একজন বিজ্ঞানী এবং তাঁর গবেষণা-প্রক্রিয়া

১৮৮৫ সালের জুলাই মাসের চার তারিখ, ফ্রান্সের একটি ছোট শহরে জোসেফ মাইস্টার নামের নয় বছরের একটি বাচ্চা স্কুলে যাচ্ছে, তখন কোথা থেকে বিশাল এক কুকুর এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বাচ্চাটিকে কুকুরটি সম্ভবত মেরেই ফেলত, কাছাকাছি একজন মানুষ দেখতে পেয়ে কোনোমতে একটি লোহার রড দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দিয়ে বাচ্চাটির প্রাণ রক্ষা করল। আপাতত বাচ্চাটির প্রাণরক্ষা হলো সত্যি, কিন্তু বাচ্চাটির জন্যে যে ভয়ংকর একটি দুর্ভাগ্য অপেক্ষা করছে, সে-বিষয়ে কারো কোনো সন্দেহ ছিল না। এই পাগলা কুকুরটি ভয়ংকর র‌্যাবিজ বা জলাতঙ্কে ভুগছে। বাচ্চাটিকে যেভাবে আঁচড়ে-কামড়ে ছিন্নভিন্ন করেছে, সেও যে এই রোগে মারা যাবে, তাতে কোনো সন্দেহ নেই। ১৮৮৫ সালে জলাতঙ্কের চিকিৎসা ছিল না, এটি যে একটি ভাইরাসবাহিত রোগ, সেটিও কেউ জানত না। এখনকার মানুষ যেমন জানে, তখনকার মানুষও জানত, র‌্যাবিজ বা জলাতঙ্ক রোগের মৃত্যু থেকে ভয়ংকর কোনো মৃত্যু হতে পারে না। জ্বর দিয়ে শুরু হয়, অস্বাভাবিক এক ধরনের বিষণ্নতা ভর করে সেটি পালটে যায় অনিয়ন্ত্রিত এক ধরনের উত্তেজনায়। গলার মাংসপেশিতে এক ধরনের খিচুনি শুরু হয়, মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। প্রচণ্ড তৃষ্ণায় বুক ফেটে যেতে চায়, কিন্তু একবিন্দু পানি খেলেই খিচুনি শুরু হয়ে যায়। শেষের দিকে পানি খেতে হয় না, পানি দেখলেই উন্মত্ত এক ধরনের খিচুনি ভর করে। চার-পাঁচদিন পর যখন জলাতঙ্ক রোগীর মৃত্যু হয়, সেটিকে সবাই তখন আশীর্বাদ হিসেবেই নেয়।

জোসেফ মাইস্টারের মা তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার তার ক্ষতস্থান পরিষ্কার করে বললেন, তার কিছু করার নেই। শেষচেষ্টা হিসেবে বাচ্চাটিকে প্যারিসে লুই পাস্তুরের কাছে নেওয়া যেতে পারে। সারা পৃথিবীতে শুধুমাত্র এই মানুষটিই যদি কোনো অলৌকিক উপায়ে বাচ্চাটির জীবন রক্ষা করতে পারেন, বাচ্চাটি বেঁচে যাবে। যে-বিষয়টি সবচেয়ে বিচিত্র সেটি হচ্ছে লুই পাস্তুর কোনো ডাক্তার নন, তিনি একজন রসায়নবিদ। তাঁর বয়স তখন তেষট্টি, স্ট্রোকে শরীরের অর্ধেক অবশ, জীবনসায়াহ্নে এসে পৌঁছে গেছেন, কিন্তু তখনও সারাদেশের মানুষের তাঁর ক্ষমতার ওপর অগাধ বিশ্বাস!

লুই পাস্তুর খুব বড় একজন বিজ্ঞানী ছিলেন, বলা যায়, তাঁকে দিয়েই মাইক্রোবায়োলজি বা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের শুরু। জীবাণু বা ব্যাকটেরিয়ার অস্তিত্ব তাঁর চাইতে ভালো করে কেউ জানে না, কিন্তু তিনি এখন ভাইরাস নামের একটি অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে এসেছেন, যেটি তখনো কেউ চোখে দেখেনি। বসন্ত রোগ বা জলাতঙ্ক রোগের কারণ হিসেবে বিজ্ঞানীরা এর অস্তিত্ব অনুভব করতে পেরেছেন, কিন্তু সবচেয়ে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও সেটিকে দেখতে পাওয়া যায়নি।

১৮৮০ সালে যখন লুই পাস্তুর তাঁর অর্ধেক অবশ শরীর নিয়ে র‌্যাবিজ বা জলাতঙ্ক রোগের ওপর গবেষণা শুরু করেছেন তখন এটি সম্পর্কে মাত্র তিনটি বিষয় জানা ছিল – র‌্যাবিজ-আক্রান্ত পশুর লালায় এর অস্তিত্ব আছে, পশুর কামড়ে ক্ষতস্থান তৈরি হলে এই রোগের সংক্রমণ হয় এবং সংক্রমণের পর কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পরে এই রোগের উপসর্গগুলো দেখা যায়। এর বাইরে পুরোটাই একটি রহস্য।

লুই পাস্তুর খাঁটি বিজ্ঞানীর মতো সমস্যাটি নিয়ে গবেষণা শুরু করলেন। প্রথমেই চেষ্টা করলেন জলাতঙ্কের কারণটি আলাদা করতে। একটি রোগ নিয়ে গবেষণা করতে হলে তার রোগীর প্রয়োজন। তাই লুই পাস্তুরের প্রথম কাজ হলো নিয়ন্ত্রিতভাবে পশুদের মাঝে জলাতঙ্ক রোগের সংক্রমণ। বিপজ্জনক ঝুঁকি নিয়ে র‌্যাবিজ-আক্রান্ত হিংস্র পাগলা কুকুরের মুখ থেকে লালা সংগ্রহ করে সেটি দিয়ে খরগোশ বা কুকুরকে আক্রান্ত করার চেষ্টা করে দেখা গেল প্রথমত খুব নির্ভরযোগ্য নয়, দ্বিতীয়ত সেটি খুব সময়সাপেক্ষ একটি ব্যাপার। একটি পশুর মধ্যে রোগের উপসর্গ দেখা দিতে যদি মাসখানেক লেগে যায় তাহলে সেটি নিয়ে তো আর ল্যাবরেটরিতে গবেষণা করা যায় না। দ্রুত-আক্রান্ত করার একটি পদ্ধতি বের করতে হবে।

লুই পাস্তুর চিন্তা করতে লাগলেন, রোগের উপসর্গ দেখে মনে হয় এটি স্নায়ুর রোগ, মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ আছে। জলাতঙ্ক-আক্রান্ত পশুর লালা না-নিয়ে যদি স্পাইনাল কর্ডের অংশবিশেষ সরাসরি পশুর মস্তিষ্কে ইনজেকশান দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে কী হয়? যে-রকম চিন্তা সে-রকম কাজ এবং লুই পাস্তুর আবিষ্কার করলেন তাঁর ধারণা সত্যি, খুব নির্ভরযোগ্যভাবে দ্রুত তিনি পশুকে র‌্যাবিজ রোগে আক্রান্ত করিয়ে দিতে পারছেন। এখন তিনি গবেষণার পরের ধাপে পা দিতে পারেন, রোগের কারণটিকে আলাদা করে বের করা।

এখানে এসে তিনি শক্ত পাথরের দেয়ালে ধাক্কা খেলেন – কিছুতেই এই অদৃশ্য কারণকে শনাক্ত করা যাচ্ছে না। একটি ব্যাকটেরিয়াকে কৃত্রিম পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখা যায়, বংশবৃদ্ধি বা কালচার করা যায়, কিন্তু এই অদৃশ্য পরজীবী প্রাণটিকে কোনোভাবেই ল্যাবরেটরির টেস্টটিউবে বাঁচিয়ে রাখা যায় না। লুই পাস্তুর আবার খাঁটি বিজ্ঞানীর মতো ভাবলেন – যদি তাকে কৃত্রিম অবস্থায় বাঁচিয়ে রাখা না-ই যায় – তাকে তাহলে জীবন্ত কোথাও বাঁচিয়ে রাখা হোক। সেই জীবন্ত অংশটুকু হলো খরগোশের মস্তিষ্ক। আবার লুই পাস্তুরের ধারণা সত্যি প্রমাণিত হলো, খরগোশের মস্তিষ্কে এই অদৃশ্য জীবাণু শুধু বেঁচে থাকে না, আরো ভয়ংকর আরো সর্বনাশী হয়ে ওঠে, ছয়দিনের মধ্যে এই রোগ তার সর্বগ্রাসী উপসর্গ নিয়ে দেখা দেয়।

লুই পাস্তুর এখন গবেষণার শেষ ধাপে এসে পৌঁছেছেন, এমন একটি প্রক্রিয়া খুঁজে বের করা যেটি দিয়ে এই রোগের প্রতিষেধক বের করা যায়। একদিন ল্যাবরেটরিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলেন তাঁর একজন সহকারী জলাতঙ্ক-আক্রান্ত একটি খরগোশের স্পাইনাল কর্ড কাচের ফ্লাস্কে ঝুলিয়ে রেখেছেন, কতদিন এই ভয়ংকর জীবাণু বেঁচে থাকতে পারে সেটিই হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য। লুই পাস্তুর কাচের ফ্লাস্কের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কিছুদিন আগেই মোরগের কলেরা রোগের ব্যাকটেরিয়াকে অক্সিজেন দিয়ে দুর্বল করে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করেছেন। এখানেও সেটি কি করা যায় না? যে-অদৃশ্য জীবাণুকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যার অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, সেটিকে কি দুর্বল করে এর প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায় না!

পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যবহারিক বিজ্ঞানী কাজে লেগে গেলেন। খরগোশের স্পাইনাল কর্ডে বেঁচে-থাকা জীবাণুকে অক্সিজেন দিয়ে দুর্বল করতে লাগলেন। প্রতিদিন সেখান থেকে একটি অংশ নিয়ে সেটিকে গুঁড়ো করে সুস্থ খরগোশের মাথায় ইনজেকশান দিতে শুরু করলেন। যতই দিন যেতে লাগল এই ভয়ংকর জীবাণু ততই দুর্বল হতে শুরু করল, বারোদিন পর জীবাণু এত দুর্বল হয়ে গেল যে, সেটি সুস্থ প্রাণীকে সংক্রমণ করতেই পারল না।

এখন আসল পরীক্ষাটি বাকি, এই প্রক্রিয়ায় সত্যিই কি জলাতঙ্কের প্রতিষেধক তৈরি করা সম্ভব? লুই পাস্তুর পরীক্ষা করে দেখতে শুরু করলেন। একটি কুকুরের মস্তিষ্কে প্রথমে বারোদিনের দুর্বল জীবাণু প্রবেশ করানো হলো। তার পরদিন এগারোদিনের, তার পরদিন দশদিনের। এভাবে প্রত্যেকদিনই আগের থেকে একটু বেশি ভয়ংকর জীবাণু কুকুরের মস্তিষ্কে ইনজেকশান দেওয়া হয়েছে। বারোদিনের দিন একেবারে খাঁটি টগবগে জীবাণু কুকুরের মস্তিষ্কে ইনজেকশান দেওয়া হলো, কিন্তু এতদিনে কুকুরটির দেহে জলাতঙ্কের প্রতিষেধক তৈরি হয়ে গেছে। এই ভয়ংকর জীবাণু নিয়েও সেটি বহাল তবিয়তে বেঁচে রইল। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের প্রতিষেধক বের করেছেন – তবে মানুষের জন্যে নয়, পশুর জন্যে।

ঠিক এরকম সময়ে নয় বছরের জোসেফ মাইস্টারকে নিয়ে তার মা এলেন লুই পাস্তুরের কাছে, আকুল হয়ে লুই পাস্তুরকে বললেন তার ছেলেকে বাঁচিয়ে দিতে। লুই পাস্তুর খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। নয় বছরের এই বাচ্চাটির শরীরে নিশ্চিতভাবেই জলাতঙ্ক রোগের জীবাণু ঢুকে গেছে, একজনের শরীরে জীবাণু ঢোকার পর তার শরীরে কি প্রতিষেধক তৈরি করা যাবে? যে-প্রক্রিয়া কখনো কোনো মানুষের শরীরে পরীক্ষা করা হয়নি, সেটি কি একটি শিশুর শরীরে পরীক্ষা করা যায়?

অনেক ভেবেচিন্তে তিনি পরীক্ষাটি করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে দুই সপ্তাহ পুরানো জীবাণু, তারপর তেরোদিনের, তারপর বারোদিনের। এভাবে যতই দিন যেতে লাগল ততই আগ্রাসী জীবাণু বাচ্চাটির শরীরে ঢুকিয়ে দেওয়া হলো। একেবারে শেষদিন তার শরীরে জলাতঙ্ক রোগের যে-জীবাণু ঢোকানো হলো সেটি অন্য যে-কোনো পশু বা মানুষকে এক সপ্তাহের মধ্যে মেরে ফেলার ক্ষমতা রাখে! সেই সময়টি সম্ভবত ছিল লুই পাস্তুরের জীবনের সবচেয়ে কঠিন সময়। তিনি খেতে পারেন না, ঘুমাতে পারেন না। ছেলেটি কি বাঁচবে, না মারা যাবে?

ছেলেটি মারা যায়নি। লুই পাস্তুরের চিকিৎসায় পৃথিবীর প্রথম জলাতঙ্ক রোগীটি বেঁচে উঠল! বিজ্ঞানের ইতিহাসে লুই পাস্তুরের এই অবিস্মরণীয় অবদানটি সোনার অক্ষরে লেখা থাকবে!

জোসেফ মাইস্টার তার প্রাণ বাঁচানোর কারণে সারাজীবন লুই পাস্তুরের প্রতি কৃতজ্ঞ ছিল। সে বড় হয়ে লুই পাস্তুরের ল্যাবরেটরির দ্বাররক্ষীর দায়িত্ব নিয়েছিল। নাৎসি জার্মানি যখন ফ্রান্স দখল করে নেয় তখন নাৎসি বাহিনী লুই পাস্তুরের ল্যাবরেটরি দখল করতে আসে। জোসেফ মাইস্টার গেটের দরজায় দাঁড়িয়ে থেকে ল্যাবরেটরি রক্ষা করার চেষ্টা করে। জার্মান সেনাবাহিনীর গুলিতে জোসেফ মাইস্টারের মৃত্যু হওয়ার আগে সে কাউকে ভেতরে ঢুকতে দেয়নি।