সল বেলো একটি সংক্ষিপ্ত সমীক্ষা

গত ৫ এপ্রিল, ২০০৫ তারিখ, নব্বই বছর বয়সে মারা গেলেন সল বেলো। ১৯১৫ সালের ১০ জুন কানাডার মন্ট্রিয়েল শহরের উপকণ্ঠে লাশিন (Lachine) নামক স্থানে অতি সাধারণভাবে যে-মহাজীবন শুরু হয়েছিল, তার সমাপ্তি ঘটল ওইদিন ম্যাসাচুসেট্সের ব্রুকলিনে, তাঁর নিজ বাড়িতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আমেরিকান সাহিত্যে একটি স্বতন্ত্র ধারা প্রবর্তনের পথিকৃৎ সল বেলোর জন্ম-সময়ের নাম ছিল সলোমন বেলোজ (Solomon Bellows)। পরে তা ছেঁটে তিনি Saul Bellow-তে রূপান্তরিত করেন।

১৯৭৬ সালে সাহিত্যে নোবেল পাওয়ার পূর্বেই সল বেলো যুক্তরাষ্ট্র তথা সমগ্র পৃথিবীতে অত্যন্ত উঁচুমানের এক ঔপন্যাসিক হিসেবে নিজের জন্য একটি স্বতন্ত্র অথচ সম্মানের স্থান করে নিতে সমর্থ হয়েছিলেন। আজকে মনে আসলে নিশ্চয়ই হাসির উদ্রেক করবে যে, ১৯৩৩ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হলেও নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে চলে গিয়ে সেখান থেকে ১৯৩৭ সালে সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞানে সম্মানসহ তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। না, হাসির উদ্রেক সে-কারণে নয়। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়তে চাইলে ওই বিভাগের অধ্যক্ষ তাঁকে এই বলে বিদায় করেন যে, ‘No jwe could really grasp the tradition of English literature.’ অর্থাৎ ইংরেজি সাহিত্যের ঐতিহ্য সত্যিকারভাবেই কোনো ইহুদির পক্ষে সামলে ওঠা সম্ভব নয়! অথচ শুধু সল বেলোই নন, আইজাক বাশেভিস সিঙ্গার, ইলিয়াস কানোতিসহ অনেক ইহুদি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আর সল বেলো পেয়েছেন সেই ইংরেজি ভাষাতেই সাহিত্য সৃষ্টি করে!পূর্বেই যেমন বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুক্তরাষ্ট্রীয় সাহিত্যে তিনি একটি স্বতন্ত্র ধারার প্রবর্তন করেন। বিশ্বসাহিত্যের সুবিশাল এক ঐতিহ্যের পটভূমিতে সাহিত্য, বিশেষত এর ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠতে থাকা উপন্যাস শাখাটি নিয়ে তখন চলছিল নানারূপ পরীক্ষা-নিরীক্ষা। যুক্তরাষ্ট্রে ফ্রস্ট-ফকনার-হোমিংওয়ের তখন জয়-জয়কার। নোবেল বিজয়ী আর্নেস্ট হোমিংওয়ে ‘পুরুষালি’ মার্কা যেসব প্রধান চরিত্রের পরিচয় ঘটালেন তাঁর অসাধারণ সব উপন্যাসের মাধ্যমে, সল বেলো সেগুলোকে পাশ কাটিয়ে বাস্তবধর্মী একগুচ্ছ উপন্যাস লিখলেন, যাদের প্রধান চরিত্রগুলো মূলত দুর্ভাগ্য ও নিয়তির শিকার হয়েও নিজ মহিমায় উজ্জ্বল, সর্বনাশের মধ্যেও স্বীয় স্বাতন্ত্র্যে মহিমাময়। সে-কারণে সল বেলোর প্রধান চরিত্রগুলো কাফকাধর্মী ও দস্তয়েভস্কি-ঘেঁষা হয়েও সল বেলোর নিজস্ব তুলির সুনিপুণ ছোঁয়াচে একেবারেই আলাদা জাতের, কারণ হাজারো দুর্যোগের মধ্য দিয়ে চরম সর্বনাশের মুখেও তাদের ব্যক্তি-স্বাতন্ত্র্য অটুট, মর্যাদাবোধ অক্ষুণ্ন এবং তারা উঁচু মাথা নিয়ে দাঁড়িয়ে থাকে। তবু দুর্ভাগ্য কিংবা দুর্যোগের শিকার হওয়া সল বেলোর নায়কদের যেন বিধিলিপি। এর মধ্যে আমার মনে হয় কাফকা থেকে শুরু করে প্রধান প্রধান ইহুদি লেখকদের ঐতিহ্যের ধারাবাহিকতাই যেন রক্ষিত হয়েছে। সল বেলোর নিজস্ব পারিবারিক ছোট্ট ইতিহাসটুকুও তাঁর চরিত্র সৃষ্টির উপাদান জুগিয়েছে বলে মনে হয়।

সল বেলোর বাবা আব্রাহাম (আব্রাম) এবং মা লিজা (খবংপযধ-খরুধ) লাটভিয়ার ইহুদি হলেও, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যবসা করতেন। তাঁর বাবা মিসর থেকে পেঁয়াজ ও তুরস্ক থেকে ডুমুর আমদানি করতেন। ১৯১৩ সালে তাঁরা পাড়ি জমান কানাডার উদ্দেশে এবং

আস্তানা গাড়েন কুইবেক প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলের উপকণ্ঠে

লাশিনে। এখানেই ১৯১৫ সালে জন্মগ্রহণ করেন সলোমন বেলোজ। আব্রাহাম ক্ষুদে ব্যবসায়ী হিসেবে কাজ চালিয়ে যেতে থাকেন – সঙ্গে চোরাচালান ও কালোবাজারি। ধরা পড়ে অপদস্থ হবার পর পরিবারটি ১৯২৪ সালে সল বেলোর নবছর বয়সের সময় চলে যায় যুক্তরাষ্ট্রে এবং বসবাস শুরু করে শিকাগো শহরে।

আরো অনেক প্রখ্যাত লেখকের মতোই সল বেলো প্রথম কখন সাহিত্য তৈরি করেন সে-সম্পর্কে নিশ্চিত হওয়া না-গেলেও, লেখালেখির প্রতি তাঁর অনন্যসাধারণ ঝোঁক ও অসামান্য সাহিত্যপ্রীতির সাক্ষ্য বহন করে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ার ইচ্ছা থেকেই। তবে প্রথম উপন্যাস বেরোতে আরো বেশ কবছর অপেক্ষা করতে হয়েছিল। ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, সল বেলো সেনাবাহিনীতে যোগ দিতে চান। কিন্তু হার্নিয়ার (hernia) কারণে সেনাবাহিনী তাঁকে গ্রহণ করেনি। তবে ১৯৪৪-৪৫ মেয়াদে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-জাহাজ বহরে যোগ দেন তিনি এবং ওই সময় রচনা ও প্রকাশ করেন তাঁর প্রথম উপন্যাস Dangling Man (১৯৪৪)। এই প্রথম উপন্যাসই তাঁর প্রতিশ্রুতিময় ভবিষ্যৎ লেখক-জীবনের সুস্পষ্ট ইঙ্গিতবাহী। উধহমষরহম গধহ-এর মূল চরিত্র জোসেফ (কাফকার জোসেফ কে [ক] নয়) তার চাকরি ছেড়ে দিয়ে সেনাবাহিনীর তলব পাওয়ার অপেক্ষায় বসে আছে। নিস্পৃহ, নির্বিরোধ জোসেফ জীবন সম্পর্কে কিন্তু অতি-স্পর্শকাতর। শেষ পর্যন্ত তাড়াতাড়ি তলব পাওয়ার জন্যে অনুরোধ জানিয়ে সে এক ধরনের পরাজয় মেনে নেয়। আধুনিক মানুষ তার স্বাধীনতার চাপে একঘেয়েমিজনিত ক্লান্তি ও অবসাদে ভারাক্রান্ত, অথচ আশপাশের সবার থেকে বিচ্ছিন্ন – এটিই মনে হয় সল বেলোর প্রথম উপন্যাসের মূল উপজীব্য। কাফকা তথা ইহুদি ঐতিহ্যের একটি সূক্ষ্ম অথচ সুস্পষ্ট লক্ষণ এর মধ্যে সহজেই চোখে পড়ে। ইহুদি-নির্যাতনের আরো সুস্পষ্ট ইঙ্গিতবাহী তাঁর দ্বিতীয় উপন্যাস The Victim (১৯৪৭)। এই উপন্যাসের মূল চরিত্র লেভেনথল, একজন সাংবাদিক, নিজের পেশাগত অবস্থান সম্পর্কে যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তখন ইহুদিবিদ্বেষী এক মদ্যপ পাগল তাকে পেয়ে বসে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনে যে, একসময়ে লেভেনথল তার প্রতি অবিচার করেছিল (স্পষ্টতই এর কোনো ভিত্তি নেই)। এই লোকের দ্বারা নির্যাতিত হতে হতে লেভেনথল এ-বিষয়ে সচেতন হয়ে ওঠে যে, তার ঘৃণা করার মতো কিছু একটা চাই। ওই লোককে ঘুসি মেরে লেভেনথল আবিষ্কার করে যে, তার শত্রু ও নির্যাতনকারীর সহযাত্রী সে-জীবনে, সুতরাং তারা ভাই-ভাই। উপন্যাসটির সমাপ্তি অতি সাধারণ, কিন্তু অবিস্মরণীয় একটি বাক্য দিয়ে, ‘Choose dignity. Nobody knows enough to turn it down.’ কাফকার সঙ্গে, এমনকী দস্তয়েভস্কির সঙ্গেও, এখানেই সল বেলোর পার্থক্য। এখানেই তিনি তাঁদের থেকে আলাদা এবং অনন্য।

সল বেলোর উপন্যাসের প্রধান চরিত্রগুলো দুর্ভাগ্য, নির্যাতন ও অনেক সময় অন্যায়ের শিকার হলেও কাফকার চরিত্রগুলোর মতো তারা কিন্তু নিরুপায় গোবেচারা হিসেবে এই অন্যায় মেনে নেয় না, The Victim (১৯৪৭) উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনায় তা দেখা গেল। ১৯৫৩ সালে প্রকাশিত তাঁর পরবর্তী উপন্যাস The Adventures of Augie March -এ বিষয়টি আরো যে স্পষ্টতা পায়, শুধু তা নয়, এই উপন্যাসের প্রধান চরিত্র অজি মার্চ (Augie March) যদিও অন্যায়ের শিকার, তবুও পরাজয় মেনে নেয় না। সে নিজেই মাস্তান হয়ে ওঠে, এক ধরনের পেশিচালক। অসংবদ্ধ, আপাত-বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনার সমন্বয়ে গুন্ডাশ্রেণির লোকের কাহিনীসংবলিত ‘পিকারেস্ক উপন্যাস’ (Picaresque Novel) নামে ষোড়শ শতকে স্পেনে যে-এক বিশেষ ধাঁচের উপন্যাসের উদ্ভব ঘটে, সেই পিকারেস্ক উপন্যাসের শ্রেণিভুক্ত The Adventures of Augie March থেকেই বড় ধরনের ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি মিলতে থাকে সল বেলোর। এই উপন্যাসের জন্যে তিনি প্রথম জাতীয় গ্রন্থ-পুরস্কার লাভ করেন। এর আগে ১৯৪৮ সালে দুবছরের জন্যে তাঁকে Guggenheim Award দেওয়া হলে তিনি প্যারিস ও ইউরোপের অন্যান্য স্থানে ভ্রমণ করেন। প্যারিসেই তিনি The Adventures of Augie March শুরু করেন এবং অন্যান্য স্থানে বসে তা শেষ করেন। তাঁর কথায়, ‘Not a single word of the book was composed in Chicago.’ অজি মার্চ শিকাগোর এক অভিবাসী ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে, ১৯২৯ সালের মহামন্দার পূর্বে। তার মা হতদরিদ্র, প্রায় অন্ধ। ছোটভাই জর্জ প্রতিবন্ধী, আর বড়ভাই সাইমন যত দ্রুত সম্ভব ধনী হতে চায়। কিন্তু প্রত্যেকেই, ঔপন্যাসিকের ভাষায়, অসময়ে দুরবস্থার তলব পেয়ে যায়। অসম্ভব সব অভিজ্ঞতার মধ্য দিয়ে, মূল্যবোধ, নৈতিকতার কোনো তোয়াক্কা না-করে ধাক্কা মেরে মেরে এরই মধ্যে এগিয়ে যায় অজি মার্চ। দুরবস্থা, দুর্যোগের শিকার সে, তবুও তা কাটিয়ে উঠে এই নিষ্ঠুর পৃথিবীতে নিজের স্থান করে নেয়।

প্রায় চোদ্দ-পনেরোটি উপন্যাস, কয়েকটি নাটক, দুতিনটি গল্প-সংগ্রহ এবং একাধিক প্রবন্ধ-সংগ্রহ প্রকাশিত হয়েছে সল বেলোর। এর সবগুলো নিয়ে আলোচনা স্বল্প-পরিসর এই রচনায় সম্ভব নয়।

বাস্তবিকপক্ষে, তাঁর লেখালেখির সামগ্রিক মূল্যায়ন করে বেশ বড় আকারের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এই ক্ষুদ্র নিবন্ধে আমরা তাই তাঁর সামগ্রিক মূল্যায়নের প্রয়াস নেইনি। তাঁর লেখা প্রধান প্রধান কয়েকটি উপন্যাস নিয়ে অতি-সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তাঁর লেখার মোটা দাগের একটি মূল্যায়নের প্রয়াস পেয়েছি মাত্র, কোনোমতেই একে সামগ্রিক মূল্যায়ন, এমনকী তার প্রচেষ্টা, হিসেবেও বিবেচনা করার অবকাশ নেই।

ইতোমধ্যে, Sei“e the day (১৯৫৬) এবং Henderson the Rain King (১৯৫৯) নামে দুটো উপন্যাস প্রকাশিত হলেও, ১৯৬৪ সালে প্রকাশিত Heryog তাঁর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত। এ-উপন্যাসটির জন্যেও তিনি জাতীয় গ্রন্থ-পুরস্কার পান। প্রকৃতপক্ষে, এই পুরস্কার পান তিনি তিনবার, পুলিৎজার পুরস্কার পান একবার এবং ফরাসি দেশের সর্বোচ্চ সাহিত্যপুরস্কার পান একবার। ঐবৎুড়ম উপন্যাসের মূল চরিত্র মোজেস ই হারজগ (গড়ংবং ঊ. ঐবৎুড়ম) মধ্যবয়সী এক ইহুদি বুদ্ধিজীবী। জীবন নিরর্থক মনে হচ্ছে তার কাছে, স্তব্ধ হয়ে গেছে সেই জীবনের অগ্রগমন। আত্মহত্যার চিন্তা করছে হারজগ। তারপর একে একে সুদীর্ঘ চিঠি লেখে সে নীট্শে, হাইডেগার, আদলাই স্টিভেনসন, প্রাক্তন স্ত্রী ম্যাডেলিন ও প্রভুর উদ্দেশে। জীবন, জগৎ, জীবনের অর্থ-নিরর্থ ইত্যাদি বিষয়ে অতিমাত্রায় বিচলিত তার বুদ্ধিবৃত্তি কঠিন জিজ্ঞাসায় ভরে তোলে এসব চিঠি। একাধিক স্ত্রীর নিকট থেকেও যন্ত্রণা পেয়েছে হারজগ, বিশেষত দ্বিতীয়া স্ত্রী এক অপরিসীম যন্ত্রণায় বিদ্ধ করেছে হারজগের জীবন। এত যন্ত্রণা, এত নির্যাতনের পরও কিন্তু শেষমেষ হারজগের মনে হয় যে, জীবন তাকে সন্তুষ্টিই দিয়েছে। উপন্যাসের শেষ ছত্রটি এভাবে লেখা হয়, ‘At this time he had no message for aûone. Nothing. Not a single word.’ অর্থাৎ এই সময়ে কারো উদ্দেশে কোনো বাণী নেই তার। একেবারেই কিচ্ছু না। সাদামাটা কোনো-একটি শব্দও নয়। অদ্ভুত এক সমাপ্তি। এক মহাশূন্যতায় যেন শেষ হয় কাহিনী – এবং হারজগের জীবন। সেখানে নেই কোনো হাহাকার, কোনো আর্তনাদ, অথচ অপরিসীম এক যন্ত্রণাবিদ্ধ জীবনেও যেন খুঁজে পাওয়া গেছে বেঁচে থাকার অর্থ। এই-ই সল বেলো। এর অবশ্য কারণ আছে। দস্তয়েভস্কির মতো সল বেলোও বিশ্বাস করেন যে, একটা বিশেষ বয়সের পরে বিবেক থাকলে চিরস্থায়ী নরকবাস অনিবার্য। তাঁর এবং দস্তয়েভস্কির নায়কেরা কখনো সফল কোনো সমাপ্তিতে উপনীত হতে পারে না, কারণ সবকিছুর চেয়ে নিজ নিজ যন্ত্রণাকেই তারা অধিকতর ভালোবাসে। ছিমছাম বুর্জোয়া জীবনদর্শন কিংবা ধর্মবিশ্বাস যে এক ধরনের শাস্তি দিতে পারে, তাদের অস্তিত্ববাদী জীবনের অন্তর্লীন যন্ত্রণার সঙ্গে তার বিনিময় তারা করতে চায় না। সম্ভবত আমাদের এই সময়ে এবং জমানায়, এই জীবন-যন্ত্রণাকেই তারা বীরত্বের শেষ দুর্গ বলে মনে করে। প্রখ্যাত সমালোচক চার্লস সিমিক Nwe york Reviwe of Books -এর ২০০১ সালের ৩১ মে সংখ্যায় সল বেলো সম্পর্কে এমনই একটি মন্তব্য করেছিলেন।

Heryog ছাড়াও The last analysis, The Dean’s December, More Die of Heartbreak এবং Humboldt’s gift নামে আরো বেশকটি অসাধারণ উপন্যাস রচনা করেন তিনি। এর দু-একটি ছাড়া প্রায় সবকটিতেই অভিবাসী বুদ্ধিজীবী ইহুদিদের যন্ত্রণাক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি থাকলেও, তারা কোথাও পরাজয় মেনে নেয় না। এজন্য কেউ কেউ তাঁকে ইহুদিবাদী সাহিত্যিক হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করলেও তা আসলে তিনি নন। তাঁর নিজের ভাষায়, ‘I am an American writer who happens to be a jew.’ অর্থাৎ ঘটনাক্রমে ইহুদি হলেও আমি একজন আমেরিকান লেখক। তাঁর মা লিজা লেখকের সতেরো বছর বয়সের সময় মারা যান। মাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। তিনি নিজেই বলেছেন যে, মা মারা যাবার পর জীবন আর কোনোদিন আগের মতো হবে না। এই মায়ের কাছেই তিনি হিব্রু এবং ইদ্দিস ভাষা শিখেছিলেন। আমরা অনেকেই জানি যে, সাহিত্যের আরেক নোবেল বিজয়ী ইজাক বাশেভিস সিঙ্গার পৃথিবীতে মাত্র কয়েক হাজার লোকের ভাষা এই ইদ্দিসেই রচনা করেছেন তাঁর সাহিত্যকর্ম। তিনি নিজে এবং সল বেলোও এই লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করেন।

জনপ্রিয় এবং প্রখ্যাত শিল্পীদের ব্যক্তিজীবন সম্পর্কে ভক্তদের আগ্রহ সর্বকালীন। সল বেলোও এর ব্যতিক্রম নন। তাঁর উপন্যাসের প্রধান প্রধান সব চরিত্র তাঁর নিজের মতোই অভিবাসী ইহুদি বুদ্ধিজীবী। তাঁদের অনেকেই তাঁর মতো অনেকগুলো বিয়ে করেছে এবং বিয়ে-বিচ্ছেদও ঘটেছে অনেক। স্বভাবতই, পাঠক-সমাজে একটি প্রশ্ন দেখা দেয় যে, তাঁর প্রধান উপন্যাসগুলো আত্মজৈবনিক কিনা। যদিও, একটু পূর্বেই যেমন বললাম, তাঁর প্রধান চরিত্রের অনেকগুলোর সঙ্গে সল বেলোর ব্যক্তিজীবনের অনেক মিল খুঁজে পাওয়া গেলেও, সার্বিকভাবে তাঁর উপন্যাসসমূহ আত্মজৈবনিক নয়। এ-নিয়ে একাধিকবার সল বেলো নিজেই আলোচনা করেছেন। তিনি বলেছেন যে, উপন্যাসের চরিত্রগুলো যে-কথা বলে, যা চিন্তা করে কিংবা যে-সমস্ত ঘটনা ঘটে তাদের জীবন-জগতে, পাঠক-সাধারণ জানতে চান সেগুলো লেখকের জীবন কিংবা চিন্তার প্রতিফলন কিনা। সল বেলো বলেছেন যে, বাস্তব অভিজ্ঞতালব্ধ কিছু ঘটনা কিংবা নিজের কিছু চিন্তা কিছু কিছু কোথাও এসে থাকলেও এগুলো নিছকই কল্পনা। আমার মনে হয়, এ-কথা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। সল বেলোর ব্যক্তিজীবনও অবশ্য কম বর্ণাঢ্য নয়। প্রথম জীবনের খানিকটা ইতোমধ্যেই ছুঁয়ে এসেছি আমরা। তিনি অধ্যাপনা করেছেন অনেকগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা করেছেন, যুদ্ধক্ষেত্র থেকে সাংবাদিকতাও করেছেন, সম্পাদনা করেছেন সাহিত্য-সাময়িকীর। এছাড়া, বক্তৃতা দিয়েছেন অনেক, লিখেছেন অনেক নিবন্ধ। তাছাড়া, তাঁর মতো উঁচুশ্রেণির এক বুদ্ধিজীবী ঔপন্যাসিকের লেখায় নিজ চিন্তার কোনো ছোঁয়াচ থাকবে না – একথা ভাবা যায় না।

শেষ বয়সের দিকে, ১৯৯৩ সালে, শিকাগোর পাঠ চুকিয়ে দিয়ে বস্টনে এসে বসবাস শুরু করেন সল বেলো। পুরনো বন্ধুদের কবর পেরিয়ে পেরিয়ে চলতে খারাপ লাগছিল বলে এমন করেন বলে মন্তব্য করেছিলেন তিনি। শেষ বয়সে, ১৯৮৯ সালে, Jansis Freedman নামের এক মহিলাকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সালে, তাঁর চুরাশি বছর বয়সে, নাওমি নামে একটি মেয়ে জন্মগ্রহণ করে। ২০০৫ সালের ৫ এপ্রিল সল বেলো যখন মারা যান তখন এই মেয়ের বয়স মাত্র পাঁচ-ছয় বছর।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময়ে Newsday পত্রিকার হয়ে যুদ্ধ-সাংবাদিক হিসেবে যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ পাঠিয়েছেন তিনি। পরে ১৯৭৫ সালে মাস কয়েকের জন্যে ইসরায়েল সফর করেন তিনি। এই অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি লেখেন To Jerusalem and back। এটি তাঁর উল্লেখযোগ্য একটি বই। আগেই যেমন বলেছি, ইহুদিবাদী লেখক তিনি নন, তবুও তাঁকে ‘Jewish Heritage Award’ দেওয়া হয় Excellence in Jewish Literature -এর জন্য। পূর্বেই যেমন বলেছি, এই স্বল্পপরিসর রচনা সল বেলোর

সামগ্রিক মূল্যায়নের কোনো প্রচেষ্টা নয়। সফল সুদীর্ঘ জীবনের অবসান হয়েছে তাঁর সম্প্রতি। তাই মূলত স্মৃতি-তর্পণের উদ্দেশ্যে রচিত এই ক্ষুদ্র নিবন্ধে তাঁর লেখা ও প্রধান উপন্যাসগুলোর মূল উপজীব্যের সঙ্গে পাঠক-সমাজের পুনর্বার পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই লেখা।