আবারও সকালে নেমেছি জলের ধারে

আশরীর যত ধুলো জমা হতে পারে

জলে গুলে, মেখে, গড়েছি কাদার তাল

পাশে পড়ে ছিল পাতাকুটো, জঞ্জাল

জ্বেলেছি আগুন, পুড়িয়েছি সেই কাদা

যেভাবে জীবন জলে ও জ্বলনে বাঁধা

তেমনই বেঁধেছি অশরীরী প্রতিমাটি

শুধু একদলা রক্তাভ পোড়ামাটি

আদলবিহীন… তবু চেনা চেনা লাগে

আঙুল রেখেছি পুড়ে ফেটে যাওয়া দাগে

আঁকাবাঁকা খাত, শুকনো, – এ-খাতে যদি

না-ই বয়েছিল আমারই আকুল নদী

আশরীর এত শিরা তবে কার বোনা?

বলো : পারছি না। বলো বলো : পারব না…