তিরিশের যে পাঁচ কবি রবীন্দ্রবলয়ের মোহাচ্ছন্নতা ঘোচাতে নিরলসভাবে সচেষ্ট ছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত তাঁদের অন্যতম। তিনি বাংলা কাব্যাঙ্গনের এক আভিজাত্যময় কবি-পুরুষ। বহুলাংশে আধুনিকতার বৈশিষ্ট্যকে ধারণ করে তিনি একাধারে রোমান্টিক ও নিঃসঙ্গের কবি। একই সঙ্গে পুরোমাত্রায় ঐতিহ্যসচেতন। কিন্তু নিজস্ব পথ তৈরি করেছেন ব্যক্তিক প্রতিভার সঙ্গে পরিশ্রমলব্ধ জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে। কবি সুধীন্দ্রনাথ স্বভাবকবি নন কিংবা স্বভাবজাত আবেগের তরল ব্যবহার নেই তাঁর কাব্যে। তাঁর কাব্যভুবন তিনি নির্মাণ করেছেন অত্যন্ত সচেতন থেকে পরিশ্রমের বিস্তার ঘটিয়ে। কবির কবিতায় আপাত দুর্বোধ্যতার আড়ালে রয়েছে স্বপ্নময় নিঃসঙ্গতা। এ-নিঃসঙ্গতা জীবনানন্দনীয় নিঃসঙ্গতা থেকে সম্পূর্ণ পৃথক। জীবনানন্দ নির্মাণ করেছেন প্রতিচ্ছবিময় নিঃসঙ্গতা। আর সুধীন্দ্রনাথের নিঃসঙ্গতায় রয়েছে মেঘমেদুর মসৃণতা। অস্তিত্ববাদী দর্শনের রূপায়ণে কবি জীবনের ধূসর চেতনাপ্রবাহকে কবিতায় সম্পৃক্ত করেছেন। তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য সংকেতময়তা, চিত্রকল্প, সময়ের অবক্ষয়সহ মানবহৃদয়ের গূঢ়তম রহস্যের প্রকাশ।
কবি সুধীন্দ্রনাথের জন্ম ১৯০১ সালে, কলকাতার এক অভিজাত পরিবারে। মৃত্যু ১৯৬০ সালে। কবির গৃহগত পরিবেশ সাহিত্যের জন্যে বৈরী ছিল না। বরং কবির ব্যক্তিস্বাতন্ত্র্য অর্জন ও তা বজায় রাখার পক্ষে ওই পরিবেশ ছিল যথেষ্ট অনুকূল। তাঁর অর্জিত এ-ব্যক্তিস্বাতন্ত্র্যের ছাপ পুরোপুরি তাঁর কবিতাতেও বিদ্যমান। কবির নাস্তিচেতনা, আত্মজিজ্ঞাসা ও দ্বন্দ্বমুখরতা স্বাতন্ত্র্যচিহ্নিত রূপে প্রতিষ্ঠিত তাঁর ৭টি কাব্যগ্রন্থে – তন্বী (১৯৩০), অর্কেস্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তরফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫৩), প্রতিধ্বনি (১৯৫৫), দশমী (১৯৫৬)। তবে কবির নাস্তিচেতনায় রয়েছে যতটুকু না নৈরাশ্যবাদিতা তারচেয়ে বেশি অস্তিত্ববাদিতার প্রসঙ্গ। তিনি পজেটিভ অর্থেই বন্দনা করেছেন নাস্তিচেতনার। জীবনের অন্তঃসারশূন্যতাকে অস্তিত্ববাদী দর্শনের আলোকেই ফুটিয়ে তুলেছেন। শূন্যতার মধ্যেও খুঁজেছেন উজ্জ্বল ইতিবাচকতা।
ভেবো না, ভেবো না, সুখী; স্বপ্নদুস্থ দীর্ঘ রাত্রি-শেষে
বসন্ত অন্তরে তব আরম্ভিবে পুন চতুরালি;
নবীন ফাল্গুনী আসি হানা দিবে রুদ্ধ দ্বার দেশে;
ফলিবে মানসক্ষেত্রে বর্ষে বর্ষে সোনার চৈতালী।
সুধীন্দ্রনাথ কবিতায় তুলে ধরেছেন প্রশ্নের পর প্রশ্ন। আত্মজিজ্ঞাসায় উন্মুখ কবি জীবনজিজ্ঞাসার ভেতর দিয়ে প্রেম ও বিশ্ববীক্ষার স্বরূপ উদ্ঘাটনে সচেষ্ট হয়েছেন। কবির সংঘাতময় বিক্ষুব্ধ মনন তীব্রভাবে অস্থির ও গতিশীল। এই গতিশীলতার ভেতর সময়চেতনাও সমানভাবে ক্রিয়াশীল। আত্মমুক্তির অবচেতন ক্রিয়ায় সময় একটি বিশেষ ভূমিকা সৃষ্টিকারী। সর্বোপরি কবির আত্মানুসন্ধানী মন মৃত্যুবোধে জর্জরিত। কবির সুবিখ্যাত কবিতা ‘অর্কেস্ট্রা’র উচ্চারণ –
কে জানে কোথায় আজিকে সে পলাতকা,
সে-মায়ামৃগীরে কে ধরেছে, ফাঁদ পাতি?
মৃত্যু, কেবল মৃত্যুই ধ্রুব সখা,
যাতনা, শুধুই যাতনা সুচির সাথী॥
সুধীন্দ্রনাথের পাঠকমাত্রই এ-কথা কমবেশি জানেন যে, এ-কবি প্রেরণানির্ভর ছিলেন না। তিনি বিশ্বাস করতেন আপন অভিজ্ঞতার আলোকে সৃষ্টির ধারাকে প্রবাহিত করা সম্ভব। মেধার ঝিলিক-রাঙা রোদে অভিজ্ঞতাকে ছড়িয়ে দিয়ে তিনি যে-কাব্যভুবন নির্মাণ করেছেন সেখানে প্রেম এসেছে হতাশার চিহ্ন নিয়ে, বেদনায় ক্লিশে হয়ে-পড়া হৃদয়ে বেজেছে বিপন্নতার আর্তি। একই সঙ্গে প্রেমের অতলে সুপ্ত অন্ধকারের তাপ কবিকে পুড়িয়েছে বারবার। মানবজীবনের মৌল অনুষঙ্গ প্রেমকে ধারণ করে কবি ক্ষত-বিক্ষত হয়েছেন। সংশয়পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছেন বিশ্বমায়া জড়ানো অনিকটবর্তী জীবনের দিকে। নির্লিপ্ত বিষাদমাখা চেতনার ভূমে আবেগকে ছুটিয়েছেন যথেচ্ছভাবে, কিন্তু লাগাম টেনেছেন সুদক্ষ হাতে। আবেগকে এলিয়ে পড়তে দেননি কখনো। উপরন্তু বিষাদের মালায় জড়িয়েছেন উজ্জ্বলতার আলো। তাই কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘তিনি আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশাকরোজ্জ্বল চেতনা।’ সমকালীন কবির এ-উক্তি যথার্থ অর্থেই গ্রহণীয়। কবির বিষণ্নতার হাহাকারও যেন গাম্ভীর্যের ছায়ায় ঢাকা। যথেষ্ট সচেতনতার স্বাক্ষরবাহী তাঁর কাব্যভাষার স্তর জনমানুষের ভাষা থেকে বহুযোজন দূরে। প্রকাশের আঁটসাট বাঁধুনি ও দৃঢ়তায় নির্মিত হয়েছে আপাত দুর্বোধ্যতার আড়ালে ব্যক্তি, সমাজ, সময় ও সংসারের অনিবার্য ক্ষয়। এ-ক্ষয়প্রকাশেও কবির স্বভাবসুলভ আভিজাত্যের ঢঙ এবং একই সঙ্গে বুদ্ধির দীপ্রতা লক্ষণীয়। তিনি আবেগের প্রকাশ ঘটান বুদ্ধির মোড়কে পেঁচিয়ে। হৃদয়ের বিচারকার্যে মগজকে ব্যবহার করেন বারবার। এ-প্রসঙ্গে এলিয়ট ঘোষণা করেন, ‘আধুনিক কবিদের রোমান্টিসিজমকে ক্লাসিসিজম দিয়ে, আবেগকে বুদ্ধি দিয়ে পরিশোধিত করে নেয়াই কর্তব্য।’
প্রেরণানির্ভরতাকে গুরুত্ব না-দিয়ে কবিতার ক্ষেত্রে বুদ্ধির চর্চা-প্রসঙ্গে সুধীন্দ্রনাথ বুদ্ধদেব বসুকে লেখা এক চিঠির জবাবে বলেছেন, ‘প্রেরণা প্রসঙ্গে এখানে এটুকু বলাই যথেষ্ট যে, আমাদের আয়ত্তের বাইরে একটা কিছু ঘটে, যার ফলে আমরা কবিতা লিখতে প্রবৃত্ত হই; কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সার্থক কবিতার বাকি সমস্তটা ব্যক্তিগত সংকল্পের প্রয়োগসাপেক্ষ, যদিও অনেক কবির বেলা – যেমন রবীন্দ্রনাথ বা আপনি – এই চেষ্টার কালপরিমাণ অল্প। তার কারণ বোধহয় আপনার মতো লেখকের মানসজীবনে কবিতাই সর্বাগ্রগণ্য – অর্থাৎ আপনি বা রবীন্দ্রনাথ অজ্ঞানত সবসময়েই কাব্যরচনায় ব্যস্ত, এবং সেই জন্যে যখন কাগজ-কলম নিয়ে আপনারা স্পষ্টত লিখতে বসেন, তখন মনে হয় আপনাদের লেখনী যেন তৈরি লেখা লিখে যাচ্ছে।
…ওই জাতীয় স্বাচ্ছন্দ্যে আমার লোভ নেই, যদিও প্রথম প্রথম ওর অভাব নিজের মধ্যে লক্ষ্য করে আমি খুবই মুষড়ে পড়েছিলুম।… এখন আমার ধিক্কারবোধ খানিকটা কমেছে, কারণ, আর কিছু না হোক, অন্তত গত পনেরো বছর ধরে চেষ্টা করছি যাতে উপলব্ধির নিজস্বে দাঁড়াতে পারি।’
এই নিজস্বে দাঁড়ানোর প্রক্রিয়াকালে কবিতায় তাঁর মনোজীবনের যে গভীর নৈঃসঙ্গ্যের যাতনা হয়েছে, তা তাঁর সময়কার দেশ, কাল, আন্তর্জাতিকতা-বিচ্ছিন্ন নয়। বহির্জগতের নৈরাজ্যের সুর তাঁর কবিতার ধাপে ধাপে আশ্রয় নিয়েছে। কারণ মানুষের চেতনার গভীরের লুপ্তবোধ দেশকালের সীমানা দ্বারা বিন্যস্ত এবং একই সঙ্গে ‘ব্যক্তি-আমি’র সঙ্গে ‘বিশ্ব-আমি’র সংযোগ ঘটানোর আকাক্সক্ষা যে-কোনো মহৎ কবিরই প্রার্থনীয়। এক্ষেত্রে সুধীন্দ্রনাথ ব্যতিক্রম নন। কবির কৈশোর-তারুণ্য প্রত্যক্ষ করেছে প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা। বিশ্বযুদ্ধোত্তরকালে দেখা দিয়েছে বিশ্বব্যাপী মহামন্দা, যা তিরিশের মহামন্দা বলে খ্যাত। আন্তর্জাতিক এ-প্রেক্ষাপটে নিজের দৈশিক সীমানাতেও বিরাজমান ছিল বিপ্লব ও আন্দোলনের ক্ষত-বিক্ষত অবস্থা। ব্রিটিশ বেনিয়াদের সুদীর্ঘ সময়ের দমন-পীড়নের বিরুদ্ধে তখন ভারতবাসী আন্দোলনে সোচ্চার। এর মধ্য দিয়ে কবিকে আবারও প্রত্যক্ষ করতে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধশেষের দুবছরের মাথায় সৃষ্টি হলো দুটি নতুন রাষ্ট্রের। ভারত ও পাকিস্তান। দেশ-কাল-ভূমির এহেন অবস্থায় জ্ঞান-বিজ্ঞানের জগতেও ঘটে গেছে বহু যুগান্তকারী ও বিস্ময়কর ঘটনা। পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, অর্থনীতি, নৃতত্ত্ব ও মনস্তত্ত্বে সাধিত হয়েছে নীরব বিপ্লব। এসব বিপ্লবের নিরবচ্ছিন্ন প্রভাব পড়েছে কাব্যাঙ্গনে এবং কবিতার নতুন দিকনির্দেশনা ও কবিদের মনোজৈবনিক চিন্তাচেতনার প্রসারে নতুন নতুন আবিষ্কার ভূমিকা রেখেছে ব্যাপক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডারউইনের বিবর্তনবাদ, কার্ল মার্কসের কম্যুনিস্টমেনিফেস্টো ও দাস ক্যাপিটাল, সিগমুন্ড ফ্রয়েডের মনঃসমীক্ষণের তত্ত্ব এবং আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। এসব তত্ত্ব ও তথ্যের নব আবিষ্কারে ধস নেমেছে প্রাচীন মূল্যবোধে। কবিমানসের মননভঙ্গিমায় দেখা দিয়েছে মানুষী অস্তিত্বের ভঙ্গুরতা ও হৃদয় হয়েছে প্রশ্নবিদ্ধ। আধুনিক কবিতার যাত্রাপথ হয়েছে সংশয়পূর্ণ মনোবিকলনের সঙ্গে সম্পর্কিত। ফ্রান্সের কবি বোদলেয়ার এর সার্থক উদাহরণ। ইউরোপে উন্মেষিত কবিতার এ আধুনিক ধারার প্রভাব তিরিশের বাংলা কাব্যাঙ্গনে রবীন্দ্রদ্রোহের লক্ষ্যে যে-কজন কবি সার্থকভাবে টেনে এনেছেন, তাঁদের মধ্যে অন্যতম সুধীন্দ্রনাথ দত্ত। আত্মজৈবনিক ঢঙে কবিতায় আধুনিক পৃথিবীর বেদনাবোধ, অস্থিরতা, শূন্যতা ও বিষণ্নতা ফুটিয়ে তোলেন পরিমিত বাক্যবিন্যাসে –
কী ব’লে, অদৃশ্য হব? রেখে যাব কোন্ প্রতিশ্রুতি?
মাগিব কী স¥ৃতিচিহ্ন? বিনিময় করিব কী আশা?
অন্তরের অন্তরীক্ষে গুমরিছে মর্ত্যরে আকুতি –
বিনাশ, নৈরাশ, অশ্রু, নিষ্ফলতা, কর্তব্য, পিপাসা।
অথবা,
আমি কহিব না কভু’ জীবনসঙ্গিনী,
বিরহশংকায় তব নরকেরে আজ আমি চিনি,
প্রলয়ের পাই পূর্বাভাস।
হতবুদ্ধি পিপাসায় আমার আকাশ
অতঃপর শূন্য চক্রবালে
দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে।
আধুনিকতার বোধে উজ্জীবিত কবি সুধীন্দ্রনাথ হাজার বছরের বাংলাকাব্যের ঐতিহ্যকে অনুসরণ করার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত সযত্নপ্রয়াসী। তাঁর কবিতায় অনলস পরিশ্রমে লব্ধ ঐতিহ্যিক ভাবনাকে বুঝতে হলে আমাদেরকে কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। কারণ এলিয়ট তাঁর ‘Tradition and the individual Talent’ প্রবন্ধে বলেছেন, ‘No poet, No artist of aû art, has his complete meaning alone. His significance, his appreciation is the appreciation of his relation to dead poets and artists. You cannot value him alone, you must set him for contrast and comparison, among the dead.’ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের পর বাংলাকাব্যের ইতিহাসে যুগসন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাঁর কাব্যভাবনায় সচেতনতা, স্বদেশপ্রেম ও সমকালের সংঘাত পরিদৃষ্ট হলেও আঙ্গিক ও প্রকরণগত দিক থেকে কবিতা পূর্বজ ধারাতেই সম্পৃক্ত। সে-সম্পৃক্ততার শৃঙ্খল ভেঙে আধুনিকতার জয়ধ্বনি বাজালেন মহাকাব্যের কবি মাইকেল মধুসূদন। মধ্যযুগীয় কাব্যের শিথিল শরীরে জাগল প্রথম প্রাণের স্ফুরণ। বাংলা কাব্যের প্রবাহ বাঁক নিল আধুনিকতার দিকে। কবিতার আবহ পালটে গেল আমূলভাবে। এর পথ ধরেই আসলেন বিশ্বজয়ী রবীন্দ্রনাথ। তিনি কবিতার ইতিহাসে সূচিত করলেন বহুমুখী সমৃদ্ধতা। বাংলা ভাষা ও কবিতার আসন চিহ্নিত করলেন বিশ্বের দরবারে। এর পরপরই সাম্য আর দ্রোহের বিজয়কেতন উড়িয়ে আসলেন কবি কাজী নজরুল ইসলাম। মেধা, সৃষ্টিশীলতা আর সম্ভাবনার স্বাতন্ত্র্যে তিনি সূচনা করলেন সম্পূর্ণ অরাবীন্দ্রিক কাব্যপথ। তবে তিরিশের আধুনিক কবির দল রবীন্দ্রনাথের কাব্যবলয়কে পাশ কাটাতে গিয়ে বিশ্বকবিতার দ্বারস্থ হলেন অধিক মাত্রায়। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে’সহ সুধীন্দ্রনাথের কাব্যভাবনায় ইয়েটস, বোদলেয়ার, রিলকে, এলিয়ট, মার্লামে ও ভ্যালেরির কাব্যভাবনার মিল লক্ষণীয়। তবে প্রাথমিকভাবে সুধীন্দ্রনাথের কবিতায় যৎসামান্য রবীন্দ্রনাথের প্রভাব থাকলেও তা থেকে তিনি খুব দ্রুতই সরে আসেন। মাইকেল তাঁর কাব্যভঙ্গিমায় ওজস্বিনী শব্দের সমাহারে যে-আত্মম্ভরী বৈশিষ্ট্যের সূচনা করলেন, তার যেন সার্থক উত্তরসূরি কবি সুধীন্দ্রনাথ। তবে এ-অন্বয় কেবল দুজনের শব্দ-ব্যবহারের নৈকট্যে, যার ফলে উভয়ের কবিতাই ধ্বনিনিনাদিত। কখনো কখনো কঠিন ও কঠোর অবয়বধারী এবং দুর্বোধ্য (Abstruse)। যদিও দুর্বোধ্য শব্দটিতে আপত্তি তুলেছেন কবি বুদ্ধদেব বসু। তিনি বলছেন, ‘সুধীন্দ্রনাথের কবিতা দুর্বোধ্য নয়, দুরূহ; এবং সেই দুরূহতা অতিক্রম করা অল্পমাত্র আয়াস সাপেক্ষ।’ কথাটায় যুক্তি আছে ঠিক, কিন্তু এই শূন্য শতাব্দীতে এসে যখন সবকিছুকে সহজ করে তোলার হাঁকডাক, তখন তিরিশের দশকে কবির ব্যবহৃত সংস্কৃত, তৎসম শব্দের অতিব্যবহারকে দুর্বোধ্য বলে মনে হওয়া অনেকের জন্যেই স্বাভাবিক। কিন্তু দুর্বোধ্যতাকে জয় করে নিয়ে যদি স্বাচ্ছন্দ্য গতি সৃষ্টি করে কবিতার মসৃণ অবয়বে ঢুকে পড়া যায় তাহলে দেখা যাবে সুধীন্দ্রনাথ আপাত কাঠিন্যের আড়ালে সৃষ্টি করেছেন সুসংবদ্ধ ও পরিমিত ভাবের এক নিটোল কাব্যভাষা, যা মধুসূদনীয় শব্দঢঙের নৈকট্যে থেকেও সম্পূর্ণ নিজস্ব রূপে একক ও পৃথক। কবির ব্যবহৃত অপ্রচল শব্দসমূহের অর্থোদ্ধার অভিধানের সহায়তায় খুব সহজভাবেই করা সম্ভব। এক্ষেত্রে পাঠক যদি পরিশ্রমী মনোভাবের পরিচয় দিতে কুণ্ঠিত হন তবে কাঠিন্যের আড়ালকে আলোকিত করা সত্যি হবে দুরূহ। কবির প্রত্যাশা ছিল তাঁর কবিতাপাঠে পাঠক আরো পরিশ্রমী হয়ে উঠুক। এ-প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দুরূহতার দুটো দিক আছে, একটা পাঠকের দিক, অন্যটা লেখকের। যে-দুরূহতার জন্ম পাঠকের আলস্যে, তার জন্যে কবির উপরে দোষারোপ অন্যায়। দর্শন, বিজ্ঞান, গণিত বাদ দিলেও, কলার অন্যান্য বিভাগে প্রবেশাধিকার যে আগ্রহ, অভিনিবেশ ও অনুশীলনের অপেক্ষা রাখে, কবি যদি তার বিভাগ থেকে সেই পরিমাণ শ্রদ্ধা ও একাগ্রতা চায়, তাহলে তার দাবি নিশ্চয়ই সংগত। কিন্তু যে-দুরূহতার উৎপত্তি অনুকম্পার অভাবে, যার মূলে কবির দ্বিধা নিহিত, তার কতকটা যুগসন্ধির ফলাফল বটে, তবে অধিকাংশের জন্যে কবিই দায়ী।’
আগেই বলেছি, কবি সুধীন্দ্রনাথ পুরোমাত্রায় রোমান্টিক এবং তাঁর নিঃসঙ্গচেতনা বিশুদ্ধতার পরিবাহী। তাঁর প্রেমের কবিতার সংখ্যা যথেষ্ট এবং প্রায় প্রত্যেকটি কবিতায় রয়েছে গভীর আবেগের পরিশীলিত প্রকাশ। কবির প্রেমবোধ যত তীক্ষè ও ক্লাসিক, নিঃসঙ্গতাবোধ এবং সংশয় ততো প্রকট।
আছে কি স¥রণে, সখী, উৎসবের উগ্র উন্মাদনা,
করদ্বয়ে পরিপ্লুতি, চারি চক্ষে প্রগল্ভ বিস্ময়
শূন্য পথে ছুটি যাত্রী, সহসা লজ্জার পরাজয়,
প্রতিজ্ঞার বহুলতা, আশ্লেষের যুগ্ম প্রবর্তনা?
সে-শুদ্ধ চৈতন্য, হায়, বৃথা তর্কে আজি দিশেহারা,
…………………………
…………………………
ভ্রাম্যমাণ আলেয়ারে ভেবেছিল বুঝি ধ্রুবতারা
………………………….
মরে না দুরাশা তবু; মনে হয় এ-নিঃস্ব জগতে
এতখানি অপচয় ঘটাবে না বিধি কোন মতে ॥
ব্যক্তিগত শূন্যতাবোধ কবির জগৎকে নিঃস্ব করে তোলে। সে-নিঃস্বতাবোধ থেকে জাগে অনতিক্রম্য দুরাশা। কবির উপলব্ধিতে এক সময়ে ধরা পড়ে সিদ্ধান্তের ভ্রান্তিজনক নীরবতা। ভ্রাম্যমাণ আলেয়াকে ধ্রুবতারা ভেবে নিয়ে যৌবনমুখর জীবনের যে-যন্ত্রণা, তা-ই কবি কবিতায় ফুটিয়ে তোলেন। ‘অকুল পাথারে তাই মগ্নতরী আমার যৌবন’ – এ-বোধ কবির ব্যক্তিগত প্রসঙ্গেরই অবতারণামাত্র বলে আমরা বুঝতে পারি, কারণ তাঁর প্রথম যৌবনের স্বপ্নসাধের অপূর্ণতা সম্পর্কে অনেক পাঠকই অনেকটা ওয়াকিবহাল বলে। প্রথম কয়েকটি কাব্যগ্রন্থে কবি-হৃদয়ের হাহাকার, জিজ্ঞাসা, সংশয় ও বেদনাবোধ সজীব, সচল, তীব্র ও দীপ্র। কারণ সুধীন্দ্রনাথ প্রবল প্রেমিক-পুরুষ। প্রেমকে বুকে ধারণ করে, উপলব্ধির আয়নায় নিজের ভালোবাসারপ্রতিবি¤ে¦র দিকে দৃষ্টি ফেলে প্রকারান্তরে তিনি যেন তাঁর কষ্টকেই ক্রমপ্রসারিত করেন, খনন করেন নিজের জন্যে এক মহাশূন্যতার আধার। এবং নিজের এ-শূন্যতাবোধকে কোনোভাবেই যেন ভরিয়ে তুলতে পারেন না।
জানি তবু
তোমার উদীর্ণ আবির্ভাবে
মোর শূন্য পরিপূর্ণ হয় নাই কভু;
অবলুপ্ত অতল অভাবে,
তোমার অজস্র দান
বরঞ্চ গিয়েছে রেখে নেতির প্রমাণ;
এই নেতির উজ্জ্বলতাই ছড়িয়ে রয়েছে সুধীন্দ্রকাব্যের পরতে পরতে। ড. দীপ্তি ত্রিপাঠী তাঁর আধুনিক বাংলা কাব্য পরিচয় গ্রন্থে এই জীবনদর্শনকে নেতিবাদ বলে উল্লেখ করেছেন, সুধীন্দ্রনাথ একে বলেছেন ‘নিখিল নাস্তির মৌন।’ তবে পূর্বেই বলা হয়েছে, তাঁর কবিতার এ-নাস্তিক্যে রয়েছে অস্তিত্ববাদিতার উপস্থাপন। ড. ত্রিপাঠী কবির নিরাশাবাদের মধ্যে নেতিবাচকতা খুঁজে পেলেও আসলে তা ছিল ইতিবাচকতারই নামান্তর।
ভালোবাসি তোমারে নিশ্চয়;
দাম্ভিক হৃদয়
তোমার চরণচিহ্ন আজীবন বহিবে গৌরবে;
মনে রবে বিকারে, বিক্ষোভে,
একদিন দিয়েছিলে জ্বালি
প্রেতসঞ্চারিত ধ্বংস উৎসবের অচির দীপালী;
মোর ভালে
একদা যে এঁকেছিলে ইন্দ্রত্বের টিকা,
সংক্ষিপ্ত সুকৃতি-শেষে, স্বর্গ হতে বিদায়ের কালে
মনে রবে সে কথা ক্ষণিকা ॥
কবির প্রেমের কবিতার সংখ্যা যথেষ্ট, সে-কথা পূর্বেই উল্লেখ্য। এর মধ্যে সবিশেষযোগ্য অনুষঙ্গ, শাশ্বতী, নাম, জন্মান্তর, বিলয়, ডাক, প্রতীক্ষা ইত্যাদি। নিটোল প্রেমের কবিতা হিসেবে বহুল পরিচিত ও পঠিত শাশ্বতীর স্থান অগ্রগণ্য। বিশেষ করে কবিতাটির কালোত্তীর্ণ কয়েকটি লাইন :
সে ভুল ভুলুক, কোটি মন্বন্তরে
আমি ভুলিব না, আমি কভু ভুলিব না॥
কিংবা
একটি কথার দ্বিধাথরথর চূড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী’
একটি নিমেষ দাঁড়াল সরণী জুড়ে
থামিল কালের চিরচঞ্চল গতি;
এ-যেন ক্ষণিককালকে অনন্তকালের দিকে ফিরিয়ে নেওয়া। কবিপ্রিয়ার মুহূর্তের স্মৃতিকে ‘শাশ্বতে’র আবহে ছড়িয়ে দিয়ে প্রেমের তীব্র আবেগের চূড়া স্পর্শ করা। উৎকৃষ্ট রোমান্টিক কবির এ-উচ্চারণের মধ্য দিয়ে তার সুগভীর অনুরাগ অবিস¥রণীয় পর্যায়ে উন্নীত হয়েছে। ক্ষণিকের অনুরাগের স্মৃতিকে কবি দিয়েছেন শাশ্বতের মর্যাদা। গভীর অথচ দৃঢ়কণ্ঠে প্রেমের এমন প্রত্যয়ী প্রকাশ বাংলাকাব্যের ইতিহাসে খুব একটা নেই বললে অত্যুক্তি হবে না, কিন্তু একসময়ে এ-দৃঢ়তায়ও ধরে চিড়। কারণ কবি প্রিয়াকে পাওয়ার আকাক্সক্ষা থেকে যদিও বলেন :
চাই, চাই, আজও চাই তোমারে কেবলই।
আজও বলি,
জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি, আজও বলি
অভাবে তোমার
অসহ্য অধুনা মোর, ভবিষ্যৎ বন্ধ অন্ধকার
কিন্তু পরক্ষণে কবির সত্য-উপলব্ধিতে দেখি নিদারুণ হতাশার চিহ্ন। আর্ত হাহাকারে বুক ভরে-ওঠা দীর্ঘশ্বাসে ডুবে থেকে কবি নিশ্চিহ্ন নাস্তিতে মিশে যাবার কথা বলেন। চিড়ধরা দৃঢ়কণ্ঠ যেন ফালা ফালা হতে থাকে তুল্যহীন বেদনার কশাঘাতে।
জানি তুমি মরীচিকা, তোমাসনে প্রাণবিনিময়
কোনও দিন হবে না আমার।
আমার পাতালমুখী বসুধার ভার,
জানি কেহ পারিবে না ভাগ ক’রে নিতে;
আমারে নিঃশেষে পিষে, মিশে যাবে নিশ্চিহ্ন নাস্তিতে
একদিন স্বরচিত এ-পৃথিবী মম।
মুহূর্তচারী কবি সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক কবিতার ক্ষেত্রে নৈর্ব্যক্তিকতার পক্ষে তাঁর মনোভাব ব্যক্ত করলেও তিনি নিজে করেছেন অহংবোধে সমৃদ্ধ আমিত্বের চর্চা। তাঁর নির্মিত কবিতার ভুবনে তিনি সদাই আত্মমুখী, কিন্তু এ-আত্মমুখী ভাবনার বোধেও ছিলেন নিরাশ্রিত। অস্থিরতার চাবুক তাঁকে কশাঘাত করেছে প্রতিনিয়ত। জনবিচ্ছিন্ন ধারায় নিজেকে সম্পৃক্ত রেখে দ্বন্দ্বমুখর বিক্ষুব্ধ মননে করেছেন হাহাকারের চর্চা।
অকস¥াৎ স্বপ্ন গেল টুটে। দেখিলাম ত্রস্ত চোখে
জনশূন্য রঙ্গালয়ে নির্বাপিত সমস্ত দেউটি,
নিস্তব্ধ সকল যন্ত্র, মঞ্চ-’পরে যবনিকা ঢাকা।
অলক্ষ্যে কখন পার্শ্ব হতে প্রেমিক-প্রেমিকা চ’লে
গেছে অমৃতসংকেতে। শান্তি-শান্তি-শান্তি চারি ধারে
কেবল অন্তর মোর ক্ষুব্ধ হাহাকারে॥
কবির ক্ষুব্ধচিত্তের অগ্নিনির্বাপিত হয়নি তাঁর জীবদ্দশায়। কারণ তিনি নিজের ওপর ছাড়া বিশেষ পছন্দের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কোনো আস্থা রাখেননি। শূন্যমুখী নিঃসঙ্গতার স্বস্রষ্টা কবি অনমনীয় স্বভাবে আত্মনির্ভরতাকেই প্রাধান্য দিয়েছেন। যার ফলে তাঁর ভেতরবোধে সক্রিয় থেকেছে একরৈখিক বিচ্ছিন্ন স্বভাব।
কবি বাংলাকাব্যের আবেগীয় উচ্ছ্বাসকে সযত্নে এড়িয়ে সংযত ও পরিমিতিবাকের সঙ্গে যুক্তিকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন কাব্যচর্চার পুরো সময়ে। সে-সঙ্গে মেধার উজ্জ্বলতাকে কবিতার অবয়বে ছড়িয়ে দিতে সবসময়েই ছিলেন স্বন্বিষ্ঠ। তিনি বিশ্বাস করতেন, আত্মার উন্মীলিন ঘটানো ছুটে চলার মধ্য দিয়ে সম্ভব নয়, বরং ধীরস্থিরতার মধ্য দিয়ে পাড়ি দেওয়া সম্ভব কবিকৃতির প্রত্যেকটি ধাপ।
কবি সুধীন্দ্রনাথ দত্ত ব্যক্তিমানস-নির্ভরতায় কবিচিত্তের যে বিক্ষোভ- বিক্ষুব্ধতা, দ্বন্দ্ব, নৈরাশ্যবাদিতা সম্পূর্ণ স্বঅর্জিত ঢঙে তাঁর কবিতার উচ্চারণে ফুটিয়ে তুলেছেন, তা যেন কালিক হয়েও কালোত্তীর্ণ। সব কবিতাপ্রেমিকের হৃদয়-উৎসারিত ভালোবাসার শাশ্বত চেতনাপ্রবাহে তাঁর কাব্যপঙ্ক্তিসমূহ থাকবে অপরাজেয়।

Leave a Reply
You must be logged in to post a comment.