বিবাহের চেয়ে বড়
ম্প্রতি উড়িষ্যা অঞ্চল থেকে প্রায় শতায়ু এক ব্যক্তির মৃত্যুসংবাদ প্রচারিত হয়েছে, এবং তা বিভিন্ন ভাষার পত্রপত্রিকায় বিভিন্ন দেশে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে।
এক ভদ্রলোক নব্বইয়ের কোঠার প্রায় শেষ প্রান্তে একশো বছরের মুখে দেহরফা করেছেন। কিন্তু আজকের যুগে মানুষের আয়ু যখন ক্রমবর্ধমান, তখন অনেকেই একশো বছর বাঁচছেন, অনেকে তারও বেশি। এখন সোয়াশো-দেড়শো বছর হলে হয়তো সংবাদ হওয়া যায়, কিন্তু একশো বছর বেঁচে-থাকা কোনো খবরই না। এই ভদ্রলোকের মৃত্যুসংবাদ গুরুত্ব পেয়েছে অন্য কারণে। তিনি নাবালক বয়স থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত প্রায় একশোটি বিয়ে করেছিলেন। ঠিক একশো নয়, কেউ বলেন বিরানব্বই, মতান্তরে ছিয়ানব্বই।
ভদ্রলোকের বাসনা ছিল তিনি শতায়ু হবেন এবং সেইসঙ্গে একশোটি বিয়েও করে ফেলবেন। দুঃখের বিষয়, তা সম্ভব হয়নি। এবং মৃত্যুসংবাদ হলেও ঘটনার চমৎকারিত্বে সংবাদটি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে।
এককালে ভদ্রলোকেরা অনেকেই একাধিক বিবাহ করতেন এক স্ত্রী বর্তমান থাকতেই। এবং এ-নিয়ে কোনো সামাজিক সংকোচের বালাই ছিল না। তবে একালে এরকম হয় না। আইন করে একাধিক বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই দোষের সাজাও বেশ কঠিন।
একাধিক বিবাহের সবচেয়ে বেশি সাজা হলো একাধিক শাশুড়ি। শাশুড়িতাড়িত পশ্চিমী সমাজে এরকম একটি কথা চালু আছে। বিবাহ-উত্তর নারী-পুরুষের সম্পর্ক যাকে এককালে ব্যভিচার বলে বিচার করা হতো একালে সমাজ সেটাকে খুব একটা হেয়ভাবে দেখে না। ধরে নেওয়া হয়, এর মধ্যে আধুনিকতা বা স্মার্টনেস আছে। যে-স্মার্টনেসের পরিণতি লিভ টুগেদারে বা সহজীবনে।
গত শতকের গোড়ায় বিবাহচিন্তায় নারী-পুরুষের সম্পর্কের বিষয়ে বাঙালি সমাজকে প্রভাবিত করেছিল শরৎচন্দ্রের রচনা। এক নীতিবাগীশ অধ্যাপকের কথা জানি যিনি অচলার প্রেম পবিত্র ছিল না, এই কথা বলে গৃহদাহ পড়াতেন না।
আশি বছর আগে কল্লোলীয় আধুনিকতার যুগে অচিন্ত্যকুমার, বুদ্ধদেব, প্রেমেন্দ্র, প্রবোধ সান্যাল এই জাতীয় বিষয়ে বাঙালির চিন্তাকে আলোড়িত করেছিলেন। পরবর্তী যুগে রামকৃষ্ণসেবী রক্ষণশীল অচিন্ত্যকুমার তখন লিখেছিলেন বিবাহের চেয়ে বড়।
অচিন্ত্যকুমার যখন বেদে লিখলেন, কল্লোল-বিরোধী শনিবারের চিঠি-গোষ্ঠী সজনীকান্ত-সুহৃদ এক সমালোচক বলেছিলেন, ‘এই যুবকের কি বাবা-মা গার্জিয়ান কেউ নেই? ছেলে বলছে বে দে (বিয়ে দে) আর তাঁরা কিছু করছেন না।’
তারপরে অনেক যুগ পার হয়ে এসেছে। বিয়ে ব্যাপারটা কিন্তু এখনো শতকরা নিরানব্বই ক্ষেত্রে জলভাত হয়ে ওঠেনি। সত্যজিৎ রায় আগন্তুক বইতে পরিষ্কার বলে দিয়েছেন, ‘বিবাহ হলো মানুষের সবচেয়ে পবিত্র প্রতিষ্ঠান।’
এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এভাবে তো চলছে-চলবে চলবে না। চলছে-চলবের জন্যে দুটি গল্প। একটি পুরনো, একটি নতুন।
এক, নাবালিকা কন্যার বিয়ের জন্যে অস্থির হয়ে উঠেছেন বাবা। কিন্তু মায়ের আপত্তি। ‘এইটুকু মেয়ের কী বিয়ে দেবো? আগে জ্ঞানবুদ্ধি হোক।’
বাবা বললেন, ‘জ্ঞানবুদ্ধি হলে কেউ বিয়ে করে না। তখন আর বিয়ে দেওয়া যাবে না।’
দুই, মাঠে গাধা চরছে। বালক-পুত্রকে সঙ্গে করে বাবা বেড়াতে বেরিয়েছেন। সামনে চলে-আসা একটা গাধার দিকে আঙুল দেখিয়ে ছেলে বাবাকে জিজ্ঞাসা করল, ‘বাবা, এটা কী?’
বাবা বললেন, ‘এটা গাধা।’
পরে অনুরূপ আরেকটি জন্তু এগিয়ে আসতে ছেলে আবার একই প্রশ্ন করল। বাবাও একই উত্তর দিলেন। ছেলের মনে একটু সংশয় দেখা দিল, ‘এটাও গাধা?’
একটু দেখে নিয়ে বাবা বললেন, ‘এটা গাধার বউ।’
এবার ছেলের মোক্ষম প্রশ্ন, ‘বাবা, গাধারাও বিয়ে করে।’
দীর্ঘনিশ্বাস ফেলে বাবা বললেন, ‘হ্যাঁ, শুধু গাধারাই বিয়ে করে।’

Leave a Reply
You must be logged in to post a comment.