বিনোদিনী কালোত্তীর্ণ অভিনেত্রীর আত্মকথা

আধুনিক বাংলা মঞ্চনাটকের সূচনাকালের শিল্প-ব্রতচারিণী অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসী। তিনি মাত্র ১২ বছরে আশিটি নাটকের প্রায় নব্বইটি চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। অদমনীয় জীবনাকাক্সক্ষা, জীবন-সংগ্রাম, তাঁর স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনা এতটাই অনন্য যে, আজ সোয়াশো বছর পর তাঁকে তাঁরই অভিনীত চরিত্রগুলোর মতো বাংলা নাট্যমঞ্চের চরিত্র করে তুলেছে।

বাংলা নাটকের স্বরূপ-সন্ধানী দল ঢাকা থিয়েটার। প্রায় ত্রিশ বছর ধরে দলটি বাংলা নাট্য-ইতিহাসের ছিন্নসূত্র আবিষ্কারে ব্রতচারী। তাদের ৩১তম প্রযোজনা বিনোদিনী। বিনোদিনীকে ঢাকা থিয়েটারের সেই ইতিহাস-সন্ধান এবং বিশ্লেষণের একটা প্রয়াস বলেও বিবেচনা করা যেতে পারে।

বিনোদিনী নাটকের ভিত্তিভূমি শ্রীমতী বিনোদিনীর আত্মজীবনী আমার কথা। ঢাকা থিয়েটার প্রযোজিত বিনোদিনী নাটকের আত্মজীবনীর ভাঁজে ভাঁজে খুবই সংগত কারণে সংযোজিত হয়েছে বিনোদিনী অভিনীত নীলদর্পণ, মেঘনাদবধ কাব্য, মৃণালিনী ও চৈতন্যলীলা নাটকের অংশবিশেষ এবং তাঁর রচিত কবিতায় সুর সংযোজন করা গান। এ-কালের মঞ্চকুসুম শিমূল ইউসুফের একক অভিনয়ে বিনোদিনীর জীবন-সংগ্রাম ও শিল্প-সাধনা মূর্ত হয়ে উঠেছে।

বিষণ্ন কোমল সান্ধ্যসুর ইমন-রাগকণ্ঠে মোমবাতির মৃদু আলোয় ওড়িশি নৃত্যের মুদ্রাভঙ্গিমায় মঞ্চে প্রবেশ করেন ফিকেরঙা একবসনা এ-কালের শিমূল ইউসুফ। তাঁর উদ্দেশ্য মঞ্চখুঁড়ে পাওয়া তাঁরই জাতিস্মরের সুবর্ণ ধুলা ছুঁয়ে-ছেনে তাঁকে দর্শকের দরবারে হাজির করা। সে-কালের বিনোদিনী আর এ-কালের শিমূল ইউসুফ – শিল্পের কুহক-ডাকে মঞ্চে তাঁরা মুখোমুখি। উভয়ে অভিনীত চরিত্রগুলোর হাসন-কাঁদন নিয়ে ঝড়ে-জলে নেচেছেন। ছুটেছেন সেইসব চরিত্রের পায়ে পায়ে। তারপর সময় বয়ে গেলে সেইসব চরিত্র লুপ্ত হয়ে গেছে।

শূন্য রঙ্গালয়ে ধুলা এসে পড়েছে। একজন এখনো চলিষ্ণু মঞ্চে হাজির হন বিস্মৃত কুসুমের সুবর্ণ শ্মশানভষ্ম হাতের মুঠোয় পুরে। আর অন্যজন? বুকের ভেতর নৈঃসঙ্গের গাঢ় অন্ধকার নিয়ে ঘন হতশ্বাসে আবারো ইতিহাসের চৌকাঠের ওপর এসে দাঁড়ান। শতবর্ষ ব্যবধানে বাঙালি দুই মঞ্চনারী মুখোমুখি আজ। উত্তরসূরি শিমূল অন্ধকারে চোখের লণ্ঠন উঁচিয়ে ধরেন। পরস্পর পরস্পরের অন্তরক্ষত দেখেন। সহসা গত শতকের সে-রাজরানী আজকের শিমূলের হাতে জ্বলন্ত এক চন্দনের কাঠ তুলে নেন। তারপর পুড়ন্ত সে-চন্দনকাঠ হাতে নিয়ে তিনি শ্রীমতী দাসীর আত্মজীবনীর পাতা উন্মোচন করতে থাকেন। রাতের সুর-বাগিশ্রী রাগে দেবী সরস্বতীকে বন্দনা করে শিমূল যেন ফিরে যান সে-কালের বিনোদিনীতে।

শ্রীমতী বিনোদিনী দাসীর জন্ম আনুমানিক ১৮৬৩ সালে, কলকাতার এক রক্ষিতা পরিবারে। ১৮৭৪ সালে মাত্র ১১ বছর বয়সে অভিনয়শিল্পী হিসেবে বাংলার মঞ্চে তাঁর আগমন। গ্রেট ন্যাশনাল থিয়েটারের শত্রুসংহার নাটকে দ্রৌপদীর সখীর ভূমিকায় তাঁর প্রথম অভিনয়।

সেটা উনিশ শতক। ভারতীয় উপমহাদেশ তখন ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন। বাংলার সমাজ তখন যুগসন্ধিক্ষণের মুখোমুখি। সনাতন সামন্ত সমাজের কাঠামো ভেঙে পড়ছে – নতুন করে গড়ে উঠছে জাগরিত মধ্যবিত্ত। মধ্যবিত্তের মননে নতুন চিন্তা, নতুন বিশ্বাস, নতুন স্বপ্নের স্ফুরণে আন্দোলিত হচ্ছে সমাজ – সমাজের সংস্কৃতি, শিল্প-সাহিত্যের প্রতিটি অঙ্গন। বিকশিত হচ্ছে বাবু-সংস্কৃতি। সেই সময়ে মাইকেল মধুসূদন দত্ত প্রমুখের সিদ্ধান্তে বাংলার মঞ্চে নারী চরিত্রসমূহ নারীদের দ্বারা অভিনীত হবার প্রথা আরম্ভ হয়। তখনো ভদ্রঘরের নারীদের অভিনয় করার প্রচলন হয়নি। সে-কালের মঞ্চকর্মীরা তখন তাই ভরসা করেছিলেন বারবনিতাদের ওপর। অপস্রিয়মাণ সামন্ত প্রভুরা তখনো বিলুপ্ত হননি। তাদের রক্ষিতা নারীদের অধিকাংশ ছিলেন নৃত্য-গীতে পারদর্শী। জীবিকার প্রয়োজনে তারা অনেকেই পতিতাবৃত্তির পাশাপাশি অভিনেত্রীর ভূমিকা পালন করেছেন। সুতরাং বিনোদিনীর কালে কেবল তিনিই নন – এমন আরো অনেক বারনারী বাংলার রঙ্গমঞ্চে রাজরানীর বেশ পরেছিলেন। তবে শিল্প-সাধনা এবং জীবন-সংগ্রাম ও জীবনাকাক্সক্ষার অনন্যতায় আজও স্বকীয় হয়ে আছেন শ্রীমতী বিনোদিনী দাসী। যুগসন্ধিক্ষণের সেই কালের নারী হিসেবে শরীরে যেমন ছিল সামন্ত-প্রভুদের ভালোবাসার আঁচড় তেমনি তিনি ছিলেন নব-জাগরিত একজন মানুষ, যিনি সমাজ-সংসারে নারীর জন্যে বেঁধে দেওয়া বৃত্ত ভেঙে ছুঁতে চেয়েছিলেন শিল্পের অমৃত কুহক।

রক্ষিতা পরিবারের সন্তান বিনোদিনী অভিনেত্রীর বৃত্তি গ্রহণ করেন তাঁর জীবিকার জন্য। বারবার বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির রক্ষিতা হিসেবে জীবন ধারণে বাধ্য হলেও বারাঙ্গনার জীবনকে তিনি জীবিকা হিসেবে গ্রহণ করতে চাননি। নিয়ত-চর্চার মধ্য দিয়ে তিনি অভিনেত্রী হিসেবে নিজেকে নির্মাণ করেছেন। যত তিনি থিয়েটারকে জেনেছেন ততই জীবিকার প্রয়োজন ছাপিয়ে প্রবল থেকে প্রবলতর হয়েছে থিয়েটারের প্রতি তাঁর তীব্র আকর্ষণ ও অনুরাগ। রিহার্সেলের আগে বা পরে গিরিশচন্দ্র ঘোষ, অমৃত মিত্র প্রমুখের কাছ থেকে থিয়েটারের পাঠ নিয়েছেন। ব্রিটিশ থিয়েটার কোম্পানি কলকাতায় এলে তা দেখতে গেছেন। সেই প্রযোজনার কোনো কোনো চরিত্রের ভূমিকাভিনেত্রীর কাজ নিয়ে গিরিশচন্দ্রদের সঙ্গে আলোচনা করেছেন, তার ব্যাখ্যা করেছেন এবং জানতেও চেয়েছেন। এবং তা থেকে রশদ নিয়ে উপযুক্ত ক্ষেত্রে তা প্রয়োগ করেছেন।

বারো বছরের অভিনয়-জীবনে তিনি গ্রেট ন্যাশনাল, বেঙ্গল, ন্যাশনাল ও স্টার থিয়েটারে সে-সময়ের যাবতীয় শ্রেষ্ঠ নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করে অসামান্য যশ পান। তাঁর অভিনয় দেখার জন্য বাঙালি দর্শকরা সে-কালের কলকাতার থিয়েটারে ভিড় জমাত। অনেক গণ্যমান্য ব্যক্তি, পণ্ডিত, রাজনৈতিক নেতা, ভক্ত-সাধক – এমনকী বহুবিশ্রুত বিদেশি মনীষীও বিনোদিনীর কুশলী অভিনয় দেখে বিস্মিত ও মুগ্ধ হতেন। ফিরিঙ্গি কাগজে তাঁকে ইউরোপের শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রীর সঙ্গে তুলনা করা হতো। অদ্ভুত তাঁর অভিনয়-কুশলতা, আশ্চর্য তাঁর চরিত্র-রূপদানের শক্তি।

তিনি অভিনেতা-অভিনেত্রীকুলের মধ্যে প্রথম, যিনি নিজের মেকআপ নিজে নিতেন, অন্যেরও মেকআপ করিয়ে দিতেন। তিনিই প্রথম অভিনেত্রী, যিনি পোশাক পরিকল্পনা করতেন। তিনিই ব্যতিক্রমী অভিনেত্রী, যিনি নিজেকে নাট্যশালার উপযোগী করে তোলার জন্য নিজেকে প্রশিক্ষিত করতেন নিয়মিত। অভিনয়ে ব্যাপ্তি ও নতুনত্ব আনার জন্য নিয়মিত অধ্যবসায় করতেন। বিনোদিনী সংগীত শিক্ষাও করেছেন। পাঠশালার লেখাপড়া এগোয়নি বটে, কিন্তু জ্ঞানার্জনে বিনোদিনী কতটা এগিয়েছিলেন তার সব থেকে বড় দৃষ্টান্ত তাঁর লেখা গদ্য ও পদ্য। তাঁর আত্মজীবনী ‘আমার কথা’ সাধু ভাষায় লেখা। চৌদ্দ বছরের ব্যবধানে তিনি চলতি গদ্যে লিখেছেন ‘আমার অভিনেত্রী জীবন’। গীতিকবিতা রচনায়ও তাঁর হাত ছিল। তাঁর দুটি কাব্যগ্রন্থ বাসনা এবং কনক ও নলিনী মুদ্রিত হয়েছিল। কবিতাগুলোতে ছন্দ-ব্যবহারে বিনোদিনীর আশ্চর্য আধুনিকতা ও অভিনবত্ব আছে। আঙ্গিক তিনি পালটে পালটে গেছেন। দুই, তিন, চার, পাঁচ লাইনের স্তবক সাজিয়েছেন ছরকমের ছন্দভঙ্গিতে। ভাষা ব্যবহারের ক্ষেত্রেও তিনি সাহসী ছিলেন। তবে সবকিছুকে ধরে রেখেছে তীব্র আবেগ, যে- আবেগকে বিনোদিনী একটা প্যাটার্নে না রেখে তার মধ্যে বহুরূপতা আনতে চেয়েছেন।

সব গুণ ছাপিয়ে বিনোদিনী আজও উজ্জ্বল হয়ে আছেন অভিনেত্রী হিসেবে। বিনোদিনীর অভিনীত চরিত্রগুলোর মধ্যে যেমন আছে সীতা, দ্রৌপদী, সত্যভামা, কৈকেয়ী; তেমনই আছে তিলোত্তমা, আয়েশা, আসমানি, কামিনী, মনোরমা। যেমন আছে কপালকুণ্ডলা, মতিবিবি; তেমনই আছে বিলাসিনী, কারফরমা, রঙ্গিনী। আর আছে নিমাই, শ্রীচৈতন্য। মেঘনাদবধ নাটকে তিনি প্রমীলা, বারুণী, রতি, মায়া, মহামায়া, সীতা ও চিত্রাঙ্গদা – এই সাতটি ভূমিকায় একই সঙ্গে অভিনয় করেছেন একই রাতে। আবার অনেক সময় একই রাতে সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রেও অভিনয় করেছেন। অভিনীত এইসব চরিত্রের হাত ধরে তিনি যেন বারনারীর শৃঙ্খল ছিন্ন করে এক অমৃতলোকে পৌঁছতে চেয়েছিলেন।

আজ শতাব্দী পেরিয়ে অমৃতলোকের সন্ধানী শিল্পব্রতচারিণী এই বিনোদিনীকেই মঞ্চে তুলে আনলো ঢাকা থিয়েটার। তাঁর আত্মকথা অবলম্বন করলেও যে পুড়ন্ত চন্দনকাঠ হাতে নিয়ে এ-কালের শিমূল ইউসুফ সে-কালের বিনোদিনীর জীবনের বাঁকে বাঁকে আলো ফেলে চলেন, সেখানে প্রাধান্য পেয়েছে তাঁর অভিনীত চারটি নাটকের অংশবিশেষ। প্রারম্ভে আত্মকথা থেকে বিনোদিনীর বংশপরিচয় দিয়ে শিমূল ঢুকে যান তাঁর অভিনয় জীবনের বৃত্তান্তে। প্রথম অভিনয়, দ্বিতীয় অভিনয়, নীলদর্পণ এবং অতঃপর মেঘনাদবধ কাব্য অংশে শিমূল বিনোদিনীকে অনেক বেশি বিস্তৃতভাবে তুলে ধরেন। চিত্রাঙ্গদা, রাবণ, সীতা, সুমিত্রা, সৌমিত্র এবং প্রমীলা চরিত্রে বিনোদিনীবেশী শিমূল কথাকলি নৃত্য-ভঙ্গিমায় অমিত্রাক্ষর ছন্দে সংলাপ প্রক্ষেপণ করে মঞ্চে ঝড় তোলেন। তবে কেবল মেঘনাদবধ কাব্যই নয় – এরপর একে একে তিনি মৃণালিনীর মনোরমা, চৈতন্যলীলার নিমাই প্রভৃতি চরিত্রকে দর্শকের দরবারে উপস্থাপন করেন।

পুরো নাটকটি ধ্রুপদকলারীতিতে উপস্থাপিত। এর পরিচয় যেমন পাওয়া যাবে নাটকের সুর সংযোজনায়, তেমনি বিশেষ স্টাইলাইজড ভঙ্গিমায় ওড়িশি ও কথাকলি নৃত্যছন্দের মুদ্রা ব্যবহারে। এ যেন উপেক্ষিত অন্ত্যজ বারবনিতা নটীবিনোদিনীকে ধ্রুপদ শিল্পব্রতচারিণী হিসেবে ঢাকা থিয়েটারের শ্রদ্ধাজ্ঞাপন। তবে প্রয়োজন অনুসারে প্রায়শ ব্যবহৃত হয়েছে লোকরীতির নানা কলাকৌশল।

ঢাকা থিয়েটার দীর্ঘদিন ধরে প্রাচ্যীয় বর্ণনাত্মক রীতিতে নাটক পরিবেশন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিনোদিনীও বর্ণনাত্মক রীতিতেই পরিবেশিত হলো। তবে এ-নাটকের বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে জাপানের বিখ্যাত শিল্পরীতি ‘কাবুকি’র ব্যবহার। পুরো নাটকে ওড়িশি, কথাকলি এবং লোক-নৃত্যছন্দ ব্যবহার করে যে শরীরী ভাষা নির্মাণ করা হয়েছে সেখানে প্রাধান্য পেয়েছে ‘কাবুকি’র ভঙ্গিমা। আর কেবলমাত্র শরীরী ভঙ্গিমায় নয় – অভিব্যক্তি এবং সংলাপ-প্রক্ষেপণেও শিমূল ‘কাবুকি’ রীতি অনুসরণ করেছেন। নাটকটির ধ্রুপদপ্রধান দৃশ্যায়নের ক্ষেত্রে ‘কাবুকি’র ব্যবহার নির্দেশকের বিশেষ সহায়ক হয়েছে।

নিজ চরিত্র এবং বিনোদিনীসহ এ-নাটকে শিমূল সর্বমোট ৩৫টি চরিত্র উপস্থাপন করেন দর্শকের মনোযোগে সামান্যতম বিচ্যুতি না ঘটিয়ে। একক অভিনয়ে এতগুলো চরিত্র-উপস্থাপনায় বিভিন্ন প্রপসের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে মঞ্চ-পরিকল্পনায় বিভিন্ন উপাদানের সুসমন্বিত বিন্যাসে অসামান্য মুনশিয়ানার পরিচয় মেলে। মঞ্চসজ্জার অংশ হিসেবেই মঞ্চের বিভিন্ন স্থানে বিন্যস্ত করে রাখা ছিল রং-বেরঙের বিভিন্ন কাপড়। চরিত্র ও ভাব-অনুযায়ী শিমূল একের পর এক কাপড় শরীরে জড়িয়ে নেন। শরীরে বিন্যাস করতে গিয়ে সেখানে সামান্য অদল-বদল করে তিনি ফুটিয়ে তোলেন ৩৫টি চরিত্র। লেটো ও পালাগানের রীতি অনুসরণ করে তিনি ব্যবহারশেষে প্রপস্গুলো ছুড়ে দেন মঞ্চের পেছনে, তুলে নেন নতুন কিছু। লোকরীতির ঢঙে প্রপস্ অদল-বদল করলেও দেহভঙ্গিমায় তিনি ধ্রুপদরীতি থেকে একবারও বিচ্যুত হন না।

মঞ্চের চারপাশে জায়গা ছেড়ে দিয়ে সাদা রঙে আলপনা আঁকা ফিকে সবুজ কার্পেট পেতে দিয়ে মঞ্চের আকার ছোট করে এনেছেন পরিচালক। আর এই কার্পেটের ওপর তিনি ব্যবহার করেছেন একেবারে হাল আমলের রড-আয়রনে নির্মিত কিছু এলিমেন্টস। একটি অসম্পূর্ণ বৃত্ত, তার সামনে রাখা সিংহাসনসদৃশ একটি আসন – সে-আসনের দুপাশে রাখা তিনটি মনুষ্যমূর্তি এবং মঞ্চের একেবারে সামনে লেখার আসন আর তার দুপাশে রাখা আরো দুটি বসার আসন। বিনোদিনী নাটকের অভিনয়রীতিতে ধ্রুপদকলার প্রাধান্য থাকলেও হাল আমলের রড-আয়রনে নির্মিত এই কাঠামোগুলো ব্যবহার করে নির্দেশক সে-যুগের বিনোদিনীকে আবার যেন সাম্প্রতিক করে তোলেন। সোনালিরঙা রড-আয়রনের এই কাঠামোগুলোর ওপর ফেলে রাখা হয়েছে বিভিন্ন উজ্জ্বল রঙের জরিপাড় দেওয়া ওড়না, কাপড়। দৃশ্য থেকে দৃশ্যান্তরের যাত্রায় সবকটি আসনই ব্যবহার করেন শিমূল – সঙ্গে সঙ্গে বদলে যায় নাটকের ভিজ্যুয়াল। আবার বিনোদিনীর অভিনীত চরিত্রগুলো দৃশ্যায়নের সময় ওপর থেকে ঝুলিয়ে দেওয়া একটি মঞ্চপর্দা নিচে নামিয়ে দেওয়া হয়। এটি ব্যবহার করে বিনোদিনীর ব্যক্তিগত-জীবন এবং মঞ্চ-জীবনকে আলাদা করা হয়েছে মুনশিয়ানার সঙ্গে। সুচিন্তিতভাবে পোশাক, ব্যবহৃত বিভিন্ন উপাদান এবং আলোক সজ্জায় উজ্জ্বল রঙের প্রাধান্য দেওয়ার পরিকল্পনাও নির্দেশককে একজন অভিনেত্রীর জীবন যথাযথভাবে রূপায়ণ করতে সহায়তা করেছে।

বিনোদিনীর মা এবং মাতামহী দুজনেই ছিলেন বারবনিতা। তবুও তিনি ঘৃণা করেছেন বারবনিতার জীবন, স্বপ্ন দেখেছেন স্বামী- সন্তানসহ একটি সুখী গৃহকোণের। আজীবন ভালোবাসার আশ্বাস দিয়ে বিভিন্ন সামন্ত-প্রভু তাঁকে বিভিন্ন সময়ে অধীনস্ত করেছে, কিন্তু সংসার করার সাধ তার মেটেনি। বারবারপ্রতারিত হয়েছেন। তবে সেই এগারো বছর বয়স থেকেই তিনি আপন করে নিয়েছিলেন রঙ্গালয়ের স্বজনদের। থিয়েটার তিনি এতটাই ভালোবেসেছিলেন যে, থিয়েটারের প্রয়োজনেই তিনি বাবু পরিবর্তন করে জনৈক গুর্মুখ রায়ের অধীনে যান। এই গুর্মুখ রায়ের অর্থায়নেই ১৮৮৪ সালে নির্মিত হয় স্টার থিয়েটার। বিনোদিনীর নামে এই মঞ্চালয়ের নাম ‘বি থিয়েটার’ হবার কথা থাকলেও তাঁরই সহকর্মীদের ষড়যন্ত্রে সেটি ‘স্টার থিয়েটার’ হিসেবে রেজিস্ট্রি করা হয়। গুর্মুখ রায় পরে স্টার থিয়েটার বিক্রি করার সময় অর্ধেক স্বত্ব বিনোদিনীর নামে দিতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য। তাঁর নাট্য-সহচরদের পরামর্শেই শেষ পর্যন্ত আর সেটি হয়ে ওঠেনি। দুবছরের মাথায় না-পাওয়ার বেদনা ও অভিমান নিয়ে মাত্র ২৪ বছর বয়সে তিনি খ্যাতি ও ক্ষমতার চরম সিদ্ধির লগ্নে ১৮৮৬ সালে রঙ্গালয়ের সংশ্রব চিরতরে ত্যাগ করেন। অবসর জীবনে একমাত্র সন্তান শকুন্তলা ছিল তাঁর সুখের একমাত্র অবলম্বন। তেরো বছরের শকুন্তলাও হঠাৎ মারা যায়। পরে তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে ৩১ বছর সংসার যাপন করেন। তবে তার এই সঙ্গীও আকস্মিকভাবে মারা গেলে তিনি গৃহচ্যুত হন। তারপর তিনি একেবারেই নিঃসঙ্গ হয়ে যান। পরে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। তবুও তাঁর দীর্ণ হুতাশন – ‘ভালোবাসায় ভাগ্য ফেরে না গো, ভালোবাসায় ভাগ্য ফেরে না।’

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় বিনোদিনীদের এভাবেই হুতাশন করতে হয়। তাঁদের আকাক্সক্ষার বৃত্ত অসম্পূর্ণ রয়ে যায়। হয়তো এরই প্রতীকী রূপ হিসেবে বিনোদিনী নাটকের নির্দেশক মঞ্চে ব্যবহৃত বৃত্তটিকে অসম্পূর্ণ রেখে দেন। তবে বিষয়টি কী আরেকটু ভিন্নভাবে দেখা যায়?

হয়তো-বা যায়।

আজ ১৩০ বছর পরও বিনোদিনী কিংবা শিমূলদের সামাজিক অবস্থান পালটায়নি। যদিও এখন নারী-চরিত্রে অভিনয়ের জন্যে নাট্যনির্মাতাকে কেবল বারবনিতাদের ওপর নির্ভর করতে হয় না। পিতৃপরিচয়সম্পন্ন শিক্ষিত নারীদের পদচারণায় মুখর বাংলার নাট্যমঞ্চ। তবুও বদল হয়নি নাটকের নারীকে দেখার সামাজিক চোখ।

আসলে সম্পত্তিতে মালিকানার বদৌলতে বহুদিন হয় পৃথিবী জুড়ে পুরুষেরাই হয়ে উঠেছে সমাজের অধীশ্বর। আর নানা বিধি-নিষেধের ঘেরাটোপে আবদ্ধ হয়েছে নারীর জীবন – হয়েছে বৃত্তাবদ্ধ। সমাজ-শ্রেণি-সংস্কৃতি ভেদে এই বৃত্তের আকার ও প্রকারে ভিন্নতা থাকলেও নারীর জীবনে অনিবার্য নিয়তি ঘূর্ণাবর্তের এই আবর্তন। পৃথিবীর দেশে দেশে যুগে যুগে বহু নারী এই ঘূর্ণাবর্তের চক্র ভেঙেচুড়ে দুমড়ে দিতে চেয়েছেন। তাদের সে-প্রচেষ্টা সফল হয়েছিল কি? হয়তো হয়েছে – হয়তো নয়। তবে সভ্যতার ইতিহাসে মানুষের নিয়ত লড়ে যাবার কাহিনীই বীরত্বের অভিধা পেয়ে এসেছে এ-যাবৎকাল। পুরনো, বহুবার শোনা এই কথা আবারো নতুন করে বলা যায় বিনোদিনীর ক্ষেত্রে। ‘ভালোবাসায় ভাগ্য ফেরে না গো, ভালোবাসায় ভাগ্য ফেরে না’ – তাঁর এই হুতাশনের মধ্য দিয়ে নাটকটি শেষ হলেও বিনোদিনী হতাশার গাথা নয় মোটেই। এটি বিনোদিনীর জয়গাথা – যে-বিনোদিনী অন্ত্যজ জীবন থেকে শিল্পের সিংহাসনে আরোহন করে জগদ্বিখ্যাত হয়েছিলেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। ঢাকা থিয়েটারের মঞ্চে ব্যবহৃত ওই অসম্পূর্ণ বৃত্ত তাই কেবলমাত্র বিনোদিনীর স্বপ্নভঙ্গের প্রতীক নয় – বরং এটি প্রথাভাঙা নারীর সংগ্রামেরই প্রতীক। সে-কারণেই শতবর্ষের ব্যবধানে সমাজের অধস্তন লিঙ্গ দুই শিল্পী-নারীর মাঝে সহজেই সমান্তরাল রেখা টানা যায়। প্রাচীনা বিনোদিনী আজকের শিমূলের হাত ধরে আমাদের সংগ্রাম করার সাহস যোগায় – স্বপ্ন দেখতে অনুপ্রেরণা দেয়।