শ্রীতমা কোথায়? ‘এই তো ছিল এ-ঘরে।’ বলতে বলতে চারপাশ চোখ বুলিয়ে নিল শুভ্রা, পাশের ঘরে হবে হয়তো।’
আজ ছুটির দিন। সারা সপ্তাহে কমলের সময় হয় না। অফিস করে ফিরতে ফিরতে সেই সন্ধে পেরিয়ে যায়। আজ সেসব ঝামেলা নেই। এমন অলস-দিনে দুপুরে খানিকটা গড়িয়ে নিয়ে উঠতেই হঠাৎ মনে হলো শ্রীতমাকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসে। আর মনে হওয়া মাত্র দৃষ্টির নাগালে পেতে চাইল তাকে।
প্রথমে ডাইনিং রুম। না, এখানে নেই। মুখোমুখি যে আর একটা ঘর, সেখানেও দেখল। কিন্তু নাম ধরে ডাকল না একবারও, আজ অনেকদিন বাদে তার বাপি পার্কে নিয়ে যাবে তাকে। এমন খবর শুনে দারুণ খুশিতে চমকে যাবে ও। তাকে চমকে দেওয়ার জন্যেই খোঁজা। খুঁজতে খুঁজতে বারান্দায় পেয়ে গেল শ্রীতমাকে। নিঃশব্দে বারান্দায় পা দিয়ে দেখল, ঝুলন্ত রেলিং ধরে ও দাঁড়িয়ে আছে চুপচাপ। গুটি গুটি পায়ে কাছে গিয়ে দাঁড়াল কমল। তারপর হাত রাখল মাথায়। খুব আস্তে করে বলল, ‘পার্কে যাবি?’
কোনো উত্তর দিল না শ্রীতমা। শুধু ঘাড় ফিরিয়ে তাকাল একবার। কমলের ভেতরে ভেতরে এত প্রস্তুতি। বুকের গভীরে চমকে দেওয়ার। তাহলে কি খুশি হয়নি ও? সে বলে উঠল, ‘এ কী, এখনো দাঁড়িয়ে আছিস। তাড়াতাড়ি ভালো জামা পরে নাও। বিকেল ফুরিয়ে যাবে।’
বিকেল ফুরিয়ে গেলে কী হয়, এটা জানে শ্রীতমা। প্রায় কতকটা জোর করে নিজেই সাজিয়ে দিল কমল। তারপর দারুণ খুশিতে নিয়ে গেল পার্কে। আজ সারা বিকেল মেয়ের সঙ্গে কাটাবে, এমন সুযোগের দিন বড় একটা তো পাওয়া যায় না।
বিকেল তখনো বিকেল। সারা পার্ক জুড়ে ছড়িয়ে থাকা এত ফুলের মাঝখানে কমল ছেড়ে দিল তার একটি ফুলকে, যে-ফুল তার রক্তের খুব কাছের। বাচ্চাদের কোনো পরিচয় করিয়ে বন্ধু পাতানোর দরকার হয় না। মুখোমুখি হলেই কেমন বন্ধু হয়ে যায় আপনা-আপনি। তেমনই কয়েকজন ওকে দেখামাত্র টেনে নিল কাছে।
বালি নিয়ে খেলা করছে ওরা। কখনো ঘর, কখনো গুহা। ভাঙছে, আবার গড়ছে। শ্রীতমার হাতে একমুঠো বালি। ওরা খেলছে। তার পাশে ও চুপচাপ দাঁড়িয়ে। এই বালি নিয়ে খেলা। ঠিক পছন্দ নয় কমলের। শ্রীতমাও কি অপছন্দ করছে ব্যাপারটা। না-হলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে কেন? অথচ কেমন নিশ্চিন্তে অন্যসব বাচ্চা বালি ঘাঁটছে, ওড়াচ্ছে। কী ভেবে সবাইকে দারুণ এক প্রস্তাব দিল কমল। অতি-পরিচিত অথচ ছেলেবেলায় কেউ চোর-পুলিশ খেলেনি এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না। এ খেলায় রাজি না হওয়ার কোনো কারণ নেই। প্রায় সবাই দারুণ উৎসাহে বদলে নিল নিজেদের খেলা।
কখনো বালি, কখনো টুকরো টুকরো সবুজ ঘাসে মোড়া জমির ওপর দিয়ে ছুটছে। কখনো গাছপালার ফাঁকে হারিয়ে যেতে যেতে এই আছে এই নেই। অথচ কমল লক্ষ করল, শ্রীতমা ঘাসের ওপর দাঁড়িয়ে চুপচাপ।
‘এ কী, তুমি ওদের সঙ্গে সারা মাঠ ছুটে খেল।’
‘না’।
‘যে চোর হয়েছে তাকে খুঁজে বের করো সারা পার্ক দাপিয়ে।’
‘না’।
চুপ করে গেল কমল। যে-উৎসাহ নিয়ে এখানে নিয়ে এসেছি শ্রীতমাকে, কেমন যেন, ভেঙে যেতে বসেছে। কী করবে? নানাভাবে বোঝানোর চেষ্টা করে ও। কিন্তু সে কিছুতেই ওইসব বাচ্চার সঙ্গে মিলেমিশে যেতে পারছে না। খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাওয়ার কথাই তো ভেবেছে কমল। কিন্তু তা হচ্ছে কোথায়। এদিকে বিকেল গড়িয়ে গেছে প্রায়। সবাই খেলা শেষ করে যে-যার ফিরে যাচ্ছে বাবা-মায়ের হাত ধরে। আর কমল নিজের সন্তানকে ক্লান্ত করতে না পারার, খেলতে রাজি না হওয়ার দুঃখ নিয়ে বাড়ি ফিরছে। অথচ শ্রীতমা কেমন স্বাভাবিক এবং নিশ্চিন্ত।
দুই
নিশ্চিন্ত শুভ্রাও। চারপাশ জুড়ে
যা সব পাকা পাকা দুষ্টু ছেলেমেয়ে। তার চাইতে না-মেশা অনেক ভালো।
কিন্তু শুভ্রার মতের সঙ্গে ঠিক একমত হতে পারছে না কমল। ও প্রতিবাদ করল কথায়, ‘আমাদের সময় তো এভাবেই বন্ধু-বান্ধব নিয়ে খেলতে খেলতেই বড় হয়েছি।’
আমরাও তাই। এখন সময় পালটাচ্ছে। এখন বাচ্চাদের নিজেদের আয়ত্তে রাখতে না-পারা আমাদের অক্ষমতা।
অক্ষমতা, নাকি নিজেরাই তাদের ওপর অধিকার-বশে অক্ষম করে তুলছি তাদের খুব নিঃশব্দে। ভাবতে ভাবতে কমল বলল, ‘এটা ঠিক নয়। এ-ব্যাপারে ভাবা দরকার।’
ভাবার কোনো কারণ নেই। বেশ একটু উত্তেজিত হলো শুভ্রা, আমাদের সময়ে এই শহরে যেমন খেলার মাঠ ছিল তেমন ছিল বাচ্চার দঙ্গল। অথচ এখন মাঠ যেমন কমে গেছে, বাচ্চার সংখ্যাও অনেক কম। কত বাচ্চাই ঘরে থাকে। তবে কি সেইসব বাচ্চার অভিভাবকরাই বুদ্ধিহীন।’
‘তোমার কথা ধরলে যেসব বাচ্চারা মাঠে বা পার্কে খেলতে যায় তাদের অভিভাবকদের নিশ্চয় কোনো কাণ্ডজ্ঞান নেই।’
কোনো উত্তর দেয় না শুভ্রা। ফের বোঝানোর চেষ্টা করে কমল, ‘কোথায় যেন বড় একটা ভুল হচ্ছে।’
‘সেই কারণে তুমি ওকে পার্কে নিয়ে গিয়েছিলে।’
হেসে ফেলল কমল। আসলে আমি মাঝে মাঝে ছুটির দিনে নিয়ে গিয়ে কী করব। এতদিনকার অভ্যাস। এবং ওর এই অভ্যাসটা তৈরি করেছি আমরা।’
তার কারণ বাচ্চার দিকে তাকিয়ে বলতে বলতে দম নিল শুভ্রা, ‘আমাদের সময়ের পরিবেশ ছিল অন্য। এখন চারদিকের পরিবেশ এমন বিচ্ছিরি যে, বাচ্চাদের একলা ছাড়া যায় না।’
একলা ছাড়তে কেউ বলেনি। তুমি সঙ্গে থেকে একটু বাইরে দু-চারটে বন্ধুর সঙ্গে মিশতে দিলে পারতে।’ ‘এই পারাটা তো তুমিও পারতে।’
‘আমি! সারা সপ্তাহে মাত্র একদিন ছুটি। তুমি ওকে ঘরের বাইরেই যেতে দিতে চাইতে না -’
‘এ-ব্যাপারে তোমার আপত্তি ছিল না কখনো। যত দোষ সব আমার।’
‘আহা, দোষ কে দিচ্ছে। কথার সুরে বোঝানোর ভঙ্গি কমলের, এসব নিয়ে আরো আগে ভাবা উচিত ছিল। কিছু বললেই বলবে বড় হয়ে সব ঠিক হয়ে যাবে।’
ঠিকই বলেছি, বেশ ঝাঁকিয়ে উঠল শুভ্রা, ‘কী এমন বয়স হয়েছে। মোটে তো ছ’বছর। এমন ভাব দেখাচ্ছ যেন কলেজে পড়ে।’তা নয়। তবু সবকিছু গড়ে ওঠার জন্যে একটা ছেলেবেলার প্রস্তুতির বড় প্রয়োজন।
মোটেই না। এমন অনেকের কথা জানি, যারা ছেলেবেলায় একদম লেখাপড়া করত না। কিন্তু পরবর্তীকালে বই ছাড়া কিছু চেনে না। অথচ এর উলটো ঘটনাও ঘটে। তাহলে এসব ক্ষেত্রে কী বলবে?
‘বলার কিছু নেই। তর্কের খাতিরে অনেকরকমের উদাহরণ দেওয়া যায়। তবে কিছু কিছু ব্যাপারে প্রথম থেকে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ, যার ওপর সবকিছু নির্ভর করে।’
‘তবে তুমি যা ভাবছ, শ্রীতমার এতই কম বয়স যে, এ নিয়ে ভাববার কিছু নেই।’
‘না থাকলেই ভালো।’ বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল কমল।
অফিস থেকে ফিরে শ্রীতমাকে নিয়ে পড়াতে বসানোর অভ্যাস কমলের। ও সেভাবেই তৈরি হয়ে ডাইনিং-রুমে চোখ বুলাল একবার। না, এখানে নেই। খুব স্বাভাবিকভাবে পাশের ঘরে গিয়ে দেখে, খাটের ওপর বসে শ্রীতমা। পাশে ছড়ানো বই। এত অল্প বয়সে বইয়ের ওপর মনোযোগ দেখে বেশ খুশি হলো কমল। বুকের গভীরে একটা চাপা গর্ব চলকে উঠল খানিকটা। পেছনে দাঁড়িয়ে ও লক্ষ করল, পড়া নয়, পড়ানোর ভঙ্গিতে বসে আছে সে। পেছন থেকে আলতো করে ডাকল কমল, ‘তুমি কী করছ মা?’
হঠাৎ চমকে তাকাল একবার। তারপর মুখ ফিরিয়ে নিয়ে শ্রীতমা বলল, ‘পড়াচ্ছি।’
ও ভাবল, সে যেভাবে রোজ পড়ায় তেমনভাবে। কিন্তু কাকে পড়াচ্ছে। একটু হেসে কথাটা বলতে আঙুল তুলে দেখাল শ্রীতমা, ‘ওই যে ওকে পড়াচ্ছি।’
কমল লক্ষ করল, অল্প অল্প দুলছে শ্রীতমা। আর তার সামনে একই ভঙ্গিতে দুলছে তার ছায়া। মাঝখানে বই। তাহলে কি ও এতক্ষণ পড়াচ্ছে এক ছায়াকে। এই নির্জন ঘরে যে তার একমাত্র সঙ্গী। মানুষ এবং মানুষের ছায়া, তার মানে কি দুটো মানুষ।
কেমন যেন অন্যরকম এক ভয়ে চমকে উঠল কমল। তবু পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্যে নিঃশব্দে গিয়ে বসল সেই অদৃশ্য ছায়ার মানুষটির জায়গায়।
তিন
বাসস্টপে এসে কমল একবার তাকাল শ্রীতমার দিকে। অনেকদিন পর নিজের মেয়েকে কাছে পেয়ে দেখছে এমন নয়। এ-দেখা একটু অন্যভাবে, অন্য দৃষ্টিতে। এইমাত্র ও আসছে ডাক্তারের কাছ থেকে। সেই কথাটাই মনে হচ্ছে বারবার। পকেট থেকে প্রেসক্রিপশনটা বের করে চোখ বুলিয়ে নিল। ওষুধ তেমন কিছু দেয়নি প্রায়। কিন্তু মনের দিক থেকে পরিপূর্ণ সহজ ও স্বাভাবিক হয়ে উঠতে হলে সমবয়সী মেয়েদের সঙ্গে শ্রীতমার যে মেলামেশা করা উচিত, সেই পরামর্শ রয়েছে প্রেসক্রিপশনে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমলের চিন্তা সেখানেই। কিন্তু সেই দায়িত্ব কার? তার পক্ষে তো শ্রীতমাকে নিয়ে তার বন্ধুদের কাছে ঘোরাঘুরি সম্ভব নয়। এখানেই শুভ্রার সঙ্গে তার মতবিরোধ। ভাবতে ভাবতে ও দেখল, তাদের বাড়ির দিকে যাওয়ার বাস এইমাত্র এসে দাঁড়াল স্টপেজে। একটুও সময় নষ্ট না করে শ্রীতমাকে নিয়ে উঠে পড়ল।
বাসটা ফাঁকা নয় তেমন। তবু চারপাশ দেখে নিয়ে লোকজন কাটিয়ে এগিয়ে গেল। লেডিস সিটে দুটি বাচ্চা বসে পাশাপাশি। সম্ভবত ভাইবোন হবে। ও শ্রীতমাকে দাঁড় করাল সেখানেই। বসার জায়গা নেই। পাশের মহিলাটা কাছে ডাকল। শ্রীতমা একবার তাকিয়ে কাছ ঘেঁষে এলো কমলের। সেই দেখাদেখি বাচ্চা মেয়েটা হাত ধরল শ্রীতমার। সঙ্গে ছেলেটাও। কাছে টানল। কেমন জড়সড় হয়ে হাত ছাড়িয়ে নিল শ্রীতমা। বেশ রেগে গেল কমল। কোনো লাভ হলো না। অচেনা কোনো মহিলা বা পুরুষ ডাকলে কোনো বাচ্চা কাছে না যেতে পারে। কিন্তু প্রায় কাছাকাছি বয়সের একটি বাচ্চা যদি ডাকতে পারে, সেখানে না যাওয়ার কোনো কারণ নেই। সত্যি সত্যি রেগে গেল কমল। ওই দুটি বাচ্চাকে তো কেউ শেখায়নি। অথচ রেগে গিয়ে কোনো লাভও নেই। দীর্ঘদিনের
যে-অভ্যাস গড়ে উঠেছে শ্রীতমার, কী করে তা পালটাবে এই মুহূর্তে। এখন কমলের পকেটে প্রেসক্রিপশন, মাথায় ধরে রাখা ডাক্তারের পরামর্শ। বাসের রড ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে কমল। মাঝে মাঝে গভীর মমতায় লক্ষ করে দুটি বাচ্চাকে। ‘সে নিজেও কি সহজ-স্বাভাবিক জীবন থেকে সরে যাচ্ছে ক্রমশ।’
তবু নির্দিষ্ট স্টপেজ আসে। কিছুটা পায়ে হেঁটে পৌঁছে যায় বাড়ি। প্রথমে শুভ্রাকে দেখে মুখে কিছু বলে না। এই ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে ওর খুব-একটা মত ছিল না। আগ্রহ কমলেরই। সেই কারণে একটা দায়িত্ববোধও এসে পড়েছে তার। কমল বলল, ‘তোমায় আমি যা বলেছি।’ শ্রীতমার জুতো-মোজা খুলে দিতে দিতে গিয়ে শুভ্রা তেমন আগ্রহ না দেখিয়ে বলল, ‘ঠিক আছে। বয়সের একটা ব্যাপার রয়েছে তো।’
‘না। যেটা আছে তা অভ্যাসের। ওর যা অসুখ তা হলো দীর্ঘদিন ঘরবন্দি হয়ে একলা থাকার ফল।’‘তুমি খালি অসুখ করছ কেন? এটা জ্বর, সর্দি বা টাইফয়েড নাকি?’
‘তা নয়, আমি জানি। সেই কারণে ডাক্তার ওষুধের তালিকায় মাত্র একটা টনিক দিয়েছেন।’
‘আমি জানি ও দুর্বল। আর পাঁচটা বাচ্চার মতো আমার মেয়ে সুস্থ নয়।’
সব মা-বাবার ধারণা, তাদের সন্তান সবচেয়ে দুর্বল। কথাটা বলতে গিয়েও থেমে গেল কমল। বললে দারুণ কাণ্ড ঘটে যাবে এই মুহূর্তে। প্রসঙ্গটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে ও বলল, ‘ওর অসুখ সম্পূর্ণ মানসিক। ওষুধে কিছু হবে না। সেই জন্যে চাই আমাদের সহযোগিতা।’
‘সহযোগিতা কে না করছে? তবে যে-কোনো বাচ্চার সঙ্গে তো মিশতে দেওয়া যায় না। তাছাড়া ও মিশতে না চাইলে আমি কী করব। তুমি নিজেও বাইরে নিয়ে গিয়ে দেখেছ কারও সঙ্গে মেশে না।’
‘এটা ঠিক যুক্তি নয়। হঠাৎ করে কিছু হয় না। একটু একটু করে মিশতে মিশতে অভ্যাস বলো, স্বভাব বলো, তৈরি হয়। বাচ্চাদের কোনো চেনা-অচেনা নেই। একজন বাচ্চা অন্য বাচ্চাদের সঙ্গে খেলার বন্ধু হিসেবে মিশে যায় আপনা-আপনি।’
‘সারাদিন তুমি কতক্ষণ বাড়ি থাকো? বেশির ভাগ সময় আমিই ওকে সঙ্গ দিই।’
এখানে তোমার-আমার সঙ্গ দেওয়ার কথা হচ্ছে না। এতদিন ধরে নিজস্ব গণ্ডির মধ্যে ওর একটা জগৎ তৈরি হয়েছে। আমরাও সেই গণ্ডি ভাঙতে দিইনি। এখন থেকে ওকে সেই গণ্ডির বাইরে অন্যভাবে মিশতে দিতে হবে। আর সেই –
‘সেই দায়িত্বটা নেব আমি।’
‘তা কেন?’ শুভ্রার কণ্ঠস্বরের ঝাঁঝ লক্ষ করে প্রতিবাদ করল কমল।
‘কাল তোমার ছুটি না?’
‘হ্যাঁ।’
‘তুমি ওকে বাইরে নিয়ে যেও।’
‘অবশ্যই।’
চার
শ্রীতমাকে নিয়ে একটু তাড়াতাড়ি বের হলো কমল, সঙ্গে শুভ্রা। ছুটির দিনে ঘরে বসে বিকেলটা নষ্ট করে কী লাভ। হাঁটতে হাঁটতে পার্কের গেটের মুখে আসতে শুভ্রার ইচ্ছে হলো ফুচকা খেতে। দেখাদেখি শ্রীতমা বায়না ধরল। কমল এসব ভালোবাসে না। ও পার্কের মধ্যে ঢুকে একটা সিগারেট ধরাল। বড়দের থেকে বাচ্চার সংখ্যাই বেশি। দোলনা, স্লিপ প্রায় সবই দখল হয়ে গেছে এর মধ্যে। চুপচাপ তাকিয়ে যখন একটা জায়গা খুঁজছে তখনই পাশে এসে দাঁড়াল শ্রীতমা। মুখটা ফুলে উঠেছে। ভেতরে বেশ বড়মাপের একটা ফুচকা। সেই অবস্থায় কিছু একটা বলতে চাইছে। পেছন ফিরে তাকাল কমল, মুখের ভূগোলের একই অবস্থা শুভ্রার। হাতের সামনে আয়না থাকলে ওর মুখের সামনে ধরত। এইমাত্র শেষ ফুচকাটা খেয়ে আসছে। কাছে এসে খানিক ধমক দিল শ্রীতমাকে। বায়না করে এতগুলো খাওয়া ঠিক নয়।
ব্যাপারটা দেখে দুম করে কমল বলে ফেলল, ‘কে কাকে বলে।’
‘বেশ করেছি।’ চোখ পাকানোর ভঙ্গি করল শুভ্রা, ‘আমার পা ব্যথা হয়ে গেছে। আমি একটু বসব বেঞ্চে।’
স্লিপের কাছে শ্রীতমাকে নিয়ে গেল কমল। স্লিপ খুব প্রিয় নয় শ্রীতমার। ওপর থেকে নিচে নামতে গেলে ভয়-ভয় করে কেমন। কমলের কি এরকম করত। নাকি শুভ্রার? পাশ কাটিয়ে অদ্ভুত খুশিতে নিচে গড়িয়ে আসছে অন্য বাচ্চারা। বেশ জোর করে শ্রীতমা স্লিপ খেল কয়েকবার। তারপর কমল ওকে নিয়ে এলো দোলনার কাছে। এখানে বেশ ভিড়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুযোগ এলো একসময়। দোলনায় ঠেলা দিতে
দিতে কমল একবার দেখে নিল শুভ্রাকে। অন্যদিকে তাকিয়ে আছে ও। এদিকে দোলার গতি কমে এলে ও ঠেলা দেয় আবার। বেশ লাগে। হাওয়ার টানে চুল উড়ছে শ্রীতমার। হাওয়া কেটে কেটে কখনো চলে যাচ্ছে নাগালের বাইরে। এই ছুঁয়ে ফেলছে শ্রীতমাকে তো, এই সরে যাচ্ছে হাওয়ায় ভেসে।
একটু পরে নেমে আসতে চাইল শ্রীতমা। কমলও তাই চাইছিল। হাঁটতে হাঁটতে ওরা এলো বালির স্তূপের কাছে। চারপাশে ছড়ানো বালি। মাঝে বেশ লম্বা লোহার রড। কেউ কেউ তার মাথায় চড়ে লাফিয়ে পড়ছে বালিতে। কেউ খেলা করছে বালি উড়িয়ে। তারই মধ্যে কখনো কেউ চোর-পুলিশ। এখানে বারকয়েক এসে অনেক বাচ্চা চেনা হয়ে গেছে কমলের। তাদেরই দু-একজনকে ডেকে খেলতে নিতে বলল শ্রীতমাকে। বলামাত্র দুজন টেনে নিয়ে গেল ওকে।
এখন শ্রীতমা ঘাসের ওপর। অনেক বাচ্চার মাঝখানে। শুভ্রা ব্যস্ত হয়ে একফাঁকে বলল, ‘শ্রীতমা কোথায়।’
‘ওই তো।’ দারুণ আগ্রহে আঙুল তুলে দেখায় কমল। এমন দৃশ্যই সে দেখাতে এবং দেখতে চাইছিল বহুদিন ধরে। আর একটা সিগারেট ধরাল কমল। শুভ্রা কথা বলে। একমুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে উত্তর দেয় সে। ঘাস থেকে বালিতে ওরা এখন। মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে শ্রীতমা। তাকে দৃষ্টির নাগালে খুঁজে পেতে সময় লাগলেও ভালো লাগছে। যারা ছুটছে তাদের পেছন পেছন কেমন একটু অন্যভাবে ছুটছে ও। কোনো বাচ্চা নয়, কিছু একটা যেন ধরার চেষ্টা করছে। দেখে সন্দেহ হলো কমলের।
খানিকক্ষণ লক্ষ করার পর গম্ভীর হয়ে যায় কমল। ঘাসের থেকে বালির জমিতে অনেক স্পষ্ট হয় ছায়া। হয়তো তাই শ্রীতমা ঘাস থেকে বালির জমি পছন্দ করছে বেশি। যারা চোর-পুলিশ খেলছে তাদের ধরছে না শ্রীতমা। তাদের ছায়ার পেছনে অনুসরণ করছে। ধরতে যাচ্ছে বারবার ছায়ার শরীরকে। চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে এতদিনে কি তার প্রিয় বন্ধু হয়ে উঠেছে ছায়া?
কমল লক্ষ করে, দুহাত মুঠোভর্তি বালি তুলে শ্রীতমা তাকিয়ে নিল চারপাশ। ওরা বালি ঘেঁটে নোংরা হওয়াটা অপছন্দ করে, সেই ভয়ে কি তাকাচ্ছে। কমল শুভ্রাকে নিয়ে একটু তফাতে চলে গেল। সন্ধে নামলে তো ছায়ারা হারিয়ে যাবে শরীরেই।
তখন? এতদিন ধরে যারা সঙ্গ দিয়ে এসেছে। আজ যেভাবে খুশি ধুলোবালি মেখে খেলা করুক। শুধু চারপাশ ঘিরে বাচ্চাদের জগতের মধ্যে মিশে যাক। এভাবেই গড়ে উঠুক একটু একটু করে। সন্ধে নামুক। শ্রীতমার চারপাশ থেকে মুছে যাক বাচ্চা-বাচ্চা ছায়া।

Leave a Reply
You must be logged in to post a comment.