বহুরেখার রৈখিকতা

আরহাম-উল-হক চৌধুরীর একক ভাস্কর্য প্রদর্শনী বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। আরহাম ইতিপূর্বে বাংলা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করেছেন। ক্যালিগ্রাফির ক্ষেত্রে তিনি বাংলা অক্ষরগুলোকে বস্তু বা দৃশ্যে পরিবর্তিত করেছিলেন। সেক্ষেত্রে ‘লাউ’ আঁকতে গিয়ে আক্ষরিক অর্থে ওই শব্দটিকেই লাউয়ের আকৃতিতে প্রকাশ করে শিল্প তৈরি করতে চেয়েছেন। এ-পদ্ধতিটির মধ্যে একপ্রকার সরলতা বিদ্যমান। প্রায় একই প্রকার সরলতা ঘুরপথে এই প্রদর্শনীতেও প্রকাশ পেয়েছে, তবে এখানে অক্ষরের বদলে এসেছে ইস্পাত ও লৌহদণ্ড বা পাইপ – যার উৎস পশু পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) হুইলচেয়ার থেকে শুরু করে আনুষঙ্গিক উপাদান। অক্ষরকে দৃশ্যে পরিবর্তিত করা আর এইসব পরিত্যক্ত লোহা-লক্করকেও এক ধরনের দৃশ্যে পরিবর্তিত করা – আরহাম এই রূপান্তরের মধ্য দিয়ে বুদ্ধির মজা দেওয়ার চেষ্টা করেন। ভাস্কর্যের ক্ষেত্রেও ক্যালিগ্রাফির মতো অনেকটা রেখাভিত্তিক বা স্টিক ড্রয়িংয়ের সহজ ফর্ম ও বক্তব্য তুলে ধরেন তিনি।

শিল্পের ক্ষেত্রে উপকরণ একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান। উপকরণই অনেক ক্ষেত্রে শত শতাংশই নির্ধারণ করে শিল্পের অভিপ্রায়। যেমন কেউ যদি তুলা দিয়ে একটি ভাস্কর্য গড়ে তোলেন আর বলেন, এই ভাস্কর্য কালের অজর শক্তিকে প্রকাশ করছে – তবে দর্শকের কাছে সেটি বিশ্বাসযোগ্য হবে না। আবার এ-ভাস্কর্যই লোহা বা পাথরে করলে তার বিশ্বাসযোগ্যতা উপকরণের কাঠিন্যের ও স্থায়িত্বের প্রভাবেই পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ বলা যায় বৃদ্ধি পাবে। এক অর্থে শিল্পের ইতিহাস উপকরণের ইতিহাসও বটে। আমাদের শিল্প বা চিত্রকলায় নানারকম অদৃশ্য বিধিনিষেধসহ উপকরণগত জড়তা এখন পর্যন্ত অনেকটাই বলবৎ। অনেক শিল্পীই ইচ্ছা হলেও শুধুমাত্র কাদা দিয়ে একটি ছবি এঁকে ফেলার সাহস (প্রকৃত অর্থে সাহসের তেমন কিছু নেই) রাখেন না। ভাববেন, ‘কাদার’ মতো একটি অমার্জিত বস্তু কীভাবে ছবি আঁকার উপকরণ হতে পারে। কিন্তু শিল্পীর চিত্রভাষার অনুগামী যে-কোনো উপকরণই শিল্পে যুক্ত হতে পারে। সেটি ছাই বা হিরকখণ্ড, যাই হোক না কেন। আরহাম এই লোহার পাইপগুলোকে নিজের শিল্পভাষায় নিযুক্ত করে কখনো ব্যবহারিক শিল্প বা ক্র্যাফটধর্মী আকৃতিও তৈরি করেছেন। যেমন ল্যাম্প, ঝাড়বাতি – কখনো ডেকোরেশন পিস ইত্যাদি। ব্যবহারিক পর্যায় পর্যন্ত তাঁর ভাস্কর্য চিন্তাকে টেনে আনার ফলে তাঁর শিল্পচিন্তার বিভ্রান্তি ও ত্রুটিগুলো ধরা পড়েছে এবং মূল ভাস্কর্যের আবহ নষ্ট করেছে বলে মনে করি। এছাড়াও ভাস্কর্য-উপস্থাপনায় ‘বেইজ’ও গুরুত্বপূর্ণ, কারণ ভাস্কর্যের আবহের সঙ্গে এই বেইজ বা পাত্রটি জড়িত। প্রদর্শনীতে বেইজের অতি অলংকরণ ভাস্কর্যের ভাবপ্রকাশে ব্যাঘাত ঘটিয়েছে। একটি শিল্পউপস্থাপনের জন্য যেমন একটি গ্যালারির অন্তঃপরিবেশ ও স্থাপত্য গুরুত্বপূর্ণ তেমনি তার ফ্রেম, বেইজ, এমনকী পাশে আর কোন শিল্পটি উপস্থাপিত হচ্ছে সেটিও দেখার বিষয়। সহজ উদাহরণে বলা যায়, পিকাসোর কোনো ছবির পাশে কনস্টেবলের কোনো ছবি কোনোমতেই আবহগতভাবে যাবে না – আবার হয়তো পিকাসোর সেই একই ছবির পাশে আফ্রিকান কোনো ট্রাইবাল শিল্প রাখলে সহজেই সামঞ্জস্যপূর্ণ হবে। যে-কারণে গ্রুপ এক্জিবিশনগুলোয় দেখা যায়, নানা জনের নানা ভাষা একাকার হয়ে প্রায়শই বিশৃংখলা তৈরি করে। সেক্ষেত্রেও আবহগত মিলের দিকে লক্ষ রাখা প্রয়োজনীয়।

আরহামের ভাস্কর্যে পশুপাখিসহ মিথ ও ধর্মও কিছুটা এসেছে। যেসব কাজে নাটকীয়তার বহিঃপ্রকাশ ঘটেছে সেগুলো তাঁর অপেক্ষাকৃত ভালো কাজ। যেমন ‘ইনভার্জ’, ‘খারাপ দেখব বলবো শুনবো না’ – এ-ধাঁচের কাজগুলো নিয়ে পরবর্তীকালে তিনি চিন্তা করতে পারেন। অচিন পাখি, মায়ামৃগ – এ-ধরনের কাজে চিন্তার জটিলতা ও নাটকীয়তা বা স্কাপচারাল শর্তগুলোর প্রয়োগ দরকার বলে মনে হয়েছে। ভাস্কর্যের অন্যতম শর্ত হচ্ছে নাটকীয়তা – যা বিভিন্নভাবে আসতে পারে। যেমন উপকরণের মাধ্যমে, বিবিধ তল তৈরির মাধ্যমে – আবার আলোছায়ার খেলা তৈরি করে – কখনো রং-প্রয়োগেও। আরহাম যেহেতু রেখা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সেটি রেখার নানাবিধ উপস্থাপনের মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে। আরহামের ভাস্কর্যে দুই ধাঁচের প্রবণতা লক্ষ করা যায়। কখনো তিনি মিনিমালিস্ট আবার কখনো অতিশয়োক্তিমূলক। সেক্ষেত্রে তাঁর মিনিমালিস্ট ও আধা মিনিমালিস্ট প্রবণতা অধিক কার্যকরী। অর্থাৎ কতদূর করা উচিত, এই বিষয়টি শিল্পের জরুরি বিষয় – কারণ এক অর্থে শিল্প হচ্ছে এক প্রকার সম্পাদনা। অনেক রূপ রং রসকে সম্পাদিত করেই শিল্পীর অভিপ্রায় প্রকাশিত হয়। ফলে শিল্পে এই ‘নেগেশন’ ও সম্পাদনার একটি বিশাল জগৎ বিদ্যমান। মূলত মানুষের চিন্তার ইতিহাসও এক প্রকার নেতি ও সম্পাদনার ইতিহাস।

আরহামের বিষয়বস্তুতে মানুষ ও প্রকৃতি অথবা জীবের প্রতিনিধিত্বই অধিক। যে-অর্থে তাঁর কাজ ফিগারেটিভ। বাংলাদেশের ভাস্কর্যকেও চিত্রকলার মতো বিমূর্তবাদী ও ফিগারেটিভ দুধারায় ভাগ করা যায়। তবে ফিগারেটিভ ভাস্কর্যের চর্চাই এক্ষেত্রে অধিক হয়েছে। আমাদের উন্মুক্ত ভাস্কর্যগুলোও ফিগারপ্রধান – বা বলা যায়, অতি সরলীকৃত ফিগারের প্রতিস্থাপন। এই অতি তরলীকরণ বা সরলীকরণের ফলে নব্বই শতাংশ ক্ষেত্রেই সেগুলো ভাস্কর্য-গুণ হারিয়ে সিমেন্টের পুতুলে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মের যাঁরা ফিগারেটিভ ভাস্কর্য নিয়ে কাজ করছেন বা করবেন বলে সংকল্প নিয়েছেন, তাঁদের কর্তব্য আবেগ ও চিন্তার সর্বপ্রকার মিথস্ক্রিয়ায় বহুমাত্রিক ভাস্কর্য-রচনার জগৎকে উন্মোচন করা।