আমার পুরোনো অফিসে গিয়েছিলাম সেদিন।

যে-চেয়ারে আমি বসতাম, সেখানে এখন অন্যজন।

দেখলাম ঠিক সে-রকম ফাইল আসছে,

ফাইলে সই হচ্ছে।

একবার এই টেলিফোন বেজে উঠছে,

একবার ওই টেলিফোন।

একবার ইনি আসছেন,

একবার উনি।

‘স্যার…!’

‘ভাই…!’

‘চমৎকার! সুন্দর! দুর্দান্ত!’

– এইসব শব্দ ঘুরছিল ঘরময়।

আর

‘আমি একটা পাণ্ডুলিপি জমা দিয়েছিলাম।’

‘আমার পত্রিকার একটি বিশেষ সংখ্যা বের করতে চাই আপনার ওপরে।’

‘আমাদের একটা অনুষ্ঠানে যেতে হবে আপনাকে।

যেতে হবেই।’

– এইসব বাক্য উড়ছিল ঘরের ভেতরে।

কিছুদিন আগে এসব শব্দ-বাক্য আমারই চারপাশে এসে পড়ত।

এখন উদ্দিষ্ট আমার সামনের চেয়ার।

আমি একটা চাবি দিতে এসেছি।

অফিসের গোপনতম চাবি।

চাবিটা আমি হস্তান্তর করলামও।

কিন্তু আমার পকেট খালি হলো না,

আর একটা চাবি নিয়ে ফিরলাম বাড়িতে ॥

২০/৬/২০০৫