তিনজন আধুনিক কবি :
সমর সেন
সুভাষ মুখোপাধ্যায়
সুকান্ত ভট্টাচার্য
মাহবুবুল হক
নয়া উদ্যোগ,
কলকাতা, ২০০৫
২০০ টাকা
মাহবুবুল হক বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত প্রাবন্ধিক, সমালোচক। ধারাবাহিকভাবে জ্ঞানচর্চা এবং শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলা বিশুদ্ধ বানান-অভিধান-প্রণয়ন, লোকসাহিত্য-গবেষণা, অনুবাদ, সম্পাদনা ও পাঠ্যবই রচনা করে ইতোমধ্যে দেশ-বিদেশে খ্যাতি লাভ করেছেন। তাঁর গবেষণা ও জ্ঞানচর্চার বিষয় এবং পরিধি বেশ বিস্তৃত। খুব কঠিন এবং দুর্বোধ্য বিষয়কেও অত্যন্ত প্রাঞ্জল, রসময় করে উপস্থাপন করার অসাধারণ দুর্লভ গুণ তাঁর রয়েছে। এ-প্রসঙ্গে তাঁর রচিত বাংলা বানানের নিয়ম বইটির কথা উল্লেখ করা যায়। এ-বইটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে শুদ্ধ বাংলা বানানচর্চার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করেছে। বানানের মতো নিরস, কঠিন বিষয়কে সরস, প্রাঞ্জল করে লেখার কারণে একজন লেখক যে পাঠকনন্দিত হতে পারেন, মাহবুবুল হক তার উৎকৃষ্ট উদাহরণ। বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ বই। মাহবুবুল হকের গবেষণা ও জ্ঞানচর্চার এলাকাগুলোও বেশ অভিনব। যেমন বিশ্ব তারিখ অভিধান। বাংলা ভাষায় এ-ধরনের বই চোখে পড়ে না, অথচ কে-না জানে, এ-ধরনের একটি বই থাকা খুবই জরুরি। সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত হয়েছে বাংলা সমালোচনা সাহিত্যে প্রভাবসঞ্চারী তাঁর একটি গ্রন্থ – তিনজন আধুনিক কবি : সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য। এটি মাহবুবুল হকের পিএইচ ডি গবেষণা অভিসন্দর্ভের ঈষৎ পরিমার্জিত গ্রন্থরূপ। অ্যাকাডেমিক গবেষণার গ্রন্থরূপ হলেও তিনজন আধুনিক কবি : সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য কোনো প্রথাগত, নিষ্প্রাণ গ্রন্থ নয়; বরং ভাষা, বিশ্লেষণ, প্রয়োজনীয় তথ্য-তত্ত্বের সুশৃঙ্খল বিন্যাসে বইটি হয়ে উঠেছে নতুন আলোকসঞ্চারী একটি গ্রন্থ।
দুই
বাঙালির বুদ্ধিবৃত্তিক-মানসে প্রগতি-চেতনার উন্মেষ ও বিকাশ বিশ শতকের প্রথমার্ধেরই ঘটনা। বিশেষত প্রথম বিশ্বযুদ্ধ ও ১৯১৭ সালে সংঘটিত রুশ-বিপ্লবের প্রেরণা অবিভক্ত বাংলার সমাজমানসকে প্রবলভাবে আলোড়িত করে। এক্ষেত্রে মার্কসীয় সমাজতান্ত্রিক চিন্তা ও বৈপ্লবিক রাজনৈতিক দর্শন শিক্ষিত ভারতীয় তরুণ-যুবসমাজের মনে স্বাধীনতা ও ব্রিটিশ ঔপনিবেশিক শৃঙ্খলমুক্তির আশা জোগায়। শুধু রাজনীতি নয়, অবিভক্ত বাংলার সাহিত্য-সংস্কৃতিক্ষেত্রেও মার্কসীয় ভাবাদর্শ ও সমাজচেতনার উল্লেখযোগ্য প্রভাব পরিলক্ষিত হয়। এই সময়ে প্রগতিবাদী চিন্তাচেতনার প্রকাশ ঘটেছিল বিশ্বব্যাপী; বিশ্বসাহিত্যেও অনুভূত হয়েছিল মার্কসীয় নন্দনতত্ত্বের প্রভাব। বিশেষত নাৎসিদের বিমানবিক তৎপরতা ও ফ্যাসিবাদী শক্তির উত্থানে আতঙ্কিত বিশ্ববিবেক, কবি-সাহিত্যিক-শিল্পীদের ঐক্যচেতনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের
মন্বন্তর – এসবের পটভূমিতে প্রগতিমুখী ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হতে থাকে বাংলা সাহিত্যেও। বিশ শতকের চল্লিশের দশকে তা বাংলা কবিতার প্রধান ধারা হিসেবে দেখা দেয়। এই প্রগতিচেতনার প্রধান রূপকার হিসেবে সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য – এই তিনজন মার্কসবাদী কবি প্রধান হয়ে ওঠেন। তাঁরা ধারাবাহিক বাংলা কবিতার ইতিহাসে যুক্ত করেছেন ভিন্ন এক সুর, যা চেতনার দিক থেকে বৈপ্লবিক, দর্শনের দিক থেকে প্রগতিমুখী এবং শ্রমজীবী গণমানুষের জীবনের প্রতি গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ। মাহবুবুল হক তাঁর গবেষণায় বাংলা কবিতার এই বিপ্লবী আধুনিকতার নবতর দিগন্তের ঐতিহাসিক মূল্যায়ন করেছেন। এই কবিত্রয়ের কবিতার বিচ্ছিন্ন আলোচনা ও মূল্যায়ন একেবারে বিরল নয়। মাহবুবুল হক অগ্রজ সমালোচকদের দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন – ‘কখনো পার্টিজান মনোভাব সাহিত্য-বিচারকে করেছে আতিশয্যপূর্ণ, কখনো বিরোধী রাজনৈতিক মনোভাবপ্রসূত দৃষ্টিভঙ্গির ফলে আলোচনা হয়েছে আড়ষ্ট ও খণ্ডিত। সেইসঙ্গে কখনো আবার সামাজিক-রাজনৈতিক পটভূমি যথাযথ বিবেচনায় না নেওয়ায় ঘটেছে বিভ্রান্তি’ (পৃ ২)। মাহবুবুল হক এই সীমাবদ্ধতার সূত্র থেকেই গবেষণায় অগ্রসর হয়েছেন এবং আবিষ্কার করেছেন উল্লিখিত কবিত্রয়ের কবিমানস, সমকালীন সামাজিক ও রাজনৈতিক পটভূমি। বিশ্লেষণ করেছেন কবিত্রয়ের নান্দনিক চেতনার বিকাশ ও সমাজ-প্রগতির তত্ত্বগত ভাবাদর্শের যোগসূত্র। শুধু তাই নয়, এজন্য তিনি আধুনিক বাংলা কবিতার ধারাবাহিক ইতিহাসকে প্রাসঙ্গিক করে তুলেছেন তাঁর গবেষণায় এবং আধুনিকতা-উন্মেষ ও বিকাশকে বিভিন্ন পর্বে বিভক্ত করে সংজ্ঞা-সূত্র ও তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণের প্রয়াস পেয়েছেন।
তিন
তিনজন আধুনিক কবি : সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য গ্রন্থে ‘নিবেদন’, ‘অবতরণিকা’ ও ‘উপসংহার’ ছাড়া মোট চারটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের শিরোনাম ‘বাংলা প্রগতি-কবিতার পটভূমি’ এবং এ-অংশের ছয়টি উপশিরোনাম হচ্ছে – এক. বাংলা কবিতার আধুনিকতা : প্রত্নআধুনিক ও আধুনিক পর্ব, দুই. তিরিশের আধুনিক কবিতা ও বাংলা কবিতার প্রগতিশীল পর্বান্তর, তিন. বাংলার সমাজমানসে প্রগতিচেতনা বিকাশের পটভূমি, চার. প্রথম বিশ্বযুদ্ধোত্তর জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এবং বাংলা কবিতায় প্রগতিচেতনার প্রতিফলন, পাঁচ. বিশ্বসাহিত্যে প্রগতিচেতনা ও বাংলা কবিতা, ছয়. বাংলা কবিতায় প্রগতিচেতনা বিকাশে কয়েকটি সাময়িকপত্রের ভূমিকা। এই উপশিরোনাম থেকেই মূল বিষয়গুলো ও তাঁর দৃষ্টিকোণ পরিচর্যার এলাকাগুলো স্পষ্ট বোঝা যায়। মাহবুবুল হক বলতে চেয়েছেন, ঔপনিবেশিক ভারতবর্ষে ইংরেজদের প্রত্যক্ষ-পরোক্ষ প্রেরণা-প্ররোচনা-ব্যবস্থাপনায় স্থবির বাঙালি সমাজমানসে নবজাগৃতি ঘটে। ‘সাম্রাজ্যবাদী বেনিয়া ইংরেজদের স্বার্থে এবং তার পাশাপাশি আলোকপ্রাপ্ত ইংরেজ মনীষীদের সূত্রে এদেশে ইউরোপীয় রেনেসাঁসের যুক্তিবাদ, বৈশ্বিক চেতনা, মানবতাবাদ, ফরাসী বিপ্লব-প্রভাবিত সাম্য-মৈত্রী-স্বাধীনতার আদর্শ ও শৈল্পিক চেতনার যে বিকাশ ঘটে, তার ফলে সংস্কারমুক্ত উদার মানবিক আধুনিক মানস-গঠনের ভিত্তি তৈরি হয়’ (পৃ ৭)। এই সূত্রে তিনি উনিশ শতকের আধুনিকতাকে ‘প্রত্নআধুনিক’ হিসেবে অভিহিত করেছেন এবং আধুনিকতার সংজ্ঞা ও লক্ষণসমূহ চিহ্নিত করেছেন। তবে ‘প্রত্নআধুনিক’ বা প্রাক্আধুনিক, যে-নামেই অভিহিত করা হোক না কেন, বাঙালির শিক্ষা ও আলোকপ্রাপ্তি ইংরেজ-সংস্পর্শে ঘটেছে, এ-বিষয়ে কারও দ্বিমত নেই। তিরিশের আধুনিক বাংলা কবিদের রবীন্দ্রবিরোধিতা ও ইউরোপীয় ঊষরতা আমদানি বাংলা কবিতাকে তার ধারাবাহিক ইতিহাস থেকে অনেকাংশে বিচ্ছিন্ন করে ফেলে। তিরিশি আধুনিক বাংলা কবিতার একটি বিরাট অংশ বিস্তারিত অর্থে অ-এশীয়, অ-দেশীয় থেকে যায়নি? মাহবুবুল হক তাঁর গবেষণায় তিরিশি আধুনিক বাংলা কবিতার এই ঐতিহ্য-বিচ্ছিন্নতাকে শনাক্ত করেছেন এবং বাংলা কবিতার প্রগতিশীল পর্বান্তরকে তুলে ধরেছেন চমৎকারভাবে। এখানে তিনি বাংলার সমাজমানসে প্রগতিচেতনা বিকাশের বিষয়টিকে অধিক গুরুত্ব দেন। সমকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক পটভূমিতে প্রগতিচেতনার বিষয়টিকে বিশ্লেষণ করেছেন যুক্তিগ্রাহ্য তথ্য-উপাত্তের আলোকে। তাঁর দৃষ্টি কেবল ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই সময়ে বিশ্বসাহিত্যে প্রগতিচেতনার প্রতিফলনকেও তুলে ধরেছেন এখানে। বিশেষত অবিভক্ত বাংলায় মার্কসীয় রাজনৈতিক চিন্তা ও প্রগতি-কবিতার পটভূমি-তৈরিতে কয়েকটি সাময়িকপত্রে ভূমিকাকে তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আমি মনে করি এটি তাঁর গবেষণার নতুন একটি দিক, যা সমর সেন, সুভাষ এবং সুকান্তের কবিতা-বিশ্লেষণে অধিক সহায়ক হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম ‘সমর সেন ও তাঁর কবিতা’। এ-অধ্যায়কেও তিনি ছয়টি উপশিরোনামে বিভক্ত করে আলোচনা করেছেন। এগুলো হচ্ছে – এক. সমর সেন : কবিজীবন ও কবিতা, দুই. প্রেমবিবিক্ত যৌবন-অস্থিরতা : কাব্যসূচনা, তিন. অবক্ষয় পরিক্লিষ্ট নাগরিক জীবনচিত্র, চার. ক্লেদাক্ত নগরে বিকৃত প্রেম : সমাজমনস্ক কবির চোখে, পাঁচ. সমকাল রাজনীতি ও সমাজ : কবি-প্রজ্ঞায়, ছয়. আত্মনির্বাসিতের অন্তর্দ্বন্দ্ব। এ-অধ্যায়ে মাহবুবুল হক কবি সমর সেনের মানসপ্রবণতাকে উপস্থাপন করেছেন। তারপর কাব্যরচনা পটভূমি, যৌবনের উন্মেষ, আত্মদ্বন্দ্বের প্রসঙ্গটি বিশ্লেষণ করেছেন। চল্লিশের দশকের অন্য কবিদের তুলনায় সমর সেন কিছুটা জটিল কবি এবং তাঁর মানসপ্রবণতার জটিল সূত্রের স্বরূপ আবিষ্কার সত্যি দুরূহ। মাহবুবুল হক অনেক বন্ধুর পথ অতিক্রম করে সমর সেনের জটিল মানসদ্বন্দ্বের স্বরূপ উন্মোচন করতে সমর্থ হয়েছেন। সমর সেন মার্কসীয় সমাজ-আদর্শের কবি, তাই ঔপনিবেশিক শাসন-শোষণ ও বণিকসভ্যতা-নির্মিত নগরীর বিপর্যস্ত বিপন্নতা, ক্লেদ ও ক্লান্তিকে কবিতার বিষয় করে তুলেছিলেন। ফলে তাঁর কবিতায় নগর ও নাগরিক জীবন অসহ্য, বিরূপ-বাস্তবতা নিয়ে হাজির হয়েছে কবিতার প্রাঙ্গণে। তিরিশি কবিরা যেখানে নগর ও নাগরিকতাকে নিয়ে উল্লাস প্রকাশ করেছেন, সেখানে সমর সেন নগর ও নাগরিক জীবনকে পরিণামহীন সর্বনাশের আয়োজন বলে ভেবেছেন। কিন্তু তাঁর আত্মদ্বন্দ্ব ও টানাপোড়েন তাঁর শিল্পচৈতন্যকে ক্ষতিগ্রস্ত করেছে। মাহবুবুল হক এ-বিষয়টিকেও যৌক্তিক পরিচর্যা করেছেন।
তৃতীয় অধ্যায়ের শিরোনাম যথারীতি ‘সুভাষ মুখোপাধ্যায় ও তাঁর কবিতা’। এ-অধ্যায়টি বেশ বিস্তৃত, মোট আটটি উপশিরোনামে বিভক্ত। এক. সুভাষ মুখোপাধ্যায় : কবিজীবন ও কবিতা, দুই. রাজনৈতিক প্রত্যয়দৃপ্ত কবিকণ্ঠ, তিন. ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ আন্দোলন : দায়বদ্ধ কবিদৃষ্টিতে, চার. কবিচেতনায় মন্বন্তর – লাঞ্ছিত স্বদেশ ও জাতীয় মুক্তি আন্দোলন, পাঁচ. মানবিক বিশ্বরচনার স্বপ্ন-প্রত্যয়, ছয়. সৃজনমুখী জীবনধর্মী মানবিক চেতনার উৎসার, সাত. দিনানুদিন জীবনের জলছবি, আট. রাজনীতির অনাকাক্সিক্ষত গতিধারা ও প্রত্যয়ভঙ্গের ট্র্যাজিক বেদনা। স্পষ্ট বোঝা যায়, এখানে মাহবুবুল হক সুভাষ মুখোপাধ্যায়ের কবিমানস, তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য এবং কবিচেতনার বিভিন্ন বাঁক, কোণ আবিষ্কার করতে চেষ্টা করেছেন। ‘সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার প্রধান বৈশিষ্ট্য কবির দায়বদ্ধ চেতনার বলিষ্ঠতম প্রকাশ। রাজনৈতিক লক্ষ্যে চালিত তাঁর কবিতাকে তিনি করতে চেয়েছিলেন সমাজ বদলের হাতিয়ার। সেই সঙ্গে মানবিক ভালোবাসার দিনানুদিনের জলছবি এঁকে তিনি তাঁর কবিতাকে করেছেন দেশকাল-চেতনা-উদ্ভাসিত ও স্বদেশের মৃত্তিকাসংলগ্ন’ (পৃ ৩)। এ-কথা বলার অপেক্ষা রাখে না যে, চল্লিশের দশকের কবিরা একটি বিশেষ রাজনৈতিক বিশ্বাসের কাছে দায়বদ্ধ ছিলেন এবং সময়, সমাজ ও শ্রমজীবী মানুষের প্রতি ছিলেন অঙ্গীকারাবদ্ধ। ফলত সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় শানিত বাক্ভক্তির প্রয়োগ, সম্পূর্ণ নতুন ধরনের উপমা চিত্রকল্প, স্বাদেশিক ও আন্তর্জাতিকতাবোধ সঞ্চারে সত্যি সমৃদ্ধ করে তুলেছেন।
চতুর্থ অধ্যায় ‘সুকান্ত ভট্টাচার্য ও তাঁর কবিতা’। এ-অধ্যায়ের পরিধিও কম নয়। ছয়টি উপশিরোনামে বিভক্ত করে সুকান্তের কবিতাকে আলোচনা করেছেন লেখক। এক. সুকান্ত ভট্টাচার্য : কবিজীবন ও কবিতা, দুই. কবিচেতনায় সামাজিক মুক্তি ও জনচেতনা, তিন. জাতীয় মুক্তিচেতনা ও ঐতিহ্যের অঙ্গীকার, চার. কবিচেতনায় মন্বন্তর-লাঞ্ছিত স্বদেশ, পাঁচ. কবিমানসে বিপ্লবী মানবতা ও শুভচেতনা, ছয়. সুকান্তের কবিতার কাব্যমূল্য। এই অংশে মাহবুবুল হক প্রথমে কবি সুকান্তের ব্যক্তিগত জীবন, সমকালীন সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি, তাঁর পারিবারিক জীবনের নানা তথ্য প্রদান করে কবিমানসের গঠন-প্রকৃতি আলোচনা করেছেন। সুকান্ত ভট্টাচার্য একটি প্রত্যাশিত প্রত্যয়কে সামনে রেখে কবিতা লিখেছেন, ফলে তাঁর কবিতা একটি দৃঢ় শক্তির ওপর প্রতিষ্ঠিত। সেটি হচ্ছে মার্কসীয় চেতনা এবং এই চেতনাসমৃদ্ধ প্রত্যয়দীপ্ত আলো থেকে তিনি মুক্তির পথ খুঁজেছেন। ঔপনিবেশিক শাসনে বিপর্যস্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরে বিপন্ন, দুর্বিষহ বর্তমানের কাছে সুকান্ত ভট্টাচার্য সমর্পিত থাকেননি, বরং কাব্য-প্রয়াসে জনমুখী বিপ্লবীচেতনার পরিচর্চা করেছেন। মাহবুবুল হক তাঁর গবেষণায় সুকান্তের ‘কমিটমেন্ট’ বিপ্লবীচেতনাকে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন।
সব মিলিয়ে আমরা দেখতে পাই, মাহবুবুল হকের তদন্ত, অনুসন্ধান ও আবিষ্কার হচ্ছে – সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্যের কবিভাবনা ও চেতনাগত ঐক্য। তাঁর সমীক্ষায় মার্কসীয় নন্দনতত্ত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেশকাল সচেতনতার দিকটিকে বিশেষ গুরুত্ব দিতে চেষ্টা করেছেন। এক্ষেত্রে তিনি উপর্যুক্ত তিন কবির কবিতায় সামাজিক-রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রতিফলন এবং তাঁদের কবিভাবনা ও দৃষ্টিভঙ্গিজাত বিশিষ্টতার ওপর আলোকপাত করার প্রয়াস পেয়েছেন। আমরা বলতে পারি, তিনজন আধুনিক কবি : সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য গ্রন্থটি বাংলা-কাব্যসমালোচনায় এক নবতর সংযোজন। কারণ, এই গ্রন্থে মাহবুবুল হক আধুনিক বাংলা কবিতার দ্বিতীয় পর্যায়ের দিগন্তকে উন্মোচিত করেছেন। তিরিশোত্তর আধুনিক বাংলা কবিতার এই নবপর্বের বৈশিষ্ট্যকে তিনি সঠিকভাবে শনাক্ত করতে পেরেছেন। বিশেষত সমর সেন, সুভাষ, সুকান্ত কবিত্রয়ের একত্র ও সামগ্রিক আলোচনা এই গ্রন্থেই প্রথমবারের মতো পাওয়া গেল একসঙ্গে।

Leave a Reply
You must be logged in to post a comment.