প্রতিধ্বনি : শহীদ কাদরী

ওড়ে পরাক্রান্ত সময়ের দুঃখী চিল,

দূর জানালায় কেমন আছেন শহীদ কাদরী, করতলে ফোটে অন্ধ রাত

স্বপ্নহীন মৃত বোধের অলক্ষ্যে ঝরে পড়ে কুমারী ভোরের রোদ ঝিলমিল;

মুগ্ধ মুহূর্তের নিঃসঙ্গ গোলাপ; নির্বোধ নগরকর্তা খোঁজে ভেলকি করাত

কেটে দিতে জোছনাবৃক্ষের নির্মল চাদর, জীর্ণ ধুলোর ভেতর টেনেটুনে

মেলে ধরে বিবর্ণ সভ্যতা; ধূলি ওড়ে, বাতাসের অবাধ্য ডানায় উড়ে যায়

মেঘময় কুয়াশা তুষার; তবু কেউ কুটিল সুতোয় বিনাশের জাল বোনে,

আকাক্সক্ষার ডাকঘরে পোস্ট করে গূঢ় অন্ধকার; দৌড়ুতে দৌড়ুতে ক্লান্ত পা’য়

দু’হাতে রাত্রির অন্ধ-বন্ধ গিঁট খুলে ডাক দিই তেপান্তরের উদাস মাঠে,

শীতার্ত স্তব্ধতা, ফিরে আসে খাঁ খাঁ বুকে শূন্যতার দাহ, আঁধারে শোনে না কেউ;

শহীদ কাদরী হেঁটে যান – ঝড়ো হাওয়ায় তোলপাড় করে প্রতিধ্বনি কাটে,

চতুর্দিকে নষ্ট ষড়যন্ত্র, দরোজা খোলে না কেউ, ওঠে বিষাদকালের ঢেউ;

কারা যেন গভীর গোপনে লাবণ্যবাতাসে সেঁটে দিয়েছে অশ্লীল কারফিউ