বেওয়ারিশ

কাঁঠালবাগান বাজার কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস আলীর মেজো ছেলে কমিশনার সালামত আলীর নতুন চারতলা দালানের সিঁড়িঘরে রাতেরবেলা থাকার অনুমতি থাকলেও পরদেশী পাগলা বাজারের পাকা শানের ঠান্ডায় রক্ত-পানিভেজা চটের ওপর শুয়ে থাকতে বেশি পছন্দ করে। গরু-মহিষের রক্ত হলেও রক্তের গন্ধের ভেতর পড়ে-থাকা পরদেশীর এক ধরনের নেশা। মাংসের বাজারে দিনভর ভিড় তো থাকবেই, রাতেও ফিরতে চায় না। মাথার চাঁদিতে তেল লেপটে কয়েকটা চুল, দুই চিবুক-চোয়াল বসা, চোখ গর্তে, কথা বলার আগেই মুখের সব দাঁত বেরিয়ে আসে, শরীরে শুকনো রক্তের দাগ-ভরা গার্মেন্টসের ট্রাউজার, গেঞ্জি, লম্বা শীর্ণ হাতদুটোর আঙুলও লম্বা লম্বা, জমা রক্তের মতো গাঢ় শরীরের রং পরদেশীকে বাজারের ব্যবসায়ী ছুটা দোকানদারের মতো ক্রেতারাও চেনে। নতুন কোনো ক্রেতা অবশ্য কাটা গরু-মহিষের ঝুলানো রক্তমাখা মাথা, রান-থানের পাশে পরদেশীর জ্বলজ্বলে চোখ দেখে চমকে উঠতে পারে বা ওঠে। বাজারের আর কোনো অংশে পরদেশীর আগ্রহ নেই। ঘুরে ঘুরে মাংসের আশেপাশেই আসে। সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী পরে তার ছেলে কমিশনারের বাড়িতে আশ্রয় পাওয়া পরদেশীকে কোনো কসাই বা ব্যবসায়ী তাড়াতে সাহস করে না। বরং মাঝে-মধ্যে চা-পাউরুটি খাওয়ায়। দুই-এক টাকা হাতের মধ্যে গুঁজে দিয়ে মাংসের বাতিল হাড্ডি, চর্বি, টুকরা-টাকরি পরদেশীকে দিয়ে পরিষ্কার করায়, নিচে-ওপরে পানি ঢেলে রক্ত ধোয়ায়। মাংসের ছাটকাট, রক্ত পরিষ্কার করার জন্য পরদেশী গভীর আগ্রহে বসে থাকে, এই কাজের বিনিময়ে তাকে কিছু না দিলেও অসুবিধা নেই। বরং সে মাঝে-মধ্যে নিজের বুদ্ধিতে রক্ত ধোয়ার কাজে লাগে। পাকা মেঝের রক্ত ধোয়ার সময় লাল পানির ঢেউ ড্রেনের দিকে নামে। পরদেশী পাগলা ওই লাল পানির ঢলের দিকে জ্বলজ্বলে চোখে তাকিয়ে থাকে, কখনো ভারি নিশ্বাসও ফেলে। বাজারের কোনো কসাই পরদেশী পাগলার ভারি নিশ্বাস, কাটা গরুর টকটকে লাল রান-থানের দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে থাকার অর্থ আজও বোঝেনি, কখনো জিজ্ঞাসাও করেনি। পাগল-ছাগলের তো কতরকম খেয়াল থাকে, এও একরকমের খেয়াল। মাঝে-মধ্যে পরদেশীর নিজের সঙ্গে নিজের কথাবার্তার দুই-একটা টুকরা কসাইদের কানে গেলেও তারা হাসে, পাগলের অর্থহীন প্রলাপে মাঝে-মধ্যে মজাও লাগে বইকি।

ফওজা কসাই তিরিশ বছরের ওপরে এই বাজারে কারবার করছে। তার চকচকে টাকের ওপর সাদা গোলটুপি, বিশাল ভুঁড়ির ওপর গেঞ্জি মুড়িয়ে রাখা, সাদাকালো চেক লুঙ্গিও কোমরে অনেকটা গোঁজা, সর্বক্ষণ পান-জর্দা খাওয়া কালচে মুখগহ্বরের ভেতর দাঁতের বিন্যাস এবড়ো-খেবড়ো, তবে চোখে চিবুকে দরাজ হাসি ফোটে। পরদেশী পাগলের প্রতি তার সহানুভূতি ও প্রশ্রয়মাখা আচরণ বাজারের অন্য সবাই জানে। ফওজা কসাই অবশ্য মুখ খোলে না। পরদেশী পাগলার প্রতি পক্ষপাত আচরণের কারণও কেউ জানে না। বাজারে কত ব্যবসায়ী কসাই কর্মচারী এলো-গেলো, ফওজা কসাই আর পরদেশী পাগলা আছেই। দীর্ঘদিনের সম্পর্কের কারণেই হয়তো ফওজা কসাই পাগলের প্রলাপ বা স্বগতোক্তির অর্থ কিছু বোঝে। কখনো কখনো মুখ তুলে চোখে চোখ রাখে, ভারি নিশ্বাসও ফেলে, মুখে কিছু বলে না। অন্তত প্রকাশ্যে বলে না।

দুপুরের দিকে বাজার সবসময় ক্রেতা-বিরল হয়ে পড়ে। এই সময় ব্যবসায়ীরা দু-একজন ক্রেতাকে বিদায় দিয়ে, বিদায়ের ফাঁকে অথবা ক্রেতাহীন অবসরে পরস্পর হাসি-তামাশা, কথাবার্তায় মেতে ওঠে। তখন রক্ত শুকিয়ে মাংসের রং কালো হয়ে উঠলে দোকানের কর্মচারী কেউ রক্ত মাখিয়ে দেয়, বা কালো অংশ চেঁছেও ফেলে। মাংস যত টকটকে লাল হবে, ক্রেতার চোখে ও জিবে রসনা ততো চিড়বিড় করে ওঠে। আর পরদেশী পাগলা রক্ত-জ্বলজ্বল মাংসের দিকে তাকিয়ে থাকতেই অভ্যস্ত। ফওজা কসাইয়ের দোকানে সামান্য দুই-তিন টুকরো মাংস পেছনের বড় হাড্ডিসহ রয়ে গেছে। আছর ওয়াক্তের আগে আগে আরো দুটি গরুর মাংস ঝুলিয়ে দেওয়া হবে। সে-সময় তাজা-মরা গরুর চকচকে মাংসের দিকে পরদেশী যেমন তাকিয়ে থাকতে পছন্দ করে, তেমনি ফওজা কসাইয়ের বাঁধা ক্রেতা এসে সিনা, গর্দান কেজি কেজি কেনার জন্য ভিড় জমায়। এখনই যা অবসর। ফওজা কসাই বাড়ি থেকে আনা ভাত খেয়ে নেয়। পরদেশী পাগলা শুকনো মুখে শুকনো মাংসের দিকে তাকিয়ে আছে। ফওজা কসাই কিছুক্ষণ দেখে বলে, বালডাও তো ছিঁড়বার পারলি না।

পরদেশী পাগলার চোখ-চিবুকে রক্তের কালচে ছায়া জমে।

খাইছোস? নে খাইয়া ধুইয়া রাখ।

পরদেশী খাওয়ার কথা বলে না। তার চোখে হঠাৎ আলো ফোটে। বলে, তুমি কী কলাডা করছো?

গরু কাটি, গোসতো বেচি।

গরু কাটতে বলদেও পারে।

এই হারামজাদা, আমি কি তোর মতো কিছু করবার চাই?

পরদেশীর মুখে আবার ছায়া জমে, মুখে জমা ছায়া নিয়েই ফওজা কসাইয়ের রাখা ভাত, ছোট মাছের ঝাল তরকারি, পাতলা ডাল একসঙ্গে মেখে বড় বড় মুঠে খেয়ে নেয়। ফওজা কসাই মুখে পান ঠেলে সব দাঁত দিয়ে চিবোয়, আর কেমন চোখে পরদেশীকে দেখে। এ কয় বছরে পরদেশীর গায়ের মাংস কমেছে, তার নিজের মাংসে চর্বি জমেছে। পরদেশীর দীর্ঘশ্বাস ঘনঘন পড়তে শুরু করে, ফওজা কসাইয়ের স্বস্তির শ্বাস। লম্বা, পাকা স্বাস্থ্যের এক যুবক ঘিয়া রঙের হাফপ্যান্ট, হাতকাটা গেঞ্জি পরে ঝুলঝুল চোখে তাকিয়ে থাকত। চোখ লাল, মাংসের দিকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখলে গা ছমছম করে উঠত। হাতের ছুরি শক্ত করে ধরে ফওজা কসাই বলেছিল, কী দেহস, সইরা দাঁড়া। পরদেশী ফওজা কসাইকে পাত্তা দেয় না। বাজার কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইদ্রিস আলী তখনো পালিয়ে, কেউ কেউ বলে হারামি মরছে, ওরে তাজা কবর দিছে। বাজার কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ইদ্রিস চেয়ারম্যানের চাচাত ভাই মকবুল কখনো একা চলে না। তার সঙ্গে প্রকাশ্য হাতে স্টেনগান নিয়ে থাকে কয়েকজন সঙ্গী অথবা নিরাপত্তা কর্মী। ফওজা কসাইয়ের পাশের দোকানের ইসমাইল পরদেশীকে গলাধাক্কা দিয়ে ফেলে দেয়, তার ক্রেতা ভয় পেয়ে নাকি অন্যদিকে চলে যাচ্ছে। বাজারে তখন ছিল সশস্ত্র সঙ্গীসহ মকবুল। মকবুল এসে ইসমাইলের দিকে চোখে রক্ত ভাসিয়ে তাকায়, কোনো কুত্তার বাচ্চা পরদেশীরে কিছু কইলে জবাই কইরা গরুর ঠ্যাংয়ের পাশে ঝুলাই রাখবো কইলাম। ফওজা কসাই খুব ভালো করে মকবুলকে চিনে, সে দ্রুত দোকান থেকে নেমে পরদেশীকে ধরে এনে তার পাশে বসায়, তুই এইখানে বস, তোর আর কুনো চিন্তা নাই। পরদেশী একবার মকবুলকে দেখে ফওজা কসাইকে দেখে, চোখে চোখ রেখে বলে, একখান কাম খালি আছে, কামডা সাইরা আমি যাবো। মকবুল তখন দল নিয়ে সরে যায়। ফওজা কসাই মকবুলের পিছন পিছন এসে বলে, আমি বুঝছি, আপনি আর চিন্তা কইরেন না, ওরে আমি দেইখা রাখবো।

সশস্ত্র সঙ্গীরাও শুধু পারল না মকবুলকে দেখে রাখতে। হাতি সড়ক থেকে কাঁচা রাস্তা ধরে কাঁঠালবাগান আসবার পথে ডানদিকের খালের ওপর বাঁশের মাচায় দারুল কাবাব ঘরের সামনে থেকে মকবুলের বুক গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। ইদ্রিস চেয়ারম্যানের ছেলে বালক সালামত আলী রক্ষীবাহিনীকে চিৎকার করে বলেছিল, মকবুল ভাইরে মুক্তিরাই গুলি করছে। একজন রক্ষীবাহিনী সালামতের ঘাড় ধরে বলেছিল, তুই দেখছোস রাজাকারের বাচ্চা রাজাকার? তোর বাপ কোথায়? রক্ষীবাহিনীর খসখসে শক্ত হাত থেকে ছাড়া পেয়ে সালামত আলী বলে, আব্বা আছে।

মকবুল হত্যার পর নতুন কোনো চেয়ারম্যান নির্বাচন অথবা মনোনয়ন করার আগেই ইদ্রিস আলী চেক লুঙ্গির ওপর সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে কাঁঠালবাগান বাজারে এসে উপস্থিত হয়। ইদ্রিস আলীকে দেখে পরদেশী চমকে যায়, চোখে পলক না-ফেলে বলে, স্যার, আমি কিন্তুক কাম ছাইড়া দিছি, আমি নাই। ইদ্রিস আলী নীরবে হাসলেও তার সাদা বরফ বরফ দাঁত সকালবেলার কাঁঠালবাগান বাজারের মানুষ দেখে। ইদ্রিস আলী প্রথম দিন বাজারে ঘুরে ঘুরে সবার কুশল জিজ্ঞেস করে। তিন-চার বছর হয়ে গেলেও অতিচেনা কোনো ক্রেতা-বিক্রেতাদের জানমালের ক্ষয়ক্ষতির খোঁজ নিয়ে সান্ত্বনা দেয়। বলে, শুকুর করেন যে, নিজে বাঁইচা রইছেন। ইদ্রিস আলী বাজার ঘোরা শেষ করে পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রিন রোডে ওঠার আগেই মাইকে ঘোষণা করা হয়, ভাইসব, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলীর রুহের মাগফেরাত কামনা করিয়া দোওয়া ও মোনাজাত হইবে কাঁঠালবাগান বাজার কমিটির চেয়ারম্যান, সাবেক মিউনিসিপ্যালিটি কর্মকর্তা ইদ্রিস আলীর বাসভবনে। আপনারা সবাই হাজির থাকিয়া মরহুমের জন্য দোওয়া করিবেন। ভাইসব…। পরদেশী পাগলা ঘোষণার মর্মার্থ গুলিয়ে ফেলে মিউনিসিপ্যালিটি শব্দটি শুনে, তার চোখ ঘোলা হয়ে ওঠে, কথা তোতলায়। ফওজা কসাইকে বলে, আমি কিন্তু চাকরি ছাইড়া দিছি, তুমি সুপারভাইজাররে কইও। ফওজা কসাই হাতের চাপাতি দিয়ে সিনার হাড্ডি সাইজ করতে করতে বলে, কইতে হবে না, চেয়ারম্যানও চাকরি ফিরা পায় নাই। তারপর এক ঝলক পরদেশীকে দেখে ফওজা কসাই বলে, চাকরি! হারামি জানে বাঁচলো কেমায়? ইদ্রিস আলী কেমনে বেঁচে থেকে হাওয়া-বাতাসে ঘুরে বেড়াতে পারে, তা পরদেশী পাগলা কেমনে বলবে। ফওজা কসাইয়ের হাতের চাপাতি, থান থান কাটা মাংস, রক্তডোবা জিব, বের হওয়া ঝুলন্ত কাটা মাথা দেখে পরদেশী পাগলা শুধু বিড়বিড় করে, চোখ ঘোলা হয়, রক্ত জমে, আবার নেতিয়ে যায়। লম্বা শ্বাস ফেলে মাইকের কাছে আসে। হুড খোলা রিকশায় ‘আজাদ’ মাইকে প্রচার করছে টুপিপরা থুঁতনিতে কচি ইরিধানের গোছার মতো একগোছা দাড়ি, পাজামা-পাঞ্জাবি পরা সরু একটা লোক। পরদেশী তাকে চিনে না। এই মহল্লায় আগে দেখেছে কিনা মনে করতে পারল না। লোকটি একবার পরদেশীকে দেখে আবার ঘোষণাটি বলে। পরদেশী মুখ হাঁ করে চোখে পলক না-ফেলে ঘোষণার কথাগুলো শরীরের সকল ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করে হঠাৎ বলে, তুমি মকবুল ভাইরে চিনতা, হে কিন্তু তোমারে পাইলে তেহারি বানাই ফ্যালাবে। খাইছো, তেহারি খাইছো? আমি খাইছি, ভারী মজা। আচ্ছা তুমি কইতে পারবা হেই তেহারির গোসতো কিসের ছিল? মনে হয় সুপারভাইজার স্যার কইতে পারবে। ঘোষক লোকটি রিকশাওয়ালাকে বলে, আগায় চলো। রিকশাওয়ালা তখন পরদেশীকে আপাদমস্তক দেখে ধমক দেবার সাহস সঞ্চয় করতে না-পেরে ঠোঁট ছড়িয়ে হাসে। রিকশার প্যাডেলে বাঁ-পায়ের পেশি জাগিয়ে জোরে চাপ দেওয়ার আগে ঘোষকের দিকে মুখ ফিরিয়ে বলে, পাগল বাইরা গেছে, হুনছি মেলা কুত্তাও পাগল হইছে, মনে লয় না খাইতে পাইরা…। পরদেশী রিকশাওয়ালার কথা শোনে না, অথবা তার ইন্দ্রিয় আরো অনেক কথার জটিলতায় জড়িয়ে গেছে। রিকশাওয়ালা ঘনঘন প্যাডেলে চাপ ফেলে এগোয়, কিছুদূর যাওয়ার পর গ্রিন রোডের মোড়ে এসে আবার মাউথ স্পিকার মুখে লাগায়, ভাইসব…।

পরদেশী বাজারে ফিরে এসে ফওজা কসাইয়ের দিকে তাকায়, ফওজা কসাই এক পলক দেখে দ্বিতীয়বার আবার চেয়ে দেখে – পরদেশীর চোখে ভিন্ন রকমের দৃষ্টি, সরু, ঠান্ডা, কালো মণি জ্বলে। কী হইছে রে? পরদেশীর দৃষ্টির বদল হয় না। ফওজা কসাইয়ের গা কেঁপে ওঠে। সামনে থেকে চাপাতি, লম্বা ছোরা পেছনে সরায়। পরদেশী আরো কাছে এসে গাঢ় গলায় বলে, তেহারির গোসতো কিন্তু গরু-ছাগলের ছিল না, তুমি জানো কিসের গোসতো ছিল? ফওজা কসাই চট করে কিছু বুঝে না, বলে, যা নাইয়া আয়, তুই আমি একলগে খাবো। পরদেশী বলে, মাইনসের গোসতের তেহারি কহনো খাইছো? ফওজা কসাইয়ের শরীর থেকে শক্তি সহসা লবণপানির মতো গলে পড়ে। কিছু একটা বলতে গিয়ে সে তোতলায়। পরদেশী বলে, স্যাররে জিগাইতে হবে, তেহারিতে পুরুষ মানুষের না মাইয়া ছাওয়ালের গোসতো দিছিলো। ফওজা কসাই এবার নিজেই উঠে পড়ে, যা তুই নাইয়া আয়, আমার মুত আইছে। পরদেশী দোকানের শানের ওপর দাঁড়ানো ফওজা কসাইয়ের দিকে মুখ এগিয়ে বলে, মনে হয় যুবতী মাইয়ার গোসতো ছিল, এতো স্বাদ নাইলে হইতো না, কী কও, তুমিও তো কসাই।

মকবুল আলীর চল্লিশা উপলক্ষ করে ইদ্রিস আলী এলাকার গণ্যমান্য সবাইকে তার বাসায় জড়ো করেছে। মুক্তিযোদ্ধার চল্লিশা, না বলতে কারো সাহস হয়নি। ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকার এমপি, তেজগাঁও এলাকার এমপি, নেতাকর্মী, স্বেচ্ছাসেবক বাহিনীর লোকাল নেতাকর্মী, আত্মীয়-পরিজন মিলে বিশাল আয়োজন। কাঁঠালবাগান বাজার কমিটির চেয়ারম্যান ইদ্রিস আলীকে নিয়ে

কেউ কোনো আলোচনা তোলেনি, অন্তত প্রকাশ্যে। মিউনিসিপ্যালিটির সুপারভাইজারের চাকরিতে ফিরে

না-যাওয়া বা ফিরে না-পাওয়ার কথাও না। এই বিশাল জনমণ্ডলীর ভেতর শুধুমাত্র পরদেশীই তাকে কাছে পেলে স্যার স্যার করে কথা বলে স্মরণ করিয়ে দিচ্ছে সুপারভাইজারের চাকরির কথা। ইদ্রিস আলী পরদেশীর কাঁধে হাত দেয়, ঠোঁট ছাড়িয়ে হাসে, অন্যদের বলে, পাগলারে দেহিস, শত হউক ও আমাগো গ্রামের মানুষ।

ইদ্রিস আলীর কিছু কাছের লোক পাগলাকে ঠিক দেখে রাখে, সারাক্ষণ কাজে লাগিয়ে দেয়, শত শত থালা-বাসন ধোয়া, বালতি বালতি পানি আনা, পরিষ্কার করা, যত কাজ। পরদেশীও বিশ্রামহীন করে যায়। একদল মানুষের খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয়বাংলা ডেকোরেটরের সাদা চাদরের ওপর থেকে সাদা সাদা প্লেট তুলে নেওয়ার সময় দেখে সামনেই এমপি-নেতাদের নিয়ে ইদ্রিস আলী খেতে বসেছে। পরদেশী পাগলা দুই হাতের বেড়ে তিরিশ-চল্লিশটা এঁটো প্লেট নিয়েই সামনে গিয়ে দাঁড়ায়। ইদ্রিস আলী পাগলাকে দেখেও চোখ নামিয়ে নিজের প্লেটে তেল-ঝোল সরিয়ে মাংসের টুকরা তুলে নেয়। ধানমণ্ডি-মোহাম্মদপুরের এমপি, যিনি যে-কোনোদিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবার অপেক্ষায় আছেন, তিনি পরদেশীকে একবার দেখে ইদ্রিস আলীর দিকে তাকান। ইদ্রিস আলী পেছনে তাকিয়ে আবার সামনে দাঁড়ানো পরদেশীকে দেখে। পরদেশীর চোখ ইদ্রিস আলীর প্লেটে তেল-চকচকে লাল মাংসের টুকরার ওপর। ইদ্রিস আলী বলে, তুই খাইছোস? যা প্লেট থুইয়া খাইয়া নে। পরদেশীর তাকানোর কোনো বদল ঘটে না। অন্য নেতাকর্মী, বিশিষ্ট মানুষ পরদেশীকে প্লেট-হাতে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি বোধ করে না। খাওয়ার সময় যদি এমন একটা পাগল ঘাড়ের পাশে সরু চোখে তাকিয়ে থাকে, তবে কার স্বস্তি লাগে। মুক্তিযোদ্ধা রাজাকার বা যে-ই হোক না কেন, সবার শরীরের ভেতর কেমন গুলিয়ে ওঠে, মুখের পোলাও-মাংস না চিবিয়ে গিলে, প্লেটের খাবার আর মুখে তুলতে রুচি হয় না। হঠাৎ পরদেশী বলে, স্যার সেই তেহারির গোসতো কি কোনো যুবতী মাইয়ার ছিল? এতো মজা কোন জানোয়ারের গোসতে আছে, কন? আপনার পাতের গোসতে স্বাদ কেমুন স্যার? এর মধ্যে তিন-চারজন এসে পরদেশীর দুইপাশে দাঁড়ায়। অতিথিদের মুখে আর মাংস-পোলাও ওঠে না, গা গোলায়, কেমন বিবমিষা লাগে। ঘাড় ধরে নিয়ে যাওয়ার সময়ও পরদেশী পাগলা মাথা ঘুরিয়ে বলে, স্যার মনে হয় যুবতী মাইয়াগো দুধের গোসতো ছিল, বেবাক যুবতী মাইয়াগোর দুধ-দুইটা কাটা ছিল, হাছা কইছি না স্যার। ইদ্রিস আলী অতিথিদের দিকে তাকাতে পারে না। তেজগাঁও থানার এমপি তখন প্লেটের খাবারের মধ্যেই পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে, পাগল-ছাগল যে কী কয়, তার আগামাথা নাই। মোহাম্মদপুর-ধানমণ্ডি থানার এমপি এবং অন্য সকলেও ওঠে। পাশের ড্রামে রাখা পানি দিয়ে হাত ধোয়, সাবান মাখে, ধোয়, কেউ কোনো কথা বলে না, পাগল-ছাগলের আগা-মাথাহীন কথার লেজ-মাথার খোঁজ করে না। অতিথিদের জন্য এর মধ্যে দই-মিষ্টি আসে। কেউ খেতে আগ্রহ দেখায় না। ইদ্রিস আলীর কাছ থেকে সবাই হাত মিলিয়ে বিদায় নেয়।

পরদেশী পাগলার মুখের ভেতর রিভলবারের নল ঠেসে ধরে ইদ্রিস আলীর অন্যতম সাগরেদ আবদুল্লাহ্ বলে, খুলি উড়াই ফেলামু বাইনচোত, মকবুলের কাছে পাঠাই দিমু, একলগে বইসা নিহারি-তেহারি মারিস। পরদেশীর গোল হয়ে আসা চোখ হঠাৎ জ্বলে ওঠে, আব্দুল্লাহ্র হাত ঠেলা দিয়ে সরিয়ে বলে, দূর ভোদাই, যুবতী মাইয়ার দুধের গোসতো দিয়া তেহারি কুথায় পাবি? হেইডা খালি স্যারে দিবার পারবে। এই মুহূর্তে পুঁতে ফেলার হুকুম নাই বলে পরদেশী আবদুল্লাহ্র হাত থেকে রক্ষা পায়।

ধানমণ্ডি থানায় মকবুল হত্যার কেসে ইদ্রিস আলীকে এক নম্বর আসামি করা হয়। গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ কাঁঠালবাগান ঢালে তার বাসভবনে আসবার আগেই ইদ্রিস আলী আবদুল্লাহ্সহ ভিন্ন আশ্রয়ে চলে যেতে পারে। মামলার বাদি মকবুলের এক সঙ্গী, অবশ্য সবাই জানে ধানমণ্ডি-মোহাম্মদপুরের এমপি এই মামলার পেছনে রয়েছে। কলকাতার লিন্ডসে স্ট্রিটের এক হোটেলে এমপির সঙ্গে এলাকার ছেলে, মুক্তিযোদ্ধা মকবুলের সঙ্গে বারকয়েক দেখা হয়েছিল যুদ্ধের সময়। ওই সময় ইদ্রিস আলীর সব কথাই এমপিকে মকবুল বলেছিল। কিন্তু নেতা-মন্ত্রী-মুরুব্বির দোয়ায় এবং আইনের ফাঁক গলিয়ে ইদ্রিস আলী আবার যখন প্রকাশ্য রাস্তায় বেরিয়ে আসে তখন এমপির করার কিছু থাকে না, বিশেষ করে সে যখন যে-কোনো সময় কেবিনেটে জুনিয়র মেম্বার হয়ে যেতে পারে। মকবুল হত্যার পরও এমপি নিজের কপালের কথা ভেবে চুপ করে ছিল। কিন্তু চল্লিশা খেতে এসে পরদেশী পাগলা সব আবার ওলট-পালট করে দেয় হয়তো। তবুও এমপি নিজে বাদি হতে পারে না।

ইদ্রিস আলীর ইচ্ছা মোতাবেক পরদেশী পাগলা তার বাড়ির সিঁড়ি-বারান্দায় বা কোথাও থাকতে পারে। পাগলা তেমন থাকে না, বাজারেই থাকে, মাঝে-মধ্যে রাতেও থেকে যায়, কখন থাকে আর কখন থাকে না কোনো ঠিক নেই। ফওজা কসাই পাগলার মতিগতি বুঝে আলগোছে জিজ্ঞাসা করে, তেহারির বিষয়টা কীরে? পরদেশী পাগলা চোখ সরু করে তাকায়, দৃষ্টি ঘুরিয়ে বাজারে ঝুলানো গরুর ঠ্যাং, খাসির ঠ্যাং মাথা-কলিজা তাকিয়ে দেখে বলে, মাইয়াগুলোর দেহ জোয়ান জোয়ান ছাওয়ালগো দেহ বুঝছো, এমন কইরা লটকানো – এইহানে-সেইহানে টালমারা মাইনসের দেহ, মাটি দেখা যায় না, রক্ত জইমা রইছে। ফওজা কসাই সামনে মানুষের হেঁটে যাওয়া দেখে আবার তেহারির প্রসঙ্গ তোলে। পরদেশীর চোখ ঘোরে, সুপারভাইজার স্যার ২৬ তারিখ সকালে পশু হাসপাতালের গেটে আইসা পরদেশী পরদেশী কইরা চেঁচায়। ইদ্রিস আলী স্যারের সঙ্গে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেজর সালামত আলী খানও ছিল। আমাগো হুকুম করলো, যদি বাঁচবার চাই এহনই মেডিকেল, মিটফোর্ড, জগন্নাথ হল, বাংলাবাজার, শাঁখারিবাজার, শ্যামবাজার, কালীঘাট, বাদামতলীঘাট, সদরঘাট থিকা মানুষের বডি নিয়া ধলপুর ময়লার ডিপোতে ফেলাইতে হবে। ডোম-স্ইুপার বেবাকটি আমরা মিলা দৌড়াইয়া মিউনিসিপ্যালিটির ট্রাকে উঠলাম। ফওজা কসাই বলে, তুই ডোম-সুইপার হইলি কেমায়? পরদেশী বাধা পায়, কিছু সময় নিয়ে বলে, স্যারের গ্রামের মানুষ তো, যাইয়া কইলাম, আমারে কাম দিতে হইবে। আমার আব্বা আবার স্যারের বন্ধু আছিলো। ইদ্রিস ভাই কইলো, সুইপারের কাম করতে পারবি? আমি কই, হেইডা কী কাম, ডাহায় থাকবার পারবো? ইদ্রিস ভাই কয়, হ হ পারবি, ডাহা শহরে ঝাড় দিয়া পরিষ্কার রাখবি। তহন মনে ভারী খুশি, ডাহায় থাকবার জইন্য তো আমি আইছি, সাতে কাম পাইয়া গেলে কথা নাই। কই, ভাই সুইপার-হ্যালপার সব করতে পারব। তহন উনি কয়, আমারে স্যার কবি, ইদ্রিস ভাই-টাই না। সেইদিন থিকা আমি সুইপার হইলাম, উনি স্যার। ফওজা কসাই বলে, তাই তো কই, বাঙালি ছাওয়াল মাইয়া তো এই কাম করে না। পরদেশী বলে, ফওজা ভাই আমারে একখান কিছু দিবা? কী দিবো তোরে? গোসতো কাটার একখান ছোরা, চাপাতি কিছুএকখান, আমার লাগবে। ফওজা কসাই বলে, আমি দিবার পারব না, লাগলে তুই জোগাড় কইরা নিবি। শুনো আমার মাথাডা গেছে, হের পর আর মাথা ঠিক রাখবার পারি নাই, খালি একখান কাম কইরা পুরাপুরি পাগল হইয়া যাইবো। আমারে একখান ছুরি দিও। ফওজা কসাই আগের কথায় আসে, বলে, ইদ্রিস আলী তখন তোগো সুপারভাইজার ছিল? হ, সেইজইন্য তো হারামির অতো বড় গলা আছিলো। আমাগো জানে মারার ভয় দিয়া নিয়া গেল। এক ট্রাকে আমার সাথে ছিল ভারত ডোম, লাডু ডোম, কিষণ ডোম, আরো দুইজন মনে হয়। এক-একখান ট্রাকে ছয়জন ডোম, দুইজন ডোমগো সুপারভাইজার। সাথে মেলেটারি পাহারা। পরথম আমরা যাইয়া থামলাম মিটফোর্ডের লাশঘরের সামনে, সেইহানে শ’য়ে শ’য়ে জোয়ান ছাওয়ালগো লাশ ভরাই রাখা। সুপারভাইজারের মুখে বাঁশি, হাতে লাঠি, হুকুম করলো পাও টাইনা ট্রাকে তুলবার। মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হইয়া গেছে বেবাকটির মাথা-কইলজা-সিনা। টেবিলের ওপর চাদ্দরে ঢাহা একটা লাশ। চাদ্দর সরাইয়া দেহি পরীর মতো সুন্দর এক যুবতীর ন্যাংটা শরীল। মাইয়াটার বুক দুইটা কাটা, যোনির ভিতর লাঠি ঢুকানো, পাছার গোসতো কাটা। হারামিরা মনে হয় ওরে ছিঁড়া ছিঁড়া খাইছে। ফওজা ভাই, তুমি তো কসাই, মাইনসের গোসতের স্বাদ কেমুন? ফওজা কসাই কোনো স্বাদের কথা বলে না। পরদেশী লম্বা শ্বাস ফেলে বলে যায়, হ্যাসে সব বডি ট্রাকে ট্রাকে তুইলা ধলপুর ময়লা ডিপোর বিরাট গর্তে ঢাইলা ফেলাইলাম। আরো ট্রাকের ডোমরাও ওই গর্তের মধ্যে মানুষের বডি ঢাইলা ফেলায়তেছে। মানুষগুলার কারো ঠ্যাং, কারো হাত-মাথা খাড়াই রইছে, মাইয়া মানুষগুলার শরীলে কোনো কাপুড় নাই, অনেক মাইনসের হাত-পাও পিছনমোড়া কইরা বান্দা, চোখ বান্দা। হেরপর দুফুরে আসি রমনার কালীবাড়িতে, লাশ উঠাবার জইন্য ট্রাক কালীবাড়ির দরজায় রাইখা ভিতরে ঢুইকা দেহি সবকিছু পুইড়া আংড়া হইয়া গেছে। পোড়ার মধ্যে মানুষের বডি কালা কালা, চেনার উপায় নাই। একচল্লিশডা পোড়া মানুষ ট্রাকে তুললাম, চর্বি-পোড়া গন্ধে প্যাট মোচড়ায়। জজকোটের সামনে আগুন জ্বলতেছে, পাকিস্তানি মেলিটারি বন্দুক নিয়া তাক কইরা আছে। আমরা ঘুইরা গেলাম শাঁখারিবাজারে লাশ তুলতে। বুড়াবুড়ি, বাচ্চাকাচ্চাসহ জোয়ান জোয়ান ছাওয়াল মাইয়াগো লাশ, মাইয়াগুলার বুক দুইটা থেঁতলানো, কাটাছেঁড়া। যোনির ভিতর ফাইড়া রাখছে, কোনো কোনো মাইয়ার ভিতরে লাঠি ঢুকানো। মিলব্যারাকে লাশগুলার মুখ অ্যাসিড মাইরা পুড়াই দিছে, চিনবার উপায় নাই। নদীর পাড়ে ছয়জন মাইয়ার ন্যাংটা বডি, সেইরকম অত্যাচার হইছে ওগো দেহের ওপর। লাশ ফেলাইয়া আইছি, ইদ্রিস আলী স্যার রাইতে আমাগো তেহারি খাওয়াইলো, আহারে, কী স্বাদের তেহারি। গোসতের যে কী মজা! স্যার মদ খাইতেছে, আর আমাগো খাওয়া দেখতেছে। আমি সব খাইতে পারলাম না। শরীর কেমুন করে বমি ঠেইলা আসে। চোহের সামনে ভাসে বুক কাটা, পাছা কাটা, যোনি ছেঁড়া মাইয়াগো মরা দেহ। হাজার হাজার মানুষের লাশ। এত মরা মানুষ নিজে টানলাম, এত লাশের গন্ধ নাক দিয়া টানলাম, ফওজা ভাই, তারপরেও কও খাওয়া যায়, ফিরা আইসা মুখ ভইরা পান-জর্দা চিবাই। তেমু বমি ঠেইলা আসে। তহন উড়িয়ার ভরত ডোম ওগো ভাষায় কয়, তেহারির গোসতো নাকি যুবতী মাইয়াগো বুক-পাছার ছিল। হাছাই ফওজা ভাই, জানোয়ারের গোসতো কুনোদিনও অমন লাগে নাই। ভরত ডোম বোতল ধইরা সালসা গেলে, মাতলামি করে, হিন্দি গান ধরে, মেরা জুতা হায় জাপানি…। রাত বাড়ে, ঘুম আসে না। পরের দিনও ধলপুরের গর্ত ভরলাম মানুষের শরীল দিয়া। কিন্তু মাথার কোনো দিশা ছিল না। আবোল-তাবোল কই আর বেহুঁশের মতো মরা টানি। সদরঘাটে আশেপাশে ছিটানো লাশ টুকাইতে টুকাইতে এক ফাঁকে আমি একখান লঞ্চে উইঠা সোজা ডামুড্যা। আর ফিরি নাই। স্বাধীনের পর ঢাকায় আইসা অফিসে যাইয়া কইলাম আমি পাগল হইয়া গেছি, আমি আর কামে নাই। কেউ আমার কথা শুনলো না, কাম-অকামের কথা হইলো না। কও ফওজা ভাই, তুমি আমারে একটা কিছু দিবা?

এত বছর পরেও ভাঙা চোয়াল বসা চোখ, শীর্ণ শরীর নিয়ে ফওজা কসাইয়ের কাছে কিছু একটা চায়, অথবা কিছু একটা করবার বাসনা মনে মনে পুষে। বাজারের অন্য সবার মতো ফওজা কসাইও পরদেশী পাগলার মনের ইচ্ছা নিয়া মাথা ঘামায় না। তবু মাঝে-মধ্যে পরদেশীর ওইভাবে গরু-ছাগলের রান-থান, বুক কাটা মুণ্ডুর দিকে তাকিয়ে থাকতে দেখলে নির্জনে উসকে দেয়। এতদিনেও বালডা ছিড়বার পারলা না, ভোদাই আমার, যা বালতি ভইরা পানি আন। পরদেশী পাগলা খালি বালতি থাবা দিয়ে ধরে থপ থপ করে হেঁটে রাস্তার পাশে কল থেকে পানি ভরে আনে, মাথা নিচে ঝুলিয়ে রাখে এবং চোখের লাল চোখেই মিলিয়ে যায়।

কমিশনার সালামত আলীর ড্রাইভার বাজারে এসেছে, পরদেশীর হাতে তার বাজারের বিশাল ব্যাগ। ফওজা কসাই সামনের রানের মাংস, গর্দানের মাংস, সিনা, কলিজা ভিন্ন ভিন্ন ব্যাগে যত্নের সঙ্গে ভরে দেয়। ড্রাইভার তখন কমিশনারের বউয়ের আবদারমতো জাফরান খোঁজ করে, কমিশনারের মায়ের আদেশমতো সাঁচি পান, কাঁচা সুপারি, সাদাপাতা কিনে নেয়। সেই অবসরে পরদেশী পাগলা ফওজা কসাইয়ের গা-ঘেঁষে দাঁড়ায়, গোসতের ব্যাগে একখান অস্ত্র ঢুকাই দেও ফওজা ভাই। ফওজা কসাই কোনো পাত্তা দেয় না, বলে, ঠিকমতো ব্যাগে ভর, দেহিস, কমিশনারের মাল, কিছু হইলে তোর কল্লা ফেলায় দিবে। কল্লা খোওয়ানরে ভয় নাই পরদেশীর, বিড়বিড় করে বলে, তুমি বেইমান করতেছো ফওজা ভাই, দেইহো, আমার কাম আমিই সারবো। কমিশনারের মাংস গোছগাছ করে বড় ব্যাগে ভরে পরদেশী পাগলার কাঁধে ছড়িয়ে ফওজা ভাই বলে, যা সারিস, এহন বাজার দিয়া আয়। পরদেশী হঠাৎ কাঁধ থেকে বাজার থপ করে নিচে কাদা-পানিতে রেখে বলে, তুমি কি বাল ভাবছো কিছুই করবার পারব না? না পারলে…। পরদেশীকে এতটুকু রাগতেও এর আগে দেখা যায়নি। ফওজা কসাই মনে মনে খুশি হয়, দূরে পানের দোকানে কমিশনারের ড্রাইভারকে একবার দেখে নিয়ে নিজেই দোকান থেকে নেমে মাংসের ব্যাগ আবার পাগলার কাঁধে বসিয়ে দেয়, যা ভাই এহন তো বাজার দিয়া আয়।

ড্রাইভারের অপেক্ষা না করে পরদেশী পাগলা কমিশনারের চারতলা ভবনের দোতলায় উঠে দরজায় কলিংবেল শক্ত করে টিপে রাখে। ভেতর থেকে কাজের ছেলেটি দৌড় দিয়ে দরজা খুলতে আসে। কমিশনারের বউ লাভলি বলে, দরজা আগে খুলবি না। দেখ কে আইছে। পরদেশী বেল টিপেই আছে। কাজের ছেলে ‘আই-হোলে’ চোখ রেখে পরদেশীকে দেখে বলে, পাগলা হারামজাদা ভাবি। লাভলি ভাবি বলে, দরজা খুলবি না, দেখ ও কী কয়, ও আসুক ওর পাগলামি ছুটাই দিবো। কমিশনার সালামত আলী দুই-দুইবার মরতে মরতে বেঁচে গেছে। একবার তো একজন বডিগার্ড মরেই গেল। তারপর সরকার থেকে আর্মড্ সিকিউরিটি দেয়ার কথা থাকলেও পাওয়া যায়নি। তবে সালামত আলী প্রকাশ্যেই তার লাইসেন্সড্ রিভলবার নিয়ে ঘুরে বেড়ায়। পরদেশী পাগলার এমন করে বেল বাজাবার কারণে লাভলি ভাবি ভয় পেতেই পারে। পাগলা দরজার ওপাশ থেকে বলে, বাজারের গোসতো আইছে। লাভলি ভাবি ইঙ্গিত করলে কাজের ছেলেটি দরজা খুলে বাজারের ব্যাগ নেয়, পাগলাকে ঘরে ঢুকতে দেয় না। অন্য সময় লাভলি ভাবি নিজেই ডেকে বসিয়ে খাওয়ায়, খবরাখবর নেয়। পরদেশী পাগলার বিয়ে না-করার কারণ জানতে চায়। পাগলা হে হে করে হাসে, ময়লা অসমান দাঁতগুলো বড় বিচ্ছিরি রকমে বেরিয়ে আসলেও লাভলি বিরক্ত হয় না। মাইয়া মানুষের গোসতের স্বাদ একবার যে পায় তার নেশা ধইরা যায়, আমার খালি বমি আসে, বুজছেন ভাবি, শরীল উগরাইয়া আসে, নেশা ধরে নাই। পরদেশী তুমি তো বিয়া করো নাই, কেমনে মাইয়া মানুষের স্বাদ পাইলা যে, বমি উগরাইয়া আসে। পরদেশী পাগলা হে হে করে হাসে, গাঢ় খয়েরি চোখের মণি ঘিরে সাদা পরিসরে পানি ভাসে, শরীর কামড়ায়, বুকের ভেতর ফাঁকা হয়ে গেলে শ্বাস তেমন স্বাভাবিক থাকে না পরদেশীর। লাভলি ভাবি বলে, মেয়ে মানুষের স্বাদ পাইছ? পাইছি ভাবি, আমাগো সুপারভাইজার স্যার খুব জানতো কেমায় পাইছি। আহারে মানুষটারে বাঁচাই রাখবার পারলাম না। লাভলি প্রায় গোপনে একটা শ্বাস ফেলে বলে, আমার শ্বশুর জানবে কেমনে? জানেন ভাবি, আমি চাই নাই লোকটা এমায় অসুখে মইরা যাউক। মরাডা আলাদা কায়দায় হওয়াডা উচিৎ ছিল। লাভলি ভাবি আর মেয়েমানুষের স্বাদ নিয়ে কথা না-বলে তাড়াতাড়ি উঠে পড়াই উচিৎ কাজ মনে করেছে।

ইদ্রিস আলীর পিজি হাসপাতালের শেষ নয়দিনই পরদেশী পাগলা তার সেবা দেয়, কইলজা পইচা লোকটা হাসপাতালের বেডে আত্মীয়-পরিজনের ভেতর মহাজন ভি.আই.পি হিসেবে মরে যাবে পরদেশী তা কিছুতেই হতে দিবে না। স্যার আপনি ভালো হইয়া যাবেন, আমার আল্লাহর দোহাই ভালো হইয়া যাবেন। আফনেরে এমায় মরতে দিব না। ইদ্রিস আলী চোখের ভেতরে হলুদ ছাপ নিয়ে ম্লান হাসে, পরদেশী তুই আমারে আর স্যার কবি না, ভাই কবি। পরদেশী চোখে চোখ রেখে বলে, স্যার কইরা না ডাকতে পারলে আমার শান্তি হয় না স্যার, আফনি স্যার, সুপারভাইজার স্যার, মরা টানার স্যার, তেহারি খাওয়ানোর স্যার, ঢাহা শহর স্যার আপনার হুকুমেই ছাপ করছি। করছি না স্যার, কন। পরদেশী তোর কি সত্যিই মাথা খারাপ, না… ? কী যে কন স্যার, মাথা আমার আওলাই গেছে, আফনি সাইরা উঠেন, কামডা শ্যাষ করি, হেরপর পুরাপুরি আউলা-যাউলা হইয়া যাবে। ইদ্রিস আলী সময় নেয়, বলে, কেউ আসবার আগে আমারে কবি ভাই তোর কামডা কি? পরদেশী হাসে, ঠোঁটের হাসি চোখের মণিতে ছায়া ফেলে চমকায়। মুখ কাছে নিয়ে আসে। লিভার সিরোসিস, বড় ধরনের অপারেশন, না-খাওয়া, দুর্বল ইদ্রিস আলী পরদেশীর গন্ধ মুখের কাছ থেকে নিজের মুখ সরিয়ে নিতে পারে না, চারিদিকে সুই, স্যালাইন, টিউব কতকিছু, বেশি ভাড়ার কেবিন হলেও ওষুধের গন্ধ। পরদেশী বলে, স্যার আফনেরে একবার যুবতী মাইয়ার দুধ-পাছার গোসতো দিয়ে তেহারি রাইনধা খাওয়াবো, আমার খুউব হাউস, তেহারি আফনেরে খাওয়াবোই। বিকেল শেষে সালামত আলী, লাভলি ভাবিসহ সব আত্মীয়রা আসতে শুরু করলে ইদ্রিস আলী এক ফাঁকে ছেলেকে জানিয়ে দেয়, আমি রাইতে একলাই থাকবো বাবা, পাগলারে চইলা যাইতে বলবা।

পাগলের মন খুব খারাপ হয়ে যায়, ঘ্যান ঘ্যান করে, নাকে-চোখে পানি নিয়ে কাঁদে, ইদ্রিস আলীর মরা শরীর দেখতে যায় না। কাঁঠালবাগান বাজারের অধিকাংশ ব্যবসায়ী দোকানি আজিমপুর গোরস্তানে ইদ্রিস আলীর জানাজায় শরিক হয়। পরদেশী মাংসের দোকানে, শুকনো রক্তের দাগের ওপর চোখ রেখে বসে থাকে। ফওজা কসাইও পারে নাই আজিমপুর গোরস্তানে নিতে।

কমিশনার সালামত আলীর কাজের ছেলেটি দরজা বন্ধ করে দিলেও পরদেশী পাগলা যায় না, দাঁড়িয়ে থাকে, কিছু সময় পর দরজায় আস্তে আস্তে টোকা দেয়। লাভলি ভাবি আই-হোলে চোখ রেখে একবার দেখে সরে যায়, কাউকে খুলতে নিষেধ করে। কমিশনারের আম্মা বলে, কী হইল বউমা, পাগলারে কিছু খাবার দিলেই পারতা? মনে হয় ক্ষিদা লাগছে। লাভলি লম্বা শ্বাস ফেলে শাশুড়ির কাছে আসে, আম্মা, পাগলার চেহারা জানি কেমন, ভয় লাগতেছে। শাশুড়িও লম্বা শ্বাস ফেলে। মুখের ভেতর কাঁচা সুপারির তিতা স্বাদ ছড়িয়ে নিয়ে বলে, কিছু বুঝি না বাবা, সালামতের আব্বা ক্যা যে পাগলডারে খেদাইয়া দিলো না, ধইরাও রাখবার চাইলো? লাভলি শাশুড়ির শরীর-ঘেঁষে বসে বলে, মনে হয় পাগলা অনেককিছু জানে, কোথায় যাইয়া কী কয়? শাশুড়ি বলে, দূর, জানুক, কেডা জানে না কও, জানলে কিছু হয়? লাভলি শরীর কাঁপিয়ে শ্বাস ফেলে, সত্যি কথাই, কে না জানে, জানুক, তাতে কী।

পরদেশী পাগলা আবার দরজায় টোকা দেয়, এবার শব্দটা জোরেই হয়। লাভলি উঠে এসে দেখে চমকে যায়, পাগলার চোখ লাল, লাল চোখের পানি গড়িয়ে পড়ছে। লাভলি আর শাশুড়ির পাশে না-বসে রান্নাঘরে যায়। কিছু-একটা খাবার কাজের ছেলেটির হাতে দিয়ে বলে, ঘরে ঢুকাইস না, বাইরে বসেই খাবে। খাবার নিয়ে এসে দেখে দরজার সামনে কেউ নাই। এদিক-ওদিক তাকিয়েও দেখা যায় না। কাজের ছেলেটি আবার দরজা লাগিয়ে রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত হয়। লাভলি তখন বাথরুমে, শাশুড়ি পান চিবিয়ে জি-টিভিতে বেস্ট অফ শাহরুখ খান দেখে। তখন, দুপুরের নিত্য কোলাহলের ভেতর কমিশনারের চারতলা ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে পরদেশী পাগলা তিরতির করে কাঁপে, পায়ের তলে সুড়সুড় করে, শ্বাস পড়ে দ্রুত, চোখ দিয়ে পানি গড়ায়, যে-কোনো পলকেই গা-ঘেঁষা দালানোর কার্নিশে বাড়ি খেয়ে খেয়ে কাঁঠালবাগানের খোঁয়া-ওঠা ছেঁড়াখোঁড়া রাস্তায় মগজ ছিটকে, ছড়িয়ে থেঁতলে পড়ে যেতে পারে। পরদেশী পাগলার আত্মবিনাশী থেঁতলানো শরীর দেখতে এলাকার মানুষ ভিড় করে দাঁড়াতে দাঁড়াতে হয়তো পাগলার মরদেহ মর্গে চালান হয়ে যাবে, মর্গ থেকে বেওয়ারিশ মরা দেহের ঠিকানায় পৌঁছতে কতক্ষণ।