থিয়েটারের মুক্তি

আধুনিক সমাজের প্রধান প্রবণতাসমূহকে যদি শনাক্ত করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের বহুমুখিন ও বহুমাত্রিক দৃষ্টিকোণ প্রয়োগ করতে হবে। কিন্তু যে-ব্যক্তিমানুষ বা ব্যক্তিমানসের সূত্রগুলোকে গ্রন্থিবদ্ধ করে সমাজচিত্রের একটা সাধারণ আভাস তৈরি হয়, তার খোঁজখবরের মধ্যেই সৃজনশীল সাহিত্যের গতিপ্রকৃতি গড়ে ওঠে। এই আধুনিককালে সমাজের যে-দৃষ্টিগ্রাহ্য বিবর্তন এবং ব্যক্তিমানুষের যে-অন্তর্জাগতিক সংকট, তার নিরন্তর টানাপোড়েন নিয়ে শিল্পী, নাট্যকার ও সাহিত্যস্রষ্টারা পাঠক-দর্শকদের সামনে কারুময় সংশয়-বৃত্ত রচনা করছেন। সম্প্রতি আমাদের দেশের প্রথিতযশা নাট্যগোষ্ঠী ‘থিয়েটার’ তাদের নবতম প্রযোজনা মুক্তি নাটকটা মঞ্চায়নের মাধ্যমে এমন দোটানায়আন্দোলিত এক গৃহাভ্যন্তরকে সামাজিক ভাঙনের অশনি সংকেত হিসেবে চিহ্নিত ও উপস্থাপিত করার চেষ্টা করেছে এবং সে-চেষ্টায় নাট্যকলার প্রায়োগিক দিক থেকে তারা বেশ সফল হয়েছে, একথা নির্দ্বিধায় বলা যায়। পূর্ববর্তী বাক্যে ‘চিহ্নিত’ শব্দটাকে আমি স্বেচ্ছায় ও সুচিন্তিতভাবে ব্যবহার করেছি। কারণ, এই নাটকের যে-অনুষ্ঠানলিপি বিতরণ করা হয়েছে দর্শকদের জন্যে, সেখানে পরিচিতিমূলক ক্ষুদ্রাবয়ব ভাষ্যের শেষ অনুচ্ছেদে মুক্তির মঞ্চায়নের প্রাসঙ্গিকতা নিয়ে অর্থবহ ও সুগভীর মন্তব্য করা হয়েছে। এই ভাষ্যে বলা হচ্ছে, পাশ্চাত্য জগতের একাকিত্বের সমস্যায় আমাদের (বাঙালি) সমাজও সংক্রামিত হচ্ছে বিরতিহীনভাবে। আর এই পরিপ্রেক্ষিতে আমাদের সমাজচারিত্র্য বা পারিবারিক সহবন্ধনের ঐতিহ্যের ভাঙন-প্রতিরোধে এই নাটকের অন্তঃস্থিত বাণী হয়তো-বা চিন্তার রসদ সরবরাহ করতে পারে। এমন মন্তব্য দর্শক হিসেবে আমাকে স্বাভাবিকভাবেই এই নাটককে একটা সুপরিকল্পিত বার্তাবাহী প্রযোজনা হিসেবে বিবেচনা করতে প্ররোচনা দেয়। একথা অবশ্যমান্য যে, সকল সুচিন্তিত শিল্পসৃজনের মধ্যেই কোনো-না-কোনো অন্তর্নিহিত বার্তা থাকে। কিন্তু নাটকের মঞ্চায়ন এমন দৃশ্যানুগ শিল্প যে, দেখা ও শোনার নান্দনিক সমন্বয়কেই আমি প্রাধান্য দিতে চাই, অন্তত অগ্রাধিকারভিত্তিতে, কাহিনীধৃত বক্তব্যকে যাচাই-বাছাই বা ব্যাখ্যা করার কাজটাকে একটু সীমানার দিকে ঠেলে দিতে চাই।

মুক্তি দেখার পরই আমার প্রাথমিক অনুভূতি এমন যে, এই প্রযোজনা আমাদের মঞ্চে বেশ সতেজ এক সুবাতাসের তরঙ্গ সৃষ্টি করল। বিশেষভাবে বলতে চাই, থিয়েটার নাট্যগোষ্ঠী তাদের বিগত কয়েকটা প্রযোজনা – মেরাজ ফকিরের মা, ছয় বেহারার পালকি এবং মাধবীর মাধ্যমে নাটকের বক্তব্যকে বেশ একটু উঁচুপর্দায় বাঁধার একটা ধারা সৃষ্টি করেছিল। কখনো-বা কৌতুকের উপাদান দিয়ে নাট্যকাহিনীর মধ্যে লঘু রসের জোগান থাকলেও দর্শকদের মধ্যে বার্তা সংবাহিত করার উদ্দেশ্যটা সর্বদাই বেশ অনুভবগ্রাহ্য ছিল। যেসব প্রযোজনার কথা উল্লেখ করলাম সেগুলোর উপস্থাপন-রীতি ও প্রয়োগ-কৌশলও যথেষ্ট উঁচুমানের। কিন্তু আমি বলতে চাইছি, ওই তিন নাটকে যথাক্রমে মৌলবাদী চিন্তার অমানবিকতা, সমাজের অন্তঃস্থিত রক্ষণশীলতা এবং নারীর অবস্থানের সর্বাত্মক গৌণতা দর্শকদের এমন প্রবলভাবে নাড়া দেয় যে, তাদের চিন্তায় বক্তব্যের কর্তৃত্ব নাট্যবিচারের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত করে। কিন্তু বর্তমান প্রযোজনায় একাকিত্ব ও বিচ্ছিন্নতার মতো ব্যক্তিগত পর্যায়ের এবং যুগপৎভাবে সমাজমনস্তাত্ত্বিক বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণের আবেদন সত্ত্বেও উপস্থাপনার কারুকলায় বক্তব্য মঞ্চের অগ্রভাগ দখল করে দাঁড়ায়নি।

কাহিনীর খুঁটির ওপর দাঁড়িয়েই এই প্রযোজনার নির্মাণগত স্বাতন্ত্র্য আমাকে পুলকিত ও মুগ্ধ করেছে। প্রেক্ষাগৃহে ঢুকে মঞ্চায়নের অভিজ্ঞতার আগেই জেনে যাই, এই নাটকের নির্দেশক একজন নারী, চরিত্র ও কুশীলবরা সবাই নারী। তিন ভগিনীর স্থানীয়ভাবে (বাঙালি) নামকরণে একটা অন্ত্যাক্ষরী অনুপ্রাস আছে – রজনী, দামিনী, সোহিনী। এটা যে স্বেচ্ছাচিন্তার ফসল তা বোঝা যায়, কিন্তু এই তিন চরিত্রের রূপায়ণকারী তিন অভিনেত্রীর নামের প্রারম্ভিক অক্ষরে যে মিল – তামান্না, তানজুম, তানভীন – ‘তা’ আমাকে একটু চমকিত করে। এ-বিষয়টা নেহাৎই কাকতালীয় বুঝতে পারি, কিন্তু তা যে এক ধরনের ছান্দিক সমীকরণে সাহায্য করে, সেই কথাটাই উল্লেখ করতে চাইছি মাত্র।

মুক্তি এক আধুনিক খণ্ডিত পরিবারের চিত্র। একটা বড় ও সুচিন্তিত পার্থক্য হলো, এই বিভক্তির শেকড় কোনো পুরুষ-চরিত্রের কৃত্যে-গ্রথিত নয়। তিন বোনের বাবা নেই, নেই মানে তিরোহিত। কিন্তু মায়ের বৈধব্য অথবা তজ্জনিত কোনো ধরনের অসহায়ত্ব কাহিনীর উপজীব্য নয়। চরিত্ররা সবাই নারী, কিন্তু নারীর অবস্থানের দুর্বলতা কোনোভাবেই এই নাটকে প্রাধান্য পায়নি। একেকজন নারী-চরিত্রের মধ্যে যে-বিচ্ছিন্নতার আভাস এবং ব্যক্তিক অনুভবের স্বাতন্ত্র্য প্রকাশ পেয়েছে তার দ্যোতনা ব্যাপক অর্থেই সার্বজনিক। আপাত ও বাস্তবিক অর্থে তিন ভগিনীর মা তাদের মধ্যে বন্ধনের কেন্দ্রবিন্দু হতে পারতেন। কিন্তু কাহিনীর ঝোঁকটা সেদিকে নয়। আমরা জেনে যাই, এই মায়ের মানসিক সুস্থতার কিছুটা ঘাটতি রয়েছে। তিনি কিছুটা সময় মানসিক হাসপাতালে রোগী হিসেবে অন্তরীণ ছিলেন। তাঁর ব্যবহারিক আচরণে যৌক্তিকতার ছন্দপতন আমাদের বিচলিত করে। আবার মাতৃসুলভ স্নেহচ্ছায়াও অকপটে তার চরিত্রে ফুটে ওঠে। এই বিষয়টা ঘিরেই কাহিনীর জটলা, কিন্তু এই জটলার জটিলতা আরো বেড়ে যায়, যখন তিন বোন তাদের স্বতন্ত্র অবস্থান নির্দিষ্ট রেখেই পরস্পরের মধ্যে সম্পর্কটাকে বজায় রাখতে চায় এবং আবার স্বাভাবিক কারণেই সেই সম্পর্ক আর নির্বিরোধ থাকে না। আর এর সঙ্গে যুক্ত আধুনিক মানুষের বিচ্ছিন্নতার সংকট ও আত্মকেন্দ্রিকতা।

এমন এক ঘনবুনোট কাহিনীর মঞ্চে উপস্থাপনায় নির্দেশনার দায়িত্ব পালন করেছেন ত্রপা মজুমদার। যতদূর জানি, এটাই তার নির্দেশনায় প্রথম মঞ্চনাটক। সেইদিক থেকে ত্রপা মজুমদারের অভিষেকটা দারুণ হয়েছে, বলতেই হবে। আলোচনার প্রথমেই যে সজীবতার কথা বলছিলাম, একজন তরুণবয়সী নির্দেশকের কাছ থেকে তেমন প্রাপ্তিই আমাদের প্রত্যাশিত। বোঝা যায়, নির্দেশক কাহিনীর গভীরতা অনুধাবন করে তা আমাদের দর্শকদের জন্য রসভোগ্য করে তোলার ক্ষেত্রে যেমন নানামুখী চিন্তার পুঁজি বিনিয়োগ করেছেন, তেমনি উপস্থাপনায় নান্দনিক নৈপুণ্যপ্রকাশেও ছিলেন বিশেষভাবে অধ্যবসায়ী। আলোচনার এই বিন্দুতে বলে নেওয়া প্রয়োজন, মুক্তি নাটকের কাহিনীর অবয়ব গড়ে উঠেছে সমকালীন এক খ্যাতিমান আমেরিকান নাট্যকার লি ব্লেসিংয়ের ওহফবঢ়বহফবহপব শীর্ষক নাট্যকর্ম থেকে। মুক্তি ওই নাটকের‘ভাবানুবাদ’; চরিত্র, স্থান ও ঘটনা-পরম্পরার স্থানিক পুনর্বাসন ঘটানো হয়েছে। আর এই কাজটা এমন সুচারুভাবে ঘটেছে যে, কাহিনীর জন্মবৃত্তান্ত লিখিতভাবে বলে না দিলে এর সাত সাগর তেরো নদী অতিক্রান্ত সৃজনভূমির কথাটা দর্শকদের মনেও আসবে না। এ-বিষয়টায় যে-পটুত্ব প্রকাশ পেয়েছে, তাই প্রকৃতপক্ষে এই মঞ্চায়নের সার্থকতার প্রধান শর্ত। লি ব্লোসিংয়ের কাহিনীর ভাবানুবাদে বাংলা-ভাষ্য রচনা করেছেন মিজারুল কায়েস। মঞ্চে আমরা যেমন সংলাপ শুনতে পাই, তার সাবলীলতা ও শ্রবণনন্দন গতিময়তা একবারও আদি রচনাকারের কথা আমাদের মনে করিয়ে দেয় না। কিন্তু পরিবেশনার যে-উৎকর্ষ আমাদের অভিজ্ঞতার অংশ হয়ে দাঁড়ায়, বুঝতে পারি তার পুনর্রচন ও বিনির্মাণে নির্দেশকের ভূমিকাই মুখ্য। ত্রপা মজুমদার কাহিনীর কেন্দ্রভূমিকে আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতজাত বাস্তবতায় অভিবাসিত করেছেন, তিনি দ্বন্দ্বের জায়গাটা বোধকরি আগেই চয়ন করে নিয়েছিলেন, তারপর তিনটা শাখার ত্রিমুখী বিস্তারকে দ্বান্দ্বিকতার সঙ্গে সমন্বিত করেছেন। ধারণাগত এক সুনির্বাচিত অনুশীলনের মধ্য দিয়ে বোধকরি নির্দেশক পরিবেশনার ধাপগুলোর রূপরেখা এঁকেছেন এবং তার মঞ্চনির্ভর বাস্তবায়নে কুশীলবদের কুশলী করে তুলেছেন। তারুণ্যের সঙ্গে মেধার অপূর্ব যুগলবন্দি ঘটেছে।

কাহিনীর প্রারম্ভে বড় বোন রজনী অনেকদিন পর বাড়ি আসে। চাকরিসূত্রে (অধ্যাপনা) গৃহ থেকে দূরবাসিনী সে। শুধু শ্রেণিকক্ষে ভাষণ নয়, রজনী বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে গবেষণা করে। ব্লেসিংয়ের নাটকে এই চরিত্র সমকামী। আমাদের সমাজবাস্তবতায় এখনো এমন কোনো উৎকেন্দ্রিকতা গ্রহণযোগ্য নয়, তাই ভাবানুবাদে রজনীর এই ভিন্নচারিত্রিক সংস্থাপন অত্যন্ত প্রয়োজনীয়। আর এর মধ্যে যে-ভাবনা ক্রিয়াশীল, তা নতুন ভূগোলে অন্যত্রের ইতিহাসকে খুব চমৎকারভাবে ধারণ করেছে। কিন্তু মধ্যযুগ নিয়ে গবেষণা কেন? তা তো বিষণ্ন-অবসন্ন আধুনিক কবি জীবনানন্দকে নিয়েও হতে পারত। নির্দেশক ভরা বাদরে শূন্য মন্দিরের হাহাকারের আড়ালে মধ্যযুগের কবিতার বাণীর সমকালীন তাৎপর্য নিয়ে ইঙ্গিত করতে চেয়েছেন। আর এই গানটার আবহ সারা নাটক জুড়ে ভারাক্রান্ত হবার একটা অক্ষয়সূত্র হয়ে থাকে। রজনী যে বাড়ি ছেড়ে দূরে থাকে, সে তো স্বেচ্ছানির্বাসন। এই গ্রহ তাকে বাঁধতে পারেনি, আবার কোনো বাঁধনও তার অন্বেষা ছিল না।

মধ্যমা ভগিনী দামিনী এমন জটিল এবং প্রায় দর্শনাভিমুখী কাহিনীর মধ্যে বাস্তব সমস্যার সৃষ্টি করে এবং সংঘাতের সূত্রপাত করে। এক যুবকের প্রেমে পড়ে সে অন্তঃসত্ত্বা। অবশ্যই যুবক বিবাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেমন সব পুরুষই দেয়। এখানটায় একটা নারীবাদী বিবেচনার অবকাশ জুটে যায়। আর একবার মা রজনীকে বলে – সে ছেলেদের থেকে দূরে থেকে বুদ্ধির পরিচয় দিয়েছে। কিন্তু এই বিবেচনার জায়গাটা ডালপালা মেলে না এবং তাতেই এই নাটকের শিল্পসংগত অভিযাত্রা পরিণতিমুখী হয়ে ওঠে। কনিষ্ঠা সোহিনী দুজনের থেকে অনেকটা আলাদা। জীবনের বাস্তবতার ধুলোবালিকে সে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে চায়। এখানেই রজনী ও

দামিনীর সঙ্গে তার আদর্শিক ও ব্যবহারিক বিরোধ। এইদিক থেকে সে আমাদের স্পর্শযোগ্য সমকালকে অনেক বেশি মূর্ত করে তোলে। তার জীবনেও এক যুবকের আবির্ভাব ঘটে, ধূমকেতুর মতো, কিন্তু তার স্ফুলিঙ্গের আলোকচ্ছটা মরীচিকার মতো সর্বদাই

সোহিনীকে তাড়িত করে। এদের প্রত্যেকের ব্যক্তিচরিত্রের গতিধারায় মা এসে দাঁড়ায় দুই অনুচ্ছেদের মধ্যকার বিরতির মতো, নদীর ওপর নড়বড়ে সাঁকোর মতো, মা যেন ধ্রুপদী নাটকের অন্তর্বর্তী কুশীলব।

কাহিনীর সূত্র ধরে নাট্য-নিরীক্ষা আমার অভিপ্রেত নয়। জীবনের জটিল সমস্যার আবর্ত, তিন বোনের মধ্যে সহোদরাসুলভ সম্পর্ক এবং প্রত্যেকের স্বতন্ত্র অবস্থানের সত্য আর মাঝখানে মা – এমন চতুর্পার্শ্বিক সীমানার মধ্যে আবার সমকাল নিকট অতীত ও অনির্দিষ্ট আগামীকালের মধ্যে খণ্ডিত হয়ে যায়। আর তা কি এমনিতে হয়? চারজনই অভিনয়ের দক্ষতা দিয়ে তা সম্ভব করে তুলেছেন। মায়ের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। তিনি যে কতটা পারেন তা আমাদের বহুদিন থেকেই জানা। তিন বোনের কাছ থেকে নির্দেশক যা চেয়েছেন, তাদের সামর্থ্য-অনুযায়ী তা তারা দিয়েছেন। কাউকেই আড়ষ্ট মনে হয়নি, রজনীর পরিমিতিবোধ, দামিনীর বিহ্বলতা ও সোহিনীর চঞ্চলতা তাদের

শরীরী ভাষা, উচ্চারণ ও মঞ্চের কৌশলী ব্যবহারে সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে।

তিন বোনের স্বাতন্ত্র্য বোঝাতে নির্দেশক পোশাকের তাৎপর্যময় ব্যবহার করেছেন। শাড়ি, সালোয়ার-কামিজ ও প্যান্ট-টপ্সের ভিন্নতা মানসিকতার দূরত্বকেও ফুটিয়ে তুলেছে।

বাস্তববাদী প্রয়োগ পরিবেশনায় বিশেষভাবে সহায়ক হয়েছে। পোশাকে রঙের ব্যবহার একইসঙ্গে সরল ও অর্থবহ। কাহিনীটা তিন বোনের, নাকি মায়ের অথবা এই ছন্নছাড়া পরিবারের – এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যখন মগ্ন, তখন সংলাপের অন্তর্ভুক্ত হয়ে কিছু চরিত্র প্রবেশ করে – বাবা, দামিনীর প্রেমিক, প্রবাসী চিত্র-সাংবাদিক, দামিনীর প্রেমিকের দ্বিতীয়া প্রেমিকা, মিসেস আহমেদ, মিসেস চাকলাদার। এরা সবাই মিলে পরিবারের বৃত্তটাকে ভেঙে বৃত্তের জাগতিক প্রদেশ সৃষ্টি করে। কিন্তু মঞ্চ-নির্মাণ ও পরিকল্পনায় বিশালত্বের ছায়া থাকলেও তা পরিবারের গণ্ডিটাকেই সুচিহ্নিত করে। দোতলার ঘর, মঞ্চের বাঁ-দিকে অনেকটা খোলা জায়গা মঞ্চসজ্জাকে সুদৃশ্য করে তুললেও নাটকের প্রয়োগ-প্রক্রিয়ায় তার সামগ্রিক ব্যবহারের সীমাবদ্ধতা ছিল। পেছনের জানালার যে-আলঙ্কারিক ব্যবহার আছে মানসিক হাসপাতাল এবং বাগানের প্রতি দৃষ্টিপাতে, সিঁড়ি ও দোতলার ঘরের মঞ্চগত উপযোগিতা সেক্ষেত্রে বেশ হ্রস্ব। বাস্তববাদী পরিবেশনাকে চেনা পরিবৃত্ত থেকে আলাদা করার জন্যই কি নাটকে ছায়াশারীরিক কোরিওগ্রাফি ব্যবহার করা হয়েছে? সমগ্র পরিকল্পনার পারস্পরিক ছন্দের সঙ্গে এর তাল-লয় মিলেছে বলে মনে করি না। এইটুকু বাদ দিয়ে ত্রপা মজুমদারকে অশেষ অভিনন্দন। আগামীতে নাটক এগিয়ে যাক তার হাত ধরে।