধরে জিজ্ঞাসা করলে তারা আকাশ ছুঁয়ে থাকা দূরের তালগাছ দেখিয়ে দেবে। দেখানোর বা দরকার কী। বয়সী বড় বটগাছটার শরীর ছাড়িয়ে গেলে দুপাশে ক্ষেত আর ক্ষেত – এবার নিষ্ফলা, শীতের সবজি-চাষে মানুষ হাতের কাজ করে কেমনে – জীবন নিয়ে বাঁচা-মরা, সাহস কই। আরো সামনে গড়ানে পথ ধরে শেষ মাথায় কামারগ্রাম।

মোটর সাইকেলে না এসে বাসে আসাই ভালো ছিল। এখন মোটর সাইকেলটা রীতিমতো বোঝাই মনে হচ্ছে। আর কামারগ্রাম, রোদে জ্বলা, ধুলোভর্তি, পুরনো প্রতি গ্রামই তো এক-একটা কামারগ্রাম। কোনো মানুষই তো নতুন চেহারা দেখে আগ্রহী হয় না। বরং জাফরের পোশাক-আশাক, মোটর সাইকেল দেখে পথে-পড়া মানুষ মুখ ফিরিয়ে নেয়। জাফর বোঝে, ভয় পাওয়া মানুষগুলো এখন মানুষকেই ভয় পাচ্ছে। কার মনে কী আছে।

অশোক বিশ্বাসের বাড়ি শেষ পর্যন্ত খুঁজে পায় জাফর। চোখের ধার আর গন্ধে গন্ধে শনাক্ত করা অসম্ভব না। বাড়ি মানে সামনে পড়া আমড়া গাছের পাশ দিয়ে এক চিলতে শুকনো সরু পথ ধরে ভেতরে প্রায় হুমড়ি খাওয়া একটা দোচালা। ছাউনির চাল যেন মচমচে ভাজা। উপর থেকে শক্ত কিছু পড়লে এক খাবলায় ভেঙে গুঁড়ো হয়ে যাবে। উঠোনও এক গজ। বিশটা লোকের পায়ের নিচে ফুরিয়ে যাবে। অশোক বিশ্বাসের প্রতি শ্রদ্ধায় জাফরের ভেতরটা ভিজে যায়। যার কোনো সহায়-সম্পত্তি নেই, গরিব মন আগে থেকে নিভে আছে, হয়তো শাক-লতাপাতা সেদ্ধ খেয়ে নিজের কাঠি-কাঠামো ধরে আছে, সে মেয়ের সম্ভ্রম হারানোর বিচারের আশায় গ্রাম পাড়ি দিয়ে এখন শহরে – থানা, কোর্ট, হাসপাতাল করছে। এটা কী কম কথা। জাফর কাপড়ের ব্যাগের ভেতর থেকে ক্যামেরা বের করে অশোক বিশ্বাসের বাড়ির ছবির তোলে।

– ‘আপনি কেডা? ছবি তোলেন ক্যান?’ খরখরে স্বরের প্রশ্ন শুনে জাফর পেছন ফিরে দেখে লম্বা করে ঘোমটা টানা চিকন-চাকন এক মহিলা দাঁড়িয়ে।

– ‘আমি সাংবাদিক। শৈবার ঘটনা নিয়ে নিউজ করেছি, আরো লিখব।’

এ-কথার কোনো মানে মহিলা বুঝলো কিনা পরিষ্কার নয়। ঘোমটার আড়াল থেকে এবার তার হাহাকার উড়ে আসে – ‘হবেডা কী তাতে? কী হবে? আমার মাইয়ার সব্বনাশ তো হইয়ে গেছে। ফেরত পাওয়া যাবে না।’

জাফর বোঝে মহিলা শৈবার মা।

চরম সত্য সবসময়ে সহ্য করা যায় না। যায় না বলে জাফর মাথা নিচু করে রাখে।

– ‘আপনি কি ঘটনাটা আমাকে বলতে পারেন?’ জাফরের স্বর থেকে অনুরোধ খসে পড়ে।

– ‘মাইয়া তো ক্লাস এইটে পড়ে। স্কুলে যাবে। পুকুরে গ্যাছে নাইতে। মিলন নামের এক জানোয়ার মাইয়াডারে ধরে। মুখ চাইপে পাশের ঝোপে নিয়া জন্মের মতো সব্বনাশ করছে।’ শৈবার মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। এখনো মেয়ের জন্য তার চোখে অশ্রু জমা আছে দেখে জাফর খুব অস্বস্তিতে পড়ে যায়। প্রসঙ্গ বদলাতে চায় সে।

– ‘আমি কি পুকুর-ঘাটটা দেখতে পারি?’

শৈবার মা জাফরকে বিনা-বাক্যব্যয়ে সঙ্গে নিয়ে যায়। বাড়ির পেছন দিয়ে যাতায়াত করতে করতে তৈরি হয়েছে একফালি পথ। দুপাশে উলু ঘাসের বিস্তার – লাগোয়া কচু-ঘেচু, আরো কাঁটাময় গাছ। পুকুর-ঘাটটা দেখার মতো না। খেজুর গাছ ফেলে ওঠা-নামার ব্যবস্থা। পেছনের ঝোপঝাড় দেখে চোখ ফিরিয়ে নেয় জাফর। মুখ চেপে শৈবাকে কোথায় টেনে নিয়ে গেছে তা দেখার মনস্থ করলে তার ভেতরটা লজ্জা-অপমানে রি-রি করে ওঠে। শৈবার ভাঙচুর মুখটা সামনে এসে দাঁড়ায়। জাফরের শরীর থেকে যেন শক্তি খসে গেছে। দুর্বল পায়ে সে ফেরে। সরেজমিনে দেখে কী লিখবে সে? মাথার ভেতরটা এই মুহূর্তে ফাঁকা ফাঁকা লাগছে। শ্যাওলার হালকা ছোঁপধরা উঠোনে রাখা মোটর সাইকেলে বসে জাফর আবার চারপাশে নজর ঘুরিয়ে আনে। শৈবার মাকে দেখা যায় না। এ-বাড়িতে কি আর মানুষজন নেই? নাকি ভয়ে পালিয়ে গেছে? বিচ্ছিন্ন সব বসতবাড়ি – সবই হতদরিদ্র। বাড়িগুলোও দুঃখ-কষ্টে যেন নুয়ে আছে। গাছপালায় বাতাসের কোলাহল নেই। রোদে সবকিছু পুড়ছে। তৃষ্ণায় তার গলা খসখস করে। না, এবার ফিরতে হয়। এই তুমি মফস্বলের সাংবাদিক, সত্যি বিবরণ লেখার পরও কি কোনো সুফল দেখতে পাবে! পত্রিকাগুলো প্রায় প্রতিদিন গোটা দেশের বিভিন্ন কুকর্মের সচিত্র-বিচিত্র নানা কাহিনী প্রচার করছে, তার কি কোনো বিহিত হচ্ছে? সব জনপদ ছিঁড়েখুঁড়ে খাচ্ছে হিংস্র লুটেরার দল। দরকার হলে ঘাস, ধানের খোসাও লুট করে নেবে, তুমি সাংবাদিক দেখে দেখে চোখ পীড়িত করবে, মনকে যন্ত্রণা দিতে দিতে অসাড় করে দেবে – কত অকথিত মৌন কষ্ট, তাতে কী লাভ হবে?

মোটা একটা গাছের কাছাকাছি আসতে জাফর দেখে, দুই যুবক নিচে দাঁড়ানো। মোটর সাইকেলের গতি সে স্লো করে। শক্ত কাঠামোর এক যুবক ভুরুর নিচ দিয়ে রুক্ষ নজরে তাকে দেখে। বাকি যুবকটির চোয়াল ক্রমশ পাথর হয়ে আসছে দেখে ভয়ের মেঘ ডেকে ওঠে জাফরের ভেতর। মোটর সাইকলেটা দুই গুণ্ডার দখলে চলে গেলে বড়ভাই তাকে আস্ত রাখবে না। জোরে চালিয়ে জাফর মোটর সাইকেলসহ বড় রাস্তায় এসে ওঠে। তোমার ডান হাতের আঙুলের গাঁটগুলো যদি ভেঙে দেয় তুমি কী করবে? জাফরের মধ্য থেকে উত্তর উঠে আসে – বাঁ-হাত দিয়ে লিখব। তোমার বাঁ-হাতের আঙুলও যদি ভেঙে দেয়? মুখে মুখে বলব, আরেকজন লিখবে। তোমার মুখ যদি মুখের মতো মাস্তানরা না রাখে? আর ভাবতে পারে না জাফর। গতির চাপে বুঝি রাস্তার ওপর দিয়ে মোটর সাইকেল উড়ে চলে।

বিকেলে থানায় গিয়ে জাফর বড় দারোগাকে পায় না। দায়িত্বরত এসআই সাংবাদিক শুনেও জাফরকে পাত্তা দেয় না। তবু ঠায় বসে আছে দেখে অনিচ্ছাসত্ত্বেও বিড়বিড় করে এসআই – ‘হাসপাতালে যান গা। মেডিক্যাল টেস্ট হইতেছে।’

জাফর দ্রুতপায়ে বেরিয়ে একটা রিকশা ডেকে উঠে বসে। তার মাথায় রোখ চেপে গেছে – জোরালো রিপোর্ট একটা সে লিখবে। মাস্তানরা শহরে এসে তাকে শাসাতে পারবে না। তার দায়িত্বপালনে সে দৃঢ় থাকতে চায়।

হাসপাতালের নিচতলার করিডোর তন্নতন্ন করে খুঁজে রুমে রুমে উঁকি দেয় জাফর। কোথাও শৈবা ও তার বাবাকে পাওয়া যায় না। মানুষ দুটি কি হাওয়া হয়ে গেল! পাশ কেটে যাওয়া হাবিব নামের পরিচিত ওয়ার্ডবয়কে পেয়ে সে জানতে পারে – টেস্ট শেষ, স্যার রিপোর্ট লিখছেন।

দোতলায় উঠে যায় জাফর। তার নিজেরই বোঝা উচিত ছিল – বড় ডাক্তার কখনো নিচতলায় আসেন না। উপরের মানুষ উপরেই থাকবেন। সে দেখে, শৈবা করিডোরের এককোণে ঠেস দিয়ে জ্যালজ্যালে ওড়নায় মুখ ঢেকে দাঁড়িয়ে। মেয়েটা মনে হয় জন্মের মতো আর বসতে পারবে না। সোজা হয়ে দাঁড়িয়ে থাকাও তার জন্য অসম্ভব। ডাক্তাররা কি মেয়েটার উপযুক্ত ট্রিটমেন্ট করছে? নাকি কেবল সে দর্শনীয় বিষয়? ধুর, মানুষের হুঁশ-জ্ঞান সব হারিয়ে গেছে। অশোক বিশ্বাসকে দেখা গেল তার পরনের ময়লা ধুতির একাংশ ডান হাতে ধরে খুবই হতাশ আর ভেঙে-পড়া অসহায় পায়ে হেঁটে আসতে। নিচে কোথাও গিয়েছিল হয়তো। জাফরের ওপর স্থির পাথুরে চাহনি ফেলে মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়। জাফর বোঝে – অশোক বিশ্বাস সাংবাদিকের মুখোমুখি হতে চায় না। কিংবা সাংবাদিকের সঙ্গে আলাপ-সালাপে তাকে সতর্ক করা হয়েছে। সত্য আড়ালের জন্যে, খবরের পেছনের খবর লুকিয়ে রাখার জন্যে প্রভাবশালী উপরমহলের হাত বিভিন্ন কৌশল জানে, আর এই কারণে কত ঘটনা মুছে যাচ্ছে। সাংবাদিকের কলম সেখানে অকেজো।

কপালে ভাঁজ ফেলে মোটাসোটা সরকারি ডাক্তার তার ভুঁড়িটা নিয়ে বেরিয়ে আসেন। জাফর এগিয়ে নিজের পরিচয় দাখিল করে মেডিক্যাল টেস্ট সম্পর্কে জানতে চায়। পুরু লেন্সের চশমার আড়ালে ডাক্তারের চোখজোড়া ঘোরে ও বড় দেখায়। – ‘নো ব্যাড ম্যাটার, নো ব্যাড ম্যাটার’ বলে পকেট থেকে রুমাল বের করে ডাক্তার থলথলে ঘাড় মোছেন। এর অর্থ কী, জানার জন্য জাফর সোজাসুজি যায় – ‘রেপড হওয়ার কোনো আলামত নেই।’ বলে কী ব্যাটা? কোন মেয়ে ও মেয়ের বাবা সাধ করে গায়ে কলঙ্ক মাখতে যাবে? ধর্ষণের কেস বলে পুলিশ গ্রাম থেকে কেন শহরে টেনে এনেছে? নিজেই তো সে সরেজমিনে দেখে মেয়ের মায়ের মুখেও একই জবানি শুনে এসেছে। এই ব্যাটা কি শৈবাকে আরেকদফা অপমানিত করলো না? বিক্রি হয়ে- যাওয়া ডাক্তারের মুখটা আরেকবার দেখতেই হাফিজ তার না-দেখা ধর্ষক আনোয়ার মোল্লার ছেলে মিলনের মুখটা সেখানে পেয়ে যায়।