পারবে নাকি মানবকে নিয়ে যেতে মহিমার দিকে?

কবিতা, তুমি কি আমাকে আচমকা একদিন

ভীষণ হেলায় চলে যাবে ভয়ংকর বিরানায়?

এই যে তোমার জন্য এই বয়সেও

দিনরাত তোমাকেই মনপ্রাণ অকুণ্ঠ করেছি সমর্পণ,

সে-তো তুমি ছাড়া অন্য কারো জানা নেই।

তুমিই তো জানো শুধু প্রতি মুহূর্তের রক্তক্ষরণ আমার।

তোমাকে পাওয়ার জন্য কত যে পথের

কাঁটার জুলুম সয়ে যেতে হয়, সে-খবর

তুমি ছাড়া অন্য কেউ বোঝে না কখনো। কিন্তু আমি

প্যানপ্যানে নালিশের ফিরিস্তি সাজিয়ে

কান্নাকাটি করি না কোথাও। সয়ে যাই অবহেলা,

এমনকি ছদ্মবেশী টিটকিরি – এমনই জীবন।

সমাজে ব্যবসা-বাণিজ্যের জমকালো সাফল্যের

ঝলসানি বড় বেশি উজ্জ্বল করেছে

যাদের, তাদের অবহেলা কিংবা ছদ্মবেশী

আদব, তাদের দেখে আমার কি হিংসা হয় খুব?

কখনো তা নয়। সত্যি বলছি কবিতা, কাঁটা আর বেদনার

আঘাত সত্ত্বেও উহাদেরি কাছে বড় বেশি ঋণী বোধ করি।

কখনো কখনো অকস্মাৎ ভ্রমবশত নিজেকে

জ্যোৎস্না-স্নাত রাতে দিব্যি মনে হয় মাননীয় নেতা,

যার নির্দেশের প্রতি আস্থাবান হয়ে জনগণ মেতে ওঠে

আন্দোলনে। সমাজের কল্যাণের, সৌন্দর্যের জন্য হেঁটে যায়

ক্লান্তিহীন বহুদূরে। কবিতা, তোমার ভাষা, ছন্দ

প্রদীপ্ত করবে নাকি মানবকে নিয়ে যেতে মহিমার দিকে?

১৬/৪/২০০৫