তাই না, নৈঃশব্দ্য

নৈঃশব্দ্য, আমার ঘরে কেউ এসেছিল নাকি কাল রাতে

অদৃশ্য উপস্থিতি তার আমি কিন্তু টের পাচ্ছি

হাওয়ার স্বরোদে, নদীর গিটারে

মাথাকোটা যন্ত্রণায় সে-আলাপ আছড়ে পড়ছে

দৃষ্টিপাত হচ্ছে স্বরলিপি।

সারারাত ঘর খালি ছিল

অদৃশ্যের উপস্থিতি গন্ধ রেখে গেছে

সে-গন্ধের দরজা ঠেলে আমি

ওথলানো আকাশে এলাম। কেউ নেই।

নৈঃশব্দ্য, কাল রাতে আমি ঘরে ছিলাম না যখন

বিশাখার দূতী হয়ে তখন কি কেউ এসেছিল নীলিমা উজিয়ে?

ঘরময় বেদনার্ত নীরবতা বেল ফুল হয়ে ফুটে আছে

নিশ্বাসের মানবিক আর্দ্র উষ্ণতায়

যা আজ একান্ত দুর্লভ।

মানুষের ভেতর থেকে আস্ত মানুষটাই কবে যে পগারপার।

কেন্দ্রের চুম্বক নষ্ট। চারিদিক ছত্রাকার। বিষের সাগর।

আঁশটে গন্ধে শ্বাস নেওয়া দায়।

কী করে যে বেঁচে আছি নিজেই জানি না।

মধুমূল মেদিনীর জরায় জারিয়ে বলে

আমি আজও আপন স্বভাবে স্থির? তাই কি নৈঃশব্দ্য?

কাল রাতে আমি ঘরে ছিলাম না যখন

কুসুমিত স্তব্ধতায় কবিতাই এসেছিল পরাগ ছড়িয়ে

রূপকল্পগুলি চিল ঘুঘু শালিকের বন্ধুত্ব পাতিয়ে

হট্টগোল করছিল আলসে ও কড়িবরগায়

রূপসী নৈঃশব্দ্য তুমি মুগ্ধ হয়ে দেখতে দেখতে

ভেসে গেলে চোখের ওপারে

গন্ধটুকু রেখে গেলে শুধু।

এ-কালের বিদুরের এই গন্ধই পাথেয়?

তাই না নৈঃশব্দ্য?

এই গন্ধের আতরে স্নান করলে

এ-যুগের রক্তদাগ মুছে যাবে

তাই না নৈঃশব্দ্য?

আমি হবো ফল, বনমধু, দূরশ্রুত শব্দের মর্মর

তাই না নৈঃশব্দ্য?