নারী-ভাবনা’
অধ্যাপক রাশিদ আসকারীর ‘নারী-ভাবনা : ইতিহাস ও সমীক্ষণ’ (কালি ও কলম, মার্চ ২০০৫) প্রবন্ধটি এবং এ-বিষয়ে পাঠকের চিঠি বিভাগে গবেষক বাকী বিল্লাহ বিকুলের আলোচনা মতামত (কালি ও কলম, এপ্রিল ২০০৫) পড়ে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয়েছে বাংলাদেশে এরকম পুরুষকেই ‘নারীবাদী’ বলা যায়। সিমন দ্য বোভুয়ার সঙ্গে কথোপকথন নিয়ে অ্যালিস শোয়ার্জারের লেখা দ্বিতীয় লিঙ্গের পরে (অনুবাদক আলম খোরশেদ, খনা প্রকাশনী, চট্টগ্রাম, ২০০০) বইয়ে সিমনের বক্তব্য ‘আমার সংজ্ঞায়, নারীবাদী হলো সেই নারীরা – অথবা সেই পুরুষরাও – যারা কখনো শ্রেণী-সংগ্রামের লড়াইয়ের পাশাপাশি, কখনো-বা শ্রেণী-সংগ্রামের লড়াই ব্যতিরেকেই, নারীর অবস্থান বদলের জন্য চেষ্টা করছে, তাদের অভীষ্ট বদলগুলোকে, পুরোপুরি সমাজ বদলের ওপর নির্ভরশীল না করেই!’ (পৃ ২৬)।
রাশিদ আসকারী এবং বাকী বিল্লাহ তাঁদের লেখার উপস্থাপনার মধ্য দিয়ে নানা দৃষ্টিতে নারীর অবস্থান-বিষয়ে আলোকপাত করেছেন। বাংলাদেশে এরকম নারীবাদী পুরুষ অনেকেই আছেন, যাঁরা লিখছেন এবং লিখবেন। ভিন্নমত থাকবে এবং বিতর্ক উঠবে। তবু লেখালেখির মধ্য দিয়ে গড়ে উঠবে নারী-সমাজের জন্য একটি সুস্থ দেশ, পরিবেশ এবং সমাজ।
দুজনের লেখাতেই আবার কিছু ভিন্নমত আছে। সেসব নিয়ে এখনই বিতর্ক তোলা প্রয়োজন মনে করি না। এ-বিষয়ে পূর্ণাঙ্গ একটি লেখায় ভবিষ্যতে মতামত প্রকাশ করব বলে আশা রাখি। নারী-ভাবনা বিষয়ে নিয়মিত লেখা প্রকাশের জন্য কালি ও কলমকে ধন্যবাদ জানাচ্ছি।
মালেকা বেগম
ঢাকা
কালি ও কলম
ভিন্ন আঙ্গিকে, নতুন দৃষ্টিভঙ্গিতে, সুন্দর রুচির মাসিক সাহিত্যপত্রিকা কালি ও কলমের এক বছর পূর্তিতে কালি ও কলম পত্রিকা গোষ্ঠীকে অভিনন্দন জানাই। এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করি।
আমি এই পত্রিকা আষাঢ় ১৪১১ থেকে নিয়মিত পাঠ করছি। এতদিন যাবৎ পত্রিকাটি পাঠ করে লেখাগুলোর ধর্মনিরপেক্ষ, উদার, রুচিশীল সংস্কৃতিমনস্ক সাহিত্যভাবনার পরিচয় পাই। সাম্প্রতিককালে এ উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা একটা বড় চ্যালেঞ্জ। এ-পত্রিকা তার ধর্মনিরপেক্ষ চরিত্র ধরে রাখার যে-শপথ নিয়েছে তাকে সহর্ষে, স্ব-আবেগে সমর্থন জানাই।
এই পত্রিকা পাই বেশ দেরিতে। কলকাতায় নিশ্চয় দেরিতে আসে। যাই হোক পত্রিকা হাতে পেয়ে মনের আশ মেটে। কালি ও কলম পত্রিকার মাসিক মূল্য পঁচিশ টাকা। ভারতীয় মুদ্রায় কত হবে? দোকানদার পঁচিশ টাকা ধরেই দাম নেয়।
চৈত্র ১৪১১ সংখ্যাটি পড়া হয়েছে। নীরু কুমার চাকমার ফরাসি দার্শনিক ও লেখক জাঁ পল সার্তের দর্শনভাবনার ওপর লেখা রচনাটি পড়ে ভালো লাগল। রাশিদ আসকারীর ‘নারী-ভাবনা : ইতিহাস ও সমীক্ষণ’ প্রবন্ধটি লিখতে প্রবন্ধকার যে পরিশ্রম করেছেন তা রচনাটি পড়া শুরু করলেই বোঝা যায়। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করে তবেই ধৈর্য ধরে লিখেছেন। এর জন্য তাঁকে অভিনন্দন জানাই। তবে লেখক প্রবন্ধের প্রথম অংশে ‘নারী : পুরুষপ্রণীত পুরাণে’ ইসলাম ধর্মে নারীর অবস্থানের ব্যাখ্যা একটিমাত্র বাক্যেই শেষ করেছেন। (পৃ ১০০)। এর আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা জরুরি ছিল বলে আমি অন্তত মনে করি।
আবুল হোসেনের আত্মজীবনী (২য় খণ্ড) আর এক ভুবন ও এডওয়ার্ড সাঈদের অরিয়েন্টালিজম সম্বন্ধে সমালোচনা পড়ে ভালো লাগছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লিভিং টু টেল দ্য টেল বইটির আলোচনার (পৃ ১৩৬) আলবেয়ার কামুকে ‘পোলিশ’ ঔপন্যাসিকরূপে উল্লেখ করা হয়েছে। তথ্যটি ভুল। আলবেয়ার কামু জাতিতে আলজিরিয়ানএবং তিনি ফরাসি ভাষায় ছোটগল্প ও উপন্যাস লিখেছেন। সূচিপত্রে রফিকউল্লাহ খানের ‘মুক্তিযুদ্ধের সাহিত্য’ প্রবন্ধটির পৃষ্ঠা নম্বর ৫৯ লেখা হয়েছে। হবে ৫৭। মনসুরউদ্দীন ও আবদুল লতিফের ওপর আলোকপাত করে ভালোই করেছেন। বিষ্ণু বসুর ‘যৌনতা ও অপরাধ : সত্যজিৎ রায়ের ছবিতে’ শীর্ষক প্রবন্ধের আলোচনার রেশটা যেন ত্বরিতগতিতে শুরু এবং একই গতিতে শেষ হয়েছে। ছোটগল্পগুলোর আঙ্গিক ও বিস্তার ভালোই। প্রতিটি ভিন্ন স্বাদের হওয়ায় পড়েও আরাম। তবে মনে হয়, ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এগিয়েছে।
আমার একান্ত অনুরোধগুলো যদি বিবেচনা করে দেখেন তবে আনন্দিত হবো।
১. বাংলাদেশের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি নিয়ে কিছু লেখেন।
২. সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে কোনো প্রবন্ধ লেখেন।
৩. বিশিষ্ট কবি ও লেখক লোকনাথ ভট্টাচার্য সম্বন্ধে কিছু লেখেন।
৪. ময়মনসিংহ গীতিকা ও আরাকান রাজসভায় বাংলা সাহিত্যকীর্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন।
৫. ‘বাংলাদেশের পুরাকীর্তি’ বিষয়ে প্রবন্ধ, বিশেষ করে, পাহাড়পুর ও সোমপুর মহাবিহার নিয়ে যদি আলোকপাত করেন, তাহলে বাধিত হই।
পরিশেষে জানাই, ফাল্গুন ১৪১১ বিশেষ সংখ্যাটি পাঠ করে প্রভূত জ্ঞানলাভ করেছি। এই বিশেষ সংখ্যাটির জন্য অসংখ্য ধন্যবাদ। ভাষা-আন্দোলনের ওপর প্রবন্ধগুলো স্বকীয়তাপূর্ণ।
এই পত্রিকার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে চিঠি লেখা শেষ করলাম।
নব্যেন্দু নারায়ণ দে (খোকন)
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত
আইনস্টাইন প্রসঙ্গে
‘আইনস্টাইন কি সবসময়েই নির্ভুল ছিলেন?’ – এরকম একটি বাক্য দিয়ে শুরু হলো এ. এম. হারুন অর রশীদের অত্যন্ত মনোগ্রাহী এবং তত্ত্ব ও তথ্যসংবলিত প্রবন্ধটি। কালি ও কলম নিয়মিত পাঠে সাহিত্যের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বিষয় সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়। এরকমই একটি বিষয় নিয়ে মে ২০০৫ সংখ্যায় বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে লেখকের অসাধারণ প্রবন্ধটি পড়ে রীতিমতো পুলকিত বোধ করছি।
আধুনিক বিজ্ঞানের রূপকার হিসেবে আইনস্টাইন নিঃসন্দেহে তাঁর সৃষ্টিশীলতার জন্যে অতুলনীয়। বলবিদ্যার ওপর তাঁর অন্বেষণ ও আপেক্ষিক তত্ত্বের সৃষ্টি পৃথিবীর মানুষকে এগিয়ে দিয়েছে অনেকখানি। তিনি যে শুধু আপেক্ষিক তত্ত্ব নিয়েই তাঁর গবেষণা-কার্য চালিয়েছেন, তা কিন্তু নয়। তাঁর গবেষণার মাধ্যম ছিল বহুব্যাপ্ত ও বিস্তৃত। অত্যন্ত শক্তিশালী যুক্তিগ্রাহ্য বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তিনি অনেক বিষয়কেই কার্যকর করেছেন তাঁর গবেষণায়। নিঃসন্দেহে তাঁর পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ ফলপ্রসূ অর্জন কোয়ান্টাম বলবিদ্যা পৃথিবীর তথা মানবসমাজের প্রায় সব বৈজ্ঞানিক কর্মকাণ্ডে বিপ্লব ঘটাতে সমর্থ হয়। আধুনিক পৃথিবীর পরিব্যাপ্তিতে কোয়ান্টাম বলবিদ্যার অবদান অপরিসীম।
তবুও প্রশ্ন থেকে যায়। কোনো কোনো সৃষ্টি যে অনেক সময়ে বিপরীত ফল বয়ে আনে – আপেক্ষিক ও কোয়ান্টাম বলবিদ্যার ফরমুলাই তার অন্যতম উদাহরণ। আইনস্টাইনের সারাজীবনের অক্লান্ত গবেষণা ও অন্বেষণের মাধ্যমে আবিষ্কৃত বলবিদ্যার পরমাণু-বিভাজন তত্ত্বে বিজ্ঞানের ব্যাপক অগ্রগতির সঙ্গে সঙ্গে একই ফরমুলায় আবিষ্কৃত পারমাণবিক বোমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে মুহূর্তের মধ্যে লাখ লাখ নিরীহ লোকের প্রাণহানি ঘটে। বর্তমান বিশ্ব এই পারমাণবিক আতঙ্কে হুমকির মুখে। কতিপয় ধনবান ও ক্ষমতাবান রাষ্ট্রগুলো তাদের সার্বভৌমত্ব রক্ষার ধুয়ো তুলে প্রতিনিয়ত উন্নতি সাধন করে যাচ্ছে আণবিক বোমার। নিয়মিত এগুলোর পরীক্ষা চালিয়ে পরিবেশকে করছে বাস-অযোগ্য। পরমাণু ও বলবিদ্যার উন্নতিতে পৃথিবীর মানুষ পেয়েছে মনুষ্য-আনুকূল্য বিজ্ঞানের অসাধারণ সব সৃষ্টি, একই সঙ্গে পেয়েছে মনুষ্য-বিনাশী অ্যাটম বোমার মতো কথিত রক্ষাকবচ। যার ফলে পৃথিবীর গোটাকতক পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে আজ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো একপ্রকার জিম্মি। এই মুহূর্তে উন্নত দেশগুলোর কাছে যে-পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে সেগুলোর বিস্ফোরণে সমগ্র পৃথিবী নিশ্চিহ্ন হতে সর্বসাকল্যে পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা নয়।
আইনস্টাইন তাঁর সারাটি জীবন ব্যয় করেছেন মানবকল্যাণে নিবেদিত থেকে। তিনি কি ঘুণাক্ষরে ভাবতে পেরেছিলেন বা তাঁর চিন্তাচেতনায় কখনো কি উঁকি দিয়েছিল, তাঁর সৃষ্টির অপব্যবহার হয়তো হতে পারে পৃথিবীর জন্যে মারাত্মক হুমকি? নিশ্চয়ই তিনি চাননি এরকম হোক। প্রসারণশীল বিশ্বের ধারণা তাঁর মনে বদ্ধমূল থাকার মানে এই নয় যে, তিনি সভ্যতা ধ্বংস করার জন্য এ-ফরমুলা উদ্ভাবন করেছিলেন। বিজ্ঞানের অগ্রগতি ও উন্নতিই ছিল তাঁর প্রধান অন্বেষা। তাঁর ফরমুলার অপব্যবহার আজ স্বল্পোন্নত দেশগুলোর, এমনকী সমগ্র পৃথিবীর, জন্য হুমকিস্বরূপ। আইনস্টাইন নিজের জীবন উৎসর্গ করেছেন মানবকল্যাণে, তাঁর আবিষ্কার মানবজাতিকে অনন্তকাল ধরে আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে। বর্তমান বিজ্ঞানীদের উচিত তাঁর এ-সকল ফরমুলাকে ক্ষতিকর কোনো গবেষণায় ব্যবহার না-করে মানুষের কল্যাণে ব্যবহার করা – যা ছিল তাঁর আরাধনা। অনিশ্চিত পৃথিবীর নিশ্চিতির সঙ্গে সঙ্গে তাঁর তত্ত্বগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানের উন্নতির সঙ্গে যদি পাওয়া যায় স্থিতিশীল পৃথিবী – তবেই সার্থক হবে তাঁর এ-আরাধনা। প্রাগ্রসর বৈজ্ঞানিক প্রয়াসের মূল শক্তি আইনস্টাইনের আবিষ্কার সার্থক হোক এবং পৃথিবী হয়ে উঠুক সকলের – এ-কামনা আজ শুধু আমার একার নয়, সমগ্র মানবজাতির।
রোকসানা মাজেদ
অগ্রণী কলেজ, ঢাকা
নবীনদের গল্প প্রসঙ্গে
সাহিত্যপত্রিকা হিসেবে কালি ও কলম নিঃসন্দেহে সাহিত্যপ্রেমীদের অন্তস্তলে আসন করে নিতে সমর্থ হয়েছে। একটি পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য এর সঙ্গে সংশ্লিষ্টদের গভীরতর চিন্তা ও উচ্চতর সংকল্পের প্রয়োজন অনস্বীকার্য। পত্রিকাটি বেশ কিছুদিন পাঠে এতে চিন্তা বা সংকল্পের কমতি কখনোই চোখে পড়েনি। তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ নতুনদের গল্প প্রকাশ করা হোক বেশি করে। একজন তরুণ হিসেবে এটি বলতে পারি যে, তরুণরা কখনোই নিরাশ করবে না পাঠকদের। সঠিক দিকনির্দেশনা পেলে তরুণরা ঠিকই উঠে আসবে। তারাই আলোকিত করবে আগামীর সাহিত্যাঙ্গনকে।
রিয়াদ
বজরা, নোয়াখালি

Leave a Reply
You must be logged in to post a comment.