শুধু দীর্ঘজীবন পাওয়ার জন্য নয়, সক্রিয় থাকার কারণেও চল্লিশের দশকের প্রধান কবিদের মধ্যে জায়গা পেয়েছেন সুভাষ মুখোপাধ্যায় আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
রবীন্দ্রপ্রভাব থেকে মুক্ত হওয়ার আন্দোলনে, কাব্যের ভাষাকে আটপৌরে করে তোলার আন্দোলনে, চল্লিশের কবিরা তিরিশের লেজুড় হিসেবেই পরিচিত। অরুণকুমার সরকারের মতে, আপাতত অবস্থাটা কতকটা তা-ই ছিল বৈকি। তিনি এ-কথাও মনে করিয়ে দিয়েছেন যে, চল্লিশের কবিদের অনেকটা শক্তি রাজনীতির সেবায় ক্ষয়প্রাপ্ত হয়েছিল। নীরেন্দ্রনাথ সে-অর্থে রাজনীতির সেবাকরেননি, যতটা সুভাষ মুখোপাধ্যায় করেছিলেন। তাঁর কবিতা প্রথম থেকেই ভারমুক্ত ও ইঙ্গিতধর্মী – কিছুটা সাংবাদিক ছোঁয়া তাতে লেগে থাকে, তার ফলে সেগুলি প্রচণ্ড জনপ্রিয়তা পায়।
‘লেখার লক্ষ্য’- ছোট প্রবন্ধে তিনি প্রথমেই সমাজকল্যাণের প্রসঙ্গ তুলে জানাচ্ছেন, সাহিত্যের দ্বারা কী কী জনকল্যাণকর কার্য সাধিত হতে পারে, তা আমাদের আলোচ্য বিষয় নয়। তারপর বলছেন, আমরা লিখি জীবনকে জানবার জন্যে। আমাদের অভিজ্ঞতা আমাদের অনুভূতিকে সম্পূর্ণ করবার জন্যে। যেহেতু জীবনে এই অভিজ্ঞতা আর অনুভূতি অসম্পূর্ণ থাকে তাই সৃজনশীল লেখালেখি দ্বারা, আমরা তা সম্পূর্ণ করি। না-লিখেই যদি সেই সম্পূর্ণতাকে অর্জন করা যেত, আমরা লিখতুম না।
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। সাংবাদিকতায় হাতে-খড়ি দৈনিক প্রত্যহ পত্রিকায়। অন্যান্য নানা সংবাদপত্র ঘুরে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। সম্পাদনা করেছেন আনন্দমেলা পত্রিকা। কবিতা ছাড়াও লিখেছেন উপন্যাস, কবিতার ক্লাস নামক প্রশিক্ষণ-গ্রন্থ এবং নিশ্চয় কিছু সম্পাদকীয় নিবন্ধ, যা অস্বাক্ষরিত। ১৯৭৪ সালে পঞ্চাশ বছর বয়সে অকাদেমি পুরস্কার পান উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। ২০০৪ সালে ওঁর বয়েস আশি বছর পূর্ণ হলো।
নীল নির্জন তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি বিখ্যাত হয়ে যান। খ্যাতি পাওয়ার অন্যতম কারণ, তার প্রকাশক ছিল সিগনেট প্রেস, যাদের মলাট, ছাপা, বাঁধাই, কাগজ ছিল প্রথম শ্রেণির। একটিমাত্র অসন্তোষের কাজ করেছিলেন স্বত্বাধিকারী ডি. কে. – তিনি মলাটে কবির নাম ছেপেছিলেন নীরেন্দ্র চক্রবর্তী।
‘নাথ’ বাদ দিয়ে। যেমন প্রেমেন্দ্র মিত্র। পরের বই থেকে তিনি আবার সনাথ হন।
এই বই প্রকাশের পেছনে আরেকটি ছোট্ট কাহিনী আছে।
নরেশ গুহের দুরন্ত দুপুর বের করার পর ডি. কে. দ্বিতীয় বইটি বের করতে চেয়েছিলেন অরুণকুমার সরকারের। পাণ্ডুলিপি জমা দিতে তাঁর দেরি হচ্ছিল, তখন তিনি নীরেনবাবুকে বললেন, তাঁর পাণ্ডুলিপি আগে জমা দিতে। জমা দিলেন। অরুণকুমার সরকারের কাব্যগ্রন্থ আর সিগনেট প্রেস প্রকাশ করেনি। একে কী বলব? ভাগ্য? নীরেন্দ্রনাথ ভাগ্যবান, তিনি প্রথম গ্রন্থেই সংবর্ধিত হলেন, দীর্ঘায়ু পেলেন, আজ তিনি যশ ও প্রতিষ্ঠার শিখরে আসীন আর অরুণকুমার সরকার সমান শক্তিশালী কবি হওয়া সত্ত্বেও প্রচারের অভাবে আজ প্রায় বিস্মৃত। এই মন্তব্যের একটি ব্যাখ্যা নীরেন্দ্রনাথ ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে তাঁর সংবর্ধনা-সভায় দেন। সেটি হলো, অরুণকুমার এর আগেই তাঁর পাণ্ডুলিপি জমা দিয়েছিলেন মিত্রালয় সংস্থায়। নীরেন্দ্রনাথকে এগিয়ে দিয়েছিলেন এই কারণে যে, তিনি অনেক লিখবেন, না লিখে তাঁর উপায় নেই, আর অরুণকুমারের বেশি না লিখলেও চলবে। অরুণকুমারের এই বন্ধুকৃত্য ও নৈর্ব্যক্তিক মনোভাব স্মরণযোগ্য।
১৯৬০ সালে আমরা কৃত্তিবাস প্রকাশনী থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলাম, নাম অন্ধকার বারান্দা। দাম আড়াই টাকা। উৎসর্গ শ্রীসন্তোষকুমার ঘোষ বন্ধুবরেষু – পরে সন্তোষকুমারের কন্যার সঙ্গে নীরেন্দ্রনাথের পুত্রের বিবাহ হয়। প্রচ্ছদ এঁকেছিলেন পূর্ণেন্দু পত্রী।
বিমল কর তাঁর একটি স্মৃতিকাতর রচনায় নীরেন্দ্রনাথের প্রসঙ্গ তুলেছেন। সেটি পাঠ করলে তাঁর ব্যক্তিত্বের একটুখানি প্রকাশ পাবে। বিমল কর লিখছেন,
তোকে একটা গল্প দিচ্ছি, ভালো গল্প; পড়ে দেখবি। এই বলে নীরেনদা আমাকে একটা লেখা এগিয়ে দিল।
কার লেখা?
নামটা লেখাই আছে। …দে, একটা সিগারেট দে। বলে নীরেনদা সিগারেট ধরিয়ে তার ঘরে চলে গেল।
তখন আমরা পাশাপাশি ঘরে বসতাম। দেশ পত্রিকার অফিস ছিল লম্বা বারান্দা ঘেঁষে বড়সড় ঘর। সবাই একসঙ্গে বসতাম। পাশেই ছিল আনন্দবাজার রবিবাসরীয় দপ্তর। নীরেনদা ছিল রবিবাসরীয়তে।
একটা কথা এখানে বলে রাখা দরকার। নীরেন্দ্রনাথ
চক্রবর্তী যে আমার চেয়ে বয়েসে বড়ো তা নয়, বরং
বছর কয়েকের [৩ বছরের] ছোট। তবু তাকে নীরেনদা
বলি যে সেটা খানিকটা অভ্যাসবশে। আমার চেয়ে মাথায় লম্বা, অল্পবয়স থেকেই মাথার চুলগুলো পাকিয়ে একেবারে শাদা ধবধবে করে ফেলেছে। তার ওপর নীরেনদা হলো আমাদের সমসাময়িক কালের বড়ো কবি। গৌরবে বহুবচন প্রয়োগের মতনই যেন তাকে সম্বোধনে মান্য করে
নীরেনদা বলি। আজ বছর তিরিশের বেশি নীরেনদা আমাদের বন্ধু।
(এটা কুড়ি বছর আগের লেখা। যে-গল্পটির কথা বলা হচ্ছে, তার লেখক ছিলেন সুধাংশু ঘোষ)।
একটু আগে অনুভূতি আর অভিজ্ঞতার কথা বলা হলো, যা সম্পূর্ণ করতে আমরা লিখতে বসি। এই দুটি শব্দের মধ্যে আরো অনেক কথা আছে। আমাদের মন আর শরীরের বাইরের যে-জগৎ সেখানকার দৃশ্য আর ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, তারপর আমাদের মনের মধ্যে তার প্রতিফলন বা প্রতিস্পন্দন ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে স্বগতোক্তির মতো কিছু উচ্চারণ যদি উঠে আসে,নির্গত হয়, তবে তা ভালো কবিতা বলে গণ্য হবে। এর মধ্যে আবেগ থাকবে, কল্পনাশক্তির কাজ থাকবে, স্মৃতি থাকবে, বোধ থাকবে, উপলব্ধি থাকবে। অভিজ্ঞতা ছাড়াও কবিতা হয় শুধু কবির ভাবনা নিয়ে, আশা-আকাক্সক্ষা, ভয়, আর্তি ও কামনা নিয়ে।
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে-কটি কবিতার
বই হাতের কাছে পেলাম, পড়লাম। মনে
হলো, প্রকরণগতভাবে অনেক যত্নে, গুছিয়ে, বাছা-বাছা শব্দে বেঁধে তিনি এক-একটি কবিতাকে নির্মাণ করেছেন। মনে হলো, তাঁর পর্যবেক্ষণশক্তির প্রকাশ তাঁর কবিতার মধ্যে প্রবলতর। তিনি মুগ্ধ, ভাবুক, আত্মকেন্দ্রিক কবি নন। তিনি একটি সামাজিক মাত্রার মধ্যে নিজেকে স্থাপিত করে রাখতে ভালোবাসেন।
তাঁর শব্দব্যবহার সাবধানী; স্বেচ্ছাচারী নয়।
তাঁর দৃষ্টি পাঠকের দিকেও নিবদ্ধ। আমি
বলতে চাইছি, তাঁর সৃজনকর্মে যেমন
শিল্পবোধ কাজ করে, পরিবেশনকর্মেও তিনি সুগৃহিণীতুল্য।
একটি উদাহরণ দিই : ‘প্রিয়তমাসু’ (অংশ)
তুমি বলেছিলে, ক্ষমা নেই, ক্ষমা নেই।
অথচ ক্ষমাই আছে।
প্রসন্ন হাতে কে ঢালে জীবন শীতের শীর্ণ গাছে
অন্তরে তার কোনো ক্ষোভ জমা নেই।
তুমি বলেছিলে, তমিস্রা জয়ী হবে।
তমিস্রা জয়ী হল না।
দিনের দেবতা ছিন্ন করেছে অমারাত্রির ছলনা
ভরেছে হৃদয় শিশিরের সৌরভে।
তুমি বলেছিলে, বিচ্ছেদই শেষ কথা।
শেষ কথা কেউ জানে?
কথা যে ছড়িয়ে আছে হৃদয়ের সব গানে,
সবখানে
তারও পরে আছে বাঙ্ময় নীরবতা।
সুঠাম ছন্দ আর স্বাভাবিক মিল যে কবিতাকে স্মরণীয় হতে সাহায্য করে, এতে কোনো ভুল নেই। নীরেন্দ্রনাথ ছন্দের ব্যবহারে বিশেষজ্ঞ। যে-কৌশল তিনি কবিতারচনার মধ্য দিয়ে আয়ত্ত করেছেন, তা নিজের মধ্যেই আবদ্ধ রাখেননি, সাধারণ পাঠকসমাজে, ছাত্র ও তরুণ কবিদের মধ্যে প্রচারিত করেছেন। তাঁর কবিতার ক্লাস নামক বইটি সকলের পড়া উচিত।
প্রসঙ্গ বাংলা কবিতা সংকলনগ্রন্থে তাঁর একটি প্রবন্ধ আছে। তার নাম, ‘কবিতা নিয়ে ভাবনা’। তাঁর একটি ভাবনা হলো এই যে, বর্তমান জীবনে মানুষের গতি বেড়েছে
প্রগতির নামে, কিন্তু সেই অনুপাতে বিরতির ব্যবস্থা নেই।
চলন্ত ট্রেনের কামরার মধ্যে বসে-থাকা মানুষের মতো দৃশ্যের পর দৃশ্য চোখের সামনে ভাসছে, কিন্তু থাকছে না। দ্রুত তা সরে যাচ্ছে পেছনে, উপলব্ধি করতে না করতে মিলিয়ে যাচ্ছে।
দৃশ্যাবলি যেমন দ্রুত ছুটছে, বিশ্বজুড়ে তেমনি দ্রুত ঘটে চলেছে অসংখ্যরকমের ঘটনা। কোনোটিরই গুরুত্ব কম নয়, অথচ দ্রুত ঘটছে বলে আমরা তাদের তাৎপর্য উপলব্ধি করতে পারছি না ঠিকমতো। দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত ঘটনাস্রোতের গতি ছিল অনেক মন্থর। মানুষের হাতে অবকাশ ছিল।
আজকের মানুষ যেন বড্ড তাড়াতাড়ি বড্ড বেশি উন্নতি করে ফেলেছে, ফলে সে তার উন্নতির টাল সামলাতে পারছে না।
প্রসঙ্গত, এ-কালের কবিতা বিষয়ে তিনি বলছেন – ‘পড়তে পড়তে অনেক সময়েই আমার মনে হয়, ইতস্তত যেন বা অনেক ফাঁক রয়ে গেল। ছবিটা ঠিক সম্পূর্ণ হলো না। এক পলকে দেখা নিসর্গ কিংবা মানুষকে তাতে কোনোক্রমে চিত্রিত করা হয়েছে, যেন দেখা এবং লেখা, এই দুটি কাজই অতি দ্রুত সমাধা হয়েছিল। যেন যে-বিষয়ে যিনি লিখেছেন তাকে ভালো করে পর্যবেক্ষণ করবার মতো সময় কিংবা সুযোগ তাঁর ছিল না। এবং লেখার মধ্যে যখন আবার নতুন করে তাকে নির্মাণ করেছেন, তখনও তিনি যতটা দরকার ততটা সময় কিংবা একাগ্র আগ্রহ দিতে পারেননি।’
কবির জীবন বড়ো দুঃখের। বলেছেন
সুনীল গঙ্গোপাধ্যায়। এমনকী সফল কবিও মনে মনে অপরিতৃপ্ত। সুভাষ মুখোপাধ্যায় ও নীরেন্দ্রনাথ চক্রবর্তী – এই দুজন কবির সঙ্গে মেলামেশা করে আমার তা মনে হয়নি। তাহলে বাংলাভাষায় গত ১০/১৫ বছরে এত বেশিসংখ্যক তরুণ কবি জেগে উঠলেন কীভাবে ও কেন? তাঁরা সকলেই যথেষ্ট দক্ষ ভাষাশিল্পী নন, অনেকের ছন্দোজ্ঞান অপরিণত, তবু লিখে যাচ্ছেন। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাঁদের লেখা ছাপিয়েও যাচ্ছেন। তাঁদের জানা উচিত, চোরাপথে বড়লোক হওয়া যায়, কবি হওয়া যায় না। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে নেহাতই তাঁরা যদি কবিতাকে অবলম্বন করতে চান, তবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো নিষ্ঠাবান মানুষকে অনুসরণ করুন। তাঁর আজীবন সুলিপিচর্চার আদর্শকে সামনে রেখে সৃজনশীল কাজে যুক্ত হোন।

Leave a Reply
You must be logged in to post a comment.