চলছে-চলবে

আইনত

অনেক সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিংবা এলাকায় সাইনবোর্ডে জানানো থাকে –

বিজ্ঞপ্তি

সংরক্ষিত অঞ্চল

বিনা অনুমতিতে প্রবেশ আইনত দণ্ডনীয় অপরাধ।

অথবা দেখা যায় নোটিশ দেওয়া আছে,

ফটো তোলা আইনত দণ্ডনীয়।

অনেক সময়ে দেখা যায় যে, অপরাধটা যে গুরুতর সেটা বোঝাতে আইনত শব্দটাতে একটা বিসর্গ যোগ করে লেখেন আইনতঃ।

এই বিসর্গটা অবশ্য নিতান্ত বাহুল্য এবং ভুল প্রয়োগ।

অবশ্য আইনত শব্দটিই এখানে বাহুল্য, দণ্ডনীয় অপরাধ কথাটিই যথেষ্ট, দণ্ডনীয় মানেই আইনত দণ্ডনীয়।

আইনের একটা প্রধান শাখা হলো ফৌজদারি আইন, ক্রিমিন্যাল কোড বা দণ্ডসংহিতা। যেখানে নির্দিষ্ট করে বলা আছে, কোন অপরাধে বিচারে অপরাধ প্রমাণিত হলে নির্দিষ্ট দণ্ডভোগ করতে হবে।

এক ভদ্রলোক কিঞ্চিৎ তহবিল তছরুপ করেছিলেন। এটা একটা পুরনো ব্যাধি, সুযোগ পেলে অনেকেই করে কিন্তু অনেকেই, অধিকাংশই, পার পেয়ে যান, ইনি পাননি। গ্রেপ্তার হওয়ার পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের পরামর্শে এক দুঁদে উকিলকে নিযুক্ত করেন।

উকিল সাহেব কোর্টে আইন এবং নজিরের মোটামোটা বই খুলে বিচারককে বোঝালেন, যে-অপরাধে তাঁর মক্কেলকে সোপর্দ করা হয়েছে সেটা কোনো অপরাধই নয়, সে-অপরাধ যে কে করেছে সেটা নির্দিষ্ট করে বলা অসম্ভব। সুতরাং এ-কেসে শুধু সন্দেহের বশে একজন

নিরপরাধ ভদ্রলোককে হয়রান করা হচ্ছে। আইনের ভাষায় যাকে বলে বেনিফিট অফ ডাউট, সেই সন্দেহজনক সুবিধা তাঁর প্রাপ্য।

মুক্তির পরে ভদ্রলোক যখন পুত্রের কাছে শুনলেন উকিল সাহেব মামলায় ফিস নিয়েছেন কুড়ি হাজার টাকা, তিনি মাথায় হাত দিলেন। তারপর কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর ছেলেকে বললেন, ‘হাজার দেড়-দুই টাকা খরচ করে ওই রকম কয়েকটা আইনের বই তো তুইও কিনে নিয়ে কোর্টে দেখাতে পারতি।’

‘বই তো কিনতে পারতাম’, ছেলে বলল, ‘কিন্তু কী কী বই তা জানি না। আর কোন পাতায় কী লেখা আছে তাও জানি না।’

আইন খুবই জটিল বিষয়। একই আইন ও একই নজির একেকজন ব্যবহারজীবী একেক কায়দায় প্রয়োগ করেন।

আইনজীবীরা আদালতে মামলার কালে যত বই, ব্যাখ্যা বা নজির, ল’ জার্নাল পেশ করেন তার সবই কিন্তু প্রয়োজনীয় নয়। উচ্চ-আদালতের, বড় আদালতের এটা একটা স্টাইল। এত বকবকানি জজ সাহেবরা শোনেন না। বইগুলো অনেকে পড়েও দেখেন না। তাঁরা আদালতে বসে বসে ঘুমোন, হয়তো চোখ বুজে নয়, মনে মনে ঘুমোন।

একজন বড় উকিলকে একবার জিজ্ঞাসা করেছিলাম, ‘স্যার, আপনি যে এত মোটা-মোটা, ভারি-ভারি বই আদালতে নিয়ে যান কিন্তু আমার তো ধারণা এ-সব আইনই আপনার নখদর্পণে।’

বিনীত হেসে উকিলবাবু জবাব দিয়েছিলেন, ‘না, না, এই বইগুলি আমার জন্যে নয়। এগুলো তো আমার ভালোভাবে পড়া। নিয়ে যাচ্ছি জজ সাহেবের পড়ার জন্যে।’

আইন নিয়ে খুব বেশি কচকচি করা বুদ্ধিমানের কাজ হবে না। বরং আপাতত একটা সাদামাটা গল্প দিয়ে শেষ করি।

একজন নামকরা চর্মব্যবসায়ী ব্যবসা-সংক্রান্ত একটা মামলায় জড়িয়ে পড়েছিলেন। তিনি একজন ভালো উকিলের শরণাপন্ন হন। সেই উকিল তাঁর পেশায় খুবই যোগ্য ছিলেন, কিন্তু চশমখোর ছিলেন। টাকা-পয়সা ছাড়া আর কিছু বুঝতেন না।

উকিল মামলাটা গ্রহণ করার পরে ব্যবসায়ী তাঁকে একটি সুদৃশ্য চামড়ার পার্স দিয়ে বললেন, ‘আমার এই সামান্য উপহারটুকু আপনার জন্যে এনেছি।’

উকিলবাবু একটু বাঁকা চোখে চামড়ার ব্যাগটার দিকে তাকিয়ে ভাবলেন, এই লোকটা এই উপহারটা দিয়ে আমার ফি এড়াতে চাইছে, বেশ কঠোরভাবে বললেন, ‘এরকম উপহার আমি নিই না, আমার ফি সতেরো শ টাকা। টাকাটা দিন।’

একটু আহত হয়ে ব্যবসায়ী পার্সটা টেবিলের ওপর থেকে তুলে নিয়ে সেটা খুলে একটা একশো টাকার নোটের বান্ডিল বের করে গুনে গুনে সতেরোটা নোট উকিলবাবুকে দিলেন। বাকি আট হাজার তিনশ টাকাসমেত পার্সটা নিজের পকেটে ভরে নিলেন।

উকিলবাবু শক্ত মানুষ, কিন্তু সেদিন বড় মনে কষ্ট পেয়েছিলেন।