এখনও পশ্চিবঙ্গের অনেক প্রাচীন মানুষ কথা বললেই স্মৃতি হাতড়াতে শুরু করেন। বুঝতে পারি, তাঁদের চোখের সামনে পুরনো ঢাকা শহরটা জ্বলজ্বল করছে। জগন্নাথ কলেজ, বুড়িগঙ্গা, রমনার মাঠ থেকে শুরু করে বিশেষ কোন খাবারের দোকান কোথায় কেমন ছিল তা বর্ণনা করার সময়ে অদ্ভুত আলো ফুটে ওঠে তাঁদের মুখে। যাঁরা গ্রামে ছিলেন তাঁদের আবেগ আরো বেশি। যাঁরা ছেচল্লিশের দাঙ্গা হওয়ার আগেই দেশ ছেড়ে এসেছিলেন এবং রাজনৈতিক কারণে আর ফিরতে পারেননি তাঁদের স্মৃতি নানান সুখের সম্পদে ভরা। বরিশালের ধানসিড়ি নদী আর যশোরের কই মাছের শরীরের জলজ গন্ধ যেন তাঁরা নাক টানতেই অনুভব করেন।
জেনেছি, এঁদের অধিকাংশেরই বয়স সত্তর পেরিয়ে গেছে, পাসপোর্ট নেই। ভারতে এসে তীব্র জীবনযুদ্ধ সামলে ছেলেমেয়েদের প্রতিষ্ঠা দিতেই উপার্জন শেষ করেছেন। এখন প্রায় নিষ্কপর্দক, ছেলেমেয়ের ওপর নির্ভরশীল। ইতিমধ্যে স্ত্রী গত হলে আরো একা। তখন পার্কে বসে ওপার বাংলার মানুষকে পাশে পেলে তৃপ্তি পান। এপার বাংলার বৃদ্ধ হলে মন খারাপ হয়ে যায়। কারণ এপার বাংলার বৃদ্ধ খেঁকিয়ে ওঠেন, ‘দূর মশাই, একশ বিঘা জমি, তিনটে পুকুর, আঠাশটা আম-কাঁঠালের গাছ ছিল বলে শ্বাস ফেলেন আপনারা। যত লোক এদেশে চলে এসেছেন তাঁদের সবার যদি এত জমি থাকত তাহলে বাংলাদেশের আয়তন এশিয়ার চেয়ে বেশি হয়ে যেত। যত বানানো গপ্পো!’
কলকাতা এবং তার আশপাশে, বছর কুড়ি আগেও, পথে-ঘাটে পূর্ব বাংলার ভাষা মানুষের মুখে যত শোনা যেত এখন তা যায় না বললেই হয়। যাঁদের বয়স ষাট পেরিয়েছে তাঁরা হয়তো বাড়িতে বলেন। যখন বাবা-মা বা স্ত্রী জীবিত ছিলেন তখন যে-জেলা থেকে ভারতে এসেছিলেন সেই জেলার ভাষায় সংলাপ চলত। পশ্চিমবঙ্গবাসী সেখানে উপস্থিত থাকলেও তাঁরা সগর্বে ময়মনসিংহ অথবা চট্টগ্রামের ভাষায় কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না। এঁদের ছেলেমেয়েরা, পশ্চিম বাংলায় জন্মেও বাড়িতে মা-বাবার কথা শুনে তাঁদের ভাষায় যেমন কথা বলেছে তেমনি বাড়ির বাইরে পা দিয়েই কলকাতার ভাষা ব্যবহার করেছে। ওদের মা-বাবা কলকাতার ভাষা যখন বলতেন তখন একটা পূর্ববঙ্গীয় সুর থাকত, ওরা সেই সুরমুক্ত। এই ছেলেমেয়েরা যখন বিয়ে করল তখন বাড়িতেও কলকাতার ভাষা চালু হয়ে গেল। হয়তো ছেলেটির বাবা এসেছেন সিলেট থেকে এবং তার স্ত্রীর বাবা এসেছিলেন বরিশাল থেকে, কিন্তু এই তরুণ প্রজন্ম স্বামী-স্ত্রী হিসেবে থাকার সময়ে কথা বলছে কলকাতার ভাষায়।
শুধু ভাষা নয়, পার্থক্য ছিল অনেক কিছুতেই। যেমন রান্না। পূর্ববঙ্গের মহিলাদের রান্নার প্রশংসা ছিল শতমুখে। মাছ-মাংস তো বটেই সাধারণ তরকারি ওঁদের হাতে অসাধারণ হয়ে উঠত। এই নিয়ে একসময়ে কম রসিকতা হয়নি। ‘বাঙালরা এত ঝাল দেয় যে, রান্নার খামতি বোঝার উপায় থাকে না’, ‘ঘটিদের রান্না মানেই চিনিগোলা, গেলাই যায় না।’ এসব কথা চললেও সারসত্য হলো, ওপার বাংলার মাসিমার রান্না খেতে পেলে আমরা বর্তে যেতাম।
সে-সময়ে এপার বাংলার বাঙালিরা বোধহয় মনে মনে ওপার বাংলা থেকে আসা বাঙালিদের একটু ভয় পেতেন। নইলে ছেলে বা মেয়ের বিয়ের সম্বন্ধ করতে গিয়ে কখনও বাঙাল বাড়ির কথা ভাবতেন না। মুখে বলতেন, ‘না না, ওদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। বিয়ে সুখের হবে না।’ এই অমিলগুলোর একটি ফিরিস্তি জিজ্ঞাসা করলেই জানা যেত। এক, ওঁরা এদেশে এসে ভাড়া বাড়িতে বা কলোনিতে জবরদখল জমিতে বাড়ি বানিয়ে বসেছেন, ওদেশে কে কীরকম ছিলেন জানা নেই। দুই, পিতামহ, প্রপিতামহদের খোঁজ পাওয়া যাবে না। মুখে যা বলবে তা-ই বিশ্বাস করতে হবে। তিন, ঢাকা-ফরিদপুরের ভাষা তবু বোঝা যায়, যশোরেরও, কিন্তু সিলেট, ময়মনসিংহ, বরিশাল – ওরে বাব্বা, আসতে শাল যেতে শাল। তিন, খেতে পারবে না মেয়ে আমার, এত শুকনো লঙ্কার ঝাল ওদের রান্নায়। আর বউ বাড়িতে এলে তার রান্না সহ্য হবে না। চার, ওরা তো বিছানায় বসে ভাত খায়, সকড়ি মানে না, বাসি কাপড়ে ঘুরে বেড়ায়, মেয়েরা গুরুজনদের মুখে মুখে কথা বলে।
যাঁদের বাঙাল বলা হতো তাঁদের খুব অল্পসংখ্যক ঘটিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করতে দ্বিধায় ছিলেন। বেশির ভাগের মনে এ-ব্যাপারে কোনো অস্বস্তি ছিল না। এ-ব্যাপারেও ঘটিদের সন্দেহ, ‘চাইবেই তো। উড়ে এসে জুড়ে বসেছে। এখন আমাদের সঙ্গে আত্মীয়তা তৈরি করে শেকড় শক্ত করতে চায়।’
আজকের ছেলেমেয়েরা এসব কথা ভাবতেই পারবেন না। দুই বাংলার মানুষের সব বিশেষত্ব একাকার হয়ে গিয়েছে গত সাতান্ন বছরে। বৃদ্ধ বাবা শ্বাস ফেলেন আর ভাবেন, ‘আমার দেশ ছিল বরিশাল। আহা, কী সুখে ছিলাম!’ ছেলেকে প্রশ্ন করলে বলবেন, ‘মা-বাবার মুখে শুনেছি আমরা বরিশালের মানুষ। যাইনি কখনও। কলকাতায় এসেছিলাম দুবছর বয়সে। কিছুই মনে থাকার কথা নয়। মা-বাবার মুখে গল্প শুনেছি।’ নাতি, যার বয়স আটাশ, প্রশ্ন শুনলে হাসবে, ‘দূর! আমি জন্মেছি এখানে। এই আমার দেশ। দাদু কবে কী খেয়েছিল এখনও আঙুলে তার গন্ধ শুঁকে যাচ্ছে।’
একটা ঘটনা মনে পড়ছে। কলকাতা থেকে নিউইয়র্ক গিয়েছি। সঙ্গে একজন পরিচিত ভদ্রলোক ছিলেন, যাঁর বয়স সত্তর। তিনি যাচ্ছেন তাঁর ছেলের কাছে। নিউ জার্সিতে। আমার দায়িত্ব তাঁকে পৌঁছে দেওয়া। ছেলে এয়ারপোর্টে আসবে বলে জানিয়েছিল, কিন্তু এয়ারপোর্টের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে জানতে পারলাম, বেচারার প্রবল জ্বর হয়েছে। সে তার বন্ধুকে বলেছে বাবাকে নিয়ে আসতে। তেমন কাউকে দেখতে না-পেয়ে আমি একটা ট্যাক্সি নিয়ে চললাম তাঁকে পৌঁছে দিতে।
প্রথমবার আমেরিকায় যাওয়ায় একটু নার্ভাস ছিলেন ভদ্রলোক। তার ওপর ছেলের অসুস্থতার খবরে বেশ বিচলিত। আমাকে কেবলই ধন্যবাদ দিচ্ছিলেন। একটু ধাতস্থ হওয়ার পর চারপাশে দেখে বললেন, ‘দারুণ দেশ তো!’ ট্যাক্সি চলছিল। ড্রাইভার ইংরেজিতে প্রশ্ন করে জেনে নিয়েছে তাকে কোথায় যেতে হবে। এবার তার ওপর নজর পড়ল ভদ্রলোকের। বাংলায় আমাকে জিজ্ঞাসা করলেন, ‘এ নিশ্চয়ই আফ্রিকার লোক?’
সঙ্গে সঙ্গে ড্রাইভার মুখ খুলল, ‘না, আমি বাংলাদেশের।’
‘তাই? একদম চেনা যায় না। পোশাক, টুপি -।’
‘ওইটা এখানকার ইস্টাইল।’
‘বাংলাদেশের কোন জেলা?’
‘ফরিদপুর।’
‘এ্যাঁ। আরে আমিও তো ফরিদপুরের লোক।’
‘আপনি বাংলাদেশ থেকে আসছেন?’
‘না। কলকাতা, মানে ইন্ডিয়া থেকে। ফরিদপুরে জন্মেছি। তের বছর বয়স পর্যন্ত সেখানে ছিলাম। তা ফরিদপুরের কোন গ্রামে?’
‘মীরপুর।’
‘ভাই, আমার নাম হারাধন, হারাধন সাহা। আমিও মীরপুরের লোক।’
‘তাই নাকি। আমি শাজাহান। ইন্ডিয়ায় কবে গিয়েছেন?’
‘পার্টিশনের আগে।’
‘আমি তো তখন জন্মাইনি।’ শাজাহান ট্যাক্সি চালাতে চালাতে হাসল, ‘আর যাননি গ্রামে?’
‘না। কোন বাড়ির ছেলে তুমি, তুমি বলছি।’
‘হ্যাঁ হ্যাঁ, আমার বাবার নাম আকবর মিঞা।’
‘আকবর! ওই যে একশটা সুপারি গাছ ছিল যাদের বাড়িতে?’
‘হ্যাঁ, আপনার মনে আছে?’
‘মনে আছে মানে? তোমার বাবা আর আমি একসঙ্গে পড়তাম। খুব ভালো গুলতি ছুড়তে পারত আকবর। আর ওই বিলে নৌকো নিয়ে চলে যেত বহুদূর। জানো সমরেশ, আমাদের গ্রামের গায়ে যে-বিল ছিল তার ওপার দেখা যেত না।’
‘সেই বিল এখন মাঠ। বিলে পানি নেই।’
‘সেকি? তাহলে লোকে আর মাছ ধরে খায় না?’
‘পানি না থাকলে মাছ কী করে থাকবে চাচা।’
‘ভাবতেই পারছি না। কী ঢেউ ছিল, বর্ষায় মনে হতো সমুদ্র। সব শুকিয়ে গেল! আচ্ছা, গ্রামে ঢোকার মুখে বাঁ-দিকে একটা মসজিদ ছিল, টিলার ওপর -।’
‘আছে। লোকে বলে ওই টিলার নিচে মাটির ভেতর হীরামানিক আছে -।’
‘হ্যাঁ হ্যাঁ, আমাদের সময়েও বলত – !’ মাথা নাড়লেন হারাধনবাবু, ‘সবচেয়ে বড় বাড়ি ছিল গাজী সাহেবের।’
‘হ্যাঁ, এখনও তাই। তবে ওরা কেউ গ্রামে থাকে না, ঢাকায় থাকে।’ মাথা নাড়ল শাজাহান, ‘আমাদের গ্রামের সবচেয়ে বেশি বয়স অধীরদাদুর, চিনতেন?’
‘চিনব না। শ্রীঅধীরচন্দ্র দাস, বি. এ. ক্যাল। বেঁচে আছেন, বেঁচে আছেন?’ ‘হ্যাঁ, কেউ বলে একশ বছর, কেউ বলে পঁচানব্বই।’ হাসল শাজাহান, ‘এখন গ্রামের অবস্থা বদলে গিয়েছে। প্রত্যেক পরিবার থেকে দু-একজন বিদেশে চলে গিয়েছে রোজগার করতে। মালয়েশিয়া, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, মিড্লইস্ট, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, সব জায়গায় বাংলাদেশের মানুষ চাকরি করছেন। এঁরা সবাই দেশে টাকা পাঠায়। সেই টাকায় আমাদের গ্রামেও দোতলা বাড়ি উঠেছে অনেক। আপনি কোন পাড়ায় থাকতেন?’
‘গাজী সাহেবের দক্ষিণের বাড়ি। চারটে কাঁঠাল গাছ, তিনটে আম গাছ ছিল। গাজী সাহেবের কাছেই বিক্রি করে এসেছিলেন আমার বাবা।’
‘সেই বাড়িতে এখন স্কুল হয়েছে। অনেকগুলো ঘর ছিল তো, নতুন ঘরও বানিয়েছে। বৃন্দাবন গার্লস হাই স্কুল।’
‘এ্যাঁ। বলো কী হে?’ হারাধন খপ করে আমার হাত চেপে ধরলেন, ‘বৃন্দাবন আমার ঠাকুরদার নাম। পাঠশালা উনিই তৈরি করেছিলেন। ওহো, কী ভালো লাগছে। তোমার সঙ্গে দেখা হলো বলে মনে হচ্ছে এখনই ছুটে যাই ওখানে।’
চমক আরো ছিল। নিউ জার্সির ঠিকানায় পৌঁছে দেওয়ার পর শাজাহান সবিনয়ে জানাল, সে ভাড়া নেবে না। কিছুতেই না। অন্তত একশ পঁচিশ ডলার লোকসান হবে তার। তবু নেবে না। হারাধন তাকে জড়িয়ে ধরলেন। যাওয়ার আগে আমি শেষবার বললাম, ‘তেলের দাম হিসেবে কিছু নিন।’
‘না ভাই। ওনার ঠাকুরদার নামের স্কুলে আমার ছোটমেয়ে এখন পড়ছে। এই বিদেশে ওঁর সঙ্গে আলাপ হলো। চাচার কাছে ভাতিজা কি ভাড়া নিতে পারে?’ শাজাহান হাসিমুখে চলে গেল।
তখন পূর্ব পাকিস্তান। খবরের কাগজে পড়ি, উর্দুভাষীরা বাঙালিদের ওপর অত্যাচারের বন্যা বইয়ে দিচ্ছে। ঢাকার রেডিও ধরলে সেসব বোঝা যেত না। তখন রেডিও রাতের মতো বন্ধ হওয়ার সময় বলা হতো ‘পাকিস্তান জিন্দাবাদ’। সে-সময়ে হাতে এলো একটি সাহিত্যপত্রিকা, ঢাকা থেকে প্রকাশিত, স্মরণশক্তি বিশ্বাসঘাতকতা না করলে, নাম পূর্বদেশ। চমৎকার কাগজ। তাতেই পড়লাম শওকত ওসমান সাহেবের একটি অনবদ্য গল্প। ওই গল্পই আমাকে আকর্ষণ করল আরো জানার জন্যে। কিন্তু এপার বাংলায় তো ওপারের বই পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে পড়ি। গেলাম মায়ের গ্রাম দেখতে। একেবারে শৈশবে জলপাইগুড়ি থেকে মায়ের সঙ্গে গিয়েছিলাম একবার। দ্বিতীয়বার যুবক হয়ে। গ্রামের নাম গোদ। তার পাশেই বর্ডার। বর্ডারের ওপাশে পূর্ব পাকিস্তান। একটা নদী সেই বর্ডারের কাজ করছে। নদীতে গলদা চিংড়ি জাল ফেললেই ধরা পড়ে। নদীর ধারে দাঁড়িয়ে দেখলাম ওপাশে চাষ হচ্ছে। দুই দেশের মাঝি মাঝনদীতে পাশাপাশি নৌকো লাগিয়ে গল্প করছে। অনেক দূরে বাড়িঘরের চাল দেখেছিলাম। ব্যাস, ওইটুকু। শুনেছিলাম, এখন গ্রামের লোক জিনিসপত্র অবৈধভাবে পারাপার করে পয়সা রোজগার করছে।
স্বাধীনতার পর ঢাকায় পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। সেটা ছিল সাতাশি সাল। কামাল ওয়াহিদ নিয়ে গিয়েছিল আমাকে। কদিনে ঢাকা শহরটাকে চষে ফেলেছিলাম। তারপর অনেকবার হয়ে গেল। কবি-সাহিত্যিক থেকে সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য। একবার দিন দশেক সার্কুলার রোডের আড়ংয়ের উপরে এক ঘরের ফ্ল্যাটে ছিলাম, একাই। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট আসর বসত সেখানে। একসময়ে নিজেকে বাংলাদেশের মানুষ বলে মনে হয়ে গেল। শেখ হাসিনা থেকে শুরু করে স্কুলের মাস্টারমশাই সবাই আমার দিকে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছিলেন।
এই আমি শেষবার গিয়েছি বাংলাদেশে, বছর তিনেক আগে। গিয়েছিলাম হুমায়ূন আহমেদের আমন্ত্রণে। জিয়া এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েই অন্যরকম ব্যবহার পেলাম। যেন আমার ঢাকায় আসা কর্তৃপক্ষ পছন্দ করছেন না। কেন এসেছি, কতদিন থাকব ইত্যাদি জেরার পর আমাকে বলা হলো, দ্রুত এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে। বন্ধুরা আমাকে ঢাকার বাইরে নিয়ে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন থেকে ঢাকায় এক রাত কাটিয়ে ফিরে আসি। জেনেছি, আমার গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল। কিছুদিন পরে একটা নেমন্তন্ন রাখার জন্যে ঢাকায় যাবো বলে ভিসার জন্যে আবেদন করি। সাধারণত সকালে আবেদন করলে কলকাতার বাংলাদেশ দূতাবাস বিকেলেই ভিসার ছাপসহ পাসপোর্ট ফেরত দেন। এবার বেশ কয়েকদিন পরে ভিসাহীন পাসপোর্ট ফেরত দেওয়া হলো। আমার আবেদন যে ওঁরা বাতিল করেছেন, তা লিখিতভাবে জানালেন না। মুখে বলে দেওয়া হলো, আমাকে ভিসা দেওয়া যাবে না। আমার এজেন্ট যে- খবরটা আনলেন সেটা শুনে আমি হতভম্ব। বছরখানেক আগে আমি ত্রিপুরার মানুষদের নিয়ে একটি উপন্যাস লিখেছিলাম, এত রক্ত কেন? উপন্যাসের সময় ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের কাল। উগ্রপন্থী বলে যাদের চিহ্নিত করা হয়েছে তারা বাংলাদেশের সীমানার ভেতরে গিয়ে ক্যাম্প করেছে। উপন্যাসের শেষে ছিল বাংলাদেশ সরকার এরকম একটি ক্যাম্প ধ্বংস করে দিচ্ছেন।
ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়ে কোনো উগ্রপন্থী বাংলাদেশের পাহাড়ে-জঙ্গলে লুকিয়ে নেই বলে সেখানকার সরকারের দৃঢ় ধারণা। আমরা যা জানি সেটা ঠিক নয়।
কোনো সরকার যখন এরকম কথা বলেন তখন আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু বনগাঁ বা কলকাতায় যখন বাংলাদেশ থেকে পালিয়ে-আসা অপরাধীরা পুলিশের হাতে ধরা পড়ে খবর হয়, তখন অস্বীকার কী করে ভারত সরকার করবেন যে, এদেশেও উগ্রপন্থীরা আশ্রয় খুঁজছে। অস্বীকার শুনলে সাধারণ মানুষ মুচকি হাসবেন। আমাদের এখানে শাসকদলের সমর্থক কোনো গুণ্ডা জনরোষে মারা গেলে দলের পক্ষ থেকে বলা হয় লোকটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা মেনে নিতে বাধ্য।
পৃথিবীর সব দেশের পুলিশ বা সামরিক বাহিনীতে কিছু কিছু অসাধু অফিসার থাকেন। ইতিহাস তাই বলছে। তাঁদের চিহ্নিত করা মুশকিল বলে সরকার বহন করে চলেন। ভারত থেকে পালিয়ে উগ্রপন্থীরা যদি তেমন কোনো অসাধু অফিসারের সৌজন্যে বাংলাদেশে আশ্রয় নেয় অথবা উলটোটা যদি হয়, তাহলে দুই দেশের সরকার তার জন্যে দায়ী কেন হবে! আমার উপন্যাসে বাংলাদেশ সরকার (শেখ হাসিনা-সরকার) উদ্যোগ নিয়েছিল ওই অসাধুদের ধ্বংস করতে। অথচ ওঁদের মনে হলো আমি বাংলাদেশবিরোধী লেখা লিখেছি। উপন্যাসটি যে-পত্রিকায় ছাপা হয়েছিল তা সীমান্তেই নিষিদ্ধ করা হয়েছিল। অথচ ঢাকার বইয়ের দোকানগুলোতে তার পাইরেট কপি সবার চোখের সামনে বিক্রি হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই।
কিন্তু আমার লেখা উপন্যাস তো কোনো সাংবাদিকের রিপোর্ট নয়। উপন্যাস কল্পনাপ্রসূত, বাস্তব চরিত্র বা ঘটনার ফটোগ্রাফ নয়। আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েও উপন্যাস লেখা হয়েছে, এবং উপন্যাস বলেই লেখকের কল্পনা বাস্তবের প্রেসিডেন্ট-পদকে অসম্মান করেছে বলে সে-দেশের সরকার অভিযোগ তোলেননি। কোনো উপন্যাস পড়লেই লেখকের উদ্দেশ্য বোঝা যায়। ওই উপন্যাসের নায়ক বারংবার বাংলাদেশের সাধারণ মানুষ, প্রাক্তন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, ভালোবাসা পেয়েছে। তাঁদেরই সাহায্যে সে সফল হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষকে সে শ্রদ্ধা জানিয়েছে।
অথচ এসব উপেক্ষা করা হলো।
আবার বলি, কেউ আমাকে সরকারিভাবে জানাননি, কেন আমাকে ভিসা দেওয়া হয়নি। নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এই খবরের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কখনোই একজন বিপজ্জনক ব্যক্তিকে খুঁজে পাই না।
অথচ বাংলাদেশের মানুষ, আমার পাঠকবৃন্দ, বন্ধুরা মাঝে-মাঝেই আমন্ত্রণ জানাচ্ছেন ওখানে যাওয়ার জন্যে। আমি সেই দিনের প্রতীক্ষায় আছি যেদিন সরকারি মতের বদল হবে। তাঁরা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি কোনো প্রচারক নই, একজন সামান্য লেখকমাত্র।

Leave a Reply
You must be logged in to post a comment.