বন্ধু, রহো রহো সাথে

যারা যাবার তারা যায়। যারা যায় না তারা যাবে না, বলবে কি? মুকুল ঝরার পথে মিলিয়ে যেতে যেতে যশোমতী বলেছিলেন। খানিক থেমেছিলেন। হয়তো ভিন্ন কথা শুনবেন ভেবে বা সহমতের মুখ দেখবেন বুঝে।

কবে যেন যশোমতী এসেছিলেন? কাল, না কোনো একদিন? আজও সেই পথে মুকুল ঝরে আছে। কাল রাতে দামাল হাওয়া এসে ঝরিয়ে গেছে। দামাল, না দস্যু? নষ্ট ভ্রƒণে করুণ এ-পথ।

কাঞ্চনমালা বাঁশের টানায় অরূপকাঁথা রৌদ্রালোকে মেলে দিতে দিতে যশোমতীর আসা-যাওয়ার সেই দিনটা খোঁজে। সেদিনও এমনই আলো, ভেজা মাটি, ধনে বাটার মতো প্রসন্ন গেরস্থালির গন্ধ, জলের ভেতর কুচো মাছের ঝাঁকের মতো অস্থির রোদের গুঁড়ো শিরীষের নিচে, তেমনই শালিখের ডাক। কিন্তু এইসব চিহ্ন ছড়িয়ে আছে কাঞ্চনমালার জন্মের ঢের আগেই, রাঙামার জন্মের ঢের আগে। শালিখ কেন টুনটুনি নয় বা টুনটুনি কেন বুলবুলি নয়, এসব প্রশ্নে যখন নিঝুম প্রাসাদের জানালায় জেগে-ওঠে অশ্বারোহী নবীন মুখ, রাজকন্যার পরাধীন ঘুমের ভেতর থেকে নেমে আসে বিপন্নতা আর বিষাদের ধারা, বনপথে গাছেরা কথা বলে, কোথাও বাতাস নেই, তবু একটি নীল পর্দা উড়তেই থাকে, রাজার মোহর খায় পাখি আর রাজা খায় ব্যাঙভাজা, শীতের গোয়ালঘরে দুয়োরানির সন্তানের জন্য মাটি ফুঁড়ে ওঠে আগুন-মালসা, আরো কত কী ঘটে, ঘটে যেতে থাকে, চিরকালের শৈশব জুড়ে, তখনো তো এইসব চিহ্ন এমনই প্রস্ফুট ছিল। অন্য কোনো চিহ্নে যদি খোঁজ মেলে, ভেবে কাঞ্চনমালা এ-পাশ ও-পাশ তাকায়। তেমনই রুদ্রপলাশ, কুহকের মাস। তেমনই ছোট ছোট ঘরবাড়ি, পথ গেছে আড়াআড়ি। তেমনই কাটাকুটি ধানের মাঠে, জলস্তর নেমে গেছে সমাজবিভ্রাটে। অরূপকাঁথায় চোখ থেমে যায় কাঞ্চনমালার।

রাঙামার শেষ রচনা এই অরূপকাঁথা। একটা নদী বয়ে গেছে কাঁথাজুড়ে। বহু শাখা-উপশাখায় বিস্তারিত সে-নদী। যেন শেকড়ের মতো ছড়িয়ে আছে মাটিতে, বাতাসে। এক-একটি শাখা যেন মূল নদীর আত্মগোপনের পথ। কোনো কোনো শাখা যেন মূলের বিভ্রম। শাখা-উপশাখা যেন নদীর সহচরী, যেন প্রহরী, নিরাপত্তা জাল। কোনো কোনো উপশাখা যেন নদীর নাতি-নাতনি, সময়ের অনেক অভ্যন্তরে নিয়ে গেছে নদীজল। নীল সুতো ফুঁড়ে ফুঁড়ে রচনার এক দুপুরে রাঙামা বলেছিল, মৃত্যু নেই। মরণের অনেক দূরে আত্মীয়ের ধমনীতে সে বয়ে যাবে। যদি তারা ধমনীর খবর না-ও রাখে, মরু বাতাসের প্রশাসনে নদী জেগে উঠবেই, উত্তরপুরুষকে রক্ষা করা তার দায়, যেহেতু উত্তরপুরুষ তাকে রক্ষা করে। সবটাই স্বার্থের ব্যাপার রে কাঞ্চি! স্বার্থেই জীবনের অর্থ। মাচা থেকে সুতোর বাক্সটা নামা। দেখ তো, খয়েরি রং আছে কিনা, একটা পতাকা লাগবে। নদীর নিজের পতাকা থাকে। আমরা দেখি না, দেখলেও স্বীকার করি না।

বর্ষার দুপুর ছিল। ইলিশের গন্ধের মতো অভিলাষপূর্ণ ছিল বাতাস। আকাশে যেন উঠেছিল নদী। টিপটিপে বৃষ্টিতে ভিজছিল মাটি, বোধকুমারীর ঝোপ, এথেনীয় সেনার ঢালের মতো কচুপাতা, বৃন্দাখালির কথকতা। এবং নদীর নিচে বসে রাঙামা রচনা করছিল আরেকটি নদী, যা কোনোদিন ফুরোবার নয়।

কাঞ্চি, এই কাঁথা তোর। স্বপ্নমুখী মেয়ে! তুই কাঁদলে স্বপ্ন খানখান হয়ে যায়। ভাঙা স্বপ্নের দেশের মানুষ আততায়ী হয়, আত্মঘাতী হয়। কাঁদবি না। নদীকে জড়িয়ে রাখবি গায়ে।

তখন ধরণী আর কাঞ্চনমালার সঙ্গে নেই। চলে গেছে। বলে গেছে যে, ফিরবে না। কাঞ্চনমালা দুঃখ পেয়েছিল। সাতটা বছর একসঙ্গে থাকার পর বেলগাছে সূর্যোদয়ে চোখ রেখে ধরণী বলল, আমাকে যে চলে যেতে হবে, কাঞ্চন! কোথায় যাবো ঠিক নেই, হয়তো কোথাও নয়। সবার যা হয়, আমার হলো না। তুমি আমি এক হতে পারিনি। এক হওয়ার চেষ্টার নামে বা এক হয়ে যাওয়ার ভানে আমি তোমাকে প্রতারণা করে যাবো এবং তুমি আমাকে, সেটা চলতে দেওয়া ঠিক নয়।

কাঞ্চনমালা বলেছিল, ন্যাকামি হচ্ছে! মারব তোমাকে। আমি কী করে থাকব?

ধরণী বলেছিল, তুমি একাই আছো। আমি জানি। আমিও একা, তুমি জানো।

একটা নাটক বোধহয় হতে চাইছিল সে-সময়ে।

কাঞ্চনমালা বলল, আমি থাকতে পারব না।

ধরণী বলল, আমিও পারব না।

কাঞ্চনমালা বলল, তবে কেন যাবে?

ধরণী বলল, মিথ্যেটা আর সহ্য হচ্ছে না।

কাঞ্চনমালা বলল, কত ঢের মিথ্যের সঙ্গে আজন্ম কি বসবাস করি না?

ধরণী বলল, জানি তুমি এভাবেই বলবে।

কাঞ্চনমালা বলল, আমাদের সমস্ত নির্মাণটাই কি মিথ্যে নয়, ধরণী? বিশ্বাসের আঠায় জুড়ে থাকা মিথ্যের প্রাসাদ বলো প্রাসাদ, ঝুপড়ি বলো ঝুপড়ি, ভুবন বলো ভুবন।

ধরণী চুপ করে ছিল। কাঞ্চনমালা ভেবেছিল, হয়তো লোকটাকে বোঝানো যাচ্ছে। হয়তো সিদ্ধান্ত ফেরানো যাবে। জানো, ছেলেবেলায় প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়তে হতো। লক্ষ্মীকে পুজো দিতে অস্বীকার করে রাজার সে-কী দুর্গতি, ধনজন সব ছারখার। আর পুজো দিতেই সব ফেরত, সঙ্গে উপহার। পাঁচালি পড়েছি, আর মা-কে দেখেছি। কী ভয়ানক একটা মিথ্যের মধ্যে আছেন।

ধরণী চুপ করে আছে। লোকটাকে বোঝানো গেছে ভেবে সে নীরবতাকে সময় না ছেড়ে বলে, সৌন্দর্য নষ্ট করে দিও না ধরণী! হোক না মিথ্যে। ধর্ম নষ্ট করে দিও না। হোক না মিথ্যে। সত্য খুঁজতে কোথায় যাবে?

কিছু একটা বলার জন্য ধরণী বাঁ-হাতে কপালের চুল সরিয়ে ভোরের বাতাসে উদাসীন হয়ে গেল। বাসকের নিচে শালিকের দল ঝগড়া করে চাঙ্গা হয়ে নিচ্ছে।

বোসো, কিছু খাবে তো! কাঞ্চনমালা বলে, কুমু অপূর্ব পায়েস রেঁধেছে। কাল অত রাত করে ফিরলে, তাই দিইনি।

কাল রাতে যদি আমি না ফিরে অন্য কেউ আসত, যাকে তুমি চাও, জানি না সে কে, হয়তো তুমিও জানো না, তুমি কি অনেক বেশি খুশি হতে না, কাঞ্চন?যদি ঘরে ফিরে তোমার বদলে অন্য কাউকে পেতাম, জানি না সে কে, হয়তো জানা যায় না, আমি অনেক বেশি খুশি হতাম। আমি তোমাকে আদর করতে গিয়ে ভেঙে যাই। কালও ভেঙেছি। তোমাকে পাই না। তোমাকে চাই না বলেই পাই না। তুমি কি আমাকে পাও। বলতে বলতে ধরণী বারান্দায় জামাকাপড় মেলার দড়িতে হাত বোলাতে থাকল।

কাঞ্চনমালা অনেক কিছুই বলতে পারত। যেমন বলা হয় এসব ক্ষেত্রে, আমি তো পুরোনো হয়ে গেছি, নতুন মেয়েমানুষ, নতুন শরীর, এত লালসা কেন, কেন অধঃপতন, নিজেকে কী ভাবো, সেই মেয়েমানুষ সর্বনাশ করুক তোমার ইত্যাদি, যেমন থাকে উপন্যাসে, সিরিয়ালে। কিছুই বলেনি কাঞ্চনমালা। কীভাবে বলে? সে-ও যে নিজেকে ভেঙে ফেলে, ধরণীকে ভেঙে ফেলে রিনরিন দুপুরে বা বালিকার সন্ধ্যায় বা সমর্থ আদরে। ধরণী মিথ্যে বলেনি। কোনো অছিলা খাড়া করে, সম্পর্কটাকে দুঃসহ করে তুলে ও চলে যেতে পারত। ও প্রতারণা করতে চায় না, প্রতারিত হতে চায় না। ধরণীও কি স্বপ্ন দেখে? স্বপ্নটা কি প্রবলতর হয়েছে? যেমন হয়েছে কাঞ্চনমালার নিজেরও। কারও আসার স্বপ্ন। নদীকূলে এরকম হয়।

ধরণী পায়েস খেয়ে চলে গেল।

কাঞ্চনমালা দুঃখ পেয়েছিল। সাতটা বছর একসঙ্গে থাকা। হোক না অনেকটাই মিথ্যে, যেটুকু সত্য আছে তার কামড়ে রক্তাক্ত হতে হবে। কাঞ্চনমালা ভাবে, লোকটি যদি বিশ্রীরকমের ঝগড়া করে চলে যেত, তবে হয়তো তেমন দুঃখ হতো না, যা হঠাৎ একা করে দেয়। লোকটা যদি কিছুই না বলে চলে যেত, রাগ হতো, দুঃখও হয়তো একটু হতো, পলাতকের প্রতি ঘৃণা দুঃখটাকে অপ্রাসঙ্গিক করে দিত।

লোকটা চলে গেল। এবং চলে গেল এই বলে যে, এই সত্যটা ধরিয়ে দিয়ে যে, তারা ভেঙে গেছে, অন্য কোথাও পৃথক চর জাগছে যা আপাতত জলের মিহি আড়ালে ভেজা হয়ে আছে, স্বাভাবিক নিয়মে জল ছেড়ে সূর্যের নিচে নিজস্ব আকাক্সক্ষা নিয়ে দাঁড়াবে।

লোকটা চলে গেল এই বলে যে, কাঞ্চনমালাও ভেঙে গেছে। যে-কথাটা কাঞ্চনমালা প্রাণপণে গোপন রাখতে চেয়েছে ধরণীর কাছে, অথচ গোপনে লালন করেছে মনপ্রাণ দিয়ে, সেই নিভৃত স্বপ্ন এতটা প্রকাশ্য করে দিল! ধরণী হয়তো ভাঙেনি, কাঞ্চনের ভেঙে যাওয়াকে স্বীকৃতি দিয়ে, মান্যতা দিয়ে নিজেকে প্রতারক বলে চলে গেল। কাঞ্চনমালা কি কোনোদিন এভাবে সত্যটা উচ্চারণ করতে পারত? দ্বিখণ্ডিত নিজেকে আপোসের মোড়কে অখণ্ড রাখার কৌশল সে কোনোদিন ছাড়ত কি?

ধরণীর সম্মান আছে। অন্যকে সম্মান দিতে গেলে যে-সাহস লাগে তা আছে। কাঞ্চনমালার স্বপ্নকে নস্যাৎ করে আর পাঁচটা পুরুষের মতো আহাম্মক-সুখী হতে চায়নি সে। ঝগড়াঝাঁটি করে চলে গেলে, অনেকেই যেমন যায়, নতুন মেয়েমানুষের লোভে চলে গেলে, অনেকেই যেমন যায়, রাজত্ব ও রাজকন্যার টানে চলে গেলে, কেউ কেউ যেমন যায়, কাঞ্চনমালা হয়তো এরকম দুঃখ পেত না। ধরণী যে একটি সত্যের দিকে আঙুল তুলে সাত-সাতটি বছরের মিথ্যেটাকে ধরিয়ে দিল, আরো সাংঘাতিক, কাঞ্চনমালার স্বপ্নটা মেনে নিল। এরপর কাঞ্চনমালা কী করে সেই স্বপ্নটা বাঁচাবে। প্রতিকূলতার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে, বেদনা-যন্ত্রণার মধ্যে স্বপ্ন বাঁচে। স্বপ্নের বাঁচতে প্রতিপক্ষ লাগে। এখন সেসব বালাই আর রইল না। স্বপ্ন যদি মরে যায়, কাঞ্চনমালা বাঁচবে কীভাবে? তার ভীষণ রাগ হলো ধরণীর ওপর।

ধরণীর স্মৃতি নিয়ে কি বাঁচা যায়? আছে কি কিছু স্মৃতি?

একবার কোনো একটি পাহাড়ে গিয়েছিল তারা। সবাই যেমন যায়। কাজের ফোঁকর গলে সাগর বা পাহাড় বা অরণ্য বা আদিবাসী পাড়া বা দূরের নদীর জলে বা পাড়ে কিংবা গুম্ফা বা ধর্মের এক ফালি ছুটিতে দুজনে শাসনহীন সম্পৃক্ত হওয়া। মনে পড়ে, পাহাড়ের গা-বেয়ে মেঘ উঠছিল চূড়ার দিকে, দুই কিশোরী পাহাড়ের খাঁজে পা ঝুলিয়ে বসে হিরো-হিরোইনদের গল্প করছিল, রোদে ও পাথরে শীত তখন অনেকটা নরম হয়ে গেছে, বকের ডানার মতো সাদা ফ্রক উড়িয়ে এসে এক বালিকা জিজ্ঞেস করল, ‘কফি নেবেন’, অনেক নিচে নদী মরা-পচা মাছের মতো খোবলানো শরীরে লম্বা পড়ে আছে, তার অনেকটা উঁচুতে বড় বড় গাছের আদিম ছায়া চিরতরে হারিয়ে যাওয়ার জন্য ডাকে, সন্ধ্যায় বাইরে অনেক তারা ও হাতে পরিমেয় পানপাত্র, পাশাপাশি বসে খেলার খোঁজে দুজনের খেলা খেলা, বালিশের ভেতর সারারাত বরফ জমে। সেই পাহাড়ে ধরণী কতটুকু, খুব বেশি হলে নুড়ির মতো।

সাগরে সূর্যোদয় দেখবে বলে অন্ধকার ভেঙে ধরণীর হাত ধরে সৈকতে দাঁড়িয়ে কাঞ্চনমালা দেখেছিল জলের জঙ্ঘা বেয়ে চুঁইয়ে নামছে রক্ত, তারপর রক্তস্রোত, তারপর তীব্র রক্তাক্ত আকাক্সক্ষা, দুধের মতো ভোর ভোর হয়ে গেল চারপাশ, কিছু সোনালি রেখা কলকল করে উঠল কাছে-দূরে, সহসা ঠুনঠুনিয়ে হাজির একটা উট, জলের ভেতর থেকে বালির গন্ধে উঠে এসেছে যেন, বুটিদার রঙিন পাগড়ি-বাঁধা এক লোক হিন্দিতে বলল, ‘ঠান্ডা হাওয়ায় ঘুরবেন?’ ধরণী হাত টিপে বারণ করল কাঞ্চনমালাকে, দুপুরে ঢেউয়ে ঢেউয়ে, খুশির স্নান, সন্ধ্যায় কিছু কেনাকাটা, ঢেউয়ের শব্দে ঘুম ভেঙে একা জেগে থাকা রাতভর এবং একা জেগে থাকতে ভালো-লাগা। সেখানেই-বা ধরণী কোথায়, কিছু আঞ্চলিক কেনাকাটা আর সুখাদ্য সুবচনের বেশি তো নয়।

সেই যে যাওয়া হলো দূর এক নদীর গাঁয়ে, জল কম, প্রচার বেশি, মাহাত্ম্য করে সংবাদমাধ্যম, নদীর ধার ঘেঁষে জঙ্গলের ভেতর ছায়াপথ, শাল-সেগুনের সবুজে রোদের মায়া, কুয়াশায় হারিয়ে যাওয়া, জ্যোৎস্নায় গান গাওয়া, শুটিং হয় খুব, অন্ত্যোদয়-অন্নপূর্ণার গরিবস্য গরিব মানুষজন তামাশা দেখে, বাইশ হাজার কোটি টাকার বিনোদনের ইন্ডাস্ট্রি, আদিবাসী পাড়ার ছবি তোলে রাজধানীর পর্যটকরা, সুযোগ পেলে ও কায়দা করতে পারলে শহরের মঞ্চে বক্তৃতা দেয় বা কাগজে ফিচার ছাপে, আর বি পি এল কার্ডের মতো ডিঙিতে নদী পারাপার করে জন্ম-অভিশপ্ত আদিবাসীরা, যারা জেনে গেছে পরপার ছাড়া উদ্ধার নেই, সেই জঙ্গলে ধরণীর সঙ্গে বৃষ্টিতে ভিজেছিল কাঞ্চনমালা, অতিথিশালার বারান্দায় বসে দেখেছিল জ্যোৎস্না উড়ছে দলে দলে, বর্ষার মেঘের কর্তালি মানে না বলে গরদের শাড়ি জড়িয়ে মহামিছিল লাগিয়ে দিয়েছে, ধরণী কিছু কি বলেছিল, মনে নেই কাঞ্চনমালার, সে-সময়ে বাস্তবে কোনো কথা থাকে না, দু’হাতে জড়িয়ে ধরণী কাঞ্চনমালাকে ঘরে নিয়ে যায়। সেখানেই-বা ধরণী কতটুকু, জানালায় চাপা পড়ে মরে জ্যোৎস্না এবং কেয়ারটেকার আজব মাঝির কান্না করা দেশি মুরগির মাংসের গন্ধ ঘরজুড়ে।

ধরণীর তেমন জোরালো স্মৃতি থাকলে কাঞ্চনমালা স্বপ্ন বাঁচাতে পারে কি? স্মৃতি না থাকাই কি স্বপ্নের বাঁচার পরিসর? কিংবা এটাই হয়তো সত্যি যে, কাঞ্চনমালার স্বপ্ন আছে বলেই ধরণীর তেমন কোনো স্মৃতি নেই? ধরণী পুরোদস্তুর থাকলে কাঞ্চনমালার স্বপ্ন থাকতে পারে না। এটি ভেবে কাঞ্চনমালা কষ্ট পায় যে, লোকটাকে সে ঠকিয়েছে, দিনের পর দিন প্রতারণা করেছে। কথাটা স্বীকার করার সাহস তার ছিল না। ধরণীকে সে সম্মান দেয়নি। ধরণীর সাহস ও সম্মানের কাছে সে হেরে গেছে। সাত বছর সহবাসের দায় দিয়ে লোকটাকে বাকিটা সময়ের জন্য বাধ্য রাখা যাবে ভেবেছিল। নিজেকে সে ঘৃণা, ঘৃণা, ঘৃণা করতে থাকে এবং এভাবে একটা পরিত্রাণ পেতে চায়।

কাঞ্চনমালা এটাও ভাবে, ধরণীর কি সত্যি কোনো স্বপ্ন ছিল? ধরণীর কোনো স্বপ্ন থাকতে পারে? যে-মানুষটা চাহিদা লুকিয়ে রাখে, চাইতে ভয় পায়, যেটুকু না হলে নয়, সেটুকুর মধ্যে যে নিজেকে গুছিয়ে নেয়, কাঞ্চনমালার চাওয়া-পাওয়াকে নিজের চাওয়া-পাওয়া বলে বিশ্বাস করে, তার কোনো স্বপ্ন থাকতে পারে? হয়তো ছিল। আছে। শুধু প্রতারণার মধ্যে থাকতে হচ্ছে বলে এত সহজে চলে যাওয়া যায়?

খুশাই নদীর পারের মানুষের এরকম হয়।

তখনই কি যশোমতী বলেছিলেন : যারা যাবার তারা যায়। যারা যায় না তারা যাবে না, বলবে কী?

রাঙামার অরূপকাঁথা থেকে মন সরিয়ে কাঞ্চনমালা কাছে-পিঠের চারপাশে তাকায়। যে-পুকুরটা বুজিয়ে ফেলা হচ্ছে, তার বুকে অসংখ্য কলাবতী ফুটেছে, লাল নিশানের দেশ মনে হয়। রাঙামা বলেছিল, সকালে উঠে দেখি, তেভাগার লালঝান্ডায় মাঠ ভরে গেছে। নায়েবমশাই বললেন, কালীপদকে থানায় পাঠিয়েছি। ভৃগুচকের রায়বাবুকে বিহারী লেঠেল পাঠাতে বলেছি। আজ হেস্তনেস্ত হবে। নায়েবমশাইকে বললাম, কীসের হেস্তনেস্ত হবে! ওদের ভাগ ওরা পাবে। বলে দিন। এতদিন ওরা চায়নি বলে পায়নি। ওরা স্বপ্ন দেখতে শিখেছে। সেই স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার কারও নেই।

‘ভাষামন্দিরে’র ভাঙা পাঁচিল ডিঙিয়ে আজও জমেছে রোজকার যুবকরা। এরা বোতল নিয়ে বসে। পাশে থাকে চকচকে মশমশে প্যাকেটের ভেতর ঝাল-ঝট্কা। এরা ঢুক্ঢুক্ করে, জুয়া খেলে, চিক্খার মারে, তোলা তোলে, নানাবিধ ফুর্তিফার্তা করে। এদের বিরুদ্ধে কারও কথা নেই, বলতে ভয় পায়, জিনা হারাম করে দেবে। এই যুবকরা আরো আরো যুবকদের স্বপ্নের দেশের পথ দেখায়, তরুণদের স্বপ্ন দেখার মতো সাহসী হতে বলে! রাঙামা জমি দিয়েছিল ‘ভাষামন্দিরে’র জন্য। গয়না বেচে নগদ দিয়েছিল। ভাষার উন্নতির অছিলায় এসে কিছু লোক রাঙামাকে ঠকিয়েছে। লোকগুলো বলেছিল, আমাদের ভাষা বিপন্ন, মানে আমরা বিপন্ন। আমাদের ভাষার বিরুদ্ধে চক্রান্ত চলছে, মানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমাদের ভাষা যদি অচল পয়সা করে দেওয়া হয়, আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে। আমাদের ভাষা যদি ভিন্ন ভাষার প্রভাবে ঐতিহ্য থেকে সরে যায়, পূর্বপুরুষদের সম্পদ হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাবো। আমার সন্তানের কথা আমি বুঝব না, আমার কথা আমার সন্তান বুঝবে না। কী ভয়ংকর সেসব দিন! কোনো জাতি সম্ভবত এর আগে এভাবে আক্রান্ত হয়নি। আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা মরতে প্রস্তুত। কিন্তু বিনাযুদ্ধে হেরে যাবো না। আমরা একটি দুর্গ গড়তে চাই, সেখান থেকে যুদ্ধ চালাব, পালটা আক্রমণ চালাব। আপনার কাছে দুর্গের জমি চাইছি।… আরো কত কিছু বলেছিল ওরা, যেমন বলে থাকে। আজ ওরা সুসময়ে আছে, ওদের সন্তানেরা পারতপক্ষে মাতৃভাষা বলে না, ওদের ভাবশিষ্যরা তোলাবাজির ভাষায় কথা বলে। কাঞ্চনমালা শুনতে পায়, কৌরবসভার বস্ত্রহরণের খলখলানি উঠছে ‘ভাষামন্দির’ থেকে। শকুনের ডানার বাতাসের মতো অলক্ষুনে, শকুনের ঠোঁটের আঘাতের মতো হিংস্র, শকুনের চাহনির মতো গৃধূ, শেয়ালের চিৎকারের মতো অশুভ সমবায়ী শব্দ সব।

এই পরিণতি রাঙামা দেখে গিয়েছিল। যেন জানত এরকমই হবে।

তুমি জানতে? কাঞ্চনমালা জিজ্ঞাসা করেছিল।

জানতাম না বললে ভুল বলা হবে। রাঙামা বলেছিল।

তুমি জানতে এইসব হবে? তুমি জমি দিলে, টাকা দিলে?

রাঙামা হেসেছিল।

কাঞ্চনমালার রাগ ধরে যায়। তুমি জেনেশুনে ওদের কাছে ঠকলে?

ওরা কাউকে না কাউকে ঠকাত।

তুমি কেন ঠকবে?

ওরা ঠকিয়ে বেঁচেবর্তে থাকে, সুখেভোগে থাকে। ঠিকই। তবে একটা কাজ ওরা করে যায়। স্বপ্ন নিয়ে ব্যবসা করতে গেলে স্বপ্নটা তাজা রাখতে হয়। ওরা রাখে। মরে যাওয়াটা বুঝতে দেয় না। অনেকেই ঠকে। ঠকতে ঠকতে কেউ যে কোনোদিন স্বপ্নটা বাস্তব করতে আরো অনেককে নিয়ে সক্রিয় হবে না, সে-কথা কি বলা যায়? হয়তো ‘ভাষামন্দির’ একদিন সত্যিই দুর্গ হয়ে উঠবে। নিজে ঠকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখা কম বড় কথা নয়। পাঁচুরাম ঘড়ি বা নিশিকান্ত হালিও জমি দিতে পারত। কিন্তু ওদের ধান্দার সেঁকো বিষ থাকে যে। কাঞ্চি, তুই জানিস খুশাই মরে গেছে। মানিস কি?

আচমকা ধাক্কায় একটি প্রবল ‘না’ বেরিয়ে এলো কাঞ্চনমালার ভেতর থেকে।

রাঙামা গলা তীক্ষè করে বলে, সবাই জানে নদী মরে গেছে।

এবার সচেতনায় প্রতিবাদ জানায় কাঞ্চনমালা, খুশাই মরতে পারে না।

রাঙামা চুপ করে থাকে।

একদিন সে আসবে খুশাইয়ের জলে ভেসে। কে সে, জানি না। কিন্তু ঠিক চিনে নেব। ভোরের সূর্য যে-পথে খুশাইয়ের বুকে জেগে ওঠে, যে-পথে বাদল হাওয়া এসে জলকে জাগিয়ে দেয়, যে-পথে উড়ে আসে নীলকণ্ঠ, যে-পথে বাউল এসেছে, দরবেশ এসেছে, বেহুলা ভেসেছে, কত পুরাণ ও পুরাতনি গান, কত রূপকথা, সে-পথের মৃত্যু হতে পারে না।

রাঙামা বলে, চারদিকে সর্দারদের চাপে সে-পথ বাঁচে কীভাবে? ওরা যে সব পথ নিকেশ করে মুক্তির তাণ্ডবে মেতেছে। কাঞ্চি, তুমি কি বুঝতে চাও না খুশাই মরেছে বলেই বৃন্দাখালির ভাষা পালটে গেছে, কেউ কেউ ভাষাহীন হয়ে গেছে এবং স্বপ্নহীন। খুশাইয়ের সঙ্গে স্বপ্নও শেষ। তুমি তো জানো, স্বপ্নহীন দেশের মানুষ আত্মঘাতী ও আততায়ী হয়।

আমি জানি সে আসবে। শুধু প্রেম নয়, প্রীতি নয়, আরো বেশি কিছু সে। একটা শক্তি, একটা সভ্যতা, যে আমাকে জ্বলে-ওঠার কথা বলবে। আমি যে তাকে পাবো, রাঙামা! ধরণী তার কথা বলেই চলে গেছে। মিথ্যে হলে যেত না। আমিই কি যেতে দিতাম তাকে? রাঙামা, আমি যে জেনেছি, বাকিটা মিথ্যে, শুধু স্বপ্নের জোড়ে সত্যি লাগে।

তাই কি তুই কমলকাঁথা নষ্ট করে দিলি?

কাঞ্চনমালা হাসে। বলে, তুমি বুঝেছিলে?

সুপুরি কাটার শব্দ হয়। বিকেলের শেষ আলোর ওপর ফোঁটায় ফোঁটায় ঝরছিল অন্ধকার। নীল ফড়িংয়ের চোখের মতো বিষণ্ন উজ্জ্বলতা দূর পশ্চিমে। লম্বা বারান্দায় এসেছে যুগল ফিঙে সারাদিনের খেলা সাঙ্গ করে ঘরে ফেরার পথে। রাঙামা নিপুণ হাতে সুপুরি কুচিয়ে চলেছে। পেতলের যাঁতির অনায়াস ও আশ্চর্য শৃঙ্খলাবদ্ধ নড়াচড়ায় ঘন হচ্ছে একটি স্বাদ, যা প্রত্যহের ভেতরে আনন্দধারার মতো বয়ে যায়।

রাঙামা, বলে, কাঁথাটা বেশ যত্ন করে বানিয়েছিলাম।

ধরণী খুব খুশি হয়েছিল। সার সার পদ্মের সাজানো সংসার। বলত, গন্ধ পাচ্ছো তুমি? আমি পাচ্ছি। কমলবনে, শুতে পারব কোনোদিন ভাবিনি। এত সুখী হব ভাবতে পারিনি। আমাদের সংসার এরকম সুন্দর হবে। ফুলে ফুলে ভরে থাকবে। দেখেছো, রাঙামা কোথাও কাঁটা রাখেনি। ধরণী অল্পেই খুশি হয়। মানুষটি ভালোই। কিন্তু ততদিনে যেন কীভাবে টের পেয়ে গেছি, আমি ধরণীর হতে পারব না।

খুশাইয়ের কান্না শুনতে পাস, কাঞ্চি? রাঙামা বলেছিল।

হ্যাঁ।

কেন কাঁদে? শুকিয়ে যাওয়ার দুঃখে?

না।

জনপদের দুঃখে?

না। একা মানুষের দুঃখের সঙ্গী হয়ে খুশাই কাঁদে।

‘ভাষামন্দিরে’র খলখলানি ছাপিয়ে খুশাইয়ের তীর থেকে মাইকের ঘোষণা ভেসে আসে : বৃন্দাখালির অধিবাসীরা তাদের বহু আকাক্সিক্ষত রাইঘাট পেয়েছেন। মহাসমারোহে সেই ঘাটের উদ্বোধন হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন…। হাওয়া এলোমেলো করে দেয়। বৃন্দাখালির মানুষ তাদের দাবিকে জয়যুক্ত করলেন, তাদের স্বপ্নকে বাস্তব করলেন। ভেঙে ভেঙে ভেসে আসে : রাইঘাট… ভৃগুচকের রায়বাড়ি… পুণ্যবচন রাইকুমারী…, সিংহশাবককে স্তন্য দান…। কাঞ্চনমালার হাসি পায়। কতভাবেই না বানিয়ে তোলা হয়। সাদামাঠা ঘটনায় গল্প জুড়ে জুড়ে আরেকটা মিথ্যে গড়া। লোক গেছে দলে দলে উৎসব করবে বলে। আজও যাবে। আজও উৎসব হবে। হাওয়ায় ভেসে আসে : যারা বলে খুশাই মরে গেছে, তারা অপপ্রচার করে। যারা বলে খুশাই আর জলে ভরে উঠবে না, তারা মানুষের শত্রু, মানুষের কল্যাণ তারা চায় না। কাঞ্চনমালা ভাবে, রাঙামা থাকলে নিশ্চয় বলত, শোন কাঞ্চি, তোর নদী বেঁচে আছে। কাঞ্চনমালা জবাব দিত, ওদের মতো করে নয়, রাঙামা! রাঙামা বলত, ব্যবসা করতে গেলে মিথ্যেটাকে সুন্দর করে সত্য বানিয়ে রাখতে হয়। তাতে সত্যটা কোনো-না-কোনোভাবে ছোট হলেও একটা চেহারা পায়। তার দাম এখনই হিসাব করা যাবে না, কাঞ্চি! কাঞ্চনমালা জবাব দেবে, আমার খুশাই অরূপকাঁথার মতো বয়ে যায়।

দলে দলে লোক চলেছে উৎসবে। তাদের কারও হাতে টগর ফুলের সাজি, কারও হাতে গোড়ের মালা, কেউ কলাপাতায় ভরে নিয়েছে প্রচুর দোপাটি, কারো হাতে অর্ঘ্য, কেউ খঞ্জনি বাজিয়ে নেচে নেচে দুলে দুলে চলেছে, যারা দল বেঁধেছে তারা সবাই গলা ছেড়েছে, যারা দূরের গাঁ থেকে এলো তারা এ ওর গাঘেঁষে জামাকাপড় ধরে দল বেঁধে চলেছে, যারা একইরকম কথাবার্তা অভ্যাস করেছে তারা দল বেঁধে আছে, একা চলে লাভ নেই ভেবে দল বেঁধেছে, বদলার রাগে বা ভয়েও দল বেঁধেছে।

বলেছিলাম না, রাইঘাট হবে। হলো তো!

বানিয়ে ছাড়ল, হিম্মৎ আছে।

কারা যেন বলেছিল ঘাট হবে না, এবার সেই চাঁদুরা কোথায় যাবে?

কারা যেন ঘাটের বিরোধিতা করেছিল, এবার তাদের দেখে নিতে হয়।

ঘাট হলো, নদীটা যে নেই।

কে বলল?

কে?

কে?

মানুষের শত্রুটাকে চিনে নে।

নদী আলবৎ আছে।

আমরা দেখিয়ে দেবো নদী আছে।

দূর থেকে অনেকদিনের চেনা স্বর অনেকদিন পর শুনতে পায় কাঞ্চনমালা। তুমি কি উৎসবে যাবে, কাঞ্চন?

ধরণী এসেছে। কাঞ্চনমালা বলে, না গো। তুমি যাচ্ছো?

না। কাল রাতেও খুশাইয়ের কান্না শুনেছি।

আমিও শুনেছি।

খুশাই বেঁচে আছে।

আমি জানি।

দেখো, তোমার স্বপ্ন মিথ্যে হবে না। আমার স্বপ্নও। আমাদের ডিঙিগুলো ভেসে আসবেই।

আমাদের শিরায় শিরায় জলস্রোত টেনে নেব জানি।

ধরণী চলে যায় পলাশের পশ্চিমে কোথাও কাছে-দূরে। যারা যাবার তারা সবাই যায় না।