মূল: শলোম আলেইকম
মনে হচ্ছে, কোলোমেয়া যাচ্ছো তুমি?’
‘কী করে বুঝলে কোলোমেয়া যাচ্ছি আমি?’
‘কন্ডাক্টরের সঙ্গে যখন কথা বলছিলে তখন শুনেছি। আদতেই কি তুমি কোলোমেয়ার লোক, নাকি স্রেফ এমনিই যাচ্ছো ওখানে?’
‘আমি কোলোমেয়ারই লোক। তো?’
‘কিছু না। এমনিই জিজ্ঞেস করছিলাম। তা, শহরটা কি সে-রকম নামি-দামি কিছু, এই কোলোমেয়া?’
‘নামি-দামি মানে? গ্যালিসিয়ার (এক পোলিশ প্রদেশ – অনুবাদক) অন্য যে-কোনো শ্টেট্লের মতোই। চমৎকার একটা শ্টেট্ল, বড়ই চমৎকার শ্টেট্ল!’
‘মানে বলতে চাইছি, ওখানে ভালো লোকজন কিছু আছে, পয়সাঅলা লোকজন?’
‘সব ধরনের লোকই আছে আমাদের – পয়সাঅলা আছে, গরিবগুর্বোও আছে। স্বভাবতই, পয়সাঅলা লোকের চেয়ে গরিব লোক বেশি।’
‘ঠিক আমাদের ওখানকার মতোই। একজন পয়সাঅলা তো এক হাজার গরিবগুর্বো। তা, ফিংকেলস্টাইন নামে কোনো পয়সাঅলা লোক আছে নাকি তোমাদের কোলোমেয়ায়?’
‘তা আছে এক পয়সাঅলা লোক, বেশ ধনী লোক। চেনো বুঝি?’
‘চিনি না, তবে শুনেছি তার কথা। লোকে তাকে রেব শায়েহ বলে ডাকে তো?’
‘রেব শায়েহ। হ্যাঁ। কিন্তু তাতে কী?’
‘কিছু না। এমনি জিজ্ঞেস করছি। লোকে যেমন বলে লোকটা কি আসলেই তেমন বড়লোক, এই রেব শায়েহ?’
‘তার আমি কী জানি? আমি তো আর তার পয়সাকড়ি গুনে দেখিনি। কিন্তু সে-কথা জেনে তোমার কী দরকার? ধার চাও বুঝি?’ ‘আরে না, এমনি জিজ্ঞেস করছিলাম। শুনলাম একটা মেয়ে আছে তার?’
‘তিনটে মেয়ে আছে তার। বুঝেছি, ঘটকালি করতে চাও। লোকটা তার মেয়ের বিয়েতে কত পণ দেবে বলেছে?’
‘পণ-টনের ব্যাপার নয়, বুঝলে। ব্যাপারটা হচ্ছে বংশের, ঘরের, সেটাই আসল ব্যাপার, বুঝলে; তা, এই রেব শায়েহ ফিংকেলস্টাইনের বাড়িটা কেমন বলো তো? মানে বলতে চাইছি, তার ঘরদোর কীরকম?’
‘কেমন আবার? সবার বাড়ি যেমন হয় তেমন। ইহুদি বাড়ি, হাসিদীয় বাড়ি, বড়ই চমৎকার বাড়ি! লোকে বলে, হিব্রুত্বের দিক দিকে ইদানীং কিছু… অবশ্য কথাটা মিথ্যা!’
‘কী মিথ্যা কথা?’
‘ওদের পক্ষে যা বলা সম্ভব সবই মিথ্যা কথা। একটা কথা তোমার জানা উচিত, কোলোমেয়া হচ্ছে জঘন্যতম সব মিথ্যা কথার শহর।’
‘তাহলে তো, এই যেমন ধরো, ওরা লোকটার বাড়ি সম্পর্কে কী বলে, সেটা জানতে পারলে আরো মজার হবে।’
‘লোকে বলে, আগে যেমন ছিল তেমনটা নাকি আর নেই বাড়িটা এখন। এই যেমন, আগে ওরা সব নিয়মকানুন খুব কড়াকড়িভাবে মেনে চলত। পাসোভারের১ জন্যে ওদের ছিল বিশেষ মাতযাহ২। ওদিকে, বছরে দুবার নিজেই যেত সে তার র্যাবায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু এখন… এখন আর ব্যাপার-স্যাপার আগের মতো নেই…।’
‘ব্যস, এই?’
‘আর কী চাও তুমি শুনি? নাকি চাও, লোকটা দাড়ি কামিয়ে ফেলুক, সবার চোখের সামনেই খাক শুয়োরের মাংস?’
‘তুমি বললে ‘লোকে বলে’, তাই ভাবলাম ঈশ্বর জানেন লোকে কী বলে! আসল কথা হচ্ছে, খোদ ওই লোকটা; আসল কথা, সৎ হতে হবে তাকে! তার মানে, বলতে চাইছি, লোকটা, মানে এই রেব শায়েহ ফিংকেলস্টাইন খানিকটা চমৎকার, মান্যিগন্যি করার মতো লোক তো? আসলে সেটাই জানতে চাইছি।’
‘মান্যিগন্যি করার মতো লোক মানে, কী বলতে চাইছ? আর দশটা লোকের মতোই একজন। আমি আর কী বলব? আমাদের শ্টেট্লে তো এমন কথাও চালু আছে যে, লোকটা খানিকটা… অবশ্য কথাটা মিথ্যা!’
‘কী মিথ্যা?’
‘লোকটা সম্পর্কে লোকে যা-কিছু বলে তার সবই মিথ্যা। কোলোমেয়া এমন একটা শহর, যেখানে লোকে একে অন্যের নামে নিন্দা রটিয়ে বেড়াতে খুব পছন্দ করে। এসব কথা বারবার বলতে চাই না আমি, কারণ তার মানেই হচ্ছে লোকের নামে কুৎসা গাওয়া।’
‘জানোই যেহেতু যে-কথাটা মিথ্যা, তাহলে তো আর সেটা কুৎসা গাওয়া হলো না।’
‘লোকে বলে, লোকটা… এই খানিকটা… চালবাজ গোছের।’
‘চালবাজ? তা, প্রত্যেক ইহুদিই তো খানিকটা চালবাজ। তুমি নিজেও কি চালবাজ নও?’
‘চালবাজি তো আছেই। তবে তার সম্পর্কে লোকে বলে… কথাটা জানা থাকা দরকার তোমার… অবশ্য কথাটা মিথ্যা!’
‘লোকে ঠিক কী বলে লোকটা সম্পর্কে?’
‘কিন্তু আমি বলছি কথাটা মিথ্যা!’
‘ওদের ওই মিথ্যা কথাটাই জানতে চাই আমি।’
‘লোকে বলে লোকটা এরই মধ্যে তিন-তিনবার দেউলিয়া ঘোষণা করেছে নিজেকে। তবে কথাটা মিথ্যা! আমি তো শুধু একবারের কথা জানি।’
‘ব্যস, এই? জীবনে কখনো এমন কোনো বণিক দেখেছ, নিজেকে যে দেউলিয়া ঘোষণা করেনি? একেবারে গোল্লায় না-যাওয়া পর্যন্ত বণিকেরা তাদের ব্যবসা বন্ধ করে না। নিজেকে দেউলিয়া ঘোষণা করার আগেই যদি কোনো বণিক মারা যায় তো বুঝতে হবে অকালমৃত্যু হয়েছে তার। কি তাই না?’
‘তোমার ধারণা দেউলিয়ার ব্যাপারটাই সব? লোকে বলে একেবারে জঘন্য সব উপায়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিল লোকটা। আসল জিনিস সরিয়ে রেখে নকলটা দেখিয়েছে সবাইকে সে। বুঝলে কিছু?’
‘গর্দভ যে নয়, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো, এই, আর কিছু নেই?’
‘আর কী চাও? নাকি চাও মানুষ মারুক লোকটা? আসলে লোকটা সম্পর্কে আরেকটা কাহিনী আছে, যেটা আসলে খুব একটা শ্রুতিমধুর নয়… অবশ্য কথাটা মিথ্যা।’
‘সত্যি! কী ধরনের কাহিনী?’
‘এক জমিদারকে জড়িয়ে একটা কাহিনী। যত্তসব আজগুবি কথা!’
‘জমিদারকে জড়িয়ে কী কাহিনী?’
‘ওখানকার এক জমিদার… কিছু হুন্ডি… আমি কী করে বলব কোলোমেয়ার লোকজনের মাথায় কত-কী আসতে পারে? কথাটা মিথ্যা! আমি জানি কথাটা মিথ্যা!’
‘জানোই যদি যে, কথাটা মিথ্যা, তাহলে তো আর তাতে ক্ষতি হচ্ছে না লোকটার, তাই না?’
‘লোকে বলে, এক জমিদারের সঙ্গে ব্যবসায় নেমেছিল সে। খুবই বড়লোক এক জমিদার। লোকটাকে খুব বিশ্বাস করেছিল সে। তো, হঠাৎ জমিদার মারা গেল, আর অমনি লোকটা জমিদারের সই করা দুটো হুন্ডি ভাঙিয়ে ফেলল। ঢি-ঢি পড়ে গিয়েছিল গোটা শহরে এ-নিয়ে। নোট দুটো কোথায় পেল সে, যেহেতু জীবদ্দশায় জমিদার কোনো কাগজপত্রে সই করেননি? তোমার জানা দরকার, কোলোমেয়া হচ্ছে এমন এক শহর, যার নজরটা সবসময়ে পড়ে থাকে…’
‘তো?’
‘তো, তো আর কী? এক বস্তা সমস্যায় জড়িয়ে পড়েছিল লোকটা।’
‘ব্যস এই? সব ইহুদিরই এক বস্তা সমস্যা আছে। এমন কোনো ইহুদি দেখেছ, যার এ-ধরনের সমস্যার বস্তা নেই?’
‘লোকে অবশ্য বলে এই লোকের ছিল তিন-তিনটে বস্তা।’
‘তিন বস্তা? সত্যি? তো, আর কোন কোন বস্তা নিয়ে লোকটা ঘুরে বেড়াত বলে বলত লোকে?’
‘একটা মিলের সঙ্গে কী একটা ব্যবসা ছিল নাকি লোকটার…। কিন্তু কথাটা বিলক্ষণ মিথ্যা।’
‘তো, মিলটা সম্ভবত আগুনে পুড়ে গিয়েছিল, আর লোকে বলাবলি করছিল লোকটা নিজেই ছিল ‘বয়রি মাউরি হাশ’ – ‘আগুনে গোলকের স্রষ্টা’, আর মিলটা যেহেতু ছিল রীতিমতো পুরনো, তাই ওটার নামে মোটা অঙ্কের ইন্স্যুরেন্স করেছিল সে, যাতে নতুন একটা আবার দাঁড় করানো যায়।’
‘তুমি কী করে জানো কাহিনীটা এরকমই ছিল?’
‘জানি? আমি জানি না, কিন্তু আমি ঠিক বলতে পারি, ব্যাপারটা এভাবেই ঘটেছিল।’‘হ্যাঁ, কোলোমেয়াতে এরকমই গুজব রটেছিল বটে, কিন্তু কথাটা মিথ্যা! আমি বাজি ধরে বলতে পারি, কথাটা মিথ্যা!’
‘সত্যি হলেও আমার কিছু এসে যায় না। তা, আর কী সমস্যার বস্তা আছে ওর বলছিলে যেন?’
‘আমি বলেছি বুঝি? কিন্তু ওটা নিখাদ অপবাদ, মিথ্যা অভিযোগ, নির্জলা কুৎসা।’
‘মিথ্যা অভিযোগ? কুৎসা? জালিয়াতির ব্যাপার বুঝি?’
‘তারচেয়ে খারাপ।’
‘তারচেয়ে খারাপ আবার কী হতে পারে?’
‘কোলোমেয়ার লোকজনের মাথায় যে কতকিছু আসতে পারে, তা মুখে উচ্চারণ করাটাও অস্বস্তিকর একটা ব্যাপার। মাথামোটা লোকজন… অকম্মার দল সব… এমনও কি হতে পারে না যে, ওকে ব্ল্যাকমেইল করার জন্যে ওটা একটা সাজানো ঘটনা ছিল? জানোই তো, এসব ব্যাপার-স্যাপার কেমন হয়, তাই না? ছোট্ট একটা শ্টেট্ল, আর বড়লোকদের মেলা শত্রু থাকে…।’
‘চাকরানি-টাকরানির সঙ্গে কোনো আশনাই ছিল বুঝি তার?’
‘তুমি জানলে কী করে? কেউ নিশ্চয়ই বলেছে তোমাকে, তাই না?’
‘কেউ বলেনি, কিন্তু আমি আন্দাজ করতে পারি। নির্ঘাৎ মেলা পয়সা খসেছে তার এজন্যে, এই সাজানো ব্যাপারটার জন্যে।’
‘তোমার সঙ্গে তো আর শত্রুতা নেই আমার – যে-টাকাটা তার খসেছিল আমরা দুজনে এক হপ্তায় সেটা কামাতে পারলে মন্দ হতো না, যদিও ঈশ্বর সাক্ষী, লোকটা দোষী ছিল না। ছোট্ট একটা শ্টেট্ল, …বড়লোক এক ইহুদি… দিনকাল ভালোই কাটছে তার… লোকের চোখ টাটাচ্ছে… নির্ঘাৎ চোখ টাটাচ্ছে ওদের…।’
‘হয়তো। তা, বাপের নাম রাখার মতো যোগ্য ছেলেমেয়ে আছে লোকটার? তিনটে মেয়ে আছে বলেছিলে না তুমি?’
‘হ্যাঁ, তিন মেয়ে। দুজনের বিয়ে হয়েছে, একজন এখনো কুমারী। চমৎকার সব বাচ্চা। খুবই চমৎকার বাচ্চা। …কিন্তু বড়টার সম্পর্কে বলা হয়… অবশ্য কথাটা মিথ্যা!’
‘আহা, বলোই না, লোকে মেয়েটা সম্পর্কে কী বলে।’
‘কিন্তু আমি বলছি কথাটা মিথ্যা!’
‘জানি কথাটা মিথ্যা। কিন্তু আমি এই মিথ্যাটাই জানতে চাইছি।’
‘কোলোমেয়াতে যত মিথ্যা কথা চালু আছে তার সব যদি তুমি শুনতে চাও তাহলে তিনদিন তিনরাত্তিরেও কুলোবে না…। বড়টা সম্পর্কে লোকে বলে যে, সে নাকি তার নিজের চুল নিজেই পরিচর্যা করে। আমি নিজেই সাক্ষী যে, কথাটা মিথ্যা, কারণ, মেয়েটা শিক্ষা-দীক্ষায় এতটা দড় নয় যে, নিজের চুলের পরিচর্যা নিজেই করবে। আর মেজ মেয়েটা সম্পর্কে ওরা আবিষ্কার করেছে যে, বিয়ে না হওয়ার আগেই নাকি সে… কিন্তু কোলোমেয়ার লোকজনের মাথায় কোন চিন্তাটাই-বা না আসতে পারে বলো! কথাটা মিথ্যা!’
‘তোমাদের কোলোমেয়ার লোকজনের মাথায় কোন চিন্তাটা আসতে পারে, সেটা জানাটা নিশ্চয়ই মজার একটা ব্যাপার হবে।’
‘কিন্তু তোমাকে তো বললামই, কোলোমেয়া হচ্ছে জঘন্যতম সব মিথ্যুক, কুৎসাবাজ আর বারফাট্টাইদের শহর। জানো না তুমি? ছোট্ট একটা শহরে একটা মেয়ে যখন একটা ছোকরার সঙ্গে রাতে একা হেঁটে বেড়ায়, রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় : একটা মেয়ে কেন রাতের বেলা একা এক ফার্মাসিস্টের সঙ্গে ঘুরে বেড়াবে?’
‘ব্যস, এই?’
‘আর কী চাও তুমি? নাকি চাও ‘ইওম কিপুর’ বা প্রায়শ্চিত্ত দিবসের মধ্যেখানে মেয়েটা চেরনোভিট্স্কি পালিয়ে যাক ছোকরাটার সঙ্গে, যে-চালাকিটা নাকি ছোট মেয়েটা করেছিল?’
‘তা সবচেয়ে ছোট মেয়েটা কী চালাকি করেছিল?’
‘কোলোমেয়াতে লোকে যত আবোল-তাবোল বকে, সেসবের ফিরিস্তি দেওয়াটা কোনো কাজের কথা নয়। মিথ্যা কথাগুলো ফের বলতে ঘেন্না হয় আমার!’
‘এরই মধ্যে তুমি আমাকে একগাদা মিথ্যা কথা বলে ফেলেছ, তাই আর দেরি করো না, বলো, এটাও বলে ফেলো।’
‘আমি আমার মিথ্যা কথা বলি না রেব ইহুদি। অন্যেরা যেসব মিথ্যা কথা বানায় সেগুলোই বলি আমি। তাছাড়া, মোটের ওপর আমি বুঝতে পারছি না, উকিলের মতো তুমি সবার ব্যাপারে এত জেরা করছ কেন? আমার তো মনে হচ্ছে, তুমি হচ্ছো এমন এক ইহুদি, যে-কিনা ছোঁকছোঁক করতে, উঁকিঝুঁকি মারতে, অন্যের মজ্জা টেনে বের করতে পছন্দ করো, অথচ নিজের পেটের ভেতর থেকে একটা কথাও বের করতে ভয় পাও…। একেবারে খাঁটি সত্যি কথাগুলো বলার জন্যে দয়া করে ক্ষমা করো আমাকে। তবে আমার মনে হচ্ছে তুমি একটা রুশ-ইহুদি, আর এসব ইহুদির একেবারে জঘন্য একটা স্বভাব আছে – মানুষের মনের একবারে অন্দরমহলে ঢুকে পড়া খুব পছন্দ এদের।… যেমন-তেমন গপ্পের লোক নয় এরা।… তাছাড়া, আমরা কোলোমেয়ার কাছাকাছি চলে এসেছি… জিনিসপত্র গোছগাছের সময় হলো আমার…। এ..ক্স..কি..উ..জ মি!’
(মিরিয়াম কাট্যের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় ভাষান্তরিত)
টীকা:
১. পাসোভার – মিশর থেকে ইহুদিদের গণহিজরতের স্মৃতি-উদ্যাপনার্থে, হিব্রু বর্ষপঞ্জির সপ্তম মাস ‘নিসানে’র চতুর্দশ দিবস থেকে পরবর্তী আটদিন স্থায়ী ছুটি।
২. মাতযাহ্ – ভঙ্গুর, চ্যাপ্টা এক টুকরো খামি না-করা রুটি।
লেখক-পরিচিতি :
শলোম আলেইকম রাশিয়ায় জন্মগ্রহণকারী (১৮৫৯) রম্যসাহিত্যিক সলোমন র্যাবিনোভিচের ছদ্মনাম। লেখক হিসেবে তাঁর স্থান নিকোলাই গোগল, চার্লস ডিকেন্স, আন্তন চেখভ, গি দ্য মোপাসাঁ, লু স্যুন প্রমুখ স্বনামধন্য লেখকের কাতারে। লিখেছেন ইদ্দিশ ভাষায়, যে-ভাষার আরেক বিখ্যাত লেখক হচ্ছেন ১৯৭৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত আইজাক ব্যাশিভিস সিঙ্গার (১৯০৪-১৯৯১)। ব্রডওয়েতে সহস্রাধিকবার মঞ্চায়িত এবং চলচ্চিত্রে রূপায়িত বিখ্যাত মিউজিকাল ফিড্লার অন দ্য রুফ শলোম আলেইকমেরই কিছু ছোটগল্প এবং নাটক-অবলম্বনে নির্মিত। তাঁর রচনায় যেমন দেখা মেলে নিজের দেশ, সমাজ ও জাতির প্রতি ব্যঙ্গ ও বিদ্রƒপ, তেমনি তাতে অন্তর্লীন থাকে স্বদেশ ও স্বধর্মের মানুষের প্রতি এক প্রবল মমত্ববোধ, যা এক পর্যায়ে হয়ে-ওঠে সর্বজনীন। রুশ বিপ্লবের একবছর আগে, ১৯১৬ সালে মৃত্যুবরণ করেন তিনি। উল্লেখ্য, তাঁর ছদ্মনামের অর্থ, ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক’।

Leave a Reply
You must be logged in to post a comment.