অমিতাভ ঘোষের চুল আগে থেকেই কাঁচা-পাকা। একবছর পর দেখা, এবার মনে হলো মাথার সব চুলই সাদা হয়ে গেছে। একরঙা গেঞ্জির ওপর জ্যাকেট ঝুলিয়ে এসেছিলেন। দূর থেকে দেখেই চিনলাম, তিনিও। সাগ্রহে হাত বাড়ালেন।
আমার জার্মান বন্ধু হরস্ট – নিজেকে সে হাফ-বাঙালি বলে ভাবতে ভালোবাসে, কারণ বৈবাহিক সূত্রে তার বাংলার সঙ্গে একটা যোগ রয়েছে – অমিতাভের নতুন বই দি হাংরি টাইডের খবর দিয়েছিল। বইটির মার্কিন সংস্করণ নিউইয়র্ক থেকে সদ্য বেরিয়েছে। সুন্দরবন নিয়ে লেখা সে-উপন্যাসের একটি চমৎকার ‘এনভারনমেন্টাল এঙ্গেল’ রয়েছে। ইউ এন ক্রনিকল পত্রিকার জন্যে এ-নিয়ে অমিতাভের সঙ্গে কথা বললে কেমন হয়?
হরস্টের প্রস্তাবে আমি এক কথাতেই রাজি। বইটির ভারতীয় পেপারব্যাক সংস্করণ আমি আগেই সংগ্রহ করেছিলাম। তাতে ঢাকার চিত্রগ্রাহক শহীদুল আলমের একটি চমৎকার ছবি দিয়ে পেছনের প্রচ্ছদ করা হয়েছে। মার্কিন সংস্করণটি অবশ্য আলাদা, তার প্রচ্ছদ ভিন্ন, ওজনেও অনেক ভারি, ভেতরের ভাষাতেও সম্ভবত অল্প-বিস্তর পরিবর্তন হয়েছে। হরস্টই অমিতাভের এজেন্টের সঙ্গে কথা বলে সাক্ষাতের ব্যবস্থা করল। একদিন পরে তিনি নিজেই আমাদের দপ্তরে এসে হাজির।
কলকাতার বাঙালি অমিতাভ, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের একটি আত্মীয়তা রয়েছে। ছোটবেলায়, ষাটের দশকের গোড়ার দিকে, কূটনীতিক পিতার সঙ্গে বছর দুয়েক ঢাকায় কাটিয়েছেন। সে-সময় অনেকের সঙ্গে সেখানে যে-পারিবারিক বন্ধুত্ব গড়ে ওঠে, তা এখনো অটুট রয়েছে। সেই সূত্রেই কিনা জানি না, তাঁর প্রায় প্রত্যেকটি বইতেই কোনো না কোনোভাবে বাংলাদেশ – পূর্ববাংলা বা পূর্ব-পাকিস্তান, তা সে যাই হোক না কেন – একটি চরিত্র হয়ে আশ্রয় পায়। একদম প্রথম উপন্যাস, দি সার্কল অব রিজন, তাতে এক অদ্ভুত স্বপ্নতাড়িত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। তাঁর আদি নিবাস পূর্ববাংলার এক অজপাড়াগাঁ। সে-বই পড়ে বিলেতি সমালোচক এন্থনিবার্জেস মন্তব্য করেছিলেন, ইংরেজ লেখকদের উচিত এই লেখকের কাছ থেকে শেখা, কী করে ইংরেজি ভাষায় বই লিখতে হয়। তাঁর দ্বিতীয় উপন্যাস দি শ্যাডো লাইনস, যা আমার বিবেচনায় অমিতাভের শ্রেষ্ঠ বই, তার একটি কেন্দ্রীয় উপাদান ঢাকায় দেখা দাঙ্গার অভিজ্ঞতা। তিন বছর আগে প্রকাশিত তাঁর সুবৃহৎ উপন্যাস দি গ্লাস প্যালেস – বার্মায় অভিবাসী বাঙালিদের ইতিহাস, তার কেন্দ্রীয় চরিত্র চট্টগ্রাম থেকে আরাকানে আশ্রয় নেওয়া এক হতদরিদ্র বালক।
অমিতাভের নতুন বই দি হাংরি টাইড (হার্পার-কলিন্স ইন্ডিয়া, নয়াদিল্লি, ২০০৫) ভৌগোলিক অর্থে পশ্চিম বাংলার ভাগে সুন্দরবনের যে-অংশটুকু পড়েছে, তা নিয়ে। অমিতাভ নিজেও বললেন, এই বইয়ের জন্যে তাঁর যা গবেষণা, তার সবটুকুই পশ্চিম বাংলার সুন্দরবন নিয়ে। কিন্তু নদীকে যেমন গজফিতে দিয়ে মেপে বলা অসম্ভব, এই অংশ এই দেশের, ওই অংশ অন্য দেশের, দুই দেশজুড়ে বিস্তৃত যে-বন, তাকেও এটা আমার-ওটা তোমার বলে বিভক্তি অসম্ভব। মানচিত্রে সে-দাগ টানা গেলেও এপার-ওপারের পরিবেশগত সাদৃশ্য ও সাংস্কৃতিক সমন্বয়ের কারণে সে-বিভক্তিচিহ্ন নানাভাবেই কৃত্রিম। এই পরিবেশগত ও সাংস্কৃতিক সমন্বয়ের নানা প্রকাশ ছাড়াও বাংলাদেশ ও একাত্তরে তার মুক্তিযুদ্ধ এক বিচিত্র পরিপ্রেক্ষিতে এই গ্রন্থে আশ্রয় পেয়েছে। কিন্তু সে-কথায় পরে আসছি।
উপন্যাসটির আখ্যানভাগ মোটামুটি এই রকম। আমেরিকান-বাঙালি বিজ্ঞানী পিয়ালি রায় সুন্দরবন এলাকায় এসেছেন গাঙ্গেয় ডলফিন বা শুশুক নিয়ে গবেষণা করতে। পথে তাঁর সঙ্গে পরিচয় দিল্লি-নিবাসী বাঙালি কানাই দত্তের সঙ্গে। কথাবার্তায় ধোপদুরস্ত বহুভাষী কানাই একটি অনুবাদ প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি সুন্দরবনের একদম প্রান্তসীমায় অবস্থিত শেষ মানববসতিপূর্ণ দ্বীপ লুসিবারিতে আসছেন তাঁর পিসি নীলিমার আমন্ত্রণে। তাঁর প্রয়াত কাকা একসময়ের বামপন্থী কর্মী নির্মলের সদ্য উদ্ধারকৃত ডায়েরিতে কী লেখা আছে, তা উদ্ধার করতে। তার ডায়েরিটি যেন শুধু কানাই খুলে পড়ে, অন্য কেউ নয়, সে-নির্দেশ নির্মল দিয়ে গিয়েছিলেন। সে-কারণেই তাঁর অনিচ্ছাকৃত আগমন। কাহিনীর তৃতীয় প্রধান চরিত্র লুসিবাড়ির জেলে ফকির। সুন্দরবন ও তার নদী, এই দুই নিয়ে বড় হয়েছে ফকির। সুন্দরবনের প্রায়োন্ধকার রহস্যময়তা, তার হাজার বছরের মিথ ফকিরের রক্তে। সমুদ্র ও নদীর মোহনায় যে-জোয়ার ও ভাটা, তার সঙ্গে ফকিরের রয়েছে নিকট আত্মীয়তা। পিয়া যেখানে স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গভীর জলে শুশুকের গতিপ্রকৃতি উদ্ধার করে, ফকির সেখানে মাছ ধরার ফ্যাতনা ব্যবহার করে এবং শুধু চোখের দেখায় বলে দিতে পারে কোথায় তাদের বাস, কোন পথ ধরে তাদের যাতায়াত। নদীপথে একটি দুর্ঘটনা থেকে পিয়াকে উদ্ধারের মাধ্যমে ফকিরের সঙ্গে তার পরিচয়। পিয়া বাঙালি, কিন্তু বাংলা জানে না। শুশুকের তথ্য-উদ্ধারে ফকিরকে সে নিয়োগ করে, সঙ্গে দোভাষী হিসেবে কানাই। পিয়ার প্রতি কানাই তার আগ্রহ কোনো রাখঢাক ছাড়াই জানায়, মেয়েদের ওপর নিজের শ্রেষ্ঠত্ব বিষয়ে সে সন্দেহশূন্য। কিন্তু পিয়া, মানুষকে তার খোলস ভেঙে ভেতরের হাড়মাংস যে দেখতে সক্ষম, কী এক অনিবার্য ও অমোঘ আকর্ষণ অনুভব করে গ্রামের অশিক্ষিত, দরিদ্র কিন্তু ক্লেদহীন ও শুদ্ধ ফকিরের প্রতি। কেন এই আকর্ষণ, শহুরে কানাইয়ের পক্ষে তা বোঝা দুষ্কর, ফলে ফকিরের সঙ্গে তার ঈর্ষা ও ক্রোধ-মিশ্রিত এক ধরনের নীরব প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। কাহিনীর শেষ পর্যায়ে এক প্রলয়ঙ্করী উপকূলীয় ঝড়ের মুখোমুখি হয় ফকির ও পিয়া। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচবার জন্যে পুরনো শাড়ি দিয়ে এক শক্ত গাছের সঙ্গে পিঠে পিঠ ঠেকিয়ে তাদের দুজনকে বেঁধে রাখে ফকির। একে অপরের শরীরের নোনা ঘাম ছাড়া অন্য কোনো দূরত্বই তখন তাদের থাকে না। সে-ঝড়ের তাণ্ডব থেকে পিয়া বেঁচে গেলেও মাথার ওপর গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয় ফকিরের।
এটি একটি কাহিনী-প্রধান উপন্যাস, মানবিক অভিজ্ঞতার নানা স্রোত-উপস্রোত এখানে অবিরাম আছড়ে পড়ে। কিন্তু শুধু কাহিনীর বাঁধন দিয়ে এই উপন্যাসকে বুঝতে গেলে ঠকতে হবে। অমিতাভ ঠিক সেই ধরনের লেখক, যিনি একই সঙ্গে অনেক থিম নিয়ে কাজ করেন, গ্রন্থের দুই মোড়কে যা বিনিসুতোর মালার মতো অনায়াসে আশ্রয় পায়। ইতিহাস, বিশেষ করে নিজের অস্তিত্বের ঠিকানা অনুসন্ধানরত মানুষ ও তার জনপদের ইতিহাস, তাঁর বিবেচনার একটি প্রধান অনুষঙ্গ। নৃতত্ত্ব তাঁর অধ্যয়ন ও অধ্যাপনার মূল বিষয় (এখন অবশ্য হার্ভাডে তিনি সাহিত্যের অধ্যাপক)। একজন প্রত্নতাত্ত্বিক যেমন মানুষের ইতিহাসের খোঁজে মাটির ভেতরে, তার অন্তরে হাতুড়ি চালায়, অমিতাভও তেমনি বাস্তবতার বহির্ভাগ ফেলে তার ভেতরে, তার গভীরে প্রবেশেই বেশি আগ্রহী। গবেষণা এই অন্বেষণের একটি উপকরণ। কেউ কেউ, তাদের মধ্যে সালমান রুশদি একজন, ফিকশান ও রিসার্চ এক পেয়ালায় গুলে পরিবেশনে অমিতাভের আগ্রহ ও দক্ষতার কারণে তিনি ‘নন-ফিকশনে’ অধিকতর সচ্ছন্দ ও সফল বলে মন্তব্য করেছেন। এ শুধু বাজে কথাই না, আধুনিক উপন্যাসের ফর্ম ও তার বহুমাত্রিক চরিত্র-বিষয়ে অনভিজ্ঞ পাঠক-সমালোচকের কথা মাত্র। তথ্য ও কাহিনীকে সমন্বিত করায় তার আশ্চর্য দক্ষতার কারণে অমিতাভ সমসাময়িক লেখকদের মধ্যে কার্যত ব্যতিক্রমী। এই বহুমাত্রিক বৈশিষ্ট্যের কারণে আমার কাছে তাঁর উপন্যাসকে নদীর মতো রহস্যময় ও প্রবহমান মনে হয়। শুধু বাইরে থেকে নদীর জলধারা দেখে যেমন বোঝা যায় না জলের নিচে ঢেউ ও মাছের কোনো খেলা, অমিতাভের উপন্যাসও তেমনি নানা পরতে আবৃত এক আশ্চর্য অভিজ্ঞতার আঁকর। দি হাংরি টাইড সে-কথার প্রকৃষ্ট উদাহরণ।
সুন্দরবন তাঁর এই উপন্যাসের একটি প্রধান চরিত্র। এখানে বেঁচে থাকার জন্যে, এই জমিনের ওপর নিজের অধিকার ধরে রাখার জন্যে বাঘ ও মানুষে লড়াই চলে অহর্নিশ। যে-বনে একসময়ে বাঘের রাজত্ব ছিল নিরুপদ্রব ও নিরঙ্কুশ, সেই বন কেটে আবাদ গড়ে মানুষ। ফলে বাধে লড়াই। বাঘের হামলা থেকে বাঁচবার জন্যে মানুষ যে কেবল তার সম্মিলিত প্রতিরোধব্যুহ নির্মাণ করে তাই নয়, দেবতারও সে শরণাপন্ন হয়। হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার প্রার্থনার লক্ষ্য সেই দেবতা, যার নাম ‘বনবিবি’।
ঈশ্বর-পরিত্যক্ত এই যে বিরান বন ও তার নোনাজলের নদী, তার ওপর কার অধিকার অধিক ন্যায়সম্মত? অমিতাভের এই উপন্যাসের এটি একটি মৌল প্রশ্ন। প্রকৃতির বিরুদ্ধে মানুষের আগ্রাসন যত তীব্র হয়, প্রকৃতিতে ভারসাম্যহীনতা তত বাড়ে। উজাড় হয় বনানী, নিশ্চিহ্ন হয় পশু-পাখি। জনবিচ্ছিন্ন দ্বীপসমূহ একসময়ে জনমানবহীন ছিল। ক্রমশ সেখানে বসতি গড়েছে আশ্রয়প্রার্থী মানুষ। মানুষের আগ্রাসন থেকে মাছেরও নিস্তার নেই। সুন্দরবন এলাকায় চিংড়ির চাষ ক্রমশ বাড়ছে। চিংড়ির পোনা ধরবার জন্যে সেখানে এমন মিহি জালের ব্যবহার শুরু হয়েছে যে, সকল জলজপ্রাণীই তাতে ধরা পড়ছে। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই যে-আগ্রাসন, কোনো কোনো ক্ষেত্রে মানুষ তার প্রয়োজনে বাধ্য হয়েই তাতে নেমেছে। সুন্দরবনের অধিকাংশ দ্বীপই মানববসতির অযোগ্য, তারপরেও মানুষ সেখানে বাসা বাঁধে। অন্য কোথাও তাদের যাবার জায়গা নেই, কেউ তাদের আশ্রয় দেয় না, ফলে এই প্রান্তবর্তী জীবনই তাদের বেছে নিতে হয়। প্রকৃতির বিরুদ্ধে অনাকাক্সিক্ষত সকল আগ্রাসন ঠেকাতে কোনো কোনো এলাকায় মানববসতি নিষিদ্ধ করা হয়েছে। ভারত ও বাংলাদেশ, উভয় দেশের সরকারই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে নানা নিয়ম-কানুনও বেঁধে দিয়েছে। বাঘ বাঁচাতে নানা প্রকল্প তারা হাতে নিয়েছে, সে-উদ্দেশ্যে কোটি কোটি টাকাও তারা ব্যয় করছে। বাঘ মিষ্টিপানির লোভে লোকালয়ে আসে, ফলে মানুষ তাদের আক্রমণের শিকার হয়। তা ঠেকাতে শুধু বাঘের জন্যে মিষ্টিপানি সরবরাহ করার উদ্দেশ্যে পশ্চিম বাংলায় বিদেশী সাহায্যে একসময় এক বিস্তৃত প্রকল্পও হাতে নেওয়া হয়েছিল। মানুষের প্রয়োজনে সুপেয় পানি নেই, তাদের বসতির জায়গা নেই, অথচ বন্যপ্রাণীর জন্যে এতসব আয়োজন, তা কী নীতিসম্মত ও গ্রহণযোগ্য? এ-প্রশ্ন উত্থাপন করলেও তার কোনো স্পষ্ট উত্তর এই উপন্যাসে অমিতাভ দেননি, তবে কিছু ইঙ্গিত রেখে গেছেন। সে-ইঙ্গিত বুঝতে হলে আমাদের মরিচঝাঁপির বিদ্রোহের ইতিহাস জানতে হবে।
সুন্দরবন এলাকার সমুদ্র-উপকূলে একটি সংরক্ষিত দ্বীপ মরিচঝাঁপি। সত্তরের দশকের মাঝামাঝি একদল বাঙালি উদ্বাস্তু এখানে এসে বসতি গড়ে। এই উদ্বাস্তুদের প্রায় সবাই ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে এসে আশ্রয় নিয়েছিল। সে-সময় ভারত সরকার তাদের মধ্যপ্রদেশের দণ্ডকারণ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে। পুনর্বাসন কেবল নামেই ছিল, বাস্তবে তা মরুভূমি-প্রায় এক নির্দয় পরিবেশে উদ্বাস্তু বাঙালিদের বহিষ্কার ছাড়া আর কিছুই নয়। সম্পূর্ণ জনবিচ্ছিন্ন সে-আশ্রয় বাঙালি উদ্বাস্তুদের কাছে যখন সহ্যের বাইরে চলে যায়, তখন তারা বসতি গড়ার জন্যে দল বেঁধে হাজির হয় মরিচঝাঁপিতে। কঠিন পরিবেশ, তা জেনেও তারা সেখানে মাটি কামড়ে আশ্রয় নেয় এই ভেবে যে, এটি তাদের আবাল্যের পরিচিত স্বদেশের নিকটবর্তী। একজন, দুজন নয়, হাজার হাজার উদ্বাস্তু। বেআইনি সে-আবাসন ঠেকাতে ভারত সরকার নানারকম প্রতিকারমূলক ব্যবস্থা নিলে ১৯৭৯-তে সেখানে এক বিদ্রোহ দানা বেধে ওঠে। সেই বিদ্রোহ ঠেকাতে একসময় নিরাপত্তা বাহিনী নামানো হয়, তাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে অজ্ঞাতসংখ্যক বাঙালি উদ্বাস্তু সেখানে হতাহত হয়। সেসব নিহত মানুষের একজন হলেন নির্মল। ডায়েরিতে তিনি মরিচঝাঁপির বিদ্রোহ ও ব্যক্তিগত মনস্তাপের বিবরণ লিপিবদ্ধ করে গিয়েছিলেন। সে-ডায়েরি পড়ার জন্যেই কানাইয়ের লুসিবাড়ি আগমন।
মরিচঝাঁপিতে উদ্বাস্তুদের আশ্রয় নেবার অধিকার রয়েছে, অমিতাভের বয়ান থেকে আমরা সে-কথাই অনুমান করে নিই। আদর্শবাদী নির্মল, যার প্রতি লেখকের সহানুভূতি স্পষ্ট, তা থেকে আমরা এ-কথাও ধরে নিতে পারি যে, উদ্বাস্তুদের লড়াইয়ের প্রতিও তাঁর নৈতিক সমর্থন রয়েছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়, লেখক তা নিশ্চিত করতেই উদগ্রীব। তাঁর উপন্যাসের প্রধান চরিত্র প্রকৃতি-বিজ্ঞানী পিয়ার ভেতর দিয়ে সে-কথা তিনি স্পষ্ট করে বলেছেন। তাহলে এই যে দুই বিপরীতমুখী স্রোতধারা, তার ভারসাম্য কীভাবে অর্জিত হবে।
অমিতাভের সঙ্গে আলোচনার শুরুতে হরস্ট সুন্দরবনের পরিবেশের ক্রমাবনতির কথা তুলল। সুন্দরবনের কথা উঠতেই যেন অমিতাভের চোখ জ্বলে উঠল। ‘সুন্দরবন একসময় নানা প্রজাতির পশু, পাখি ও মাছে ভরা ছিল। ছোটবেলায়, আমার এক স্কুলশিক্ষক কাকা এখানে বসতি গড়েন। আমি অনেকবার তার কাছে এসেছি। তখন এই বনের প্রাকৃতিক ঐশ্বর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। এখন সেসবের কিছুই আর অবশিষ্ট নেই।’
অমিতাভের জন্যে সুন্দরবন কেবল প্রকৃতি নয়, তার যেন নিজস্ব একটি ব্যক্তিত্ব রয়েছে। ‘এই বনে এসে আপনি ইতিহাসের খোঁজ হয়তো করবেন না, কিন্তু চোখ খুলে যদি দেখতে পারেন, তাহলে বিস্মিত হবেন কী আশ্চর্যরকম এক মানবিক ব্যক্তিত্ব রয়েছে তার। তার ইতিহাসের এত অসংখ্য স্তর রয়েছে যে, পেঁয়াজের খোঁসা ছড়ানোর মতো আপনাকে ধীরে ধীরে ভেতরে ঢুকতে হবে, কিন্তু তবুও তার শাঁশ – তার ‘কোর’ – খুঁজে পাবেন না।’
এই সুন্দরবন এলাকায় কার দাবি বেশি, মানুষের না পশুর, এই প্রশ্নের কোনো সদুত্তর অমিতাভ দেননি, কিন্তু সমস্যার বৈপরীত্য তুলে ধরে তার জটিলতার হদিশ দিয়েছেন। যেহেতু এই এলাকায় সম্পদ সীমিত, তাই তার ওপর নিজেদের নিয়ন্ত্রণ-অর্জনের জন্যে মানুষ ও পশুর লড়াই চলে অহর্নিশ। এই দুইয়ের দ্বন্দ্বটা যে কতটা বাস্তব, সে-কথা বোঝাবার জন্যে অমিতাভ একটি নাটকীয় ঘটনার বর্ণনা করেছেন। শুশুকের খোঁজে নদীপথে যাবার সময় এক গ্রামে হৈচৈ শুনে পিয়া ও তার সঙ্গীরা যাত্রাবিরতি করে। খোঁজ নিয়ে জানা গেল, সেখানে গোশালে হামলার সময় এক বাঘ ধরা পড়েছে, এখন তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। ফকির বা কানাইয়ের কাছে এ-ঘটনা মোটেই বিস্ময়কর নয়। মানুষখেকো বাঘ, তাকে বাগে পেয়েও ছেড়ে দিলে ভবিষ্যতে সে আবার হামলা চালাবে, তখন শুধু গবাদি আক্রান্ত হবে না, হয়তো মানুষও মারা পড়বে। তাকে মেরে ফেলাই যুক্তিযুক্ত। কিন্তু প্রকৃতি-বিজ্ঞানী পিয়া এই নির্বিকার আক্রমণ কী করে মেনে নেয়? ফকির ও কানাইয়ের প্রতিবাদ অগ্রাহ্য করে সে গ্রামবাসীর বিরুদ্ধে চেঁচিয়ে ওঠে। ইংরেজি-ভাষী এক প্রায়-বিদেশী তরুণীর এই আকস্মিক হস্তক্ষেপে গ্রামের লোক তাকে উলটো মারতে খেঁকিয়ে উঠলে ফকির প্রায় টেনে-হিঁচড়ে উদ্ধার করে নিয়ে আসে পিয়াকে। ফকিরের এই আচরণে বিস্মিত হয় পিয়া, সে ফকিরকে ভিন্ন ধরনের মানুষ ভেবেছিল। এমন নয় যে, পরিস্থিতির জটিলতা তার বোধগম্য, কিন্তু তারপরেও পিয়ার আক্ষেপ, বাঘটিকে বাঁচাতে তারা কেউ চেষ্টা পর্যন্ত করল না। সে-সময় পিয়া ও কানাইয়ের মধ্যে কথোপকথনে তাদের অবস্থানের বৈপরীত্যের ভেতর দিয়ে অমিতাভ পরিবেশ প্রশ্নে তাঁর নিজের দ্বন্দ্বকে খোলাসা করে বলেছেন :
‘বাঘটিকে এভাবে হত্যা করা নৃশংসতা, পিয়ার এই মন্তব্যের জবাবে কানাইয়ের ব্যাখ্যা, বাঘটি দুজন মানুষ মেরেছে। বন্যজন্তুর হাতে এভাবে প্রতিদিনই মানুষ মরছে। এই হারে যদি পৃথিবীর অন্যত্র মানুষ মারা যেত, তাহলে তাকে বলা হতো ‘গণহত্যা’। একমাত্র যে-কারণে এই গণহত্যা নিয়ে আমরা কেউ উদ্বিগ্ন নই তা হলো যারা সে-গণহত্যার শিকার হচ্ছে, তারা সবাই ভীষণ গরিব। ‘আমরা একটি পশুর যন্ত্রণা অনুভব করি, কিন্তু মানুষের যন্ত্রণা আমাদের স্পর্শ করে না।’
কিন্তু পৃথিবীতে প্রতিদিন মানুষ মরছে সড়কপথে, গাড়িতে, ভ্রমণকালে। তার সঙ্গে এই মৃত্যুর তফাৎ কোথায়, পিয়ার প্রশ্ন।
তফাৎ এইখানে যে, এই মৃত্যুর পেছনে আমাদের হাত আছে, আমরাও তার জন্যে দায়ী, কানাইয়ের উত্তর। ‘কারণ, তোমার মতো মানুষেরা বন্যজন্তু রক্ষার জন্যে আন্দোলন করছে, কিন্তু হিসেব করে দেখনি মানুষকে তার জন্যে কী ক্ষতি স্বীকার করতে হচ্ছে। আর আমি যে-শ্রেণীর মানুষ তারাও সে-ক্ষতি লুকিয়ে রাখতে সম্মত হয়েছি, কারণ আমরা বন্যপ্রাণী সংরক্ষণবাদী পশ্চিমাদের খুশি করতে চাই।’
সে-কথার জবাবে পিয়ার ব্যাখ্যা, প্রকৃতিই মানুষ ও বন্যপ্রাণীর আবাস আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করে দিয়েছে। সে-নিয়ম-অনুসারেই প্রকৃতিতে মানুষ ও পশু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। ধরো এমন হলো যে, মানুষ সিদ্ধান্ত নিল সে ছাড়া আর কেউ টিকে থাকতে পারবে না। তাহলে অবস্থা কী দাঁড়াবে? এই পৃথিবীতে আমরা একাই কি যথেষ্ট নই, এ-কথা যদি কেউ বলে? শুধু বন্যপ্রাণী নিধন করেই কি তখন মানুষ থামবে? তারা কি একসময় অন্য মানুষদের, বিশেষ করে গরিব ও ক্ষমতাহীনদের নিশ্চিহ্ন করার কথাও ভাববে না?
এই পলেমিকের ভেতর দিয়ে অমিতাভ প্রকৃতি নিয়ে নৈতিক বনাম অনৈতিকের দ্বন্দ্ব স্পষ্ট করেছেন। পাশাপাশি আরেকটি দ্বন্দ্বের কথাও ইঙ্গিত করেছেন, সেটি হলো বাস্তববাদী বনাম স্বাপ্নিকের দ্বন্দ্ব। বাস্তববাদীদের যুক্তি ও রাজনীতিতে স্বাপ্নিকেরা বরাবরই পরাজিত হয়, এমন একটি দীর্ঘশ্বাস এই গ্রন্থে রয়েছে। স্পষ্টতই পিয়া এই উপন্যাসে সেই স্বাপ্নিক। পরিবেশ সংরক্ষণে তার যে-সংগ্রাম, তা নিষ্ফলা জেনেও মাসের পর মাস সে-কাজই সে করে যাচ্ছে, যাবে। সে করে যাবে, কারণ কাউকে না কাউকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ পৃথিবীর স্বপ্ন দেখতে হয়, পরিবর্তনের কথা ভাবতে হয়।
স্বাপ্নিক ও বাস্তববাদীর এই চিরায়ত দ্বন্দ্ব আরো স্পষ্ট হয় নির্মল ও নীলিমার বিপরীতমুখী চরিত্রের ভেতর দিয়ে। সাম্যবাদী বিপ্লবে বিশ্বাসী নির্মল পুলিশি অত্যাচার থেকে বাঁচবার জন্যে লুসিবাড়িতে আশ্রয় নিয়েছিল। সাম্যবাদী বিপ্লব তার পক্ষে করা সম্ভব হয়নি, তার বিকল্প হিসেবে এই অজপাড়াগাঁয়ে সে স্কুল খুলে বসে। সেখানেই সারাটা জীবন সে কাটিয়ে দেয়। স্কুল থেকে অবসর নেবার পর মরিচঝাঁপির বিদ্রোহ তার জন্যে বিপ্লবের আমন্ত্রণ বয়ে আনে। অনেকটা অযাচিতভাবেই সে উদ্বাস্তু বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়ে। অন্যদিকে নীলিমা একদম একক চেষ্টায় লুসিবাড়িতে গড়ে তোলে এক হাসপাতাল ও জনকল্যাণ ট্রাস্ট। এই চরাঞ্চলের অভাবী মানুষদের সেটি একমাত্র চিকিৎসা কেন্দ্র। সামুদ্রিক ঝড় আঘাত হানলে তা থেকে রক্ষা পাবার জন্যে সেই দ্বীপের একমাত্র সুরক্ষিত আশ্রয়কেন্দ্র, তাও রয়েছে তার সেই হাসপাতালে। মরিচঝাঁপির বিদ্রোহের কথা নিয়ে যখন কানাঘুষা হচ্ছে, সে-সময় নীলিমা নির্মলকে বারবার সাবধান করে বলে, সে যেন কিছুতেই সে-ঝামেলায় জড়িয়ে না পড়ে। সরকার উদ্বাস্তুদের সরিয়ে দেবেই, প্রতিবাদে কোনো কাজই হবে না। শুধু তাই না, নির্মল তাতে জড়িয়ে পড়লে তার হাসপাতালে সমস্যা দেখা দেবে। সরকারি সাহায্য বন্ধ হয়ে যেতে পারে, ওষুধের সরবরাহ আটকে যেতে পারে, নানারকম আমলাতান্ত্রিক জটিলতাও দেখা দিতে পারে। সে-কথা জেনেও কি নির্মল একটা মরীচিকার পেছনে ছুটে যাবে?
মরিচঝাঁপির উদ্বাস্তুদের আন্দোলন হয়তো একটি মরীচিকাই, তবুও নির্মল সচেতনভাবেই তাতে হাত লাগায়। কারণ, সে-আন্দোলন সম্পূর্ণ ন্যায়সম্মত, ফলে তার প্রতি সমর্থন সম্পূর্ণ নৈতিক। ব্যাঘ্র-নিধনের বিরুদ্ধে পিয়ার যে-অবস্থান, নির্মলের দৃষ্টিভঙ্গির সঙ্গে তা স্পষ্টতই সমান্তরাল। আগ্রাসী মানুষের হাতে বাঘের পরাজয় নিশ্চিত, তা জেনেও পিয়ার আর্তনাদ, ‘অন্তঃপক্ষে আমরা তা ঠেকাতে চেষ্টা তো করতে পারতাম!’ বাঘ বাঁচাতে সে-চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয় পিয়া, মরিচঝাঁপিতে সেই একই চেষ্টা করে নিহত হয় নির্মল।
দি হাংরি টাইডের আরেকটি প্রধান থিম ভাষাকে নিয়ে। অথবা আরো পরিষ্কার করে বলা যায়, এক ভাষিক সংস্কৃতি থেকে অন্য ভাষিক সংস্কৃতির মধ্যে সংযোগের সম্ভাবনা ও সীমাবদ্ধতার নিরীক্ষণ। যোগাযোগ-বিজ্ঞানের ভাষায় এর নাম হলো ‘ট্রানসকালচারাল কমুনিকেশন।’ আন্তঃসাংস্কৃতিক যোগাযোগে ভাষার কী ভূমিকা, এই সম্পর্কের সম্ভাবনা ও সীমানা কী – এই গ্রন্থে অমিতাভ নানাভাবে তা অনুসন্ধানের চেষ্টা করেছেন। গ্রন্থের কেন্দ্রে রয়েছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। তার কেন্দ্রীয় চরিত্রগুলো বিভিন্ন বলয়ের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও, তাদের সাংস্কৃতিক ও সামাজিক দূরত্ব সত্ত্বেও পরস্পরের সঙ্গে তারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। গ্লোবালাইজড বিশ্বের এটি একটি পরিচিত বৈশিষ্ট্য। ভাষা অবশ্যই এই সংযোগের একটি আবশ্যিক সূত্র, কিন্তু একমাত্র সূত্র নয়। তার প্রমাণ পিয়া ও ফকির, তারা একে অপরের সঙ্গে একটি শব্দ বিনিময় না করেও পরস্পরের নিকটবর্তী হয়, একে অপরের সঙ্গে শুধু পেশাদারি নয়, ব্যক্তিগত আবেগনির্ভর সম্পর্ক-নির্মাণেও সমর্থ হয়। অন্যদিকে, ভাষার নৈকট্য সত্ত্বেও পিয়া ও কানাইয়ের সম্পর্ক কার্যত অনুর্বর থেকে যায়।
আন্তঃসাংস্কৃতিক সংযোগে অনুবাদ তথা ভাষান্তরের ভূমিকা এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ। পিয়া বাঙালি, কিন্তু বাংলা ভাষা সে জানে না। অন্যদিকে কানাই তার নিজের ভাষা ছাড়াই আরো চারটি ভাষায় দক্ষ। এক ভাষাকে অন্য ভাষায় রূপান্তরই তার পেশা। কাহিনীর অন্য প্রধান চরিত্র কবিতাপ্রেমিক নির্মল। ডায়েরি লিখবার সময় যে-কবিকে দিয়ে নিজের সূক্ষ্মতম ভাব ও ভাবনা প্রকাশের বাহন হিসেবে সে নির্বাচন করে তিনি জার্মান ভাষার কবি রিলকে। কিন্তু জার্মান ভাষায় রিলকের কবিতা নয়, ইংরেজি থেকে বুদ্ধদেব বসুর করা বাংলা অনুবাদ তার আশ্রয়। আবার এই উপন্যাসে নির্মলের ডায়েরির ভাষ্য হিসেবে যখন রিলকের উদ্ধৃতি ব্যবহৃত হচ্ছে, অমিতাভ তখন হাত বাড়াচ্ছেন সে-কবিতার ইংরেজি অনুবাদে, কিন্তু কানাইয়ের বয়ানিতে পাঠককে ভেবে নিতে বলছেন বাংলাতেই সে-কবিতা তাকে পড়তে হচ্ছে।
এক ভাষা থেকে অন্য ভাষার এই যে আন্তঃপ্রবাহ – তার ক্রস কারেন্টস – আমার কাছে তা এক আশ্চর্য প্রহেলিকার মতো মনে হয়েছে। এই প্রহেলিকা আরো গভীরতর হয় যখন আমরা লক্ষ করি যে, অমিতাভ তাঁর উপন্যাসে যত্রতত্র বাংলা শব্দের ব্যবহার করেছেন। শব্দের ভিন্ন উৎস বোঝাতে তিনি তাঁর ‘আইটালিসাইজড’ উচ্চারণ দিয়েছেন বটে, কিন্তু সেসব শব্দের অর্থ দ্বিতীয়বার উল্লেখ করেননি। চচ্চড়ি, মুরলা, মসুরের ডাল, ঝোল, বরযাত্রী, মোহনা, ভটভটি, গামছা ইত্যাদি শব্দের ব্যবহার করেছেন নির্দ্বিধায়। বাঙালির কথ্যভাষায় ‘কিরে’ শব্দের ব্যবহারও তিনি ইংরেজিতে করে ছেড়েছেন (যিধঃ’ং রং ঃযব সধঃঃবৎ-ৎব?)। পুরো গল্পটি তিনি দুভাগে ভাগ করে তার নাম দিয়েছেন ভাটা ও জোয়ার। যে-দ্বীপাঞ্চলে তাঁর গল্পের বিস্তার তাকে বলেছেন ‘টাইড কান্ট্রি’, কিন্তু ইংরেজিতে তার ব্যবহার যথেষ্ট অর্থবহ না-হওয়ার সম্ভাবনা থাকায় বারবার তাকে ‘ভাটির দেশ’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন। এই শব্দগুলো যেন রহঃবৎপযধহমবধনষব, এক ভাষা থেকে অন্য ভাষায় তা অনায়াসে ঢুকে পড়ে। সালমান রুশদিও তাঁর ইংরেজি উপন্যাসে বিভিন্ন ভারতীয় শব্দের ব্যবহার করেছেন, কিন্তু তা মূল শব্দকে ভেঙে, তার ক্যারিকেচার করে। অমিতাভ সেদিকে পা বাড়াননি, তিনি বাংলা শব্দকে বাংলা হিসেবে তার উচ্চারণ ও অর্থ অক্ষুণ্ন রেখেই ব্যবহার করেছেন এক ভাষার শব্দ কীভাবে অন্য ভাষার শব্দে পরিণত হয়, সে-সম্ভাবনার সীমানা – তার ৎবধষস ড়ভ ঢ়ড়ংংরনরষরঃু – পরখ করে দেখা তাঁর একটি উদ্দেশ্য হয়ে থাকবে বলে অনুমান করি।
অমিতাভ নিজে বললেন, এই গ্রন্থে বহুভাষিকতা ও ভাষার রূপান্তর, তার অনুবাদ, একটি প্রধান বিবেচনা। ‘একুশ শতকের পৃথিবীতে ধ্বনি-নির্ভর ভাষার বদলে ইমেজ-নির্ভর ভাষার গুরুত্ব বাড়ছে। টিভি, সংযোগের মাধ্যম হিসেবে ই-মেইলের গুরুত্ব বাড়ছে। কিন্তু আমরা যদি গভীরতর সংযোগে আগ্রহী হই, ‘ডিপ কমুনিকেশন’ যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে লিখিত ও কথ্য ভাষার ওপর আমাদের নির্ভরশীল হতেই হবে।’ অমিতাভ বিশ্বায়নের কথাও বললেন। লেখক হিসেবে এক ভাষার মানুষ নিয়ে কাজ করার বিলাসিতা এখন ফুরিয়ে আসছে। এখন বহুভাষিকতা (মালটি-লিঙ্গুয়ালিটি), বহুভাষার মধ্যে আন্তঃযোগাযোগের (ইন্ট্রা-ইঙ্গুয়ালিটি) চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। আজকের মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতায় এই সমস্যা কীভাবে অতিক্রম করে, লেখক হিসেবে এই বিবেচনা তাকে এই গ্রন্থ রচনার সময় প্ররোচিত করেছে।
‘লক্ষ করে দেখুন, আজকের দিনে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ অসম্ভব সব প্রক্রিয়ায় সমাধা হচ্ছে। আমার বইয়ের দুই প্রধান চরিত্র, পিয়া ও ফকির, একে অপরের ভাষা বোঝে না, কিন্তু একে অপরের কথা তারা বোঝে না, তা তো নয়।’
অমিতাভ তাঁর গ্রন্থে অবিকৃত বাংলা শব্দের ব্যবহার একটু বেশিই করে ফেলেছেন, আমি এরকম একটি মন্তব্য করেছিলাম। উদাহরণ হিসেবে তাঁর গামছা শব্দের ব্যবহার আমি উল্লেখ করলাম, বললাম সে-শব্দ বোঝাতে আপনি প্রায় আধ পাতা ব্যবহার করেছেন। বিরক্ত হলেন অমিতাভ : ‘শব্দটির মানে বোঝাবার জন্যে তো সে-পরিমাণ পাতা আমি ব্যয় করিনি। এই শব্দের সঙ্গে যে-স্মৃতি জড়িত, পিয়ার মনে তার যে রেজোনেনস, সেটি আবিষ্কারই আমার লক্ষ্য। শব্দের অভিজ্ঞতা আমার লক্ষ্য, শব্দের অর্থ নয়।’
বাস্তবিকই, সংকর সংস্কৃতির মানুষদের জন্যে কখনো কখনো একটি শব্দ একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতার প্রতীক হিসেবে কাজ করে থাকে। গামছা শব্দটি প্রয়োগে অমিতাভ সে-সম্ভাবনাই ভেঙে দেখিয়েছেন। নৌকাডুবি থেকে বেঁচে যাবার পর ফকিরের ডিঙ্গিনৌকায় আশ্রয় নিয়ে পিয়া একটি গামছা দিয়ে শরীর মুছে নেয়। এই গামছা সে শৈশবে সিয়াটলে দেখেছে, তার বাবা ব্যবহার করতেন। জিনিসটি পিয়ার পরিচিত, কিন্তু তার নামটি কিছুতেই মনে পড়ছে না। অবশেষে ফকিরের কাছ থেকে তা জেনে নিলে সে-শব্দের সঙ্গে সঙ্গে যেন স্মৃতির জলধারা নেমে আসে। তার অসুখী পিতা-মাতা বাংলায় নিত্য ঝগড়া করতেন। পিয়া কাপড়ের আলমারিতে ঢুকে সে-শব্দ থেকে নিষ্কৃতি পেতে চাইত, কিন্তু পেত না। প্রতিটি ক্রুদ্ধ শব্দ আলমারির দরজা গলে তাকে গ্রাস করত। এক গামছা শব্দ উদ্ধারের সঙ্গে সঙ্গে তার নির্জন ও ক্রুর শৈশবের সে-সকল স্মৃতি তাকে আলোড়িত করে। পিয়ার স্বগতোক্তির মাধ্যমে আমিতাভের প্রশ্ন :
কীভাবে একটি শব্দ তুমি হারিয়ে ফেল? সেকি তোমার স্মৃতির চেতনায় অন্তর্হিত হয়, যেন দেরাজে মাকড়সা ও ধূলির আস্তরণে লুকিয়ে থাকা সে কোনো পুরানো খেলনা, যে অপেক্ষায় আছে কখন ফের তা আবিষ্কৃত হবে, কবে তাকে ফের ধুয়ে-মুছে তুলে আনা হবে?
একুশ শতকের লেখক হিসেবে অমিতাভের একটি কাজ অপরিচিত অথবা অর্ধ-পরিচিত একাধিক সাংস্কৃতিক অভিজ্ঞতার মধ্যে যোগসূত্র নির্মাণ, সে অভিজ্ঞতার একটি মানবিক মানচিত্র নির্মাণ। নগর ও প্রান্তবর্তী এলাকার সংস্কৃতি ও মানুষের মধ্যে সে-যোগসূত্র নির্মাণে অমিতাভের নিজের ভূমিকা যেন একজন অনুবাদকের বা দোভাষীর। দুই ভাষাগত সংস্কৃতির সঙ্গে যোগবন্ধনের জন্যে কখনো কখনো যে তাঁর মতো একজন দোভাষীর প্রয়োজন পড়ে, এ-কথাটি একটি অপ্রত্যাশিত সূত্র থেকে আমাদের জন্যে হাজির করেন অমিতাভ, সেটি ফকিরের স্ত্রী ময়না। ফকির ও পিয়ার সম্পর্ক নিয়ে ময়না উদ্বিগ্ন, কানাইয়ের কাছে তার অনুরোধ ফকিরকে সে যেন বুঝিয়ে বলে পিয়ার প্রভাবে সে যদি নিজের আসল পরিচয় ভুলে যায়, তাহলে ভয়ানক বিপর্যয় হবে।
‘কিন্তু সে-কথা আমি কেন বলব, আমি কিইবা বলতে পারি?’ কানাইয়ের প্রশ্ন।
উত্তরে ময়না বলে, তাদের দুজনের সঙ্গে কথা বলতে পারে, সে-ভাষা আপনি ছাড়া আর কারোর তো জানা নেই কানাইবাবু। তাদের কথা নিয়ে আপনি যেমন খুশি অর্থ বানাতে পারেন, তা নিয়ে আপনার ইচ্ছামতো বুঝ দিতে পারেন।
ময়নার সে-কথায় কানাই বিস্মিত হয়, বলে, তাদের স্বামী-স্ত্রীর কথার ভেতর সে কেন নাক গলাবে? ময়নার উত্তর, ‘কারণ একজন অপরিচিতজনের পক্ষেই সম্ভব সে-কাজটি করা’। কেন, কীভাবে, কানাইয়ের প্রশ্ন।
কারণ শব্দ হচ্ছে বাতাসের মতো। যখন জলের ওপর বাতাস বয়ে যায়, আপনি দেখেন জলের ঢেউ, তার দোলা। আসল নদী থাকে অনেক নিচে, তাকে দেখা যায় না, তাকে শোনা যায় না। জলের নিচ থেকে তার বুকের ওপর ফুঁ দেওয়া যায় না। এ-কাজ পারে কেবল সে যে থাকে বাইরে, যেমন আপনি।
ভাষার আন্তঃপ্রবাহের অন্য আরেকটি সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, অমিতাভের এই গ্রন্থটি আসলে একটি বাংলা উপন্যাস, কিন্তু তা লেখা হয়েছে ইংরেজি ভাষায়। তার সে-কথার ব্যাখ্যা আমি পড়িনি, তবে অনুমান করি, কাহিনীর পরিপ্রেক্ষিত ও বিন্যাসে বাংলা লং ন্যারেটিভের স্পষ্ট প্রভাব প্রত্যক্ষ করে তিনি একথা বলেছেন। একাধিক ভারতীয় সমালোচক দি হাংরি টাইডে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির প্রভাব দেখতে পেয়েছেন। কেউ কেউ সে-উপন্যাসের হোসেন মিয়ার সঙ্গে নির্মলের মিল খুঁজে পেয়েছেন। পদ্মা নদীর মাঝির সঙ্গে এই তুলনা হয়তো একদিক দিয়ে ঠিক, উভয় গ্রন্থেই চরজীবনের কঠিন, কঠোর অভিজ্ঞতা ধরা পড়েছে। তা সত্ত্বেও এই দুই কাহিনীর মধ্যে মিলের চেয়ে বরং অমিলই বেশি বলে মনে হয়। পদ্মা নদীর মাঝি এক চিরায়ত বাংলার গল্প, কিন্তু হি হাংরি টাইড একুশ শতকের বাংলার গল্প। পঞ্চাশ বা এমনকী পঁচিশ বছর আগেও এ-কাহিনীর কোনো চরিত্রকে বাস্তবসম্মত মনে হতো না। তাদের মূল বিবেচনার পরিপ্রেক্ষিতটিও ভিন্ন ভিন্ন। মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃতিকে নিয়ে মানুষ-মানুষের দ্বন্দ্ব অনুসরণ করেছেন। অমিতাভ অনুসরণ করেছেন প্রকৃতি ও মানুষের দ্বন্দ্ব। সে-কারণে অমিতাভের এই উপন্যাসকে আমার কাছে বরং বিভূতিভূষণের আরণ্যকের অনেক নিকটবর্তী মনে হয়েছে।
অমিতাভের কাছেই আমি জানতে চেয়েছিলাম, এসব বাংলা উপন্যাসের কোনোটির প্রভাব তাঁর নিজের লেখায় বা ভাবনায় পড়েছে কিনা। স্বীকার করলেন, এসব বই তিনি পড়েছেন, কিন্তু দীর্ঘদিন আগে পড়া সেই বইয়ের কোনো সরাসরি প্রভাব তার ওপর পড়েছে বলে মনে হয় না। বাংলা উপন্যাসে নদীভিত্তিক কাহিনীর অভাব নেই, ফলে নদীর জীবন নিয়ে লিখতে গেলে মিল তো থাকবেই।
অমিতাভ বহুদেশ-ঘোরা এক যাযাবর লেখক। তাঁর উপন্যাসের চরিত্ররাও কোনো এক দেশে আটকে থাকে না, তারা এক দেশের সীমান্তরেখা অনায়াসে অতিক্রম করে যায়। সেজন্যে তাঁর বইয়ের নাম শায়ডো লাইনস। অথচ তারা যেখানে যতদূরেই যাক না কেন, একসময় না একসময় তারা স্বদেশে – আবাল্যের বাংলায় – ফিরে আসে। এটি অমিতাভের নিজের চরিত্র ও অভিজ্ঞতারই প্রতিফলন। তিনি আমাকে আগে একসময় বলেছিলেন, তিনি যেন কম্পাসের মতো। সে-কম্পাসের এক বাহু সারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু অন্য বাহু স্থির থাকে তার নিজের দেশে। দি হাংরি টাইডই তাঁর প্রথম বই যা পুরোপুরি বাংলার কাহিনী, কম্পাসের দুবাহুই এখানে এক জায়গায়। সে-কথা উল্লেখ করে বললাম, আপনি কি তাহলে দেশে ফিরে আসছেন?
হাসলেন অমিতাভ, বললেন, কথাটা একদিক দিয়ে ঠিক, কিন্তু পুরোপুরি ঠিক নয়। এই উপন্যাস পুরোটাই পশ্চিম বাংলায় ঘটছে, কিন্তু গল্পের দুই প্রধান চরিত্র – পিয়া ও কানাই – তারা কিন্তু বহির্পৃথিবীর প্রতিনিধি। ফলে কম্পাসের দুটো হাতই যে দেশের মাটিতে, তা কী করে বলি? দেশে ফেরার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, সে-কথা স্বীকার করলেন। কিন্তু কবে, কীভাবে তা শেষ হবে, তা তার জানা নেই বলে মন্তব্য করলেন।
মোরাভিয়ার একটি উদ্ধৃতি ব্যবহার করে বললাম, যে-কোনো প্রধান উপন্যাসই এক ধরনের ‘হায়ার ফর্ম অব অটোবায়োগ্রাফি’। কিন্তু দি হাংরি টাইডে তাঁর আত্মজীবনীর ছায়ামাত্র নেই, পুরোটাই দেখা, শোনা, পড়ার ভিত্তিতে। এটি কি তাহলে এক ধরনের ‘জার্নালিস্টিক ফিকশন’?
একমত হলেন না অমিতাভ। উপন্যাস মানে আত্মজীবনী, কোনো কোনো লেখক, যেমন প্রুস্ত বা জেমস জয়েসের বেলায় একথা হয়তো বলা যায়, কিন্তু মেলভিল বা মার্কেসের বেলায় কি সে-কথা বলা যাবে? মেলভিলের সেই বিখ্যাত উপন্যাস, মবি ডিক, তা তো তিমি-শিকারি জাহাজ ‘গ্লোবে’র কাহিনীর ভিত্তিতে লেখা। মেলভিলের আরেকটি ছোট উপন্যাস, বেনিটো সেরেনো, লেখা হয়েছে অন্য একজনের আত্মজীবনের একখণ্ড অভিজ্ঞতার ভিত্তিতে। ‘একজন ঔপন্যাসিকের কল্পনা কোনো ধরাবাঁধা পথে এগোয় না, তা সহজে নিঃশেষও হয় না।’
অমিতাভ যে সে-রকমই একজন ঔপন্যাসিক, অভিজ্ঞতার নতুন নতুন প্রদেশ অনুসন্ধান ও উন্মোচন যার লক্ষ্য। দি হাংরি টাইড উপন্যাসের ভেতর দিয়ে আরো একটি প্রদেশ তিনি জয় করলেন, একথা বললে মোটেই অত্যুক্তি হবে না।
১ জুন, ২০০৫

Leave a Reply
You must be logged in to post a comment.