জেনো, ঊষর মরুদ্যানের ভেতরও অতি সংগুপ্ত
এক ফুল ফুটে আছে;
হিসহিসে সরীসৃপের পিঠ থেকে নামা রোদে
দিগন্ত ঝলসায়।
সেই বৈরী জলশূন্য হাওয়ায়
নম্র ও অতিদর্প ফুলও তাকায়।
অতিকায় অতীতের মতো কাঠিন্য ধরে রাখা
পাথরে পাথরে।
জেনো, আকাশগঙ্গার অতি ঘনিষ্ঠ নক্ষত্র সংসারে
বিরল এক তারা ফুটে আছে;
গ্রহাণুপুঞ্জের শিরদাঁড়া বেয়ে নামা আলোয়
ছায়াপথ ঝলসায়।
সেই উজ্জ্বল মহাশূন্যতায়
অতিবেগুনি রশ্মির এক নক্ষত্র তাকায়।
অতিকায় মহাবিশ্বের বুকে থরে থরে সাজানো গোলকে
ঐশ্বরিক ইঙ্গিতের এক মর্মবাণী নীরবে পৌঁছে গেছে।
মরুদ্যানের ফুল মহাকাশের পানে মুখ তুলে আছে,
মহাকাশের নক্ষত্র গভীর বিস্ময়ে মরুদ্যানের ফুলটি দেখছে।

Leave a Reply
You must be logged in to post a comment.