ঘরভাঙা দস্যু ঝড়ের মুখোমুখি
দাঁড়াতে সম্পূর্ণ নিজস্ব মেরুদণ্ড চাই;
অন্যের লাঠিতে ভর দিয়ে
কতক্ষণ দাঁড়াবে মাটিতে;
ইস্পাতের মতো একান্ত নিজস্ব
হাড়ের মেরুদণ্ড চাই
যা মচকাবে না, ভাঙবে না!
নিঃসীম নিতল অন্ধকারের মুখোমুখি
হতে মোমদানির মুখে মোম
আর জ্বলে ওঠার মতো
উসখুস বারুদ চাই!
অলৌকিক ঈশ্বরের দয়া নয়
লোকালয়ের মার খেয়ে উঠে দাঁড়ানো
মানুষের মদত চাই;
শূন্য মুখের থেকে মুখ এনে
প্রতিবেশী নিখাকি মায়ের মুখে চেয়ে বল :
‘কেন চেয়ে আছো গো মা’?

Leave a Reply
You must be logged in to post a comment.