॥ ১৭ ॥

এবারে আমাদের ইচ্ছে থাকলেও আনোয়ারাকে আর কলকাতায় রাখার উপায় ছিল না। কারণ সে দুটি বে-আইনি কাজ করে ফেলেছে। তার ভিসা নেই। সে এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জ থেকে বেরিয়ে এসেছে বিনা অনুমতিতে। এর ফলে তার জেল হওয়া উচিত, অথবা ডিপোর্টেশান।

ওপরের মহলের অনেককে ধরাধরি করে আনোয়ারাকে জেলে পাঠানোটা আটকানো গেল কোনোক্রমে, তার জন্য তুষার তালুকদারই সাহায্য করলো প্রচুর। তারপর সে-ই পরামর্শ দিল, ভাই, মেয়েটিকে আর এখানে রাখা রিস্কি হয়ে যাবে, কালকের ফ্লাইটেই ঢাকায় পাঠিয়ে দাও। কারণ, এটা তো শুধু আমাদের পশ্চিম বাংলার ব্যাপার নয়, এয়ারপোর্ট সিকিউরিটির ভার ভারত সরকারের। ওরা গোলমাল করবে।

অথচ এবারেই আনোয়ারাকে কিছুদিন অন্তত কলকাতায় রাখার বিশেষ দরকার ছিল। স্বাতী আর খুকুমা ওকে কিছুতেই যেতে দিতে রাজি নয়। আনোয়ারাও যেতে চায় না। শুধুই কাঁদছিল, কিন্তু আমরা অসহায়।

স্বাতী আর খুকুমা রাত্তিরবেলা যখন বেহালার নার্সিং হোমে পৌঁছোলো, তখন আনোয়ারাকে ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কামাল ওদের কী বলেছিল জানি না। নিশ্চয়ই গুরুতর কিছু, নইলে দুই বোন সারাদিন বিধ্বস্ত হয়ে থাকার পরেও ওখানে ছুটে গেল কেন?

আমার ধারণা হয়েছিল, আনোয়ারা বুঝি বিষটিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আসলে তা নয়, সে পেটের যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ফুটপাথে, রাস্তার লোকই তাকে ধরাধরি করে পৌঁছে দিয়েছে কাছাকাছি একটা নার্সিং হোমে।

খুকুমার বাড়ি থেকে বেহালা অনেক দূর। সেখানে আনোয়ারা গেল কেন? আর কলকাতা শহরে অজস্র নার্সিং হোম, তার মধ্যে বেহালার এক অখ্যাত নার্সিং হোম থেকে কামালই-বা তাকে খুঁজে বার করলো কী করে? ধাঁধার মতন মনে হলেও কামালের পক্ষে সবই সম্ভব।

পরে অবশ্য আস্তে আস্তে সবই জানা গিয়েছিল। কামালের কৃতিত্ব যে-কোনো গোয়েন্দা কাহিনীকেও হার মানিয়ে দেয়।

কামালের কাছে শুধু একটাই সূত্র ছিল। আনোয়ারার এক মামার নাম সাজ্জাদ হোসেন, তিনি এদিককার লোক। কয়েকখানা বাংলা সিনেমার প্রযোজক। কামাল ধরেই নিয়েছিল, তাঁর বাড়ি হবে টালিগঞ্জে। কিন্তু টালিগঞ্জে স্টুডিও-পাড়া থাকলেও ফিল্মের সব লোক যে সেখানেই বাড়ি করবেন, তার কোনো মানে নেই। টালিগঞ্জের কয়েকটি স্টুডিওতে ঢুঁ মেরে কামাল জানতে পারলো, সাজ্জাদ হোসেনের বাড়ি সোনারপুরে।

কামাল ছুটলো সেখানে, ট্যাক্সিতে। পরোপকারের জন্য জলের মতন টাকা খরচ করতেও কামালের দ্বিধা নেই। সোনারপুরে সাজ্জাদ হোসেনের খোঁজ পাওয়া গেল সহজেই। তিনি বড় ব্যবসায়ী, সিনেমা তোলা তাঁর প্রায় শখের ব্যাপার, তাঁর দুখানি মাছের ভেরি আছে। বাগানওয়ালা প্রশস্ত বাড়ি, সেই বাড়ির মধ্যেই আছে দরগা।

বাড়িতে পৌঁছেও একটুর জন্য সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হলো না। আধঘণ্টা আগে তিনি শুটিং স্পটে চলে গেছেন। চোখের জলে মুক্তো ঝরে ছবির শুটিং চলছে ক্যানিংয়ে নদীর ধারে।

এবারে ট্যাক্সি ছেড়ে ট্রেন। ঘণ্টা দেড়েকের যাত্রা। শেষ পর্যন্ত সাক্ষাৎ পাওয়া গেল সাজ্জাদ হোসেন সাহেবের।

সাজ্জাদ হোসেন বিষয়ী মানুষ। নিজের চেষ্টায় উন্নতি করেছেন, মানুষ চরিয়ে খান। কামালের মতন একজন উটকো পুরুষ এসে তাঁর ভাগ্নি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলে তাঁর তো সন্দেহ হবেই। কোনো আত্মীয়তা আছে? নেই। কামাল বিবাহিত, আনোয়ারাও তাই। দু’জনে থাকে দু’দেশে। তবু কামাল সেই মেয়েটির খবর নেবার জন্য এতদূরে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে কেন? কামাল বলতে পারছে না যে, পুলিশও খুঁজছে আনোয়ারাকে।

যাই হোক, কামালের মুখে-চোখে এমন একটা সহজ সারল্য আছে, বেশিক্ষণ তাকে অপছন্দ করে থাকা যায় না। তিনি জানালেন যে, আনোয়ারা এসেছিল সোনারপুরে, কিন্তু তখন তাঁর বেরুবার খুব তাড়া, টাকা-পয়সা না নিয়ে এলে শুটিং শুরুই হবে না। সব কথা শোনার সময় নেই। বাড়িতে তাঁর স্ত্রীও নেই। তিনি গেছেন মুর্শিদাবাদে বাপের বাড়িতে। তিনি ভাগ্নিকে বললেন, তুই বাড়িতে থাক, বিশ্রাম নে। আমি সন্ধেবেলা ফিরে এসে তোর সব কথা শুনবো।

কাহিনীর এই পর্যন্ত শুনে মনে হতেই পারে, এর সঙ্গে বেহালার নার্সিং হোমের কী সম্পর্ক?

এইবার আসছে।

সোনারপুরের বাড়িতে মেয়েরা কেউ নেই শুনে আনোয়ারা বলেছিল, সে তাহলে এক জায়গায় ঘুরে আবার সন্ধেবেলা ফিরে আসবে।

কোথায় যাবে একা একা?

আনোয়ারা বলেছিল। প্লেনে আসার সময় কলকাতার এক দম্পতির সঙ্গে তার আলাপ হয়েছে। পাশে বসেছিল। মৃণাল ঘোষ ও মমলয়া ঘোষ। ঠিকানা দিয়েছে। বেহালায় থাকে। তাদের সঙ্গে দেখা করে আসবে।

এখানে একটা প্রশ্ন। আনোয়ারা আমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি। স্বাতী কিংবা খুকুমার কাছেও মন খোলেনি। আর প্লেনে মাত্র কয়েক ঘণ্টার জন্য আলাপ, এমন দম্পতির সঙ্গে দেখা করার জন্য তার এত ব্যস্ততা কেন?

আর একটা সূত্র পেল কামাল। কিন্তু মৃণাল ঘোষ খুব কমন নাম, ঠিকানা ছাড়া শুধু বেহালায় থাকলে তাকে খুঁজে পাওয়া যাবে কী করে? অসম্ভব।

একটা ফোন-বুথে ঢুকে টেলিফোন গাইড দেখতে লাগল কামাল। সতেরো জন মৃণাল ঘোষের নাম আছে। তার মধ্যে বেহালা অঞ্চলের ঠিকানাতেই পাঁচজন। কামাল তাদের প্রত্যেককে ফোন করা শুরু করলো।

কামালের ফোন পেয়ে সেইসব মৃণাল ঘোষেরা যে প্রথমটায় হতভম্ব বা বিরক্ত হয়েছিলেন, তা অনুমান করাই যায়। চিনি তো কামালকে। সে ভূমিকা করে না, কথা শুরু করে মাঝখান থেকে। আপনি মৃণাল ঘোষ, আপনি কাল দুবাই থেকে ফিরেছেন? কিংবা, আপনার স্ত্রীর নাম কি মোমালয়া? কিংবা, মৃণালবাবু, আপনার বাড়িতে আনোয়ারা গেছে?

মমালয়া নামটি সন্দেহজনক। হয় হোসেন সাহেব ভুল শুনেছেন কিংবা আনোয়ারা ভুল বলেছে। বাঙালি মেয়েদের এরকম নাম হয় না। কামাল আবার সেটা বদল করে নিয়েছে মোমালয়া।

যাই হোক, কামালের দুরন্ত অধ্যবসায়ে শেষ পর্যন্ত উদ্দিষ্ট মৃণাল ঘোষ এবং তাঁর স্ত্রী মলয়া ঘোষের সন্ধান পাওয়া গেল। মলয়া ঘোষ একজন লেডি ডাক্তার। তাঁদের সঙ্গে দুবাই থেকে এক প্লেনে পাশের সিটে বসে এসেছে আনোয়ারা চৌধুরী নামে এক মহিলা ঠিকই। কিন্তু কলকাতার বাড়িতে তো তিনি আসেননি।

আবার যোগসূত্র ছিন্ন। কিন্তু এই পর্যন্ত জানা গেল, আনোয়ারা মলয়া ঘোষের সঙ্গে দেখা করার জন্য বেহালায় যেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বাড়িতে পৌঁছোয়নি। কামালের পক্ষে এইটুকুই যথেষ্ট।

ঠিকানা জেনে নিয়ে সে হাজির হলো বেহালায় সেই মৃণাল ঘোষের বাড়িতে।

স্বামী-স্ত্রী দু’জনেই বেশ সজ্জন। স্বামী ইঞ্জিনিয়ার, স্ত্রী ডাক্তার। ছুটিতে গিয়েছিলেন ইজিপ্টের পিরামিড দেখতে। বেহালায় নতুন বাড়ি। সে-বাড়ির নাম রূপসা। অর্থাৎ একজনের অন্তত আদি নিবাস ছিল যশোরে।

এঁরা সন্দেহপ্রবণ নন। কামাল আনোয়ারার খোঁজ করতে এসেছে জেনে মৃণাল উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলেন, মহিলার কোনো বিপদ হয়েছে নাকি? প্লেনে ওঁকে কিছুটা অসুস্থ মনে হচ্ছিল, তাই না খুকু?

খুকু অর্থাৎ মলয়া বললেন, ঠিক অসুস্থ নন, কেমন যেন উদ্রভ্রান্ত। আমাদের সঙ্গে কাটাকাটা কথা বলছিলেন, আবার মাঝে মাঝে চোখে রুমাল দিচ্ছিলেন। খুব প্রিয়জনদের অনেকদিনের জন্য ছেড়ে এলে এরকম হতে পারে।

কামাল বললো, না, মানে, সে-রকম কিছু বিপদ হয়নি। তবে, আপনাদের বাড়িতে আসবেন বলে বেরিয়েছিলেন দুপুর বারোটার দিকে, অথচ এখানে আসেননি, সন্ধ্যা হয়ে গেল। তাই একটু চিন্তা হচ্ছে।

উনি কি কলকাতা শহরটা চেনেন ভালো করে?

খুব ভালো চেনেন না। ঢাকার মানুষ তো। একা একা ঘোরার অভ্যাস নাই।

কলকাতার মেয়েরা একা চলাফেরা করতে পারে, তবে রাস্তা না চিনলে ট্যাক্সিওয়ালারা অনেক সময় বেশি ঘোরায়। হয়তো মাঝপথে অন্য কারুর বাড়িতে গেছেন।

তাও হতে পারে। তবে এ-শহরে তার চেনাশুনা বেশি মানুষ নাই।

উনি উঠেছেন কোথায়?

দক্ষিণ কলকাতায় আমাদের এক কমন ফ্রেন্ডের বাড়িতে। তাঁরাও চিন্তা করছেন।

আমাদের সঙ্গে প্লেনেই আলাপ। ব্যাপার হলো কী, প্লেনে যখন ডিউটি-ফ্রি জিনিস বিক্রি করছিল, তখন খুকু একটা পারফিউম কিনতে গিয়ে দেখলো কিছু ডলার কম পড়ছে। ফেরার পথে সব ডলারই প্রায় ফুরিয়ে ফেলেছি। খুকু পারফিউমটা ফেরত দিচ্ছে দেখে ওই মহিলা হঠাৎ বললেন, ন্যান, ন্যান, আমি দাম দিয়ে দিচ্ছি! তা কখনো হয়, ওইভাবে আমরা নিতে পারি? খুকু নেবে না। মহিলা বললেন, আমি আপনাকে উপহার দিচ্ছি। আচ্ছা বলুন তো, চিনি না, শুনি না, হঠাৎ এমন কারুর কাছ থেকে উপহার নেওয়া যায়? অবশ্য বাংলাদেশের মানুষরা অনেকে এমন দিলদরিয়া হয় আমি জানি।

কামাল বললো, মানুষ তো মানুষকে কিছু উপহার দিতেই পারে।

মলয়া বললো, কিন্তু আমাদেরও তো প্রতিদানে কিছু দেবার সুযোগ থাকা উচিত। শেষ পর্যন্ত একটা ব্যবস্থা হলো। আমাদের কাছে ভারতীয় টাকা ছিল, সেই টাকার বদলে উনি ডলার দিলেন। আমাদের সুবিধে হলো, আর ওঁরও ভারতীয় টাকার দরকার ছিল, কলকাতায় লাগবে!

কামাল জিজ্ঞেস করলো। উনি কলকাতায় থাকবেন বলেছিলেন?

মলয়া বললেন, হ্যাঁ। কলকাতাতেই থাকবেন, এখন ঢাকায় ফিরবেন না।

কামাল আর ভিসার ব্যাপারটা ভাঙলো না।

মলয়া আবার বললো, নামার পর যা হয়, সবাই আলাদা হয়ে যায়। ওঁকে আর দেখিনি। তবে যখন ওঁকে আমার কার্ড দিয়েছিলাম ঠিকানার জন্য, উনি যেই দেখলেন আমি একজন গাইনোকোলজিস্ট, উনি আমার একটা হাত চেপে ধরে খুব আবেগের সঙ্গে বললেন, আপনি ডাক্তার? আপনার সঙ্গে আমার বিশেষ দরকার আছে। আপনার কাছে যাবো।

কামালের মনে পড়লো, খুকুমা বলেছিল আনোয়ারার পেটব্যথার কথা। কিন্তু সে-প্রসঙ্গ আর তুললো না।

ঘোষ দম্পতি কামালকে চা-টা না খাইয়ে ছাড়লেন না। কামালের এটুকু দরকারও ছিল। প্লেন থেকে নামার পরই সে সারাদিন না খেয়েদেয়ে ঘুরছে। ওর মধ্যে কামাল ওদের দু’জনকে আমন্ত্রণ জানিয়ে ফেললো মালয়েশিয়া বেড়িয়ে আসার জন্য। সে আতিথ্য দেবে।

বাইরে এসে কামাল চিন্তা করতে লাগলো, এরপর কোন দিকে যাবে?

আনোয়ারা বেহালায় আসবে বলে রওনা দিয়েছিল, কিন্তু মৃণাল ঘোষের বাড়িতে পৌঁছোয়নি। মাঝপথে ছিনতাই হয়ে যাওয়া স্বাভাবিক নয়, কলকাতায় এরকম ঘটে না, তাও দিনের বেলা। তাহলে কী হতে পারে? হঠাৎ অসুস্থ? সেই পেটের ব্যথা?

কাছাকাছি এক-একটা নার্সিং হোম আর হাসপাতাল ধরে ধরে সে খোঁজা শুরু করলো। বেশি দূর যেতে হলো না। তারতিলা মোড়ের কাছেই গুড হোপ নার্সিং হোম, বড় রাস্তার ওপরেই, সেখানে শুয়ে আছে আনোয়ারা।

নার্সিং হোমে আনোয়ারাকে নিল কেন? সরকারি হাসপাতালে যে- কোনো রুগিকে ভর্তি করতে বাধ্য। কিন্তু নার্সিং হোম তো ব্যবসায়িক প্রতিষ্ঠান। রাস্তার ভিখিরিকে তারা নেবে না। ভদ্রলোকের মতন পোশাক পরা কেউ এলেও প্রথমে প্রশ্ন উঠবে, চিকিৎসার খরচ কে দেবে? পাবলিক যদি ধরাধরি করে কারুকে রাস্তা থেকে নিয়ে আসে, তাহলে তক্ষুনি ফেরত দেওয়াও যায় না, পাবলিক ক্ষেপে উঠে ভাঙচুর করতে পারে। তবু পাবলিকের কাছেই প্রশ্ন তুলতে হয়, মানবিকতার খাতিরে এমার্জেন্সিতে ভর্তি করে নিচ্ছি, কিন্তু খরচ কে দেবে?

পাবলিক মানবিকতার দিকটাই শুধু বোঝে, কিন্তু খরচ দেয় না কেউ।

আনোয়ারার সঙ্গে ছিল তার হ্যান্ডব্যাগ। ভিড়ের মধ্যে উপকারী সেজে কেউ তার হ্যান্ডব্যাগটা অনায়াসেই হাপিস করে দিতে পারতো, এরকম প্রায়ই হয়। কিন্তু আনোয়ারার সৌভাগ্য, এক্ষেত্রে তা হয়নি। একজন কলেজের অধ্যাপক ছিলেন সেখানে। তিনিই হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে উঁচু করে ধরে রইলেন। নার্সিং হোমে এসে অজ্ঞাতপরিচয় রোগিণীকে ভর্তি করার সময় সেখানকার কর্তৃপক্ষকে বললেন, আপনারা এই ব্যাগটা জমা রাখুন।

পাবলিকের সামনেই খোলা হলো সেই হ্যান্ডব্যাগ। তার মধ্যে রয়েছে কিছু ভারতীয় টাকা এবং কয়েকগুচ্ছ ডলারের নোট। সুতরাং চিকিৎসার খরচের চিন্তা নেই। সবাইকে দেখিয়ে, একটা সেলোটেপ দিয়ে আটকে হ্যান্ডব্যাগটা রেখে দেওয়া হলো লকারে।

কামাল যখন আনোয়ারাকে আবিষ্কার করে, তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন।

নার্সিং হোমের কর্তৃপক্ষ কামালকে জানালো, পেশেন্টের অবস্থা তেমন কিছু গুরুতর নয়, কিন্তু ঘুম ভাঙার পর বাড়ির কোনো মহিলা ওর কাছে থাকলে ভালো হয়। কামাল যখন এর স্বামী নয়, তখন কামালকে দূরে থাকতে হবে।

তাই কামাল আমার বদলে ফোন করেছিল স্বাতীকে।

স্বাতী আর খুকুমা নার্সিং হোমে পৌঁছোবার পর কামাল ওদের বসিয়ে রেখে বাইরে গেল তুষার তালুকদারকে ফোন করতে। পুলিশ যাকে খুঁজছে, তার খবর জানিয়ে দেওয়া কামালের কর্তব্য।

এরপর যে ছোট নাটকটি হলো, তা খুবই দুঃখের, কিন্তু আমরা নিরুপায় অভিনেতা।

খুকুমা আগেই সন্দেহ করেছিল কিছুটা। নার্সিং হোমে গিয়ে পরিষ্কার জানা গেল। আনোয়ারা পাঁচ মাসের গর্ভবতী!

এই অবস্থাটা সে আমাকে কিংবা স্বাতীকেও বলতে পারেনি লজ্জায় বা যে-কোনো কারণেই হোক। এই জন্যই সে বেহালায় গাইনোকলজিস্ট মলয়া ঘোষের কাছে ছুটে যেতে চেয়েছিল।

এইরকম অবস্থা নিয়ে সে ঢাকায় ফিরে যেতে চায় না।

সে ভেবে রেখেছিল, কলকাতায় বেশ কিছুদিন থেকে গর্ভপাত করিয়ে নেবে। কিন্তু সে-দায়িত্ব নিতে রাজি হবে কে? পাঁচমাস যথেষ্ট বেশি সময়, কোনো ভদ্র নার্সিং হোম অ্যাবরশান করাতে রাজি হয় না। আজে-বাজে জায়গায় গেলে জীবনের ঝুঁকি থাকে।

তাছাড়া, ভিসা ছাড়া যে কলকাতায় থাকা যায় না, সে-কথাও আনোয়ারা চিন্তা করেনি। অবশ্য ঢাকা থেকে কলকাতার ভিসা পাওয়া যত সহজ, সৌদি আরব থেকে তো আর তা নয়। হয়তো সম্ভবও নয়! এয়ারপোর্ট থেকে পালাবার মতন দুঃসাহসের কাজও সে করে ফেলেছে।

পরদিন সকালেই তাকে ছাড়িয়ে আনা হলো নার্সিং হোম থেকে। বিকেলে তাকে প্লেনে তুলে দেবার ব্যবস্থা সব ঠিকঠাক।

সারাদিন তার কী আছাড়ি-পিছাড়ি কান্না। সে কিছু খাবে না, স্নান করবে না। বারবার স্বাতীর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, বউদি, আমারে তাড়ায়ে দিও না, কয়েকটা দিন থাকতে দাও, ঢাকায় গ্যালে আমার মরণ ছাড়া উপায় থাকবে না, আমি মরতে চাই না, বউদি আমারে বাঁচাও।

স্বাতীরও চোখে জল। সে একবার আমাকে বললো, ওগো, দেখো না, কিছু একটা ব্যবস্থা করা যায় না?

আমি অন্য ঘরে চলে যেতে যেতে বললাম, কামালকে জিজ্ঞেস করে দেখো।

কামাল বললো, সবদিকই কনসিডার করে দেখা হয়েছে। অন্য কোনো উপায় নাই। আনোয়ারা, আর একদিনও এখানে থাকলে তোমারে পুলিশে ধরবে।

আনোয়ারা বললো, ধরুক পুলিশ। আমি এখানে জেল খাটবো। তবু ঢাকা যাবো না!

কামাল বললো, জেল খাটবে মানে কী! এখানকার পুলিশ তোমারে অ্যারেস্ট করে এয়ারপোর্ট সিকিউরিটির হাতে তুলে দেবে। তারা সব অবাঙালি। তারা কতক্ষণ ধরে জেরা করবে কে জানে। তারপরও তারা নেক্সট অ্যাভেইলেবল ফ্লাইটে তুলে দেবে। দুবাইতেও ফেরত পাঠাতে পারে। তার বদলে চুপেচাপে নিজেরা চলে যাওয়াই ভালো।

দুপুরের দিকে তুষার তালুকদার নিজে একবার ঘুরে গেল। এয়ারপোর্টে সব ব্যবস্থা করা আছে। ইমিগ্রেশান কোনো ঝামেলা করবে না।

আমাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে তুষার বললো, সুনীল, তোমাকে একটা রিকোয়েস্ট আছে। মহিলাকে চোখে চোখে রাখতে হবে। এখান থেকে যদি আবার সরে পড়ে, তাহলে খুবই মুশকিল হবে। আমি ব্যাপারটা যতদূর সম্ভব গোপন রাখার চেষ্টা করছি। বেশি জানাজানি হলে, ট্রানজিট লাউঞ্জের দুজন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করতেই হবে। তখন ওরা আন্দোলন করতে পারে।

আমি বললাম, কামাল ওকে চোখে চোখে রাখছে। কামালের ওপর ডিপেন্ড করা যায়।

সকাল থেকে ঠিক ছিল, কামালও আজ ঢাকায় যাবে আনোয়ারার সঙ্গে। কিন্তু বিকেলের দিকে কামাল মত বদলে ফেললো। সে বললো, আমি ভেবে দেখলাম, এখন আনোয়ারার সঙ্গে আমার যাওয়াটা ঠিক হবে না। লোকে ভুল বুঝতে পারে। ও একাই যাক। কিছুদিন মাদারিপুরে ওর বাপের বাড়িতে গিয়ে থাকুক। এখনই তো আর কেউ সবকিছু জানছে না।

কামাল সঙ্গে গেলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। কিন্তু ওকে জোরও করা যায় না। বেচারি কলকাতায় পৌঁছোবার পর একটু বিশ্রাম নেবারও সময় পায়নি। এখানে ওর নিজেরও কিছু কিছু কাজ থাকে।

বিকেলবেলা বিদায় দৃশ্যটি খুবই ট্র্যাজিক। অঝোরে কাঁদছে আনোয়ারা, মানুষের বুকে এত কান্নাও থাকে? দরজা থেকে তাকে প্রায় টেনে বার করা হলো, জোর করে তোলা হলো লিফ্টে। অন্য ফ্ল্যাটের অনেকে উঁকি-ঝুঁকি মেরে দেখছে কৌতূহলী হয়ে। কেউ মারা গেল নাকি?

খুকুমা, স্বাতী, কামাল সবাই এয়ারপোর্টে যাবে আনোয়ারাকে পৌঁছে দিতে। আমি আর শেষ সময়টায় ঘর থেকেই বেরোলাম না। অত কান্না আমার সহ্য হয় না।

দুপুরে স্বাতী ব্যাংক থেকে নিয়ে এসেছে গয়নার পুঁটুলিটা। আনোয়ারা কিছুতেই সেটা নেবে না। জোর করে পুঁটুলিটা ভরে দেওয়া হয়েছে তার ব্যাগে। এখন আমরা বিবেকের দায় থেকে মুক্ত।

জানালা দিয়ে দেখলাম, গাড়িটা চলে গেল এয়ারপোর্টের দিকে। হয়তো এ-ই আমার আনোয়ারাকে শেষ দেখা।

একটা বিবাহিতা মেয়ে গিয়েছিল বিদেশে। সে ফিরে এলো গর্ভবতী হয়ে। এ এক বিরাট সামাজিক কেলেংকারি, তাই না? কিন্তু এতে মেয়েটির দোষ কতখানি?

সন্তানজন্মের জন্য গর্ভধারণের পুরো দায়িত্বটাই মেয়েদের ওপর দিয়েছে প্রকৃতি। পুরুষ শুধু বীর্য ঢেলে দিয়েই খালাস। সেই হিসেবে পুরুষরা অতি স্বার্থপর। সেইজন্যই, কোনো বিবাহিত পুরুষ বিদেশে গিয়ে, এমনকি স্বদেশেও গোপনে কিছু কিছু যৌন অভিযান চালাতে পারে অনায়াসে। রোগ থেকে সাবধান থাকলে কোনো চিহ্নও থাকে না। তাই তাতে কোনো সামাজিক কেলেংকারিও হয় না।

সৃষ্টির একেবারে প্রথম দিকে নারী ও পুরুষ দু’জনেরই কি গর্ভধারণের দায়িত্ব ভাগাভাগি করে নেবার কথা ছিল? হয়তো তাই। নইলে পুরুষের বুকেও দুদিকে স্তনের মতন দুটি ফুসকুড়ি রয়ে গেছে কেন? স্তন তো বাচ্চাদের স্তন্যপান করাবার জন্য। পুরুষের বুকে ওই দুটি ফুসকুড়ির তো কোনো প্রয়োজনীয়তাই নেই। মানুষের শরীরে একেবারে প্রয়োজনহীন এমন চাক্ষুষ আর তো কোনো প্রত্যঙ্গ থাকে না! বিজ্ঞানীরাও এর উত্তর খুঁজে পায়নি।

মেয়েদের ওপরেই পুরোপুরি গর্ভধারণের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য একটি বিবেচনায়। দম্পতির দুজনের একজনকে তো খাদ্য সংস্থানের জন্য বেরুতে হবে। তাছাড়া সদ্যজননী ও নবজাতকের পাহারার ব্যবস্থাও করতে হবে একজনকে। ঝড়-বাদল, হিংস্র পশু, ততোধিক হিংস্র অন্য মানুষের আক্রমণ, এইরকম কত বিপদ হতে পারে। সেই প্রতিরক্ষার দায়িত্ব পুরুষের, সেইজন্য তার শরীরে অতিরিক্ত পেশীশক্তিও দিয়ে দেওয়া হলো, যাতে সে লড়তে পারে।

কিন্তু পুরুষ যে সেই পেশীশক্তির অপব্যবহারও করতে পারে। তা কি প্রকৃতি বোঝেনি? পেশীশক্তির জোরে পুরুষ তার সঙ্গীটির ওপর যখন তখন অত্যাচার করতে পারে, বলাৎকার করতে পারে অন্য মেয়েদের, জোর করে কোনো অনিচ্ছুক নারীর গর্ভে নিষেক পরতে পারে বীর্য। পৃথিবীব্যাপী পুরুষেরা তো সেই আধিপত্যই চালিয়ে যাচ্ছে। অনিচ্ছায় গর্ভবতী হলেও সামাজিক অত্যাচার সহ্য করতে হয় শুধু মেয়েদের। স্বার্থপর পুরুষদের নিজেদের তৈরি করা এই সামাজিক নিয়ম!গর্ভে যে-সন্তানটি আসে, সে তো একেবারেই নির্দোষ। যেন সমুদ্রে ভাসমান একটি প্রাণ। সে তার পিতৃপরিচয় জানে না। তার কোনো ভাষা নেই, ধর্ম নেই। সম্পূর্ণ অসহায়, অনভিজ্ঞভাবে, চক্ষু বোঁজা অবস্থায় সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে। কত পরিবারে তার জন্মের পরেই আনন্দের হিল্লোল বয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সে জন্ম-মুহূর্ত থেকেই অবাঞ্ছিত। তাকে গোপনে ফেলে দেওয়া হয় আঁস্তাকুড়ে। কিংবা মেরে ফেলা হয় গলাটিপে। কন্যাসন্তান হলে এই সম্ভাবনা অনেক বেশি। আবার গর্ভে থাকার সময়েই তাকে হত্যা করার অনেক রকম ষড়যন্ত্র চলে।

আনোয়ারার সন্তানটির কী হবে? তাকে মেরে ফেললেও কি আনোয়ারার সামাজিক কলঙ্ক মুছে যাবে? কিংবা আত্মহত্যা করতে হবে তাকেও? আনোয়ারা বারবার বলছিল, সে বাঁচতে চায়।

দমদম এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িতে ফিরতে যতটা সময় লাগে, তার আগেই কলকাতার বিমান পৌঁছে যায় ঢাকায়। কামালরা ফেরার আগেই আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এয়ারপোর্টে শেষ বিদায় দৃশ্যের বর্ণনা আমি আজই শুনতে চাই না। ফিরলাম অনেক রাতে।

কামাল থেকে গেল আরো কয়েকটা দিন।

সারাদিন সে সারা শহরে চক্কর মেরে বেড়ায়, তার সঙ্গে আমার প্রায় দেখাই হয় না। দুপুরে সে বাড়িতে খায় না। তার সঙ্গে শুধু দেখা হয় রাত্তিরে, খাবার টেবিলে। তখন সে তার নতুন ব্যবসার পরিকল্পনার কথা শোনায়। তার নিত্য-নতুন পরিকল্পনা। এখন সে মেতে উঠেছে, কিছু কিছু বাংলা সিনেমা মালয়েশিয়ায় আর ক্যানাডায় দেখাবার ব্যবস্থা করবে, তাতে তার লাভ থাকবে টুয়েন্টি পারসেন্ট। এখানকার বিভিন্ন প্রযোজকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে, সাজ্জাদ হোসেনের বাড়িতেও গেছে তিনবার।

এর মধ্যে ঢাকায় সে বেলালকে টেলিফোন করেছিল। বেলাল প্রথমবার জানিয়েছে যে, আনোয়ারার ঢাকায় ফেরার কথা সে কিছু শোনেনি। ঢাকায় কিছু চাঞ্চল্যও ঘটেনি। কোনো আড্ডাতেই আনোয়ারার প্রসঙ্গ ওঠেনি।

কোনো খবর না থাকাই তো ভালো খবর।

দ্বিতীয়বার বেলাল জানালো যে, সে শামীমের কাছে খোঁজ নিয়েছিল। শামীম জানে যে আনোয়ারা ফিরেছে, কিন্তু সে শ্বশুরবাড়িতে যায়নি। সে উঠেছে সম্ভবত তার বড় বোনের বাড়িতে। আনোয়ারার এই বোন থাকে ধানমন্ডিতে, কিন্তু বেলাল সে-বাড়ির ঠিকানা বা ফোন নাম্বার জানে না। একমাত্র বীথি ভাবির সঙ্গে আনোয়ারার একবার দেখা হয়েছিল, তিনি তো বললেন, আনোয়ারার চোখে নাকি কী-সব অসুখ হয়েছে। কালো চশমা পরে আছে। সে একটু মোটাও হয়েছে।

চোখে কালো চশমা পরলেই সবসময় তা চোখের অসুখের জন্য নাও হতে পারে। যাই হোক, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় নিশ্চয়ই। এমনিতে শুনে মনে হয়, আনোয়ারা ভালোই আছে। তাহলে শুধু শুধু সে ঢাকায় ফিরতে অত ভয় পাচ্ছিল কেন?

স্বাতী শুধু একদৃষ্টিতে তাকিয়ে রইলো আমার দিকে। ওর চোখভরা সেই প্রশ্ন, আনোয়ারার পেটের সন্তানটির কী হবে?

পরের শনিবার আমাকে যেতে হলো হলদিয়া।

ইদানীং প্রতি বছরই হলদিয়ায় খুব বড় আকারের এক কবি-সম্মেলন হয়। লক্ষণ শেঠ ওখানকার একচ্ছত্র নেতা। তার স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ নিজে একজন কবি। তারই ব্যবস্থাপনা ও আতিথেয়তার তুলনা নেই। প্রচুর কবি ও অকবি যোগ দেয়, বাংলাদেশ থেকেও একটা বড় দল আসে। দু’দিন ধরে খাওয়া-দাওয়া ও আড্ডা হয় জমজমাট।

আমি এবার যাবো না ভেবেছিলাম, এই সময় আমার ব্যাঙ্গালোরে অন্য একটি মিটিংয়ে যাবার কথা। কিন্তু অন্যতম ব্যবস্থাপক শ্যামলকান্তি দাশ এসে চেপে ধরলো, আমাকে যেতেই হবে। একেবারে ঝুলোঝুলি।

শক্তি তখন বসে ছিল আমার পাশে। সে বললো, তুমি যাবে না? গুলি মারো ব্যাঙ্গালোর। চলো, কয়েকদিন হলদিয়ায় মোচ্ছব করে আসি। ওদিক থেকে রশিদকেও ডেকে নেব! তারপর দিঘা ঘুরে আসবো।

শ্যামলকান্তি বললো, এবার শামসুর রাহমান আসছেন। তিনি বিশেষ করে আপনার কথা বলে দিয়েছেন। তাছাড়া বেলালদা আসছেন।

এরপর আর না-বলার উপায় নেই।

উদ্যোক্তারা কলকাতা থেকে কয়েকখানা বাস আর গাড়ির ব্যবস্থা করে। একটা গাড়িতে শক্তি, বেলাল, সমরেন্দ্র আর আমি। কোলাঘাটের কাছে এক জায়গায় চা-পানের জন্য থামা হলো। বেলাল আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললো, সুনীলদা, আপনি আনোয়ারার লেটেস্ট খবর শুনেছেন?

আমি দু’দিকে মাথা নাড়লাম।

বেলাল বললো, ও তো একটা খুব মুশকিল বাধিয়ে নিয়ে এসেছে। পাঁচমাসের প্রেগনেন্ট!

যেন আমি এ-খবর জানি না। এই ভান করে চেয়ে রইলাম।

বেলাল আবার বললো, এখনো অনেকে জানে না। কিন্তু ওদের নামকরা ফ্যামিলি, সবাই জেনে যাবেই। এর মধ্যেই গসিপ শুরু হয়ে গেছে। আনোয়ারা এর মধ্যে একবারও ওর স্বামীর কাছে যায়নি। কামাল ঢাকায় গিয়ে দৌড়োদৌড়ি করছে দু’বাড়িতে। শামীমকে কী-সব বুঝিয়েছে। শামীম মানুষটি খুব ভালো। ওর সম্পর্কে কত কী শোনা গিয়েছিল। ও কিন্তু এর মধ্যে অন্য কোনো মেয়ের সঙ্গে ইনভল্ভড হয়ে পড়েনি। শুধু তাই নয়, ও প্রস্তাব দিয়েছে ও আনোয়ারাকে ফিরিয়ে নিতে রাজি আছে। তাকে আগের মতনই স্ত্রীর সম্মান দেবে। শুধু পেটের সন্তানটিকে নষ্ট করতে হবে।

আমি জিজ্ঞেস করলাম, ঢাকাতে ওসব করা যায়?

প্রকাশ্যে করা না গেলেও গোপনে গোপনে সবই হয়। সেটা কোনো প্রবলেম নয়। কিন্তু আনোয়ারাকে তো জানেন, কীরকম জেদি। ও এই শর্তে ফিরে যেতে রাজি নয়। ও পেট খালাস করবে না কিছুতেই।

তাই নাকি?

ওদের তো আগে বাচ্চা-কাচ্চা হয়নি। এই প্রথম প্রেগনেন্সি। এবারে টারমিনেট করলে ভবিষ্যতে আর আনোয়ারার মা হবার সম্ভাবনা থাকবে না। তাই আনোয়ারা এই বাচ্চাটাকে রেখে দিতে চায়। স্ত্রী হতে না পারুক, তবু ও মা হবে। (চলবে)